২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

এদুয়ার্দো গালেয়ানোর দর্পণ: পোপ ও সন্যাসীনিদের কথা

আসাদ মিরণ আসাদ মিরণ

Published : 13 Sep 2021, 08:44 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM

মূল: এদুয়ার্দো গালেয়ানো
বাংলা অনুবাদ: আসাদ মিরণ

প্যাসকুইনেড
"প্যাসকুইনেড" শব্দটির অর্থ মানহানিকর বা অপমানজনক লেখা, যা রোমের একটি মূর্তি থেকে এসেছে। পাসকুইনো নামের সেই মার্বেল পাথরের ব্যক্তির সামনে বা পিছনে, পোপদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে বেনামী হাতে লেখা কিছু বাক্য ছিল।
• ষষ্ঠ আলেকজান্ডারকে নিয়ে:
আলেকজান্ডার পেরেক বিক্রি করেন আর তিনি ক্রুশবিদ্ধ যীশুকেও বিক্রি করেন।
সেই বিকি-কিনিতে কোন চ্যালেঞ্জ ছিল না, কেননা তিনি আগেই তাদের কিনে নিয়েছিলেন।

• দশম লিও-কে নিয়ে:
দশম পোপ লিওস মারা গেছেন।
একজন দুর্বৃত্ত, জালেম অত্যাচারী নষ্ট শাসক, যিনি অসৎ ও খারাপ কাজের প্রতি অনুরাগের জন্য
সুপরিচিত ছিলেন।

• চতুর্থ পল-কে নিয়ে:
আমার সন্তানরা, আরও বেশী বিশ্বাস রাখ এবং অনেক কম চিন্তা কর,
পবিত্র অফিস অনেক কিছু বলে।
আর সেখানে কোন কারণ থাকেনা, তাদের নামের প্রয়োজন
যেহেতু তাদের কারণ নেভানোর জন্য শিখা আছে।
আর আপনার জিহ্বা লুকিয়ে রাখুন, সেগুলি দেখতে দেবেন না,
কারণ পোপ পল সেগুলিকে বারবিকিউ করতে পছন্দ করেন
।

• এবং যে কারণে পাসকুইনোর মূর্তি পঞ্চম পোপ পিয়াসকে বলেছিলেন, যিনি বেশ কিছু "প্যাসকুইনেড" লেখকদের শূলে চড়িয়েছিলেন:
ফাঁসিকাঠ, আহ্ এবং ধীর আগুন,
তোমার কামনার সকল যন্ত্রণা,
প্রিয় পিয়াস আমার, আমাকে ভয় পেও না।
তুমি আমাকে শূলে পাঠাতে পারো
কিন্তু আমাকে চুপ করাতে পারবে না।
আমি পাথরের তৈরী। আমি হাসি, আমি হাঁচি।
তোমার জন্য আমি ভয়ের এক হুমকি।

শয়তানের স্বীকারোক্তির নথি
শৈশব থেকেই তিনি জীর্ণ ছিলেন।
স্পেন ও আমেরিকার রাজা দ্বিতীয় চার্লসের বয়স ত্রিশেরও উর্দ্ধে ছিল, তবুও তাঁকে চামচে করে খাওয়াতে হতো। একবারও না পড়ে তিনি হাঁটতে পারতেন না।
ডাক্তাররা তাঁর মাথার উপর মরা কবুতর রেখেও কোন ফল পাননি। ঠিক একইভাবে চাকররা তাঁর গলায় সাপের মাংসের উপরে খাসি সাইজের মোরগ ঝুঁলিয়ে রেখে, গো-মূত্র পান করতে দিয়েও কোন কাজ হয়নি। আবার ঘুমন্ত অবস্থায় চার্লসের প্রতি যে সকল শুভাকাঙ্ক্ষীরা খেয়াল রাখতো, তাঁরা বালিশের নীচে নখসহ মরা প্রাণীর হাড্ডি আর ডিমের খোসা রেখেও তাঁর দুর্বলতা কাটাতে পারেনি।

তাঁরা তাকে দু-দু'বার বিয়ে দিয়েছিলেন কিন্তু কোন রাজকুমার কিংবা রাজকুমারীর জন্ম হয়নি; যদিও প্রত্যেক প্রাতরাশেই তিনি মাশরুমের নির্যাসের সাথে গাধার দুধ পান করতেন।

