কিস্তি ১০ ছফামৃত
কিস্তি ৯-এর পর
প্রবাসে থেকে ডক্টর সলিমুল্লাহ খান ছফা কাকার মরণবিলাসের ওপর একটি দীর্ঘ আলোচনা লিখেছিলেন। এই লেখাটি পশ্চিম বাংলার জিজ্ঞাসা পত্রিকার বাংলাদেশ সংখ্যায় ছাপা হয়েছিল। খুব সম্ভব ছফা কাকার কোন রচনার ওপর এটাই প্রথম দীর্ঘ আলোচনা। তার আগে প্রফেসর আবুল কাশেম ফজলুল হক সম্পাদিত লোকায়ত পত্রিকায় সপ্তম বর্ষ দ্বিতীয় সংখ্যায় তিনি আলী কেনানের উত্থান-পতন নিয়েও একটি আলোচনা লিখেছিলেন। মৃত্যুর আগে অলাতচক্রের ওপর ডক্টর খানের লেখাটি যখন পত্রিকায় ছাপা হল ছফা কাকাকে অনেকটা উচ্ছ্বসিত করে তুলেছিল।
…….
আবদুর রাজ্জাক ও আহমদ ছফা
……..
এই কাছের মানুষটির প্রতি ছফা কাকা একবার খুবই অসন্তুষ্ট হয়েছিলেন। ছফা কাকার মুখে শুনতে পাই, সলিমুল্লাহ খান পিএইচ.ডি করার জন্য আমেরিকা যাবার প্রাক্কালে প্রফেসর আবদুর রাজ্জাক তাঁকে আর্থিক এবং মানসিকভাবে সহযোগিতা করেন, কিন্তু সেটি সলিমুল্লাহ খান ভুলে গিয়ে প্রফেসর রাজ্জাককে আঘাত করে একখানি বই লিখেন। পরবর্তীতে আমি সলিমুল্লাহ খানকে ছফা কাকার এই মনোকষ্টের কথা জানিয়েছিলাম। ডক্টর সলিমুল্লাহ খানের মতে, এটা একটা ভুল বোঝাবুঝি। প্রফেসর আবদুর রাজ্জাকের সহযোগিতা নেবার আগেই তিনি বইটি লিখেছিলেন। তখন তিনি ছাত্র। ঊনিশ শ' একাশি সালে বইটি লিখেন এবং তিরাশি সালে সেটি প্রকাশিত হয়। তারও পরে তিনি ঊনিশ শ' ছিয়াশি সালে পিএইচ.ডি করার জন্য আমেরিকা যান।
মোরশেদ শফিউল হাসান এবং সোহরাব হাসান এই দু'জনকে কাকা নিজের মানুষ হিসেবে জানতেন। এই ব্যক্তিদ্বয় প্রায়ই আসতেন। কবি সোহরাব হাসান শেষের দিকে আসা-যাওয়া কমিয়ে দিলেও মোরশেদ শফিউল হাসানের উপস্থিতি বরাবরই সরব ছিল। প্রায় সময় আসতেন সাহিত্যের বহিঃজগতের বাসিন্দা জনাব দিলওয়ার হোসেন। সাংবাদিক নাজিম উদ্দীন মোস্তানের কথা বলাই বাহুল্য। দু'জন দু'জনকে ভাই বলতেন। তাঁদের সম্পর্কটি এত গভীর ছিল যে মিরপুরে থাকাকালীন মোস্তান সাহেবের এক ছোট ভাইকে ছফা কাকা নিজের কাছে রাখতেন। নাজিম উদ্দীন মোস্তান যখন 'রাষ্ট্র' নামক একটি পত্রিকা বের করেছিলেন ছফা কাকা আমাকে পাঠিয়েছিলেন ওই পত্রিকায় কাজ করার জন্য। আমি প্রায় দুই বছর পত্রিকার সঙ্গে জড়িত ছিলাম। পরবর্তীতে আমি ওই পত্রিকা ছেড়ে চলে এলে ছফা কাকা খুব কষ্ট পেয়েছিলেন। নাজিম উদ্দীন মোস্তানের অবদান আমার জীবনে অনেকখানি। তিনি নিজে লিখে আমার নামে ছেপে প্রকাশ করতেন। এসব লেখা পড়ে মানুষ যখন সুনাম করত আমি বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যেতাম। পরবর্তীতে আমার অস্তিত্বটা জানান দেয়ার জন্য আমিও কলম ধরতে বাধ্য হয়েছিলাম।
