২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বসাহিত্য ও সংস্কৃতি: ওবামা চিত্র ও সংকটে বিস্ময়ে “Surreal”

রেশমী নন্দী

Published : 30 Dec 2016, 09:40 PM

Updated : 03 Oct 2022, 11:25 AM

Image
Obama

অনেকের অনেক হিসেবনিকেশ উল্টাপাল্টা করে দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। ওবামা প্রশাসনের বিদায়ের দিনও খুব কাছেই, ২১ জানুয়ারী ২০১৭। এরই মধ্যেই হয়তো তৈরি হয়ে গেছে তাঁর বিদায় ভাষণও। অন্যদিকে, নিউ ইয়র্কের শিল্পী রব প্রুইটের কাজও প্রায় শেষের দিকে। ২০০৯ সালে বারাক ওবামা ক্ষমতা গ্রহণের পর থেকেই তাঁর দিনযাপনের নানা মুহূর্ত এঁকেছেন মার্কিন এই পপ আর্টিস্ট। দুই মেয়াদে আট বছর শাসনামলে বারাক ওবামার দিনযাপনের মুহূর্তগুলো প্রায় ৩ হাজার লাল নীল রঙের আলোকাভরণে ধরে রাখছেন এই শিল্পী। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত এসব ছবির সংকলন একদিকে যেমন প্রেসিডেন্ট ওবামার আনন্দময় স্মরণ, অন্যদিকে অসাধারণ এক রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি ভালবাসার প্রকাশও। নানা পরিবেশে নানা ভঙ্গি ফুটে আছে এসব ছবিগুলোয়- কোথাও বক্তৃতা দিচ্ছেন, কোথাও কাজে ব্যস্ত তিনি, রয়েছে গলফ খেলার মুহূর্ত, সন্তানের সাথে সময় কাটানোর দৃশ্য, স্ত্রীর সাথে নাচের মুহূর্ত। এর মধ্যে অনেক ছবিই উপস্থাপিত হয়েছিল ডেট্রোয়টে "Museum of Contemporary Art"-এ। তবে প্রুইট বলছেন, কোন বিশেষ মুহূর্তকে মূর্ত করে তুলতে নয়, বরং সময় কিংবা সূত্র বিবেচনায় না এনে সামগ্রিকভাবে একজন মানুষের নানা অভিব্যক্তিই তুলে আনতে চেয়েছেন তিনি। "আমি চাই প্রত্যেকটি দিন এমন কিছু একটা ফুটিয়ে তুলুক যার ফলে ছবিগুলো দেখলেই এর মাধ্যমে আমরা যে জগতকে চিনি কিংবা চিনি না তা জানান দেবে।"

সামগ্রিকতার বোধ বর্তমানের উপস্থিতির চেয়েও জানায় বিশেষ কিছু। বিখ্যাত অভিধান প্রকাশকারী প্রতিষ্ঠান ম্যারিয়াম ওয়েবস্টার জানাচ্ছে, এ বছর তাদের অনলাইন ডিকশনারিতে সবচেয়ে বেশি যে শব্দের খোঁজ করেছে মানুষ, তা হলো "Surreal"। প্রতিষ্ঠানটির ওয়েবপেইজে উল্লেখ করা হয়েছে, বিশেষ করে মার্কিন নির্বাচনের পর এ শব্দের খোঁজ জানতে বেশি মানুষ তাদের অনলাইন পেইজের দ্বারস্থ হয়েছে। মূলত: দুই ধরনের বিষয়ের উপর জোর দিয়ে সর্বাধিক খোঁজা শব্দ নির্ণয় করে থাকে এ প্রতিষ্ঠান। এক, প্রাত্যহিক প্রয়োজনে সারাবছর ধরেই যে শব্দের খোঁজ বেশি পড়ে, আর অন্যটি হলো বিশেষ পরিস্থিতি, যেমন বিশেষ সংবাদ, রাজনীতি, খেলাধূলা, জনপ্রিয় সাংষ্কৃতিক উত্থানপতনের প্রেক্ষিতে যে শব্দার্থ জানতে চায় মানুষ। এ বছর "Surreal" শব্দটি তেমন একটি শব্দ যা বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে সবচেয়ে বেশিবার এবং বেশিদিন ধরে খোঁজা হয়েছে। একবার মার্চে ব্রাসেলসে সন্ত্রাসী আক্রমণের পর; এরপর জুলাইতে, তুরষ্কের ব্যর্থ অভ্যুত্থান ও নিসে শহরে সন্ত্রাসী আক্রমণের জের ধরে নানা রকম ব্যবহারের প্রয়োজনে এবং সবশেষে উল্লেখযোগ্যভাবে মার্কিন নির্বাচনের পর। পরাবাস্তবতা বা surreal শব্দটিকে এই অভিধানে উল্লেখিত হয়ে আছে এভাবে: "marked by the intense irrational reality of a dream." আর সমার্থক শব্দ হিসেবে "unbelievable", "fantastic".

