২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

এদুয়ার্দো গালেয়ানোর দর্পণ: জীবাণু যুদ্ধের উৎপত্তি ও অন্যান্য

আসাদ মিরণ আসাদ মিরণ

Published : 10 Aug 2021, 09:56 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM

জীবাণু যুদ্ধের উৎপত্তি
আমেরিকার জন্য, ইউরোপের আলিঙ্গন মারাত্মক ছিল। প্রতি দশ জন আদিবাসীর মধ্যে নয় জনই মারা গিয়েছিল।
ক্ষুদ্রতম যোদ্ধারা ছিল ভীষণ ভয়ংকর। ভাইরাস আর ব্যাকটেরিয়া, দখলবাজদের মতোই অপর কোন দেশ, সেখানকার জল ও বাতাসের মাধ্যমে এসেছিল। আর অগ্রগামী সেই অদৃশ্য সৈন্যবাহিনীর বিরুদ্ধে ইন্ডিয়ানদের কোন প্রতিরক্ষা ছিল না।
ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অগণিত অধিবাসী এই পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যায়। এমনকি তাঁদের নামের কোন স্মৃতিও অবশিষ্ট থাকেনা। প্লেগে নিহতের সংখ্যা দাসত্ব ও আত্মহত্যার সংখ্যাকে বহুগুণে ছাড়িয়ে যায়।

গুটিবসন্ত অ্যাজটেক রাজা ক্ইুটলহুয়াক এবং ইনকা রাজা হুয়াইনা ক্যাপাককে মেরে ফেলে। মেক্সিকো শহরে ক্ষতিগ্রস্তদের সংখ্যা এতটাই বেশী ছিল যে, পরিবারের সকলের মৃতদেহ ঢেকে রাখার জন্য তাদের বাড়িঘর উল্টে দিতে হয়েছিল।
ম্যাসাচুসেটস-এর প্রথম গভর্ণর, জন উইনথ্রপ বলেছিলেন, ঈশ্বর তাঁর মনোনীত পছন্দের লোকদের পথ পরিস্কার করার জন্য বসন্ত রোগ পাঠিয়েছেন। স্পষ্টতই, ইন্ডিয়ান জাতি ভুল ঠিকানায় বসতি স্থাপন করেছিল। উত্তর আমেরিকার উপনিবেশবাদিরা একাধিক উপলক্ষ্যে পবিত্র ঈশ্বরের পানে হাত বাড়িয়েছিল। এমনকি ইন্ডিয়ানদের গুটিবসন্ত সংক্রমিত-কম্বল দেবার জন্যও তাঁর কাছে তাঁরা হাত প্রসারিত করেছিল।
"এই জঘন্য জাতিকে নির্মূল করার জন্য", ১৭৬৩ সালে কমান্ডার লর্ড জেফ্রি গুটিবসন্ত সংক্রমিত-কম্বল দেবার প্রসঙ্গে এ রকমই ব্যাখ্যা দিয়েছিলেন।


