২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

মেরির আবাহন ও নারীমুক্তি

অমৃতা ইশরাত অমৃতা ইশরাত

Published : 10 Sep 2021, 02:53 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM


'আ ভিন্ডিকেশন অব দ্য রাইটস অব উইমেন: উইথ স্ট্রিকচারস অন পলিটিক্যাল অ্যান্ড মোরাল সাবজেক্টস (A Vindication of the Rights of Woman: With Strictures on Political and Moral Subjects)।' ১৭৯২ সালে প্রকাশিত একটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম যা পিতৃতন্ত্রের চোখে চরম আপত্তিকর কিন্তু নারীমুক্তির পক্ষে প্রথম সুপরিকল্পিত ইশতেহার, নারীমুক্তির আদিগ্রন্থ। ১৭৯১ সালে মাত্র বত্রিশ বছর বয়েসে গ্রন্থটি রচনা করেছিলেন নারীমুক্তি দর্শনের পথিকৃৎ মেরি ওলস্টোনক্র্যাফ্ট। সবচে' মজার বিষয় হলো আঠেরো শতকের পুরুষ সমাজ তথা আলোকিত যুগের অনেক প্রবক্তা এই গ্রন্থের সত্যতা স্বীকার করতে প্রস্তুত ছিলেন না। প্রশ্ন জাগতে পারে, নারীমুক্তি দর্শনের প্রথম পর্যায়ে রচিত গুরুত্বপূর্ণ এই রচনাকর্মে কী এমন লেখা হয়েছিল যা প্রথাগত সমাজের ভিত নাড়িয়ে দিয়েছিল? ফরাসি বিপ্লবের উত্তাল পটভূমি ব্রিটেনে যে বিতর্কের জন্ম দিয়েছিল তার বিরুদ্ধে নারী অধিকারের একটি প্রমাণ হিসেবে ওলস্টোনক্র্যাফ্ট বইটি লিখেছিলেন। বইটিতে উল্লেখ করা হয়েছিল, নারী প্রকৃতিগতভাবে পুরুষ অপেক্ষা 'হীন' নয়। শিক্ষার অভাবেই নারী পুরুষের চেয়ে পিছিয়ে পড়ে। মেরি প্রস্তাব করেন নারী ও পুরুষ উভয়কেই যুক্তিবাদী সত্তা হিসেবে বিবেচনা করা উচিত। নারীও যুক্তি-বুদ্ধি সম্পন্ন। তাই তাদের স্বাধীকার দিতে হবে। এই স্বাধীকারের মাধ্যমেই যুক্তির ওপর প্রতিষ্ঠিত সামাজিক শৃঙ্খলা খুঁজে পাওয়া যাবে। এছাড়াও গ্রন্থটিতে ওলস্টোনক্র্যাফ্ট আঠেরো শতকের রাজনৈতিক তাত্ত্বিকগণ, যারা নারী শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে উদাসীনতা এবং অনীহা প্রকাশ করেছিলেন তাদের সমুচিত জবাব দিয়েছিলেন। সমাজে নারীর অবস্থান উন্নয়নের জন্য নারী শিক্ষার প্রয়োজনীয়তার পক্ষে যুক্তি উপস্থাপন করে, নারীর অবদানের কথা উল্লেখ সাপেক্ষে মেরি জানিয়েছিলেন- নারীরাই সন্তানের শিক্ষার গুরু দায়িত্ব পালন করেন, শুধুমাত্র স্বামীদের 'স্ত্রী' নয়, বস্তুত 'সঙ্গী' হয়ে ওঠার জন্য নারী শিক্ষার কোন বিকল্প নেই। নারী কেবলমাত্র সমাজের সৌন্দর্যবর্ধক অলংকার বা বিবাহপ্রথার বাণিজ্য-পণ্য নয় বরং পুরুষের মতো সব ধরনের মৌলিক অধিকার পাওয়ার যোগ্য। এমন একটা সময়ে তিনি একথা বলেছিলেন যখন সমাজের প্রতিটি মানুষ এমনকি সমাজবিজ্ঞানীরা পর্যন্ত ভাবতেন, পুরুষের সঙ্গী হয়ে ওঠার জন্য যতটুকু শিক্ষা প্রয়োজন ততটুকু শিক্ষাই যেন নারীকে দেয়া হয়। মৌলিক অধিকার, ভোটাধিকার এসব তো অনেক দূরের বিষয়। কয়েকদশক আগে ভোটাধিকার