ইয়োকো ওগাওয়ার গাণিতিক উপন্যাস ‘হাউসকিপার এন্ড প্রফেসর’
জাপানী ভাষার কথাসাহিত্যে এখনকার সময়ে বিশ্বব্যাপী সবচেয়ে পরিচিত নাম 'হারুকি মুরাকামি'। প্রতি বছরই মুরাকামি সাহিত্যে নোবেল পাবেন বলে শোনা যায়। তবে জাপানী কথাসাহিত্যের বিশ্বব্যাপী পরিচিতি অনেক আগে থেকেই ঘটছে। 'ইয়াসুনারি কাওয়াবাতা' সাহিত্যে নোবেল পেয়েছিলেন ১৯৬৮ সালে। তিনি নোবেল পেলেও সে সময়ে 'ইয়ুকিও মিশিমা' নামের আরেকজন কথাসাহিত্যিককে সম্ভাব্য নোবেল বিজয়ী মনে করা হতো। পরবর্তীতে ১৯৯৪ সালে জাপানী ভাষার 'কেনজাবুরো ওয়ে' নোবেল পুরস্কারে ভূষিত হন। কাছাকাছি সময়েই 'কোবে আবে' কে নোবেলের সম্ভাব্য বিজয়ী বলে মনে করা হতো। মনে পড়ে যে একসময় বাংলাদেশের কোন এক সাহিত্য পাতায় কোবে আবের একটি অনুদিত গল্প পড়ে মুগ্ধ হয়েছিলাম। গল্পটাতে এক ব্যক্তি চক দিয়ে দিয়ে ছবি আঁকলে তা জীবন্ত হয়ে উঠতো। চক দিয়ে আঁকা খাদ্য ফল মূল খেতে খেতে সে নিজেও চকে আঁকা বস্তুতে পরিণত হয়।
জাপানী সাহিত্যিকদের নোবেল পুরষ্কার প্রাপ্তি এবং একই সময়ে অন্যান্যদের সম্ভাব্য বিজয়ী মনে করা জাপানী সাহিত্যের উৎকর্ষের প্রমাণ দেখায়। বর্তমান লেখকদের মধ্যে মুরাকামি সবচেয়ে খ্যাতি সম্পন্ন হলেও মুরাকামি ছাড়াও আরো কয়েকজন বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছেন। এদের একজন হলেন ইয়োকো ওগাওয়া (Yoko Ogawa)। এ প্রবন্ধে তার উপন্যাস 'হাকাসে নো আইশিতা সুশিকি' বা বাংলাতে 'ডক্টরের প্রিয় সূত্রাবলি' নিয়ে আলোচনা করবো। ইংরেজিতে উপন্যাসটি ' দি হাউসকিপার এন্ড প্রফেসর' নামে অনূদিত হয়েছে। এই প্রবন্ধের শিরোনামে ইংরেজি নামটা ব্যবহার করা হয়েছে যাতে আগ্রহীরা সহজে বইটা খুঁজে পেতে পারেন। এই আলোচনাতে আমরা বইটাকে 'হাউসকিপার' নামে ডাকবো।
ইয়োকো ওগাওয়া সম্প্রতি বেশ আলোচনাতে এসেছেন তার 'মেমোরি পোলিস' উপন্যাসের জন্য। উপন্যাসটা ২০২০ সালের ইন্টারন্যাশনাল বুকার প্রাইজের জন্য মনোনীত পাঁচটা বইয়ের একটা ছিলো, যদিও শেষমেশ সে পুরষ্কার তাকে দেয়া হয়নি। তবে ওগাওয়ার আন্তর্জাতিক খ্যাতির শুরু 'হাউসকিপার' বই থেকে। ইউটিউবে তার বইয়ের একজন ইংরেজি অনুবাদক জানাচ্ছেন যে হাউসকিপারের আগে তাকে একজন প্রথম সারী কথা সাহিত্যিক বলে মনে করা হতো। কিন্তু হাউসকিপার তাকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে, যে রকম মানের মর্যাদা দেয়া হয় হারুকি মুরাকামিকে।
