২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

এদুয়ার্দো গালেয়ানোর ‘দর্পণ’: কথা বলা পাথর ও অন্যান্য

আসাদ মিরণ আসাদ মিরণ

Published : 23 Nov 2020, 12:42 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


স্প্যানিশে Historia শব্দটি যেমন 'ইতিহাস' অর্থে ব্যবহৃত হয়, তেমনি 'গল্প' অর্থেও ব্যবহৃত হয়ে থাকে। যদিও শাস্ত্রীয় বিচারে এ দুয়ের পার্থক্য সত্য ও মিথ্যের মতোই পরস্পর-বিরোধী। কিন্তু লাতিন আমেরিকান লেখকরা, বিশেষ করে কথাসাহিত্যিকরাই এই দুইয়ের ভেদরেখা বা পরস্পরবিরোধিতাকে কখনো কখনো এতটাই মুছে দিয়েছেন যে তা পড়তে গিয়ে মনে হবে ইতিহাস ও গল্প যেন সহোদরা। আর এই কারণে লাতিন আমেরিকান কোনো লেখকের গল্প বা আখ্যানগুলো ইতিহাস হয়ে ওঠার শোরগোল তুলে বৈষম্যবিরোধী পাঠকের ইতিহাসপাঠের ক্ষুধা মেটায়। কিন্তু বিপরীতে ঐতিহাসিকরা ওই রকম কিছু করেছেন কখনো? করাটাই ছিল স্বাভাবিক, কিন্তু এদুয়োর্দো গালেয়ানো আসার আগে পর্যন্ত কখনোই তা ঘটতে দেখা যায়নি। গালেয়ানো মূলত ঐতিহাসিক। অসামান্য সব ইতিহাসগ্রন্থের জনক। এক একটি গ্রন্থে তিনি ইতিহাসের শিরা উপশিরা উন্মোচন করে দেখিয়েছেন মানুষের রক্তের ক্রন্দন। পর্যবেক্ষণ ও বিশ্লেষণী শক্তিতে তিনি অসামান্য এক ইতিহাসবিদ হলেও, The Mirror নামক বইটি লেখার আগে পর্যন্ত ইতিহাসের ঘটনাকে গল্পে রূপান্তরিত করার সৃজনী পরীক্ষা তিনি আগে কখনো করেননি। বইটি একই সঙ্গে যেমন ইতিহাসের, তেমনি গল্পেরও। গল্প ও ইতিহাস এমন এক সঙ্গমে রঙিন হয়ে উঠেছে যা পাঠবিমুখ পাঠককেও উজ্জীবিত করে তোলে। এই গ্রন্থের আরও একটি বড় আকর্ষণ এর বৈশ্বিক পরিসর আর সর্বজনীনতা, কিন্তু গালেয়ানোর শৈল্পিক মিতভাষিতায় তা হয়ে উঠেছে বহনযোগ্য এক দর্পনের মতো যেখানে যে-কোনো কাল, যে-কোনো জাতি, এমনকি ইতিহাস-বঞ্চিত অজ্ঞাতকুলশীল ব্যক্তিও তার নিজের চেহারা দেখে নিজেকে চিনে নিতে পারবে। এটি এমনই এক দর্পন যেখানে পৃথিবীর অন্য সব মহাদেশের মতো আমাদের এই উপমহাদেশ, এমনকি রাজধানী ঢাকাসহ বাংলাদেশের ঘটনাও প্রতিফলিত হয়েছে ঐতিহাসিক নিষ্ঠায় আর সাহিত্যিক সুজনশীলতায়। অমূল্য হীরক খন্ডের এই লোভনীয় ভাণ্ডার পাঠকদের হাতে ধারাবাহিকভাবে পর্বে পর্বে তুলে দিচ্ছেন বাংলা তর্জমায় আসাদ মিরণ।