আন্দোলনের সময় ওলস্টোনক্র্যাফ্ট'র 'আ ভিন্ডিকেশন অব দ্য রাইটস অব উইমেন' গ্রন্থটি আন্দোলনরত নারীদের এতটাই উজ্জীবিত করেছিল যে তারা মৌলিক অধিকারসহ ভোটাধিকার ছিনিয়ে আনতে পেরেছিলেন। নারী আন্দোলন ও মুক্তির প্রেক্ষাপট সম্যকভাবে বুঝতে হলে পিতৃতন্ত্রের ইতিহাসেও চোখ বুলিয়ে নেয়া দরকার। নৃতাত্ত্বিক গবেষণা থেকে প্রমাণ মেলে প্রাগৈতিহাসিক শিকার-সংরক্ষণকারী সমাজগুলোতে তুলনামূলকভাবে লৈঙ্গিক সমতা বেশি ছিল এবং প্লাইস্টোসিন যুগ শেষ হওয়ার অনেক পরেও অর্থাৎ কৃষি ও পশুপালনের (Agriculture and Domestication of Animal) মত প্রযুক্তিগত ও সামাজিক উন্নয়নের আগ পর্যন্ত পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে ওঠেনি। ফ্রিডরিখ এঙ্গেলস (১৮২০-১৮৯৫) ও কার্ল মার্কস (১৮১৮-১৮৮৩)-এর রচনায় পিতৃতন্ত্রের একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। তাঁদের মতে—'পিতৃতন্ত্র হলো এমন একটি প্রাথমিক শ্রম বিভাজন যেখানে নারীরা গৃহে অবস্থান করে কৃষির মাধ্যমে উৎপাদিত খাদ্যের তত্ত্বাবধান করত।' পুঁজিবাদের উৎপত্তি ও বিকাশের সময় উৎপাদন জগৎ মুদ্রায়িত (monetized) হতে শুরু করে। কিন্তু গৃহের অভ্যন্তর কখনই মুদ্রায়িত হয় নি বরং তা অবমূল্যায়িত থেকে যায়। ফলশ্রুতিতে নারী ও পুরুষ সম্পর্কিত ধারণা এবং পুরুষ ও নারীর ক্ষমতা ক্রমান্বয়ে পরিবর্তিত হতে থাকে। প্রখ্যাত গবেষক রবার্ট এম. স্ট্রোজিয়ার মতে, ঐতিহাসিক গবেষণা থেকে এখনও পর্যন্ত পিতৃতন্ত্রের সূচনার নির্দিষ্ট সময় পাওয়া যায় নি। তবে অনুমান করা হয় খ্রিষ্টপূর্ব ৪০০০ অব্দের কোনো এক সময়ে পিতৃতন্ত্রের সূচনা হয়েছিল। কেউ কেউ অবশ্য মনে করেন, হিব্রুদের আবির্ভাবের সাথে সাথে ঈশ্বর-মানব চুক্তিসমূহ থেকে নারীকে পৃথক করা হয়। যদিও পূর্ববর্তী সভ্যতাসমূহে বিশেষ করে মিশরীয় সভ্যতায় নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। সুমেরীয় সভ্যতায়ও নারীরা শিল্প এবং বাণিজ্যে অংশগ্রহণ করতেন। ইতিহাসবেত্তা হেরোডোটাস মিশর ও এথেন্সের নারীদের ভূমিকা সম্পর্কিত একটি তুলনামূলক আলোচনা লিপিবদ্ধ করেন। ইতিহাস পর্যালোচনা করে হেরোডোটাস জানিয়েছিলেন, মিশরীয় নারীরা বাজারে উপস্থিত হওয়ার পাশাপাশি বাণিজ্যে নিযুক্ত হতেন। প্রাচীন মিশরে একজন মধ্যবিত্ত নারী স্থানীয় বিচারকার্যে অংশগ্রহণ করতে পারতেন, স্থাবর সম্পত্তি লেনদেনে যুক্ত হতে পারতেন, এবং উত্তরাধিকারসূত্রে সম্পত্তি গ্রহণ ও দান করতে পারতেন। নারীরা একইসাথে ঋণগ্রহণ এবং আইনি নথিসমূহে স্বাক্ষর দিতে পারতেন। তবে 'আলেকজান্ডার দ্য গ্রেট' মিশর জয় করবার পর থেকে মিশর গ্রিক প্রভাবে প্রভাবিত হয় যেখানে আলেকজান্ডার দ্য গ্রেট গুরু এরিস্টোটলের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। এরিস্টোটলের রচনাগুলোতে নারীকে