এদুয়ার্দো গালেয়ানোর দর্পণ: প্রথাবিরোধী নারীদের কথা
মুল: এদুয়োর্দো গালেয়ানো
বাংলা অনুবাদ: আসাদ মিরণ
অ্যাডার কাল পরিক্রমা
আঠারো বছর বয়সে, তিনি তার গৃহশিক্ষকের হাত ধরে পালিয়ে যান।
তার বয়স যখন কুড়ি, গার্হস্থ বিষয়ে কুখ্যাত অপটুতা সত্ত্বেও তিনি বিয়ে করেন বা বিবাহিত হন।
একুশ বছর বয়সে, তিনি নিজে নিজেই গণিতশাস্ত্র অধ্যায়ন শুরু করেন। যদিও একজন নারীর জন্য এটি মোটেও কোন উপযুক্ত কাজ নয়, তবুও তার পরিবার তার এই বাতিককে প্রশ্রয় দেয়। হয়তো এইভাবে তার মন সংযত থাকবে এবং উত্তরাধিকারসূত্রে পাওয়া তার পিতার জিন শরীরের মাঝে যে উন্মাদনা সৃষ্টি করেছে, তা ঠেকানো যাবে।
পচিঁশ বছর বয়সে, তিনি ঘোড়ার দৌড়ে অর্থ জিততে সম্ভাবনা তত্ত্বের উপর ভিত্তি করে একটি অমূলক পদ্ধতি আবিষ্কার করেন। তিনি পরিবারের সমস্ত সোনা-দানা বাজিতে লাগান এবং হেরে যান।
সাতাশ বছর বয়সে, তিনি একটি বৈপ্লবিক রচনা প্রকাশ করেন। সেখানে তিনি তার নাম গোপন রাখেন। হয়তো লোকে বলবে, বিজ্ঞানের কাজ, তা-ও আবার একজন নারীর? তার প্রকাশিত সেই রচনাটিই তাকে ইতিহাসে প্রথম প্রোগ্রামার করে তোলে: এটি টেক্সটাইল মিলের পুনরাবৃত্তিমূলক কাজগুলি করার জন্য মেশিন বিন্যাস ব্যবস্থাপনার নতুন এক পদ্ধতির ধারণা দেয়। ফলে, শ্রমিকদের বাড়তি পরিশ্রম বহুলাংশে হ্রাস পায় এবং সময়েরও সাশ্রয় হয়।
পঁয়ত্রিশ বছর বয়সে তিনি অসুস্থ হয়ে পড়েন। ডাক্তাররা তার হিস্টিরিয়া রোগ নির্ণয় করেন। কিন্তু, তা ছিল ক্যান্সার।
১৮৫২ সালে, ছত্রিশ বছর বয়সে তিনি মারা যান। ঠিক একই বয়সে তার পিতা, কবি লর্ড বায়রনও মারা যান, যাকে অ্যাডা কখনও দেখেননি।
দেড় শতাব্দি পরে, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, কম্পিউটার প্রোগ্রামিংয়ের ভাষাগুলির একটির নাম রাখা হয় অ্যাডা।
রোসা মারিয়ার কাল-পরিক্রমা
১৭২৫ সালে, তার বয়স যখন ছয় বছর, একটি ক্রীতদাস জাহাজ তাকে আফ্রিকা থেকে নিয়ে আসে আর রিও ডি জেনিরোতে বিক্রি করে দেয়।
তার বয়স যখন চৌদ্দ, মনিব তখন তার উরুদ্বয় মেলে দেন আর তাকে একটি ব্যবসা শেখান।
তার বয়স যখন পনেরো, তখন তাকে আওরো প্রেটোর একটি পরিবার কিনে নেয়। তারা তার শরীরকে সোনার খনিতে ভাড়া দেয়।
তার বয়স যখন ত্রিশ, পরিবারটি তখন তাকে একজন যাজকের কাছে বিক্রি করে দেয়। যাজক তার উপর ভূত তাড়ানো কৌশল ও অন্যান্য নৈশ কর্মকান্ডের অনুশীলন করেন।
