এদুয়ার্দো গালেয়ানোর দর্পণ: যিশু ও ক্রিসমাস কাহন
স্প্যানিশে Historia শব্দটি যেমন 'ইতিহাস' অর্থে ব্যবহৃত হয়, তেমনি 'গল্প' অর্থেও ব্যবহৃত হয়ে থাকে। যদিও শাস্ত্রীয় বিচারে এ দুয়ের পার্থক্য সত্য ও মিথ্যের মতোই পরস্পর-বিরোধী। কিন্তু লাতিন আমেরিকান লেখকরা, বিশেষ করে কথাসাহিত্যিকরাই এই দুইয়ের ভেদরেখা বা পরস্পরবিরোধিতাকে কখনো কখনো এতটাই মুছে দিয়েছেন যে তা পড়তে গিয়ে মনে হবে ইতিহাস ও গল্প যেন সহোদরা। আর এই কারণে লাতিন আমেরিকান কোনো লেখকের গল্প বা আখ্যানগুলো ইতিহাস হয়ে ওঠার শোরগোল তুলে বৈষম্যবিরোধী পাঠকের ইতিহাসপাঠের ক্ষুধা মেটায়। কিন্তু বিপরীতে ঐতিহাসিকরা ওই রকম কিছু করেছেন কখনো? করাটাই ছিল স্বাভাবিক, কিন্তু এদুয়োর্দো গালেয়ানো আসার আগে পর্যন্ত কখনোই তা ঘটতে দেখা যায়নি। গালেয়ানো মূলত ঐতিহাসিক। অসামান্য সব ইতিহাসগ্রন্থের জনক। এক একটি গ্রন্থে তিনি ইতিহাসের শিরা উপশিরা উন্মোচন করে দেখিয়েছেন মানুষের রক্তের ক্রন্দন। পর্যবেক্ষণ ও বিশ্লেষণী শক্তিতে তিনি অসামান্য এক ইতিহাসবিদ হলেও, The Mirror নামক বইটি লেখার আগে পর্যন্ত ইতিহাসের ঘটনাকে গল্পে রূপান্তরিত করার সৃজনী পরীক্ষা তিনি আগে কখনো করেননি। বইটি একই সঙ্গে যেমন ইতিহাসের, তেমনি গল্পেরও। গল্প ও ইতিহাস এমন এক সঙ্গমে রঙিন হয়ে উঠেছে যা পাঠবিমুখ পাঠককেও উজ্জীবিত করে তোলে। এই গ্রন্থের আরও একটি বড় আকর্ষণ এর বৈশ্বিক পরিসর আর সর্বজনীনতা, কিন্তু গালেয়ানোর শৈল্পিক মিতভাষিতায় তা হয়ে উঠেছে বহনযোগ্য এক দর্পনের মতো যেখানে যে-কোনো কাল, যে-কোনো জাতি, এমনকি ইতিহাস-বঞ্চিত অজ্ঞাতকুলশীল ব্যক্তিও তার নিজের চেহারা দেখে নিজেকে চিনে নিতে পারবে। এটি এমনই এক দর্পন যেখানে পৃথিবীর অন্য সব মহাদেশের মতো আমাদের এই উপমহাদেশ, এমনকি রাজধানী ঢাকাসহ বাংলাদেশের ঘটনাও প্রতিফলিত হয়েছে ঐতিহাসিক নিষ্ঠায় আর সাহিত্যিক সুজনশীলতায়। অমূল্য হীরক খন্ডের এই লোভনীয় ভাণ্ডার পাঠকদের হাতে ধারাবাহিকভাবে পর্বে পর্বে তুলে দিচ্ছেন বাংলা তর্জমায় আসাদ মিরণ।-বি. স
মূল: এদুয়ার্দো গালেয়ানো
বাংলা তর্জমা: আসাদ মিরণ
