গালিবনামা: কথার যাদুতে মোড়া কলমের ঠোঁট
বোসহ দেতে নহি অওর দিলপে হ্যাঁয় হরলখত নিগাহ
কী মে কহতে হ্যাঁয় কে মুফত আয়ে তো মাল আচ্ছা হ্যাঁয়
চুমু দিচ্ছোনা, আবার ওদিকে হৃদয়ের খবরাখবর নিতেও ছাড়ছোনা
মনে মনে ভাবছো, অমনি যদি মেলেতো জিনিসটা ভালোই।
মোগল সাম্রাজ্যের মহান কবি মির্জা আসাদুল্লাহ খান গালিবের জন্ম ১৭৯৭ সালের ২৭ ডিসেম্বর আকবরাবাদের দরিয়াগঞ্জে (বর্তমান আগ্রা, ইণ্ডিয়া)। মৃত্যু ১৫ ফেব্রুয়ারি ১৮৬৯। মোগল সাম্রাজ্যের সময়ে তিনি ছিলেন উর্দু ও ফার্সি সাহিত্যের অন্যতম প্রসিদ্ধ কবি। তাঁর অসাধারণ কাব্যপ্রতিভার জন্য ১৮৫০ সালে মোগল সম্রাট বাহাদুর শাহ্ তাঁকে সম্মানসূচক 'দবীরুল মুলক নাজিমুদ্দৌলা' উপাধিতে ভূষিত করেন। গালিবের জীবদ্দশায় মোগল সাম্রাজ্যে ব্রিটিশদের হস্তক্ষেপ শুরু হয় এবং মোগলরা পরাজিত ও বিতাড়িত হন। ১৮৫৭ সালে ভারতীয়দের পরাজয়ের বিস্তারিত ঘটনা গালিবের বিভিন্ন রচনায় পাওয়া যায়। কবিতা ও শায়েরির পাশাপাশি তিনি অনেক গজলও রচনা করেছিলেন। যা বিভিন্নভাবে নানাজন কর্তৃক ব্যাখ্যা করা হয়েছে ও গাওয়া হয়েছে। মির্জা গালিবকে উর্দু সাহিত্যের সবচেয়ে প্রসিদ্ধ ও শক্তিশালী কবি হিসাবে গণ্য করা হয়। গালিব আজ কেবল ভারতবর্ষ নয়, পাকিস্তানসহ বিশ্বের যে সব দেশে ভারতীয় সাহিত্য সংস্কৃতির বীজ নিহিত রয়েছে সেসব জায়গায় তাঁর সৃষ্টি সদর্পে বিরাজ করছে জনপ্রিয়তার স্বর্ণশিখরে।
গালিবের পিতামহ সেলজুক সাম্রাজ্যের (তুর্কিস্থান) পতন হলে সমরখান্দ (বর্তমান উজবেকিস্থান) থেকে ভারতে এসেছিলেন (১৭৪৮-১৭৫৪)। তিনি লাহোর, দিল্লি ও জয়পুরের বিভিন্ন স্থানে চাকরিতে নিয়োজিত ছিলেন। তার ছিল চার সন্তান ও তিন কন্যা। মির্জা আবদুল্লাহ বেগ মির্জা নসরুল্লাহ বেগ ছিলেন তাদের মধ্যে অন্যতম দুইজন। মির্জা আবদুল্লাহ বেগ (গালিবের বাবা) যিনি কাশ্মীরের ইজ্জত-উত-নেসা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং শ্বশুরালয়ে বসবাস করা শুরু করেন। সর্বপ্রথম তিনি লক্ষ্মৌর নবাব আসাদুল্লাহর অধীনে চাকরি করেন এবং পরে হায়দারাবাদের নিজামের অধীনে চাকরি নেন। ১৮০৩ সালে আলোয়ারের যুদ্ধে তিনি মারা যান। তাকে রাজস্থানের আলোয়ারেই সমাহিত করা হয়। গালিবের বয়স তখন মাত্র পাঁচ বছর। এরপর তার চাচা নসরুল্লাহ বেগ তাকে লালন পালন করেন। তেরো বছর বয়সে গালিব উমরাও বেগমকে বিয়ে করেন (নবাব ইলাহি বক্সের কন্যা।) তারপর তিনি তার ছোট ভাইকে নিয়ে দিল্লি চলে আসেন।
দিল আপকা কে দিলমে হ্যাঁয় জো কুছ সো আপকা
দিল লিজিয়ে মগর মেরে আরমা নিকালকে।
হৃদয় তোমার, হৃদয়ের মাঝে যা আছে সবি তোমার
এ-হৃদয় নাও, কিন্তু হৃদয় বাসনাকে বের করে দাও।
