২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

এদুয়ার্দো গালেয়ানোর দর্পণ: চীনা গ্রন্থের উৎপত্তি ও অন্যান্য

আসাদ মিরণ আসাদ মিরণ

Published : 08 Dec 2020, 11:29 AM

Updated : 23 Jun 2022, 03:58 PM


স্প্যানিশে Historia শব্দটি যেমন 'ইতিহাস' অর্থে ব্যবহৃত হয়, তেমনি 'গল্প' অর্থেও ব্যবহৃত হয়ে থাকে। যদিও শাস্ত্রীয় বিচারে এ দুয়ের পার্থক্য সত্য ও মিথ্যের মতোই পরস্পর-বিরোধী। কিন্তু লাতিন আমেরিকান লেখকরা, বিশেষ করে কথাসাহিত্যিকরাই এই দুইয়ের ভেদরেখা বা পরস্পরবিরোধিতাকে কখনো কখনো এতটাই মুছে দিয়েছেন যে তা পড়তে গিয়ে মনে হবে ইতিহাস ও গল্প যেন সহোদরা। আর এই কারণে লাতিন আমেরিকান কোনো লেখকের গল্প বা আখ্যানগুলো ইতিহাস হয়ে ওঠার শোরগোল তুলে বৈষম্যবিরোধী পাঠকের ইতিহাসপাঠের ক্ষুধা মেটায়। কিন্তু বিপরীতে ঐতিহাসিকরা ওই রকম কিছু করেছেন কখনো? করাটাই ছিল স্বাভাবিক, কিন্তু এদুয়োর্দো গালেয়ানো আসার আগে পর্যন্ত কখনোই তা ঘটতে দেখা যায়নি। গালেয়ানো মূলত ঐতিহাসিক। অসামান্য সব ইতিহাসগ্রন্থের জনক। এক একটি গ্রন্থে তিনি ইতিহাসের শিরা উপশিরা উন্মোচন করে দেখিয়েছেন মানুষের রক্তের ক্রন্দন। পর্যবেক্ষণ ও বিশ্লেষণী শক্তিতে তিনি অসামান্য এক ইতিহাসবিদ হলেও, The Mirror নামক বইটি লেখার আগে পর্যন্ত ইতিহাসের ঘটনাকে গল্পে রূপান্তরিত করার সৃজনী পরীক্ষা তিনি আগে কখনো করেননি। বইটি একই সঙ্গে যেমন ইতিহাসের, তেমনি গল্পেরও। গল্প ও ইতিহাস এমন এক সঙ্গমে রঙিন হয়ে উঠেছে যা পাঠবিমুখ পাঠককেও উজ্জীবিত করে তোলে। এই গ্রন্থের আরও একটি বড় আকর্ষণ এর বৈশ্বিক পরিসর আর সর্বজনীনতা, কিন্তু গালেয়ানোর শৈল্পিক মিতভাষিতায় তা হয়ে উঠেছে বহনযোগ্য এক দর্পনের মতো যেখানে যে-কোনো কাল, যে-কোনো জাতি, এমনকি ইতিহাস-বঞ্চিত অজ্ঞাতকুলশীল ব্যক্তিও তার নিজের চেহারা দেখে নিজেকে চিনে নিতে পারবে। এটি এমনই এক দর্পন যেখানে পৃথিবীর অন্য সব মহাদেশের মতো আমাদের এই উপমহাদেশ, এমনকি রাজধানী ঢাকাসহ বাংলাদেশের ঘটনাও প্রতিফলিত হয়েছে ঐতিহাসিক নিষ্ঠায় আর সাহিত্যিক সুজনশীলতায়। অমূল্য হীরক খন্ডের এই লোভনীয় ভাণ্ডার পাঠকদের হাতে ধারাবাহিকভাবে পর্বে পর্বে তুলে দিচ্ছেন বাংলা তর্জমায় আসাদ মিরণ।

