২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

মের্সেদেস: নীল নদের সাপের মতো গোপন সৌন্দর্যে ভরপুর

ফারুক মঈনউদ্দীন ফারুক মঈনউদ্দীন

Published : 21 Sep 2020, 08:49 AM

Updated : 03 Oct 2022, 11:24 AM


পাঠক, কর্নেল হেরিনেলদো মার্কেসের প্রপৌত্র গাব্রিয়েল মার্কেসের গোপন প্রেমিকা মাকন্দে টিকে থাকা একমাত্র ওষুধের দোকানে বাস করা মের্সেদেসকে স্মরণে আছে? মনে থাকার কথা, গাব্রিয়েল যখন একটা কুইজ প্রতিযোগিতায় জিতে প্যারিস চলে যায়, তখন তার খবর পাওয়া যেত কেবল সেই নীরব ফার্মাসিস্ট মের্সেদেসের কাছে। গর্ভাবস্থায় আমারান্তা উরসুলা যখন মাছের মেরুদণ্ডের হাড় দিয়ে মেয়েদের গলার হার তৈরির ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করে, সেসময় একমাত্র এই মের্সেদেস ছাড়া আর কোনো খদ্দের পায়নি সে। এটাও যদি স্মরণে না থাকে, তাহলে এটা কখনোই ভোলার কথা নয় যে, সন্তান ভূমিষ্ট হওয়ার পর প্রবল রক্তপাতে উরসুলা মারা গেলে আউরেলিয়ানো যখন মের্সেদেসের খোঁজে সেই ফার্মেসিতে যায়, দেখা যায় সেটি এক ছুতোরের দোকান, সেই দোকানের দরজা খুলে এক প্রাচীন মহিলা জানায় যে ওখানে কখনোই কোনো ফার্মেসি ছিল না "এমনকি মের্সেদেস নামের সরু গলা ও ঘুম ঘুম চোখের কোনো মেয়ের সাথে তার পরিচয়ও হয়নি।" এবার হয়তো চেনা গেছে, "নীল নদের সাপের মতো গোপন সৌন্দর্যে ভরপুর" সেই মেয়েটিকে, যার কাছ থেকে একদিন হোসে আর্কাদিওর জন্য হাঁপানির ওষুধ এনে দিয়েছিল আউরেলিয়ানো। এই মের্সেদেস হচ্ছে এক কেমিস্টের মেয়ে।

