২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বজনীন ছফাভাই: খণ্ডচিত্র কতিপয়

মীর ওয়ালীউজ্জামান

Published : 30 Jun 2010, 06:17 PM

Updated : 05 Sep 2022, 07:58 PM

সৎসাহসকে অনেকে জ্যাঠামী এবং হঠকারিতা বলে মনে করে থাকেন, কিন্তু আমি মনে করি সৎসাহস হলো অনেক দূরবর্তী সম্ভাবনা যথাযথভাবে দেখতে পারার ক্ষমতা…
—আহমদ ছফা

……
বাংলা একাডেমীতে বক্তৃতা করছেন আহমদ ছফা

সর্বকালেই কিছু মানুষ জন্মেছেন, যারা মাটো সংখ্যাগরিষ্ঠের মতো কেবল উদর আর উপস্থের প্রয়োজন মেটাতে জান লড়িয়ে দেননি; কিছু একটা করার ব্রত নিয়ে, কোনো অসাধারণ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে এগিয়ে যাওয়াই তাদের জীবনধারণ ও যাপনের মন্ত্র হয়ে প্রজন্ম পরম্পরায় মানুষকে উজ্জীবিত করে চলেছে। আমি বলছি না, আহমদ ছফা ক্ষণজন্মা মনীষী ছিলেন একজনা। তবে আহমদ ছফার আয়ুষ্কাল দীর্ঘতর হলে হয়তো তার আরো কিছু সত্যদর্শন, নবতর কর্মপ্রয়াস ও অর্জনের সঙ্গে আমাদের পরিচয় ঘটত।

ছেষট্টি সালে সতেরো বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পা দিয়ে মাস কয়েক সায়েন্স আর আর্টস ফ্যাকাল্টির মাঝে তাঁতের মাকুর মতো আসা-যাওয়া, আড্ডার পর কলা অনুষদের ইংরেজি বিভাগে ঠাঁই পেয়ে থিতু হয়েছি কেবল। ইউনিভার্সিটি লাইব্রেরির সদস্যপদের প্রমাণস্বরূপ একটি কার্ডও আমার ঝোলার সম্পদবৃদ্ধি করেছে। সকালে বাড়ি থেকে সাইকেল চেপে নীলক্ষেত আসি, ফিরি পাঠাগার এলাকায় বাতি নেভার পর। ক্লাস, সংক্ষিপ্ত কিস্তিতে আড্ডা, বিকেলে জিমে ব্যায়াম বাদ দিলে বাকি সময় কাটে দু'টি পাশাপাশি অবস্থিত পাঠাগারে—ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি আর পাবলিক লাইব্রেরি। সেই পাবলিক লাইব্রেরি অনেকদিন হল, স্থানান্তরিত হয়ে শাহবাগ মোড়ের কাছে জায়গা পেয়েছে পাকাপাকি।


শিল্পী সুলতান ও কবি শামসুর রাহমানের সঙ্গে

বয়স বাড়লে মানুষের কাজকর্মে নানা পরিবর্তন ঘটে। আমার বয়স যত বাড়ছে, ততই 'ধান ভানতে শিবের গীত' গাওয়া যাকে বলে—ওই প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে চলে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এবারে চেষ্টা করি একটু ফোকাস্‌ড হতে—আহমদ ছফার সঙ্গে আমার প্রথম কথাবার্তা, জানাচেনা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগারে। কাঙালকে নাকি শাকের ক্ষেতের সুলুক-সন্ধান জানানো ঠিক নয়—কথায় বলে। কেন সেটা উচিত কর্ম হবে না—সে বিষয়ে অবশ্য আমার নিজস্ব ব্যাখ্যা রয়েছে—লোকজ ব্যাখ্যা যাই হোক। সেকথা এখন তোলা থাক। তো, ওই পাঠাগারের পুস্তক তালিকা নেড়েঘেঁটে আমার অবস্থা তখন অফুরন্ত শাকের ক্ষেতের সন্ধান পেলে কাঙালের যেমন মনে হতে পারে, তেমনই। কোনটা রেখে কী পড়ি—বেসামাল অবস্থা।