নাজিম উদ্দীন মোস্তানের মাধ্যমে পরিচিত হয়েছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবদুল হকের সঙ্গে। সাহিত্যজগতের মানুষ না হলেও এ মানুষটির সঙ্গে ছফা কাকা নানা বিষয় নিয়ে আলোচনা করতেন। শেষ বয়সে তিনি হক সাহেবকে অনেক ভাল কাজের সঙ্গে যুক্ত করেছিলেন। প্রথম পরিচয়ে হক সাহেব কাকাকে 'স্যার' সম্বোধন করতেন। কাকা এটা পছন্দ করতেন না। আমার মনে আছে তিনি হক সাহেবকে বলেছিলেন, হক ভাই, আমাকে ভাই বলে ডাকবেন।
হক সাহেব তাই করেছিলেন। তিনি মাঝে মাঝে বাড়িতে রান্না করা খাবার কাকার জন্য নিয়ে আসতেন। আবদুল হক সাহেবের সঙ্গে তিনি একবার কুমিল্লার বরুড়াতেও গিয়েছিলেন। হক সাহেবের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান 'প্রযুক্তি পীঠ' প্রতিষ্ঠাকালীন সময়ে তিনি সেখানে গিয়েছিলেন। আবদুল হক সাহেবের কাছে শুনতে পাই, 'প্রযুক্তি পীঠ' নামটি ছফা কাকারই প্রদত্ত।
আরেকজন ব্যবসায়ীর সঙ্গে ছফা কাকার সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল, তিনি ওবেইদ জাগীরদার। জাগীরদার সাহেব একজন লেখকও বটে। খুব সম্ভব কবি ফরহাদ মজহারের সূত্রে তিনি তাঁর সঙ্গে পরিচিত হয়েছিলেন। কাকা প্রায় সময় জাগীরদার সাহেবের বাড়িতে যেতেন। তাঁকে তিনি 'বড় ভাই' সম্বোধন করতেন। তাঁর 'শান্তিচুক্তি ও নির্বাচিত নিবন্ধ' বইটি তাঁকে উৎসর্গ করেছিলেন। ওবেইদ জাগীরদার সাহেব অর্থ সহায়তা দিয়ে ছফা কাকার কবরটি পাকা করার সুযোগ করে দেন। তাঁরই অনুরোধে কবি রবিউল হুসাইন কবরের নকশাটি তৈরি করে দিয়েছিলেন।
ডক্টর সরদার আবদুস সাত্তারকে দেখতাম প্রায় সকালে ছফা কাকার সঙ্গে দেখা করতে আসতেন। শুক্রবারে তাঁর উপস্থিতি অবধারিত ছিল। তাঁর সঙ্গে কাকা সাহিত্য-সংস্কৃতি-রাজনীতি বিষয়ে আলাপ করতেন। আমি দেখেছি ডক্টর সাত্তার তাঁর একটি অনুবাদের পাণ্ডুলিপি ছফা কাকাকে পড়ে শুনিয়েছিলেন বেশ কয়েকদিন ধরে। ছফা কাকা তাঁর অনুবাদটি খুব মনযোগ সহকারে শুনেছিলেন। মাঝে মাঝে তিনি কিছু কিছু শব্দ বাতলেও দিয়েছেন। ছফা কাকার কোন কাগজপত্র সত্যায়িত করার প্রয়োজন পড়লে তাঁকে দিয়ে করিয়ে নিতেন। মাঝে মধ্যে টাকা পয়সার দরকার পড়লে তিনি তাঁর কাছ থেকে ধার নিতেন। একবার ছফা কাকা আমাকে তাঁর কাছে পাঁচ শ' টাকা ধারের জন্য পাঠিয়েছিলেন। সরদার আবদুস সাত্তার কাকার কতটুকু নির্ভরযোগ্য ছিলেন এই টাকা ধারের প্রসঙ্গ দিয়ে তা কিছুটা হলেও অনুমান করা যায়।
নিজের প্রসঙ্গে একটুখানি বলা দরকার। আমি কীভাবে ছফা কাকার সংস্রবে এলাম এবং আমাদের পরিবারের প্রতি তিনি কোন ধরনের দায়িত্ব পালন করতেন তার যদি কিছুটা আলোকপাত না করি ছফা কাকার প্রতি অবিচার করা হবে।