মূল: এদুয়ার্দো গালেয়ানো
বাংলা তর্জমা: আসাদ মিরণ

অমরত্বের জন্য আরেকটি অভিযান
পলিনেশিয়া দ্বীপপুঞ্জের প্রতিষ্ঠাতা মাউই জন্ম গ্রহণ করেছিলেন অর্ধেক মানুষ ও অর্ধেক দেবতা রূপে। অনেকটা রাজা গিলগামেশের মতো।
তার অর্ধ-ঐশ্বরিক অংশ সূর্যকে অনুগত রাখতো, আকাশ জুড়ে ধীরে ধীরে চলার জন্য সব সময় তাড়ার মধ্যে রাখতো। তিনি বড়শি দিয়ে নিউজিল্যান্ড, হাওয়াই, তাহিতি দ্বীপপুঞ্জকে ধরলেন, তাদেরকে একের পর এক সমুদ্রের গভীর তলদেশ থেকে উত্থিত করলেন, এরপর তাদের সেই জায়গায় স্থাপন করলেন, যেখানে এখন তারা আছে।
কিন্তু তার অর্ধ-মানব অংশ তাকে মৃত্যুদন্ডে দন্ডিত করলো। মাউই এটা জানতেন এবং তার কুদরত তাকে এটি ভুলে যেতে দেয়নি।
তাই মৃত্যু দেবী হাইনের সন্ধানে তিনি ভূতলে গেলেন।
সেখানে গিয়ে দেখতে পান অতিকায় সেই দেবী ঘন কুয়াশার মাঝে ঘুমিয়ে আছেন। তাকে যেন মন্দিরের মতো লাগছিল। তার উত্থিত জানু, যেন শরীরের কোন লুকানো দরজার খিলান।
অমরত্ব অর্জন করার জন্য মাউইকে মৃত্যুর ভিতর প্রবেশ করতে হবে, তার সারা শরীর অতিক্রম করতে হবে, এবং মুখ দিয়ে বের হতে হবে।
দরজার একটি বড় অংশ খোলা, অর্ধেকটা চেরা, মাউই তার কাপড় ও অস্ত্র ত্যাগ করলেন। নগ্ন, তিনি ভিতরে প্রবেশ করলেন, ধীরে ধীরে অন্ধকারাচ্ছন্ন উত্তপ্ত স্যাঁতসেঁতে পিচ্ছিল পথ ধরে অগ্রসর হতে লাগলেন। যতই তিনি অগ্রসর হতে থাকলেন, ততই দেবীর গভীরতা উপলব্ধি করতে পারলেন।
কিন্তু যাত্রার মাঝ পথে, পাখিরা গান গেয়ে উঠলো আর তাতে দেবী জেগে উঠলেন। তিনি উপলব্ধি করলেন, মাউই তার জঠরে খনন করে চলছে।
তিনি সাথে সাথে গমন পথ বন্ধ করে দিলেন আর মাউইকে কখনো বের হতে দিলেন না।

অশ্রুর জন্ম
মিশরের নাম তখন মিশর ছিল না, সূর্য আকাশ ও পাখি সৃষ্টি করলো আর পাখিরা সেই আকাশে উড়ে বেড়াতো। সে নীল নদ ও তাতে সাঁতার কাটার জন্য মাছ সৃষ্টি করলো। আর তার কালো তট প্রাচুর্যপূর্ণ বৃক্ষরাজি ও প্রাণীকূল দিয়ে সবুজে পরিণত করলো।
তারপর সূর্য, জীবনের স্রষ্টা, তার কর্মকে অবলোকন করতে বসলো।
সূর্য, যেন তার চোখেরই সামনে, নবজাত জগতের গভীর শ্বাসপ্রশ্বাস অনুভব করলো; একইসাথে প্রথম কোন কন্ঠস্বরও সে শুনতে পেল।
এমন অসাধারণ সৌন্দর্য তাকে আঘাত করে।
সূর্যের অশ্রু গড়িয়ে পৃথিবীতে পড়ে এবং কাদা সৃষ্টি করে।
আর সেই কাদা থেকে মানুষ আসে।


নীল নদ
নীল নদ ফেরাউনের বাধ্যগত ছিল। তিনি হলেন সেই জন যিনি মিশরের বিস্ময়কর উর্বরতা নিশ্চিত করতে প্রতি বছর প্লাবনের পথ খুলে দিতেন। মৃত্যুর পরেও একই কাজ করতেন: সূর্যের প্রথম কিরণ যখন ফেরাউনের সমাধির জাফরি চুইয়ে তার মুখ আলোকিত করে তুলতো, তখন সবাই বুঝতো, মাটি এবার তিন ফসলি হবে।
ঐ পর্যন্তই।
এখন আর না।
ব-দ্বীপের সাতটি বাহুর মধ্যে মাত্র দু'টোই অবশিষ্ট আছে, আর উর্বরতার সেই পবিত্র চক্র বেশীদিন আর পবিত্র বা চক্র থাকে না, কেবল থাকে দীর্ঘ এই নদীটির অতীত বন্দনা:
তুমি কত না মেষদের তৃষ্ণা মিটিয়েছো।
কত না চোখের অশ্রু ধারণ করেছো।
ওঠ নীল নদ, ঐ কন্ঠস্বর আবার অনুরণিত করো!
তোমার ডাক শুনতে দাও!

