২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

এদুয়ার্দো গালেয়ানোর দর্পণ: উরু বন্ধের ডাক ও অন্যান্য

আসাদ মিরণ আসাদ মিরণ

Published : 06 Feb 2021, 02:11 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


গ্রীসের পারিবারিক প্রতিকৃতি
সূর্য আকাশের পিছন দিক ঘুরে পূর্ব দিকে অস্ত যায়। অদ্ভুত সেই দিনগুলি যেদিন হারিয়ে গেল, অ্যাত্রেয়াস সেদিন মাইসেনিয়ের সিংহাসনে আসীন হলেন।
অ্যাত্রেয়াস একদিন অনুভব করলেন তার মাথার মুকুট যেন টলটলায়মান। তিনি দেখলেন, তার আত্মীয়-পরিজন চোখের সীমানার বাইরে চলে যাচ্ছে। তার ভ্রাতুষ্পুত্রদের দৃষ্টিতে ক্ষমতার তৃষ্ণা জ্বলজ্বল করছে। ঠিক নিশ্চিত হতে, তিনি তাদের ধর কেটে ফেললেন, সেগুলিকে ছোট ছোট টুকরা করলেন। এরপর সেই মাংশ রান্না করে গরম গরম ভোজ সভায় পরিবেশন করলেন, আর তা সদ্য মৃত সন্তানের পিতা, তার ভাই থাইয়েস্টসকে খেতে অনুরোধ করলেন।

আত্রেয়াসের পুত্র আগামেমনন ছিল সিংহাসনের উত্তরাধিকারী। সে তার চাচী ক্লাইটেমনেস্ট্রাকে পছন্দ করত এবং তাকে তার রাণী বানাতে চেয়েছিল। এজন্য আগামেমননকে তার চাচাকে হত্যা করতে হয়েছিল। কয়েক বছর পর, তাকে তার গুণবতী কন্যা, ইফিজেনিয়ার গলাও কেটে ফেলতে হয়েছিল। এটা ছিল দেবী আত্রেমিজকে খুশি করার উদ্দেশ্যে তার পক্ষ থেকে কোরবানী। এরপর আগামেমনন দেবী আত্রেমিজের কাছে দাবী করেন, যেন তার অতিথি স্যাটায়ার, সেনতুর, নিমফ বন্দরের জাহাজগুলোতে ততটুকু অনুকূল বাতাস সরবরাহ করে, যতটুকু পেলে তার বাহিনী ট্রয় রাজ্যের বিরুদ্ধে লড়াই করতে সেখানে যেতে পারে।

যুদ্ধ শেষে, এক পূর্ণিমা রাতে, আগামেমনন বিজয়ীর বেশে মাইসেনিয়ে তার প্রাসাদে ফিরে এলেন। রাণী ক্লাইটেমনেস্ট্রা তাকে বরণ করে নিলেন এবং গরম জলে স্নানের আয়োজন করলেন। আগামেমনন যখন স্নান শেষ করে বের হলেন, রাণী তাকে তার নিজের বোনা চাদর দিয়ে জড়িয়ে নিলেন। সেই চাদরই আগামেমননের কাফনের কাপড়ে পরিণত হয়েছিল। ক্লাইটেমনেস্ট্রারের প্রেমিক অ্যাগিসথাস একটি দ্বি-ধার তলোয়ার তার দেহের ভিতর ঢুকিয়ে দিলেন আর ক্লাইটেমনেস্ট্রার একটি কুঠার দিয়ে তার শিরচ্ছেদ করলেন।
সেই একই কুঠার দিয়ে, কিছুদিন পর, ইলেকট্রা ও তার ভাই অরেস্টেস তাদের পিতৃহত্যার প্রতিশোধ নিলেন। আগামেমনন ও ক্লাইটেমনেস্ট্রার সন্তানরা তাদের মা ও তার প্রেমিককে টুকরো টুকরো করে ফেলার মধ্যে দিয়ে কবি এসকিলাস ও ডঃ ফ্রয়েডকে অনুপ্রাণিত করলেন।


