২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

এদুয়ার্দো গালেয়ানোর দর্পণ: ব্যাকানেলিয়া’র প্রতি নজর রাখুন

আসাদ মিরণ আসাদ মিরণ

Published : 16 Feb 2021, 04:08 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM

নিরাপত্তাহীনতার সূত্রপাত
গ্রীক গণতন্ত্র স্বাধীনতা ভালোবাসতো কিন্তু বেঁচে থাকতো তার বন্দিদের ভরসায়। যারা ক্রীতদাস, নারী কিংবা পুরুষ, তাঁরা মাঠে কাজ করত,
রাস্তা তৈরী করত,
রূপা আর পাথরের খোঁজে পাহাড় খুঁড়তো,
ঘর বানাতো,
কাপড় বুনতো,
জুতা সেলাই করতো,
রান্না করতো,
ধোলাই করতো,
ঝাঁড়ু দিতে,
বর্শা আর ঢাল, নিড়ানি ও হাতুড়ি বানাতো,
পার্টি ও বেশ্যালয়ে মনোরঞ্জন যোগাতো,
আর তাঁদের মালিকদের সন্তান লালন-পালন করতে।
একজন ক্রীতদাস ছিল খচ্চরের থেকেও মূল্যহীন। দাসত্ব ছিল তুচ্ছ বিষয়, কবিতায় বা মঞ্চে কিংবা দেয়াল ও কলসিতে শোভাবর্ধন করা চিত্রশিল্পে তা খুব কমই ফুটে উঠতো। দার্শনিকরা দাসত্ব ব্যাপারটি এড়িয়ে যায়, তাঁরা ভাবেন, এটি নিকৃষ্ট জীবের স্বাভাবিক পরিণতি ছাড়া আর কিছু নয়। তাঁরা শুধু দাসদের সম্পর্কে সতর্কতা প্রকাশ করতেন। প্লেটো সতর্ক করে বলেন, তাদের দিকে লক্ষ্য রাখো। তিনি আরও বলেন, ক্রীতদাস, অনিবার্যভাবে তাঁদের মালিকদের ঘৃণা করে এবং একমাত্র অবিরত নজরদারীই আমাদের সকলকে হত্যা করা থেকে তাঁদের বিরত রাখতে পারে।
আর এ রকম নিরাপত্তাহীন আবহের কারণেই অ্যারিস্টটল নাগরিকদের সামরিক প্রশিক্ষণের আবশ্যিকতার উপর গুরুত্ব আরোপ করেছিলেন।

অ্যারিস্টটলের চোখে দাসত্ব

একজন মানুষ প্রকৃতিগতভাবে নিজের জন্য সৃষ্টি হয়নি, সে সৃষ্টি হয়েছে অন্যের জন্য এক প্রকৃতজাত দাস হিসেবে;
একজন মানুষ হিসেবে সে সম্পত্তির একটি অংশ, আর সম্পত্তির অংশ হিসেবে সে একটি যন্ত্র…
দাস হলো এক জীবন্ত হাতিয়ার, আবার হাতিয়ার হিসেবে সে শুধুই এক নিষ্প্রাণ জীব।
সুতরাং প্রকৃতগতভাবেই শাসক ও শাসিতদের বিভিন্ন শ্রেণী আছে। স্বাধীন মানুষ ক্রীতদাসদের শাসন করবে, পুরুষরা নারীদের আর পিতা সন্তানকে শাসন করবে।
'শিকার করা' যুদ্ধ কৌশলের অন্তর্গত, যে কৌশল আমাদের বন্য পশু ও মানুষের বিরুদ্ধে চর্চা করা উচিত, যদিও প্রকৃতিগতভাবেই মানুষের শাসনের মধ্যে থাকার কথা, তবে সে যদি বশ্যতা স্বীকার না করে; তবে এ জাতীয় যুদ্ধ স্বাভাবিকভাবেই ন্যায়সঙ্গত।
জীবনের প্রয়োজনে কায়িক পরিশ্রম ক্রীতদাস ও গৃহপালিত পশু উভয়েরই ভবিতব্য। তাছাড়া প্রকৃতিরও অভিপ্রায় হলো ক্রীতদাস ও স্বাধীন মানুষের দৈহিক গড়ন আলাদাভাবে তৈরী করা।


