২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

এদুয়ার্দো গালেয়ানোর দর্পণ : নানান জাতির শয়তানদের কাহিনী

আসাদ মিরণ আসাদ মিরণ

Published : 17 Jul 2021, 08:22 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM


মূল: এদুয়ার্দো গালেয়ানো
তর্জমা: আসাদ মিরণ

শয়তান ইহুদি
হিটলার কিছুই আবিস্কার করেননি। দু'হাজার বছর ধরে ইহুদিরা ছিল যিশুর ক্ষমারঅযোগ্য গুপ্তঘাতক এবং সমস্ত পাপের জন্য একাই দায়ী।
আপনি কী বুঝাতে চাচ্ছেন, যিশু কি ইহুদি ছিলেন? বারো জন দূত আর চারজন সুসমাচার প্রচারক, তারাও কি ইহুদি ছিলেন? অসম্ভব। প্রকাশিত সত্যগুলি সন্দেহের বাইরের জগতে বাস করে: সিনাগগগুলিতে শয়তান ইহুদিদের আমন্ত্রিত অতিথিদের অশুচি, পবিত্র জলে বিষ প্রয়োগ, কাউকে সর্বস্বান্ত করা ও প্লেগ ছড়িয়ে দেবার শিক্ষা দেয়।
১২৯০ সালে ইংল্যান্ড তাঁদেরকে বিতাড়িত করে, একজনকেও ছাড় দেয়নি। তবে এই ঘটনা মার্লো* এবং শেক্সপিয়ারকে দমাতে পারেনি, যাদের জীবনে সম্ভবত একবারের জন্যও কোন ইহুদির সাথে সাক্ষাতের ঘটনা ঘটেনি। তবুও তাঁরা এমন সব পরজীবী রক্ত-চোষা মহাজন শ্রেণীর চরিত্র উদ্ভাবন করেছেন যারা, ব্যাঙ্গচিত্রের সাথে মানানসই।

মন্দের সেবা করার অভিযোগে, এই সব অভিশপ্ত মানুষেরা পথভ্রষ্টের মতো নির্বাসন থেকে নির্বাসনে, হত্যাকান্ড থেকে গণহত্যার জন্য বহু শতাব্দি ধরে ঘুরে বেড়িয়েছে। ইংল্যান্ডের পরে, তাদেরকে ফ্রান্স, অস্ট্রিয়া, স্পেন, পর্তুগাল এবং বেশ কয়েকটি সুইস, জার্মান ও ইতালীর শহর থেকে পর্যায়ক্রমে উৎখাত করা হয়েছে। স্পেনে তাঁরা তের-শো বছর ধরে বাস করছিল। যখন তাঁরা চলে গিয়েছিল, তখন তাঁরা নিজেদের ঘরের চাবিগুলিও সঙ্গে নিয়ে গিয়েছিল। কিছু চাবি এখনো তাদের কাছে আছে।

হিটলার নির্মিত বিশাল কসাইখানা ছিল এক দীর্ঘ ইতিহাসের চূড়ান্ত পরিণতি।
ইহুদি শিকার বরাবরই একটি ইউরোপীয় খেলা ছিল।
এখন ফিলিস্তিনিরা, যারা কখনো এই খেলা খেলেনি, তারা হিসাব দিচ্ছে।
টীকা:
[* ক্রিস্টোফার মার্লো, কিট মার্লো নামেও পরিচিত ছিলেন। তিনি ছিলেন একজন ইংরেজ নাট্যকার, কবি এবং এলিজাবেথের যুগের অনুবাদক।]

শয়তান কালো
রাতের মতো, পাপের মতো, কালো হলো নিষ্কলুষতা ও আলোর শত্রু।
মার্কো পোলো তাঁর বিখ্যাত ভ্রমন গ্রন্থে জাঞ্জিবারের* অধিবাসীদের বর্ণনা দিয়েছেনঃ "এরা বেশ কালো এবং সম্পূর্ণ উলঙ্গ… তাদের মুখগুলি বেশ বড়, আর তাদের নাক, ঠোঁট আর চোখ এতো চ্যাপ্টা ও বড় বড় যে তাঁরা দেখতে ভীষণ ভয়ঙ্কর। যে কেউ তাদেরকে ভিন্ন কোন দেশে দেখতে পেলে বলবে, এরা শয়তান।"
তিন শতাব্দি পর স্পেনে, এক কালো রংয়ের লুসিফারকে* বিভিন্ন প্লে হাউজ ও মেলার মঞ্চে আগুনের রথে চড়তে দেখা যায়।
সন্তু থেরেসা* তাঁকে ঝেঁড়ে ফেলতে পারেননি। একবার না-কি লুসিফার ঠিক তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন, "কালো রঙের কুৎসিত এক ছায়া।" আরেকবার, থেরেসা দেখলেন, লুসিফার তাঁর প্রার্থনার বইয়ের ওপর বসে আছে। তিনি দেখতে পেলেন- তার কালো শরীর থেকে একটি লাল শিখা বের হয়ে আসছে, প্রার্থনা তাকে পুড়িয়ে ফেলেছিল।
আমেরিকাতে সকলেই জানতো যে, শয়তানই আবাদী জমিতে ঢোল পিটিয়ে আমদানীকৃত হাজার হাজার ক্রীতদাসদের অবাধ্য হবার আহবান জানাতো। আর পাপের জন্য জন্মগ্রহণকারী তার সন্তানের দেহে গান-বাজনা, যে কোন কিছুতে তাল পাকানোর ক্ষমতা ও ভীতি সৃষ্টির কৌশল ঢুকিয়ে দিতো। এমনকি গরীব ও দন্ডপ্রাপ্ত গাইচো*, মার্তিন ফিয়েররোও* নিজেকে কৃষ্ণাঙ্গদের সাথে তুলনা করতে স্বস্তিবোধ করেছিলেন:
তিনি বলেছিলেন, "নরকের অনিষ্টকারী হিসেবে, ঐ লোকগুলিকে শয়তান সৃষ্টি করেছিল।"