ধর্মকে বরাবরই যুক্তির বাইরে গিয়ে প্রমাণ করতে হয়েছে যে সে শাশ্বত, প্রশ্নের অতীত, ব্যাখ্যার উর্ধে। ধর্মীয় গ্রন্থের সাথে ধর্ম প্রচারকদের কর্ম বা তাদের বাণী মাঝে মাঝে বৈপরীত্যের জন্ম দিয়েছে। আবার এটাও দেখা যায়, একটি ধর্মে বর্ণিত ঘটনা ও চরিত্র আরেকটি ধর্মে স্থানান্তরিত হয়েছে এবং স্ব স্ব ধর্মের অনুসারীরা তা মেনেও নিচ্ছে। মানব সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, ভৌগলিক অবস্থান, রাজনীতি ইত্যাদির বিবর্তনের সাথে ধর্মেরও বিবর্তন লক্ষ্য করা যায়। সবটাই করা হয়েছে মানুষের প্রয়োজন অনুযায়ী। এমনও দেখা গেছে, অসংখ্য স্থানীয় প্রভাবশালী চরিত্র পরবর্তীতে ঈশ্বরের জায়গা করে নিয়েছে। –অনুবাদক
পুত্র
কেউ জানে না কীভাবেঃ ইয়েওয়েহ্, একমাত্র ঈশ্বর যিনি কখনও প্রেম করেননি, কিন্তু এক পুত্র সন্তানের বাবা হলেন।
শাস্ত্র অনুসারে, হেরোদ যখন গালীলেতে রাজত্ব করছিলেন, তখন এই পুত্র সন্তান পৃথিবীতে আসে। যেহেতু হেরোদ খ্রিস্ট যুগের শুরুর চার বছর আগে মারা গিয়েছিলেন, সেহেতু খ্রিস্ট পূর্ব কমপক্ষে চার বছর আগে যিশুর অবশ্যই জন্ম নিতে হত।
কোন সালে, অথবা দিন-ক্ষণই বা কি, কেউ জানেনা। ৩৭৯ সালে সন্তু গ্রেগরি নাজিয়ানজেনস তার নামে জন্ম সনদ প্রদান না করা পর্যন্ত যিশু প্রায় চার শতাব্দি পর্যন্ত কোন প্রকার জন্মদিন ছাড়াই কাটিয়েছিলেন। ডিসেম্বরের ২৫ তারিখ তার জন্ম হয়। এভাবে ক্যাথলিক চার্চ আরেকবার নিজের গায়ে মূর্তিপূজার প্রসিদ্ধ গাউন চড়ালো। পৌত্তলিক ঐতিহ্য অনুসারে, সেই একই দিনে পবিত্রসূর্য শীতের অন্ধকারের মধ্য দিয়ে রাতের বিরুদ্ধে যাত্রা শুরু করে।
যেদিনই তা ঘটুক না কেন, শান্তি ও ভালোবাসার সেই প্রথম নিস্তব্ধ রাতটি নিশ্চয়ই এখনকার মতো উদযাপিত হয়নি, যা এখন বহু দেশে যুদ্ধের মতো তোপ দাগিয়ে উদযাপিত হয়। নিশ্চিতভাবেই সেদিন সেখানে সোনালী কোঁকড়া চুলের কোন শিশু ও তাকে চিহ্নিত করার কোন নির্দেশনা ছিল না, আর ঐ নবজাতকটিও দেখতেও তেমন ছিল না। নক্ষত্রকে অনুসরণ করে যারা এসেছিলেন, সংখ্যায় তারা তিনজন কিংবা সে রাজাই হোক, তাদের কেউই বেথেলহামে কোন গোশালার পাত্র দেখেননি।
আর নিশ্চিতভাবেই সেই প্রথম ক্রিসমাসের দিন, যা মন্দিরের বণিকদের জন্য দুঃসংবাদের পূর্বাভাস মনে করা হয়েছিল, পরবর্তীতে সেই দিনটিই যে বিশ্বের বণিকদের জন্য আকর্ষণীয় বিক্রির এক প্রতিশ্রুতি হয়ে উঠবে, সেটাও তখন কেউ ধারণা করতে পারেননি।
ধরিয়ে দিন
ধরিয়ে দিন
নাম, যীশু।
ওরফে, মসিহ।
কোন চাকরি বা নির্দিষ্ট ঠিকানা নেই।