তার বয়স যখন বত্রিশ, তার দেহের মধ্যে থাকা একটি ভূত সেই যাজকের পাইপ দিয়ে ধূমপান করত আর তার মুখ দিয়ে চিৎকার-চেচামেচি করে তাকে মাটিতে ঘুরপাক খাওয়াত। এই জন্য তাকে মারিয়ানা শহরের পাবলিক চত্বরে দাঁড় করিয়ে একশো চাবুকের আঘাত খেতে হয়েছিল। ফলস্বরূপ, বাকি জীবন তার একটা হাত পঙ্গু হয়ে গিয়েছিল।
তার বয়স যখন পঁয়ত্রিশ, তখন তিনি উপোস ও প্রার্থনায় মন দেন। তার দেহকে ধর্মীয় পোশাকে আবৃত করে ফেলেন। এরপর কুমারী মেরি তাকে পড়তে শেখান। তারা বলেন, রোজা মারিয়া এগিপসিঁয়াকা দ্য ভেরা ক্রুজ হলেন ব্রাজিলের প্রথম শিক্ষিত কৃষ্ণাঙ্গ নারী।
তার বয়স যখন সাঁইত্রিশ, তখন তিনি পরিত্যক্ত নারী ক্রীতদাস ও জৌলুস হারানো বেশ্যাদের জন্য একটি আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠা করেন। কেন্দ্রটি চালাতে যে খরচ হত, তা তিনি নিজের মুখের নাল দিয়ে তৈরী কেক বিক্রি করে সংস্থান করতেন। তার তৈরী কেক ছিল সকল রোগের অবিশ্বাস্য দাওয়া-স্বরূপ।
তার বয়স যখন চল্লিশ, তখন বহু মানুষ ভক্তি সহকারে তার গভীর ধ্যানে ডুবে যাবার সময় উপস্থিত হত। তখন তিনি তামাকের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে দেবদূতদের সঙ্গীতের তালে তালে নাচতেন; আর শিশু যিশুকে তিনি তার স্তন থেকে দুধ পান করাতেন।
তার বয়স যখন বিয়াল্লিশ, তখন তাকে জাদুবিদ্যার অভিযোগে অভিযুক্ত করে রিও ডি জেনেরিওর কারাগারে বন্দি করে রাখা হয়।
তার বয়স যখন তেতাল্লিশ, ধর্মতত্ত্ববিদরা নিশ্চিত হলেন তিনি একজন ডাকিনী। কারণ, তিনি কোন প্রকার অভিযোগ ছাড়াই জিহ্বার নীচে দীর্ঘ সময় ধরে জ্বলন্ত মোমবাতি সহ্য করতে পারতেন।
তার বয়স যখন চুয়াল্লিশ, তাকে লিসবনের হোলি ইনকিউজিশান কারাগারে পাঠানো হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য টর্চার চেম্বারে নেয়া হয়। তারপর থেকে আর কখনো তার নাম শোনা যায়নি।
স্যালি
জেফারসন যখন বিপত্নীক হলেন, তখন স্ত্রীর সব সম্পত্তি তার হয়ে যায়। উত্তরাধিকার সূত্রে অন্যান্য অস্থাবর সম্পত্তির সাথে তিনি ক্রীতদাসী স্যালিকেও পেয়েছিলেন।
যৌবনে স্যালির সৌন্দর্যের প্রমাণ পাওয়া গিয়েছিল।
পরে আর কিছুই জানা যায়নি।
স্যালি কখনই এ বিষয়ে কোন কথা বলেননি, আর যদি বলেও থাকেন, কেউ তা শোনেনি অথবা তার বক্তব্য লিপিবদ্ধ করার জন্যও কেউ তাকে বিব্রত করেনি।