Image
border=0

ওদিকে, আফ্রিকার আদিবাসী সম্প্রদায় উওলফদের (Wolof) কথ্যভাষায় রচিত একমাত্র উপন্যাস Doomi Golo অনূদিত হয়েছে ইংরেজীতে। সেনেগালের বেশিরভাগ সাহিত্য রচিত হয় সেখানকার রাষ্ট্রভাষা ফরাসীতে। বিভিন্ন ভাষায় অনূদিত হওয়ায় তা পৌঁছেছে বিশ্বদরবারেও। তবে, এর বাইরে সেখানকার আদিবাসী উওলফ সম্প্রদায়ের নিজস্ব ভাষায় রচিত সাহিত্য এতদিন পায়নি পশ্চিমা বিশ্বের মনোযোগ। উওলফ ভাষায় রচিত একমাত্র উপন্যাসের ইংরেজী সংষ্করণ সরিয়ে দিয়েছে সে অচেনার বোধ। Doomi Golo—The Hidden Notebooks বইটির মূল উপজীব্য ন্যুগেইরেন ফেই (Nguirane Faye) নামের একজন বয়োঃবৃদ্ধের লেখা নাতির জন্য ডায়েরী। অজানা দেশে পাড়ি দেয়া তাঁর নাতি ফিরে আসবে কোন একদিন, অথচ তখন তিনি বেঁচে থাকবেন না, এ ভাবনা থেকে মোট ৭টি ডায়েরীতে ফেই লিখে গেছেন তাঁর কথা। এর মধ্যে ৬টি সাধারণের কাছে প্রকাশযোগ্য হলেও একটি নোটবুক কেবল তাঁর নাতি ছাড়া কারো কাছে প্রকাশযোগ্য নয়-হয়তো বুড়ো দাদুর কিছু একান্ত কথা রয়েছে তাঁর নাতির সাথে।
বিশ্বসাহিত্যে ছোটদের অস্তিত্ব নানা কারণে বিশেষ হয়ে ওঠে পাঠকদের কাছে। এই যেমন আনা ফ্রান্ক। মাত্র দুমাস আগেই বিখ্যাত এ কিশোরীর হাতে লেখা ১২ লাইনের একটি কবিতা নিলামে বিক্রি হয়েছে ১৪৮ হাজার ডলারে। ১৯৪২ সালে লেখা এই কাগজটি নিলামে তোলার মাত্র দুমিনিটের মাথায় অজ্ঞাতনামা একজন এটি কিনে নেন। ডাচ ভাষায় লিখিত এ কবিতাটির নিচে তারিখ উল্লেখ আছে ২৪ মার্চ ১৯৪২, অর্থাৎ আমস্টারডামে পলাতক আর বন্দী জীবন শুরুর মাত্র তিন মাস আগে লেখা এটি। গত চল্লিশ বছরে সবমিলিয়ে আনা ফ্রান্কের হাতের লেখা রয়েছে এমন বিরল কাগজ ৪ থেকে ৫ টি মাত্র নিলামে তোলা হয়েছে। এ বছরের মে মাসেও আনার হস্তাক্ষরে নিজের নাম লেখা থাকা রূপকথার একটি বই নিলামে বিক্রি হয় ৫০ হাজার ডলার মূল্যে। অন্যদিকে দীর্ঘদিনের যে বিশ্বাসঘাতকতার গল্প ছিলো এ কিশোরী ও তাঁর পরিবারের মর্মান্তিক মৃত্যুর পিছনে, সম্প্রতি "আনা ফ্রান্ক হাউজ মিউজিয়াম"-এর পক্ষ থেকে বলা হচ্ছে, তা সত্যি নাও হতে পারে। বরং একেবারেই ঘটনাচক্রে নির্মম নিয়তি সামনে এসে দাঁড়ায় তাদের। প্রায় দুবছর ধরে আমাস্টারডামে একটি বাড়ির গোপন কক্ষে তাঁরা লুকিয়েছিলেন, সেখানে জার্মান পুলিশ এসেছিল রেশন কার্ড চোরদের ধরতে। আর ঘটনাক্রমে আবিষ্কার হয়ে যায় এই ইহুদী পরিবারের অস্তিত্ব। এর আগে এ পরিবারের মাত্র বেঁচে যাওয়া সদস্য আনার বাবা আমৃত্যু সন্দেহ করেছিলেন তাঁর এক সহকর্মীকে।