ভিন্ন মানচিত্র, একই গল্প
কলম্বাসের আমেরিকাতে অবতরণের প্রায় তিন শতাব্দি পরে, ক্যাপ্টেন জেমস কুক দক্ষিণ-পূর্বের রহস্যময় সাগরে যাত্রা শুরু করেন। তিনি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ব্রিটিশ পতাকা পত্তন করার পর ওশেনিয়ার অসীম দ্বীপপুঞ্জ বিজয়ের পথ উন্মুক্ত করেন।
তাঁদের সাদা চামড়া দেখে, স্থানীয় অধিবাসীরা বিশ্বাস করেছিল এই সকল নাবিকরা মৃত ছিল, জীবিত জগতে ফিরে এসেছে। এবং পরবর্তীতে তাঁদের কৃত-কর্ম দেখে অধিবাসীরা বুঝলো যে, তাঁরা প্রতিশোধের জন্য ফিরে এসেছে।
ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে।
আমেরিকার মতোই, সাম্প্রতিক সময়ে আগত আগমনকারীরা তাঁদের ঊর্বর ভূমি, এমনকি জলের উৎস পর্যন্ত দখল করে নিল; আর সেখানে যারা বসবাস করছিল তাঁদেরকে মরু ভূমির দিকে তাড়িয়ে দিল।
আমেরিকার মতোই, তাঁরা স্থানীয়দের জবরদস্তিমূলক শ্রমিকে পরিণত করে এবং তাদের স্মৃতি ও রীতিনীতিকে নিষিদ্ধ করে।
আমেরিকার মতোই, খ্রিস্টান মিশনারিরা তাদের কাঠের ও পাথরের পৌত্তলিক প্রতিমাগুলো ভেঙেচুরে পুড়িয়ে দেয়। কিছু ভাগ্যের জোরে রক্ষা পায়। শিশ্নবিহীন কিছু প্রতিমা আবার মুর্তিপূজার বিরুদ্ধে তাঁদের যুদ্ধের সাক্ষ্যস্বরূপ জাহাজে করে ইউরোপে পাঠায়। দেবতা রাও, যিনি এখন লুভরের প্রদর্শনী স্থলে বসে আছেন, তাঁকে যখন প্যারিসে পাঠানো হয়েছিল তখন তাঁর গায়ে একটি লেবেল সাঁটা ছিল, সেখানে তাঁকে এইভাবে সংজ্ঞায়িত করা হয়েছিলঃ "অপবিত্র, বেধর্মী ও নিলর্জ্জের প্রতিমূর্তি।"
আমেরিকার মতোই, ওশেনিয়া অঞ্চলে কিছু আদিবাসী টিকে গিয়েছিল। যাদেরকে ক্ষুধা বা গুলিতেও মারা যায়নি, তাঁদেরকে প্লেগ ছড়িয়ে নির্মূল করা হয়েছিল, যার বিরুদ্ধে নিজেদের বাঁচানোর পথ ঐ আদিবাসীদের জানা ছিল না।

ভূতে পাওয়া
তাঁরা ভয় শেখাতে আসবে।
তাঁরা সূর্যকে বন্ধ্যা করতে আসবে।
ইউকাটনের মায়ান নবীরা এই সময়কে অবমাননাকর বলে ঘোষণা করেছিলেন।
আর ১৫৬২ সাল ছিল সেই সময়, যখন ইউকাটনে ফাদার ডিয়েগো ডি লান্ডা বই পোড়ানোর এক দীর্ঘ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।
এই ভূতের ওঝা লিখেছিলেন:
"আমরা তাদের লেখা অজস্র বইয়ের সন্ধান পেয়েছি আর যেহেতু সেগুলিতে শয়তানের উপাসনা আর মিথ্যাচার ছাড়া আর কিছুই ছিল না। তাই সেগুলির সবটাই আমরা পুড়িয়ে দিয়েছি।"
সালফারের ঘ্রাণ অনেক দূর থেকেও পাওয়া যাচ্ছিল। কৌতুহলী হওয়ার কারণে এবং সময়ের সাথে সাথে দিনের গতিপথ আর তেরটি আকাশে বিস্তৃত নক্ষত্রের গমন পথ অনুসরণ করার জন্য মায়ানদের আগুন তাদের প্রাপ্য ছিল।
তাদের আরও অনেক শয়তানী কর্মকাণ্ডের মধ্যে ছিল: পৃথিবীতে বিদ্যমান সমস্ত দিনপঞ্জির মধ্যে সবচেয়ে সুনির্দিষ্ট দিনপঞ্জির আবিস্কার, কীভাবে সূর্য ও চন্দ্র গ্রহণের গণনা বা অনুমান করতে হয় তা অন্য যে কারও থেকে অধিক ভালো জানা এবং আরবদেরও অনেক আগে 'শূন্য' সংখ্যাটি আবিস্কার করা, যে অভিনত্বকে পরে আন্তরিকভাবে ইউরোপে নিয়ে যাওয়া হয়েছিল।