খুব অল্প বয়সে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়ে ছোট ভাই মির্জা ইউসুফ মারা যায়। তৎকালীন মুসলিম ঐতিহ্য অনুসারে তিনি অল্প বয়সে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত সাত সন্তানের জন্মদাতা হয়েও বাবা ডাক শোনার সৌভাগ্য তার হয়নি। কারণ সাত সন্তানের সবাই শৈশবে মৃত্যুবরণ করেছিল। সন্তান বাঁচছে না দেখে সন্তানের স্নেহ নিবৃত করতে তিনি ভাগ্নে মির্জা জয়নুল আবেদিনকে দত্তক নেন। যত্ন ও মমতায় তাকে লালন পালন করতে থাকেন। জয়নুলও কবিতা লিখতো এবং গালিবের খুব প্রিয়ভাজন ছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেও ১৮৪৮ সালে তরুন বয়সে অকালে মৃত্যুবরণ করে।
বিয়ের পর মির্জা গালিব দিল্লীতেই স্থায়ী হন। এক চিঠিতে তিনি তার বিবাহোত্তর জীবনকে প্রথম কারাবাসের পর দ্বিতীয় কারাগার হিসেবে আখ্যা দেন। জীবন এমনই এক বেদনার্ত সংগ্রাম কেবল মৃত্যুর মাধ্যমেই যার পরিসমাপ্তি সম্ভব। এটি তার বেশীরভাগ কবিতার পুনরাবৃত্তিমূলক থিম। ১৮৫০ সালে সম্রাট বাহাদুর শাহ জাফর গালিবকে 'দবীরুল মুলক' উপাধিতে ভূষিত করেন। তাকে 'নাজিমুদ্দৌলা' নামেও সম্মানিত করেন তিনি। এই সম্মাননা গালিবকে দিল্লির অন্যান্য মেধাবী জনের মধ্যে অন্তর্ভুক্ত করে দেয়। সম্রাটের কাছে তিনি 'মির্জা নৌশা' নামেও প্রিয়ভাজন ছিলেন। তিনি সম্রাটের রাজকীয় সভার একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন। সম্রাট নিজেও একজন কবি ছিলেন। ১৮৫৪ সালে তিনি মির্জা গালিবকে নিজের কবি শিক্ষক হিসাবে নিযুক্ত করেন। বাহাদুর শাহ'র জ্যেষ্ঠপুত্র ফখরুদ্দিন মির্জার শিক্ষক হিসাবেও তিনি দায়িত্ব পালন করেন। উপদেষ্টা পদের পাশাপাশি মোগল রাজসভার ইতিহাসবিদ হিসাবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। পতনশীল মোগল সাম্রাজ্যের সদস্য হিসেবে অর্থ উপার্জনের জন্য তিনি কখনোই কাজ করেননি। সম্রাটদের পৃষ্ঠপোষকতা, বন্ধুত্ব রক্ষা, উদারতা এসব ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্যের অন্যতম গুণাবলী। তার খ্যাতি তাকে ধীরে ধীরে শেষ পরিণতির দিকে নিয়ে এসেছিল। জীবদ্দশায় তিনি মন্তব্য করেছিলেন-একটা সময় আসবে পরবর্তী প্রজন্ম তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এতো বছর পর আজ আমরা যারা গালিব পড়ছি তারা সত্যি অবাক হয়ে ভাবি কতোটা আত্মবিশ্বাস আর প্রজ্ঞার অধিকারী হলে একজন মানুষ নিজের ভবিষ্যৎ নিয়ে এভাবে আগাম ঘোষণা দিতে পারেন।
জিন্দেগী ইয়ু ভী গুজর হী জাতী
কিউ তেরা রাহ গুজর ইয়াদ আয়া।
জীবন আমার কাটতো এমন স্বচ্ছ এবং সহজধারায়
তোমার পথের ঘাটের কথা, তখন কেন মনে পড়া?