মূল: এদুয়ার্দো গালেয়ানো
বাংলা তর্জমা: আসাদ মিরণ

যুদ্ধ কৌশল
পঁচিশ শতাব্দি আগে, চীনের জেনারেল সান তজু (সুন জু) সামরিক ব্যুহ ও কৌশল সম্পর্কে প্রথম গ্রন্থটি লেখেন। আজও তার সেই প্রাজ্ঞবানী শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, ব্যবসায়ের ক্ষেত্রেও সমভাবে অনুসরিত হয়, যেখানে রক্ত আরও অবাধে প্রবাহিত হয়।
তুমি যদি সক্ষম হও, ভান করো তুমি অক্ষম।
তুমি যদি শক্তিশালী হও, তবে দেখাও তুমি দূর্বল।
কাছাকাছি থাকলে, দেখাও তুমি দূরে।
শত্রু শক্তিশালী হলে কখনই তাকে আক্রমন করো না।
যে যুদ্ধে তুমি জিততে পারবেনা তা এড়িয়ে চলো।
তুমি যদি দূর্বল হও, তবে পিছু হটো।
তোমার শত্রুরা যদি একতাবদ্ধ থাকে, তবে ভাঙন ধরাও।
যখন তারা অপ্রস্তুত থাকে, তখন অগ্রসর হও
এবং তাদের অপ্রত্যাশিত জায়গায় আঘাত করো।
তোমার শত্রুকে জানার জন্য, নিজেকে জানো।

যুদ্ধের ভয়াবহতা
একটা নীল ষাঁড়ের পিঠে লাওৎ সে1 চড়লেন।
এরপর তিনি বৈপরীত্যের পথে যাত্রা করলেন, যা তাকে এমন এক গোপন জায়গায় নিয়ে যায়, যেখানে জল আর আগুন এক হয়ে মিশে আছে।
সেই বৈপরীত্যে সমস্ত কিছু লীন হয়ে যায়, জীবন সেখানে মৃত্যুর সাথে মিলিত হয়, নৈকট্য দূরত্বের দেখা পায়, অতীত ভবিষ্যতের দেখা পায়।
গ্রাম্য দার্শনিক লাওৎ সে বিশ্বাস করেন, একটি জাতি যত বেশী ধনী, তত বেশী দরিদ্র। তার ধারণা, যুদ্ধ শান্তি শেখায়, কারণ দুর্ভোগ গৌরবকে ধারণ করে:
প্রতিটি ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে।
সহিংসতা বার বার ফিরে আসে।
শুধুমাত্র কাঁটাগুল্ম (গোক্ষুর) ও কন্টক সেখানেই জন্মায় যেখানে সৈন্যরা ঘাটি স্থাপন করে।
যুদ্ধ ক্ষুধা ডেকে আনে।
যে বিজয়ের আনন্দে উল্লাস করে, সে মানুষের বেদনায়ও উল্লাস করে।
প্রত্যেকটি বিজয় একটি অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে উদ্যাপন করা উচিত।

হলুদ
চীনের সবচেয়ে ভয়ঙ্কর নদীর নাম 'হলুদ', ধন্যবাদ ড্রাগনের প্রমত্ততাকে অথবা মানুষের মূর্খতাকে।
চীনের নামকরণের পূর্বে, ড্রাগন 'কাউ ফু' দশটি সূর্যের একটিতে চড়ে আকাশ অতিক্রমের চেষ্টা করে।
দূপুরের দিকে সে আর উত্তাপ সহ্য করতে পারেনা।
সূর্যের তাপে বহ্নিমান হয়ে, তৃষ্ণায় পাগল হয়ে, ড্রাগনটি প্রথম যে নদীটি দেখতে পেল, সেখানেই ঝাঁপ দিল। ওপর থেকে পড়ে সে গভীর জলে ডুবে গেল আর নদীর শেষ ফোটা জলটি পর্যন্ত খেয়ে ফেললো। নদীটি যেখানে ছিল সেখানে আর কিছুই থাকলো না, শুধু হলুদ মাটির দীর্ঘ আস্তরণ ছাড়া।
কেউ কেউ বলেন যে, এটা বৈজ্ঞানিক সংস্করণ নয়। তারা বলেন, ঐতিহাসিক সত্য হলো 'হলুদ নদী'র নামকরণ প্রায় দুই হাজার বছর আগে হয়েছে। যেহেতু এর তীরের বন-জঙ্গল উজার হয়ে গিয়েছিল, যে কারণে তুষার ধ্বস, ধূলাবালি আর জঞ্জাল থেকে সেটি আর রক্ষা পায়নি। তখন নদীটি তার চিরায়ত সবুজাভ রঙ হারিয়ে নুতন নাম ধারণ করে। সময়ের আবর্তনে অবস্থা আরো সঙ্গীন হয়। এক সময়ে নদীটি বড় এক নর্দমায় পরিণত হয়। নদীটিতে ১৯৮০ সালে যেখানে চারশ ডলফিন বাস করত, সেখানে ২০০৪ সালে কেবলমাত্র একটি বেঁচে ছিল। সেটিও বেশীদিন টিকেনি।

