২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

এদুয়ার্দো গালেয়ানোর দর্পণ: ডন কিহোতে ও অন্যান্য

আসাদ মিরণ আসাদ মিরণ

Published : 21 Aug 2021, 02:40 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM

তোমার অতীতের সাজা
ইউরোপ মায়ান দেশের পবিত্র ভুট্টার বেশ কিছু নাম দিয়েছে। নামগুলি ভূগোলকে ঢেলে সাজিয়েছেঃ তাঁরা একে তুরস্ক, আরব, মিশর অথবা ভারতের শস্য বলে অভিহিত করেছে। তবে এই ভুলগুলি করেও ভুট্টাকে অবিশ্বাস আর তিরস্কার থেকে রক্ষা করতে পারেনি। মানুষ যখন জানলো এগুলি কোথা থেকে এসেছে, তখন সেগুলি শূকরকে খাওয়াতে আরম্ভ করলো। গমের তুলনায় ভুট্টার ফলন বেশী হয় আর দ্রুত বৃদ্ধিও পায়, এটা খরা সহিষ্ণু এবং খাদ্যের ভালো উৎস। কিন্তু তা সত্ত্বেও এটা খ্রিস্টানদের মুখের জন্য যথাযথ ছিল না।

ইউরোপে আলুও এক সময় নিষিদ্ধ ফল ছিল। ভুট্টার মতোই, আমেরিকা এটার উৎসস্থল ছিল বলে নিন্দিত হয়েছিল। সবচেয়ে খারাপ বিষয় হলো, আলু শিকড় থেকে হয় এবং মাটির নীচে জন্মে, যেখানে নরকের গুহাগুলি থাকে। ডাক্তাররা একে কুষ্ঠ ও সিফিলিসের কারণ বলে জানতেন। আয়ারল্যান্ডে কোন গর্ভবতী নারী যদি রাতের বেলা আলু খেতেন, তাহলে সকাল বেলা সে নাকি রাক্ষস জন্ম দিতেন। আঠারো শতাব্দির শেষ অবধি, আলু শুধুমাত্র বন্দি, পাগল আর মুমুর্ষ মানুষের খাবার ছিল।

পরবর্তীকালে, এই অভিশপ্ত শিকড় ইউরোপকে দুর্ভিক্ষের কবল থেকে রক্ষা করে। কিন্তু তারপরেও মানুষ বিস্মিত হওয়া বন্ধ করতে পারে না: যদি শয়তানের খাবারই না হতো, তাহলে বাইবেলে আলু আর ভুট্টাকে খাবার হিসেবে কেন উল্লেখ করা হয়নি?

তোমার ভবিষ্যতের দন্ড
কোকেনের আবির্ভাবের কয়েক শতাব্দি পূর্বে, কোকা ছিল "শয়তানের পাতা।"
যেহেতু আন্দেজের ইন্ডিয়ান অধিবাসীরা তাদের পৌত্তলিক পার্বণে এটা চিবিয়ে খেত, তাই চার্চ কোকাকে মূর্তি পূজারিদের অন্তর্ভুক্ত করে একে নির্মূলের কথা বলেছিল। কিন্তু নির্মূল তো দূরের কথা, কোকার আবাদ পঞ্চাশগুণ বেড়ে গেল। স্পেনিয়ার্ডরা বুঝতে পেরেছিল, উদ্ভিদটি পোটোসের সেরো রিকোর ভূ-গর্ভস্থ রৌপ্য খননকারী অসংখ্য মানুষের ক্ষুধা ও ক্লান্তি নিবারণের অপরিহার্য রসদ।

সময়ের সাথে সাথে ঔপনিবেশিক প্রভুরাও কোকাকে আলিঙ্গন করে। চায়ের মতো, এটিও তাদের বদহজম ও ঠান্ডা থেকে রক্ষা করে, ব্যাথা উপশম, নব জীবনীশক্তি এবং উচ্চতাজনিত অসুস্থতা দূর করে।
আন্দিজের আদিবাসীদের কাছে কোকো এখনো পবিত্র এবং যে কোন মানুষের কাছে তা ভালো একটি ঔষধ বলে বিবেচিত। কিন্তু বিমান কোকাকে কোকেনে পরিণত হতে না দেবার জন্য তাদের ক্ষেতগুলি ধ্বংস করে।
অবশ্যই, কোকেনের চেয়ে গাড়ি বহু মানুষকে হত্যা করে কিন্তু চাকাকে নিষিদ্ধ করার জন্য কেউ কোন কথা বলে না।

আনাস
আনাস (আনারস), অথবা পর্তুগীজ শব্দ অ্যাবাকাক্সি, স্প্যানিশরা যাকে পিনঞা বলে ডাকে আর ইংরেজরা পাইনএ্যপল বলে, ফলটির ভাগ্য ভালো ছিল।