নৈতিক, বৌদ্ধিক এবং শারীরিকভাবে পুরুষের চেয়ে অধম হিসেবে তুলে ধরা হয়েছে। ক্ষেত্রবিশেষ নারী পুরুষের সম্পত্তি হিসেবে বিবেচিত এবং নারীর ওপর পুরুষের কর্তৃত্ব বৈধ ও প্রাকৃতিক ধর্ম হিসেবে চিহ্নিত। এরিস্টোটলের নারী সম্পর্কিত মতবাদের একটি সুস্পষ্ট চিত্র দেখতে পাওয়া যায় মেরিয়েন ক্লাইন হোরউইজ'র রচনায়। ক্লাইন বলেন— এরিস্টোটল বিশ্বাস করতেন 'আত্মার অবদানে সৃষ্টির আকৃতি ও নকশা তৈরি হয়।' যার অর্থ হচ্ছে এই বিশ্বে যত ধরনের খুঁত রয়েছে তা নারীর দ্বারা সৃষ্টি হয়েছে, কারণ কখনই নিখুঁত থেকে খুঁতকে পাওয়া সম্ভব না (যেখানে নিখুঁত বলতে শুধু পুরুষকে বোঝানো হচ্ছে)। জেরদা লারনার (১৯২০-২০১৩) তাঁর 'দ্য ক্রিয়েশন অব পেট্রিয়ার্কি' গ্রন্থে বলেন—এরিস্টোটল বিশ্বাস করতেন নারীর রক্ত পুরুষের রক্তের চেয়ে শীতল, যা নারীকে পুরুষে রূপান্তরিত হতে দেয় নি, যেখানে তিনি পুরুষকে নির্ভুল ও উচ্চতর লিঙ্গ বলে মনে করতেন। লারনার আরও দাবী করেন, এরিস্টোটলের তত্ত্বে এমন ক্রমোচ্চ শ্রেণীবিভাগজনিত শাসনগত গঠনপ্রণালী ছিল যা এই পিতৃতান্ত্রিক বিশ্বাসব্যবস্থায় প্রজন্মের পর প্রজন্ম ধরে বাহিত হয়েছে, এবং পুরুষেরা এই বিশ্বাস ধারণ করতে প্রভাবিত হয়েছে যে তারা নারীদের চাইতে উচ্চতর। এই সংকেতগুলোই বেঞ্চমার্ক হিসেবে কাজ করে যাচ্ছে যা দেখে শিশুরা বেড়ে উঠছে, শিক্ষাগ্রহণ করছে এবং এভাবেই পিতৃতন্ত্রের চক্র অবিরত ঘুরছে।

মধ্যযুগে ইউরোপের চিত্র অবশ্য খানিকটা অন্যরকম। যদিও মুষ্টিমেয় নারী তখন রাজনৈতিক ক্ষমতা এবং সামাজিক মর্যাদায় আসীন ছিলেন। ওই সময়টিতে পিতৃতন্ত্রের এই শৈথিল্য আমাদের কিছুটা অবাক করে। একদিকে রোমান সাম্রাজ্যের পতন, কলম্বাসের আমেরিকা আবিস্কার, অন্যদিকে আধুনিক ইউরোপের সূচনা এই ঘটনাগুলো পৃথিবীকে নূতন চিন্তার দিকে অগ্রসর করেছিল যদিও তা বেশিদিন স্থায়ী হয়নি। পিতৃতান্ত্রিক অগ্নিতে পুনরায় ঘি ঢালেন জার্মান ধর্মযাজক ও ধর্মতত্ত্বের অধ্যাপক মার্টিন লুথার (১৪৮৩-১৫৪৬)। লুথারের প্রোটেস্ট্যান্ট মতবাদের অধিকাংশ নির্দেশনা 'বুক অব এক্সোডাস' থেকে নেয়া হয়েছিল। এক্সোডাসের নির্দেশনায় 'নিজের পিতাকে সম্মান করো' কথাটির উল্লেখ ছিল। 'পিতা' শব্দটি এখানে কেবলমাত্র জন্মদাতা নয় বরং সকল পুরুষ গুরুজন ও রাজার সমার্থক। রোমান ক্যাথলিক এবং অর্থোডক্স চার্চ হিব্রুদের ন্যায় পুরুষের মধ্যেই পৌরহিত্য সীমাবদ্ধ করেন, যদিও চার্চকে মাতৃরূপে দেখা হতো।


