২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

এদুয়ার্দো গালেয়ানোর ‘দর্পণ’: সুরার সংক্ষিপ্ত ইতিহাস ও অন্যান্য

আসাদ মিরণ আসাদ মিরণ

Published : 16 Nov 2020, 10:49 AM

Updated : 23 Jun 2022, 03:58 PM


স্প্যানিশে Historia শব্দটি যেমন 'ইতিহাস' অর্থে ব্যবহৃত হয়, তেমনি 'গল্প' অর্থেও ব্যবহৃত হয়ে থাকে। যদিও শাস্ত্রীয় বিচারে এ দুয়ের পার্থক্য সত্য ও মিথ্যের মতোই পরস্পর-বিরোধী। কিন্তু লাতিন আমেরিকান লেখকরা, বিশেষ করে কথাসাহিত্যিকরাই এই দুইয়ের ভেদরেখা বা পরস্পরবিরোধিতাকে কখনো কখনো এতটাই মুছে দিয়েছেন যে তা পড়তে গিয়ে মনে হবে ইতিহাস ও গল্প যেন সহোদরা। আর এই কারণে লাতিন আমেরিকান কোনো লেখকের গল্প বা আখ্যানগুলো ইতিহাস হয়ে ওঠার শোরগোল তুলে বৈষম্যবিরোধী পাঠকের ইতিহাসপাঠের ক্ষুধা মেটায়। কিন্তু বিপরীতে ঐতিহাসিকরা ওই রকম কিছু করেছেন কখনো? করাটাই ছিল স্বাভাবিক, কিন্তু এদুয়োর্দো গালেয়ানো আসার আগে পর্যন্ত কখনোই তা ঘটতে দেখা যায়নি। গালেয়ানো মূলত ঐতিহাসিক। অসামান্য সব ইতিহাসগ্রন্থের জনক। এক একটি গ্রন্থে তিনি ইতিহাসের শিরা উপশিরা উন্মোচন করে দেখিয়েছেন মানুষের রক্তের ক্রন্দন। পর্যবেক্ষণ ও বিশ্লেষণী শক্তিতে তিনি অসামান্য এক ইতিহাসবিদ হলেও, The Mirror নামক বইটি লেখার আগে পর্যন্ত ইতিহাসের ঘটনাকে গল্পে রূপান্তরিত করার সৃজনী পরীক্ষা তিনি আগে কখনো করেননি। বইটি একই সঙ্গে যেমন ইতিহাসের, তেমনি গল্পেরও। গল্প ও ইতিহাস এমন এক সঙ্গমে রঙিন হয়ে উঠেছে যা পাঠবিমুখ পাঠককেও উজ্জীবিত করে তোলে। এই গ্রন্থের আরও একটি বড় আকর্ষণ এর বৈশ্বিক পরিসর আর সর্বজনীনতা, কিন্তু গালেয়ানোর শৈল্পিক মিতভাষিতায় তা হয়ে উঠেছে বহনযোগ্য এক দর্পনের মতো যেখানে যে-কোনো কাল, যে-কোনো জাতি, এমনকি ইতিহাস-বঞ্চিত অজ্ঞাতকুলশীল ব্যক্তিও তার নিজের চেহারা দেখে নিজেকে চিনে নিতে পারবে। এটি এমনই এক দর্পন যেখানে পৃথিবীর অন্য সব মহাদেশের মতো আমাদের এই উপমহাদেশ, এমনকি রাজধানী ঢাকাসহ বাংলাদেশের ঘটনাও প্রতিফলিত হয়েছে ঐতিহাসিক নিষ্ঠায় আর সাহিত্যিক সুজনশীলতায়। অমূল্য হীরক খন্ডের এই লোভনীয় ভাণ্ডার পাঠকদের হাতে ধারাবাহিকভাবে পর্বে পর্বে তুলে দিচ্ছেন বাংলা তর্জমায় আসাদ মিরণ।

