২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

এদুয়ার্দো গালেয়ানোর দর্পণ: চীনের রেশমকীটের পলায়ন ও অন্যান্য

আসাদ মিরণ আসাদ মিরণ

Published : 15 Dec 2020, 12:51 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


স্প্যানিশে Historia শব্দটি যেমন 'ইতিহাস' অর্থে ব্যবহৃত হয়, তেমনি 'গল্প' অর্থেও ব্যবহৃত হয়ে থাকে। যদিও শাস্ত্রীয় বিচারে এ দুয়ের পার্থক্য সত্য ও মিথ্যের মতোই পরস্পর-বিরোধী। কিন্তু লাতিন আমেরিকান লেখকরা, বিশেষ করে কথাসাহিত্যিকরাই এই দুইয়ের ভেদরেখা বা পরস্পরবিরোধিতাকে কখনো কখনো এতটাই মুছে দিয়েছেন যে তা পড়তে গিয়ে মনে হবে ইতিহাস ও গল্প যেন সহোদরা। আর এই কারণে লাতিন আমেরিকান কোনো লেখকের গল্প বা আখ্যানগুলো ইতিহাস হয়ে ওঠার শোরগোল তুলে বৈষম্যবিরোধী পাঠকের ইতিহাসপাঠের ক্ষুধা মেটায়। কিন্তু বিপরীতে ঐতিহাসিকরা ওই রকম কিছু করেছেন কখনো? করাটাই ছিল স্বাভাবিক, কিন্তু এদুয়োর্দো গালেয়ানো আসার আগে পর্যন্ত কখনোই তা ঘটতে দেখা যায়নি। গালেয়ানো মূলত ঐতিহাসিক। অসামান্য সব ইতিহাসগ্রন্থের জনক। এক একটি গ্রন্থে তিনি ইতিহাসের শিরা উপশিরা উন্মোচন করে দেখিয়েছেন মানুষের রক্তের ক্রন্দন। পর্যবেক্ষণ ও বিশ্লেষণী শক্তিতে তিনি অসামান্য এক ইতিহাসবিদ হলেও, The Mirror নামক বইটি লেখার আগে পর্যন্ত ইতিহাসের ঘটনাকে গল্পে রূপান্তরিত করার সৃজনী পরীক্ষা তিনি আগে কখনো করেননি। বইটি একই সঙ্গে যেমন ইতিহাসের, তেমনি গল্পেরও। গল্প ও ইতিহাস এমন এক সঙ্গমে রঙিন হয়ে উঠেছে যা পাঠবিমুখ পাঠককেও উজ্জীবিত করে তোলে। এই গ্রন্থের আরও একটি বড় আকর্ষণ এর বৈশ্বিক পরিসর আর সর্বজনীনতা, কিন্তু গালেয়ানোর শৈল্পিক মিতভাষিতায় তা হয়ে উঠেছে বহনযোগ্য এক দর্পনের মতো যেখানে যে-কোনো কাল, যে-কোনো জাতি, এমনকি ইতিহাস-বঞ্চিত অজ্ঞাতকুলশীল ব্যক্তিও তার নিজের চেহারা দেখে নিজেকে চিনে নিতে পারবে। এটি এমনই এক দর্পন যেখানে পৃথিবীর অন্য সব মহাদেশের মতো আমাদের এই উপমহাদেশ, এমনকি রাজধানী ঢাকাসহ বাংলাদেশের ঘটনাও প্রতিফলিত হয়েছে ঐতিহাসিক নিষ্ঠায় আর সাহিত্যিক সুজনশীলতায়। অমূল্য হীরক খন্ডের এই লোভনীয় ভাণ্ডার পাঠকদের হাতে ধারাবাহিকভাবে পর্বে পর্বে তুলে দিচ্ছেন বাংলা তর্জমায় আসাদ মিরণ।