যদিও এটি আমেরিকা থেকে এসেছিল, তবুও ইংল্যান্ড ও ফ্রান্সের রাজাদের গ্রীনহাউজগুলিতে অপরূপ এই পুলকের চাষ করা হয়েছিল এবং স্বাদ গ্রহণের সুযোগ হওয়ায় সকলেরই প্রশংসা পেয়েছিল।
এবং বহু শতাব্দি পর, যখন যন্ত্র ফলটির উষ্ণীষ উপড়ে ফেলে, নগ্ন করে তার চোখ এবং হৃদয় বের করে টুকরো টুকরো করে মিনিটে শত শত ফল টিনজাত করে ফেলছিল, তখন ব্রাজিলের স্থপতি অস্কার নিমিয়ার এটির প্রতি তাঁর প্রাপ্য শ্রদ্ধা নিবেদন করেছিলেন: আনাস একটি অন্যতম প্রধান গীর্জা হয়ে ওঠে।

ডন কিহোতে
মার্কো পোলো তাঁর বিস্ময়কর বইটির নির্দেশনা জেনোয়া জেলে বসে দিয়েছিলেন।
ঠিক তিন শতাব্দি পর, মিগেল দে সের্বান্তেস সেভিলির জেলে বসে 'ডন কিহোতে দে লা মাঞ্চা'বইটি লিখেছিলেন। বকেয়া ঋণের অর্থ পরিশোধ করতে না পারার জন্য তাকে কারাবন্দী করা হয়েছিল।

উপন্যাসে কঙ্কালসার দেহের কাঠামোর উপর ধাতুর তৈরী বর্ম পরিহিত ডন কিহোতেকে চিরন্তন ভাগ্যাহাত এক উপহাসের পাত্র বলে মনে হয়েছিল। চরিত্রটি ছিল এমন এক পাগল ব্যক্তি যিনি নিজেকে একটি শিভালরিক বা উচ্চ সংস্কৃতিক ঘরানার উপন্যাসের চরিত্র বলে বিশ্বাস করতেন। তাঁর ধারণা ছিল, শিভালরিক উপন্যাসগুলি ছিল ইতিহাসের বই।
কিন্তু আমরা পাঠকেরা কয়েক শতাব্দি ধরে তাকে উপহাস করছি, তাঁর সাথে হেসেছিও। খেলাধুলা করা একটি শিশুর কাছে ঝাড়ু হ'ল ঘোড়ার মতো, আর আমরা যখন পড়ি তখন তাঁর বেপরোয়া আচরণের কথাই শুধু ভাবি, সবকিছুকে নিজের করে ফেলি। সেই নিজস্বতা এতোটাই তীব্র হয়ে যায়, তখন এন্টিহিরোকেও হিরো বলে ভাবি। এমনকি আমরা তাঁর এমন কিছু বৈশিষ্ট্যর কথা বলি, যা তিনি কখনো বলেন নি। স্প্যানিশভাষী রাজনীতিবিদরা প্রায়শই একটা উক্তি উদ্বৃত করেন, তা হ'লো, "তাঁরা ঘেউ ঘেউ করে, সানচো, আমরা যে এগিয়ে যাচ্ছি এটা তারই সংকেত।" একমাত্র ডন কিহোতে কখনো এটি বলেন নি।
বিষণ্ন চেহারার এই নাইট (ডন কিহোতে চরিত্রটি) পৃথিবীর পথে পথে হোঁচট খেতে খেতে সাড়ে তিনশো শতাব্দিরও বেশী সময় অতিবাহিত করেছিলেন যখন চে গুয়েভারা তাঁর বাবা-মাকে শেষ চিঠি লিখেছিলেন। বিদায় জানাতে এই বিপ্লবী কার্ল মার্কস থেকে কোন উদ্বৃতি বেছে নেননি। চে লিখেছিলেন, "আরো একবার আমার গোঁড়ালির নীচে রোসিয়ান্তের (ঘোড়ার) পাঁজরের ওঠা-নামা অনুভব করছি। আবারো আমি ঢাল তুলে ধরে সেই পথ বেছে নেই।"
যদিও নাবিক জানে যে, তাকে পথ দেখানো নক্ষত্রদের সে কখনো স্পর্শ করতে পারবে না, তবুও সে এগিয়ে চলে।

