২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

ঔপন্যাসিক বোর্হেসের উপন্যাস না-লেখার শিল্প

রাজু আলাউদ্দিন

Published : 09 May 2021, 08:00 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


বোর্হেস, মানে হোর্হে লুইস বোর্হেসের প্রভাব স্প্যানিশ সাহিত্যে এতটাই আগ্রাসী ও সর্বাত্মক ছিল যে শুধু গল্পই নয়, এমনকি আধুনিক লাতিন আমেরিকান উপন্যাসও তার প্রভাব এড়িয়ে লেখা সম্ভব হয়নি।

এই প্রসঙ্গে আমাদের মনে পড়বে কার্লোস ফুয়েন্তেসের সেই উক্তি: "Without his prose, there would be no modern novel in south America today". এমনকি যারা তার মতো লেখেননি, তাদের উপরও পড়েছিল বোর্হেসের ভূতুরে ছায়া। কিন্তু প্রশ্ন হলো, যিনি লাতিন আমেরিকান পরবর্তী গল্প-লেখক ও ঔপন্যাসিকদের প্রভাবিত করলেন, যিনি ৭০/৮০ টির মতো গল্প লিখলেন, লিখলেন বেশ কিছু প্যারাবল বা রূপকগল্প, কিন্তু আশ্চর্য, তিনি একটি উপন্যাসও লিখলেন না। অথচ অনুবাদ করেছেন আঁদ্রে জীদ, ফকনার, কাফকা, ভার্জিনয়া উল্ফ-এর উপন্যাস। এমন নয়, যে এসব তিনি প্রকাশক বা অন্যের তাগিদে কিংবা অর্থের প্রয়োজনে অনুবাদ করেছেন। স্রেফ মনের তাগিদেই করেছেন। আবার অনুবাদ করেননি, কিন্তু সের্বান্তেস, আদোল্ফো বিয়ই কাসারেস, উইলকি কলিন্স, হেনরি জেমস, কাফকা, মেলভিল, আঁদ্রে জীদ, ভলতেয়ার, একা দে কিরোজ, দস্তয়েভস্কি, যোসেফ কনরাড, ফ্লবেয়ার, রুলফো, ডানিয়েল ডিফো, জোনাথন সুইফটসহ বহু লেখকের উপন্যাসের ভূমিকা লিখেছেন যখন সেগুলো স্প্যানিশে অনূদিত হয়ে প্রকাশিত হলো। এসব যে উপন্যাসের প্রতি তার বিতরাগের প্রকাশ নয় তা সহজেই অনুমেয়। তিনি ছিলেন এমন এক লেখক যিনি রুচি ও আস্থার বিরুদ্ধে গিয়ে কিছুই করেননি প্রায়। ফলে পক্ষপাত না থাকলেও, বিতরাগ নিশ্চয়ই ছিল না। এবং বোর্হেস সম্পর্কে ওয়াকিবহাল মাত্রই জানেন তিনি ছিলেন গোয়েন্দা উপন্যাসের এলাহি ভক্ত। তার প্রিয়দের মধ্যে ছিলেন আগাথা ক্রিস্টি,এলারি কুইন, ড্যাসেল হ্যামেট। গোয়েন্দা উপন্যাস তার এতটাই প্রিয় ছিল যে এরই অনুকরণে তিনি 'মৃত্যু ও কম্পাস' নামক এক দুর্দান্ত গল্পও লিখেছিলেন। কিন্তু তবু, জীবনে তিনি একটি উপন্যাসও লেখেননি। এবং লেখেননি বলে এ নিয়ে তার কোনো অনুতাপ বা আফসোসও ছিল না। তবে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের হেফাজতে থাকা মৃত্যুর পর বোর্হেসের অপ্রকাশিত ও অসমাপ্ত পান্ডুলিপি ও নথিপত্র ঘেটে হুলিও ওর্তেগা বোর্হেসের লেখা পাঁচটি পৃষ্ঠা পেয়েছিলেন যেখানে The Rivero Family বলে একটি ঐতিহাসিক উপন্যাসের প্রাথমিক খসড়া লক্ষ্য করেন। ওর্তেগার ধারণা উপন্যাসটি কিছু দূর এগিয়ে বোর্হেসের কাছে যখন মনে হল এটি উপন্যাস হয়ে উঠছে তখন তিনি ওটা ওখানেই থামিয়ে দেন। La Tercera নামক এক জার্নালে রবের্তো কারেয়াগার সাথে ওর্তেগা এই অসমাপ্ত উপন্যাস সম্পর্কে পরে বলেছিলেন যে "My hypothesis is that when he realized that he had to continue writing, he saw, with horror, that he was about to write a novel… And he abandoned the story, surely with a sense of relief," (https://www.faena.com/aleph/borges-and-the-art-of-not-writing-a-novel)