ওয়াওগা সম্পর্কে ইন্টারনেটে ইংরেজি ভাষাতে খুব বেশী এখনও পাওয়া যায় না। ইন্টারনেটে ঘাটাঘাটি করতে জানতে পেরেছি যে ফরাসী ভাষায় তার বেশ কিছু লেখা অনূদিত হয়েছে। তাই সে ভাষার পাঠকের কাছে তার পরিচিতি ইংরেজি ভাষার পাঠকের চেয়ে বেশী। তিনি একাকী থাকতে চান ও ইন্টার্ভিউ দিতে পছন্দ করেন না। তার একটি ইন্টার্ভিউ আছে ফরাসী ভাষাতে এক অনুবাদকের সাহায্য নিয়ে। এর বেশী তেমন কিছু আর খুঁজে পাওয়া যায় নি। তার জন্ম ১৯৬২ সালে, ১৯৮৮ সাল থেকে লেখা প্রকাশ করছেন। তিরিশ বছরের সাহিত্য জীবনে তিনি ৫০ অধিক বই লিখেছেন। জাপানী ভাষাতে সাহিত্যের জন্য যত পুরষ্কার আছে তার সবই তিনি পেয়েছেন। বিদেশ ভ্রমণে বা সাহিত্য সমাবেশে তার অনীহা মূলত যাতে বইলেখার জন্য বেশী সময় বের করতে পারেন তার জন্য। তার লেখাতে মুরাকামির প্রভাব পাওয়া যায় যা তিনি নিজেও স্বীকার করেন।
২০০৩ সালে তার হাউসকিপার বইটা প্রকাশিত হয়। ২০০৯ সালে লেখাটা অনূদিত হয় ইংরেজিতে, যা আমি পাঠ করেছি। অনেক পাঠক তার ছোট গল্পেরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।
হাউসকিপার একটি বিরল ধরণের উপন্যাস। উপন্যাসের মূল চরিত্র একজন গণিতের অধ্যাপক। বিশ্ব সাহিত্যে অনেক লেখকের লেখাতে গণিত কম বেশী আসলেও মূল বিষয় গণিত এমন লেখা খুব বেশী নেই। যে উপন্যাসগুলোতে গণিত থাকে সেগুলো সাধারণ বৈজ্ঞানিক কল্প কাহিনি ধর্মী বা থ্রিলার জাতীয় হয়ে থেকে। রহস্য উপন্যাস গুলোতে মূলত দেখা যায় লজিকের ব্যবহার। এছাড়া মাঝে মাঝে গণিতবিদদের জীবনী ভিত্তিক লেখা পাওয়া যায়। কিন্তু হাউসকিপার কোন বৈজ্ঞানিক কল্প কাহিনি নয়। এটা কোন রহস্য উপন্যাসও নয়। এ কাহিনিতে কোন থ্রিলার নেই। যা আছে তা হলো এক গণিতবিদের বাসায় গৃহকর্মী হিসাবে কাজ শুরুর পরে গৃহকর্মী ও তার দশ/এগারো বছরের ছেলের সাথে গণিতবিদের কিভাবে সম্পর্ক গড়ে ওঠে ও তারা দু'জন কিভাবে গণিতে আগ্রহী হয়ে ওঠে তার বিবরণ। এই গণিতবিদের বৈশিষ্ট্য হলো ১৯৭৫ সালে এক দুর্ঘটনাতে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় কোন কিছু ৮০ মিনিটের বেশি মনে রাখতে পারে না। তাই গৃহকর্মীকে প্রতিটা দিন নতুন করে শুরু করতে হয়। গণিতবিদ, যাকে প্রফেসর বলে সম্বোধন করা হয়েছে তার মস্তিষ্কের গাণিতিক সক্ষমতা ও ১৯৭৫ সালে আগের সব স্মৃতি অটুট আছে। তাই তার কাছে সময় থমকে আছে ১৯৭৫ সালে। উপন্যাসটা লেখা হয়েছে উত্তমপুরুষে গৃহকর্মীর বর্ণনাতে। এই বর্ণনার সময় ৯০ এর দশক।