মূল: এদুয়ার্দো গালেয়ানো
বাংলা তর্জমা: আসাদ মিরণ

দিনের উৎস
ইরাকের নাম যখন সুমেরিয়া ছিল, সময়ের তখন সপ্তাহ ছিল, সপ্তাহের ছিল দিন আর দিনের ছিল নাম।
যাজকরা প্রথম কোন স্বর্গীয় মানচিত্র আঁকলেন আর পবিত্র আত্মাদের, নক্ষত্রমন্ডল ও দিনদের নামকরণ করলেন।
আমরা ঐ নামগুলির উত্তরাধিকারী হলাম, এক মুখ থেকে আরেক মুখে উচ্চারিত হতে লাগলো, সুমেরিয়া থেকে ব্যবিলন, ব্যবিলন থেকে গ্রীক, গ্রীক থেকে লাতিন, এভাবে চললো।
তারা সাতটি তাঁরার নাম দিলেন, সেগুলি তাদের প্রভূদের নামে আকাশে ঘুরতে লাগলো।
আর হাজার বছর পরেও আমরা সেই একই প্রভ‚দের সাত দিনের নামে ডাকি যা সময় জুড়ে চলে।
তবে একটু ভিন্নভাবে, যদিও সপ্তাহের দিনগুলি এখনো তাদের আদি নাম মনে করিয়ে দেয়: স্যাটার্ন, সান, মুন, মার্স, মার্কারী, জুপিটার, ভেনাস। স্যাটারডে, সানডে, মানডে..


সরাইখানার জন্ম
ইরাক যখন ব্যাবলনীয় বলে পরিচিত ছিল, ললনাদের হাত টেবিলে টেবিলে ঘুরে বেড়াতো আর বলতো:
ঘরের স্যুপ উৎকৃষ্ট হতে পারে
এবং রুটির প্রাচুর্য থাকতে পারে
কিন্তু বীয়ারে কখনই অনীহা আসবে না।
প্যালেস হোক বা মন্দির, পাঁচক ছিল পুরুষ। ঘরে কিন্তু তা নয়, সেখানে পাঁচক ছিল নারী। সে নানা ধরণের বীয়ার তৈরী করতো, মিষ্টি, উৎকৃষ্ট, সাদা, সোনালী, গাঢ়, পুরাতন আর বানাতো স্যুপ ও রুটি। খাওয়া শেষে বাড়তি খাদ্য সে প্রতিবেশীকে বিলাতো।
সময়ের আবর্তনে, কোন কোন ঘরে স্থাপিত হয় কাউন্টার আর তাদের অতিথি হয়ে যায় খরিদ্দার। জন্ম হয় সরাইখানার। ছোট্ট সেই রাজ্যের অধিশ্বর হন নারী। ঘরের এই সম্প্রসারিত অংশ পরিণত হয় সভাস্থলে আর স্বাধীনতার স্বর্গে।
সরাইখানা ঘিরে একসময় ষড়যন্ত্র হতে থাকে আর নিষিদ্ধ প্রেম জ্বলে উঠে।
৩৭০০ বছর আগে, রাজা হাম্মুরাবির আমলে, দেবতারা পৃথিবীকে ২৮০টি আইন দিয়েছিলেন।
সেই আইনের মধ্যে একটি আইনের নির্দেশনা ছিল, যদি কোন যাজিনী বা পূঁজারিণী মধুশালায় যায়, তাহলে তাকে জীবন্ত পুড়িয়ে মারা হবে।

