২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

এদুয়ার্দো গালেয়ানোর ‘দর্পণ’: সাধু আর সন্তদের চোখে নারীরা

আসাদ মিরণ আসাদ মিরণ

Published : 27 Apr 2021, 11:14 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


সাধুরা ইভের কন্যাদের যেভাবে চিত্রায়িত করেছেন
সন্তু পলঃ "স্ত্রী'র মস্তক হ'ল পুরুষের মস্তক।"
সন্তু অগাস্টিনঃ "আমার মা যার স্ত্রী হিসেবে মনোনীত ছিলেন, তাঁকে তিনি অন্ধভাবে মেনে চলতেন। আর অন্য স্ত্রীরা যখন তাঁদের মুখে দাম্পত্য রাগের ক্ষতচিহ্ন নিয়ে বাসায় আসতেন, তখন তিনি তাঁদের বলতেন, 'দোষ তোমারই।"'
সন্তু জিরোমঃ "নারীই হ'ল সকল অনিষ্টের মূল।"
সন্তু বার্নার্ডঃ "নারীরা সাপের মতো ফোঁস করে ওঠে।"
সন্তু জন ক্রাইসোস্টমঃ "নারী যখন প্রথম কথা বলা শুরু করল, তখনই সহজাত পাপের সূচনা হ'ল।"
সন্তু এমব্রোসঃ "যদি নারীকে দ্বিতীয়বার কথা বলার সুযোগ দেয়া হয়, তবে তা পুরুষের জন্য আরও একবার ধ্বংস ডেকে আনবে।"

গান গাইতে মানা
১২৩৪ সালে, ক্যাথলিক সম্প্রদায় নারীদের চার্চে গান গাওয়া নিষিদ্ধ করে।
ইভের প্রতি অশুদ্ধ কৃতজ্ঞতা, নারীরা পবিত্র গানকে কলুষিত করে ফেলে, যা শুধুমাত্র বালক আর নপুংসক পুরুষরাই একটানা সুরে গাইতে পারে।
বিংশ শতাব্দি শুরুর আগে পর্যন্ত প্রায় সাত শতাব্দি ধরে নীরবতার এই বেদনা অক্ষুন্ন ছিল।
বারো শতাব্দির দিকে, তাদের মুখ বন্ধ করার কয়েক বছর আগেও বিনজেনের খ্রিস্টান সংঘের সন্যাসিনীরা রাইনের তীরে অকুন্ঠচিত্তে স্বর্গের মহিমা কীর্তন করতেন। অ্যাবেস হিল্ডেগার্ডের সৃষ্ট সেই উপাসনা সঙ্গীত নারী কন্ঠের ডানায় ভর করে সময়ের আবর্তনে আজও অক্ষত রয়েছে। আমাদের সৌভাগ্য যে সেই সঙ্গীত এখনো শুনতে পাই।
হিল্ডেগার্ড বিনজেন খ্রিস্টান সংঘে বা অন্যত্র, যেখানেই তিনি ধর্ম প্রচার করতেন, সেখানে সঙ্গীতের বাইরেও অনেক কাজ করতেন। তিনি ছিলেন মরমী ঘরাণার মানুষ, একজন স্বপ্নদ্রষ্টা, কবি ও চিকিৎসক। তিনি গাছ-পালার বৈশিষ্ট্য আর জলের আরোগ্যগুণ নিয়ে গবেষণা করেছেন। ধর্মে পুরুষ একাধিপত্য থাকা সত্ত্বেও হিল্ডেগার্ড তার সন্যাসিনীদের জন্য একটি মুক্ত পরিসর তৈরী করার মতো বিস্ময়কর কাজ করেছিলেন।