এদিকে আমাদের মের্সেদেসও মাগদালেনা নদীর তীরের মাগাংকে শহরের এক ফার্মাসিস্টের মেয়ে। কিশোরী মের্সেদেস বার্চা পারদোর সাথে আমাদের মার্কেসের যখন প্রথম দেখা হয়, তাঁর বয়স তখন নয় বছর, আর মার্কেসের চৌদ্দ। মের্সেদেসের পিতামহ মিশর থেকে অভিবাসী হয়ে এসেছিলেন, তাই হয়তো প্রথম দর্শনেই তাঁকে নীল নদের সাপের মতো গোপন সৌন্দর্যে ভরপুর বলে মনে হয়েছিল মার্কেসের। কৈশোরের সেই ভালোলাগা ক্রমে ভালোবাসায় পরিণত হয়। তাঁদের সম্পর্ক নিয়ে বন্ধু অ্যাপুলেইও মেনদোজা লিখেছেন, "গ্যাব্রিয়েল ও মের্সেদেস একেবারে মানিকজোড়। একরত্তি অস্থিচর্মসার মেয়ে। চোখ দুটো নির্ভীক, অনুভূতিহীন। জীবনের দুর্যোগ কিংবা সৌভাগ্যের প্রতি তিনি সমান পাষাণতুল্য শান্ত দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন। সবকিছু অবলোকন করেন এক শান্ত কিন্তু অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে।"
মার্কেস যখন আঠার বছরের তরুণ তখন এক নাচের অনুষ্ঠানে তেরো বছরের মের্সেদেসকে বিয়ের প্রস্তাব দেন তিনি। প্রস্তাবটা এতই আচমকা এবং কর্তৃত্বসুলভ ছিল যে মের্সেদেস হতবাক হয়ে গিয়েছিলেন, ভয়ও পেয়েছিলেন। পরে অবশ্য মেনে নিয়েছিলেন তিনি। তবে দীর্ঘ পূর্বরাগের সময়ে দেখাসাক্ষাৎ কমই হয়েছে তাঁদের, বেশিরভাগ যোগাযোগ ঘটতো চিঠিপত্রে। এসব চিঠিতে তাঁরা আবিষ্কার করতেন পরস্পরকে, ভবিষ্যতের পরিকল্পনা করতেন, স্বীকার করতেন পরস্পরের অনুভব।
চিঠিপত্রের মাধ্যমে প্রেমের বিষয়টা আমাদের স্মরণ করিয়ে দেয় একান্ন বছর ধরে ফারমিনা দাজার কাছে লেখা ফ্লোরেন্টিনো আরিজার লেখা চিঠিগুলোর কথা। প্রথম যে চিঠিটি তিনি লিখে কয়েকদিন ধরে পকেটে রেখে দিয়েছিলেন তারপর আরও কিছু পৃষ্ঠা যখন লেখেন তখন সেটা হয়ে দাঁড়ায় 'প্রশংসার এক অভিধানে।' কিংবা অ্যাঞ্জেলা যেমন বায়ার্দোর কাছে দুই হাজার চিঠি লিখেছিল যেগুলো বায়ার্দো না খুলেই ফেরত দিয়েছিল অ্যাঞ্জেলার কাছে। তেমনিভাবে আমাদের মার্কেসও বিয়ের আগে সতের বছর ধরে মের্সেদেসের কাছে চিঠি লিখে গিয়েছেন। বিয়ের এক বছর আগে তাঁরা যখন মেক্সিকো সিটিতে ফিরে আসেন, তখন মার্কেস তাঁর লেখা চিঠিগুলো ফেরত চান, কিন্তু কোনো পুরস্কার ছাড়া মের্সেদেস সেসব হাতছাড়া করতে চাইছিলেন না। অগত্যা চিঠিগুলো হস্তগত করতে মার্কেসকে পাঁচশ পেসো (সেসময়ের মূল্যে প্রায় ১৩০ ডলার) দিতে হয়েছিল।


এক সাক্ষাৎকারে মার্কেস বলেছিলেন, "দুজন মানুষ একটি অবশ্যম্ভাবী মুহূর্তের জন্য নীরবে নিরুদ্বেগে বসে অপেক্ষা করছিলাম।" বিয়ের পঁচিশ বছরের মধ্যে কোনোদিনই তাঁদের মধ্যে মারাত্মক ঝগড়াঝাঁটি হয়নি। কারণ হিসেবে তিনি বলেছিলেন, "বিয়ের আগে যেমন, এখনো তেমনি– আমাদের দৃষ্টিভঙ্গি বহুলাংশে একই। খোদ জীবনের মতো বিয়েও এত অবিশাস্য রকম কঠিন যে আপনাকে প্রতিদিনই নতুন করে শুরু করতে হয় এবং সারা জীবনই ওই রকম সতেজ উদ্দীপনা নিয়ে চলতে হয়। আমার উপন্যাসের একটি চরিত্র বিষয়টিকে আরও খোলাখুলি প্রকাশ করেছে: 'ভালোবাসা এমন যা নিয়তই শিখতে হয়।"