তরুণ কবি আবুল হাসান আমার ক্লাসমেইট। প্রমোশন পরীক্ষা না দেয়ার কারণে আমাদের সঙ্গে ফার্স্ট ইয়ারে আরেকবার পড়তে হচ্ছে ওকে। ডাকনাম টুকু। ওর বন্ধুরা সবাই সেকেন্ড ইয়ারে বাংলা, ইংরেজির ছাত্রছাত্রী তখন। জনপ্রিয় ফায়ারব্র্যান্ড কবি টুকু প্রায়ই লাইব্রেরিতে আমার সঙ্গী হত। বই বাছাই করে দিত। কয়েকদিন হল, টলস্টয়ের ওয়র এ্যান্ড পীস পড়ছি। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসে ছাপা ফিনফিনে কাগজে ২২০০ পৃষ্ঠার হার্ডবাউন্ড উপন্যাসটি হাতে নিলে মনে হত, ঊনবিংশ শতাব্দীর একেবারে শুরুতে পৌঁছে গেছি। নিরিবিলি টেবিলে জানলার ধারে বসতাম। ক্লান্ত চোখকে মাঝে-মাঝে আরাম দেবার জন্য রেসকোর্সের সবুজ বিস্তারে দৃষ্টি ভাসিয়ে দিতাম নির্ভার। এক বিকেলে এসে বইটি পেলাম না। রিকুইজিশ্যন স্লিপ ফেরত দিয়ে পাঠাগার সহকারী জানালেন, সেটি দুপুর দু'টোয় আহমদ ছফা ইস্যু করিয়ে নিয়েছেন। ভদ্রলোকের দৃষ্টি অনুসরণ করে দেখলাম, শুঁটকো চেহারার একমাথা এলোমেলো চুলের কালোকুলো একজন মানুষ বিশাল হলঘরের মাঝামাঝি এক টেবিলে বসে কাজে ব্যস্ত। সামনে বইখাতা। অসহায়ভাবে সঙ্গী টুকুর দিকে তাকালাম। ওই মহার্ঘ বইটির একটি-ই কপি এখানে বর্তমান। মাল্টি-কপি ক্রিটিসিজমের বই হলে একসঙ্গে একাধিক ছাত্রছাত্রী সেগুলি ইস্যু করিয়ে নিয়ে পড়তে পারতেন।

কুছ পরোয়া নেহি, দোস্ত। শরীফ মিয়ার গরম শিঙাড়া খাওয়াবা তো? চল, ছফা ভাইয়ের সঙ্গে তোমার আলাপ হয়ে যাক। টুকু এগিয়ে গিয়ে ছফা ভাইয়ের পাশে দাঁড়াতে উনি মুখ তুলে ঝক্ঝকে দাঁত দেখিয়ে হাসলেন অভ্যাসবশে (পরে বুঝেছি), অন্যমনস্কভাবে। মনে হল, অধ্যয়ন বিষয়ক ভাবনায় মগ্ন রয়েছেন। টুকু সরাসরি আমার পরিচয় জানিয়ে দিয়ে তাকে বিরক্ত করার হেতু সংক্ষেপে জ্ঞাপন করল। ছফা উঠে দাঁড়িয়ে হাত মেলালেন। জিজ্ঞেস করলেন ইংরেজিতে, হোয়েন ওয়্যার ইউ বর্ন? অবাক আমি সবাক হলাম। উত্তর শুনে ছফাভাই আরো বেশি করে হেসে বললেন, এই বইটার যেহেতু একটিই কপি—তাহলে একবেলা আমি পড়ব, অন্যবেলা আপনি। কেমন? আগামীকাল থেকেই এ ব্যবস্থা চলবে, রাজি তো? নিশ্চয়, আমি কাল সকালে সুযোগমতো ইস্যু করিয়ে নেব, পড়ব… আর দুপুর দু'টোর পর থেকে রাত আটটা পর্যন্ত ওটা আপনার, যদি না আর কেউ… আমার কথা শেষ হবার আগেই ছফা ভাই আবার তার আসনে বসে পড়ে বললেন, অনেকদিন বাদে আপনিই ওটি ইস্যু করিয়েছেন ক'দিন আগে। সে যাকগে, দু'ভাই ভাগে-যোগে পড়ব, কেমন? আর লম্বা ছুটি পড়লে আমি বাড়ি যাব যখন, তখন দৈনিক ১১ ঘণ্টা আপনি একাই কেবল পড়তে পারবেন। হাঃ হাঃ হাঃ। পরমুহূর্তে সচেতন হয়ে উঠে বললেন, আপনারা এখন আসুন তাহলে? পরিবেশ দূষণ ঘটছে এখানে। মুচকি হাসলেন ছফা ভাই। আমরা হাত নেড়ে বেরিয়ে এলাম।