বিপরীতে, মার্কিন প্রেসিডেন্ট জেফারসনের দিক থেকে আমাদের কাছে বেশ কিছু চিত্র এবং অসংখ্য বিবৃতি আছে। আমরা জানি যে, "জন্মগতভাবেই কৃষ্ণাঙ্গরা দেহ ও মন উভয় দিক দিয়েই শ্বেতাঙ্গদের তুলনায় নিকৃষ্ট", এই কথা বলে তিনি সুপ্রতিষ্ঠিত সন্দেহকে আশ্রয় দিয়েছেন। শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ রক্তের মিশ্রণ নিয়ে সব সময় তিনি "ভীষণ বিরক্ত"সহকারে কথা বলতেন। নৈতিকভাবে তিনি এ বিষয়টি ঘৃণ্য বলে মনে করতেন। জেফারসন বিশ্বাস করতেন, যদি ক্রীতদাসদের কখনও মুক্তি দেয়া হয়, তবে তাদেরকে "মিশ্রণের নাগালের বাইরে" সরিয়ে রেখে কলুষিত হবার বিপদ থেকে রক্ষা পেতে হবে।
১৮০২ সালে সাংবাদিক জেমস কলেন্ডার 'রিচমন্ড রেকর্ডারে' একটি নিবন্ধ প্রকাশ করেন। সবাই যেটা জানত, সেটাই তিনি জনসমক্ষে প্রকাশ করলেন: রাষ্ট্রপতি জেফারসন স্যালির সন্তানদের পিতা ছিলেন।
ভেনাস
তাকে দক্ষিণ আফিকা থেকে বন্দী করে লন্ডনে বিক্রি করা হয়।
এবং তাকে উপহাস করে নাম দেয়া হয়- হটেন্টট ভেনাস (দক্ষিণ আফ্রিকার হটেন্টট জাতি)। মাত্র দুই শিলিং-এর বিনিময়ে তাকে আপনি খাঁচায় নগ্ন অবস্থায় দেখতে পাবেন। তার মাই এতোই বড় যে, সেগুলি পিঠে থাকা শিশুকেও বুকের দুধ খাওয়াতে পারে। দুইগুণ অর্থ দিয়ে আপনি তার নিতম্ব স্পর্শ করতে পারবেন, তার পিছনটা বিশ্বের মধ্যে বৃহত্তম।
একটি পোস্টারে ব্যাখ্যা করা হয়েছে, এই বর্বর হল অর্ধেক-মানব আর অর্ধেক পশু, যা সকল কিছুর মূর্ত প্রতীক, সভ্য ইংরেজ সমাজের জন্য সুখকর নয়।
লন্ডন থেকে তাকে প্যারিসে নিয়ে যাওয়া হয়। সেখানের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের বিশেষজ্ঞরা জানতে চেয়েছিলেন, এই জীবটি মানুষ এবং ওরাঙগুটানের মাঝামাঝি কোন প্রজাতির অন্তর্গত কি-না।
তিনি যখন মারা যান, তখন তার বয়স ছিল কুড়ির কোঠায়। বিখ্যাত প্রকৃতিবিদ জর্জেস কুভিয়ার, তার মৃতদেহটি ব্যবচ্ছেদ করেছিলেন। তিনি তার রিপোর্টে উল্লেখ করেন, ভেনাসের মাথার খুলি ছিল বানরের মতো, মস্তিস্কের আকার ক্ষুদ্র এবং বেবুন বা মেনড্রিলের মতো একটি পোঁদ ছিল।
কুভিয়ার তার যোনির ভিতরের ল্যাবিয়া বা বৃহদোষ্ঠটি কেটে একটি বড় জারে রাখেন।
দু'শ বছর পরে, সেই জারটি প্যারিসের "মিউজিয়াম অব ম্যানকাইন্ড বা হিউম্যান"এ অন্য এক আফ্রিকান নারীর জননেন্দ্রিয়র পাশেই প্রদর্শনীর জন্য রাখা হল। এই নারীটি ছিলেন পেরুভিয়ান ইন্ডিয়ান।