ওর্তেগা যা বলছেন তা হয়তো নিছকই অনুমান। বোর্হেসের ওই সময়ের অনুভূতি পুরোপুরি বুঝে-ওঠা, কিংবা অনুমান করা বেশ দুরূহ, তবে এই অনুমান ভিত্তিহীন নয়। কিন্তু তবু বোর্হেসের মনোজগতের কিছু ইঙ্গিত এই বক্তব্যের মধ্যে আছে যাকে সত্য বলে মেনে নেয়া যায় যদি বোর্হেসের লেখার সঙ্গে ঘনিষ্ঠভাবে আমাদের জানাশোনা থাকে। ওর্তেগা নিশ্চয়ই সেই ঘনিষ্ঠ অভিজ্ঞতা থেকেই মন্তব্যগুলো করেছেন। আমরা দেখতে পাচ্ছি এক সময় উপন্যাস লিখতে গিয়েও বোর্হেস তা শেষ না করেই বা কিছু দূর এগিয়ে তা পরিত্যাগ করেন এবং ওর্তেগার ভাষায়, 'নিশ্চিতভাবেই স্বস্তির এক বোধ থেকে'। কিন্তু 'স্বস্তি' কেন এবং কেনই বা ত্যাগ করলেন? এই প্রশ্ন দুটো আমাদেরকে খানিকটা উতলা করে তোলে; কারণ শুরুই যদি করলেন, কেন শেষ করলেন না।

কৌতুহলটা আমাদের জন্য আরও তীব্র হয়ে ওঠে এটা জানার কারণে যে তিনি উপন্যাস সম্পর্কে বেশ খানিকটা নেতিবাচক মন্তব্য করেছিলেন। এমনও বলেছেন, "উপন্যাস এমন একধরনের সাহিত্যকর্ম, যা একসময় হারিয়ে যাবে।"(হোর্হে লুইস বোর্হেসের সাথে সাতটি আলাপ, ফের্নান্দো সররেন্তিনো, পাঞ্জেরী প্রকাশনী, ২০২১, পৃ: ১৬১) তার এই মন্তব্যের পর অর্ধশতক পেরিয়ে গেছে, উপন্যাস এখনও বহাল তবিয়তেই শুধু নয়, শানশওকতের সাথেই আছে। খুব শিগগিরই উপন্যাস তার জনপ্রিয়তা হারাবে বলেও মনে হয় না। কিন্তু তবু, এটা আমাদের আগ্রহকে তাতিয়ে তোলে যখন জানতে পারি যে একদিকে উপন্যাসের প্রতি তার এই বিরাগ, অন্যদিকে তার উপন্যাস লেখার এক অসমাপ্ত প্রয়াস। ফের্নান্দো সররেন্তিনোর সাথে এক সাক্ষাৎকারে ১৯৭১ সালে তিনি বলেছিলেন যে "আমার মনে হয় যদি আমি কোনো উপন্যাস লিখতে শুরু করতাম আমার কাছে এটা অর্থহীন মনে হতো এবং আমি এর শেষটা ধরে রাখতে পারতাম না।"(হোর্হে লুইস বোর্হেসের সাথে সাতটি আলাপ, ফের্নান্দো সররেন্তিনো, পাঞ্জেরী প্রকাশনী, ২০২১, পৃ: ১৭১) বাস্তবে হলোও তাই, অন্তত হোসে অর্তেগার অনুসন্ধান ও ভাষ্য আমাদেরকে সেই সাক্ষ্যই দেয়।