কথা বলা পাথর
নেপোলিয়ন যখন মিশর আক্রমন করেছিলেন, তখন তার সৈন্যদের একজন নীল নদের তীরে প্রতীক খোদাই করা একটি বড় কালো পাথর দেখতে পেল।
তারা এটিকে রোজেত্তা বললো।
জ্যাঁ ফ্রাঁসোয়া শাঁপোলিয়ঁ, মৃত ভাষার একজন ছাত্র, সেই পাথরের চারপাশে ঘুরতে ঘুরতে তার যৌবনকাল কাটিয়ে দিল।
রোজেত্তা তিনটি ভাষায় কথা বলেছিল। তাদের দু'টির পাঠোদ্ধার সম্ভব হয়েছিল। বাকি মিশরীয় চিত্রলিপিটার মর্মকথা উদ্ধার সম্ভব হয়নি।
পিরামিডের সৃষ্টিকর্তার লিপি এক প্রকার ধাঁধাই রয়ে গেল।
একটি শাস্ত্র এ বিষয়ে বেশ কিছু মন্তব্য করেছে: হেরোডোটাস, স্ট্রাবো, ডায়োডোরাস ও হোরাপোল্লো সকলে মিশরীয় চিত্রলিপি অনুবাদ করার ভান করেছে। তাদের ঘাটতি পূরণের জন্য জেসুইট এথানাসিয়াস কিরচার চারটি আজগুবি মোটা বই প্রকাশ করেছেন। তারা সকলেই বিশ্বাস করেছিলেন, চিত্রলিপিতে ব্যবহৃত বর্ণমালা এক ধরণের সাঙ্কেতিক চিত্রক্রম। ফলে, প্রত্যেক অনুবাদকের কল্পনা অনুসারে তার অর্থ ভিন্নতর হয়েছিল।
বোবা চিহ্ন না বধির মানুষ? বছরের পর বছর ধরে, শাঁপোলিয়ঁ রোজেত্তা পাথরের উপর প্রশ্ন ছুঁড়ে মেরেছিলেন, প্রত্যুত্তরে তিনি শুধু একঘেয়ে নীরবতাই পেয়েছিলেন। বেচারির ক্ষুধা আর হতাশা দূর হয়ে গিয়েছিল যখন একদিন তিনি এমন একটি সম্ভাবনা সম্পর্কে চিন্তা করেছিলেন যা আগে কেউ করেননি: চিত্রলিপিতে ব্যবহৃত চিহ্নগুলি যদি ধ্বনি আর শব্দ হয়? অনেকটা বর্ণমালার অক্ষরের মতোই?
সেই দিন সমাধি খুলে গেল এবং মৃত রাজ্য কথা বললো।

লেখা, না
শাঁপোলিয়ঁনের প্রায় পাঁচ হাজার বছর আগে, দেবতা থোথ থিবসে গিয়েছিলেন এবং মিশরের রাজা থামুসকে লেখার কৌশল উপহার দিতে চাইলেন। তিনি হাইরোগ্লিফের (মিশরীয় চিত্রলিপি) ব্যাখ্যা করেন আর বলেন, লেখা হচ্ছে দূর্বল স্মৃতিশক্তি এবং ক্ষীণ জ্ঞানের সর্বোত্তম প্রতিকার।
কিন্তু রাজা উপহার নিতে অস্বীকার করলেন। বললেনঃ "স্মৃতি? জ্ঞান? এই আবিষ্কার বিস্মৃতদের অনুপ্রাণিত করবে। জ্ঞান সত্যের সাথে বাস করে, তাকে দেখা যায় না। একজন আরেকজনের স্মৃতি দিয়ে মনে রাখতে পারে না। মানুষ ধারণ করতে পারে কিন্তু স্মরণ করতে পারে না। তাদের পুনরাবৃত্তি হবে, কিন্তু তারা বাঁচবে না। তারা অনেক কিছু শিখবে, কিন্তু তার একটি বর্ণও বুঝতে পারবে না।"