টেবিলে আচার-আচরণ
ইরাক যখন আসিরিয়া ছিল, রাজা একদিন নিমরোদ শহরে এক প্রাসাদ ভোজের আয়োজন করেন। খাদ্য তালিকায় মূল পদের সংখ্যা ছিল বিশটি সাথে সহ-পদ ছিল চল্লিশটি। তাছাড়াও ছিল বীয়ার ও মদের সমুদ্র। ৩০০০ বছর আগের ইতিহাস অনুসারে, অতিথির সংখ্যা ছিল ৬৯,৫৭৪, তাদের সকলেই পুরুষ ছিল, একজন নারীও ছিল না। সেখানে দেবতারাও উপস্থিত ছিলেন। তারা ভোজন ও সুরাপান করেছিলেন।
রান্নাঘরের কর্তার হাতে লেখা প্রথম রন্ধন প্রনালী অন্য কোন প্রাসাদ থেকে অথবা তার থেকেও প্রাচীন কোন প্রাসাদ থেকে উদ্ভব হয়েছিল। পাঁচকদের তখন যাজকদের মতই ক্ষমতা ও সম্মান ছিল; আর কালের বিপর্যয় ও যুদ্ধের মধ্যেও তাদের স্বর্গীয় সূত্রগুলি টিকে ছিল। তাদের রান্না নিঁখুত হোক (পাত্রে চার আঙ্গুল পরিমাণ ময়দার ডো বাড়বে) বা না হোক (লবন চেখে দেখা), তবুও শেষে সবাই বলে "আমরা খাবার জন্য প্রস্তুত"।
তিন হাজার পাঁচশত বছর পূর্বে, রাজ সভার ভাঁড় আলুযিন্নু আমাদের জন্য তার রন্ধন প্রনালী রেখে গেছেন। উৎকৃষ্ট সেই খাবারগুলির তালিকার মধ্যে ছিল:
"বছরের শেষ মাসের শেষ দিনে, মাছির বিষ্ঠা ভর্তি খচ্চরের পায়ুর নাড়িভূড়ি দিয়ে তৈরী খাবারের সাথে কোন অমৃতেরই তুলনা চলেনা"।

বিয়ারের সংক্ষিপ্ত ইতিহাস
দূর্ঘটনার কারণ হিসেবে মদ পানকে দোষ না দেবার জন্য সুমারিয়ান ভাষায় লিখিত প্রাচীনতম প্রবাদগুলির মধ্যে একটি হলোঃ
"বিয়ার ভালো, কিন্তু রাস্তাটা খারাপ"।
প্রাচীন প্রায় সব বইতেই লেখা আছে যে, রাজা গিলগামেশের বন্ধু এনকিডুর রুটি ও বিয়ার আবিস্কারের পূর্ব পর্যন্ত সে ছিল একজন অসভ্য নরপশু।
যে ভূমিকে আমরা ইরাক বলি সেখান থেকে বিয়ার মিশরে আসে। যেহেতু বিয়ার মানুষকে নুতন দৃষ্টি দিয়েছে, সেহেতু মিশরীয়রা বিশ্বাস করতে লাগলো এটি তাদের জন্য দেবতা ওসিরিসের উপহার। আর সেই থেকে বিয়ার হলো রুটির যমজ বোন, তারা এটিকে "তরল রুটি" বলে আখ্যায়িত করলো।
আন্দিজে বিয়ার ছিল প্রাচীনতম পূজার অনুষঙ্গঃ শুরুতে পৃথিবীর তার দিনগুলিকে চাঙ্গা করার জন্য কয়েক ফোঁটা চিচা চাইলো, ভুট্টা থেকে তৈরী বিয়ার।


সুরার সংক্ষিপ্ত ইতিহাস
আদম দ্রাক্ষা না আপেল দ্বারা প্রলুব্ধ হয়েছিল? সঙ্গত কারণেই এরকম সন্দেহ আমাদের অবাক করে রাখে।
তবে আমরা এও নিশ্চিত জানি যে, সেই প্রস্তর যুগ থেকেই কিন্তু পৃথিবীতে সুরার অস্তিত্ব ছিল। তখন মানুষ নিজেদের জন্য আঙুর গাঁজাতো।
প্রাচীন চীনা প্রার্থনা সংগীতে সুরাকে তীব্র বিষাদের উপশমকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মিশরীয়রা বিশ্বাস করে, দেবতা হোরাসের একটি চোখ ছিল সূর্য ও আরেকটি চোখ ছিল চন্দ্র। তার সেই চন্দ্র-চোখ থেকে ঝরে পড়া অশ্রু ফোঁটাই হলো সুরা, যা খেয়ে জীবিতরা নিজেদের ঘুম পাড়ায় আর মৃতরা জেগে ওঠে।
পারসিয়ান মহা রাজা সাইরাসের প্রতীক ছিল দ্রাক্ষালতা আর গ্রীক ও রোমানদের সুরা দিয়ে স্নান করার উৎসব রীতি ছিল।
মানুষের ভালোবাসা উদ্যাপনের জন্য, যীশু ছয়টি পাত্রের জলকে সুরায় রূপান্তর করেছিলেন। এটি ছিল প্রথম কোন অলৌকিক ঘটনা।