অনুভব করতে মানা
"ওহ নারীদেহ! কী ঐশ্বর্যময়ই না তুমি!"
বিনজেনের হিল্ডেগার্ড বিশ্বাস করতেন, "যে রক্তে দাগ পড়ে তা হ'ল যুদ্ধের, রজঃস্রাবের রক্ত নয়," এবং তিনি নারী হয়ে জন্মানোর আনন্দকে উদযাপনের জন্য সকলকে প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন।
ঔষধ ও প্রাকৃতিক বিজ্ঞান নিয়ে তাঁর লেখায় তিনি নারীর তৃপ্তির পক্ষে দাঁড়ান, যা তাঁর সময়কালের চার্চ ও ইউরোপীয় সমাজ ব্যবস্থার দৃষ্টিকোণ থেকে একেবারেই বিরল ছিল। কঠোর জীবনাচার ও কৌমার্যের বিধি-নিষেধের মধ্যে থাকা একজন খ্রিস্টান সংঘের প্রধানের পক্ষে এটা ছিল এক বিস্ময়কর বিচক্ষণতার প্রকাশ। হিল্ডেগার্ড ঘোষণা করেন, ভালোবাসার যে আনন্দ নারীর দেহের রক্তে ধিকিধিকি করে জ্বলে, তা পুরুষের তুলনায় অনেক বেশী নিগূঢ় হয়ঃ
"নারীদের ক্ষেত্রে তা সূর্য ও তার মিষ্টতার সাথে তুলনীয়, যা ভূমিকে কোমলভাবে উষ্ণ ও উর্বর করে তোলে।"
হিল্ডেগার্ডের এক শতাব্দি পূর্বে, পারস্যের খ্যাতনামা চিকিৎসক অ্যাভিসেন্না (ইবনে সিনা) তাঁর ক্যানন অব মেডিসিন গ্রন্থে নারীর অরগাজম বা কাম-উত্তেজনা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন, "সেই মুহূর্তে তাঁর চোখের চারপাশের পেশী লাল হওয়া শুরু করে,তার শ্বাস-প্রশ্বাস দ্রুত হয় এবং সে তোতলাতে শুরু করে।"
যেহেতু তৃপ্তির বিষয়টি পুরুষের একার, সেহেতু ইউরোপের অনুবাদে অ্যাভিসেন্নার গ্রন্থের ঐ পৃষ্ঠাটি বাদ দেয়া হয়।

অ্যাভিসেন্না (ইবনে সিনা)
তিনি বলেন, "জীবন পরিমাপ করতে হয় তীব্রতা দিয়ে, ব্যাপ্তিকাল দিয়ে নয়," যদিও তিনি প্রায় সত্তর বছর বেঁচেছিলেন, এগারো শতাব্দির বিবেচনায় তা একেবারে খারাপ নয়।
পারস্যের শ্রেষ্ঠ চিকিৎসক তাঁর যত্ন নিয়েছিলেন: স্বয়ং তিনি।
তার লেখা ক্যানন অব মেডিসিন বইটি কয়েক শতাব্দি ধরে আরব দুনিয়া, ইউরোপ এবং ভারতে চিকিৎসা ক্ষেত্রে সমানভাবে অনুসৃত হয়েছে।
রোগ ও প্রতিকার সম্পর্কিত এই গ্রন্থটি শুধুমাত্র হিপোক্রেটিস ও গ্যালেনের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদকেই একত্রিত করেনি, বরং তা গ্রীক দর্শন এবং প্রাচ্যের জ্ঞানের ধারাও পান করেছিল।
সত্তর বছর বয়স চলছিল, ইতিমধ্যে অবশ্য অ্যাভেসেন্না একটি চিকিৎসালয়ও স্থাপন করে ফেলেছিলেন।
তাঁর মৃত্যুর বহু বছর পর, আজও তিনি রোগীদের সেবা করে যাচ্ছেন।