সেই সময় শয়তান আস্তুরিয়াসে থাকতো। সেখানে কঙ্গাসের মঠের এক নানের দেহের অভ্যন্তরে ছিল তার বাস। ভূতের ওঝা, ফাদার আন্তোনিও আলভারেজ আরগুয়েলেস তার কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছিলেন:
এটা সত্য যে রাজাকে জাদু-টোনা করা হয়েছে," ভূতের ওঝা বললেন, এটা নান বলেছেন, নান বললেন, এটা শয়তান বলেছে। আর এই যাদুমন্ত্র একটি দেহাবশেষের মাধ্যমে সম্পন্ন করা হয়েছিল।
তাঁর নেতৃতের ক্ষমতা ভোতা করে দিতে মস্তিস্কের ব্যবহার করা হয়। তাঁর স্বাস্থ্য নষ্ট করার জন্য নাড়িভুঁড়ি ব্যবহৃত হয়। তাকে পিতৃত্ব থেকে বঞ্চিত করতে কিডনি ব্যবহার করা হয়।"
আর এই অপকর্মের মূল হোতা ছিলেন একজন নারী। সুনির্দিষ্ট করে বললে বলতে হয়, রাজার মা স্বয়ং সেই জন। ভূতের ওঝা বললেন, এই কথা নান বলেছেন, নান বললেন যে, এটা শয়তান বলেছে।

তেরেসা
অ্যাভিলার তেরেসা নিজেকে নরক থেকে বাঁচাতে খ্রিষ্টীয় সংঘে আশ্রয় নিয়েছিলেন, সেটা ছিল দাম্পত্য জীবনের নরক। নিষ্ঠুর কোন নরপশুর দাসের চেয়ে ঈশ্বরের দাস হওয়া ভালো।
কিন্তু সেইন্ট পল* নারীদের তিনটি অধিকার দিয়েছেন: "আনুগত্য প্রকাশ করা, সেবা করা ও চুপ থাকা।" সুতরাং ঈশ্বরের পবিত্র প্রতিনিধি পোপ তেরেসাকে দোষী বলে মনে করলেন। তাঁর মতে, "তিনি একজন সন্ধিগ্ধ ও পতিত নারী, অবাধ্য ও আদেশ-লঙ্ঘনকারী, যিনি ভক্তির আড়ালে সেই সেইন্ট পলের বিরুদ্ধে মিথ্যা মতবাদ আবিস্কার করেন- যিনি নারীদের শিক্ষা না দেওয়ার আদেশ দিয়েছিলেন।"
তেরেসা স্পেনে একাধিক খ্রিষ্টীয় সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। যেখানে নানরা শুধু শিক্ষাই দিতেন না, দায়িত্বেও থাকতেন। সেখানে সদগুণের জন্য পুরস্কৃত করা হত এবং বংশ পরিচয় ছিল মূল্যহীন। সেখানে কাউকে পরিস্কার রক্তের প্রমাণ জমা দিতে হত না।

১৫৭৬ সালে তাঁকে ইনকুউজিশনের মুখোমুখি হবার আগে অভিযুক্ত করা হয়েছিল। কেননা, তাঁর দাদা ধর্মান্তরিত ইহুদি হওয়া সত্ত্বেও নিজেকে একজন সত্য খ্রিস্টান বলে দাবী করেছিলেন। আর তেরেসার রহস্যময় বোধি ছিল তাঁর দেহের অভ্যন্তরে লুকিয়ে থাকা শয়তানের কাজ।
চারশো বছর পরে, ফ্রান্সিসকো ফ্রাঙ্কো* তাঁর মৃত্যু শয্যায় নিজেকে শয়তানের হাত রক্ষার জন্য তেরেসার ডান বাহু আকড়ে ধরেছিলেন। সেই অদ্ভুত এক ঘটনার পর, তেরেসার জীবন পাল্টে যায়, তিনি একজন সাধুতে পরিণত হন এবং আইবেরিয়ান নারীদের রোল মডেল হয়ে ওঠেন। মৃত্যুর পর তাঁর দেহের টুকরো টুকরো অংশ স্পেনের বিভিন্ন চার্চে রাখা হয়। শুধু তাঁর একটি পা বাদে, যেটা রোমে ছিল।

টীকাঃ
*সাধু পল ছিলেন একজন খ্রিষ্টান ধর্মপ্রচারক। তাঁর পূর্বের নাম ছিল শৌল। সাধু পল প্রথম জীবনে ছিলেন খ্রিষ্টধর্ম বিদ্বেষী ও খ্রিষ্টানদের প্রতি অত্যাচারী একজন ইহুদি।
* স্পেনের সাবেক রাষ্ট্রপ্রধান।


