২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

এদুয়ার্দো গালেয়ানো: ভয়াবহ এক অস্ত্র ও অন্যান্য

আসাদ মিরণ আসাদ মিরণ

Published : 23 Dec 2020, 11:30 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


স্প্যানিশে Historia শব্দটি যেমন 'ইতিহাস' অর্থে ব্যবহৃত হয়, তেমনি 'গল্প' অর্থেও ব্যবহৃত হয়ে থাকে। যদিও শাস্ত্রীয় বিচারে এ দুয়ের পার্থক্য সত্য ও মিথ্যের মতোই পরস্পর-বিরোধী। কিন্তু লাতিন আমেরিকান লেখকরা, বিশেষ করে কথাসাহিত্যিকরাই এই দুইয়ের ভেদরেখা বা পরস্পরবিরোধিতাকে কখনো কখনো এতটাই মুছে দিয়েছেন যে তা পড়তে গিয়ে মনে হবে ইতিহাস ও গল্প যেন সহোদরা। আর এই কারণে লাতিন আমেরিকান কোনো লেখকের গল্প বা আখ্যানগুলো ইতিহাস হয়ে ওঠার শোরগোল তুলে বৈষম্যবিরোধী পাঠকের ইতিহাসপাঠের ক্ষুধা মেটায়। কিন্তু বিপরীতে ঐতিহাসিকরা ওই রকম কিছু করেছেন কখনো? করাটাই ছিল স্বাভাবিক, কিন্তু এদুয়োর্দো গালেয়ানো আসার আগে পর্যন্ত কখনোই তা ঘটতে দেখা যায়নি। গালেয়ানো মূলত ঐতিহাসিক। অসামান্য সব ইতিহাসগ্রন্থের জনক। এক একটি গ্রন্থে তিনি ইতিহাসের শিরা উপশিরা উন্মোচন করে দেখিয়েছেন মানুষের রক্তের ক্রন্দন। পর্যবেক্ষণ ও বিশ্লেষণী শক্তিতে তিনি অসামান্য এক ইতিহাসবিদ হলেও, The Mirror নামক বইটি লেখার আগে পর্যন্ত ইতিহাসের ঘটনাকে গল্পে রূপান্তরিত করার সৃজনী পরীক্ষা তিনি আগে কখনো করেননি। বইটি একই সঙ্গে যেমন ইতিহাসের, তেমনি গল্পেরও। গল্প ও ইতিহাস এমন এক সঙ্গমে রঙিন হয়ে উঠেছে যা পাঠবিমুখ পাঠককেও উজ্জীবিত করে তোলে। এই গ্রন্থের আরও একটি বড় আকর্ষণ এর বৈশ্বিক পরিসর আর সর্বজনীনতা, কিন্তু গালেয়ানোর শৈল্পিক মিতভাষিতায় তা হয়ে উঠেছে বহনযোগ্য এক দর্পনের মতো যেখানে যে-কোনো কাল, যে-কোনো জাতি, এমনকি ইতিহাস-বঞ্চিত অজ্ঞাতকুলশীল ব্যক্তিও তার নিজের চেহারা দেখে নিজেকে চিনে নিতে পারবে। এটি এমনই এক দর্পন যেখানে পৃথিবীর অন্য সব মহাদেশের মতো আমাদের এই উপমহাদেশ, এমনকি রাজধানী ঢাকাসহ বাংলাদেশের ঘটনাও প্রতিফলিত হয়েছে ঐতিহাসিক নিষ্ঠায় আর সাহিত্যিক সুজনশীলতায়। অমূল্য হীরক খন্ডের এই লোভনীয় ভাণ্ডার পাঠকদের হাতে ধারাবাহিকভাবে পর্বে পর্বে তুলে দিচ্ছেন বাংলা তর্জমায় আসাদ মিরণ।