তাহলে ওই না-পারার জন্যই কি তিনি উপন্যাস লেখা শুরু করেও, পরে তা পরিত্যাগ করলেন? আমরা সবাই জানি, গল্প ও উপন্যাসের কলাকৌশল সম্পর্কে তার ধারণা ছিল বিস্ময়কর রকমের স্বচ্ছ এবং পরিপূর্ণ। এ দুয়ের পার্থক্যও তিনি জানতেন। এই জানাশোনা সত্ত্বেও তিনি কেবল সফল গল্পই লিখলেন না, লিখলেন রীতিমতো গোটা বিশ্বসাহিত্যেই বাঁকবদল করার মতো অসংখ্য গল্প। সেই তিনি কি একটি উপন্যাসও লিখতে পারতেন না? আসলেই তিনি পারতেন না। এই না-পারা অক্ষমতাজনিত নয়, বরং মাত্রারিক্তি সক্ষমতাপ্রসূত। অত্যধিক ক্ষমতাই তাকে অক্ষম করে রেখেছিল। শৈল্পিক দক্ষতার এমন এক শীর্ষে তিনি অবস্থান করছিলেন যে ওখান থেকে তিনি শিল্পের অন্যান্য মাধ্যমের তুলনায় উপন্যাসকে অপেক্ষাকৃত শিথিল মাধ্যম হিসেবে বিবেচনা করেছেন। উপন্যাসের এই শিথিলতাই হয়তো তাকে দিয়েছে অন্য যে-কোনো শিল্পমাধ্যমের তুলনায় একটু বেশি জণগ্রাগিতা ও প্রিয়তা। বিশ্বব্যাপী গল্প নয়, কবিতা নয়, প্রবন্ধ নয়, সাহিত্যের জনপ্রিয় মাধ্যম তো এখনও পর্যন্ত উপন্যাসই। কিন্তু বোর্হেসের কেন এই বিরূপতা উপন্যাসের প্রতি? আমরা জানি, গল্পের জগতে ভাষা, শৈলী, শিল্পকুশলতা, সংযম, যথাযথতায় তিনি ছিলেন এক ওস্তাদ শিল্পী। অভিনব বিষয় উদ্ভাবনায় তার জুরি মেলা ভার। দর্শন ও ধর্মতত্ত্বকে সাহিত্যের উপাদানে রূপান্তরে তার অসামান্য ভূমিকার কথা, সর্বোপরি নন্দনতত্ত্বের নতুন বিন্যানের কথা সবারই জানা। বোর্হেসের আগে কোনো ভাষাতেই এককভাবে কোনো লেখক একই সঙ্গে এতগুলো বিষয়কে পুনর্বিন্যাস ও প্রভাবিত করেছেন কিনা জানি না। একইসঙ্গে যুক্তি ও আবেগ, গাণিতিক হিসেবের পাশেই খামখেয়োলিপনা–মানুষের পরস্পরবিরোধী এই প্রবৃত্তিগুলোকে নিখুঁত যৌক্তিক পরম্পরায় বেঁধে দিয়েছেন তিনি তার গল্পগুলোয়, যেখানে কোন কিছুর ঘাটতি যেমন নেই, তেমনি নেই বাড়তি কিছু। বার্গাস যোসা তার গদ্যের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছিলেন, "প্রতিটি শব্দের আলাদা স্বাদ নেয়া যায়। বোর্হেসের গদ্যের বৈপ্লবিক দিক হলো এতে শব্দ যত কল্পনাও তত, সংক্ষিপ্তকরণ এবং যথার্থ শব্দ প্রয়োগে তাঁর অনন্যতাই এর কারণ।" (প্রসঙ্গ বোর্হেস, সম্পা: রাজু আলাউদ্দিন, ঐতিহ্য, ২০১০, পৃ: ২৭)
শিল্পের এই অভাবনীয় ও অপূর্ব দক্ষতা যে-শিল্পীর অধীন, তার পক্ষে উপন্যাস লেখা কঠিন। এই ব্যাপারটা লাতিন আমেরিকার ঔপনাসিকরাই শুধু নন, মার্কিনি ও ইউরোপিয় ঔপন্যাসিকরাও পরিস্কারভাবে উপলব্ধি করেছিলেন বলেই উপন্যাসের প্রতি বোর্হেসের বিরূপতা সম্পর্কে ছিলেন নিশ্চুপ। তারা হাসান আজিজুল হকের মতো এটা মনে করতেন না যে বোর্হেসের কলমের কালি ফুরিয়ে গেছে বলে উপন্যাস লিখতে পারেননি, বরং ঘটনা হচ্ছে এই যে উপন্যাসের মতো শিথিল একটি মাধ্যমে তিনি কালির অপচয় করতে চাননি।

উপন্যাসের প্রতি তার বিরূপতার পেছনে ধারণাগত ইতিহাস এবং কলাকৌশলগত কারণগুলো একটু খতিয়ে দেখা যাক।
প্রথমেই দেয়া যাক ধারণাগত দিকগুলো। আর্হেন্তিনিয় ঔপন্যাসিক হুয়ান হোসে সায়েরের ভাষায়:
"উপন্যাসের প্রতি বোর্হেসের বিরূপতা এসেছে, এক অর্থে ভালেরির কাছ থেকে যিনি একইভাবে বিতৃষ্ণা দেখিয়েছেন এর প্রতি। অন্যজন হচ্ছেন বোর্হেসের গুরু আর্হেন্তিনিয় লেখক মাসেদোনীয় ফের্নান্দেস, যিনি দুটি উপন্যাস লিখেছিলেন: একটির নাম অদ্রিয়ানা বুয়েনোস আইরেস, এটির উপশিরোনাম হিসেবে জুড়ে দিয়েছেন 'সব শেষ খারাপ উপন্যাস'। অন্যটির নাম শাশ্বত উপন্যাসের স্মৃতিশালা। এটির উপশিরোনাম হচ্ছে 'প্রথম ভালো উপন্যাস'। 'সব শেষ খারাপ উপন্যাস'টি হলো মনস্তাত্ত্বিক উপন্যাস নিয়ে একটি প্যরোডি। 'সাংস্কৃতিক কারখানা' যাকে বলা বা অভিহিত করা হচ্ছে, সেখানে আন্তর্জাতিক পর্যায়ের সব সাহিত্যে আজ কীভাবে এর চর্চা হচ্ছে, তা নিয়ে এক কৌতুকাবহ উপন্যাস। মাসেদোনীয় ফের্নান্দেসের 'প্রথম ভালো উপন্যাস' বা শাশ্বত উপন্যাসের স্মৃতিশালা মূলত একরাশ ভূমিকা; গোটা উপন্যাসটিই হচ্ছে প্রকাশিতব্য এক উপন্যাসের ভূমিকাসমূহের এক দীর্ঘ তালিকা, যে উপন্যাস আর কখনোই প্রকাশিত হয় না। উপন্যাস লেখা সম্পর্কে এ দুটি নেতিবাচক মনোভাবের উৎস ঐতিহাসিক, কিংবা এভাবে বলা যেতে পারে, উপন্যাস লেখার ব্যাপারে এ দুটি উদাহরণ সক্রিয় ছিল বোর্হেসের ব্যক্তিগত নেতিবাচক মনোভাবের পেছনে।" (প্রসঙ্গ বোর্হেস, সম্পাদনা: রাজু আলাউদ্দিন পৃ: ৯৫)


