২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

কাফকা একজন ঢাকাইয়া লেখক!

হামীম কামরুল হক

Published : 03 Jul 2021, 01:35 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM


ঢাকাইয়া, মানে ঢাকা শহরের লেখক কাফকা। তা কী করে হয়? হয়। অমিত লাহিড়ীর অনুবাদে Die Verwandlung (যা ইংরেজিতে ''মেটামরফসিস'') বেরুল ২০২০ সালে ''বদল'' নামে। এর আগে বাংলা ও ইংরেজিতে দুই/তিন দফা পড়েছিলাম। কিন্তু এইবার পড়ে মনে হলো, কাফকা যেকোনো নগরের লেখক তো বটেই খোদ ঢাকার লেখকই কাফকা।
ঢাকার লেখক বলতে, বর্তমান ঢাকায় চলছে এক উদ্ভট পুঁজিবাদী ব্যবস্থা। স্বার্থ, অর্থ, টাকা ছাড়া, ভোগ ছাড়া কোনো যোগাযোগ যেন আর গড়ে উঠছে না। বিচ্ছিন্নতা ক্রমে গাঢ়তর গভীরতর হয়ে উঠেছে। আমরা হারাচ্ছি মানবিক সব বোধ। এই যে নগর, সে তো কাফকারই নগর। এই নগরের লেখকও তাই কাফকা।

মূল জার্মান থেকে করা এই অনুবাদে কাফকা আর প্রাগের জার্মানভাষী লেখক থাকেন না, হয়ে ওঠেন বাঙালি লেখক।
এর আগেও কাফকার প্রধান প্রধান রচনার সবগুলিই বাংলায় অনূদিত। কিন্তু সেসব পড়ে তাঁকে নিয়ে এই অনুভব জাগেনি। অনেকেরই জানা আছে জার্মান বা ইউরোপের বহু দেশেই অন্য ভাষার লেখকদের এত ভালো অনুবাদ করা হয় যে তাঁদের আর অন্য ভাষার লেখকই মনে হয় না। ইংরেজ শেক্সপিয়র জার্মানিতে জার্মান হয়ে যান। আবার জার্মান কেউ ইংরেজিতে ইংরেজ। এর মানে হলো, পাঠক পড়তে গিয়ে মনে করে নিজের ভাষায়ই বিদেশের লোকের বই পড়ছে যাকে আর অনুবাদ বলেই মনে হচ্ছে না। সেভাবেই কাফকাকে মনে হলো ঢাকা শহরের, বা যেকোনো নগরের লেখক।
মহাভারতের আমল থেকে কি তারও আগে নগর ও গ্রাম্য ভেদ ছিল। কাফকা এই শহুরে সমাজের এক আদিমতার আধুনিক কথক। যে আদিম নির্মম, অনুকম্পাহীন। ফলে প্রত্যেকে সব দিক থেকে নিজেকে একা ভাবতে বাধ্য হয়। একাকিত্ব কোনো বিলাসিতা নয়, এক নিঠুর কঠোর অবস্থানবিন্দু।

১৯১২ সালের লেখা Die Verwandlung বর্তমানে আরো কি অমোঘ, মারাত্মক প্রসাঙ্গিক হয়ে উঠেছে। এছাড়াও তার অন্যান্য লেখা ''বিচার'' ''দুর্গ'' বা ''আমেরিকা'' কি তাঁর গল্পগুলি তো আছেই। কিন্তু দেখা গেল তিনি মূলত দুটি লেখার জন্য প্রবলভাবে ফিরে ফিরে আসছেন, এর একটি হলো রূপান্তর বা বদল, আরেকটি হলো ''বিচার''। প্রথমটিকে একজন গ্রেগর সামসা/ জামজা বিরাট পোকা হয়ে যায়, পরেরটিতে বলা কওয়া নেই হঠাৎ গ্রেপ্তার হয় জোসেফ কে।
যারা আর্থার কোয়েসলারের ''ডার্কনেস অ্যাট নুন'' পড়েছেন, তা যে আরেক দফা কাফকায়েস্ক, এ নিয়ে বোধ হয় সন্দেহ নেই। তবে তা আরো সরাসরি।
হঠাৎ এমন বিপদে পড়ার নানান কাহিনি নিয়ে জগতের বহু লেখা আছে। বাংলায় অমলেন্দু চক্রবর্তীর '' গোষ্ঠবিহারীর জীবনযাপন''-এর প্রথম বাক্যটা আমাদের সচকিত করে, কারণ গোষ্ঠবিহারী মাসপয়লা পুরো মাইনেটা রাস্তায় খুইয়ে বসেন।


"জীবন ও রাজনৈতিক বাস্তবতা"য়,(শহীদুল জহিরের নভেলেট মনে রেখেও), জীবনের অর্থনৈতিক ও নৈতিক বাস্তবতায় হানা দেওয়ার কাজটাই বোধ হয় লেখকের প্রধান কাজ। এছাড়া আর কী! কুন্দেরা বলেন অস্তিত্বের তদন্ত ছাড়া আর কী করতে পারে উপন্যাস? এই তদন্তের ধারার রূপকায়িত রূপ কাফকার লেখা। আবার কাফকাকে নানান দিক থেকে দেখা যায়। কিন্তু কাফকা ঠিক বাস্তববাদীও নয়, প্রখর মনোবিশ্লেষণ তো কাফকা স্বয়ং এড়িয়ে যেতে চেয়েছিলেন।
কাফকা জয়েস, প্রুস্ত, ভার্জিনিয়া উলফের মতো জটিল বাক্যবিন্যাস করেননি, অথচ তিনি মোটেও সরল কোনো লেখকও নন। সহজ বাক্য বিন্যাসে জটিল ও ভয়াবহ সময় ও মানুষের ছবিই এঁকেছেন। কিন্তু তিনি কালারফুল লেখকও নন। তাঁর লেখাতে বরং একটা অন্ধকারাচ্ছন্ন ভাব থাকে, নোয়ির ফিল্মের মতো। তার লেখা পড়লেই বোঝা যায় তিনি এযুগের নন, কিন্তু পড়ার পর তিনি হয়ে ওঠেন চিরয়াত লেখক। সব যুগের সমাকালীন লেখক।