ছফা ভাইয়ের সঙ্গে চেনাজানার সাতকাহন পর্বের আরম্ভ সেই থেকে। নীলক্ষেত এলাকা, নিউমার্কেটের বইপাড়া, বাংলা একাডেমী, রেসের মাঠের সবুজ প্রান্তর আর শরীফ মিয়ার দোকানে তো প্রায় প্রত্যহই আমাদের সাক্ষাৎ ও বাক্যালাপ হত। দেখা হলেই উনি জিজ্ঞেস করতেন, কী পড়ছেন ইদানিং? উনি যা পড়ছেন, সে বিষয়ে জানিয়ে আবার বলতেন, চেষ্টা করবেন, রাতে ঘুমিয়ে পড়ার আগে সারাদিনে কী পড়লেন, সে বিষয়গুলি মনে-মনে একবার ঝালিয়ে নিতে… আর, দৈনিক অন্ততঃ ৫০/১০০ পৃষ্ঠা পড়ার একটা লক্ষ্য ঠিক করে নেবেন। পড়াশোনাও শৃঙ্খলাবদ্ধ হওয়া বাঞ্ছনীয়। ছফা ভাইয়ের কথাগুলো ৪৪ বছর পরও আমার কানে স্পষ্ট বাজে, অনুরণন তোলে।

ছফা ভাইয়ের সঙ্গে পরিচয়ের কিছুদিন পরের কথা। এক সকালে ন'টার দিকে শরীফ মিয়ার ক্যান্টিনে বসে চা আর মাখন-বিস্কুট খাচ্ছি আমরা ক'জন। মানুষজন আসছে, যাচ্ছে। তাদের মাঝে ছাত্র, দুই পাঠাগারের কর্মী-কর্মকর্তা যেমন, তেমনি থাকতেন প্রাক্তন ছাত্ররা–কর্মস্থলে যাবার পথে বা রাতের শিফ্টে কাজ সেরে কিংবা দিনের শেষে বাড়ি ফেরার কালে পুরনো অভ্যাসবশে পাবলিক লাইব্রেরি অঙ্গনে ঢুকে এককাপ চা, মাখন বিস্কুট, শিঙাড়া, খাসির তেহারি—যখন যেটা পাওয়া যাচ্ছে, চেখে নিয়ে এককাপ চা পান করে, একটুখানি হলেও আড্ডা-গুলতানি সেরে যেতেন। মনে আছে, সেই সকালেও সেদিন ওখানে নির্মল, টুকু, ফতে আলি, মলয়, ইকবাল—আমরা ক'জন বসে তুমুল আড্ডা দিচ্ছি। নির্মল হঠাৎ বলে উঠলেন, সবাই চুপ, কে আসছে দেখ! সে এক দর্শনীয় আগমনই বটে! আমি অন্তত ঐদিনের আগে ছফা ভাইকে অমন বিশেষ বেশভূষা সজ্জিত মানুষ হিসেবে দেখিনি!

ক্যান্টিনের পর একটুখানি ঘাসজমির মাঝে আমাদের আসা-যাওয়ার কারণে ঘাস-উঠে-যাওয়া পাথওয়ে। তারপর পাবলিক লাইব্রেরি ভবনের ফাঁকা নিচতলা। তার চারধারে গোলাকার বিশাল সব থামের সারি, যার ওপর স্থাপনাটি দাঁড়িয়ে। ছফা ভাইকে দেখা গেল, গোল খামগুলির একটিতে হেলান দিয়ে রাখা আমার এশিয়াবাইকের মিররে আপন আনন, কেশসজ্জা লক্ষ্য করছেন। তারপর উনি চেনা বাইকের সিটে সস্নেহে একটি চাপড় দিয়ে হৃষ্টমুখে ঘাসজমিতে পা রাখলেন। আমরাও স্মিতমুখে সেদিকে তাকিয়ে আছি। আরিব্বাস, টুকু সবিস্ময়ে সোচ্চার হল, আসুন, স্যর। ছফাভাইয়ের পরনে ধবধবে সাদা মাখনজিনের ট্রাউজার্স, সাদা কটন-টেট্রনের পুরোহাতা শার্ট, কোমরে কেতাদুরস্ত চিকনকালো বেল্ট, পায়ে সাদা চামড়ার জুতো! একমাথা কোঁকড়া চুলে পমেটম জাতীয় পদার্থ প্রচুর পরিমাণে এ্যাপ্লাই করে ব্যাকব্রাশ করা হয়েছে। সেই অকৃত্রিম হাস্যমুখ।