আমার বাবা যখন মারা যান আমাদের পুরো পরিবারটিকে ভয়ানক অর্থকষ্টে পড়তে হয়েছিল। আমাদের জায়গা-জমি কম ছিল না। অসুস্থ বাবা মারা যাবার আগে আমার পিতামহ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জায়গা-জমি সব পরের হাতে বন্ধক রেখে গিয়েছিলেন। পরিবারের আট নয়জন সদস্য। আমাদের এমন কোন আয়ের পথ ছিল না, যা দিয়ে দু'বেলা দু'মুঠো খেতে পাই। আমরা ভাইবোনেরা সকলে ছোট ছিলাম। বড় ভাইয়েরা ছিলেন স্কুলের ছাত্র। কেউ ক্লাস এইটে, কেউ নাইনে। বাবা মারা যাবার সঙ্গে সঙ্গে তাদের পড়াশুনাও বন্ধ হয়ে যায়। মামাদের সাধ্যের সাহায্য-সহযোগিতায় আমাদের চলতে হত। কিন্তু সেই সাহায্য-সহযোগিতার পরিমাণ এত অল্প ছিল যে কোনদিন আমরা পেট ভরে খেতে পেতাম না। বাবা সব জায়গা-সম্পত্তি পরের হাতে বন্ধক রেখে গেলেও আমাদের বেশ কিছু পরিত্যক্ত জমি অবশিষ্ট ছিল, যেগুলোতে চাষ হত না। তাতে নানা রকম বড় বড় বৃক্ষের সমাহার ছিল। এই বৃক্ষরাজির মধ্যে ফলফুলের গাছও কম ছিল না। ছিল নানা ধরনের বুনো শাক-সব্জি। কচুবনও ছিল প্রচুর। এইসব শাক-সব্জি আমাদের প্রতিদিনকার খাবারের একটা বড় অংশ হয়ে দাঁড়িয়েছিল। শাক-সব্জির সঙ্গে মা সকল ভাইবোনকে দুয়েকটি করে রুটি ভাগ করে দিতেন। তাতে আমাদের খিদের কুলকিনারা হত না। কোন কোনদিন অল্পস্বল্প ভাতও যে পেটে পড়ত না তা কিন্তু নয়। আমার একেবারে ছোট বোনটি শাক-রুটি খাব না বলে কান্না করত। কিন্তু উপায় ছিল না।
আহমদ ছফা ও লেখক নূরুল আনোয়ার
চুয়াত্তরের দুর্ভিক্ষের সময় আমাদের অবস্থা আরও সংকটময় হয়ে পড়েছিল। আমার মা খুবই হিসেবি এবং আত্মসম্মানবোধসম্পন্না মহিলা ছিলেন। অতি কষ্টে আমাদের দিন কাটলেও তিনি জমি-জমা বেচা-বিক্রির দিকে পা বাড়াননি। তিনি তাঁর মা-বাবার তরফ থেকেও অনেক জায়গা-জমির মালিক হয়েছিলেন, তাতেও তিনি হাত দেননি। আমরা না খেয়ে আছি সেটিও তিনি কাউকে জানতে দিতেন না। এমনকি আমার কাকাকেও। আশেপাশে যদি কোন বাড়িতে গরু জবাই হত আমার মা ঘরে পালন করা মুরগি জবাই করে আমাদের খাওয়াতেন। তা-ও যদি না পারতেন শুটকি কিনে এনে রান্না করতেন, যাতে আমরা ও-মুখি না হই। জমি সংক্রান্ত কিছু মামলা-মোকদ্দমায়ও আমাদের জড়িয়ে পড়তে হয়েছিল, যেগুলো আমাদের অর্থসংকট আরও বাড়িয়ে দিয়েছিল।
পরিবারে এমন করুণ অবস্থা চলছে ছফা কাকা কি জানতেন না? খুব জানতেন। কিন্তু তাঁরও কিছু করার ছিল না। তখন তো তাঁর অর্থ-সঙ্গতি ছিল না। কিন্তু পরিবারের প্রতি তাঁর আন্তরিকতার ঘাটতি ছিল না। তিয়াত্তর সালের ডায়েরির পাতায় তিনি লিখেছেন:
- "সিরাজের চিঠি পেলাম। প্রচণ্ডতম আঘাতে যেন জেগে উঠলাম। তারা উপোষ করছে, আমাদের জমি পরের হাতে। দুধের বাচ্চা। দুপুরে ঘুমুতে পারলাম না। আল্লাহ আমাকে ক্ষমতা দাও যেন ছেলেদের নিজের পায়ে দাঁড়াবার মত যোগ্য করে দিতে পারি। আল্লাহ আমাকে ক্ষমতা দাও, সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট সহ্য করব। আমাকে পাথর কর এবং ফুলের মত কোমল কর আমি যেন সমস্ত প্রলোভন জয় করতে পারি।" (ছফা, ডা., পৃ. ৪৬)
পরে পরে তিনি এগিয়ে এসেছিলেন পরিবারটি টেনে তোলার জন্য। তখন অনেক দেরি হয়ে গেছে। আমার ভাইয়েরা পড়াশুনা ছেড়ে দিয়ে বাঁচার তাগিদে কৃষিকাজে নেমে পড়েছেন।
বাংলাদেশ স্বাধীন হবার পর টাকার মান অনেক নেমে গিয়েছিল। পাকিস্তান আমলে বাবা যে জমি দুই হাজার টাকায় বন্ধক দিয়েছিলেন সেটি তখন বন্ধক দিলে দশ হাজার টাকা পাওয়া যেত। সুতরাং আমার মা অল্পস্বল্প জমি বন্ধক রেখে প্রায় সব জমি নিজেদের দখলে নিয়ে আসেন। অনেকে বেশ কিছু জমি প্রতারণার মাধ্যমে আত্মসাৎও করেছে, যেগুলো অধ্যাবধি ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
অর্থ-সংকটের কারণে ভাইদের পড়াশুনা করার সুযোগ বিশেষ হয়নি। কাকা যখন তাদেরকে পড়াশুনা করার তাগাদা দিতে আরম্ভ করলেন তখন তাদের বয়স অনেক ভারি হয়ে গেছে। পরিবারের আমিই একমাত্র সন্তান পড়াশুনা করছিলাম। পাশাপাশি মাঠের কাজ। কিন্তু আমার কোন নিশ্চয়তা ছিল না। ভাত পেলে কাপড় পেতাম না। পড়াশুনার বই পেলে লেখার কাগজ পেতাম না। তবে পড়াশুনার প্রতি আমার আগ্রহটা প্রচণ্ড ছিল। আমি যে পরিবারের একটা সন্তান পড়াশুনা করি প্রথমদিকে কাকার সেটা মনেও ছিল না।
একদিন আমি কাকাকে একখানা চিঠি লিখি। আমি তখন পড়াশুনায় মোটামুটি ভাল ছিলাম। আমার হস্তাক্ষরও সুন্দর ছিল। এখন আমার নিজের লেখা নিজে পড়তে পারি না। তার একটা কারণ আছে। আমি এক সময় ছফা কাকার হাতের লেখা অনুকরণ করতাম। এক সময় আমি তাঁর লেখা হুবহু শিখেও ফেলেছিলাম। পরে আমার লেখাটা একটা সঙ্করে দাঁড়িয়ে যায়। যাহোক, কাকা আমার চিঠিটি পেয়ে খুবই অসন্তুষ্ট হয়েছিলেন। তাঁর ধারণা হয়েছে আমি চিঠিটা অন্য কাউকে দিয়ে লিখিয়ে নিজের নামে চালিয়ে দিয়েছি। স্বাভাবিকভাবে এটুকুন বাচ্চা ছেলের কাছ থেকে তিনি তা আশা করেননি। তিনি লিখেছিলেন এটা এক ধরনের প্রতারণা। কাকার চিঠি পেয়ে আমার এমন দশা হয়েছিল চোখের পানি নাকের পানি এক হবার উপক্রম। আমি যতবারই তাঁকে বোঝাতে চাইলাম যে চিঠিটা আমার লেখা, তিনি কোনভাবেই বুঝতে চাইলেন না। তিনি ধরে নিয়েছিলেন প্রাইমারি স্কুলের একটি শিশু শিক্ষার্থীর পক্ষে এই ধরনের চিঠি লেখা সম্ভব নয়। এজন্য