১৬৮০ সাল। বিশ্বঘটনা প্রবাহে এই বছরটি বিশেষভাবে উল্লেখযোগ্য। পূর্বেই বলেছি ষোড়শ এবং সপ্তদশ শতকের তাত্ত্বিকগণ সমাজে নারীর অবস্থান নিয়ে এরিস্টোটলের চিন্তাধারার সঙ্গে পুরোপুরি সম্মত ছিলেন। তবে কেউই ১৬৮০ সালের পূর্বে পিতৃতান্ত্রিক পরিবারের ভিত্তিতে নারীর রাজনৈতিক অধীনতা প্রমাণের চেষ্টা করেন নি। রাজনৈতিক অধীনতার বিষয়টি সবার সামনে এসেছিল স্যার রবার্ট ফিলমারের বহুল আলোচিত-সমালোচিত গ্রন্থ 'পেট্রিয়ার্কা' প্রকাশিত হওয়ার পর। ১৬৫৩ সালের কিছু পূর্বে লেখা শুরু করলেও গ্রন্থটি ফিলমারের মৃত্যুর ত্রিশ বছর পরে প্রকাশিত হয়। এই গ্রন্থে লেখক রাজার স্বর্গীয় অধিকারের পক্ষে কথা বলেন যা আদিমানব আদমের কাছ থেকে বংশপরম্পরায় রাজাগণ লাভ করে থাকেন বলে গুরুত্বারোপ করা হয়। পেট্রিয়ার্কা গ্রন্থটিতে আরও কিছু বিষয়ের অবতারণা করা হয়েছিল যা বুঝতে হলে আমাদের আরেকটু গভীরে যেতে হবে। রবার্ট ফিলমার তাঁর পিতৃতান্ত্রিক রাজনৈতিক তত্ত্বে পিতৃতান্ত্রিক পরিবারের ভিত্তিতে নারীর রাজনৈতিক অধীনতা অনস্বীকার্য বলে ধরে নিয়েছিলেন। কিন্তু অষ্টাদশ শতকের শেষার্ধে পিতৃতন্ত্র নিয়ে ফিলমার এবং যাজক সম্প্রদায়ের মতবাদ বুদ্ধিদীপ্ত মহল দ্বারা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়। তারা পিতৃতান্ত্রিক কর্তৃত্বকে নস্যাৎ করে যুক্তি দেখান, পিতার যেমন অধিকার ও কর্তৃত্ব রয়েছে, ঠিক তেমনি অধিকার ও কর্তৃত্ব মাতারও রয়েছে; যেহেতু সন্তান উৎপাদনে দুজনের ভূমিকা সমান। ঈশ্বরের আইন পিতা ও মাতার মধ্যে কোনো ধরণের বৈষম্য সৃষ্টি না করেই সন্তানের ওপর আরোপিত হয়। তবে এই বোধ বা চেতনা নারীদের মধ্যে জাগাতে হলে তাকে শিক্ষার দারস্থ হতে হতো। তৎকালীন নারীরা তাদের অধিকার সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না। শাস্ত্রে কী লেখা আছে এসব নিয়েও তাদের কোনো আগ্রহ ছিল না। এই বিষয়টি মেরিকে ভীষণ ভাবিয়েছিল। মেরি আত্মসম্মান ও স্বাধীকারবোধ ছড়িয়ে দিতে চেয়েছিলেন সকল নারীর ধমনীতে।

ফলতঃ উনিশ শতকের অনেক নারীই সর্বসাধারণ দ্বারা স্বীকৃত খ্রিস্টিয় ধর্মগ্রন্থের পিতৃতান্ত্রিক ব্যাখ্যাসমূহ প্রশ্নবিদ্ধ করেছিলেন। দাসপ্রথা বিরোধী আন্দোলনের অন্যতম প্রবক্তা, প্রখ্যাত লেখিকা সারাহ গ্রিমকে (১৭৯২-১৮৭৩) খ্রিস্টিয় ধর্মগ্রন্থে নারী-পুরুষের ভূমিকা সম্পর্কিত মতবাদগুলোর অনুবাদ ও ব্যাখ্যা নিয়ে সন্দেহ ব্যক্ত করে বলেন, একজন পুরুষ কতটা পক্ষপাতিত্বহীন হয়ে এই বিষয়টি অনুবাদ ও ব্যাখ্যা করতে পারেন? গ্রিমকে উক্ত ধর্মগ্রন্থের নারী সম্পর্কিত লেখাগুলোর জন্যে বিকল্প অনুবাদ ও ব্যাখ্যার প্রস্তাব করেন পাশাপাশি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিতে বেশকিছু স্তবকের সমালোচনা করেন। তিনি যুক্তি দেখান, কিছু স্তবক কেবলমাত্র একটি নির্দিষ্ট পরিস্থিতির ক্ষেত্রেই প্রযোজ্য ছিল, সেগুলোকে সার্বজনীন এবং সার্বক্ষণিক আদেশ হিসেবে গণ্য করবার মতন কিছু নেই। গ্রিমকের মতামত যথার্থ মেনে সেই পথেই অগ্রসর হন এলিজাবেথ কেডি স্ট্যানন (১৮১৫-১৯০২)। স্ট্যানন তাঁর 'দ্য উইমেনস বাইবেল' নামক একটি গ্রন্থ প্রকাশ করেন যেখানে ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট'র