শরীফ মিয়ার দোকানে পা দিয়ে ছফাভাই মুরলীধর শ্রীকৃষ্ণের ভঙ্গিমায় দু'পাক ঘুরে নেচে নিয়ে তার স্বভাবসিদ্ধ খোলা গলায় গেয়ে উঠলেন, আমি বাদশা বনেছি, আমি বেগম বনেছি…। চেয়ার এগিয়ে দিতে বসলেন। প্যান্টের পকেট থেকে সাদা রুমাল বের করে মুখের ঘামতেল মুছলেন। রমজানের আনা জলের গ্লাস শূন্য করলেন। মাথা ঘুরিয়ে আমাদের অপেক্ষমান মুখমণ্ডলী দেখে নিয়ে বললেন, আমি বাংলা একাডেমীর রিসার্চ ফেলো নির্বাচিত হয়েছি। আমরা হুররে বলে হাততালি দিলাম। নির্মল হাঁক পাড়লেন, শরীফ মিয়া, শিঙাড়া নেমেছে? গন্ধ পাচ্ছি তো! গরমাগরম লাগান আমাদের এই দুই টেবিলে আর ফ্রেশ পাত্তির চা। ততক্ষণে আসরে এসে নেমেছে কাশীদা আর কার্তিক। আবদুল মান্নান সৈয়দ-ও দেখা গেল আসছেন। প্রায় প্রতি সকালেই উনি তেজগাঁর বাসা থেকে এসে রিকশার জার্নি ব্রেইক করে শরীফ মিয়ার হাতে তৈরি এককাপ চা খেয়ে উঠে যান। যদ্দূর জানা ছিল, ওখান থেকে আরেক রিকশায় উনি স্টেডিয়াম পর্যন্ত যেতেন। প্রভিনশিয়াল-এ একটি রাজভোগ অথবা স্পঞ্জ রসগোল্লা খেয়ে আবার রিকশা চড়ে ভিক্টোরিয়া পার্ক এলাকার জগন্নাথ কলেজে পৌঁছে যেতেন। মান্নানভাই তখন সেখানে অধ্যাপনা করতেন।

……..
আহমদ ছফা স্মারক পোস্টার
…….
অতঃপর আড্ডার স্বর্গে পরিণত হল শরীফ মিয়ার চা-খানা ওই সাতসকালে। সাড়ে ন'টায় আমার ফ্রেঞ্চ ক্লাস মাদাম পিভ্রোভেশের সঙ্গে। উঠতে উঠতে শুনলাম, ছফাভাই শরীফ মিয়াকে বলছেন, আপনার তেহারির ডেকচিতে কত টাকার খাবার ধরে? শরীফ মিয়া জানাল, একসো পিলেট অইবো। পাচাস্ রুপেয়া। ঠিক আছে, আজ দুপুরে আমরা আপনার এখানে সবাই খাব। যে যখন সময় পাবে, এসে খাবে। ওই খাবারটার দাম আমি আপনাকে এই আগাম দিয়ে দিচ্ছি। যদি আরও লাগে, পরে নিয়ে নেবেন, ঠিক আছে? মিয়া বিরস বদনে সম্মতি জানাল। শরীফ মিয়াকে আমি কখনো হাসতে দেখিনি। অভিনন্দন ছফাভাই, বলে ক্লাসে যাবার অনুমতি চাইলাম। উনি বিগলিত হেসে আমার ডানহাত তার দু'হাতের মধ্যে নিলেন, বল্লেন, আজ দুপুরে কিন্তু সবার এখানে নেমন্তন্ন রইল। আমি মাথা নেড়ে, হ্যাঁ, অবশ্যই বলে সাইকেলের দিকে দৌড়লাম।