জেমস জয়েস, মার্সেল প্রুস্ত, ফ্রানৎস কাফকা, ইতালো সিভো—এ নামগুলি এক নিশ্বাসে নেওয়া হয়। যোগ হন টমাস মান ও রবার্ট মুসিল। সাহিত্যের স্তরবিন্যাসে একেবারে উচ্চমার্গীয় নাম এঁরা। হাল আমলের কিছু আগে উলিয়াম এস. বারোজ, রে ব্রাডবেরি এবং কার্ট ভানেগার্ট— তাঁদের জাত আবার আলাদা। কিন্তু সবখানে হানা দিয়ে যান কাফকা। সেই অন্ধকারাচ্ছন্ন ধ্বংসোন্মুখ পরিণতি নিয়ে যখন মানুষেরা হাজির হয় কাফকার লেখা চরিত্রগুলি আকার পেতে থাকে বার বার।
বাংলায় লেখা প্রায় কোনো গল্পকাহিনিই শহুরে প্রেক্ষাপটে আদল পায় না। এর ভেতরই লেখা হয় শওকত আলীর ''দক্ষিণায়নের দিন''(ত্রয়ী উপন্যাস) কি ইলিয়াসের ''চিলেকোঠার সেপাই''। তাও তাঁদের একেবারে পাঁড় নাগরিক লেখক কি বলা যায়? বাংলায় এমন লেখকদের মধ্যে সন্দীপনই শীর্ষে। কিন্তু তাঁর নাগরিকতা দম পায় না। অল্পে ফুরিয়ে যায়। রবার্ট মুসিল-টমাস মানের মতো বিরাট প্রবাহ তৈরি করে না। আধুনিক মানুষের মন-মনন নিয়ে তাতে বিচিত্র গিমিক থাকলেও দার্শনিক তদন্ত নেই, যে অদার্শনিক-তদন্ত কোনো লেখক কবি মাত্রই করে থাকেন। আসলে লেখক পাঁড় নাগরিক হবেন না গ্রামীণ হবেন— তাতে কিছু যায় আসে না। আসলে তার লেখাটা লেখার মতো হলে আর কী চাই।
কিন্তু আজ যেজন্য এসব বাখোয়াজি, এর মূল কারণ হলো, বাংলায় বিদেশি লেখকদের লেখা এমনভাবে পেতে চাই, যাতে তাদের আর বিদেশি ভাষার মনে হয় না। মনে হতে পারে বাংলারই লেখক যেন তারা। অন্তত ভাষাগত দিক থেকে।


শোপেনহাওয়ারের কথা ছিল বেশি না পড়ার জন্য। পড়তে হবে ক্ল্যাসিক, এবং ভালো তেমন বই কমপক্ষে দুইবার। আমরা যদি আমাদের প্রধান লেখকদের পাশাপাশি বিশ্বের প্রধান লেখকদের লেখা ''সাহিত্যস্বাদের বাংলা''য় পড়তে পারি, তো আসলে বর্তে যাই। আর তেমনটা পাওয়ার জন্য আমাদের শিক্ষিত মানুষদের একটা অংশকে জগতের নানান ভাষার সঙ্গে নিবিড় পরিচয় থাকা ছাড়া উপায় কী। কিন্তু তা কেবল ভাষাই নয়, সেসব ভাষার সাহিত্য ও চিন্তাচর্চার সঙ্গে। দেখা যায়, বিদেশি ভাষাটা যারা শিখছেন, তারা বাংলাটাও জানেন না, যারা বিদেশি ভাষা শেখেন, তারা শেখেন কোনো একটা কিছুতে সুযোগ পাওয়ার জন্য। ওই ভাষার প্রতি না আছে তার প্রেম, না ওই ভাষার সাহিত্যের প্রতি। ফলে কাজের কাজ কিছুই হয় না। আমাদের উচিত বাংলাভাষার শিক্ষাটা জোরদার করার পাশাপাশি এশিয়ার নানান ভাষা, সেটা পাশের দেশ মায়ানমার/ বার্মা কি লাওস, থাইল্যান্ড হোক, কি চিনা জাপানি কোরিয়ান। আমরা সেসব ভাষার সাহিত্য নিজের ভাষায় এমনভাবে পড়তে চাই যেন মনে হয় আমরা ''বাংলা-ই'' পড়ছি। সেই দক্ষতা তৈরির জন্য আমাদের কিছু লোক চেষ্টা করতেই পারেন। বিপুল মাঠ অনাবাদি পড়ে আছে। আবাদ করলে বিপুল ফসল ফলবে।
আজ কাফকার জন্মদিনে এই আর্জিটুকুই রাখতে চাই।
বাংলার জয় হোক, বাঙালির জয় হোক, বিশ্বসাহিত্য ও বিশ্বমানবতার জয় হোক।