মার্কেস এবং মের্সেদেসের বিয়ে হয় ১৯৫৮ সালে, তখন কারাকাস শহরে একটা ম্যাগাজিনে কাজ করছিলেন তিনি। তিন বছর পর যেদিন (২ জুলাই, ১৯৬১) সপরিবার প্রায় কপর্দকশূণ্য অবস্থায় মেক্সিকো সিটিতে চলে আসেন মার্কেস, ঠিক সেদিন তাঁর প্রিয় লেখকদের একজন আর্নেস্ট হেমিংওয়ে ইডাহোতে আত্মহত্যা করেন। এরকম অদ্ভুত সমিল ঘটনাকে কি জাদুবাস্তবতা বলে মনে হয় না? শহরের লা পালমা স্ট্রিটের যে দীনহীন অ্যাপার্টমেন্টে গিয়ে ওঠেন তাঁরা, সেখানে ছিল কেবল দুটো চেয়ার আর একটা টেবিল। সেই একই টেবিলে চলত একাধারে খাওয়াদাওয়া ও লেখালিখির কাজ। একখানা খাট কেনার মতো টাকাপয়সাও নেই, তাই মাটিতেই শুতে হতো তাঁদের। এটা অবশ্য নতুন কোনো ব্যাপার নয়, বিয়ের পর এরকম গরীবি হালে থাকা তাঁদের গা সওয়া হয়ে গেছে। কারাকাস, বোগোতা, নিউ ইয়র্ক– সব জায়গাতেই প্রায় একই অবস্থায় দিন কাটিয়েছেন তাঁরা। এল একসপেকতাদর পত্রিকার প্রতিনিধি হিসেবে তিনি যখন প্যারিসে, তখনো দারিদ্র্যের প্রকৃত রূপ দেখতে পেয়েছেন তিনি। কলাম্বিয়ার সরকার এল একসপেকাদর পত্রিকার প্রকাশনা বন্ধ করে দিলে বেকার মার্কেসের কাছে "প্যারিস হয়ে ওঠে এক নিষ্ঠুর কঠিন, হিমশীতল ঘরবাড়ি আর ছেঁড়া সোয়েটারের শহর।" এসময় একদিন মরিয়া হয়ে মেট্রোতে একটা সিকি ভিক্ষে চেয়ে নিষ্ঠুর প্যারিসের সাথে মানবিক ক্যারিবীয় অঞ্চলের পার্থক্য বুঝতে পেরেছিলেন মার্কেস। বন্ধু প্নিনিও আপুলেইও মেনদোজাকে লিখেছিলেন তিনি, "তিন বছরের মধ্যে এখানে তৃতীয়বারের মতো এসে একটা শূণ্য অ্যাপার্টমেন্টে উঠলাম। আমাদের ট্রাডিশন অনুযায়ী অনেক আলো, অনেক গ্লাস, বহু পরিকল্পনা আছে, কিন্তু বসার মতো প্রায় কোনো জায়গাই নেই।" সত্যিই তাই, বাড়িতে আশি বর্গফুটের একটা ঘর, ছোট বাথরুম, বারান্দা ও একটা জানালা। সেবাড়িতে চরম কৃচ্ছতাসাধন করে চলতে হচ্ছিল তাঁদের। মের্সেদেসকে ঘরকন্নার কাজ শিখিয়ে পড়িয়ে নেন মার্কেস। তাঁর লেখার প্রথম শ্রোতাও ছিলেন মের্সেদেস।

ততদিনে আইজ অভ অ্যা ব্লু ডগ, লীফ স্টর্ম, নো ওয়ান রাইটস টু দ্য কর্নেল এবং বিগ মামাজ ফিউনারেল— এই চারটা বই বের হয়েছে মার্কেসের, সবগুলো মিলিয়ে হাজার তিনেক কপি বিক্রি হয়েছে মাত্র। কিন্তু লেখার জন্য জীবনপাত করতে প্রস্তুত মার্কেসের জন্য এই বিক্রয়সংখ্যা গ্রহণযোগ্য ছিল না মোটেই। পরের বছর প্রকাশিত ইন ইভিল আওয়ার কলাম্বিয়ান লিটারারি পুরস্কার পায়, অর্থমূল্য তিন হাজার ডলার। কিন্তু সংসার নির্বাহের জন্য তখন তাঁর দরকার একটা স্থায়ী কাজ। অগত্যা দুটো অখ্যাত মহিলা পত্রিকার বেনামী সম্পাদক হিসেবে একটা চাকরি পেয়ে যান তিনি। কিন্তু বেশিদিন করেননি অপছন্দের কাজটা। এক বিজ্ঞাপনী সংস্থায় কাজ পেয়ে গেছেন ততদিনে, কিছুটা স্বচ্ছলতা ও সুনামও মেলে এখানে।


