২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

ইংরেজি ভাষার ভারতীয় কবি নিসিম এজেকিয়েল

সরকার মাসুদ সরকার মাসুদ

Published : 09 Feb 2021, 09:17 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


ভারতে ইংরেজি ভাষায় কবিতা লিখে গভীর মান্যতা অর্জন করেছেন তেমনই একজন কবি নিসিম এজেকিয়েল ( ১৯২৪—- ২০০৪)। নিসিম সর্বার্থে আধুনিক কবি। নিবিষ্ট পাঠে তার কাব্যের অনেক বৈশিষ্ট্যই চোখে পড়বে, যেমন পড়ে অন্য অনেকেরও বেলায়, কিন্তু তার কবিতার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অন্তরমুখিতা ও নিবিড় সারল্য। এই ভেতরসন্ধানী সারল্যের সংগে মিশেছে প্রার্থনার ভাষার গাম্ভীর্য। সর্বদাই তিনি হালকা ও অভিঘাতী ভাষায় ব্যক্ত করেন গূঢ় অনুভূতি —- Lovers, when they marry, face / eternity with touching grace. ( Marriage) " বিয়ের সময় প্রেমিক প্রেমিকারা অনুভব করে এক চিরকালিকতা আর মন ছুঁয়ে যাওয়া শুভেচ্ছাবার্তা ( বিবাহ)। নিসিম এজেকিয়েলের বেশ কিছু কবিতায় অধ্যাত্মভাবনার ছদ্মবেশে ধর্মীয় চিন্তা ফুটে উঠেছে। Event সেরকম একটি কবিতা। আবেগের চূড়ান্ত মুহূর্তে প্রিয়তমা এখানে প্রেমিক পুরুষকে যে wine and bread এর কথা বলছে তা শুধু বাইবেলের ইংগিত দিচ্ছে এমন নয়, মেয়েটির বিদ্যা জাহিরের সরল ভংগিও তুলে ধরছে। এই জায়গায় লেখক একটু ব্যংগ করেছেন বলেও মনে হয়, এবং তা অনুকম্পাযুক্ত ব্যংগ। Marriage কবিতারই এক জায়গায় লেখক বলেছেন, The bride is always pretty, the groom / a lucky man. নববধূ সম্বন্ধে এই- যে তিনি always pretty শব্দবন্ধটি ব্যবহার করলেন এখানে একজন কবির শুভবোধ ও কল্যানী দৃষ্টির পরিচয় মেলে।

কবিতা, নাটক, প্রবন্ধ, সাহিত্যপত্রিকা সম্পাদনা, একাডেমিক কাজকর্ম সবক্ষেত্রেই প্রতিভার গাঢ় স্বাক্ষর রেখেছেন। পেশাগত জীবনে নিসিম ছিলেন মুম্বাইয়ের মিথিভাই কলেজের অধ্যাপক ও ইংরেজি বিভাগের প্রধান। ছিলেন Quest ও Imprint পত্রিকার যোগ্য সম্পাদক। তার প্রথম কাব্যগ্রন্থ Time to change বেরোয় ১৯৫২ সালে। ১৯৫৩য় Sixty poems . The third কাব্যগ্রন্থটির প্রকাশকাল ১৯৫৯। তার কয়েক বছর পর প্রকাশিত হয় The exact name ( ১৯৬৫)। এটা পরিণতমনস্ক ও চিন্তাগভীর কাব্যগ্রন্থ। Collected poems আলোর মুখ দ্যাখে ১৯৮৯ সালে। নিসিম এজেকিয়েল একজন প্রথম শ্রেণির চিন্তকও বটে। Selected prose (১৯৯২) ও Naipaul's India ( ১৯৭৬) নামের বইদুটিতে তিনি উচ্চ স্তরের প্রবন্ধসামর্থ দেখিয়েছেন। The Names of India কাগজটির শিল্পসমালোচনা বিভাগে নিয়মিত লিখেছেন তিনি। পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার ( ১৯৮৩) ও পদ্মশ্রী পুরস্কার (১৯৮৮)।

অভিজ্ঞতার বৈচিত্র্য ও ভাবের সহজতা নিসিমের কবিতার দুই প্রধান দিক। এই লেখক মনে করতেন, সহজ রচনাও গভীর হতে পারে যদি অনুভব হয় চেতনানিবিড় আর তার প্রকাশ হয় নির্ভার। তার কয়েকটি শ্রেষ্ঠ কবিতার নাম The Couple, Nudes 78, Enterprise, Marriage, Soap, The professor, Night of the scorpion। ভাবনিবিড়তা ও প্রকাশসারল্য এসব কবিতার সবচেয়ে বড় গুণ। The unfinished man নামে এই কবির আরও একটি কাব্যগ্রন্থ বেরিয়েছিল ১৯৬০ সালে। লেখকের সহজাত দার্শনিক জিজ্ঞাসাসমূহ এই বইয়ের নিচুকন্ঠী কবিতাগুলোর আশ্চর্য অখণ্ড প্রবহমানতায় ধরা পড়েছে।