ই২ ও খরা
দশটি সূর্যের সবগুলি আকাশে বিক্ষিপ্তভাবে চরকির মতো ঘুরছিল।
দেবতারা অজেয় তীরন্দাজ ই-কে তলব করলেন যিনি ধনুক শিল্পে গুরুদেরও গুরু।
দেবতারা তাকে বললেন, "পৃথিবীতো পুড়ে কাবাব হয়ে যাচ্ছে। মানুষ, প্রাণী মারা যাচ্ছে, এমনকি গাছপালাও যে রক্ষা পাচ্ছেনা।"
রাত শেষ না হওয়া পর্যন্ত তীরন্দাজ ই অপেক্ষা করছিলেন। আর ভোর হতে না হতেই তিনি আকাশে উড়াল দিলেন।
একের পর এক সূর্য নিভে যেতে লাগল।
কেবলমাত্র একটি সূর্যই কোনমতে বেঁচে গেল, যে এখন আমাদের আলো দেয়।
দেবতারা তাদের জ্বলন্ত পুত্রদের মৃত্যুতে শোকে মুহ্যমান। যদিও তারা নিজেরাই ই-কে ডেকেছিলেন, তা সত্ত্বেও তারা তাকে স্বর্গ থেকে বের করে দিলেন। আর বললেন, "তুমি যদি পৃথিবীকে এতোই ভালোবাসো, তাহলে যাও তাদের সাথেই থাকো।"
নির্বাসিত হতে বাধ্য হয়ে ই নশ্বর হয়ে গেলেন।

ইউ আর বন্যা
খরার পর বন্যা এলো।
শিলা ককিয়ে উঠলো, বৃক্ষরা আর্তনাদ করলো। হলুদ নদী, তখনো নামহীন। মানুষ, শস্য ভেসে গেল, উপত্যকা, পাহাড় তলিয়ে গেল।
খোঁড়া দেবতা ইউ আসলেন পৃথিবীকে উদ্ধার করতে।
তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে প্লাবনের মধ্যে চললেন, হাতে তার বেলচা। এরপর উন্মত্ত জল¯্রােত সরিয়ে দিতে ইউ খাল আর সুরঙ্গ উন্মুক্ত করলেন।
ইউকে একটি মাছ সাহায্য করেছিল, যে নদীর গোপন কথা জানতো। সে সময় একটি ড্রাগনও তাকে সাহায্য করেছিল, সেটি প্রথমে তার লেজ দিয়ে স্রোতকে বাধাগ্রস্ত করল, আর শেষে একটি কচ্ছপ এসে সমস্ত কাদামাটি অন্যত্র বয়ে নিয়ে গেল।

চীনা গ্রন্থের উৎপত্তি
ক্যাং জিয়ের৩ চারটি চোখ ছিল।
তিনি নক্ষত্রের গতিবিধি দেখে আর ভাগ্য গণনা করে জীবিকা নির্বাহ করতেন।
নক্ষত্রপুঞ্জের নকশা, পর্বতমালা আর পাখির পুচ্ছের রূপরেখা নিয়ে অনেক অধ্যায়নের পরে ক্যাং জি বানান করে পড়া যায়, এমন কিছু প্রতীক সৃষ্টি করলেন।
বাঁশের ফলক দিয়ে তৈরী প্রাচীনতম বইগুলির একটি হলো ক্যাং জির উদ্ভাবিত চিত্রলিপির বই। সেখানে তিনি এমন একটি রাজ্যের বিবরণ দিয়েছেন, যেখানে পুরুষরা আট শতাব্দিরও অধিককাল বাঁচত আর নারীরা ছিলেন উজ্জল বর্ণের, কারণ তারা সূর্যের কিরণ আহার করতেন।
অগ্নি দেবতা, যিনি পাথর খেতেন, একদিন এই রাজ কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে বসলেন। এরপর সিংহাসন দখলের জন্য তিনি তার সৈন্যদল পাঠালেন। তার যাদুশক্তি গাঢ় কুয়াশার পর্দা দিয়ে রাজপ্রাসাদকে ঢেকে দিল, রাজপ্রহরীরা হতবিহ্বল হয়ে গেল। সৈন্যরা অন্ধকারে টলতে থাকে, অন্ধ, লক্ষ্যহীন হয়ে পড়ে, তখন কৃষ্ণবর্ণ এক নারী পাখির ডানায় ভর করে আকাশ থেকে উড়ে নীচে নেমে আসেন, তিনি কম্পাস উদ্ভাবন করেন এবং তা হতাশ রাজাকে উপহার দেন।
কূয়াশা পরাজিত হয়, সেই সাথে শত্রুও।