খুব কাছাকাছি, আরেকটি জারের সারিতে, বেশ কয়েকজন ইউরোপীয় বিজ্ঞানীর মস্তিষ্ক ছিল।
অলিম্পি
ফরাসি বিপ্লবের প্রতীক হল নারী, উন্নত নগ্ন স্তনের অধিকারী, ফ্রিজিয়ান টুপি পরা, পতাকা উড়ানো মার্বেল অথবা ব্রোঞ্জের নারী।
কিন্তু বিপ্লব যা তৈরী করেছিল তা ছিল, পুরুষ ও নাগরিক অধিকারের এক ঘোষণাপত্র। বিপ্লবী নারী সৈনিক অলিম্পে ডি গুজেস যখন নারী ও নাগরিকদের অধিকার সম্পর্কে একটি ঘোষণার প্রস্তাব দেয়, তাকে তখন জেলে নিক্ষেপ করা হয়। বিপ্লবী আদালত তাকে দোষী সাব্যস্ত করে আর গিলোটিন তার ধর কেটে ফেলে।
ফাঁসিকাষ্ঠে দাঁড়িয়ে অলিম্পের প্রশ্ন ছিল:
"নারীদের যদি গিলোটিনের নীচে দাঁড়িয়ে মানুষের মুখোমুখি হবার অধিকার থাকে, তাহলে আমাদের কি জনমঞ্চে দাঁড়িয়ে মানুষদের মুখোমুখি হবার অধিকার থাকা উচিত না?"
অনুমতি নেই। নারীরা সেখানে কথা বলতে পারত না, ভোট দিতে পারত না। কনভেনশন, বিপ্লবীদের পার্লামেন্ট নারীদের সকল রাজনৈতিক এ্যসোসিয়েশন বন্ধ করে দেয় এবং নারীদের পুরুষদের সাথে সমান তালে তর্ক করা নিষিদ্ধ করে।
অলিম্পে ডি গুগেজের সাথীদের পাগলা-গারদে পাঠানো হয়। আর তার মৃত্যুর পরপরই ম্যানন রোল্যান্ডের পালা আসল। ম্যানন ছিলেন তখনকার স্বরাষ্ট্র মন্ত্রীর স্ত্রী। মন্ত্রী নিজেও তার স্ত্রীকে রক্ষা করতে পারেন নি। "রাজনৈতিক সক্রিয়বাদ ছিল তার প্রাকৃতিক-বিরোধী প্রবণতা"–এই অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। তিনি না-কি তার নারীত্বের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। তার কাজের ক্ষেত্র হবার কথা ছিল, ঘরে থাকা আর সাহসী পুত্রের জন্ম দেয়া। তা না করে, তিনি রাষ্ট্রীয় পুরুষতান্ত্রিক বিষয়ে নাক গলানোর মতো মারাত্মক অপরাধ সংঘটিত করেছেন।
অতঃপর, আরও একবার গিলোটিনের পতন হল।
মারিয়ানা
১৮১৪ সালে রাজা ফার্ডিন্যান্ড পেপাকে হত্যা করেন।
পেপা ছিল সেই নাম, যাকে কাদিজের মানুষ সংবিধান বলে অভিহিত করেছিল। দু'বছর আগে ইনকুউজিশন কর্তৃপক্ষ সেটি বাতিল করেছিল। সেখানে গণমাধ্যমের স্বাধীনতা, ভোটাধিকার ও অন্যান্য দুর্বিনীত অভিনবত্ব অন্তর্ভুক্ত ছিল।
রাজা নিশ্চিত করেছিলেন, পেপা নামের কোন কিছুর অস্তিত্ব কখনই ছিল না। তিনি এটিকে "বাতিল, মূল্যহীন ও অকার্যকর বলে ঘোষণা করেছিলেন, যেন এ ধরণের কাজ কখনও ঘটেনি এবং তা সময়ের পথ থেকে সরিয়ে ফেলা উচিত।"
তারপরে, রাজতন্ত্রের শাসন-ব্যবস্থার শত্রুদের সময়ের পথ থেকে সরানোর জন্য সমগ্র স্পেন জুড়ে ফাঁসির মঞ্চ তৈরী করা হয়েছিল।