একদিন পুরো পরিবার নিয়ে উইকএন্ড কাটাতে তাঁদের সাদা ওপেল গাড়িটা চালিয়ে মেক্সিকো সিটি থেকে আকাপুলকো যাচ্ছিলেন মার্কেস। গাড়ি চালাতে চালাতে আচমকা তাঁর মাথার ভেতর তৈরি হতে থাকে কিছু শব্দ। সেসব শব্দ থেকে তৈরি হয় বাক্যের পর বাক্য। সেইসব শব্দ মিলে প্রথম যে বাক্যটা তৈরি হয়, সেটি আর বদলাননি মার্কেস, "বহু বছর পর ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়িয়ে কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়ার সেই দূর বিকেলের কথা মনে পড়ে, যেদিন তার বাবা তাকে বরফ দেখাতে নিয়ে গিয়েছিলেন।" পরের বাক্যগুলো যেন একটার পর আরেকটা এসে একটা অবয়ব নিচ্ছিল, এরকম অশরীরি শব্দমিছিলে বাধা দেন না তিনি। সবগুলো মিলিয়ে যা সৃষ্টি হবে, সেরকম একটা কিছু রচনা করার স্বপ্ন তিনি দেখে আসছিলেন তাঁর আঠার বছর বয়স থেকে। বস্তুত একটা উপন্যাসের প্রথম পরিচ্ছদের পুরোটাই সেদিন তাঁর মাথার ভেতরে গেঁথে গিয়েছিল। বুঝতে পারেন, এরকম পরিস্থিতিতে গাড়ি চালানো ঠিক হবে না তাঁর, ভ্রমণটা অনিশ্চিত হয়ে যাচ্ছে। কিন্তু দ্রুত ছুটে আসা বাক্যগুলোকে ধরে রাখতে হলে তাঁকে লেখার টেবিলে ফিরে যেতে হবে। তাই সেখান থেকেই গাড়ি ফিরিয়ে নিয়েছিলেন তিনি, সেদিন আর আকাপুলকো যাওয়া হয়নি ওঁদের। এপ্রসঙ্গে বন্ধু মেনদোজাকে বলেছিলেন, "এ ধরনের পাগলামি মের্সেদেসকে কত সহ্য করতে হয়। ওকে ছাড়া আমি ওই বই লিখতেই পারতাম না।" পরে অবশ্য তিনি বলেছিলেন যে সেসময় তাঁর কাছে যদি একটা টেপ রেকর্ডার থাকতো, প্রথম অধ্যায়ের পুরোটাই তখনই রেকর্ড করে ফেলতে পারতেন। বাড়ি ফিরে এসে নিজের ছোট ঘরটিতে ঢুকে পড়েন তিনি। সেই ঘরে চেয়ার আর খুব ছোট একটা টেবিল, একটা ইজি চেয়ার, একটা রুম হিটার আর কয়েকটা শেলফ। আর আছে একটা রেকর্ড প্লেয়ার, সেখানে বেজে চলে নানান গানের সুর। টেবিলের ওপর পোর্টেবল টাইপরাইটার, অলিভেত্তি। মের্সেদেসকে বলেন, কোনো বিষয়েই যেন তাঁকে বিরক্ত করা না হয়। কিন্তু লেখাটা মাথা থেকে নামাতে হলে যে বিজ্ঞাপনী সংস্থার কাজটি ছাড়তে হয়। দ্বিধাহীন মার্কেস ঝুঁকিপূর্ণ কাজটিই করেন। এখানে আমরা হারুকি মুরাকামির কথা স্মরণ করতে পারি, বেশ ব্যবসা সফল একটা জ্যাজ বার চালাচ্ছিলেন তিনি এবং তাঁর স্ত্রী। কিন্তু উপন্যাস লেখার কাজে মনোনিবেশ করার জন্য সবার আপত্তি উপেক্ষা করে ব্যবসাটা বিক্রি করে দিয়েছিলেন। স্ত্রীকে ব্যাখ্যা করে বলেন যে লেখার জন্য কেবল দুটো বছর ঝামেলামুক্ত থাকতে চান তিনি।