উরু বন্ধের ডাক
পেলোপোনেশিয় যুদ্ধের মাঝেই এথেন্স, স্পার্তা, করিন্থ ও বোয়েশিয়ার নারীরা যুদ্ধের বিরুদ্ধে ধর্মঘটের ডাক দিলেন।
পৃথিবীর ইতিহাসে এটা ছিলো নারীদের উরু বন্ধ করার (স্বামীদের সাথে সঙ্গম না করা) প্রথম ধর্মঘট। ঘটনাটি মঞ্চস্থ হয় অ্যারিস্টফেনের কল্পনায়, তিনি এথেন্সের এক রাশ ভারী নারী, লিসিস্ট্রাটারের কন্ঠে বসিয়ে দেন এ কথাঃ "আমি স্বর্গের দিকে পা-ও তুলে ধরছি না, কিংবা চারপায়ে উবু হয়ে আকাশ পানে নিতম্বও উঁচিয়ে ধরছি না!"
ভালোবাসা-বঞ্চিত যোদ্ধাদের নতি স্বীকার (যুদ্ধ বিরতি দিয়ে শান্তি চুক্তি) করতে বাধ্য না করা পর্যন্ত কোন বিরতি ছাড়াই ধর্মঘট চলছিল। এমনিতে ক্রমাগত সান্তনাহীন লড়াই করতে করতে সৈনিকরা ছিল ক্লান্ত, তার ওপর আবার নারীদের এই বিদ্রোহের হুমকি, সুতরাং রণভূমিকে বিদায় জানানো ছাড়া তাদের সামনে আর কোন পথ খোলা ছিলনা।
অ্যারিস্টফেনেস গল্পটা কম-বেশী এভাবেই বলেছিলেন। মূলতঃ তিনি ছিলেন একজন রক্ষণশীল নাট্যকার। তিনি ঐতিহ্যের পক্ষে এমনভাবে সাফাই গেয়েছেন যেন তিনি তাতে বিশ্বাস করেন। কিন্তু তার অন্তরে হাসির অধিকার ধারণ করা ছাড়া শুদ্ধতা বলে আর কিছুই ছিলনা।
এরপর মঞ্চে শান্তি ফিরে আসে।
কিন্তু বাস্তবে নয়।
গ্রিকরা বিশ বছর ধরে যুদ্ধ করে আসছিল, যখন এই নাটক প্রথম মঞ্চস্থ হয়, তারপরে আরও সাত বছর ধরে তাদের নৃশংসতা চলে।
নারীদের আজও ধর্মঘট করার কোন অধিকার নেই, মত প্রকাশের অধিকার নেই। মূলতঃ লিঙ্গ-নির্ধারিত কর্তব্য পালন ব্যতীত তাদের আর কোন অধিকারই নেই। অভিনয় অবশ্য সেগুলির মধ্যে ছিল না। নারীরা সবচেয়ে খারাপ আসনে বসে নাটক দেখতে পারবে, কিন্তু মঞ্চে তারা দৃশ্যমান হতে পারবেনা। এ্যারিস্টফেনেসের পরিচালনায়, লিসিস্ট্রাটা ও অন্যান্য প্রধান চরিত্ররা সবাই পুরুষদের মুখোশ পরে অভিনয় করেছিল।

আপনাকে আঁকার শিল্প
করিন্থ উপসাগরের নিকটবর্তী এক অঞ্চল। বিছানায় শুয়ে আপন মনে এক মেয়ে আগুনের আলোয় তার ঘুমন্ত প্রেমিকের অবয়ব দেখছিল।
দেয়ালে সেই ভাবনার ছায়া যেন জীবন্ত হয়ে দেখা দিল।
মেয়েটির পাশে শুয়ে থাকা প্রেমিকটি ভোর হলে যুদ্ধে যাবে। মৃত্যুর পথে যাত্রা। চলার পথে সঙ্গী হবে ছায়া। ভোর হলে তার সাথে সেও যাবে চলে, মরলে তারই সাথে মরবে।
বাইরে এখনো অন্ধকার। মেয়েটি নীচ থেকে এক টুকরো কয়লা হাতে তুলে নিল। এরপর দেয়াল জুড়ে প্রেমিকের ছায়ার একটা স্কেচ আঁকল।
ঐ রেখাগুলি তার সাথে চলে যাবেনা।
তারা তাকে জড়িয়ে ধরে রাখবে না, এ কথা সে জানে। তবে তারা কিন্তু তাকে ছেড়েও যাবেনা।