উপন্যাস সম্পর্কে নানা তত্ত্ব আছে বলে শুনেছি। এরকম কোন তত্ত্ব আমার জানা নেই বা পড়লেও ঠিক বুঝে উঠতে পারি না কি বলতে চায়। তাই কোন তত্ত্বে না গিয়ে আমি নিজে কিভাবে উপন্যাস পাঠ করি তার বিবরণ দেবো। আমি উপন্যাসে মূলত খুঁজি তিনটা বিষয়। ভাষা শৈলী, কাহিনি ও নির্মাণ কৌশল। ভাষা শৈলী বলতে মূলত বুঝাই যে পাঠ তৃপ্তি দায়ক হয় কিনা যার সাথে আছে কাব্যিকতা ও দৃশ্য নির্মাণের ক্ষমতাও। কাহিনি বলতে বুঝাচ্ছি যে কাহিনিটা লেখকের জন্য কতটা চ্যালেঞ্জিং। উদাহরণ সরূপ টলস্টয়ের ওয়ার এন্ড পিস একটি অত্যন্ত চ্যালেঞ্জিং উপন্যাস তার ঐতিহাসিক ভিত্তির জন্য। তৃতীয়তে আছে নির্মাণ শৈলী, মানে ঘটনার বুনট কেমন হয়েছে। যেমন কাহিনিতে ঘটনা, বিবরণ গুলো কি যৌক্তিক ভাবে এসেছে কিনা। এর বাইরে কেউ কেউ উপন্যাসের যে মেসেজ তাকে হয়তো গুরুত্ব দিয়ে দেখতে চাইবেন। আমার ব্যক্তিগত মতে তা তেমন গুরুত্বপূর্ণ নয়। উপন্যাস পাঠ মূলত একটা অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাটা কেমন হলো তা আমার বিবেচনায় গুরুত্বপূর্ণ। সে অভিজ্ঞতা উপন্যাসের খণ্ড খণ্ড অংশে হতে পারে আবার সামগ্রিক পাঠেও হতে পারে।
সে রকম অভিজ্ঞতার দিক থেকে হাউসকিপার এক অনন্য উপন্যাস। এরকম উপন্যাস আমি আগে পাঠ করিনি ও ভবিষ্যতে পাঠের সৌভাগ্য হবে কিনা জানি না। উপন্যাসে কোন প্লটগত টুইস্ট নেই। যা এসেছে খুব সাধারণ ধারাবাহিকতাতে এসেছে। সে ধারাবাহিকতা নিশ্চিত করার পাশাপাশি তাকে আকর্ষণীয় ভাবে প্রকাশ করা ও পাঠকের জন্য বিরল অভিজ্ঞতা নিশ্চিত করা বারবারই ঘটেছে। উপন্যাসটা আনন্দের নয় আবার বিষাদের নয়। এরকম কাহিনি, যা শুরু হয়েছে প্রফেসরের অসুস্থতা থেকে, তা শেষ হবে বিচ্ছেদ বা মৃত্যুতে এমনটা পাঠকের পক্ষে সহজে অনুমেয়। উপন্যাসে তাই ঘটেছে ও পাঠের সময় আমার অপেক্ষা ছিলো তা লেখক কিভাবে প্রকাশ করবেন। ইয়োকো ওগাওয়া তা করেছেন নিপুণ দক্ষতাতে।