১৮৩১ সালের কোন এক ভোরে, গ্রানাডা শহরের একটি ফটকের বাইরে মারিয়ানা পিনেদার ঘাড় ভেঙে না যাওয়া পর্যন্ত জল্লাদ লোহার সাঁড়াশিটি মোচড়াতে থাকে।
নারীটি দোষী ছিলেন- একটি পতাকা সেলাই করার জন্য, স্বাধীনতার ষড়যন্ত্রকারীদের সাথে বিশ্বাসঘাতকতা না করার জন্য। বিচারক তাকে সহানুভূতির বিমিময়ে তার সহযোগীদের সাথে বিশ্বাসঘাতকতা করতে রাজি করানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি রাজি হননি।
মারিয়ানার একটি ছোট্ট জীবন ছিল। তিনি নিষিদ্ধ ধারণা, নিষিদ্ধ পুরুষ, কালো শাল, গরম চকলেট এবং নরম গান পছন্দ করতেন।
তারা পুরুষ ছিলেন না
১৮৪৭ সালে তিনটি উপন্যাস ইংল্যান্ডের পাঠকদের আন্দোলিত করেছিল।
এলিস বেল -এর 'উদারিং হাইটস' আবেগ ও প্রতিশোধের লজ্জার বিধ্বংসী এক গল্প খুঁজে পায়। অ্যাকটন বেল-এর 'অ্যাগনেস গ্রে'ইংল্যান্ডের পারিবারিক প্রতিষ্ঠানটির ভন্ডামি উন্মোচিত করে। কারার বেল-এর 'জেন আইর'এক স্বাধীন নারীর সাহসীকতার প্রশংসা করে।
কেউই জানত যে, উপন্যাসগুলির লেখকরা ছিলেন নারী। বেল ভাইরা আসলে ব্রোন্টি বোন ছিল ।
এই কুমারী ও রোগা মেয়েরা- এমিলি ব্রোন্টি (ছদ্ম নাম-এলিস বেল), অ্যান ব্রোন্টি (ছদ্ম নাম-অ্যাকটন বেল) আর শার্লট ব্রোন্টি(ছদ্ম নাম-কারার বেল), ইয়র্কশায়ারের বিস্তীর্ণ জলাভূমিতে হারিয়ে যাওয়া এক গ্রামে বসে কবিতা ও উপন্যাস লিখে তাদের একাকীত্বের প্রতিশোধ নিয়েছিল। সাহিত্যের পুরুষ জগতে অনুপ্রবেশকারী হিসেবে তারা পুরুষদের মুখোশ পরেন, যেন সমালোচকরা তাদের সাহসী লেখাগুলি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন। কিন্তু যে কোন কারণেই হোক, সমালোচকরা তাদের উপন্যাসগুলি রুক্ষ, অশোভন, অভদ্র, স্থূল, অশ্লীল, বর্বর, পাশবিক, লম্পট…… ইত্যাদি বলে অভিহিত করেছেন।
ফ্লোরা
দুর্দান্ত কর্মী, বিপ্লবের তীর্থযাত্রী ও প্রখ্যাত চিত্রশিল্পী পল গগার দাদি, ফ্লোরা ত্রিস্তান সম্পত্তি ভেবে স্ত্রীর উপর স্বামীর অধিকার, শ্রমিকের উপর মালিকের অধিকার, এবং ক্রীতদাসের উপর প্রভুর অধিকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তার উত্তাল জীবন উৎসর্গ করেছিলেন ।
১৮৩৩ সালে, তিনি পেরু ভ্রমণ করেন। রাজধানী লিমার উপকন্ঠে তিনি একটি চিনিকল পরিদর্শন করেন। তিনি সেখানে আখ মাড়ানো পাথর, গুড় সেদ্ধ করার বয়লার, চিনি শোধনাগার প্রক্রিয়া দেখলেন। যেদিকেই তিনি তাকাচ্ছিলেন, সেদিকেই শুধু কালো ক্রীতদাসদের যাওয়া আসা করতে দেখলেন। এদের প্রত্যেকেই নীরবে কাজ করে যাচ্ছিল। এমনকি তারা তার উপস্থিতি পর্যন্ত টের পেল না।