নিজেকে সে ঈশ্বরের পুত্র বলে দাবী করে, পৃথিবীতে আগুন ধরিয়ে দিতে সে নাকি স্বর্গ থেকে নেমে এসেছে।
মরুভূমির এক অপরাধী, শহরে এসে সকল নগরবাসীকে অতিষ্ট করে তোলে।
নিঃস্ব, দাস, পাগল, মাতাল আর বেশ্যা সবাইকে সে স্বর্গের প্রতিশ্রুতি দেয়।
সে কুষ্ঠ রোগীদের নিরাময় করে, রুটি ও মাছ দ্বিগুণ করে আর বিভিন্ন রকম জাদুর কৌশল ও গুপ্তবিদ্যা দেখিয়ে সাধারণ মানুষদের বোকা বানায়।
রোম কর্তৃপক্ষ অথবা ইহুদী ঐতিহ্যকে সে সম্মান করে না।
সব সময়ই সে আইনের উর্দ্ধে থাকত।
জন্ম মুহূর্ত থেকে টানা তেত্রিশ বছর ধরে সে মৃত্যু পরওয়ানা নিয়ে ঘুরছে।
একটা ক্রুশ তার জন্য অপেক্ষা করছে।
গাধা
গো-শালার পাত্রে শুয়ে থাকা নবজাতক যিশুকে সে উষ্ণতা দিয়েছিল, সে কারণেই তাকে সব ছবিতে দেখা যায়, খড়ের বিছানার পাশে বড় বড় কান নিয়ে দাঁড়িয়ে আছে।
হেরোদের তরবারির ভয়ে, এক গাধার পিঠে চড়ে যীশু পালিয়ে বেঁচেছিলেন।
তিনি সারা জীবন এক গাধার পিঠে চড়ে বিচরণ করেছেন।
সেই গাধার পিঠে চড়েই তিনি ধর্ম প্রচার করেছেন।
আবার জেরুযালেমে যখন প্রবেশ করেন, সেই গাধার পিঠে চড়েই করেন।
গাধাটি বোধহয় আদৌ কোন সাধারণ ধরণের গাধা ছিল না?
যিশুর পুনরুত্থান
ওহাকায়, মাজাটেকোরা বলে, যীশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল কারণ তিনি গরীবদের মুখে ভাষা ফুটিয়েছিলেন ও বৃক্ষদের কথা বলতে শিখিয়ে ছিলেন।
আর তারা বলে যে দীর্ঘ যন্ত্রণা ভোগের পর, তারা তাকে ক্রুশ থেকে নামিয়েছিল।
ইতিমধ্যে অবশ্য যীশুকে সমাধিস্থ করা হয়েছিল, মৃত্যুর মধ্যে তিনি ঘুমিয়ে ছিলেন, ঝিঁঝিপোকা তখন গান গাওয়া শুরু করল।
আর ঝিঁঝিপোকা তাকে জাগিয়ে তুলল।
আর যিশু তাকে বললেন, তিনি মৃত্যুকে পিছনে ফেলে রাখার মনোকামনা করেছেন।
আর ঝিঁঝি সেই কথা ছুঁচোকে বললে, সে মাটির তলে লম্বা সুরঙ্গ খুঁড়তে থাকে, যতক্ষণ না পর্যন্ত সে কফিনের কাছে পৌঁছাতে না পারে, যেখানে যিশু শুয়েছিলেন।
এরপর ছুঁচো ইঁদুরের সাহায্য চাইল, সে তখন তার ধারালো দাঁত দিয়ে কফিন কেটে খুলে ফেলল।
আর যিশু বের হয়ে আসলেন।
এবং সৈন্যরা তার পথের মাঝে যে বিশাল পাথর ফেলে রেখেছিল, তিনি তা একটি মাত্র আঙ্গুল দিয়ে একপাশে সরিয়ে দিলেন।
আর তিনি ঝিঁঝি, ছুঁচো, ও ইঁদুরকে তাদের বদান্যতার দরুন কৃতজ্ঞতা প্রকাশ করলেন।