নারী সংক্রান্ত ভাষ্য উল্লেখ করা হয়েছিল। এই বিষয়টি পরবর্তীতে নারীবাদী তত্ত্বে বর্ধিত হয় যা পিতৃতান্ত্রিক জুডিও-ক্রিশ্চিয়ান মতাদর্শের কঠোর সমালোচনা করে। একটু লক্ষ্য করলে বোঝা যায় পিতৃতন্ত্র শুধু লিঙ্গবাদই নয়, বরং এটি প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণের সাথেও সম্পর্কিত। এখানে নারীকে স্টেরিওটাইপ (stereotype) হিসেবেই চিন্তা করা হচ্ছে ফলশ্রুতিতে ক্রমাগত নির্যাতন বাড়ছে। পিতৃতন্ত্র পিতাকে স্ত্রী ও সন্তানদের উপর পূর্ণাঙ্গ কর্তৃত্ব দান করেছে সেই সঙ্গে দিয়েছে আচরণ নিয়ন্ত্রণ করে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করবার অধিকার। কোনো কোনো ক্ষেত্রে হত্যা ও নিলাম করবার অধিকার। নারীকে সামগ্রী বিবেচনা করে তাদের ধর্ষণ সংস্কৃতির দিকেও ঠেলে দিয়েছে পিতৃতন্ত্র। পাঠকেরা হয়তো ভাবছেন ওলস্টোনক্র্যাফ্টকে নিয়ে লিখতে বসে আপনাদের নারীমুক্তির চর্বচোষ্য গলাধঃকরণ করিয়ে ছাড়ছি। বাদানুবাদের পরিপ্রেক্ষিতে নারীমুক্তির ইতিহাসকে যারা ঠুনকো আষাঢ়ে গল্পের কাতারে ফেলে দিয়েছেন আমার এই প্রবন্ধ তাদের জন্য নয়। 'নারীবাদ' বলতে যারা নারীদের পোশাক আর শুঁড়িখানায় বসে মদ্যপানের অধিকার বোঝেন তাদের বিদ্যের দৌড় আর যা-ই হোক নারীমুক্তি অনুধাবণের পর্যায়ে অন্তত নেই। দুঃখজনক বিষয় হলো, বছরের পর বছর ধরে মেরি ওলস্টোনক্র্যাফ্ট'র সৃষ্টিশীল কর্মজীবনের চেয়ে ব্যতিক্রমী উপায়ে যাপিত ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয়েছে বেশি। কিন্তু বিশ শতকে নারীবাদী আন্দোলন উত্থানের সাথে সাথে নারীর সমানাধিকারের পক্ষে মেরির জোরালো কন্ঠস্বর এবং তাঁর করা প্রথাগত নারীত্বের সমালোচনা–দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। শুধুমাত্র ব্যক্তিগত জীবনের সূত্র ধরে নয় এক্ষণে মেধা-মনন-চিন্তার নিরিখে মেরি ওলস্টোনক্র্যাফ্টকে সম্যকভাবে চিনে নেবার সময় এসেছে। যিনি একাধারে একজন সাহিত্যক, দার্শনিক ও চিন্তাবিদ। মাত্র নয় বছরের ক্ষণস্থায়ী সাহিত্যিক জীবনে নারীমুক্তি দর্শনসহ শিক্ষা, ভ্রমণ, শিশুসাহিত্য, রাজনীতি, ধর্ম, ইতিহাস নানা বিষয়ে লেখালেখি করেছেন। মেরির জন্ম ১৭৫৯ সালের ২৭ এপ্রিল, লন্ডনের স্পিটাফিল্ডসে। এডওয়ার্ড জন ওলস্টোনক্র্যাফ্ট ও এলিজাবেথ ডিক্সনের সাত সন্তানের মধ্যে মেরি ছিলেন দ্বিতীয়। ওলস্টোনক্র্যাফ্ট পরিবারটি একটা সময় অর্থনৈতিক সমৃদ্ধি ও পতনের মধ্য দিয়ে যেতে থাকে। নানাবিধ উত্থান-পতনের মধ্য দিয়ে মেরিও ধীরে ধীরে বড় হতে থাকেন। পিতৃগৃহে মেরির জীবন সুখকর ছিল না। শুরুতে স্বচ্ছল থাকলেও মেরির বেড়ে ওঠার সময় পরিবারের অবস্থা ছিল পরতির দিকে। বাবা এডওয়ার্ড ছিলেন উচ্ছৃঙ্খল, স্বেচ্ছাচারী আর মা ছিলেন সেই স্বেচ্ছাচারের শিকার। মদ্যপ বাবার হাত থেকে