একজন সামন্ততান্ত্রিক নারী বোঝান কীভাবে পার্থিব বস্তুর যত্ন নিতে হয়
যখন যৌনতার বিষয় আসে, তখন গীর্জার প্রতিটি মানুষ, রোমের পোপ থেকে শুরু করে সংশ্লিষ্ট সকল গীর্জার একজন নগণ্য পাদ্রী পর্যন্ত সকলেই ভালো আচরণের শিক্ষা দান করেন। যে কাজে তাঁদের লিপ্ত হবার অনুমতিই নেই, সে সম্পর্কে তাঁরা এত বিশদভাবে জানেন কীভাবে?
১০৭৪ সালের দিকে, পোপ সপ্তম গ্রেগরি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা গির্জার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ, কেবলমাত্র তারাই ঐশ্বরিক পরিষেবা অনুশীলনের যোগ্য।
তিনি ঘোষণা দেন, "যাজকদের অবশ্যই স্ত্রী'দের খপ্পর থেকে মুক্ত হতে হবে।"
তার পরপরই, ১১২৩ সালে, লেটরান কাউন্সিল বাধ্যতামূলক কৌমার্য বিধি আরোপ করে। সেই থেকে গীর্জা সতীত্বের ব্রত নিয়ে শারীরিক প্রলোভন নিবৃত্ত করে যাচ্ছে, আর ধর্মীয় দুনিয়ায় এটাই হ'ল একমাত্র প্রতিষ্ঠান যা মাত্র একজন পুরুষের নেতৃত্বে পরিচালিত হয়। গীর্জা তার যাজকদের কাছে থেকে শতভাগ সমর্পণ দাবী করে, দাম্পত্য কলহ ও শিশুদের চেচামেচি থেকে তাঁদের আত্মার শান্তি বজায় রাখার জন্য তারা দিন-রাত চব্বিশ ঘন্টাই কাজ করবেন।
সম্ভবত, কে জানে, গীর্জা তার পার্থিব সম্পদও সংরক্ষণ করতে চায়, আর এভাবে সে নিজেকে নারী ও শিশুর নাগালের বাইরে রাখে, যেন তাঁরা উত্তরাধিকারের দাবী না তুলতে পারে। যদিও তুচ্ছ করার মতো ঘটনা, তবুও তা মনে রাখার মতো গুরুত্বপূর্ণ তথ্য, দ্বাদশ শতাব্দির শুরুর দিকে গোটা ইউরোপের এক-তৃতীয়াংশ ভুমির মালিকানা গীর্জার দখলে ছিল।

একজন সামন্ত প্রভূর ব্যাখ্যায় কৃষকদের যেভাবে যত্ন নিতে হয়
দ্বাদশ শতাব্দির শেষে, পেরিগোর্ডের অধিপতি, যোদ্ধা, উগ্র ও বীরোচিত অভিশাপের গীতিকবি বার্টান্ড ডি বর্ন তাঁর কৃষকদের এইভাবে সজ্ঞায়িত করেছেন:
প্রজাতি ও তাঁর আচরণগত কারণে, কৃষকের অবস্থান শূকরেরও নীচে। নৈতিক জীবন তাঁর জন্য একেবারেই বেমানান। দৈবাৎক্রমে সে যদি অনেক সম্পদ অর্জন করে ফেলে, তাহলে তার কান্ডজ্ঞান লোপ পায়। সুতরাং তুমি দেখতেই পাচ্ছ, তাঁর থলে সব সময় শূন্যই রাখতে হবে। যে তাঁর কৃষকদের উপর প্রভাব বিস্তার করতে ব্যর্থ হয়, প্রকারন্তরে সে তাঁদের নিকৃষ্টতাকেই বাড়িয়ে তোলে।

ঝর্ণার উৎপত্তির স্থান
কৃষকরা তাঁদের প্রভুদের অসন্তুষ্ট করায় ক্লান্ত হননি।
মেইনজ শহরের ঝর্ণা সেই ঘটনার শৈল্পিক সাক্ষ্য দেয়।
টুরিস্ট গাইডরা জোর দিয়ে বলে, "এটা না দেখলে বঞ্চিত হবেন"। জার্মান পুনর্জাগরণের এই ধন, তাঁদের মার্কেট স্কয়ারে তার সমস্ত সোনালী জৌলুস নিয়ে বিকশিত হচ্ছে। এটা তাঁদের শহরের প্রতীক এবং উৎসব-পার্বনের প্রাণকেন্দ্র।
এটার সৃষ্টিও হয়েছে এক উৎসবের মধ্যে দিয়েঃ একজন কুমারী মা ও তাঁর শিশুর ভাস্কর্যখচিত এই ঝর্ণাটি ছিল ব্রান্ডেনবার্গের বিশপের উপহার। প্রিন্সের বিজয় উপলক্ষ্যে এর মাধ্যমে তিনি ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন।
মরিয়া কৃষকরা প্রচন্ড ক্ষোভ নিয়ে দুর্গ আক্রমণ করেছিল। প্রাচুর্যে ভরা সেই অট্টালিকার মূল্য তাঁদের নিজেদের ঘামেই চুকাতে হয়েছিল। সেদিন কামান, বর্শা আর তরবারির শক্তির মোকাবেলা করে অসংখ্য খড় তোলার লম্বা হাতলওয়ালা কাঁটা ও নিড়ানী।
হাজার হাজার মানুষকে ফাঁসিতে ঝোলানো অথবা শিরচ্ছেদ করা শৃঙ্খলা ফেরানোর এক নীরব সাক্ষী হয়ে রয়। সেই সাথে ঝর্ণাটিও।

(চলবে)