মূল: এদুয়ার্দো গালেয়ানো
বাংলা তর্জমা: আসাদ মিরণ

চীনের রেশমকীটের পলায়ন
আরও অনেক পর, ভয়ঙ্কর সব শত্রুরা তখন আর সিল্ক রুটে ওৎ পেতে থাকতো না। তবুও চীনের বাইরে যারা তুঁতগাছের বীজ অথবা সুতো তৈরীর রেশম পোকার ডিম নেবার চেষ্টা করতো, তাদের গর্দান কাটা পড়ত।
৪২০ সালে, ইউতিয়ানের রাজা জুয়ান জাং চীনের এক রাজকুমারীর পাণি প্রার্থনা করেন। তিনি কেবল একবার মাত্র তাকে লুকিয়ে দেখেছিলেন। কিন্তু তারপর থেকে তিনি যে দিকে তাকান, সে দিকেই রাজকুমারীকে দেখতে পান।
লু শি নামের সেই রাজকুমারীকে রাজা জুয়ানকে দিয়ে দেওয়া হয়েছিল।
রাজার তরফ থেকে একজন দূত তাকে নিয়ে আসতে যান।
সেখানে নানা উপহার বিনিময়, অন্তহীন ভোজ আর সমারোহের এক জাকজমক পর্ব অনুষ্ঠিত হয়।
এক পর্যায়ে, তারা যখন একা হলো, দূত রাজকুমারীকে বললেন, রাজা রাজকুমারীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি খুবই উদ্বিগ্ন, কেননা ইউটিয়ান রাজ্য সর্বদা চীনের রেশমের জন্য সবুজ পাথর বিনিময় করতো, কিন্তু রাজ্যে এখন সামান্য পরিমান পাথরও অবশিষ্ট নেই।
লু শি কিছু বললেন না। আর তার পূর্ণিমাসম চেহারায়ও কিছুই প্রকাশ পেল না।
অবশেষে বরযাত্রা শুরু হলো। শকট তাদের সঙ্গী হলো, হাজার হাজার উট, হাজারো ঘন্টা ধ্বনি বাজতে লাগলো, বিস্তীর্ণ এক মরুপথ পেরিয়ে তারা ইয়ানঙ্গুন গিরিপথ সীমান্তে এসে পৌঁছালো।
সীমান্ত রক্ষীদের তল্লাশি কয়েকদিন ধরে চললো। এমনকি রাজকুমারীও সেই তল্লাশি থেকে নিস্তার পান নি।
অবশেষে বরযাত্রী দল তার গন্তব্যে পৌঁছালো।
লু শি গোটা যাত্রা পথে একটি বাক্যও উচ্চারণ করেন নি, এমন কি কোন রকমের আকার-ইঙ্গিত।
তিনি যাত্রা দলকে একটি বিহারে থামার নির্দেশ দিলেন। সেখানে তিনি স্নান করলেন। দেহে সুগন্ধি মাখলেন। সুরের মুর্ছনায় অবগাহন করতে করতে খাবার খেলেন। অবশেষে নিঃশব্দে ঘুমিয়ে পড়লেন।
যখন রাজা উপস্থিত হলেন, লু শি তার ওষুধের বাক্সে লুকিয়ে রাখা তুঁত বীজ তাকে উপহার দিলেন। এরপর তিনি তার দাসীদের মধ্যে থেকে তিনজন দাসীর সাথে রাজার পরিচয় করিয়ে দিলেন। আসলে ঐ তিনজনের কেউই চাকর বা দাসী ছিল না, বরং তারা প্রত্যেকেই রেশম শিল্পকলার এক একজন বিশেষজ্ঞ ছিল। তারপরে লু শি মাথা থেকে সুদৃশ্য দারুচিনি গাছের পাতার তৈরী পাগড়ীটি খুলে তার লম্বা কালো কেশ ভাগ করলেন। সেখানে রেশমগুটির ডিম রাখা ছিল।
চীনের দৃষ্টিকোণ থেকে বলা হয়, লু শি তার মাতৃভূমির সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন।
ইউতিয়ান দৃষ্টিকোণ থেকে বলা হয়, তিনি তার শাসিত দেশের বীরাঙ্গনা ছিলেন।