হুয়ান হোসে আরও একটি কারণকেও গুরুত্বপূর্ণ বলে মনে করেন, আর সেটা হচ্ছে," উপন্যাসের বিরুদ্ধে বোর্হেসের রয়েছে তীব্র তত্ত্বগত পক্ষপাত। বলা যেতে পারে এ প্রত্যাখ্যান হচ্ছে তাৎক্ষণিক ও তুচ্ছ বাস্তববাদের এক সাধারণ প্রত্যাখ্যান; বাস্তবের বাস্তববাদী প্রতিনিধিত্বের প্রত্যাখ্যানের এক নমুনা।" (প্রসঙ্গ বোর্হেস, পৃ: ৯৬)
হুয়ান হোসের এই পর্যবেক্ক্ষণের খুব কাছাকাছি কিন্তু আরও বেশি বিশদে ও বিস্তারে গিয়ে মারিও বার্গাস যোসা বিষয়টিকে অনেক বেশি প্রত্যক্ষ করে তোলেন উপমা ও উদাহরণের মাধ্যমে।

"সাধারণভাবে উপন্যাসের প্রতি তিনি ছিলেন বীতশ্রদ্ধ। বলা যায় এর বাস্তবমুখী প্রবণতা তাঁর কাছে অস্বস্তিকর মনে হতো কারণ হেনরি জেমস এবং আরো কয়েকজন বিখ্যাত ঔপন্যাসিক ছাড়া উপন্যাস এমন একটি সাহিত্যরীতি যা বিশুদ্ধভাবে কল্পনা এবং শৈল্পিকতাকে বাধা দেয় এবং তা তত্ব এবং প্রবৃত্তি, ব্যক্তি ও সমাজ, বাস্তবতা এবং কল্পনা–মানব অভিজ্ঞতার এই মোট সমষ্টিতে দ্রবীভূত হয়ে নষ্ট হয়ে যায়। উপন্যাসের অন্তর্নিহিত ত্রুটি এবং মানব মূর্তির উপর এর নির্ভরতা বোর্হেসের কাছে অসহনীয় মনে হতো। তাই ১৯৪১ সালে দি গার্ডেন অব ফরকিং পাথস-এর ভূমিকায় তিনি লিখলেন 'কয়েক মিনিটের পরিধিতে যে আখ্যানের বিবরণ দেয়া সম্ভব তাকে বিস্তৃত করে পাঁচশো পৃষ্ঠার সুদীর্ঘ গ্রন্থরচনার অভ্যাস শ্রমসাধ্য এবং ক্লন্তিকর অসংযম।'"(প্রসঙ্গ বোর্হেস, ঐতিহ্য প্রকাশনী, ২০১০,, পৃ: ২৯)
মোটামুটি এই হচ্ছে উপন্যাস বিষয়ে তার বিরোধিতার তত্ত্বগত দিক। কিন্তু তত্ত্ব কোনোভাবেই শৈল্পিক প্রকরণ ও কুশলতা থেকে বিচ্ছিন্ন কিছু নয়। এই তত্ত্বেরও রয়েছে এক শৈল্পিক ভিত্তি, ওই ভিত্তির মেরুদন্ড ছাড়া তত্ত্বও কোনোভাবেই দাঁড়াতে পারে না। শৈল্পিক দিক থেকে বোর্হেসের পক্ষে উপন্যাসকে কেন সমর্থন করা সম্ভব হয়নি সেটা যদি আমরা খতিয়ে দেখতে চাই তাহলে আমাদের ফিরে তাকাতে হবে তার গল্পগুলোর গড়ন ও কারিগরি দিকগুলোর প্রতি।

এই কারিগরি ও শিল্পকুশলতার দিকটি নিয়ে আলোচনার সঙ্গে সঙ্গে ভাষার দিকটিও অনিবার্যভাবেই এসে যাবে এই কারণে যে প্রকরণ, বিষয় ও শিল্পকুশলতা-এসবই ভাষাশ্রয়ী। ভাষাভঙ্গির বিন্দুমাত্র পরিবর্তন না–ঘটিয়ে উপরোক্ত সবই করা সম্ভব। কিন্তু বোর্হেসের ক্ষেত্রে আমরা যা দেখতে পাই তা হলো ভাষার ক্ষেত্রে কোনো পরিবর্তন ছাড়া তার প্রার্থিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব ছিল না। কারণ তিনি যে–ধরনের লেখক ছিলেন এবং তিনি যা লিখতে চেয়েছেন তা ভাষাকে আগের মতো অপরিবর্তিত রেখে, কোনোভাবেই সম্ভভ ছিল না। ফলে যুগপৎভাবেই তাকে ভাষার ব্যাপারেও উদ্বিগ্ন হতে হয়েছে।