কলের মালিক তাকে বলেছিল, তার এখানে নয়'শ জন কালো ক্রীতদাস আছে। তিনি আফসোসের সুরে আরও বললেন, ভালো সময়ে দ্বিগুণেরও বেশী শ্রমিক ছিল।
মালিকের কাছে যা প্রত্যাশিত ছিল, তার সবটুকুই তিনি বলেছিলেন: তিনি জানান, এই কালোরা ইন্ডিয়ানদের মতোই অলস। এদেরকে চাবুক মারলেই শুধু কাজ করে ……।
চিনিকল থেকে তারা যখন বের হচ্ছিল, ফ্লোরা তখন ক্ষেতের পাশে থাকা একটি বন্দিশালা আবিষ্কার করলেন।
মালিকের অনুমতি না নিয়েই তিনি সেখানে ঢুকে পড়লেন।
ভূ-গর্ভস্থ সেই নিরেট অন্ধকার কারাকক্ষে ফ্লোরা অনেক চেষ্টা করে দু'জন নগ্ন নারী মুর্তি দেখতে পেলেন। ঘুপসি এক কোণে তারা জুবুথুবু হয়ে বসে ছিল।
গার্ড তিরষ্কার করে বলল, "এগুলি পশুর চেয়েও খারাপ"। "পশুরা কখনও তাদের সন্তানকে হত্যা করে না।"
এই ক্রীতদাসরা তাদের সন্তানদের মেরে ফেলছিল।
তারা দুজনেই ফ্লোরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, যারা পৃথিবীর অন্য প্রান্ত থেকে তাদের দিকে ফিরে তাকালো।
কন্সেপসিওন
কারাগারের নরকের বিরুদ্ধে এবং ঘরে বন্দী নারীর মর্যাদা রক্ষায় আজীবন তিনি প্রাণপন সংগ্রাম করে কাটিয়েছেন।
মুক্তির সাধারণীকরণের প্রথাকে তিনি প্রতিপক্ষ শক্তি হিসেবে আখ্যায়িত করেছেন।
তিনি একটি কথা প্রায়ই বলতে পছন্দ করতেন, সেটা হল- "যখন এটা সবার দোষ, তখন সেটা কারোর নয়।" এইভাবে তিনি বেশ কিছু শত্রু তৈরী করেছিলেন। সময়ের আবর্তনে তাঁর খ্যাতি অবিসংবাদী হয়ে ওঠে, যদিও তার দেশের পক্ষে তা হজম করা কঠিন ছিল। এটা যে শুধুমাত্র তার দেশের ক্ষেত্রেই হয়েছিল, তা না, সেই সময়কালের জন্যও একই কথা প্রযোজ্য ছিল।
১৮৪০ কিংবা '৪১ সালের দিকে, কন্সেপসিওন আরেনাল একজন পুরুষের ছদ্মবেশে আইন স্কুলে ভর্তি হয়েছিলেন। দু'দুটি কাঁচুলি পড়ে তিনি তার বুক চ্যাপ্টা করে রেখেছিলেন।
১৮৫০ সালের দিকে, মাদ্রিদের সান্ধ্য-সাহিত্যক্লাবে যোগদানের জন্য পুরুষের মতো পোশাক পরতে থাকলেন, যেখানে অনুপযুক্ত সময়ে অপ্রীতিকর বিষয়ে নিয়ে (ঐ সময়ে নারী অধিকার নিয়ে এ রকম বিতর্ক অপ্রত্যাশিত ছিল) বিতর্ক হয়।
১৮৭০ সালের দিকে, একটি মর্যাদাপূর্ণ ইংরেজ সংস্থা, জন হাওয়ার্ড অ্যাসোসিয়েশন ফর পেনাল রিফর্ম, স্পেনে তাকে তাদের প্রতিনিধি হিসেবে তাকে নিযুক্ত করে। নিয়োগ পত্রে তারা তার নাম মিস্টার কন্সেপসিও আরেনাল উল্লেখ করেছিল।