জুয়ানা
অ্যাভিলার তেরেসার মতো জুয়ানা ইনস্ দে লা ক্রুজ বৈবাহিক খাঁচা থেকে মুক্ত হবার জন্য নান হয়ে গেলেন।
তেরেসার মতোই খ্রিস্টান সংঘে তাঁর প্রতিভা বিরাগের কারণ হয়ে উঠল। একজন নারীর মাথায় কীভাবে পুরুষের মস্তিস্ক থাকতে পারে? কেন তাঁর হাতের লেখা পুরুষের মতো? এত ভালো একজন রাঁধুনী হওয়া সত্ত্বেও কেন তাকে এতবেশী চিন্তা-ভাবনা করতে হবে?
তাঁর প্রশ্নকারীদের বিদ্রুপ করে উত্তরে তিনি বলেছিলেনঃ
"আমরা নারীরা রন্ধনশালার দর্শন ছাড়া আর কী-ই বা জানতে চাইতে পারি?"
তেরেসার মতো, জুয়ানাও লিখতেন, যদিও যাজক গ্যাসপার ডি অ্যাস্তে ইতিমধ্যেই তাকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, "খ্রিস্টান গৃহবধূদের কীভাবে লিখতে হয়, তা জানার দরকার নেই। এটি তাদের জন্য ক্ষতির কারণ হতে পারে।"

তেরেসার মতো জুয়ানা কেবল লিখতেনই না, কিন্তু কলঙ্কের চেয়েও বেশী কালো ছিল যা, তিনি তর্কাতীতভাবে ভালো লিখতেন।

বিভিন্ন শতাব্দিতে, একই সমুদ্রের বিভিন্ন তীরে, মেক্সিকোর জুয়ানা আর স্পেনের তেরেসা প্রতিরোধ গড়ে তুলেছিলেন, সশব্দে আর কাগজে, বাকি অর্ধেক পৃথিবীকে অবজ্ঞা করে।
তেরেসার মতো জুয়ানাকেও ইনকুউজিশন বাহিনী হুমকি-ধামকি দিয়েছিল। আর গীর্জা, তাঁর গীর্জা, ঐশ্বরিক চিন্তার চেয়ে মানবিক বিষয়কে অধিক বা তারচেয়েও বেশী গুরুত্ব দেয়া, খুব একটা মান্য না করা ও খুব বেশী প্রশ্ন করার কারণে তাকে নিপীড়ন করেছিল।
কালি না, রক্ত দিয়ে, জুয়ানাকে তাঁর স্বীকারোক্তিতে স্বাক্ষর করতে হয়েছিল। তখন তিনি অনন্ত নীরবতার ব্রত গ্রহণ করেছিলেন। অবশেষে, নিঃশব্দে মারা গেলেন।

শুভ বিদায়
বার্সেলোনার চূড়ায়, পেড্রালবেস খ্রিস্টান সঙ্ঘের দেয়ালে ঘষা-সফেদ পাথরের উপর ফেরার বাস্সার সেরা চিত্রকর্মগুলি দেখা যায়। এই চিত্রশিল্পীকে কাতালুনিয়ার জিয়াত্তো (ইতালির বিখ্যাত চিত্রশিল্পী) বলা হয়।
সেখানে বিশ্ব থেকে বিচ্ছিন্ন প্রাচীরবদ্ধ সঙ্ঘে নিঃসঙ্গ নানদের বাস।
এটি ছিল না ফেরার যাত্রা: তাদের পিছনে গেট বন্ধ ছিল আর সেটা তাদের ভালোর জন্য বন্ধ ছিল। অবশ্য এই জন্য তাদের পরিবারকে বড় ধরণের যৌতুক দিতে হয়েছে, যাতে তাঁরা চিরকাল যীশু খ্রিষ্টের পত্নী হবার গৌরবের অধিকারী হতে পারে।

সঙ্ঘের ভিতর, সেন্ট মাইকেলের প্রার্থনা গৃহে ফেরার বাস্সার একটি দেয়ালচিত্রের পাদদেশে এমন একটি বাক্যাংশ রয়েছে, যা শতাব্দির পর শতাব্দি ধরে বেঁচে আছে, যেন লুকিয়ে বেঁচে আছে।
এগুলি কে লিখেছেন কেউ তা জানেনা।
কিন্তু আমরা জানি কখন এটা লেখা হয়েছিল। রোমান সংখ্যায় সেখানে একটি তারিখ আছে, ১৪২৬।
বাক্যাংশটি খুব কমই লক্ষণীয়। কাতালানের গোথিক অক্ষরে অঙ্গীকার ও মিনতি করে সেখানে বলা আছে:
জুয়ানকে বলো
আমাকে যেন না ভোলে।