এগারো বছর বয়সে গালিব কবিতা লেখা শুরু করেন। তার প্রথম ভাষা ছিল উর্দু। উর্দু ছাড়া ফার্সি ও তুর্কি ভাষাতেও তার ছিল সমান দখল। তরুণ বয়সে তিনি ফার্সি ও আরবি ভাষার তালিম নেন। গালিবের যখন কিশোর বয়স তখন ইরানের এক পর্যটক (আব্দুস সামাদ) প্রায় দুই বছর গালিবদের বাড়িতে ছিলেন। গালিব তার কাছ থেকে আরবি,ফার্সি, দর্শন ও যুক্তি তর্কের বিভিন্ন বিষয়ে দীক্ষা নিয়েছিলেন।
কয়েকটি ভাষা ভালো জানা থাকলেও ফার্সি ভাষার কাব্যচর্চায় গালিবের ঝোঁক ছিল বেশী এবং লেখালেখিতে ফার্সিকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তবে তার উর্দু লেখাগুলোই তুলনামূলকভাবে বেশি সমাদৃত ও জনপ্রিয় হয়েছিল। গালিবের গজল নিয়ে অসংখ্য সংকলন উর্দু ভাষার পণ্ডিতগণ কর্তৃক রচিত হয়েছে। গালিবের আগে গজল মূলত প্রেমের অভিব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল। গালিবই প্রথম সে গতানুগতিক ধারাকে অতিক্রম চিন্তা, দর্শন, জীবনযাত্রা, জীবনরহস্য প্রভৃতি বিষয় গজলের মধ্যে নিয়ে আসেন। গজলের মাধ্যমে জীবনের বেদনা ও রহস্যকে উন্মোচন করেছেন। গজলকে বিভিন্ন ধারায় প্রবাহিত করেছেন, গজলের পরিধি বিস্তৃত করেছেন।
হায়দারাবাদের সর্বশেষ নিজামের শাসনকালে আলি হায়দার নাজম তাবাতাবাই এ জাতীয় প্রথম বর্ণনামূলক কাব্য বা শারহ লিখেছিলেন। গালিবের আগে গজলগুলোতে মূলত বেদনাযুক্ত প্রেমের বহিপ্রকাশ থাকতো। দ্রুপদি গজলের সাথে তাল মিলিয়ে গালিবের বেশিরভাগ গজলই প্রিয়জনের প্রতি আবেদন ও গুণকীর্তনের কথা। সমালোচক, কবি ও লেখক শামসুর রহমান ফারুকীর ব্যাখ্যা থেকে প্রতীয়মান হয় যে, প্রকৃত প্রেমিক/ প্রিয়জনের পরিবর্তে প্রেমিক/ প্রিয়জনের ধারণা থাকার বিষয়টি প্রেমিক/প্রেমিকাকে বাস্তবতার দাবী থেকে মুক্তি দেয়। সপ্তদশ শতাব্দীর শেষ প্রান্তিকের পর উর্দুতে প্রেমের কবিতা নয়, তবে প্রেমের কবিতার সমন্বয় নিয়ে গঠিত বলে প্রচলিত হয়। গালিবের গজলের প্রথম ইংরেজি অনুবাদ সরফরাজ কে নিয়াজী কর্তৃক রচিত হয়। যা ভারতের রূপা এণ্ড কোং ও পাকিস্তানের ফিরোজ সন্স কতৃক প্রকাশিত হয়।