তাঁর কাছে আমাকে বহুবার পরীক্ষা দিতে হয়েছে। আমি পরীক্ষায় পাশও করেছিলাম। একবার তিনি বাড়িতে এলে তাঁর একটা লেখা অনুলিখন করে প্রমাণ করতে হয়েছিল আমি লিখতে পারি। তারপর থেকে কাকার সঙ্গে আমার চিঠিপত্র লেনদেনের একটা সম্পর্ক দাঁড়িয়ে যায়। তিনি আমার কাছে সপ্তাহে দু'তিনটা চিঠিও লিখতেন। বাড়িঘরের সব খবরাখবর তিনি আমার মাধ্যমে জানতেন। কেন জানি না, তিনি আমার বড় ভাইকে বিশ্বাস করতে পারতেন না। তাঁর ধারণা ছিল বড় ভাই মিথ্যা লিখেন। আমি মিথ্যা লিখি কিনা জানার জন্য তিনি আমার পেছনে লোকও লাগিয়েছিলেন। আসলে আমিও এক ধরনের গোয়েন্দার মত কাজ করতাম। পরিবারের কে কী করেন না করেন আমি গোপনে কাকার কানে দিয়ে দিতাম। কাকা তখন তাদের প্রতি রাগতেন। তিনি তাদের বকাবকি করে চিঠি লিখতেন।
চিঠি লিখে তিনি প্রতিনিয়ত বাড়িঘরের খবরাখবর রাখতেন। বাড়িঘর কীভাবে চলবে নানা রকম পরামর্শ দিতেন। তাঁর কথার অন্যথা হলে তিনি কড়া চিঠি লিখতেন এবং গালাগাল করতেন। তাঁর চিঠিতে নানা রকম পরিকল্পনার কথা থাকত। কিন্তু তাঁর খুব কম পরিকল্পনাই বাস্তবায়িত হত। কাজ করতে গেলে তো টাকা পয়সার দরকার। সেই টাকা আমাদের ছিল না। কাকা প্রতিমাসে টাকা পাঠাতেন। কোন মাসে পাঁচ শ' কোন মাসে দু' শ', কোন মাসে পঞ্চাশ টাকাও পাঠাতেন। শুধু আমাদের পরিবারে টাকা পাঠাতেন না, আমার ফুপুদেরও দিতে হত। পাড়া-পড়শির খোঁজ-খবরও তিনি রাখতেন। ফলে তাদেরও টাকা না দিয়ে উপায় ছিল না। গ্রামের অনেক ছাত্রদের কাছে টাকা পাঠিয়ে তিনি তাদের পড়াশুনার খবরাখবর রাখতেন।
কাকার টাকা পয়সার টানাটানি প্রায় সময় থাকত। তারপরেও টাকাটা তিনি পাঠাতেন। কিন্তু এই টাকাটা কোন ভাল কাজে এসেছে আমি বলব না। এই টাকা দিয়ে পরিবারের ছোটখাটো প্রয়োজনগুলো মিটানো যেত। একসঙ্গে বেশি টাকা দিয়ে কাউকে কোন কাজে নামিয়ে দেয়ার মত অবস্থা কাকার কোনকালেই ছিল না। একবার তিনি প্রায় চল্লিশ হাজার টাকা খরচ করে আমার এক বড় ভাইকে একটি বইয়ের দোকান দিয়ে বসিয়ে দিয়েছিলেন। এটাই ছিল পরিবারের প্রতি বড় ধরনের বিনিয়োগ।
আমার পড়াশুনার ব্যয়ভারটি তিনি পুরোমাত্রায় না হলেও বেশিরভাগ বহন করতেন। আমার পড়াশুনা ঠিকমত চলছে কিনা তা জানিয়ে তাঁকে নিয়মিত চিঠি লিখতে হত। তিনি আমার ভুল বানানগুলো শুধরে দিতেন। সাধু-চলিত ভাষা কীভাবে লেখে তাঁর নমুনা লিখে পাঠাতেন। একই বানান বারবার ভুল হলে তিনি খুব খেপতেন। চিঠিতে কোন বয়সের মানুষদের কীভাবে সম্বোধন করতে হয় তিনি আমাকে চিঠি লিখে লিখে জানিয়েছিলেন। তার আগে ছোট বড় যে কাউকে চিঠি লিখলে আমি 'প্রিয়' সম্বোধন করতাম। সবার ব্যাপারে প্রিয় শব্দটি যুক্তিযুক্ত নয় সেই ভুলটি কাকাই আমাকে ধরে দিয়েছিলেন। কাকার সঙ্গে চিঠি লেনদেন করতে গিয়ে আমি বানানের প্রতি এক রকম আন্তরিক হয়ে উঠেছিলাম। তারপরেও যে আমার বানান ভুল হয় না সেই কথা আমি বলব না।