তার বয়স যখন ২৮ বছর, তখনই 'আর্হেন্তিনোদের ভাষা' (Fl Idioma de los Argentinos) সম্পর্কে লিখে বহু কিছু স্পষ্ট করে নিতে হয়েছে। আরও পরে লেখক হিসেবে নিজের ভাষা নির্ধারণের জন্যে লড়াই করতে হয়েছে ভাষার ভিতরেই আরেকটি ভাষাভঙ্গি নির্মাণের লক্ষ্যে। কার্লোস ফুয়েন্তেস এই লড়াইটিকে আমাদের সামনে পরিস্কারভাবে তুলে ধরেছেন এভাবে:
"স্প্যানিশ ভাষার সবগুলো সংকটের (Lacks) সাথেই বোর্হেসকে লড়তে হয়… যে-কারোর ওষ্টাধর পুড়িয়ে দেবার মতো ঠান্ডা গদ্য এই প্রথম আমাদেরকে (লাতিন আমেরিকানদেরকে) গল্প শোনায়… আমাদেরকে বিচ্ছিন্ন খোপ থেকে বের করে এনে ছুঁড়ে মারে পৃথিবীতে। এটা এমন এক ভাষা, যা আমাদেরকে সম্পর্কিত করার মাধ্যমে হীন করে না, বরং আমাদেরকে নির্মাণ করে। বোর্হেসের গদ্যের চূড়ান্ত গুরুত্ব হচ্ছে–সোজা কথায় যেটি ছাড়া লাতিন আমেরিকার আধুনিক উপন্যাসের অস্তিত্বই থাকতো না–লাতিন আমেরিকা ভাষার সংকটের মধ্যে রয়েছে, অতএব একে নির্মাণ করতে হবে– মূলত এই সত্যের সঙ্গেই তা যুক্ত হয়ে আছে। এটা করতে গিয়ে বোর্হেস সাহিত্যের সবগুলো জনরাকে (genres) মিশিয়ে ফেলেন, উদ্ধার করেন সব ঐতিহ্য, সবগুলো বদখাসলতকে তিনি খুন করেন, তৈরি করেন কঠিন ও দরকারী এক নতুন বিন্যাস, যার উপর ভিত্তি করে নির্মিত হতে পারে পরিহাস, রসিকতা, লীলালাস্য… আর… লাতিন আমেরিকার এক নতুন ভাষা নির্মাণ করা যা নিখাঁদ বৈপরীত্যের মাধ্যমে প্রকাশ করবে মিথ্যা, সমর্পন, আর আমাদের মাঝে ঐতিহ্যগতভাবে 'ভাষা' হিসেবে যা গণ্য হয়েছিল তার অসারতাকে উন্মোচিত করা।" (Borges and his Fiction, Gene H. Bell-Villada, university of North Carolina Press, 1981, P37)
ফুয়েন্তেসের এই কথাগুলোরই প্রতিধ্বনি আছে, একটু ভিন্ন ভঙ্গিতে, বোর্হেসের ভাষা ও শৈলী পসঙ্গে হুলিও কোর্তাসারের পর্যবেক্ষণে। কথাগুলো তিনি বারোক শৈলী সম্পর্কে বলতে গিয়ে বোর্হেসের বারোকবিরোধী বৈশিষ্ট্য সম্পর্কে যা বলেন, সেটাও উপন্যাস না-লেখার পেছনে অনেক কারণের একটি:
He has always been an enemy of the baroque; he tightened his writings, as if with pliers. Well, I write in a very different way than Borges, but the great lesson he taught me is one of economy. He tought me when I began to read him, being very young, that one had to try to say what one wanted to with economy, but with a beautiful economy. ( Latin American writers at work, Edi: George Plimton, The Modern Library, 2003, P-120)

প্রচলিত ভাষাকে চিপড়ে ওর মধ্যে জমে থাকা গাদ ও বদভ্যাসের ময়লাগুলোকে বের করে নতুন ধরনের গল্প লেখার জন্য ভাষা তৈরি করলেন তিনি। বিদেশে যেমন জেমস জয়েস করেছেন, স্বভাষায় মনে পড়বে কমলকুমারের কথা। কিন্তু কমলকুমারে ভাষিক অস্বচ্ছতা, কখনো কখনো বাক্যরীতির অবোধ্যতায় ঘটে তার শৈল্পিক সমর্পন, অন্যদিকে, বোর্হেসের ক্ষেত্রে তা একদমই বিপরীত। ভাষাগত এই কারণ ছাড়াও, যেটি উপন্যাসের প্রতি বোর্হেসের বিরূপতাকে আরও বেশি উস্কে দিয়েছে তা হলো কলাকৌশলের ক্ষেত্রে বিস্ময়কর দক্ষতা। বোর্হেস-বিশেষজ্ঞ বেল-ভিয়াদা মনে করেন, "লাতিন আমেরিকায় গদ্যশৈলীর শৈল্পিক আদর্শ (Model artisan) হিসেবে বোর্হেসের ভূমিকা ঐতিহাসিকভাবে ইউরোপিয় ভাষার ফ্লবেয়ারের (যিনি একটি মাত্র পৃষ্ঠায় সপ্তার পর সপ্তাহ কাটিয়ে দিতেন) সাথে তুলনীয়।" (Borges and his Fiction, P 38)