শ্রম সম্পর্ক
ডন কিহোতের মদ্দা রোসিয়েন্তের (ঘোড়াটার) শরীরে হাড় আর চামড়া ছাড়া আর কিছুই ছিল না।
"রূপক তুমি।"
"কারণ আমি খাই না।"
রোসিয়েন্ত তার বিরুদ্ধে অভিযোগুলি নিয়ে শুধুই জাবর কাটে, কিন্তু সানচো পাঞ্জা নাইটের নিয়োগকৃত ভূস্বামীর শোষণের বিরুদ্ধে গালির তুবড়ি বাজিয়ে চলে। তাঁর অভিযোগ শুধু শ্রমের বিনিময়ে পাওনা মজুরি নিয়ে। আঘাত, ক্ষুধা, খারাপ আবহাওয়া আর প্রতিশ্রুতি নিয়ে তাঁর কোন অভিযোগ নেই। তীব্র ঠান্ডায় কাজের জন্য তাঁর দাবী- ন্যায্য মজুরি, নগদ অর্থ।
ডন কিহোতে এই জাতীয় স্থূল বস্তুবাদকে ঘৃণ্য বলে মনে করেছিলেন। তাঁর বিপথগামী নাইটহুড অনুগামীদের আহবান জানিয়ে, মহান এই ভদ্রলোক উপসংহারে বলেন:
"ভূস্বামীরা কখনোও মজুরির জন্য কাজ করেনা, বরঞ্চ মনিবের সুনাম অর্জনের জন্য কাজ করে।"
এবং তিনি সানচো পাঞ্জাকে প্রতিশ্রুতি দেন যে, তিনি তাঁর বিজয়ী মনিবের রাজ্যে প্রথম গভর্ণর হবেন আর তিনি কাউন্ট বা মারকুইস উপাধি লাভ করবেন।
কিন্তু এই ইতরজনরা নিয়মিত বেতনসহ চাকুরির নিরাপত্তা চায়।
চার শতাব্দি কেটে গেছে। আমরা আর পাশাপাশি নেই।

রক্তভীতি
পঞ্চদশ শতাব্দির শুরু থেকে দীর্ঘকাল যাবৎ, স্পেনে রক্তের বিশুদ্ধতা প্রমাণের আবশ্যকতা ছিল।
"বিশুদ্ধ" মানে খাঁটি খ্রিস্টান রক্ত, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অথবা খরিদকৃত। যারা ইহুদি, মুর, ধর্মবিরোধী বা ইহুদি ও মুরদের বংশধর অথবা সতের প্রজন্ম ধরে যারা ধর্মবিরোধী, তাঁরা সিভিল, মিলিটারি অথবা যাজকীয় যে ধরনের কাজই হোক না কেন, সরকারী কোন পদে অধিষ্ঠিত হতে পারবেনা।
ষোড়শ শতাব্দি থেকে বিশুদ্ধ রক্ত আমেরিকা ভ্রমনের পূর্বশর্ত ছিল। মনে হয় সেই কারণেই সের্বান্তেস (স্প্যানীশ লেখক) নিউ ওয়ার্ল্ড অর্থাৎ আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করতে পারেন নি। দুই দুইবার তাকে প্রত্যাখ্যান করা হয়েছিল: "এখানে তাকালেই আপনি সন্তুষ্ট হতে পারবেন", এটা ছিল কর্মকর্তাদের চাঁছাছোলা জবাব।
ডন কিহোতের বাবার শিরায় কিছু ইহুদি রক্তকোষ চলাচল করছে বলে সন্দেহ করা হয়েছিল। এভাবে সাহিত্যে অসম্মানজনক প্রতিযোগিতা ঢুকানো হয়।

ডাক্তার দ্বারা মৃত্যু
উনিশ শতাব্দির শুরুতে, ফরাসীরা এক বছরে ত্রিশ মিলিয়নেরও বেশী জোঁক কিনেছিল।
বহু শতাব্দি ধরে, ডাক্তাররা জোঁক দিয়ে বা কেটে রক্তক্ষরণ ঘটিয়ে রোগীর শরীর থেকে দূষিত রক্ত বের করতেন। রক্তক্ষরণ ছিল নিউমোনিয়া, হতাশা, বাত, সন্ন্যাস রোগ, ভাঙ্গা হাড়, স্নায়ুবিক শৈথিল্য আর মাথা ব্যাথার জন্য পছন্দের এক চিকিৎসা পদ্ধতি।
রক্তক্ষরণ রোগীকে দুর্বল করে ফেলে। এটি যে কাজ করে এমন কোন নথিভুক্ত তথ্য-প্রমাণ পাওয়া যায় নি। কিন্তু বিজ্ঞান এটিকে পচিঁশশো বছর, এমনকি বিংশ শতাব্দি অবধি সর্বরোগের মহৌষধ হিসেবে ব্যবহার করে এসেছিল।
সব প্লেগ মহামারীতে যতটা সর্বনাশা অবস্থার সৃষ্টি হয়েছিল, তার চেয়েও বেশী সর্বনাশের কারণ ছিল এই অব্যর্থ দাওয়াই।