Image
Classics

ছোটরা কেবল শিশুতোষ বই পড়বে? অনেকেই মনে করছেন, ছোটবেলা থেকেই বিশ্বসাহিত্যের ক্ল্যাসিক হিসেবে পরিচিত বইগুলোর সাথে পরিচিত হলে তাদের মনন গঠনে তা সহায়ক হবে। এবছরের অক্টোবরে "Moppet Books" প্রকাশনী থেকে Kinder Guides সিরিজের চারটি বিখ্যাত ক্ল্যাসিকের শিশুতোষ সংস্করণ বের হয়েছে- আর্থার সি ক্লার্কের 2001: A Space Odyssey, ট্রুম্যান কেপোটির Breakfast at Tiffany's, জ্যাক কেরোয়াকের On the Road, আর আর্নষ্ট হেমিংওয়ের The Old Man and the Sea। অবশ্য এ ভাবনা যাদের সেই মেলিসা মেডিনা এবং ফ্রেডরিক কোল্টিং বলছেন, বইগুলো মোটেই বিখ্যাত লেখার শিশুতোষ সংষ্করণ নয়, বরং মূল ভাবনার শিশুতোষ উপস্থাপন। ছোটদের বোধগম্য করতে বেশ কয়েকটি ভাগ রয়েছে বইতে। লেখক পরিচিতি, গল্পের সারাংশ, মূল চরিত্র পরিচিতি, গল্পে ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দের ছবি, এমনকি রয়েছে ছোটদের জন্য প্রশ্নোত্তর অংশও। ৬ বছরের বেশি বয়সী বাচ্চাদের উপযোগী হিসেবে বাজারে আনা হয়েছে এ বইগুলো। এর মধ্যে ঘোষণাও এসেছে, সামনের বছর এ তালিকায় যোগ হবে পাওলো কোয়েলহোর The Alchemist ও হারুকি মুরাকামির The Wind-Up Bird Chronicle।

তথ্যসূত্র: দি গার্ডিয়ান, পাবলিশারসউইক‍‌‌লি, ম্যারিয়ামওয়েবস্টারডটকম

ইতিপূর্বে আর্টস-এ প্রকাশিত রেশমী নন্দীর অন্যান্য লেখা:
নাদিন গার্ডিমার: ম্যান্ডেলা, আমার দেশের মানুষ

ইউসুফ ইদ্রিসের গল্প: এক কামরার ঘর

উম্বের্তো একোর সাক্ষাৎকার: আমরাই একমাত্র জানি যে আমাদের মরতেই হবে

যুগলের বিয়োগাত্মক সমাপ্তি

রবার্ট শেকলির বিজ্ঞান কল্পকাহিনী: জীবনধারনের খরচ

শব্দের জাদু– অনুবাদে ঠিক কতটা হারাই?

জ্যাক লন্ডনের দুষ্প্রাপ্য ছবি

ভার্জিনিয়া উলফের ছোটগল্প: অভিশপ্ত বাড়ি

সাম্প্রতিক বিশ্বসাহিত্য : যন্ত্রের পেটে ছোটগল্প

Image
Flag Counter