সংযম, যথাযথতা, আবেগকে সঠিক জায়গায় পরিবেশ ও পরিস্থিতির মধ্যদিয়ে বাঙ্ময় করে তোলা–এসবই বোর্হেসের গল্পের কিছু বৈশিষ্ট্য। বেল-ভিয়াদার অনুসরণে এবার দেখা যাক উপন্যাসের বিপরীতে তিনি শৈল্পিক সংযম ও দক্ষতাকে কিভাবে ফুটিয়ে তুলেছিলেন তার গল্পগুলোয়:
"বোর্হেসের গল্পগুলোকে প্রায়শই শীতল আর অনুভূতিহীন বলে মনে করা হয়। এখানে যা সক্রিয় তাহলো, বাচনিক সংযম, স্প্যানিশ সাহিত্যে যা বিরল। আসলে বোর্হেসের বেশির ভাগ গল্পগুলোতেই আবেগ, ছোটখাট শিহরণগুলো যথাযথ স্থানে গিয়ে প্রদর্শিত হয়ে কৌশলগত নির্দিষ্ট মুহূর্তে প্রবলভাবে নিষেধাত্মক বহিরঙ্গকে খান খান করে দেয়। যেমন, 'মৃত্যু ও কম্পাস' গল্পের শেষদিকে, লনরট মাত্রই আনন্দহীন এক সত্য আবিস্কার করে তার পদক্ষেপের অপেক্ষায় আছে, শিরশিরে ঠান্ডা অনুভব করলো সে। শীতল, আর নৈর্ব্যক্তিক প্রায় অনামা এক বিষাদ অনুভব করলো সে। ইতিমধ্যে রাত হয়ে গেছে; ধুসর বাগান থেকে একটা পাখির নিষ্ফল চিৎকার ভেসে এলো" (L. 86; F, 157) । এখানে বিষণ্নতা আছে, যদিও (আত্মগত মনোভাবের প্রতি বোর্হেসের বিরাগ অনুযায়ী) তাকে "নৈর্ব্যক্তিক", "অনামা" হিসেবে চিহ্নিত করা হয়েছে। উপরন্তু, লনরট নিশ্চয়ই পরাজয় ও বেদনা অনুভব করলেন। এই অনুভবকে বিমূর্ত সব আবেগী শব্দে দুর্বলভাবে বর্ণনা না করে বরং তা মূর্তিমান করা হয়েছে সুক্ষ্ণ, নির্মোহ ও বিরান দৃশ্যকল্পের মাধ্যমে, যেমন ধুলিধুসর বাগান, নিশাকাল, নিঃসঙ্গ পাখি।

একইভাবে 'চক্রাকার ধ্বংস' গল্পে, শেষ মুহূর্তে স্বাপ্নিক যখন বুঝতে পারে তাকেও কেউ স্বপ্ন দেখছে তখন বোর্হেসের প্রিয় শৈলীগত কৌশলের মাধ্যমে তা শেষ হয়–তীব্র আবেগঘন এক অবস্থা, নাছোড় যে-তিনটি শব্দে তিনি নৈপুণ্যের সাথে সারসংক্ষেপ তৈরি করেন তা হলো "স্বস্তির সাথে, অপমানের সাথে, ভয়ের সাথে সে বুঝতে পারলো যে সে-ও নিছকই এক ছায়ামূর্তি…"

বোর্হেস এখানে সরাসরি কিছু বিসদৃশ আবেগের একটা তালিকা করেন, কিন্তু সক্ষমতার ('ভয়' শব্দটি 'স্বস্তির' চেয়ে অনেক বেশি প্রখর অনুভূতিসম্পন্ন) ক্রমোচ্চ বিন্যাসে সাজানোর মাধ্যমে এগুলোকে আঁটোসাটো করে তোলেন, অধিকন্তু "সাথে" শব্দটির পুনরুক্তির মাধ্যমে তাদের অভিঘাতকে আরও প্রাণবন্ত করে তোলেন।
অনুভূতির এই রকম বাড়াবাড়ি কেবল মাঝেমধ্যেই বোর্হেসের গল্পের আঁটসাট বাঁধনকে শিথিল করে দেয়। বিপরীতে, ঐতিহ্যবাহী স্প্যানিশ সাহিত্যে, এই বিষগুলো আরও বিস্তৃত আর পৌনপুনিক হয়ে ওঠে। বোর্হেস অভিঘাতকে বিলুপ্ত করেন না; মানবীয় আবেগকে তিনি ধরে রাখেন, তবে তা সংরক্ষিত রাখেন কেবল মাত্র আখ্যানের শিখরের জন্য। একে তিনি ঘষামাজা করেন, পরিশীলিত করেন, সম্পর্কিত করেন এবং পরিপ্রেক্ষিতের সাথে একে আকৃতি দান করেন। হুগো ও বালজাকের কাঠামোগত ও আবেগগত অপরিশীলিত বিষয়গুলোকে তীব্রভাবে কেটেছেটে ফ্লবেয়ার যেমনভাবে তার অভিব্যক্তির কৌশলে সাফল্য অর্জন করেছিলেন, বোর্হেসও একই পথ অনুসরণ করে স্পষ্ট এক বিকল্প তুলে ধরেন। যে বিকল্প ইস্পানো-আমেরিকায় আলংকারিক আতিশয্যের ঐতিহাসিক বোঝার বিরুদ্ধে এক বিকল্প আদর্শ (Counter-model.)।" (Borges and his Fiction, P 38-39)