যে সম্রাট মৃত্যু রচনা করতে তার জীবন উৎসর্গ করেছিলেন
চিন শি হুয়াং ছিলেন চীনের প্রথম সম্রাট। তার নামের আদ্যাক্ষর চিন থেকে চায়না নামের উৎপত্তি হয়েছিল।
রক্ত আর আগুনের মধ্যে দিয়ে তিনি কয়েকটি ভূ-খন্ডকে একত্র করে জাতিতে রূপান্তর করেন। তিনি একটি সার্বজনীন ভাষা এবং ওজন ও পরিমাপের একটি সাধারণ পদ্ধতি প্রবর্তন করেছিলেন। তিনি মধ্যভাগে ছিদ্র বিশিষ্ট ব্রোঞ্জের একটি একক মুদ্রারও প্রচলন করেছিলেন। রাজ্যের সুরক্ষার জন্য তিনি বিশাল এক প্রাচীর নির্মান করেন। অফুরন্ত পাথরের চূড়া মালার মতো সেই দেয়াল চীনের মানচিত্রকে ঘিরে রেখেছে, বাইশ শত বছর পেরিয়ে গেলেও, আজও সেই প্রাচীর বিশ্বের সবচেয়ে দর্শনীয় প্রতিরক্ষা ব্যারিকেড।
কিন্তু এই জাতীয় ছোটখাট কাজ করে চিন শি হুয়াং নিজের ঘুম হারাম করেন নি। তার জীবনের গুরুত্বপূর্ণ কার্যক্রম ছিল মৃত্যুকে ঘিরে: নিজের সমাধি, পরকালের জন্য তার প্রাসাদ।
তের বছর বয়সে যখন তিনি সিংহাসনে আসীন হয়েছিলেন, সেদিন থেকেই এর নির্মান কাজ শুরু হয়েছিল। আর বছর-বছর সমাধির আকার একটি শহরের চেয়ে বড় না হওয়া অবধি বাড়তেই থাকে। সেই সাথে এটি রক্ষার জন্য সেনাবাহিনীর সংখ্যাও বাড়ে, সাত হাজারেরও বেশি ঘোড়সওয়ার এবং পদাতিক বাহিনী, তাদের ইউনিফর্মের রং ছিল রক্ত-লাল আর বর্ম ছিল কালো। বার্ধক্য থেকে অব্যাহতি পাওয়া ও বিশ্বাসঘাতকতা করতে অক্ষম সেই কাদামাটির যোদ্ধাদের জন্ম হয়েছিল সেরা সব ভাস্করদের হাতে। আজও সেই ভাস্কর্য বিশ্বকে হতবাক করে রাখে।
সমাধিস্তম্ভ নির্মাণ ছিল বন্দীদের কাজ, যাদের আমৃত্যু কাজ করতে হতো আর মৃত্যুর পর তাদের দেহ মরুভূমিতে ছুঁড়ে ফেলা হতো। সম্রাট এমনকি অতি ছোট-খাটো বিষয়েও তদারকি করতেন এবং দ্রুত থেকে দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করতে তাগাদা দিতেন। বেশ কয়েকবার সম্রাটের শত্রুরা তাকে হত্যার চেষ্টা করেছিল। এজন্য তিনি ছদ্মবেশে চলাফেরা করতেন আর প্রতি রাতে আলাদা আলাদা বাড়িতে ঘুমাতেন। তার যোগ্য মহা সমাধি বিনা মরতে তিনি সন্ত্রস্ত বোধ করতেন।

অবশেষে, মহা সেই উদ্যোগ সম্পন্নের দিনটি আসলো। সেনাবাহিনী গড়া সম্পন্ন হলো, জাঁকালো সমাধি মন্দিরও তৈরী হলো, এ ছিল এক অনন্য শিল্পকর্ম। দেখা গেল, যে কোন পরিবর্তনই যেন এর পরিপূর্ণতাকে খাটো করে। এমনই নিঁখুত সেই সমাধি মন্দির।
তারপর, সম্রাট যখন তার জীবদ্দশায় প্রায় অর্ধ শতাব্দি পার করতে চলেছিলেন, তখনই তার কাছে মৃত্যু এসে উপস্থিত হলো, নিজেকে তিনি মৃত্যুর কাছে সঁপে দিলেন।
মহা রঙ্গশালা প্রস্তুত ছিল, পর্দা উঠলো, অভিনয় শুরু হতে যাচ্ছিল। সম্ভবত তিনি দেখাতে ব্যর্থ হননি, এটা ছিল এক গীতিনাট্য যা তার একক কন্ঠে রচিত।