নির্মাণ শৈলীর দিক থেকে হাউস কিপার এক অনবদ্য উপন্যাস। উপন্যাসে দেখানো হয়েছে যে প্রফেসরের সংস্পর্শে এসে গৃহকর্মী ও তার ছেলে গণিতের সৌন্দর্য উপলব্ধি করতে শুরু করেন। গৃহকর্মী সবার মতোই সাধারণ একজন। গণিতে তার বিশেষ কোন জ্ঞান নেই। তাই গৃহকর্মীর মধ্যে গণিতের প্রতি আগ্রহ তৈরি হচ্ছে দেখানো ছিলো চ্যালেঞ্জিং। ওগাওয়া তা করলেন বিস্ময়কর ভাবে যা আমি পড়ে স্তম্ভিত হয়ে পড়ি। প্রফেসরের বৈশিষ্ট্য হলো যে তিনি নাম্বার থিওরির বিশেষজ্ঞ। নাম্বার থিওরি গণিতের সেই শাখা যা ১, ২, ৩,৪ করে যে প্রাকৃতিক সংখ্যাগুলো আছে মূলত তা নিয়ে কাজ করে। এই সংখ্যাগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসনে আছে মৌলিক সংখ্যা যেগুলোর ১ ও সেই সংখ্যা বাদে কোন উৎপাদক নেই। যেমন ৭। অপরদিকে ১০ মৌলিক সংখ্যা নয় কারণ ২ ও ৫ সংখ্যাদুটি ১০ এর উৎপাদক । প্রফেসর নাম্বার থিওরি বিশেষজ্ঞ বিধায় তার কাছে প্রতিটি সংখ্যার কোন না কোন আলাদা গুরুত্ব আছে। তিনি সংখ্যা সাথে সংখ্যার সম্পর্ক দ্রুত ধরতে পারেন। প্রফেসরের স্মৃতি যেহেতু মাত্র ৮০ মিনিট স্থায়ী প্রতিটি সকালে তার নতুন করে ১৯৭৫ সাল থেকে শুরু হয়। প্রতি সকালে তিনি গৃহকর্মীর জুতার সাইজ জিজ্ঞাসা করেন। গৃহকর্মী বলে ২৪। প্রফেসর বলেন ২৪ হলো ৪ এর ফ্যাক্টোরিয়াল। যা তিনি ব্যাখ্যা করেন ৪ পর্যন্ত সব সংখ্যার গুণফল হিসাবে। যেমন ১×২×৩×৪=২৪। এরকম করে কিছুদিন চলার পরে প্রফেসর জানতে পারেন যে গৃহকর্মীর জন্ম তারিখ ফেব্রুয়ারি ২০, যাকে লেখা যায় ২২০। তিনি তার হাত ঘড়ি খুলে দেখান যে তাতে লেখা আছে ২৮৪। ঘড়িটা তিনি কলেজে পাঠ সময় কালীন গণিত প্রতিযোগিতাতে পুরষ্কার হিসাবে পেয়েছিলেন। তিনি গাণিতিক সৌন্দর্যের উদাহরণ হিসাবে গৃহকর্মীকে বলেন যে ২২০ ও ২৮৪ হল 'অ্যামিক্যাবল' বা 'বন্ধুসংখ্যা'। কেন তা তিনি ব্যাখ্যা করে দেখান। ২২০ উৎপাদক হল ১, ২, ৪, ৫, ১০, ১১, ২০, ২২, ৪৪, ৫৫ ও ১১০। এই সংখ্যাগুলোর যোগ ফল ১+ ২+ ৪+ ৫+ ১০+ ১১+ ২০+ ২২+ ৪৪+ ৫৫+ ১১০= ২৮৪। অপরদিকে ২৮৪ এর উৎপাদক হলো ১, ২, ৪, ৭১ ও ১৪২। এই সংখ্যাগুলোর যোগ ফল ১+২+ ৪+ ৭১ + ১৪২ = ২২০। তার মানে ২২০ ও ২৮৪ এর মধ্যে আপাতত কোন সম্পর্ক না থাকলেও তারা উৎপাদকের মাধ্যমে পরস্পরের কাছাকাছি। এরকম সংখ্যাকে বলা হয় অ্যামিক্যাবল বা বন্ধু সংখ্যা। প্রফেসরের এই ব্যাখ্যা গৃহকর্মীর মধ্যে