মায়ান রাজ্যের প্রাসাদ শিল্প
মায়ান রাজ্য পতনের বহু পরে স্প্যানিশ বিজয় নিশ্চিত হয়েছিল।
ধ্বংসাবশেষের মধ্যে কেবলমাত্র তাঁদের বিশাল চত্বর, প্রাসাদ আর মন্দিরগুলি টিকে রইল, যেখানে রাজারা প্রধান পুরোহিত ও সেনাপ্রধানদের সামনে বসে সকলের ভাগ্য ও দুর্ভাগ্যের সিদ্ধান্ত নিয়েছিলেন।
ক্ষমতার সেই অভয়ারণ্যে চিত্রশিল্পী ও ভাস্কররা ছিলেন দেবতাদের উত্থান, রাজাদের কীর্তি আর তাদের পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর জন্য নিবেদিত প্রাণ।
অসংখ্য লোক, যারা প্রাসাদ শিল্পের জন্য কাজ করেছেন এবং নীরব থেকে ছিলেন, তাদের জন্য সেখানে কোন স্থান ছিল না।
তেমনি, হস্তলিখিত পুঁথি অথবা প্রাচীরচিত্র কিংবা ভাস্কর্য শিল্পে পরাজিত রাজারও কোন চিত্র ছিল না।
উদাহরণস্বরূপ, কোপানের এক রাজা, যিনি ১৮-র‌্যাবিট নামে পরিচিত, কাউক স্কাইকে (প্রাচীন মায়ানের মহান নেতা) তাঁর পুত্র হিসেবে উত্থাপন করেছেন এবং তাঁকে কুইরিগুয়ের পাশের রাজ্যের সিংহাসন উপহার দিয়েছিলেন। ৭৩২ খ্রিস্টাব্দে কাউক স্কাই অনুগ্রহ ফিরিয়ে দেন: তিনি কোপান রাজ্য আক্রমণ করেন, সেখানের যোদ্ধাদের অপদস্থ করেন, তাঁর রক্ষাকর্তাকে বন্দি করেন এবং মস্তক কেটে ফেলেন।
প্রাসাদ শিল্পে তা খুঁজে পাওয়া যায়নি। শিরচ্ছেদ করা রাজার করুণ পরিণতির কথা গাছের কোন বাকলে লেখা হয়নি, কোন পাথরে সেই চিত্র খোদিত হয়নি, যিনি তাঁর জাঁকজমকপূর্ণ সময়ে নিজের দরবার, পালকের পোশাক, অলঙ্কার ও চিতার চামড়ার সাথে বেশ কয়েকবার চিত্রিত হয়েছিলেন।

বন হত্যা করে তাঁরা মারা গেল
যত বেশী মুখ, তত কম খাদ্য। যত কম বন, ততবেশী মরুভূমি। কখনো অতিবৃষ্টি, কখনো বা অনাবৃষ্টি।
দড়ি দিয়ে বাঁধা, চর্মসার কৃষক খাড়া আলু-থালু ঢালে অযথাই আঁচড় কাটে। ভুট্টা কোন জল বা মাটি খুঁজে পায়না যে তার বৃন্ত ছাড়বে। বৃক্ষবিহীন মাটি, যাকে ধরে রাখার কেউ নেই, নদীর বুকে লাল দাগ কেটে সে হাওয়ায় ভেসে যায়।
তিন হাজার বছরের ইতিহাসের পর, মায়ান রাজ্যে রাত নামে।
কিন্তু মায়ানদের দিনগুলি কৃষকের পায়ে পায়ে চলে যায়। সম্প্রদায়গুলি প্রায় গোপনেই পাথরের পিরামিড অথবা পিরামিডের শক্তি ছাড়াই বাঁচার জন্য অন্যত্র চলে গিয়েছিল: আজ সেখানে কোন রাজা নেই, তবুও প্রতিদিন সূর্য ওঠে।