নিসিম শহরে বেড়ে উঠেছেন। তার জীবিকার জায়গাও শহর। গ্রামের ছবি তার কাব্যে বিরল। নগরের বিশেষ কিছু ছবি যেমন শপিং মলে নর- নারীর চলাফেরা , তাদের মুখের অভিব্যক্তি, কসমোপলিটান মুম্বাইয়ের পানশালায় বিভিন্ন সমপ্রদায়ের মানুষের একসংগে মদ্যপান একাধিকবার এসেছে তার কবিতায়। Urban শিরোনামের এক কবিতায় তিনি বলছেন The City like a passion burns . / He dreams Of morning walks , alone.

নিসিম ছাড়াও ভারতে কমলা দাশ, জয়ন্ত মহাপাত্র, ভারতী রায়, বিক্রম শেঠ প্রমুখ ইংরেজিতে কাব্যচর্চা করেছেন। কম- বেশি সুনামও অর্জন করেছেন। কিন্তু এদের সবারই পথিকৃৎ ও গুরু হচ্ছেন নিসিম এজেকিয়েল। তাকেই ইংরেজি ভাষার ভারতীয় কবিতার জনক মনে করা হয়। প্রথম কাব্যগ্রন্থ Time to Change এর আত্মগত ভাবানুষংগের অতি সীমিত গন্ডি থেকে বেরিয়ে ১০/১৫ বছরের ভেতর কবিতাকে একটা জিগ্ঙাসাদীপ্ত সহজ দার্শনিকতার স্তরে নিয়ে যেতে পেরেছেন তিনি। নিসিমের পরিমিতিবোধ ও শব্দের ওপর নিয়ন্ত্রণ অনবদ্য। আভাসে -ইংগিতে মনোভাব প্রকাশের বেলায় তিনি রীতিমতো ওস্তাদ। তার Night of The Scorpion শিরোনামের বিছার কামড় সংক্রান্ত দীর্ঘ, বিখ্যাত কবিতাটিতে আয়রনির প্রয়োগ খুবই যথাযথ ও মুনশিয়ানাপূর্ণ। সাহিত্যিক কৌশলের এমন সার্থক ব্যবহার বাংলা ভাষার খ্যাতনামা কবিদের কাব্যেও খুব একটা দেখা যায় না। বিখ্যাত চিত্রী যামিনী রায়ের ছবিতে আমরা ষাঁড়, পুতুল, মাটির তৈজসপত্র দেখতে পাই। এসব গ্রামীণ বিষয়। ষামিনীর শিল্পদৃষ্টি কিন্তু খুবই চৌকস। আধুনিক কলারীতির অনেক কিছুই প্রযুক্ত হয়েছে তার শিল্পকর্মসমূহে। বিশেষ অর্থে যামিনী রায়ও নাগরিক চিত্রকর। এই শিল্পী তার সমকালিক এক মনস্বী কবির চোখে কীভাবে ধরা পড়েছেন, দেখুন —-
A people painted what it saw /
With eyes of supple innocence / An urban artist found the law / To make its
Spirits sing and dance. ( Jamini Roy)

নিসিমের কবিতা মন দিয়ে পড়লে একটা জিনিস প্রায়ই চোখে পড়ে। তা হচ্ছে তার কাব্যে প্রযু্ক্ত স্হান, ব্যক্তি, বস্তু প্রভৃতির ভারতীয়তা। এসবের বাইরেও ষে ভাবপরিমন্ডল তৈরি হয়েছে তার ঐতিহ্য ও ভারতসংশ্লিষ্টতা লক্ষ্মণীয় বিষয়। আরও যা বিশেষভাবে নজরে আসে তা হলো প্রেম – অপ্রেমের অনুভূতি, নিঃসংগতা, যৌনতা, বিষণ্ণতা ও নানামুখি বিচ্ছিন্নতার বোধ। এগুলো তার কবিতায় বারবার এসেছে। এসেছে সফল কবিতার অবয়বে। যেসব বিষয়কে উপজীব্য করা হয়েছে তারা আমাদের আশেপাশেই অস্তিত্বমান। দেখা যাচ্ছে, নিসিম প্রায়শই আটপৌরে জীবনের একঘেয়ে প্রাত্যহিকতার ভেতর থেকেও তুলে এনেছেন অভাবিতপূর্ব উপলব্ধি —– গভীরতাসন্ধ জীবনজিগ্ঙাসা, কল্পনা – মননের মধু ও বিষ ।