মূল: এদুয়ার্দো গালেয়ানো
বাংলা তর্জমা: আসাদ মিরণ

ভয়াবহ এক অস্ত্র
ত্রিশটিরও বেশী দেশে খৎনা প্রথা চালু রয়েছে।
এই লম্বা চিকন কাটা চিহ্ন একজন পুরুষের স্ত্রী অথবা তার নারীদের সম্পত্তির উপর নিজের অধিকার প্রতিষ্ঠা করে।
খৎনাকারীরা নারীর যৌন সুখের বাহক প্রত্যঙ্গটি কেটে ফেলার অপরাধকে 'নিষ্কলুষকরণ' বলে অভিহিত করে থাকে। তাদের ব্যাখ্যা, ভগাঙ্কুর হলো:
এক বিষাক্ত ফলা
বিচ্ছুটির পুচ্ছ
উইয়ের ঢিবি
পুরুষদের মেরে ফেলে অথবা তাদের অসুস্থ করে তোলে
নারীদের উত্তেজিত করে তোলে
তাদের দুধ বিষিয়ে দেয়
আর তাদের অতৃপ্ত করে তোলে
কখনো উন্মত্ত।
খৎনাকে যৌক্তিক করার জন্য তারা হযরত মুহাম্মদের উদ্ধৃতি উল্লেখ করে, যিনি এ ব্যাপারে আদৌ কোন কথা বলেননি এবং কোরআনেও কোথাও এর উল্লেখ নেই।

নয়টি চাঁদ
গৌতাপা চটের দোলনায় ঝিমিয়ে ঝিমিয়েই তার জীবন পার করছিলেন, যতক্ষণ না তার স্ত্রী, যার কোন নাম পর্যন্ত ছিল না, তার চুল আঁচড়িয়ে, মশা তাড়িয়ে এবং চামচ দিয়ে খাবার খাইয়ে সুস্থ্য করে তুললেন। কিছুক্ষণের মধ্যে গৌতাপা বিছানা থেকে উঠলেন, স্ত্রীকে নিজের মনপুত ও বাধ্যগত রাখার জন্য আচ্ছামত একচোট ধোলাই দিলেন।
নারীটি পালিয়ে যাবার পর, গৌতাপা ভারী এক গদা নিয়ে আমাজনের গভীর গিরিসঙ্কট পথে সম্ভাব্য প্রতিটি লুকানোর জায়গা তন্ন তন্ন করে খুঁজলেন। অবশেষে খুঁজে না পেয়ে তার সমস্ত শক্তি দিয়ে এক জায়গায় প্রচন্ড এক আঘাত হানলেন, তার জানা ছিল না, সেখানে ছিল ভিমরূলের চাক।
ক্ষিপ্ত ভিমরূলের দল তাকে ছেকে ধরল। হাঁটুর উপরে হাজার হাজার দংশন করল তারা।
গৌতাপার হাঁটু ফুলে উঠল এবং ক্রমশই ফুলতেই লাগল, চাঁদের পর চাঁদ, যতক্ষণ না পর্যন্ত তার আকার প্রকান্ড বেলুনের মতো না হয়। এক সময়, বেলুনের গর্ভে, অসংখ্য ক্ষুদ্র মানব-মানবী আকৃতি পেতে শুরু করল, তারা ঘুরে বেড়াতে লাগল, কেউ কেউ সেখানে ঝুড়ি বোনে, মালা গাঁথে, ধনুকের ফলা বানায় আবার কেউ বন্দুকও ছোড়ে।
নবমী চাঁদের নীচে, গৌতাপা প্রসব করেন। তার হাটু থেকে প্রথম টিকুনাসের জন্ম হয়, নীল-পালক, লাল-ঠোঁট, আঙ্গুর খাওয়া তোতাপাখিরা তাকে উৎফুল্লভাবে বরণ করে নেন। সেই সাথে অন্যান্য বিশ্লেষকরাও!