 লেখা, হ্যাঁ
গণেশ স্থূলকায়, মিষ্টির প্রতি লালিত্যের জন্য তাকে ধন্যবাদ। তার হাতির মতো মস্ত কান ও শুঁড় আছে বটে কিন্তু লিখেন তিনি মানুষের হাত দিয়ে।
তিনি হলেন দীক্ষার গুরু, যিনি মানুষের কাজ শুরু করতে সাহায্য করেন। তাকে ছাড়া, ভারতবর্ষে কিছুই চলতে পারে না। অন্য সব কিছুর মতো, লেখা শেখার কৌশলেও প্রথম ধাপটা গুরুত্বপূর্ণ। যে কোন কিছুর সূচনা হলো জীবনের শ্রেষ্ঠতম মুহূর্ত, সুতরাং গণেশ আমাদের শিক্ষা দেন, ঘর বা মন্দিরের প্রথম ইটের মতোই বর্ণমালার প্রথম অক্ষর বা কোন বইয়ের প্রথম শব্দ হলো জীবনের মূল ভিত্তি।

ওসিরিস
মিশরীয় ধর্মগ্রন্থ আমাদেরকে দেবতা ওসিরিস ও তার বোন আইসিসের গল্প বলে।
স্বর্গে ও মর্ত্যে যে রকম অহরহ কলহ-বিবাদ ঘটে, সে রকমই এক কলহের জেরে ওসিরিস মারা যান। মৃত্যুর পর তাকে টুকরো টুকরো করে নীল নদের গভীরে ছুড়ে ফেলা হয়।
আইসিস, তার বোন ও প্রেমিকা, ডুব দিয়ে দিয়ে টুকরোগুলি তোলেন। তারপর একে একে সেই টুকরোগুলি কাদামাটির প্রলেপ দিয়ে জোড়া দেন। কাদামাটির বাইরে যা কিছু অপূর্ণতা ছিল তা-ও তিনি গড়ে তোলেন। দেহটি সম্পূর্ণ হয়ে গেলে, তাকে নদীর তীরে শুইয়ে দেন।
নীল নদের পলি মিশ্রিত সেই মাটিতে বার্লি শস্য দানা ও অন্যান্য গাছের বীজ ছিল।
এরপর ওসিরিসের অঙ্কুরিত দেহ উঠে দাঁড়ায় এবং হাঁটতে থাকে।

আইসিস
ওসিরিসের মতোই আইসিস শাশ্বত জন্মের গোপন রহস্য জানতেন। আমরা তার স্বরূপ জানি: একজন দেবী মা তার সন্তান হোরাসকে দুগ্ধপান করাচ্ছিলেন, তারও অনেক পরে যেমনটি কুমারী মেরি তার শিশু সন্তান যিশুকে দুগ্ধপান করিয়েছিলেন। কিন্তু আমরা যাকে কুমারী বলে ভাবি, সেই আইসিস তো কখনোই তা ছিলেন না। মাতৃগর্ভে যখন তারা বড় হচ্ছিলেন তখনই তিনি ওসিরিসকে ভালোবাসতে শুরু করেন। আর তায়ার শহরে দশ বছর ধরে তিনি পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম পেশায় নিয়োজিত ছিলেন।
পরবর্তী হাজার বছর, আইসিস বেশ্যা, ক্রীতদাস ও অন্যান্য পতিতদের উদ্ধারের জন্য বিশ্ব পরিভ্রমন করেন।
রোমে, তিনি বেশ্যালয়ের পাশে দরিদ্রদের জন্য একটি দেবালয় প্রতিষ্ঠা করেন। সম্রাটদের আদেশে সেই দেবালয় পরে ধ্বংস করা হয়, তার পুরোহিতদের ক্রুশবিদ্ধ করা হয়, তবুও তারা বার বার ফিরে এসেছিল। কোনভাবেই তাদের দমিয়ে রাখা যায়নি।
পরে সম্রাট জাস্টিনিয়ানের সৈন্যরা যখন নীল নদের ফিলে দ্বীপে আইসিসের নিভৃত আবাস চূর্ণ করে সেই ধ্বংসস্তুপের ওপর সেন্ট স্টিফেনের অতিকায় এক ক্যাথলিক গির্জা নির্মাণ করেন, আইসিসের ভক্তরা তখন সেই খ্রিস্টীয় বেদিতেই তাদের ভ্রষ্ট দেবীর উদ্দেশ্যে আরাধনা করতে থাকে।