এরপর তিনি স্বর্গে উড়ে গেলেন, যদিও তার কোন ডানা ছিল না।
আর খোলা সমাধির উপরে বিশাল যে পাথরের চাঁইটি তিনি ফেলে রেখে গিয়েছিলেন, সেটি বাতাসে ভাসতে ছিল আর তাতে বসা ছিল এক দেবদূত।
সেই দেবদূত যিশুর মাতা, কুমারী মেরিকে সবকিছু খুলে বলল।
কুমারী মেরী সেই কথা গোপন রাখতে পারলেন না। বাজারে গিয়ে তার প্রতিবেশীদের কাছে সব ঘটনা বলে ফেললেন।
আর এভাবে আমরাও তা জানতে পারি।
মেরীরা
ধর্মশাস্ত্রে মেরী (মরিয়ম) খুব কমই উদয় হয়েছেন।
প্রায় এক হাজার বছর পূর্ব পর্যন্ত, চার্চও তাকে উপেক্ষা করেছিল। তারপরে মানবতার মা ও শুদ্ধ বিশ্বাসের প্রতীক হিসেবে যিশুর মাতা মনোযোগের কেন্দ্রে আসেন। এগারো শতকে, চার্চ যখন প্রায়শ্চিত্ত ও বাধ্যতামূলক স্বীকারোক্তির বিষয়টি আবিস্কার করল, ফ্রান্সে তখন রাতারাতি আশিটি চার্চ ও ক্যাথেড্রাল মেরীর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য গজিয়ে ওঠল।
কুমারীত্ব ছিল তার খ্যাতির উৎস। মেরীকে দেবতারা লালন-পালন করেছিলেন, কপোত তাকে গর্ভবতী করেছিল, এবং কোন পুরুষ কখনোই তাকে স্পর্শ করেনি। তার স্বামী সেইন্ট জোসেফ দূর থেকে কথা বলতেন। ১৯৮৪ সালের পর মেরী আরও পবিত্র হয়ে উঠলেন, যখন চির-অভ্রান্ত নবম পোপ পিয়ুস উদঘাটন করলেন যে মেরীকে কোন প্রকার পাপ ব্যাতীতই গর্ভে ধারণ করা হয়েছিল। যার তরজমা দাঁড়ায়, কুমারী মেরীর মাতাও একজন কুমারী ছিলেন।
বর্তমানে মেরীই হলেন পৃথিবীর সবচেয়ে বেশী পূজিত ও অলৌকিক কোন দেবত্ব। ইভ (হাওয়া) নারীকূলের যে সর্বনাশ ডেকে এনেছিলেন, মেরী তাদের খালাস করে দিয়েছেন। তাকে ধন্যবাদ, ইভের পাপী কন্যাদের অনুশোচনা করার সুযোগ এনে দিয়েছেন।
আর অন্য আরেকজন মেরীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল, যাকে ছবিতে পবিত্র ক্রুশের পাদদেশে পবিত্র মেরীর পাশে দেখা যায়।
ঐতিহ্য অনুযায়ী, অন্য মেরী, অর্থাৎ মেরী ম্যাগদালেন ছিলেন একজন বেশ্যা, যিনি পরে সন্তু হয়েছিলেন।
বিশ্বাসীরা ক্ষমা প্রার্থনা করে তাকেই যেন অবমাননা করে।
মেরির পুনর্জন্ম
চিয়াপাসে মেরীর পুনর্জন্ম হয়েছিল।
সিমোহভেলর শহর থেকে তার এক ভারতীয় চাচাত ভাই আর চামুলা গাছের নীচে বসবাসকারী এক সাধু, যার সঙ্গে মেরীর কোন সম্পর্ক ছিল না, তারা তার পুনর্জন্মের ঘোষণা দেন।
