২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

এদুয়ার্দো গালেয়ানোর দর্পণ: বুদ্ধ, আয়েশা ও সুকেইনা

আসাদ মিরণ আসাদ মিরণ

Published : 19 Mar 2021, 11:23 AM

Updated : 23 Jun 2022, 03:58 PM


স্প্যানিশে Historia শব্দটি যেমন 'ইতিহাস' অর্থে ব্যবহৃত হয়, তেমনি 'গল্প' অর্থেও ব্যবহৃত হয়ে থাকে। যদিও শাস্ত্রীয় বিচারে এ দুয়ের পার্থক্য সত্য ও মিথ্যের মতোই পরস্পর-বিরোধী। কিন্তু লাতিন আমেরিকান লেখকরা, বিশেষ করে কথাসাহিত্যিকরাই এই দুইয়ের ভেদরেখা বা পরস্পরবিরোধিতাকে কখনো কখনো এতটাই মুছে দিয়েছেন যে তা পড়তে গিয়ে মনে হবে ইতিহাস ও গল্প যেন সহোদরা। আর এই কারণে লাতিন আমেরিকান কোনো লেখকের গল্প বা আখ্যানগুলো ইতিহাস হয়ে ওঠার শোরগোল তুলে বৈষম্যবিরোধী পাঠকের ইতিহাসপাঠের ক্ষুধা মেটায়। কিন্তু বিপরীতে ঐতিহাসিকরা ওই রকম কিছু করেছেন কখনো? করাটাই ছিল স্বাভাবিক, কিন্তু এদুয়োর্দো গালেয়ানো আসার আগে পর্যন্ত কখনোই তা ঘটতে দেখা যায়নি। গালেয়ানো মূলত ঐতিহাসিক। অসামান্য সব ইতিহাসগ্রন্থের জনক। এক একটি গ্রন্থে তিনি ইতিহাসের শিরা উপশিরা উন্মোচন করে দেখিয়েছেন মানুষের রক্তের ক্রন্দন। পর্যবেক্ষণ ও বিশ্লেষণী শক্তিতে তিনি অসামান্য এক ইতিহাসবিদ হলেও, The Mirror নামক বইটি লেখার আগে পর্যন্ত ইতিহাসের ঘটনাকে গল্পে রূপান্তরিত করার সৃজনী পরীক্ষা তিনি আগে কখনো করেননি। বইটি একই সঙ্গে যেমন ইতিহাসের, তেমনি গল্পেরও। গল্প ও ইতিহাস এমন এক সঙ্গমে রঙিন হয়ে উঠেছে যা পাঠবিমুখ পাঠককেও উজ্জীবিত করে তোলে। এই গ্রন্থের আরও একটি বড় আকর্ষণ এর বৈশ্বিক পরিসর আর সর্বজনীনতা, কিন্তু গালেয়ানোর শৈল্পিক মিতভাষিতায় তা হয়ে উঠেছে বহনযোগ্য এক দর্পনের মতো যেখানে যে-কোনো কাল, যে-কোনো জাতি, এমনকি ইতিহাস-বঞ্চিত অজ্ঞাতকুলশীল ব্যক্তিও তার নিজের চেহারা দেখে নিজেকে চিনে নিতে পারবে। এটি এমনই এক দর্পন যেখানে পৃথিবীর অন্য সব মহাদেশের মতো আমাদের এই উপমহাদেশ, এমনকি রাজধানী ঢাকাসহ বাংলাদেশের ঘটনাও প্রতিফলিত হয়েছে ঐতিহাসিক নিষ্ঠায় আর সাহিত্যিক সুজনশীলতায়। অমূল্য হীরক খন্ডের এই লোভনীয় ভাণ্ডার পাঠকদের হাতে ধারাবাহিকভাবে পর্বে পর্বে তুলে দিচ্ছেন বাংলা তর্জমায় আসাদ মিরণ।


হাসি মুখের দেবতা
ছবিতে তাঁকে দেখা যায় তিনি হাসছেন, শান্ত অথচ নির্মম, যেন তাঁর ইহকাল ও পরকাল নির্ধারণ করে দেয়া প্রচলিত মতবাদ নিয়ে তিনি পরিহাস করছেন।
ঈশ্বর বা ঈশ্বরদের প্রতি বুদ্ধের বিশ্বাস ছিল না, কিন্তু তাঁর ভক্তরা তাঁকে তাঁদেরই একজন রূপে সৃষ্টি করেছে।
বুদ্ধ অলৌকিকতায় বিশ্বাস করতেন না, তিনি তা দেখাতেও যেতেন না, কিন্তু তাঁর ভক্তরা বিশ্বাস করতেন, তাঁর অলৌকিক ক্ষমতা আছে।
কোন ধর্মেই বুদ্ধর বিশ্বাস ছিল না, তিনি তা খুঁজেও পান নি, কিন্তু সময়ের আবর্তনে বৌদ্ধধর্ম পৃথিবীর অন্যতম জনপ্রিয় এক ধর্মে পরিণত হয়।
গঙ্গা নদীর তীরে বুদ্ধর জন্ম হয়েছিল, কিন্তু ভারতীয় জনসংখ্যার এক শতাংশেরও কম লোক বৌদ্ধ ধর্মের অনুসারী।
বুদ্ধ কৃচ্ছসাধনের কথা প্রচার করেছিলেন, আবেগ বিসর্জন দিতে বলেছিলেন, কামনা পরিহার করতে বলেছিলেন। শেষ পর্যন্ত, তিনিই কিন্তু অত্যাধিক শুকরের মাংস খেয়ে মারা গেলেন।