কলাভবনের দোতলায় আইআর-এর পাশের ঘরগুলোতে ফরেন ল্যাঙ্গুয়েজ ইন্সটিটিউটের বিভিন্ন ভাষার ক্লাস হত। ওপাশে ইংরেজি বিভাগ। ফ্রেঞ্চ সার্টিফিকেট কোর্সে আমরা অনেকেই ভর্তি হয়েছিলাম। টিঁকেছিলাম কেবল সারওয়ারউদ্দিন আর আমি। ফ্রেঞ্চ ক্লাস সেরে, অনার্সের একটা ক্লাস করে আবার শরীফ মিয়ার দোকানে ফেরত। পথিমধ্যে আমাদের ক্লাসের মুস্তাফা, মতিন, সেলিম সারোয়ার, বাংলার হুমায়ুন কবির, সুলতানা রেবু—সবাইকে ছফাভাইয়ের ঢালাও দাওয়াত পৌঁছে দিয়েছি। দিনব্যাপি হুল্লোড়ের কেন্দ্রবিন্দু ছিলেন সেদিন আহমদ ছফা। একাডেমীতে সেদিন বলেই এসেছিলেন, শরীফ মিয়ায় দিনভর আড্ডা দেবেন। কী যে প্রাণবন্ত মানুষ ছিলেন ছফাভাই! উজ্জীবিত হলে বোধকরি রাজ্যজয় করতে পারতেন!

ছফাভাই তরুণতর লেখক-কবিদের লেখার ব্যাপারে উৎসাহী ও উৎসুক ছিলেন। বয়োজ্যেষ্ঠ হবার সুবাদে তখনকার দিনে যেসব দায়িত্ব বড়দের ওপর অমনি-অমনিই বর্তাতো, সেগুলি তিনি এড়িয়ে যেতেন না মোটেই। টুকু ওরফে কবি আবুল হাসান, নুরুল হুদা, হেলাল হাফিজ, সুমন (টুকু আর আমি যার নাম বদলে আবিদ আজাদ করেছিলাম)—প্রায় সবাইকে দেখেছি, পকেট থেকে ভাঁজকরা কাগজ বের করে ছফাভাইকে লেখা পড়ে শোনাচ্ছে। উনি চোখ বুঁজে, সিগ্রেট টেনে যাচ্ছেন আর গভীর অভিনিবেশে শুনছেন। এরকম আসরে ছফাভাই উপমা-উৎপ্রেক্ষা, চিত্রকল্প থেকে শুরু করে উপজীব্য বিষয়, মেসেজ (যদি থাকত) ইত্যাদি প্রাসঙ্গিক সকল উপাদান ও সজ্জা বিষয়ে অত্যন্ত গঠনমূলক মন্তব্য করতেন। ব্যঙ্গ-বিদ্রুপে আমরা অনেকেই পারঙ্গম ছিলাম; কয়েকজনের তো প্রধান পাসটাইম-ই ছিল তাই। কিন্তু ছফাভাই! নৈব নৈব চ।

ওই ষাটের দশকের শেষভাগেই শরীফ মিয়ার দোকানের পাশে একদিন আরেকটি ছাপড়া উঠল। আফসারের ক্যান্টিন নামে পরিচিতি পেল সেটি। ওখানে বোধকরি পাবলিক লাইব্রেরির কর্মীরা নাস্তাপানি খেতেন। নতুন আখড়াটি অপেক্ষাকৃত খোলামেলা হওয়ার কারণে আমাদেরও টানতে শুরু করল। আমাদের আড্ডার অঙ্গন শরীফ মিয়ার ঠাসাঠাসি ঠাঁই-নেই ঠাঁই-নেই অবস্থা থেকে মুক্তি পেয়ে একটুখানি প্রসারিত হল। আফসারের দোকানে বসে ধূমপায়ীরা বিশেষ করে স্বস্তি পেতেন। কারণ, ওই ঘরটার প্রায় তিনদিকই খোলা; কেবল চুলো আর রান্না, খাবার, চা তৈরির কর্নারটি ছাড়া। শরীফ মিয়ার দোকান কি কখনো বন্ধ দেখেছি? খুব সম্ভবতঃ না। আফসারের দোকানে পাবলিক লাইব্রেরির ছুটির দিনে তেমন খদ্দেরের ভিড় না থাকার কারণে সাপ্তাহিক ছুটি পালিত হত। সকাল থেকে সন্ধে—অনার্স, সাবসিডিয়ারি, ভাষা শেখার ক্লাস, জিমে হাজিরা, লাইব্রেরিতে ঢুঁ মারা—এসব কিছুর ফাঁকে-ফাঁকে শরীফ মিয়ায় নিয়মিতভাবে বার কয়েক যাওয়া হত। ক্ষিদে পেলে অথবা একটু অবসর মিললেই পাবলিক লাইব্রেরি প্রাঙ্গনের কোণে ওই আড্ডা-কাম-পানভোজনালয়ে উপস্থিত হওয়া আমাদের অনেকেরই মজ্জাগত অভ্যাসে দাঁড়িয়েছিল। ছফাভাই এর ব্যতিক্রম ছিলেন না। ষাটের দশকের ওই শেষ বছরগুলিতে আমাদের দেখাশোনা, আলাপচারিতা প্রায় প্রাত্যহিক ব্যাপার ছিল।