আমার মনে পড়ে, আমার বড় বোনের বিয়ের কার্ডে তার নাম ছাপার অক্ষরে দেখে আমি ঈর্ষান্বিত হয়ে পড়েছিলাম। তার আগে আমি জানতাম যে কাকাদের মত বড় বড় মানুষদের নাম কেবল ছাপার অক্ষরে লেখা যায়। বড় বোনের নাম ছাপার অক্ষরে দেখে আমি উঠেপড়ে লেগে গিয়েছিলাম কীভাবে আমার নামটিও ছাপার অক্ষরে দেখব। ওই বয়সে তো আর বিয়ে করা যায় না, তাই আমি একটা পথ খুঁজে বা'র করলাম পত্রিকায় একটা লেখা লিখব। আমি সংবাদ পত্রিকায় একখানা চিঠি লিখলাম 'গাছবাড়িয়া-সাতবাড়িয়া সড়ক সংস্কার চাই'। আমি বিশ্বাস করতে পারিনি এই লেখা পত্রিকায় ছাপবে। এক সপ্তাহ না যেতেই লেখাটি পত্রিকায় ছাপা হয়ে গেল। লেখাটি ছাপা হয়ে গেলে আমাদের এলাকার এক লোক এসে আমাকে জানাল, আহমদ ছফা তোমার নামে একটা লেখা লিখে পত্রিকায় ছেপে দিয়েছে। আমি যে লিখেছি এই কথাটা কেউ বিশ্বাস করতে চাইল না। আমি খুবই হতাশ হলাম। তারপরেও আমার নামটি কীভাবে লেখা হয়েছে সেটি দেখার জন্য আমি ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলাম। বাজারে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও পত্রিকাটি আমি উদ্ধার করতে পারিনি। হকার তার আগেই পত্রিকা বিক্রি করে চলে গিয়েছে। সেদিন আমার বুক ফেটে কান্না আসছিল। পরদিন কাকার চিঠি পেলাম। তিনি আমার লেখাটি পড়েছেন। শুধু তাই নয়, তিনি এই লেখাটি কাটিং করে আমার কাছে পাঠিয়েও দিয়েছেন। আরও মজার ব্যাপার হল, এই লেখা পড়ে খুশি হয়ে তিনি আমার জন্য এক শ' টাকা পাঠিয়েছিলেন। এই ঘটনার পাঁচ বছর পর আমি যখন প্রথম ঢাকায় বেড়াতে আসি আমাকে তোপখানা রোডের 'উত্তরণ' যেতে হয়েছিল। সেখানে দেখলাম, কাকা আমার লেখার একটা কপি তাঁর টেবিলের ওপর সেঁটে রেখেছেন।
সেইবার ঢাকায় আমাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন আমার বড় ভাই। কাকার ইচ্ছে তিনি আমাকে এক সপ্তাহ তাঁর সঙ্গে রাখবেন। আমরা কাকার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্রাবাসে উঠি। কথা হয়েছে এই এক সপ্তাহ তিনি আমাকে ঢাকা শহরের সব জায়গায় ঘুরে ঘুরে দেখাবেন। পরের দিন তিনি আমাকে নিয়ে বের হলেন। নীলক্ষেতের পুরনো বইয়ের দোকানের সামনে এলে তিনি আমার জন্য বেশ কিছু বই বাছাই করলেন। তার মধ্যে একটা বই ছিল 'বিজ্ঞানী এডিসন'। বইটি তিনি হাতে নিলে আমি বললাম, এই বইটি বাড়িতে আছে।
তিনি বললেন, তুমি পড়েছ?