লেখার ঘরে স্বেচ্ছাবন্দী থাকলেও দুই বাচ্চাকে স্কুলে নামিয়ে দিয়ে আসার কাজটি সময়মতো করে দিয়েছেন মার্কেস, তারপর দুপুর পর্যন্ত একটানা লেখা, যখন ছেলেরা স্কুল থেকে ফিরে আসে। মার্কেসতো বলেই খালাস যাতে তাঁকে কোনো ব্যাপারে জড়ানো না হয়, তাই উরসুলা ইগুয়ারানের মতো দৃঢ় মাতৃতান্ত্রিক জননী ও দয়িতার মতো সংসারের সবকিছু শক্ত হতে সামাল দেন আমাদের মের্সেদেস। যেমন করে হোসে আর্কাদিও বুয়েন্দিয়ার সব ধরনের খেয়ালিপনা মেনে নিয়ে "স্বামীর সঙ্গে তাল মিলিয়ে কাজ করার ক্ষমতা ছিল উরসুলার। কর্মঠ, ছোটখাটো, কঠোর যে মেয়েটা ছিল অবিনাশী স্নায়ুশক্তির অধিকারী, জীবনে কেউ তাকে গান গাইতে শোনেনি, . . . পেটানো মাটির মেঝে, চুনকালিবিহীন কাদার দেয়াল, নিজেদের তৈরি করা সাদামাটা আসবাবপত্র ছিল সবসময় পরিষ্কার আর যে পুরনো সিন্দুকে কাপড়চোপড় রাখা ছিল, সেখান থেকে বের হতো তুলসী-পাতার মৃদু গন্ধ।" উরসুলার মতোই মার্কেসের অনিশ্চিত সাহিত্যযাত্রায় সেই কাজটি করেছেন মের্সেদেস। মার্কেস নিজেও স্বীকার করেছেন যে উরসুলা ইগুয়ারান চরিত্রটির কিছু তিনি পেয়েছিলেন মের্সেদেসের মধ্যে। একবার তিনি বলেছিলেন যে তাঁর সব বইতে আশ্লিষ্ট থাকেন মের্সেদেস, সব জায়গায় রয়েছে ওর চিহ্ন।

আমাদের মার্কেস যখন তাঁর টাইপরাইটারের ওপর আঙুলের ঝড় তুলে লিখে যাচ্ছেন কালজয়ী উপন্যাস শতবর্ষের নিঃসঙ্গতা, তখন তাঁকে লেখার ভূবনে রেখে মের্সেদেস সামলাচ্ছেন যাবতীয় সাংসারিক দায় এবং আর্থিক প্রয়োজন। সাংসারিক প্রয়োজন মেটাতে মের্সেদেস একে একে বন্ধক রাখেন তাঁদের টেলিফোন, ফ্রিজ, রেডিও, তাঁর গহনাপত্র এবং শেষে একদিন মার্কেস বিক্রি করে দেন তাঁর ওপেল গাড়িটিও। গাড়ি বিক্রির এককালীন টাকা বেশিদিন থাকে না। কসাইকে বলে গোশত, রুটিওয়ালাকে বলে রুটি– সব জোগাড় করেছেন মের্সেদেস। বাড়িভাড়া বাকি পড়ে যাচ্ছে বলে বাড়িওয়ালাকে বুঝিয়ে রাজি করিয়েছেন তিনি, যাতে বকেয়া ভাড়ার জন্য চাপাচাপি না করা হয়, এভাবে নয় মাসের ভাড়া বাকি পড়েছিল তাঁদের। এসবের কিছুই স্বামীকে জানতে দেননি তিনি। হাতের কাছে পাঁচশ তা কাগজ মজুত না থাকলে মার্কেস লিখতে পারতেন না বলে নিশ্চিত করেছেন সেটা, সরবরাহ করেছেন স্কচ হুইস্কি। ঘরের প্রয়োজনীয়-অপ্রয়োজনী অনেক কিছু বিক্রি করলেও রেকর্ড প্লেয়ারটি বিক্রি করেননি মের্সেদেস, তিনি জানেন মার্কেস গান শোনা ছাড়া লিখতে পারেন না। যেদিন কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়াকে মেরে ফেলতে হয়, অধ্যায়টা শেষ করে কাঁপতে কাঁপতে মার্কেস চলে যান বাড়ির ওপর তলায় মের্সেদেসের কাছে। তারপর স্ত্রীর পাশে শুয়ে দুই ঘণ্টা ধরে কেঁদেছিলেন মার্কেস। উপন্যাসটি রচনার অগ্রগতি জানা ছিল বলে মের্সেদেস এই কান্নার কারণ বুঝতে পারেন, অবশেষে কর্নেল মরেছে। কর্নেলের মৃত্যু আসলে অনিবার্য ছিল, কারণ সাক্ষাৎকারে মেনদোজাকে তিনি বলেছিলেন "ইতিমধ্যে কর্নেল অথর্ব হয়ে গিয়েছিল। বসে বসে শুধু সোনালি মাছ বানাত।"