ব্যাকানেলিয়া'র প্রতি নজর রাখুন
রোমের ক্রীতদাসরা ছিল নিত্যদিনের রবিকর আর নিত্যরাতের দুঃস্বপ্ন। দাসত্ব সাম্রাজ্যের জীবন ও তার অস্তিত্বের জন্য ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
এমনকি ব্যাকাস উৎসবগুলি সাম্রাজ্যের স্থিতিশীলতার জন্যও হুমকিস্বরূপ ছিল। ঐ সব রাত্রিকালীন অনুষ্ঠানে দাস ও স্বাধীন মানুষদের মাঝে দেয়াল ভেঙে যেত, আইনে যা নিষিদ্ধ ছিল মদ সেখানে তা অনুমোদন দিত।
কাম-লালসার জেরে কর্তৃত্বের শ্রেণীবিন্যাস ভেঙে পড়ার আশংকা ছিলঃ লোকে সন্দেহ করত ঐ সকল বুনো পার্টিতে তাঁদের জানামতে দক্ষিণ অংশের দাস বিদ্রোহের একটা সংযোগ আছে।
রোম বরদাস্ত করল না। খ্রিষ্টের কয়েক শতাব্দি পূর্বে, সিনেট ব্যাকাসের অনুসারীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে গোটা সাম্রাজ্য জুড়ে ব্যাকানেলিয়ার সমস্ত চিহ্ন মুছে ফেলার লক্ষ্যে মার্সিয়াস ও পোস্তুমিউস নামের দু'জন দূত নিয়োগ করে।
রক্তের বন্যা বইল।
তবুও ব্যাকানেলিয়া চলতে লাগল। পাশাপাশি, বিদ্রোহও।

অ্যান্টিওকাস, রাজা
তাঁর মালিক তাকে বিভিন্ন ভোজসভার ভাঁড় হিসেবে ব্যবহার করত।
দাস ইউনূস সেখানে একটা মোহের মধ্যে চলে যেত আর তাঁর মুখ দিয়ে ধোঁয়া, আগুন আর দৈববাণী বের হ'ত, তা শুনে অতিথিদের মাঝে হাসির বন্যা বয়ে যেত।
এ ধরণেরই বড় একটা ভোজসভাতে, আনন্দ উচ্ছাসের রেশ যখন ম্রিয়মান হয়ে পড়ছিল, ইউনূস তখন গুরুগম্ভীরভাবে ঘোষণা করলো, সে এ দ্বীপের রাজা হবে। সিসিলি তাঁর রাজ্য হবে। সে বলল, দেবী দিমিতার তাঁকে বহুবার সে কথা বলেছে।
এ কথা শুনে অতিথিরা অট্টহাসিতে ফেটে পড়ে, তাঁরা হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খায়।
কিছুদিন পর, দাস রাজা হয়ে যায়। তাঁর নিঃশ্বাসে আগুন ঝরে, সে তাঁর মালিকের গলা কেটে ফেলে এবং শহর ও নগরী জুড়ে দাস বিদ্রোহ ছড়িয়ে দেয়। ইউনূস সিসিলির রাজা হল।
দ্বীপ বহ্নিমান ছিল। নতুন সম্রাট সব বন্দীদের হত্যা করার নির্দেশ দেয়, শুধু তাঁদেরই মুক্তি দেয়া হয় যারা অস্ত্র তৈরী করতে জানত। দেবী দিমিতারের প্রতিরূপসহ সে তাঁর নতুন নাম, অ্যান্টিওকাস নামাঙ্কিত মুদ্রা চালু করে।
অ্যান্টিওকাসের রাজত্ব চার বছর স্থায়ী হয়েছিল, যতদিন না পর্যন্ত সে প্রতারিত, সিংহাসনচ্যুত, বন্দি এবং অবশেষে নীল মাছি তাঁকে গিলে না খেয়েছিল।
অর্ধ শতাব্দী পর, স্পার্তাকাস উপস্থিত হন।