বিজয়ী সূর্য, পরাজিত চাঁদ
নারীকে যে গর্ভবতী করেছিল সে বাতাস ছিলনা, এই কথা সূর্য যেদিন ছড়িয়ে দিয়েছিল, সেদিনই চাঁদ তার প্রথম যুদ্ধে সূর্যের বিরুদ্ধে হেরে গিয়েছিল।
তারপর ইতিহাস আরও অনেক দুঃসংবাদ এনেছে:
শ্রমবিভাজনের মাধ্যমে প্রায় সব কাজ নারীদের মাঝে বন্টন করা হলো যেন
আমরা পুরুষরা একে অপরকে সমূলে উৎপাটনের জন্য নিজেদের উৎসর্গ করতে পারি,
সম্পত্তির অধিকার ও উত্তরাধিকারের প্রশ্নে নারীকে কোন কিছুর মালিক হবার অনুমতি দেয় না,
পরিবার নামক সংগঠনটি নারীকে তাদের বাবা, স্বামী, আর পুত্রের খাঁচায় বন্দি করে রাখে,
আবার রাষ্ট্রে এসে সেই খাঁচার আয়তন যেন আরও বড় হয়ে যায়।
চাঁদ তার কন্যাদের পরাজয় ভাগ করে নেয়।
গোধূলি বেলায় মিশরীয় চাঁদের সূর্যকে গ্রাস করা আর প্রত্যুষে তাকে জন্ম দেয়ার সেই সময় আজ অতীত,
সূর্যকে আইরিশ চাঁদের চিরকালের জন্য অন্ধকারে রাখার হুমকি দিয়ে সোজা রাখা সেটাও অনেক আগের ঘটনা,
আবার একটা সময় ছিল যখন গ্রিস ও ক্রিটের রাজারা বক্ষ-চেলি পরে রাণীর সাজে সাজতেন আর পবিত্র অনুষ্ঠানগুলিতে চাঁদের সাথে তুলনা করে নিজেদের মেলে ধরতেন।
ইউকাতানে চাঁদ ও সূর্য স্বামী-স্ত্রীর মতো বাস করতো। যখন তারা বিবাদ করতো সেটা গ্রহণের কারণ হতো। চাঁদ ছিল সমুদ্র ও বসন্তের রাণি এবং পৃথিবীর দেবী। সময়ের সাথে সাথে, সে তার ক্ষমতা হারিয়েছে। এখন সে কেবল জন্ম আর অসুস্থতার উপরই রাজত্ব করে।
পেরুর উপকূলে, আমরা তার অবমাননার শুরুর কাল ধরতে পারি। স্পেনীয় আগ্রাসনের কিছুদিন আগে, ১৪৬৩ সালে চাঁদদের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর, চিমু রাজ্যের চাঁদ, ইনকা সূর্য বাহিনীর কাছে আত্মসমর্পন করে।


মেক্সিকান
মেক্সিকোর চাঁদ, ত্লাসোলতেওতোল যিনি হুয়াসটেকা রাতের দেবী, অ্যাজটেকের পুরুষতান্ত্রিক সর্বমন্দিরে ঠেলাঠেলি করে কোন মতে ঢুকতে পেরেছিলেন।
তিনি ছিলেন মাতৃস্নেহের শ্রেষ্ঠ জননী, যিনি নারীদের প্রসব বেদনা ও ধাত্রীদের কষ্টের হাত থেকে রক্ষা করেছিলেন, সেই সাথে বীজদের উদ্ভিদে পরিণত হওয়ার যাত্রা পথ বাতলে দিয়েছিলেন। আবার প্রেমের দেবী আর আবর্জনার দেবীকেও তিনি অপাংক্তেয় গ্রহণের জন্য ভ্রুকুটি করেছিলেন। একইসাথে উর্বরতা এবং লালসাকে তিনি বাস্তবে রূপায়িত করেছিলেন।
ইভ বা প্যান্ডোরার মতো ত্লাসোলতেওতোলও পুরুষদের সর্বনাশের জন্য নিজেকে অপরাধী ভাবতেন। তার সময়ে জন্মগ্রহণকারী নারীদের সুখ খোঁজার জন্য নিন্দা করা হতো।
আর পৃথিবী যখন কাঁপছিল, কোমল স্পন্দনে অথবা ভযাবহ কোন ভূমিকম্পে, তখন কারো মনে সন্দেহ ছিল নাঃ "এ তো সেই নারী (ত্লাসোলতেওতোল)।"

মিশরীয়গণ
গ্রীক হোরোডোটাস প্রমাণ করেছিলেন, মিশরের নদী আর আকাশ অন্য যে কোন নদী বা আকাশের চেয়ে আলাদা; আর তাদের রীতিনীতির ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। বিচিত্র এই মিশরীয়রা: তারা ময়দা দলাই করে পা দিয়ে আর কাঁদা মাটি ময়ানকরে হাত দিয়ে। আবার তাদের মৃত বিড়ালকে মমি বানিয়ে সেগুলি পবিত্র সিন্দুকে পুরে রাখে।
তবে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল পুরুষদের মাঝে নারীর স্থান। অভিজাত হোক কিংবা সাধারণ ঘরের হোক তারা নিজেদের নাম বা মর্যাদা বিসর্জন না দিয়েই যে কাউকে বিয়ে করে ফেলতে পারতেন। উত্তরাধিকার (জাতাধিকার), শিক্ষা, সম্পত্তি, ও কাজ করার অধিকার শুধুমাত্র পুরুষদের একার ছিলনা। আবার বাজার-ঘাট করার কাজটি কিন্তু শুধুমাত্র নারীরাই করতেন আর পুরুষরা ঘরে বসে কাপড় বুনতেন। হেরোডোটাসের মতে, যদিও তার কথা পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়, মিশরের নারীরা নাকি দাাঁড়িয়ে প্রস্রাব করতেন আর পুরুষরা হাটু গেড়ে।