মাকে রক্ষা করবার জন্যে রাত জেগে দরজা পাহারা দিতেন ছোট্ট মেরি। ফলশ্রুতিতে শৈশব থেকেই ভেতরের নারীবাদী সত্ত্বাটা জেগে উঠেছিল। মনের ভেতরে ছিল রাগ, লক্ষ্য করেছিলেন তাঁর চেয়ে ভাই ইশকুলে বেশি সময় কাটাতে পারে। বুঝতে পারতেন, একদিন এই ভাই হবেন সম্পত্তির উত্তরাধিকার। পুরো ব্যাপারটিকেই ঘৃণা করতেন মেরি। ১৭৮০ সালে মা এলিজাবেথ ডিক্সনের মৃত্যুর পর মেরিকে উপার্জনের পথ বেছে নিতে হয়। কখনও গভর্নেস কখনও অনুবাদক হিসেবে কাজ করে গেছেন। ১৭৮৪ সালে বোন এলিজা ও বান্ধবী ফ্যানিকে নিয়ে একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। উল্লেখ্য ইশকুলে পাঠদানের পাশাপাশি সমাজে প্রচলিত নারী সম্পর্কিত দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করতে শুরু করেন। ১৭৮৭ সালে মেরির অন্যতম রচনাকর্ম 'থটস অন দ্য এডুকেশন অব ডটার্স: উইথ রিফ্লেকশানস অন ফিমেল কনডাক্ট, ইন দ্য মোর ইম্পর্টেন্ট ডিউটিজ অব লাইফ' প্রকাশিত হয়। গ্রন্থটিতে নারীর নৈতিক শিক্ষা, স্বাধীন চিন্তা, বিক্রয় দক্ষতা, প্রত্যহ জীবন যাপনের খুঁটিনাটিসহ উচ্চমার্গীয় চিন্তাধারা সন্নিবেশিত হয়েছিল। মেরি চেয়েছিলেন নারীরা 'জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ' জানবে এবং এটার পেছনে তাদের স্বপ্রণোদিত ভূমিকা ও স্বাধীন চিন্তা অব্যাহত থাকবে। নারী অধিকারের স্বপক্ষে মেরি ছিলেন বজ্রকণ্ঠী যাকে পিতৃতন্ত্র 'পেটিকোট পরা হায়েনা' বা 'দার্শনিকতাধারী সর্পিনী' বলে ভর্ৎসনা করেও দমাতে পারে নি। সমাজ বাস্তবতা অনুধাবন করে ১৭৮৮ সালে মেরি নিজের অভিজ্ঞতার আলোকে রচনা করেন 'অরিজিনাল স্টোরিজ ফ্রম রিয়েল লাইফ: উইথ কনভারসেশনস ক্যালকুলেটড টু রেগুলেট দ্য অ্যাফেকশনস অ্যান্ড ফর্ম দ্য মাইন্ড টু ট্রুথ অ্যান্ড গুডনেস'। একই বছর 'মেরি: আ ফিকশন' নামে তাঁর একটি উপন্যাস প্রকাশিত হয়। লিঙ্গ বৈষম্য, পুত্র সন্তানের প্রতি পক্ষপাতিত্ব, অর্থনৈতিক টানাপোড়েন, বন্ধুত্বের সুদূরমগ্নতা এবং অসুস্থ দাম্পত্য নিয়ে রচিত এই উপন্যাসটি ছিল সমাজের সচিত্র দর্পণ। ১৭৯০ সালে মেরির 'এ ভিন্ডিকেশান অব দ্য রাইটস অব ম্যান, ইন আ লেটার টু দ্য রাইট অনারেবল' গ্রন্থটি প্রকাশিত হয়। মেরি প্রখ্যাত চিন্তাবিদ এডমন্ড বার্ককে (১৭২৯-১৭৯৭) চ্যালেঞ্জ করে গ্রন্থটি লিখেছিলেন। ফরাসি বিপ্লব নিয়ে লেখা এডমন্ড বার্কের 'রিফ্লেকশানস অন ফ্রেঞ্চ রিভোল্যুশন' গ্রন্থটি প্রকাশের পরপরই একটি জোরালো রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হয়। বস্তুত ফরাসি বিপ্লবের বিরুদ্ধে বার্কের সমালোচনার মাধ্যমে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত বুর্জোয়া শাসন ব্যবস্থার একটি অংশে ফরাসি বিপ্লবের ইতিবাচকতা নিয়ে আশঙ্কা ও ভীতির প্রকাশ ঘটে। মেরি তাঁর বৈদগ্ধপূর্ণ রচনার মাধ্যমে বার্কের রক্ষণশীল মনোভাবের সমুচিত জবাব দিয়েছিলেন। ১৭৯৮ সালে মেরির সবচে' গুরুত্বপূর্ণ উপন্যাস 'মারিয়া, দ্য রঙস অব ওম্যান' প্রকাশিত হয়। এই উপন্যাসেই সর্বপ্রথম বিবাহ বিচ্ছেদ নিয়ে আলোচনা করা হয়েছিল। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মারিয়াকে স্বামী জর্জ ভেনাবেলস ষড়যন্ত্র করে একটি উন্মাদাশ্রমে পাঠিয়ে দেয়। এমনকি মারিয়ার কাছ থেকে তাঁর মেয়েকেও বিচ্ছিন্ন করা হয়। উন্মাদাশ্রমের পরিচারিকা জেমিমার সঙ্গে মারিয়ার বন্ধুত্ব গড়ে ওঠে। ভাগ্যহত জেমিমাকে তাঁর পাষণ্ড পিতা একজন বিবাহিত লোকের সঙ্গে থাকতে বাধ্য করেছিলেন। লম্পট লোকটির স্ত্রী বিষয়টি জানতে পেরে সন্তানসম্ভবা জেমিমাকে ঘর থেকে বের করে দেয়।

জীবনধারণে অক্ষম জেমিমা গর্ভপাত করিয়ে দেহোপজীবিনীদের দলে ভিড়ে যায়। পরবর্তী কয়েকবছর একজন সম্পদশালী লোকের উপপত্নী হিসেবে থাকেন এবং লোকটির মৃত্যুর পর উন্মাদাশ্রমে পরিচারিকা হিসেবে কাজ শুরু করেন। এদিকে মারিয়ার বাবা ছিলেন স্বেচ্ছাচারী আর মা ভাইয়ের প্রতি অকারণ পক্ষপাতিত্ব করতেন। ভেনাবেলসকে ভালোবেসে বিয়ে করেছিলেন মারিয়া। জুয়াড়ি ভেনাবেলস নিয়মিত যৌনপল্লীতে যাতায়াত করতেন। স্বামীর আসল চরিত্র জানতে পেরে সম্পর্ক শেষ করতে চান মারিয়া। কিন্তু তৎকালীন সমাজে বিয়ে নামক প্রথা ভেঙে বেরিয়ে আসা অতটা সহজ ছিল না। অসুস্থ দাম্পত্য এড়াতে মারিয়া অতিমাত্রায় শিল্প-সাহিত্যের দিকে ঝুঁকে পড়েন। ভেনাবেলস মারিয়াকে নানাভাবে প্রলুব্ধ করবার প্রচেষ্টা চালায়। ম্যারিটাল রেইপের শিকার হয়ে মারিয়া গর্ভধারণ করেন। ভেনাবেলসের অত্যাচারও বাড়তে থাকে দিন দিন। একটা পর্যায়ে সন্তানসহ ভেনাবেলসের বাড়ি থেকে পালাতে গিয়ে ধরা পড়ে যান এবং তাঁর ঠিকানা হয় উন্মাদাশ্রম।


আশ্রমের অন্যতম পেশেন্ট বিদগ্ধ হেনরি ডারফোর্ডের প্রেমে পড়েন মারিয়া। বিষয়টি জানতে পেরে ভেনাবেলস হেনরির বিরুদ্ধে সিডাকশনের অভিযোগ আনেন। বিপাকে পড়ে যান হেনরি এবং দেশত্যাগে বাধ্য হন। ততদিনে মারিয়ার গর্ভে বেড়ে উঠছে হেনরির সন্তান। পরিস্থিতির চাপ সামলাতে না পেরে আত্মহত্যা করতে যান মারিয়া। সে যাত্রায় জেমিমা তাকে বাঁচিয়ে নেয়। কিছুদিন বাদে ভেনাবেলসের কাছ থেকে মারিয়ার সন্তানকেও উদ্ধার করেন জেমিমা। মারিয়া, মারিয়ার মেয়ে এবং জেমিমা মিলে নূতন জীবন শুরু করেন। মেয়েদের করা ভুলগুলো থেকে আত্মোপলব্ধির মাধ্যমে সঠিক জীবনের দিশা খোঁজা হয়েছে এই উপন্যাসে। যেখানে স্বেচ্ছাচারী পিতা, পক্ষপাতপুষ্ট ভাই, প্রতিশোধপরায়ণ স্বামী এবং ভীরু প্রেমিকের করালগ্রাস থেকে মুক্তি পেয়ে 'রঙস অব ওম্যান' হয়ে উঠেছে 'রাইটস অব ওম্যান'। অনেকে মনে করে থাকেন রঙস অব ওম্যান মেরির আত্মজৈবনিক। মেরির ব্যক্তিগত জীবনেও দু'জন পুরুষ সঙ্গী হিসেবে এসেছিলেন। প্রথম জন মার্কিন ঔপন্যাসিক