অমরত্ব চাওয়া রাজা
সময়, আমাদের জন্ম ধাত্রী, অথচ সে কিনা-ই আমাদের ঘাতক। গতকাল সময় আমাদের দুগ্ধপান করিয়েছিল আর কাল সে আমাদেরই গিলে খাবে।
এভাবেই চলছে, সে কথা আমরা ভালোভাবেই জানি।
আসলেই কি জানি?
পৃথিবীতে সর্বপ্রথম যে বইটি লেখা হয়, তাতে রাজা গিলগামেশের নানা অভিযানের বর্ণনা আছে। তিনি কিন্তু মরতে চাননি।
এই মহাকাব্য পাঁচ হাজার বছর আগে মানুষের মুখে মুখে শুরু হয়েছিল, এরপর একে একে সুমেরীয়, আক্কাডিয়ান, ব্যাবিলীয়ন এবং আসিরিয়ানদের দ্বারা লিখিত রূপ পেয়েছে।
ইউফ্রেটাস নদীর তীরের রাজা গিলগামেশ ছিলেন মানুষ ও দেবীর শংকরজাত পুত্র। স্বর্গীয় অভিলাষ, (বনাম) মানুষের নিয়তি: উত্তরাধিকার সূত্রে তিনি দেবীর কাছ ক্ষমতা ও সৌন্দর্য আর মানুষের কাছ থেকে পেয়েছিলেন মৃত্যু।
বন্ধু এনকিদুর মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত মৃত্যু শব্দটি তার কাছে অর্থহীন ছিল।
গিলগামেশ ও এনকিদু দু'জনেই বিস্ময়কর কৃতিত্ব অর্জন করেছিলেন। তারা একসঙ্গে দেবতাদের আবাস ভ‚মি সিডার বনে প্রবেশ করেছিলেন এবং দৈত্যকায় সেই রক্ষককে পরাজিত করেন, যার গর্জনে সমস্ত পর্বতমালা থর থর করে কাঁপতো। এরপর তারা স্বর্গের ষাড়কে অপদস্থ করলেন, যার এক গর্জনে মাটিতে এমন গর্ত সৃষ্টি হতো যেখানে শত শত মানুষ নিমেষেই নিঃশেষ হয়ে যেত।
এনকিদুর মৃত্যুতে গিলগামেশ ভেঙে পড়েন। তিনি আতঙ্কিত বোধ করেন। তিনি বুঝতে পারেন, তার বীর বন্ধু মাটির সৃষ্টি, আর তিনি নিজেও তাই।
অতএব, শাশ্বত জীবনের সন্ধানে বের হলেন গিলগামেশ। অমরত্বের খোঁজে বহু মরুভূমি-প্রান্তর পারি দিলেন,
তিনি আলো আর অন্ধকারকে অতিক্রম করলেন,
মস্ত সব নদী পাড় হলেন,
এরপর তিনি স্বর্গের বাগানে এসে উপস্থিত হলেন,
রহস্যের অধিকারিনী, পানশালার এক মুখোশধারী পরিষেবিকা তাকে আপ্যায়ন করলেন।
তিনি সমুদ্রের অন্য পাড়ে পৌঁছালেন,
মহাপ্লাবনের পরেও টিকে থাকা সেই জাহাজটি আবিস্কার করলেন।
বৃদ্ধকে যুবায় পরিণত করে সেই গাছও তিনি দেখতে পেলেন,
এরপর, তিনি উত্তর এবং দক্ষিণের নক্ষত্রের গতিপথ অনুসরণ করলেন,
যে দ্বার দিয়ে সূর্য প্রবেশ সেই দ্বার তিনি খুললেন এবং যে দ্বার দিয়ে সূর্য অস্ত যায় সেই দ্বার তিনি বন্ধ করে দিলেন।
অতপরঃ তিনি অমরত্ব লাভ করলেন।
মৃত্যুর পূর্ব পর্যন্ত।