হিব্রু সম্প্রদায়
ওল্ড টেস্টামেন্ট অনুসারে, হাওয়ার (ইভের) কন্যাদের চিরকাল দৈব শাস্তি ভোগ করতে হবে।
ব্যভিচারিনী, ডাইনী ও বিবাহযোগ্য কন্যাদের মধ্যে যারা কুমারীত্ব হারাবে তাদের পাথর ছুঁড়ে মারা হবে। পুরোহিত কন্যাদের মধ্যে কেউ পতিতা হলে, তাদের শুলে চড়ানো হবে।
আবার যদি কোন নারী একজন পুরুষকে বাজে কথা বলে তাকে খাবলে দেন, আর সেটা যদি হয় তার নিজের বা তার স্বামীর আত্মরক্ষার জন্য, তবুও সেই অপরাধে ঐ নারীর হাত কেঁটে ফেলা হবে।
যদি কোন নারী পুত্র সন্তান প্রসব করে তাহলে চল্লিশ দিন ঐ নারীটি অপবিত্র থাকবে। শিশুটি যদি মেয়ে সন্তান হয়,তাহলে আশি দিন তাকে ভাগাড়ে রাখা হবে; রজঃকালীন সময়ে নারীরা সাত দিন, সাত রাত ধরে অশুদ্ধ থাকবে; আর সেই সময়ে কেউ যদি সেই নারীকে স্পর্শ করে, এমননি তার বসার চেয়ার বা শোয়ার বিছানাকেও যদি স্পর্শ করে, তাহলে তাকেও সেই অশুদ্ধতা সংক্রমিত করবে।

হিন্দুগণ
পানি, সূর্যসহ প্রাণের সকল উৎসের জননী মিত্রা ছিলেন জন্ম থেকেই একজন দেবী। তিনি যখন ব্যাবিলন বা পারস্য থেকে ভারতে আসেন, তখন তাকে দেবী থেকে দেবতা হতে হয়েছিল।
ভারতে মিত্রার আগমনের পর বেশ কয়েক বছর কেটে গেলেও সে দেশে নারীদের তেমনভাবে গ্রহণ করা হয়না। সেখানে পুরুষদের তুলনায় নারীরা সংখ্যায় কম, কোন কোন অঞ্চলে প্রতি দশ জনের মধ্যে আটজনই নারী। এদের মধ্যে অনেকেই ছিল যারা ভুমিষ্ঠই হয়নি, মাতৃগর্ভেই তাদের মৃত্যু হয়, আর অগণিত শিশুদের জন্মের পরপরই গোপনে মেরে ফেলা হয়।
নিবারণই বড় দাওয়াই, যেহেত নারীরা খুব বিপজ্জনক হতে পারে। হিন্দু প্রথার এক ধর্মীয় গ্রন্থের সাবধান বাণীতে উল্লেখ আছে, "বিষ, সর্প আর মৃত্যু এই তিনের সমন্বয় হলো কামার্ত নারী।"
বাকিরা ধর্মচারিণী, যদিও তাদের প্রকৃত অভ্যাস এখন হারিয়ে গেছে। ঐতিহ্য অনুযায়ী, বিধবা নারীরা স্বামীর চিতার সাথে জীবন্ত পুড়ে মরবে, কিন্তু বর্তমানে অল্প কিছু নারীই সে আদেশ পালন করতে ইচ্ছুক।
কয়েক শতাব্দি বা সহস্রাব্দ ধরে ভারতের অসংখ্য নারী সহমরণে ইচ্ছুক ছিল। অন্যদিকে, ভারতবর্ষের সমগ্র ইতিহাসে কোথাও একজন স্ত্রী'র চিতায় স্বামীর ঝাঁপিয়ে পড়ার উদাহরণ নেই।