স্পার্তাকাস
তিনি ছিলেন থ্রেসের এক মেষপালক, রোমের একজন সৈনিক, কাপুয়ার একজন গ্লাডিয়েটর (মল্লযোদ্ধা)।
তিনি একজন পলাতক ক্রীতদাস ছিলেন যিনি অস্ত্র হিসেবে রান্নাঘরের ছুরি নিয়ে পালিয়ে গিয়েছিলেন। ভিসুভিয়াস পর্বতের নীচে তিনি মুক্ত মানুষদের একটি সৈন্যদল গঠন করেছিলেন। দলটি ঘুরে ঘুরে শক্তি সঞ্চয় করেছিল, এভাবে অচিরেই তা একটি সেনাবাহিনী হয়ে ওঠল।
খ্রিস্টের বাহাত্তর বছর পূর্বে, এক সকালে, রোম কেঁপে ওঠল। রোমানরা দেখতে পেল, স্পার্তাকাসের সৈন্যরা তাঁদের দেখছে। ঊষাকালে, পাহাড়ের শিখা বল্লমের ফলায় ভরে গেল। সেখান থেকে ক্রীতদাসরা নগরীর মন্দির ও রাণীর প্রাসাদগুলির সম্পর্কে ভাবে, এই গোটা পৃথিবীটা তো তাঁদের আজ্ঞাবহ ছিলঃ একেবারে নাগালের মধ্যে, চোখের সামনে, এই সে জায়গা যেখান থেকে তাঁদের নাম ও স্মৃতি মুছে ফেলা হয়েছে এবং তাদেরকে এমন জিনিসে পরিণত করা হয়েছে যাকে চাবুক মারা যায়, বিক্রি অথবা দান করা যায়।
আক্রমন সংগঠিত হয়নি। এটা কোনদিনই জানা যায়নি স্পার্তাকাস ও তাঁর সৈন্যদল সত্যিই এতো কাছাকাছি পৌঁছেছিল কি না, অথবা অজানা কোন বিপদের ভয়ে তাঁরা ভীত হয়ে পড়েছিল কি না। তবে সেই সময়ে, ক্রীতদাসরা যুদ্ধের ময়দানে রোমের বিপুল সংখ্যক সৈন্যদলকে অপদস্থ করেছিল।
একটা গেরিলা যুদ্ধ সাম্রাজ্যকে দু'বছরের মতো খাদের কিনারায় আটকে রেখেছিল।
তারপর বিদ্রোহীরা, লুকানিয়া পর্বতের আশেপাশে ছড়িয়ে পড়ে, অবশেষে জুলিয়াস সিজার নামের তরুণ এক সেনা অফিসারের অধীনে নিযুক্ত রোমের সৈন্যরা তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলে।
স্পার্তাকাস যখন দেখলেন তিনি হেরে যাচ্ছেন, তখন নিজের ঘোড়ার উল্টোদিকে হেলে পড়েন, তাঁর মাথার সাথে মাথা লাগিয়ে, প্রতিটি যুদ্ধের সঙ্গী ঘোড়ার চূর্ণকুন্তলে কপাল চেপে ধরেন। তারপর সে তাঁর তরবারির দীর্ঘ ফলা প্রিয় সঙ্গীর বুকের মাঝে ঢুকিয়ে দিয়ে হৃদপিন্ড দু'ভাগ করে ফেলেন।
কাপুয়া থেকে এপ্পিয়া হয়ে রোম পর্যন্ত সমগ্র পথ জুড়ে সারি সারি ক্রুসবিদ্ধ বিদ্রোহীদের লাশ ।

রোম ভ্রমন
দাসদের জন্য ছিল কায়িক শ্রম।
ভেবে চিন্তে দাস করা হয়নি, দিনমজুর ও কারিগররা "নীচ পেশায়" নিয়োজিত ছিল। সিসেরো, যিনি সুদের কারবারের মতো মহৎ পেশায় নিয়োজিত ছিলেন, তিনি শ্রমের অনুক্রম সঙ্গায়িত করেছিলেন এভাবেঃ
"সবচেয়ে কম সম্মানিত ব্যক্তিরা হলেন যারা ক্ষুন্নিবৃত্তির জোগান দেন, যেমনঃ সসেজ প্রস্তুতকারী, মুরগী ও মাছ বিক্রেতা, এবং বাবুর্চি।"
সবচেয়ে বেশী সম্মানিত রোমান ব্যক্তিরা হলেন সেনাপতি, যারা কদাচিৎ যুদ্ধের ময়দানে যেতেন, আর ছিল ভূস্বামী, যাদের পা কখনই মাটিতে পড়ত না।
দরিদ্র হওয়া ছিল অমার্জনীয় অপরাধ। বিগত সময়ের ধনীরা দারিদ্রের বেইজ্জতি গোপন রাখতে ঋণগ্রস্থ হয়ে পড়লে আর ভাগ্য সহায় হলে, রাজনীতিতে তাঁদের ক্যারিয়ার সফলতা পেত, যা দিয়ে তাঁরা তাঁদের পাওনাদারদের সেবার ভার গ্রহণ করত।
যৌন আনুকূল্য বিক্রয় ছিল ধন-সম্পদ অর্জনের এক বিশ্বস্ত উৎস। রাজনৈতিক ও আমলাতান্ত্রিক আনুকূল্য বিক্রিও ছিল ঐ একই ধরণের কাজ। এই কার্যকলাপের একক একটি নাম আছে, তা হলো কুটনি ও লবিস্ট। উভয়কে প্রক্সেঁনেটাস বা বেশ্যলয়ের দূত নামে ডাকা হয়।