আয়েশা
যিশুর মৃত্যুর ছয়'শ বছর পর, হযরত মুহাম্মদ মারা যান।
সর্বকনিষ্ঠ স্ত্রী আয়েশা ছিলেন হযরত মুহাম্মদের খুবই প্রিয়।
কিছুদিন পর, খলিফা ইমাম আলীর বিরুদ্ধে তিনি এক সশস্ত্র বিদ্রোহের নেতৃত্ব দেন।
আজকের দিনে, এখনো বহু মসজিদে নারীদের প্রবেশ নিষিদ্ধ। কিন্তু সেই সময়ে বহু মসজিদেই আয়েশার জ্বালাময়ী বক্তৃতা মানুষের ভিতরের ক্ষোভের আগুন জ্বালিয়ে দিত। উটের পিঠে আসীন হয়ে তিনি বসরা শহর আক্রমন করেছিলেন। দীর্ঘ সেই যুদ্ধে প্রায় পনের হাজার লোক নিহত হয়।
সেই রক্তপাতের মধ্যে থেকেই সুন্নি আর শিয়াদের মাঝে শত্রুতার শুরু হয়, যা আজও চলমান রয়েছে। আর কিছু ধর্মতাত্ত্বিকরা অকাট্য প্রমাণ হিসেবে বলে থাকেন, নারীরা শোবার ঘর আর রান্নাঘর থেকে বের হলেই কোন না কোন ঝামেলার সৃষ্টি হয়।

সুকাইনা
কোন কোন মুসলিম দেশের নারীরা পর্দা বা অবগুন্ঠনকে মনে করে এক ধরণের বন্দিশালা: এক ভ্রাম্যমান কারাগার, তাঁরা যেখানেই যাক না কেন, সেটিও তাঁদের সঙ্গে সঙ্গে যায়।
কিন্তু মুহাম্মদের স্ত্রীরা তাঁদের মুখ ঢাকতেন না, এবং কোরআনে কোথাও "অবগুন্ঠন" শব্দটিও নেই, যদিও সেখানে নারীরা বাড়ির বাইরে গেলে তাঁদের চুল একটা চাদর দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেয়া হয়েছে। ক্যাথলিক নান, যারা কোরআন অনুসরণ করেন না, তাঁরাও তাঁদের মাথা ঢেকে রাখেন এবং পৃথিবীর অনেক জায়গাতেই অ-মুসলিম নারীরা তাঁদের মাথা চাদর বা কোন মোড়ক অথবা স্কার্ফ দিয়ে ঢেকে রাখেন।
কিন্তু নিজের ইচ্ছায় চাদর পরা এক জিনিস আর পুরুষের আদেশে ঘোমটা দিয়ে মুখ ঢেকে রাখতে বাধ্য হওয়া ভিন্ন জিনিস।
মুখ ঢেকে রাখার এই প্রচলনের চরম বিরোধী ছিলেন সুকেইনা, মুহাম্মদের প্র-দৌহিত্রী, যিনি শুধু মুখ ঢেকে রাখতে অস্বীকারই করেন নি, এমনকি উচ্চকিত কন্ঠে এই প্রথার সমালোচনাও করেছিলেন।
সুকাইনার পাঁচবার বিয়ে হয়েছিল, এবং প্রতিটি বিয়ের সময়ই তিনি স্বামীর প্রতি বাধ্য থাকার অঙ্গীকার করতে অস্বীকার করেছিলেন।

সকল আখ্যানের জননী
এক নারীর প্রতারণার প্রতিশোধ নিতে এক রাজা সকল নারীদের হত্যার সংকল্প করলেন।
সন্ধায় তিনি বিয়ে করেন আর প্রত্যুষে বিপত্নীক হন।
এভাবে একের পর এক কুমারীর সতীত্ব নষ্ট হয় আর গর্দান কাটা পরে।
শেহেরাজাদী ছিলেন একমাত্র ব্যতিক্রম। প্রথম রাতেই তিনি বেঁচে গিয়েছিলেন। তারপর থেকে জীবনের প্রতিটি নতুন দিনের জন্য রাজাকে তিনি একটি করে গল্প শুনিয়ে যান।
তাঁর শোনা, পড়া অথবা কাল্পনিক, এমন সব গল্প তাঁকে শিরোচ্ছেদের হাত থেকে রক্ষা করে। শোবার ঘরে, রাতের অন্ধকারে, চাঁদের আলোয়, শেহেরাজাদী নীচু স্বরে গল্প বলে যেতেন। গল্প বলে তিনি আনন্দ পেতেন আর আনন্দ দিতেন, তবে গল্প এগিয়ে নিয়ে যেতেন খুবই সন্তর্পনে। গল্পের মাঝে, কখনো কখনো মনে হত রাজা বুঝি তাঁর গলার দিকে তাকিয়ে আছেন।
যদি রাজা নাখোশ হন, তাহলে যে তিনিও শেষ।
মৃত্যুভয় থেকে উদ্ভূত হয় কাহিনী বলার কুশলতা।