এক ছুটির দিনে একটু ফাঁকা আড্ডায় ছফাভাইকে জিজ্ঞেস করেছিলাম, প্রথম আলাপের দিনে উনি আমার জন্মসাল কেন জানতে চেয়েছিলেন। হেসে ফেললেন ছফাভাই। বললেন, আপনার বয়স হয়েছে কিনা টলস্টয় পড়ার, আন্দাজ করতে চেয়েছিলাম। মনে হয়েছিল, এ বয়সে ছেলেটি জেনারেল কুতুজফের সঙ্কট আর নাতাশার মনোজগতের জটিলতা বিষয়ে পড়ে মজা পাবে কি? বলতে নেই, আপনি বয়সের তুলনায় বেশি সাহসী, কাজেই আপনাকে পড়তে দিতে হবে আরো অনেকের আগেই অনেক কিছু। তাছাড়া, আপনি ইংরেজির ছাত্র, ফরাসি, রাশ্যান, ফারসি শিখছেন একইসঙ্গে—আপনার ক্যাপাসিটি আরো বাড়ুক না কেন? বেড়ার বাইরে তো পা রাখতেই হবে। সেদিন বাড়ি ফেরার পথে টুকুর সঙ্গে গল্প করতে করতে ছফাভাইয়ের প্রসঙ্গ এল। টুকু বলল, চল, আজ হাজির বিরানি খাব আর ওস্তাদ আর কী কী বলেছেন শুনব।

ছফাভাইয়ের পরামর্শ মতই সাহস করে বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে যে নামিদামি পত্রিকাগুলি আসত—ব্ল্যাকউড্স ম্যাগাজিন, স্যাটারডে রিভিউ ইত্যাদি শতাব্দী প্রাচীন সাহিত্য সাময়িকী—সেগুলোর পাতা ওল্টাতে শুরু করেছিলাম। ছফাভাই বলতেন, আমাদের সময়ে যেমন, এখন আপনারাও দেখবেন, কিছু পোঁদপাকা জ্যাঠা স্টুডেন্ট কেবল ওপরচালাকি করে সাহিত্যে ডিগ্রি নিয়ে জীবনে সফল হবার কথা ভাবে, শো-অফ করে। ওরা কি উপলব্ধি করতে পারে ওরা কী হারাচ্ছে অবহেলায়? হাই স্যর, মুনীর চৌধুরি, জ্যোতির্ময় গুহঠাকুরতা, সারওয়ার মুর্শিদ অনায়াসে যেসব দুর্লভ মণিমাণিক্য ক্লাসে আমাদের লক্ষ্য করে ডেলিভার করেন, তার ক'টা আমরা ক'জন আর তুলে নিতে পারি, কপালে ঠেকিয়ে আপন সংগ্রহের ঝুলিতে পুরি?