উপরোক্ত এই দীর্ঘ উদ্ধৃতি পড়ে আমরা সহজেই বুঝতে পারছি গল্প রচনার ক্ষেত্রে বোর্হেস কেবল এর সবদিক সম্পর্কে অতিমাত্রায় সতর্কই ছিলেন না, সবকিছুকে তিনি প্রায় নিখুঁত করে তোলার ব্যাপারে ছিলেন অবিশ্বাস্য রকমের এক দক্ষ শিল্পী।
স্বয়ং পাস, অক্তাবিও পাসও বোর্হেসের এই দক্ষতার কথা বলতে গিয়ে বলেছিলেন:
"তার গদ্যের ভারসাম্য আমাকে বিস্মিত করে: খুব মিতবাক যেমন নয়, আবার তা বাগাড়ম্বরও নয়; না নির্জীব, না এলোমেলো। এই গদ্যের গুণ ও সীমাবদ্ধতা হচ্ছে এই যে এ দিয়ে একটি গল্প লেখা যায়, কিন্তু উপন্যাস সম্ভব নয়;" (Borges y Mexico, Compilador: Miguel Capistran, Plaza Y janes, Mexico, 1999, P 316)
তার গদ্যের এই গুণ তারই সেই 'এল আলেফ' গল্পের আলেফের মতোই। "আলেফ হচ্ছে স্থানের সেই সব বিন্দুর একটি যেখানে অন্য সব বিন্দুর অবস্থান।" তার মানে, গল্পের ভাষ্য অনুযায়ী, খাবার ঘরের নিচে, সেলারে ওই আলেফের মধ্যে সবই আছে একটি মাত্র বিন্দুতে। এ যেন নখাগ্রে নিখিল।

এমনিতেই শিল্প-কাঠামো (Genre ) হিসেবে উপন্যাসের তুলনায় গল্প পরিসরের স্বল্পতার কারণেই মিতবাক, ইঙ্গিতময়, আর ঘনবদ্ধ। আর বোর্হেসের মতো শিল্পীর হাতে পড়লে তা কতদূর পৌঁছাতে পারে সে নমুনা আমরা ইতিমধ্যেই দেখেছি। সুতরাং উপন্যাসের ক্ষেত্রে শিল্পকৌশলের এই বোর্হেসীয় প্রয়োগ ঘটানো হলে উপন্যাসের পক্ষে বেশি দূর অগ্রসর হওয়া সম্ভব হতো না। কারণ উপন্যাসের আছে স্বভাবসুলভ বাচালতা আর কাঠামোগত এলায়িত রূপ।
দান্তের কম্মেদিয়া সম্পর্কে অভিভাষণের এক জায়গায় উপন্যাসের শৈথিল্যকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন:
"A contemporary novel requires five or six hundred pages to make us know somebody, if it ever does.For Dante a single moment is enough."( Seven nights, Jorge Luis Borges, New Direction Books, 1984,P 15)

এসবই হচ্ছে উপন্যাসের প্রতি বোর্হেসের বিরূপতার কারণ, না-লেখারও কারণ।


ঔপন্যাসিক বোর্হেস
কিন্তু এই না-লেখার মধ্যেই আছে অন্য এক বোর্হেস যিনি ঔপন্যাসিকের শৈল্পিক দায় পালন করেছেন গল্পকারের মুখোশে। কথাটা স্ববিরোধী শোনালেও এর সত্যতা আমরা খুঁজে পাবো তার গল্পগুলোয়। শিল্পী হিসেবে ফ্লবেয়ার উপন্যাসে যে-সাফল্য অর্জন করেছিলেন, ছোটগল্পে বোর্হেসের অর্জনও ঠিক সে-রকমই। অর্থাৎ দুজনই ভিন্ন দুই শিল্প-শাখায় উৎকর্ষের চূড়াকে ছুঁয়েছেন। উপন্যাসে ফ্লবেয়ারের ওই শৈল্পিক সাফল্যের কারণেই সম্ভবত বলা হয়ে থাকে: "উপন্যাসের শুরু সতেরো শতকের প্রথম দিকে, আর এর শেষ উনিশ শতকের শেষ দিকে। তার মানে উপন্যাসের শুরু দোন কিহোতে দিয়ে, আর শেষ হচ্ছে বুভার এ্যান্ড পিকুশেট-এর মাধ্যমে। এর আগে বা পরে কোনো উপন্যাস নেই।" (প্রসঙ্গ বোর্হেস, পৃ ৯৪)