প্নিনিও আপুলেইও মেনদোজার সাথে সেই বিখ্যাত সাক্ষাৎকারে নারী প্রসঙ্গে একবারের জন্যও মের্সেদেসের কথা উল্লেখ না করে মার্কেস যখন বলেন, "অপেক্ষাকৃত কম যন্ত্রপাতির সাহায্যে মেয়েরা জীবনতরণী সহজতরভাবে চালিয়ে নিয়ে যায়। এ সত্যটি ইদানীং আমি প্রায় অন্ধের মতো বিশ্বাস করতে শুরু করেছি," তখন নিশ্চয়ই শতবর্ষের নিঃসঙ্গতা লেখার সময় মের্সেদেসের অবিশ্বাস্য অবদান ও আত্মত্যাগের কথাটা তাঁর মাথায় ছিল। তাঁদের ছেলে রদ্রিগো বলেন যে মের্সেদেসকে সংকট সময়ের ব্যবস্থাপক মনে করতেন মার্কেস, কখনো তাঁকে জানতেই দেওয়া হতো না সমস্যাটা কী।
এক্ষণে আমরা বলতে পারি দান্তের বিয়েত্রিচের কথা, যা আমাদের স্মরণে এনে দিয়েছেন জীবনীকার জেরাল্ড মার্টিন। বিয়েত্রিচের নয় বছর বয়সে দান্তের সাথে তাঁর প্রথম দেখা হয়। তারপর থেকে বিয়েত্রিচ ছিলেন দান্তের আমৃত্যু সৃষ্টিকর্মের প্রধান অনুপ্রেরণা। সে কারণেই মার্কেস আর মের্সেদেস সম্পর্কে মার্টিন বলেছিলেন, "তাঁরা যখন বিয়ে করেন, তখন তিনি প্রতিভাবান একজন, কিন্তু পরবর্তী সময়ে জীবন ও সাহিত্যে যা কিছু তিনি অর্জন করেছেন, মের্সেদেসকে ছাড়া সে সব করতে পারতেন না।" মারা যাওয়ার আগে মার্কেস প্রায়ই বলতেন, "মের্সেদেস যদি আমার আগে মারা যায়, তাহলে আমি কোনো একটা হোটেলে গিয়ে উঠবো।"

অবশেষে বইটি যখন শেষ হয়, ততদিনে দেড় বছর কেটে গিয়েছে। এই দীর্ঘ সময় মার্কেসের পুরো সংসার চালিয়ে নিয়ে গেছেন মের্সেদেস। কাজটা যেদিন শেষ হয়, মার্কেস জানতেন শেষ হতে যাচ্ছে ওটা। তাঁর উচিত ছিল, যাঁর কারণে কাজটা নির্বিঘ্নে শেষ করতে পারছেন তিনি, তাঁকে জানানো। মেনদোজার সাথে সাক্ষাৎকারে তিনি বলেন, "যেদিন শেষ করি, সেদিন ঠিকই জানতাম যে শেষ হতে যাচ্ছে, কিন্তু যে সময়ে স্বাভাবিকভাবে শেষ হতে চলল, সেই সময়টা ছিল অসময়, বেলা তখন প্রায় এগারোটা। মের্সেদেস বাসায় ছিল না। . . . হাতে বাকি যে সময়টুকু ছিল তা কী করে কাটাব জানা নেই।" দেড় বছর ধরে একটা প্রায়-গুহার মধ্যে থাকার পর তিনি যখন বের হয়ে আসেন, মের্সেদেস জিজ্ঞেস করেন,"তুমি সত্যিই শেষ করেছ ওটা? আমাদের বারো হাজার ডলার ধার হয়ে গেছে।"

তার পরের ইতিহাস সবারই জানা। শতবর্ষের নিঃসঙ্গতা নিয়ে সকল ভাষ্য, ইতিহাস ও পটভূমি যখন সাহিত্য ইতিহাসের অংশ হয়ে যায়, তার সাথে মার্কেস কিংবা মের্সেদেস যেন জাদু বাস্তবতার মতো আমাদের বিভ্রান্ত করে কোনটি বাস্তব আর কোনটি জাদু।