ও ব্যবসায়ী গিলবার্ট ইমলে। ফ্যানি ইমলে নামের একটি কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন এই দম্পতি। দ্বিতীয় পুরুষটি একজন লেখক, নৈরাজ্যবাদী আন্দোলনের অন্যতম পুরোধা, দার্শনিক উইলিয়াম গডউইন, যাকে মেরি ভালোবেসে বিয়ে করেছিলেন। মেরি ওলস্টোনক্র্যাফ্ট-গডউইন দম্পতির মেয়ে মেরি গডউইন (১৭৯৭-১৮৫১) পরবর্তীতে মেরি শেলি নামে পরিচিত (কবি পার্সি বিশি শেলির স্ত্রী) বিখ্যাত গথিক উপন্যাস 'ফ্রাংকেনস্টাইন'র রচয়িতা। ১৭৯৭ সালের ১০ সেপ্টেম্বর মাত্র আটত্রিশ বছর বয়েসে মেরি ওলস্টোনক্র্যাফ্ট মারা যান।

মেরির মৃত্যুর পর ১৭৯৮ সালে উইলিয়াম গডউইন প্রকাশ করেন 'মেমোয়ার অব দ্য অথর অব এ ভিন্ডিকেশান অব দ্য রাইটস অব উইম্যান' নামের একটি স্মরণগ্রন্থ; আর এখানেই মেরির জীবনের অনিয়ন্ত্রিত দিকগুলো উঠে আসে। ফলস্বরূপ প্রায় এক শতাব্দি ধরে সৃষ্টিশীল কাজের পরিবর্তে ব্যক্তিগত জীবনের ছকেই বন্দী হয়ে যান মেরি ওলস্টোনক্র্যাফ্ট। নারীমুক্তি দর্শনের প্রতিষ্ঠাতা, ত্রাতা মেরি ওলস্টোনক্র্যাফ্ট নারী অধিকার আদায়ে সন্তের সম্মান পেলেও তাঁর দর্শন ও শিক্ষা অনেকাংশেই সদর্থক ভাবনায় স্থিত হওয়ার বদলে বিভ্রান্তিতে পর্যবসিত হচ্ছিল। তবে বিশ শতকে এসে তিনি নারীমুক্তি আন্দোলনের গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠেন। কারণ নারীর অধিকার ও নারীত্ব সম্পর্কে প্রচলিত ধারণাগুলো ভাঙতে তাঁর লেখায় রয়েছে প্রখর বুদ্ধিদীপ্ত যুক্তি। মেরির সার্থকতা বস্তুত এখানেই। তাঁর রচনা বরাবরই সমসাময়িক, কালোত্তীর্ণ। এবছর ১০ সেপ্টেম্বর মেরির মৃত্যুর দুইশত চব্বিশ বছর পূর্ণ হলো। নারী শিক্ষা বিস্তারে মেরি বিশ্বব্যাপী যে 'অবজেক্টিভ কন্ডিশন' সৃষ্টি করে রেখে গেছেন তা অনস্বীকার্য এবং স্মরণাতীত।

এদিকে কিছুদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব। বাঙালি সংস্কৃতিতে দুর্গা পুজিত হন মাতৃশক্তি হিসেবে কিন্তু পুজোর পৌরহিত্যে একচ্ছত্র অধিকার পুরুষের। দুর্গার ভক্ত অগণিত অথচ মর্ত্যের মেয়েটি তাঁর প্রাপ্য সম্মানটুকু পাচ্ছেনা। ভক্তি আর সম্মানের এই ব্যবধান আজন্ম! এখন সময় এসেছে সবকিছু জানবার, জানাবার। শতাব্দীর পর শতাব্দী ধরে অব্যবহৃত নারী মস্তিষ্কের মরচেতে ইলেকট্রোপ্লেটিং করবার সময়ও এসেছে। দুর্গারূপী মেরির আবাহন হয়েছিল বলেই মুক্তির বারতা পৌঁছেছে আমাদের দোরগোড়ায়। অনুতাপের বিষয় হলো পুঁজিবাদের অপরিমিত চর্চায় নারীমুক্তির চৈতন্য ক্রমশ মিটিং-মিছিল, সভা-সমাবেশ আর নারী দিবস উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। হুজুগে নারীবাদের চর্চা ছেড়ে, স্টোরিওটাইপ ব্যক্তিত্বের খোলস থেকে বেরুলেই মেরির দর্শন মিলবে। বিকৃতি নয়, প্রকৃত ইতিহাস জেনে বস্তুনিষ্ঠ শিক্ষায় শিক্ষিত হলেই আসবে মুক্তি। সত্যিকারের নারীমুক্তি!