মির্জা গালিব কেবল গজল রচয়িতা কিংবা কবি নন। একজন প্রতিভাবান চিঠি লেখক হিসেবেও তার বিশেষ খ্যাতি ছিল। শুধু উর্দু কবিতা কেবল নয় গদ্যতেও তিনি ছিলেন সমান সাবলীল। কবিতার চেয়ে উর্দুতে লেখা গালিবের চিঠিগুলো ছিল অত্যন্ত অলঙ্কারময়। শব্দ ও বাক্যের ব্যবহারে তিনি চিঠিকে এমন রূপ দিতেন মনে হতো যেন পত্রলেখক নিজে সামনে দাঁড়িয়ে প্রেরকের কাছে চিঠিটি পাঠ করে শোনাচ্ছেন। পাঠকের সাথে কথোপকথন করছেন। গালিবের মতে-
সো কোস সে বা জবান
ই কলাম বাতে কিয়া কারো
অর হিজর মে ভিসল কে
মেজে লিয়া কারো।
একশো মাইল দূর থেকে
কলমের জিহ্বায় কথা বলো
বিচ্ছিন্ন হয়ে গেলেও
মিলনের আনন্দ উপভোগ করো।
তার চিঠিগুলো খুব অনানুষ্ঠানিক ছিলো। কখনো কখনো তিনি শুধু ব্যক্তির নাম লিখেই চিঠি শুরু করে দিতেন। গালিব বেশ মজার মানুষ ছিলেন এবং তার চিঠিতেও সেই হাস্যরসাত্মক বিষয়গুলো ফুটে উঠতো। তিনি একটি চিঠিতে লিখেছিলেন- মে কৌশীশ করতাহূকে কৌন এইসি বাত লিখু জো পাড়ে খুশ হো জায়ে- আমি এমন লাইন লিখতে চাই যে যারাই পড়বে সে আনন্দে উদ্বেলিত হয়ে যাবে। কিছু পণ্ডিত এমনও বলেছেন-গালিব শুধু তার চিঠির জন্যই উর্দু সাহিত্যে স্থান পাবেন। সেগুলো রেলফ রাসেল কর্তৃক দ্যা অক্সফোর্ড গালিব নামে ইংরেজিতে অনূদিত হয়েছে।
গালিব উত্তাল সময়ের একজন অপ্রতিদ্বন্দ্বী অভিযাত্রী ছিলেন।
গালিবের রচনায় মোগল সাম্রাজ্যের শেষের দিকের অনেক বর্ণনা পাওয়া যায়। সেগুলো পড়লে সে সময়কার অনেক চিত্র চোখের সামনে ভেসে ওঠে। তেমনি একটা মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে তিনি লিখেন: দেখছিলাম- একের পর এক স্থাপনাগুলো ধ্বংস হয়ে যাচ্ছিল। কিভাবে খাসবাজার, উর্দু বাজার, খারাম খাঁ বাজারসহ গোটা মহল্লা অদৃশ্য হয়ে যাচ্ছিল! কাটরাগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছিল। বন্ধুদের দালানগুলো মাটিতে ধ্বসে পড়ছিল। গালিব লিখেছিলেন-দিল্লি মরুভূমিতে পরিণত হয়েছিল। জলের অভাব দেখা দিয়েছিল। প্রায় স্থানে সামরিক শিবির আস্তানা গেড়েছিল।
গালিব তখন লিখেছিলেন-
আমার চারপাশে মন্থন করে রক্তসমুদ্র
হায়! এইসব কি?
ভবিষ্যৎ কি দেখাবে?
আমার আর কি কি দেখার বাকি?