সক্রেটিস
একদিকে বা অন্যপক্ষের হয়ে যুদ্ধ করেছিল বেশ কিছু নগরই। কিন্তু এই গ্রীকযুদ্ধ, অর্থাৎ স্পার্তা ও এথেন্স এই দুইয়ের মধ্যে যুদ্ধ, অন্য যে কোন যুদ্ধের তুলনায় বহুগুণ গ্রীকদের প্রাণ কেড়ে নেয়: মুষ্টিমেয় অভিজাতবর্গ, যারা মুষ্টিমেয় বলে গর্বিত বোধ করত, যুদ্ধের মধ্যে দিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে মুষ্টিমেয় এই বুজরূকরা সর্বেসর্বা হতে চেয়েছিল।
খ্রিস্টপূর্ব ৪০৪ সালে, বাঁশির সুরেলা ছন্দে, স্পার্তা অতি নিষ্ঠুরতার সাথে এথেন্সের প্রাচীর গুড়িয়ে দেয়।
এথেন্সের, কি আর বাকি রইল? পাঁচশত জাহাজ সমুদ্রের তলে, আশি হাজার মানুষ প্লেগে মারা পড়ল, অগণিত যোদ্ধার পেট কেটে নাড়িভুড়ি বের করে ফেলা হ'ল, এথেন্স পরিণত হ'ল বিকলাঙ্গ ও উন্মাদের এক হৃত শহরে।
তারপর এথেন্সের বিচারব্যবস্থা তার সবচেয়ে ন্যায়পরায়ণ মানুষদের মৃত্যুদন্ডে দন্ডিত করে।
এ্যাগোরার মহান শিক্ষক, যিনি সত্যের সন্ধানে পাবলিক স্কয়ারে পায়চারি করতে করতে চিৎকার করে প্রবল চিন্তার প্রকাশ ঘটাতেন, যিনি সদ্য সমাপ্ত যুদ্ধের অন্তত তিনটি ময়দানে যুদ্ধ করেছিলেন, বিচারকরা তাকে দোষী সাব্যস্ত করলেন। তারা তাকে "যুবাদের পথভ্রষ্টকারী" বলে আখ্যায়িত করলেন। যদিও তারা বোঝাতে চেয়েছিলেন, তিনি তাদের পবিত্র শহরের সমালোচনা ও বক্রোক্তির অপরাধে দোষী, আর তিনি কখনোই তার মাতৃভূমিকে বোকার মতো পূজা করেননি।

অলিম্পিক
গ্রীকরা একে অপরকে হত্যা করতে পছন্দ করত, তবে তারা কিন্তু অন্য খেলাও খেলত। এ জন্য তারা অলিম্পায়ার জন্য তীর্থক্ষেত্র তৈরী করেছিল, আর যখন অলিম্পিক গেম চলত, তখন তারা কিছুদিনের জন্য যুদ্ধের কথা ভুলে যেত।
প্রত্যেকেই সেখানে নগ্ন ছিল: দৌঁড়বিদ থেকে শুরু করে বর্শা আর চাকতি ছোঁড়ার ক্রীড়াবিদ, লাফানোর প্রতিযোগিতায় অংশ নেয়া খেলোয়াড়রা, মুষ্টিযুদ্ধ ও মল্লযুদ্ধে অংশগ্রহনকারীরা, ছন্দের তালে তালে ঘোড়া চালানো প্রতিযোগিরা অথবা গানের প্রতিযোগীরা। নিজেদের তেল চকচকে গায়ের চামড়া ছাড়া তারা কেউই কোন ব্রান্ডের কেডস বা পলেস্টারের টাইটস অথবা অন্য কিছুই পরত না।
বিজয়ীরা কোন পদক পেত না। পুরস্কার হিসেবে তারা গুল্মবিশেষ জয়মাল্য আর জলপাই তেল ভর্তি পাত্র পেত। তাছাড়া বাকি জীবন বিনামূল্যে খাবার পাবার অধিকার লাভ করত সাথে প্রতিবেশীদের শ্রদ্ধা ও প্রশংসা ।
প্রথম অলিম্পিক বিজেতা, যার নাম কোরেবাস, পেশায় ছিলেন একজন পাঁচক এবং জয়ী হয়েও সেই একই পেশায় নিয়োজিত থাকেন। অলিম্পিকের উদ্বোধনী দিনে তিনি তার প্রতিদ্বন্দ্বিদের তুলনায় এতো দ্রুত গতিতে দৌঁড়েছিলেন যে, যেন তা ছিল উত্তরের ভয়ানক কোন তীব্র হাওয়ার চেয়েও দ্রুততর।
অলিম্পিক ছিল মানুষের আত্মপরিচয় বিনিময়ের এক অনুষ্ঠান। খেলাধূলার মাধ্যমে খেলোয়াড়রা নীরবে জানিয়ে দেয়: "মানুষ আমরা একে-অপরকে ঘৃণা করি, একে-অপরের সাথে যুদ্ধ করি, তবুও আমরা সবাই গ্রীক জাতি।" আর এভাবে এই সহবস্থান প্রায় এক হাজার বছর পর্যন্ত টিকে ছিল, যতক্ষণ পর্যন্ত না বিজয়ী খ্রিষ্ট্রান জাতি এসে এই পৌত্তলিক নগ্ন মানুষগুলিকে ঈশ্বরকে অসন্তষ্ট করার জন্য তাড়িয়ে না দিয়েছিল।
গ্রীক অলিম্পিকে নারী, ক্রীতদাস ও ভিনদেশীরা কখনো অংশগ্রহণ করেনি।
এমনকি গ্রীক গণতন্ত্রেও না।