অর্থাৎ ফ্লবেয়ার দিয়ে উপন্যাসের শেষ। বোর্হেস বিশেষজ্ঞ ও পাঠকমাত্রই জানেন বোর্হেসের কোনো কোনো গল্পে রয়েছে মহাকাব্যের অভিঘাত, বা আরও পরিষ্কার করে বলা যেতে পারে, ওসব গল্পে তিনি, মহাকাব্যের ভিতকে ক্ষইয়ে দিয়েছেন, যেমনটা কার্লোস ফুয়েন্তেস একবার মারিয়ানো আসুয়েলার ঔপন্যাসিক বৈশিষ্ট্য সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন "তিনি হচ্ছেন সেই ঔপন্যাসিক যিনি সাধারণ ঐক্যকে ভেঙে মহাকাব্যকে দুমড়ে মুচড়ে বদলে দেয়ার উদ্দেশ্যে মহাকাব্যিক বিষয় নিয়ে কাজ করেছেন।" (La Gran Novela Americalatina, Carlos Fuentes, Alfaguara, Mexico, 2011, P 118)। এ কথা বোর্হেসের কোনো কোনো গল্পের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। তার 'এল আলেফ' গল্পেই আমরা দেখবো ডিভাইন কমেডির এক সৃষ্টিশীল পুনর্বিন্যাস–খানিকটা কৌতুককর ভঙ্গিতেই–নায়িকা বেয়াচিত্র বিতার্বো যেন দান্তের বেয়াত্রিস পোর্তিনারি। আর 'দক্ষিণ' গল্প সম্পর্কে তো বোর্হেস বইয়ের ভূমিকায় সরাসরিই বলেছিলেন যে of "The south", which is perhaps my best story, let it suffice for me to suggest that it can be read as a direct narrative of novelistic events, and also in another way."
(Ficciones, Jorge Luis Borges, Edi: Anthony Kerrigna, Grove Pross, 1962, P 105-106)
অর্থাৎ তার এই আধ্যানটিকে উপন্যাস হিসেবে পড়া যায়, চাইলে অন্যভাবেও পড়া যায়। বোর্হেস নিজে সচেতনভাবেই এর মধ্যে উপন্যাসের বৈশিষ্ট্য বপন করে রেখেছেন। কিন্তু প্রচলিত অর্থে ওই ধরনের উপন্যাস বলতে যা বুঝায়, তা নিশ্চয়ই নয়। কারণ, বিষয়টি আরেকটু পরিস্কারভাবে বোঝার জন্য আবারও ফুয়েন্তেসের কাছেই ফিরতে হবে:
"মহাকাব্যের ভিত ক্ষইয়ে দিয়েছে উপন্যাস, আর উপন্যাসের ভিত ক্ষইয়ে দিয়েছে ঘটনাপঞ্জি," (Underdog, Mariano Azuela, University of Pittsburg Press, 1990, P 129)
উদ্ধৃতির শেষ শব্দ 'ঘটনাপঞ্জি'র পরিবর্তে 'গল্প' শব্দটি বসালেই আমরা বোর্হেসকে স্পষ্টভাবে তার স্বকীয় বৈশিষ্ট্য পেয়ে যাবো। তিনিও একইভাবে মহাকাব্য আর উপন্যাসকে ক্ষইয়ে দিয়েছেন তার গল্পসমূহে। তার দীর্ঘ গল্প 'ট্লন, উকবার, অর্বিস তার্তিয়াস', কিংবা 'দি কংগ্রেস', 'ব্লু টাইগার' কিংবা 'শেক্সপিয়র মেমোরি' আয়তনে যেমন দীর্ঘ গল্প, আর স্বভাবেও এগুলো উপন্যাসকে শোষণ করে নিয়েছে, কিংবা বলা ভালো উপন্যাসের ভিতকে ক্ষইয়ে নতুন রূপ দেবার চেষ্টা করেছে এই গল্পগুলোয়। ঠিক যেমনভাবে এ যুগে এসে মহাকাব্যের সারাৎসারকে আত্মসাৎ করে ডেরক ওয়ালকট গড়ে তোলেন Omeros নামক মহাকাব্য।
এন্থনি ক্যারিগান বোর্হেসের Ficciones গ্রন্থের সম্পাদকীয় ভূমিকায় তো স্পষ্ট করেই বলেছেন যে "No Gargantuan Novel says more than he can in one of his Ficciones." (P 10)

উপন্যানের পোষাকি ও বপুনির্ভর ধারণার বাইরে গিয়ে বোর্হেস তার গল্পে উপন্যাসকে সংকুচিত করে এনেছিলেন অসামান্য দক্ষতায়। এ ছাড়া তিনি সম্ভবত জানতেন যে ফ্লবেয়ারের পরে আর কোনো উপন্যাস নেই, যা আছে তা আখ্যানমাত্র। তাই যদি হয়, তাহলে উপন্যাসকে হয় নতুন সজ্জায় হাজির করতে হবে নয়তো আখ্যানের মধ্যে উপন্যাসের বৈশিষ্টগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। বোর্হেস এ দুয়ের যে কোনো একটি করেছেন, কিংবা ভিন্ন উপায়ে এ দুটোই তিনি নিষ্পন্ন করেছেন তার সৃষ্টিশীল খামখেয়ালের মাধ্যমে। আর হয়তো এই কারণেই হুয়ান হোসে সায়েরের কাছে মনে হয়েছে:
"সব উপন্যাসই হচ্ছে একটা আখ্যান, তবে সব আখ্যানই উপন্যাস নয়। উপন্যাস আখ্যানের ঐতিহাসিক কালানুক্রমের চেয়ে বেশি কিছু নয়, আর আখ্যান হচ্ছে মনোজাগতিক কর্মকান্ডের এক নমুনা। উপন্যাস হচ্ছে সাহিত্যের একটি শাখা। বুভার এন্ড পিকুশেট-এর পর থেকে আখ্যান সরে দাঁড়িয়েছে উপন্যাসের বৈশিষ্ট্য থেকে। বিশ শতকের উপন্যাসগুলো যদি উপন্যাসের বৈশিষ্ট্যসম্পন্ন না হয়ে থাকে, আর বোর্হেস যদি উপন্যাস না লিখে থাকেন, তাহলে এর কারণ হচ্ছে, বোর্হেস মনে করেন, উপন্যাস না লেখার মধ্যেই নিহিত রয়েছে বিশ শতকের কোনো লেখকের ঔপন্যাসিক হওয়ার একমাত্র উপায়। বোর্হেসের সব রচনা এ ধারণাকেই তুলে ধরে।" (প্রসঙ্গ বোর্হেস, পৃ: ১০০)