আমি বললাম, পড়িনি।
ছফা কাকা আমার প্রতি খুব রেগে গেলেন। পারছেন না তিনি আমাকে আস্ত গিলে খেতে। একটি বইও কিনলেন না তিনি। তিনি আমার হাত ধরে হেঁচকা টান দিয়ে বললেন, ঘরে চল। তোমাকে কিছুই কিনে দেব না। ঘরে বই থেকেও বই পড়নি—ওই ধরনের ছেলের আমার দরকার নেই। কাল ভোর হলেই আমার এখান থেকে চলে যাবে।
কাকা সত্যি সত্যি আমাকে আন্তর্জাতিক ছাত্রাবাসে নিয়ে গেলেন। তিনি এত রেগেছিলেন যে কেবলই গজ গজ করতে থাকলেন। তিনি ছাড় দেয়ার পাত্র ছিলেন না। পরদিন সকালে গাড়ি ভাড়া দিয়ে তিনি আমাদের বাড়ি পাঠিয়ে দিলেন।
আমার মনটা ভারি খারাপ হয়ে গেল। বাড়িতে এসে আমি প্রথমে 'বিজ্ঞানী এডিসন' 'মাদামকুরি' 'নিউটন' 'জগদীশচন্দ্র বসু' হাতের কাছে যা পেয়েছি একনাগাড়ে পড়ে যেতে থাকলাম। একটা জিদ ভেতরে ভেতরে এত তীব্রভাবে কাজ করছিল বাড়িতে যা যা ছিল সব পড়ে ফেললাম। তারপর কাকাকে চিঠি লিখে জানিয়ে দিলাম বাড়িতে পড়ার মত বই আর নেই।
কাকা চিঠি পাঠালেন। মনে হল তাঁর মনের ক্ষোভ তখনও কমেনি। তিনি লিখেছেন, কোন বই কেমন লাগল তার রিপোর্ট পাঠাও। তোমার চিঠি পড়ে যদি আমার মনে ধরে তোমার সঙ্গে সম্পর্ক রাখব নইলে নয়।
আমি সবগুলো বইয়ের কথা কাহিনীর মত করে লিখে পাঠিয়ে দিলাম। তারপর শুরু হয়ে গেল ডাকঘরের মাধ্যমে আমাকে বই পাঠানোর পালা। ওই সময় ছফা কাকার চাপে পড়ে আমাকে অনেক বই পড়তে হয়েছিল। কেবল পড়ার জন্য পড়া নয়। প্রতিটি বই পড়ে তার রিপোর্ট কাকাকে জানাতে হত। রবীন্দ্রনাথ, বঙ্কিম, শরৎ, বিভূতি, গোর্কিসহ বহু লেখকের বই আমাকে ওই সময়ে পড়তে হয়েছিল। আমি যতদিন গ্রামে ছিলাম কাকা সব সময় আমাকে বই পাঠাতেন। তখন বই পড়ার নেশাটা এত ছিল যে নিজেও চট্টগ্রাম শহরে গিয়ে বই কিনে আনতাম। নতুন বই কেনার সামর্থ্য ছিল না বলে পুরনো বই কিনতাম। 'অমর বইঘর' নামে একটি পুরনো বইয়ের দোকান ছিল, ওটাই ছিল আমার একমাত্র ভরসার জায়গা।
—-
ফেসবুক লিংক । আর্টস :: Arts