মোগল সাম্রাজ্যের পতন ও ব্রিটিশদের উত্থান হলে অনেক প্রচেষ্টা সত্ত্বেও গালিব তার পেনশনের অর্থ পুনরুদ্ধার করতে পারেননি। জীবদ্দশার গালিবের প্রায় পুরোটা সময় কেটেছে নিদারুণ অর্থকষ্টে। ১৮৪০ সালে দিল্লী কলেজে ফার্সি ভাষা সাহিত্যের জন্য তার নাম সুপারিশ করা হয়। পালকিতে করে গালিব কলেজের উদ্দেশ্যে রওনা দিলেন। সেসময়ে কলেজের অধ্যক্ষ ছিলেন জেমস টমসন। গালিব আশা করেছিলেন জেমস টমসন হয়তো তাকে স্বাগত জানিয়ে আন্তরিকভাবে বরণ করে নিবেন। কিন্তু না, টমসনের বাংলোয় অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন দেখলেন কোন সাড়া শব্দ নেই তখন তিনি সেখান থেকে ফিরে এলেন। আর্থিক সচ্ছলতা না থাকলেও তাঁর আত্মসম্মানবোধ ছিল প্রবল। অসচ্ছল কিংবা অগোছালো জীবনযাপন যাই হোকনা কেন, আজীবন মদের নেশায় তিনি ছিলেন মত্ত। দেশী মদে ভীষণ অরুচি ছিল তাঁর। বিলেতের 'ওল্ড টম' নামের ব্র্যান্ড ছিল তার পছন্দের তালিকায় শীর্ষে। যদিও বিদ্রোহ শুরু হলে তাকে শেষ পর্যন্ত দেশী মদের প্রতি দৃষ্টিপাত করতে হয়।
অতিরিক্ত মদ্যপানের কারণে তার আর্থিক সংকট আরো বেড়ে যায় এবং এর জন্য তাঁকে অনেক চড়া মাসুল দিতে হয়। ম্যাকফারসন সাহেব নামক যার কাছ থেকে তিনি মদ নিতেন তার কাছে একসময় ঋণের পরিমাণ দাঁড়ায় সে সময়ের প্রায় চল্লিশ হাজার টাকা। তিনি ধারের টাকার জন্য মামলা করেন। কোন এক কারণে আদালত প্রাঙ্গনে গেলে তাঁকে গ্রেফতার করে হাজতে প্রেরণ করা হয়। নবাব আমিনুদ্দিন খান একথা জানতে পেরে চারশ টাকা জামিনে তাঁকে ছাড়িয়ে আনেন।
তাঁর মদ খাওয়া নিয়ে প্রচুর গল্প প্রচলিত আছে। একবার কেউ একজন গালিবকে উদ্দেশ্য করে বলল, যারা মদ খায় তাদের কথা আল্লাহতালা শোনেন না। গালিব হেসে জবাব দিলেন-যার মদ আছে সে আবার কিসের জন্য প্রার্থনা করবে? গালিব শতরঞ্চ খেলতে খুব পছন্দ করতেন। একবার রোজার দিনে তিনি শতরঞ্চ খেলছিলেন। তখন আর্জুদা নামক তার পরিচিত একজন সেখানে আসলেন। রমজান মাসে তাঁকে শতরঞ্চ খেলতে দেখে তিনি বললেন, শুনেছিলাম রমজান মাসে শয়তান বন্দী অবস্থায় থাকে। একথা শুনে গালিব উত্তর দিলেন আপনি ঠিকই শুনেছেন, এটা শয়তানেরই থাকার ঘর।
হম ভী তসলীম কী খু ডালেঙ্গে
বেনেয়াজী তেরি আদত হী সহি
অবহেলা করাটাই যদি-
তোমার অভ্যেস হয়ে থাকে
তাহলে আমিও গলে যাবার,
রাজী হবার অভ্যেস বানাবো।া