পায়ের ঘাতকেরা
কয়েক শতাব্দি পূর্বে, লি জু-চেন সম্পূর্ণ বিপরীত এক চীন আবিস্কার করেছিলেন। তাঁর উপন্যাস, 'দ্য ফ্লাওয়ারস ইন দ্য মিরর'এর প্রেক্ষাপট ছিল নারীদের এক দেশ, যে দেশটি নারীরা শাসন করে।
গল্পে, নারীরা পুরুষ আর পুরুষরা মেয়ের ভূমিকায় থাকে। নারীর মনোরঞ্জনের জন্য পুরুষদের নানা বৈচিত্রময় সেবাকর্ম করতে হতো, এটা ছিল তাদের জন্য দন্ডস্বরূপ। সেখানে পুরুষদের বহুবিধ লাঞ্চনার মধ্যে একটি ছিল তাদের চরণযুগল ক্ষয়িষ্ণু করে দেয়া, যা তাদেরকে মেনে নিতে হতো।
কল্পনার এ রকম শূন্যধাবন কেউ পাত্তা দেয়নি। সুতরাং, বিষয়টি আগের মতোই চলতে থাকে, পুরুষরা নারীদের পা ততদিন পর্যন্ত বেঁধে রাখে, যতদিন না তা ছাগলের খুরের আকার ধারণ করে।
হাজার বছরেরও বেশী কাল ধরে, এমন কী বিংশ শতাব্দিতেও, সৌন্দর্যের অনুশাসন কোন মেয়ের পা বড় না হবার পক্ষে। নবম শতাব্দিতে চীনে রচিত সিন্ড্রেলার প্রথম সংস্করণে নারীদের ছোট পায়ের প্রতি পুরুষদের মোহের বিষয়টি এক ধরণের সাহিত্যিক রূপ পায়; আর ঐ সময়ে, শৈশব থেকেই কন্যাদের পা আবদ্ধ রাখার প্রথা চালু হয়।
প্রথাটি ছিল নান্দনিক আদর্শের চেয়েও বেশী কিছু। অনেকটা বাঁধা পা-ও বেঁধে রাখার মতো, যেন সেটি নারীর গুণের এক রক্ষাকবচ। ঘরের বাইরে কোন অশালীন কাজে লিপ্ত হয়ে যদি তারা পরিবারের সম্মান ভূ-লুন্ঠিত করে ফেলে, এই শংকায় নারীর অবাধ চলাচলের স্বাধীনতা খর্ব করা হয়।

শব্দ পাচারকারী
শৈশবেই ইয়াং হুয়ানয়ি'র দু'পা পঙ্গু হয়ে গিয়েছিল। ২০০৪ সালে শততম জন্মবার্ষিকীর দ্বারপ্রান্তে এসে তার মৃত্যু হয়। তখন শরৎকাল ছিল। সেই অবধি তিনি কোন মতে খুড়িয়ে খুড়িয়ে জীবন পার করেছিলেন।
তিনিই ছিলেন সর্বশেষ নারী, যিনি চীনা নারীদের গোপন ভাষা 'নুশু' জানতেন।
মেয়েলী এই সংকেতলিপি প্রাচীন কাল থেকেই বহমান। পুরুষদের ভাষায় সেগুলির প্রবেশাধিকার ছিল না, তারা তা লিখতেও জানতো না। নারীরা পুরুষদের আয়ত্তের বাইরে গুপ্ত এক ভাষা প্রবর্তন করেছিল। নিরক্ষরের তকমা নিয়ে, শোভা বর্ধনের অন্তরালে তারা এমন একটি সাংকেতিক বর্ণমালা উদ্ভাবন করেছিল, যা তাদের মনিবদের চোখে দুর্বোধ্য ছিল।
নারীরা পোশাক ও পাখায় তাদের ভাষার নকশা আঁকতেন। যে দু'হাতে তারা ফুল তুলতেন, তা মুক্ত না থাকলেও তাদের প্রতীকরা মুক্ত ছিল।

পুরুষের আতঙ্ক
অতিপ্রাচীনতম এক রাতে, তারা প্রথমবারের মতো একসাথে শুয়েছিল, নারী আর পুরুষ। তারপর পুরুষটি তার শরীরে ভয়ঙ্কর এক গুড়গুড় শব্দ শুনতে পায়, নারীটির মনে হয় কে যেন তার দু'পায়ের মাঝে দাঁত ঘষছে, ভয়ে তাদের আলিঙ্গন শিথিল হয়ে আসে।
পৃথিবীর যে কোন স্থানে, পালোয়ানের চেয়েও পালোয়ান যিনি, এখনো সেই স্মৃতি মনে করে থরথর কাঁপে, যদিও সে জানে না তার কী মনে পড়ছে। সেই গিলে খাবার ভয়। সে বিস্মিত হয়, যদিও তার বিস্ময়ের কারণ জানা নেই। আচ্ছা, নারী কি সেই প্রবেশদ্বার যেখান থেকে বেরোনোর আর কোন পথ থাকে না? এমন কি হতে পারে যিনি একবার নারীর ভিতর প্রবেশ করেন, নারীর ইচ্ছায় তাকে সেখানেই থাকতে হয়?