এবং সান্তা মার্তা জলোটেপেক শহরে, ডোমেনিকা লোপেজ ফসল তোলার সময়ে তাকে দেখতে পেয়েছিলেন। যীশুর মা তার কাছে নিজের জন্য একটি ভজনালয় তৈরী করে দিতে বললেন। কেননা, তিনি বনে-জঙ্গলে ঘুমিয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছেন। ডোমেনিকা সে কথা পালন করলেন, কিন্তু কিছুদিনের মধ্যেই চার্চের বিশপ এসে তাকে ও মেরীসহ সকল অনুগামীদের বন্দি করেন।
মেরী তখন জেল থেকে পালিয়ে কানকুক শহরে গেলেন। সেখানে তিনি মেরী নামেরই আরেকটি মেয়ের মুখ দিয়ে কিছু কথা বলান।
মেয়েটি যা বলেছিল তেজেতজাল মায়ানরা তা কখনো ভুলবে না। সে মায়ানদের ভাষায় কথা বলছিল আর কর্কশ স্বরে নির্দেশ দিচ্ছিল:
মেয়েদের শারিরীক কামনা কখনও তাদের উপেক্ষা করা উচিত না, কেননা তা তাদের আনন্দিত করে;
মেয়েরা যে পুরুষকে বিবাহ করতে চায়, তাদের তাই করা উচিত, কেননা
স্পেনীয় যাজকদের দেয়া বিবাহ হিতকর নয়;
আর সে বলে, দৈববাণীর যে জোয়াল চাপিয়ে দেয়া হয়েছে, তা ছুড়ে ফেলে দেয়া হবে এবং হৃত ভূমি ও স্বাধীনতা পুনরুদ্ধার করা হবে, এখন থেকে আর রাজা, বিশপ বা নগরপালদের সম্মান দেখানোর কিছু নেই।
প্রবীণদের কাউন্সিল তার কথা শোনে এবং মানে। এবং ১৭১২ সালে, বত্রিশটি আদিবাসী শহর সশস্ত্র বিদ্রোহে জেগে ওঠে।
সান্তা ক্লজের উৎপত্তি
১৮৬৩ সালে নিউইয়র্কে হার্পার নামের একটি জার্নালে সর্বপ্রথম সান্তা ক্লজের রূপ প্রকাশিত হয়। সেখানে দেখা যায়, নাদুস-নুদুস এক ব্যক্তি একটি চিমনির মধ্যে প্রবেশ করছে। থমাস ন্যাস্ট নামের এক শিল্পীর হাতে সান্তার জন্ম হয়, সম্ভবতঃ তিনি কিংবদন্তি সন্তু নিকোলাসের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই কাজটি করেছিলেন।
১৯৩০ সালের ক্রিসমাসের সময় দেখা যায় সান্তা ক্লজ কোকা-কোলার হয়ে কাজ করছেন। তার আগে তিনি কখনও এরকম পোশাক পরেননি, সাধারণত তিনি নীল বা সবুজ রঙের পোশাক পরতেই পছন্দ করতেন। শিল্পী হ্যারল্ড সান্ডব্লম তার গায়ে কোম্পানীর পোশাক চড়ালেন, সাদা পাড়যুক্ত উজ্জ্বল লাল রঙ, আর সেই সব বৈশিষ্ট্য দিয়ে তাকে উপস্থাপন করলেন যা আমাদের কাছে পরিচিত। সকল শিশুর এই বন্ধুর সাদা দাড়ি আছে, সদাহাস্য মুখ, স্লেজ গাড়িতে ঘুরে বেড়ান, আর তিনি অজস্র উপহার ও দু'হাতে দুটো কোক নিয়ে এতোই চুপিসারে সারা পৃথিবীর চিমনি গলে হাজির হন যে কেউ বুঝতেই পারেনা।
যিশু খ্রিস্টের সাথে তার কী সম্পর্ক রয়েছে সে কথাও কেউ বুঝতে পারেনা।