চীনে পারিবারের প্রতিকৃতি
প্রাচীনকালে লর্ড হিবিস্কাস বা গোলাপের প্রভূ শান চীনের উপর রাজত্ব করতেন। বাজরার (ভূট্টার) প্রভূ, হৌ জি ছিলেন কৃষিমন্ত্রী।
শৈশব থেকেই এই দু'জনকে নানা প্রকার সমস্যার সম্মুখীন হতে হয়।
ঠিক জন্মের পর থেকেই শানকে তার পিতা ও বড় ভাই ঘৃণা করতেন। তিনি যখন শিশু ছিলেন, তখন তারা তার ঘরে আগুন ধরিয়ে দেয়, তবে আগুন তাকে স্পর্শ করেনি। এরপর তারা তাকে সমাহিত করার জন্য একটি মাটির গর্তে ফেলে দেয় এবং আবর্জনা দিয়ে পুরোপুরি ভরাট করে ফেলে, তা সত্ত্বেও তিনি বিন্দুমাত্র আহত বোধ করেন নি।
শানের মন্ত্রী হৌ জি-কেও তার পরিবারের স্নেহ-মমতা পাবার জন্য কষ্ট সহ্য করতে হয়েছিল। তার মা'র ধারণা হয়েছিল যে, নবজাতক সন্তান তার জন্য দুর্ভাগ্য বয়ে নিয়ে আসবে। তাই তিনি সন্তানকে শহরের বাইরে ফেলে দিয়ে আসলেন। ভেবেছিলেন, অনাহারে সে মারা যাবে। কিন্তু তাও যখন হলো না, তখন বাঘের খাদ্য হিসেবে তাকে জঙ্গলে ফেলে দিয়ে আসলেন। তবে বাঘ তার উপর মনসংযোগ দিলো না। এরপর শানের মা তাকে তুষারপুঞ্জে নিক্ষেপ করলেন, যেন সে ঠান্ডায় জমে মরে যায়। এর কিছুদিন পর তিনি দেখতে পান, শান হাসি-খুশিই আছে। তার শরীরও কিছুটা যেন বেশীই উত্তপ্ত।

রেশম, আদতে যা ছিল লালা
হুয়াং দি'র স্ত্রী, রাণী লেই জু ছিলেন চীনের রেশম শিল্পের প্রবর্তক।
স্মৃতিচারণ গল্পকারদের মতে, লেই জু প্রথমে রেশমপোকা লালন-পালন করেন। তিনি সেগুলিকে সাদা তুঁতে পাতা খেতে দিতেন, আর সাথে সাথে পোকাগুলি তাদের দেহের চারপাশে লালা দিয়ে রেশমের গুটি তৈরী করে ফেলত। রেশম গুটির ক্ষুদ্র ক্ষুদ্র সেই সুক্ষ্ণ আশগুলি লেই জু'র কোমল হাতের ছোঁয়ায় পাক খুলে মাইল-ব্যাপী দীর্ঘ সুতায় পরিণত হয়। এভাবে রেশম গুটি, যেগুলির প্রজাপতি হবার কথা ছিল, তা রেশমে পরিণত হয়।
আর রেশম থেকে হলো সুক্ষ্ণ বস্ত্র, মসলিন, জরি ও চেলি কাপড়। এটা নারী ও নৃপতিদের মোলায়েম মখমল ও মুক্তাখচিত জাঁকালো বুটিদার রেশমী পোষাকে সজ্জিত করলো।
রাজ্যের বাইরে, রেশম ছিল নিষিদ্ধ এক বিলাসিতা। এর বাণিজ্যিকপথ বরফে আচ্ছাদিত পাহাড়, তপ্ত মরুভূমি, ও জলদস্যু আর মৎস্যকন্যা অধ্যুষিত সমুদ্রের উপর দিয়ে গেছে।

পাদটীকা
1. একজন প্রাচীন চীনা দার্শনিক ও লেখক
2. পৌরাণিক চীনা তীরন্দাজ
3. ঐতিহাসিকভাবে তাকে চীনে প্রথম লিখন পদ্ধতি আবিস্কারের কৃতিত্ব দেয়া হয়।