টীকা:
[*জাঞ্জিবার পূর্ব-আফ্রিকার উপকূলে অবস্থিত তাঞ্জেনিয়ার একটি দ্বীপপুঞ্জ।
*শয়তানের আরেক নাম।
*তিনি ছিলেন একজন স্প্যানিশ অভিজাত নারী। যিনি অন্তরে চার্চে জীবন অতিবাহিত করার আহবান উপলব্ধি করেছিলেন। তাকেও যীশুর সেইন্ট তেরেসা নামেও অভিহিত করা হয়।
*আমেরিকার ক্ষেত ও বাগানে কাজ করার সময় ক্রীতদাসদের নিজেদের বিনোদনের জন্য ড্রাম ও গান গাওয়ার অনুমতি দেয়া হয়েছিল। পরে, সেটা বিদ্রোহের কাজে ব্যবহৃত হতে পারে বিধায় নিষিদ্ধ করা হয়েছিল। উদাহরণস্বরূপ: ১৭৩৯ সালে সাউথ ক্যারোলাইনাতে একটি সহিংস দাস বিদ্রোহের সূচনাকালে ড্রামগুলি অস্ত্র ধারণের ডাক হিসেবে ব্যবহৃত হয়েছিল।
*ইউরোপীয় ও রেড ইন্ডিয়ানদের সংকর জাতিভুক্ত কাউবয়
*"মার্তিন ফিয়েররো" হলো আর্জেন্টিনার লেখক হোসে এর্নান্দেস'র ২,৩১৬ লাইনের একটি মহাকাব্য। সে কাব্যের মূল চরিত্র মার্তিন ফিয়েররো সীমান্তের একটি দূর্গে আর্জেন্টিনার সীমান্ত রক্ষার জন্য আদিবাসীদের বিরুদ্ধে লড়েছিল।]
 
শয়তান নারী
ম্যালিয়াস ম্যালিফিকারাম*, যা ডাইনির হাতুড়ি হিসেবেও পরিচিত। গ্রন্থে বক্ষোদেশের অধিকারী ও দীর্ঘ কেশী ডাইনীদের তাড়ানোর জন্য নির্মম কৌশল ব্যবহারের সুপারিশ করা হয়েছে।
পোপ অষ্টম ইনোসেন্টের অনুরোধে, হেনরিক ক্র্যামার কার্মার ও জ্যাকব স্প্রেঞ্জার নামের দু'জন জার্মান ইনকুইজেটর এই গ্রন্থটি লেখেন। পরবর্তীতে যেটি হোলি ইনকিউজেশন আদালতের আইনগত ও পারমার্থিক ভিত্তিতে পরিণত হয়েছিল।
লেখকদ্বয় গ্রন্থে প্রতিপাদন করেছেন যে, শয়তানের হারেমবাসিনী স্ত্রীলোকগণ, নারীদের প্রাকৃতিক অবস্থার প্রতিনিধিত্ব করে। কেননা, "সমস্ত জাদুবিদ্যাই যৌন লালসা থেকে আসে, যা নারীদের মাঝে অতৃপ্ত অবস্থায় থাকে।" কার্মার ও স্প্রেঞ্জার এ ধরণের সত্তার সুখাবহ দিক সম্পর্কে হুঁশিয়ার থাকতে বলেছেন। তাদের মারাত্মক সঙ্গী পুরুষদের জাদু করে, তাদের প্রলুব্ধ করে। সর্পের হিসহিস ধ্বনি, বিচ্ছুটির লেজ হয়ে, কেবল তাদের ধ্বংস করে।
অপরাধতত্ব সম্পর্কিত এই গ্রন্থে, জাদুবিদ্যার সাথে সম্পৃক্ত প্রত্যেককে নির্যাতন করার পরামর্শ দেয়া হয়েছে। যারা এই দোষ স্বীকার করবে, তারা শূলে চড়ানোর উপযুক্ত হবে; যারা স্বীকার করবে না, তারাও এই শাস্তির আওতায় পড়বে। কেননা, প্রেমিক শয়তান দ্বারা প্রতিশ্রুতিবদ্ধ কোন জাদুকরী সবকিছু গোপন করে এ ধরণের শাস্তি এড়িয়ে যেতে পারে।
পোপ তৃতীয় হোনোরিয়াস আদেশ জারি করেন:
"নারীদের কথা বলা উচিত না। তাদের ঠোঁট ইভের কলঙ্ক বহন করে, যা পুরুষদের ধ্বংসের দিকে ধাবিত করে।"
আটশো বছর চলে গেছে, ক্যাথলিক চার্চ এখনও নারীদের মিম্বারে স্থান দিতে অস্বীকার করে।
একই ভয় মৌলবাদী মুসমানদেরকে নারীদের খতনা (যৌনাঙ্গ বিকৃত করতে) ও তাদের মুখ ঢেকে রাখতে তাড়িত করে।
আর এক ধরণের স্বস্তির অনুভূতি পেতে গোঁড়া ইহুদি পুরুষরা নিত্য দিনের শুরুতে ফিসফিস করে বলে:
"প্রভু, আমাকে নারী না বানানোর জন্য আপনাকে ধন্যবাদ।"
টীকা:
[*জাদুবিদ্যার সর্বাধিক পরিচিত গ্রন্থ।]