চল্লিশ বছর পর, গ্যালিসিয়ার আরেক নারী, এমিলিয়া পার্দো বাজান, স্পেনের একটি বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী অধ্যাপক হলেন। কোন শিক্ষর্থীকেই তার ক্লাসে উপস্থিত থেকে বিব্রত হতে হয়নি। তিনি একটি খালি হলে বক্তৃতা দেন।
মেরী অঁতোয়ানেত
রাজা তাকে তেমন একটা গুরুত্ব দিতেন না। একজন বিদেশী হবার কারণে, রাজকীয় অনুষ্ঠানের সময় হাই তোলার কারণে, কাঁচুলি ছাড়া চলাফেরা কিংবা হরহামেশা প্রেমিকপ্রবর গ্রহণের জন্য রাণী অঁতোয়ানেত ঘৃণিত ছিলেন। তার বে-হিসাবী আচরণের জন্য সবাই তাকে "ম্যাডাম ডেফিসিট (ঘাটতি)" বলে ডাকত।
প্রদর্শনী দেখতে বহু মানুষ উপস্থিত হয়েছিল। জল্লাদের পায়ের কাছে যখন মেরী অঁতোয়ানেতের বিচ্ছিন্ন মস্তক গড়িয়ে পড়ল, দর্শকরা তখন হৈ হৈ করে তার অনুমোদন দিল।
বিমূর্ত এক মস্তক। গলায় তার নেকলেস নেই।
সমগ্র ফ্রান্স নিশ্চিত ছিল যে রাণী নিজের জন্য ইউরোপের সবচেয়ে দামী রত্ন কিনেছিলেন, একটি নেকলেস যা ছয়শো সাতচল্লিশটি হীরা দিয়ে তৈরী। তারা সকলে এ কথাও বিশ্বাস করেছিল- তিনি না-কি বলেছিলেন, মানুষের যদি খাবার রুটি না থাকে, তাহলে তাদের কেক খেতে দিন।
নারী হওয়া নিষেধ
১৮০৪ সালে নেপোলিয়ন বোনাপার্ট নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন এবং নেপোলিয়ন কোড (বিধি) নামে পরিচিত তথাকথিত একটি সিভিল কোড ঘোষণা করেন, যা এখনও সমগ্র পৃথিবীর আইনি ভিত্তি হিসেবে কাজ করে।
শাসন ব্যবস্থায় বুর্জোয়া ধরণের এই মাস্টারপিসটি দ্বৈত-মানদন্ডকে পবিত্র করেছে এবং নারী ও সম্পত্তির অধিকারকে ন্যায়বিচারের সর্বোচ্চ বেদীতে প্রতিষ্ঠিত করেছে।
সেখানে, বিবাহিত নারী ছিল অধিকার বঞ্চিত, অনেকটা শিশু, আসামী কিংবা মানসিক রোগীর মতো। তারা তাদের স্বামীর অনুগত থাকবে। স্বামী যে পথেই যান না কেন তাকে সে অনুসরণ করবে। শ্বাস-প্রশ্বাস ব্যতীত কার্যত সবকিছুর জন্যই তার ছাড়পত্রের প্রয়োজন হবে।
ফরাসী বিপ্লব বিবাহ-বিচ্ছেদকে একটি সহজ লেনদেনে পরিণত করেছিল। কিন্তু নেপোলিয়ন এসে সেটাকে গুরুতর অসদাচরণের মধ্যে আটকে দেন। ব্যাভিচারের জন্য স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারবে। স্ত্রী কেবল তখনই তালাক পেতে পারে, যদি তার স্বামী সোৎসাহে তার প্রেমিকাকে নিয়ে বিছানায় যায়।
সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনার ক্ষেত্রে, ব্যাভিচারী স্বামী শুধু জরিমানা দেবে। প্রতিটি ক্ষেত্রেই ব্যাভিচারী স্ত্রীকে কারাগারে যেতে হবে।
বিধিটি অবশ্য হাতেনাতে ধরা পড়া কোন অবিশ্বস্ত স্ত্রীকে হত্যা করার অনুমোদন দেয়নি, কিন্তু যখন একজন অসতী স্ত্রীকে তার স্বামী মেরে ফেলে, তখন বিচারকরা, সব সময় যারা পুরুষই হয়, শিস দিয়ে অন্যদিকে তাকায়।
এই সব বিধান, রীতিনীতি, ফ্রান্সে দেড়-শো বছরেরও বেশী সময় ধরে বলবৎ ছিল।
গোয়া
১৮১৪ সালে ফার্ডিনান্ড সপ্তম, ফ্রান্সিসকো ডি গোয়ার জন্য পোজ দিলেন। এটার মধ্যে অস্বাভাবিক কিছু ছিল না। গোয়া ছিলেন স্পেন সম্রাটের নিযুক্ত রাজসভার চিত্রশিল্পী। তিনি নতুন রাজা ফার্ডিনান্ডের একটি প্রতিকৃতি আঁকছিলেন। কিন্তু শিল্পী ও রাজা একে-অপরকে ঘৃণা করতেন।
সঙ্গত কারণেই, রাজা সন্দেহ করলেন, গোয়ার রাজসভার চিত্রগুলো ছিল শঠতাপূর্ণ।
শিল্পীর রুটি-রোজগারের অন্য কোন পথ ছিল না বলে সে এই চাকুরি বেছে নিয়েছিল এবং হোলি ইনকিউজিশনের শত্রু হবার বিরুদ্ধে তা কার্যকরী ঢাল হিসেবে কাজ করছিল। "লা মাজা দেশনুদা"চিত্রকর্মের ¯স্রষ্টাকে ঈশ্বরের আদালতে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলার সাধের কোন কমতি ছিল না। তার অসংখ্য কাজ যাজকদের পূণ্যকর্ম ও যোদ্ধাদের সাহসীকতা নিয়ে উপহাস করে।
রাজার ক্ষমতা ছিল এবং শিল্পীর কিছুই ছিল না। ফার্দিনান্ড ক্ষমতায় আসীন হয়েছেন ইনকিউজিশন ও আভিজাত্যের বিশেষাধিকার পুনঃপ্রতিষ্ঠিত করতে; যেটি তিনি আনন্দচিত্তে জনগণের কাঁধে বয়ে নিয়ে যাবার জন্য চাপিয়ে দিয়েছিলেনঃ
"শিকল দীর্ঘজীবী হোক!"
খুব বেশী সময় লাগল না, গোয়া রাজার চিত্রশিল্পীর চাকুরিটি হারান। তার পরিবর্তে আমলাদের বাধ্যগত 'তুলি'ভিসেন্তে লোপেজ নিয়োগ পান।
বেকার শিল্পী তখন মাঞ্জনারেস নদীর তীরে সরকারী শরণার্থী হোমে আশ্রয় নেন এবং সেখানের দেয়ালগুলির উপর তিনি তার সেরা কিছু শিল্পকর্ম সৃষ্টি করেন। যেগুলি পরে "ব্লাক পেইন্টিংস"হিসেবে পরিচিতি পায়।
একাকীত্ব ও হতাশার রাতগুলিতে গোয়া নিজের আনন্দ অথবা নিরানন্দের প্রকাশ হিসেবে সেই চিত্রগুলি একেঁছিলেন। তার টুপিতে কাঁপতে থাকা মোমবাতির আলোয়, একেবারেই বধির এই মানুষটি তার সময়ের ভাঙা কন্ঠস্বর শুনতে পেয়েছিলেন এবং সেগুলিকে তিনি আকার ও রঙ দিয়ে ফুঁটিয়ে তুলতে রাঙিয়ে দিতে সক্ষম হয়েছিলেন।