স্বাধীনতা উত্তরকালে আমরা অনেকেই তখন কর্মজীবনে ঢাকার বাইরে স্থানান্তরিত, পুনর্বাসিত। আড্ডাকেন্দ্রিক জীবন থেকে নির্বাসিত। অবশ্য ছুটিছাটায় ঢাকা এলেই আমি পাবলিক লাইব্রেরি অঙ্গনে একবার উঁকি দিতাম। ছফাভাইয়ের সঙ্গে ওখানেই সাক্ষাৎ ঘটত। এরকম একদিন আফসারের ক্যান্টিনে গল্পগুজবের মাঝে হঠাৎ ছফাভাই বলে উঠলেন, ওই যে আসছেন মহিউদ্দিন ঘটক, বলেই সিরিয়্যস থেকে কমিকে চলে গেলেন ছফাভাই মসৃণভাবে। এবারে আমি উঠব, পাবলিক লাইব্রেরির দোতলায় পুরনো খবরের কাগজ ঘাঁটব এবেলা। থ্যাঙ্ক ইউ অল ফর এনার্জাইজিং মি। উনি ওঠার আগেই মহীভাইয়ের শশব্যস্ত প্রবেশ ঘটে গেল। মহীউদ্দিন ভাই তখন ঋত্বিক ঘটককে তিতাস একটি নদীর নাম ছবি তৈরিতে এ্যাসিস্ট করছেন। শালপ্রাংশু মহাভুজ মহীভাই তিতাস নদীর ওপর নৌকোয় ভেসে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ঋত্বিক ঘটককে সর্বপ্রকার সহযোগিতা যুগিয়ে যাচ্ছেন। প্রডাকশ্যনের কোনো কাজে ঢাকা এলে এখানে তো একবার পায়ের ধূলো দিতেই হয়, তাই আসা।

সত্তর-আশির দশকে ছফাভাইয়ের সঙ্গে আমার দেখাসাক্ষাৎ ক্রমশঃ আরো কমে যায়। উনিও মাঝে কিছুদিন বিদেশে ছিলেন। এরপর থেকে এর-ওর কাছে খবর পেতাম, ছফাভাই বাংলাদেশ জার্মান সম্প্রীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন ইত্যাদি।

উদ্দীপিত ছফাভাই বলতেন, হাসান, ওয়ালী—বাঁচতে হলে সর্বাগ্রে বাঁচার ইচ্ছেটাকে জোরদার করতে হবে, তারপর সেই ইচ্ছের ফুলকে প্রস্ফূটিত, পল্লবিত করার জন্য, পূর্ণতা দেবার জন্য নানাধরনের যোগ্যতা অর্জন করে যেতে হবে। ফলে, জীবনবৃক্ষ ক্রমে পুষ্পিত হবে, ফলফুল দেবে, এমনকি আমজনতার প্রণামের অধিকারীও হতে পারবে একদিন। একদিন দু'টি দৃষ্টান্তের উল্লেখ করেছিলেন—কবি সিলভিয়া প্লাথের গ্যাসের চুলোয় মাথা ঢুকিয়ে আত্মহত্যা আর মোটে উনিশ বছরের জেদি ফরাসি মেয়ে ফ্রাঁসোয়াজ সাগাঁ-র বঁজ্যুর ত্রিসতেস উপন্যাস লিখে রাতারাতি প্রতিষ্ঠা পাবার ঘটনা। আমি খুঁজে পেতে সিলভিয়ার লেখা পড়েছিলাম, লিখেও ছিলাম কবির মৃত্যুর অবশ্যম্ভাবিতা বিষয়ে তখনকার এক সাহিত্য সাময়িকীতে। আর বঁজ্যুর ত্রিসতেস পড়ে তো ফ্রাঁসোয়াজের প্রেমে পড়েছিলাম আমি আর টুকু। ছফাভাই কি শেষের দিনগুলোতে তার প্রিয় আলোচনার টপিক 'জেস্ট ফর লাইফ'-এ আগ্রহ হারিয়েছিলেন? স্মারক পোস্টারটি দেখি আর ভাবি মাঝে মাঝে।

সব শেষ হয়ে যাবার পর—ছফাভাইয়ের অকালপ্রয়াণের পরপরই বাংলামোটরের ওই বাড়ি, যেখানে ছফাভাই আখড়া খুলেছিলেন একটা, সেখানে বাদ্যযন্ত্র বাজানো শিখতে গিয়ে দেখি, ওরা একটি স্মারক পোস্টার ছাপিয়েছে। তার একটি সংগ্রহ করে বাড়ি ফিরে আমার ঘরের দরজায় সেঁটে রাখলাম। অনেকেই গত ১০ বছরে আমাদের ফ্ল্যাটে ঢুকেই ওই পোস্টারে ধৃত মানুষটি সম্পর্কে ঔসুক্য জ্ঞাপন করেন। যথাসাধ্য স্মৃতিতর্পণ আমি কর্তব্য মনে করেই করে থাকি।

m.waliuzzaman@gmail.com