হারিয়ে যাওয়া দ্বীপ
মায়ান রাজ্য থেকে বহুদূরে এবং বহু শতাব্দি পরে, ইস্টার দ্বীপটি তার সন্তানরা গ্রাস করলো।
ইউরোপের নাবিকগণ যারা অষ্টাদশ শতাব্দিতে সেই দ্বীপটিতে পৌঁছেছিলো, দেখতে পেল, সেখানে কোন গাছ নেই এবং যা কিছু থাকার কথা তার কিছুই নেই।
এটা ছিল ভয়াবহ। তাঁরা কখনো এতো নিঃসঙ্গ, নির্জনতা দেখেনি। আকাশে কোন পাখি নেই, মাটিতে ঘাস নেই, প্রাণী এমনকি একটা ইঁদুর পর্যন্ত নেই।
অনেক আগের সেই শ্যামলিমা, তার কোন স্মৃতি নেই। দ্বীপটিতে পাঁচ শতাধিক দৈত্যাকৃতির পাথরের সমন্বয়ে এমন এক পাথর ছিল যারা অনিমেষনেত্রে দিগন্ত পানে চেয়ে থাকতো, কোথাও কিছুই নেই, কারো কাছেই নেই।
সম্ভবত ঐ মুর্তিগুলি মুক্তির জন্য দেবতাদের কাছে আর্জি জানিয়েছিল। কিন্তু দেবতারাও তাদের সেই নিঃশব্দ কন্ঠস্বর শুনতে পেলেন না, মাঝ সমুদ্রেই তা হারিয়ে গেল, যেমনভাবে দিগন্ত অনন্ত আকাশে হারিয়ে যায়।

রাজাবিহীন রাজ্য
ঐতিহাসিকদের ও প্রায় সকলের মতে, মায়ান সভ্যতা বহু শতাব্দি আগেই বিলুপ্ত হয়েছিল।
তারপরে, আর কিছুই না।
কিছুই না: জনজীবন, নীরবে জন্ম নেয় এবং নিঃশব্দ জন্ম দেয়, প্রশস্তি বা কৌতুহল কোনটাই জাগ্রত হয় না।
যেভাবেই হোক, এটি অবাক করে দিয়েছিল, নিদেনপক্ষে স্পেনের বিজয়কালে। নতুন প্রভুরা বিভ্রান্ত হয়েছিলেন: এই সব রাজাহীন ইন্ডিয়ানরা যে মান্য করার অভ্যাসটিই হারিয়ে ফেলেছে।
১৫৪৫ সালে ফাদার টমাস দে লা টোরে বর্ণনা করেছিলেন, জিনাকান্টন থেকে আসা তজতজিলরা যুদ্ধ পরিচালনার জন্য কোন একজনকে বেছে নিয়েছিল এবং "যখন সে কাজটি ভালোভাবে করতে পারেনি, তখন তাঁরা তাকে বাদ দিয়ে অন্য আরেকজনকে বেছে নিয়েছিলেন।" যুদ্ধ আর শান্তি স্থাপনেও সম্প্রদায়গুলি তাঁদের পক্ষে নেতা নির্বাচন করেছিল এবং তাঁরা তাদের সেরা শ্রোতাদের বেছে নিয়েছিল।

ঔপনিবেশিক কর্তৃপক্ষ মায়ানদের কাছে থেকে শ্রদ্ধা আদায় ও বাধ্যতামূলক শ্রম দিতে বাধ্য করার জন্য অনেক লাঞ্চনা ও ফাঁসির ব্যবস্থা করেছিল। ১৫৫১ সালে, চিয়াপাসে ম্যাজিস্ট্রেট টমাস লোপেজ দেখলেন যে, তাঁরা দাসত্ব প্রত্যাখ্যান করছে এবং তা দেখে তিনি তাদের তিরস্কার করে বলেছিলেন:
"এরা হচ্ছে সেই সব মানুষ যারা প্রয়োজন মেটানোর যথেষ্ট কাজ করে কিন্তু তারপর আর না।"
দেড় শতাব্দি পরে, টোটোনিকাপেন গভর্ণর ফুয়েন্তেস গুজম্যানকে স্বীকার করতে হয়েছিল যে, নতুন স্বৈরশাসন তেমন কোন অগ্রগতি অর্জন করতে পারেনি। ইন্ডিয়ানরা জীবনধারণ করতে থাকে, "মান্য করার মতো শ্রেয় কোন নেতা ছাড়াই তাঁরা নিজেদের মধ্যে আলোচনা সভা করে, পরামর্শ করে, উপদেশ দেয় আর রহস্য ধারণ করে। আমাদের জন্য কিছুই বাকি রাখেনা।"