গণিতের সৌন্দর্যের ধারণা সঞ্চারিত করে। পরবর্তীতে তা সঞ্চারিত হয় গৃহকর্মীর ছেলের মধ্যে। বইয়ের প্রথম ও শেষ জুড়ে ওগাওয়া প্রফেসরের মাধ্যমে এরকম ভাবে একের পর এক প্রমাণ সহ গণিতের ধারনা প্রকাশ করে গেছেন। এর মধ্যে আরেকটি অনবদ্য প্রমাণ হলো 'ট্রায়েংগুলেশন' বা ত্রিভুজ আকারের মাধ্যমে যে কোন প্রাকৃতিক সংখ্যার যোগফল বের করার পদ্ধতি। বইয়ের কোথায় মনে হয়নি যে লেখক জোর করে গণিত শেখাতে চাচ্ছেন। বইটাতে কোন অংশকে আরোপিত মনে হয়নি। এমনকি পাঠক হয়তো লক্ষ্যও করবেন না যে বইটাতে ১১ টা পর্ব আছে। এই ১১ পর্ব এসেছে সম্পূর্ণ পরিকল্পিত ভাবে। উপন্যাসে গৃহকর্মীর ছেলের ১১তম জন্মদিন পালন করা হয়। ১১ সংখ্যাটা প্রফেসরের কাছে বিশেষ গুরুত্ব বাহি কারণ তা একটা মৌলিক সংখ্যা। বইটার আরেকটা গুরুত্বপূর্ণ সংখ্যা ২৮ কারণ এর সবগুলো উৎপাদকের যোগফল হলো ১+২+৪+৭+১৪=২৮। কাকতালীয় ভাবে আমি যে গণিত ভাবনা শিরোনামের বইটা লিখেছি তার পর্ব সংখ্যা ২৮।
বইটাতে বেসবল খেলার কথাও বারবার এসেছে, কিন্তু গণিতই উপন্যাসটার মূল শক্তি। কাহিনিগত ভাবে বইটার গুরুত্বপূর্ণ অর্জন গণিতকে বিষয়বস্তু করে একটা উপন্যাস রচনা। আগেই বলেছি যে এরকম উপন্যাস তেমন নেই। যা আছে তা মূলত ফ্যান্টাসি, রহস্য বা বৈজ্ঞানিক কল্প কাহিনি ধর্মী। ওগাওয়া লিখেছেন পুরোপুরি বাস্তবকে অবলম্বন করে। গণিত নিয়ে বই উপন্যাস লেখা ইতিহাস ভিত্তিক উপন্যাসের চেয়ে কম কঠিন নয়। কারণ বারবার গণিতের তত্ত্বগুলো যাচাই বাছাই করে নেবার দরকার হয়। এছাড়া দরকার অজস্র গাণিতিক ধারণার মধ্যে কোনটা উপন্যাসের জন্য প্রযোজ্য তা খুঁজে বের করা। তাই ব্যাপক পাঠ ও পরিশ্রমের পরেই এরকম একটা উপন্যাস লেখা সম্ভব। এখানে উল্লেখ্য যে ওগাওয়া একজন প্রথম সারীর গণিতের অধ্যাপকের সাথে গণিতের সৌন্দর্য বিষয়েও প্রবন্ধ লিখেছেন।
শেষ যে বিষয়টা উল্লেখ করবো তা হল ওগাওয়ার ভাষা শৈলী। ওগাওয়ার মধ্যে মুরাকামির প্রভাব আছে আগেই উল্লেখ করা হয়েছে। মুরাকামির ভাষায় যে সৌন্দর্য আছে তা এ উপন্যাসেও আছে। ওগাওয়ার ভাষা কাব্যিক কিন্তু পরিমিত ও নিরাভরণ। নিরাভরণ বাক্য ব্যবহারের মাধ্যমে তিনি উপন্যাসটা লিখেছেন ও জোর করে আবেগ প্রবণ করে তোলা বা লাইনের পর লাইন অহেতুক বর্ণনা দেবার কোন প্রবণতা এই বইয়ে নেই। বইটাতে যাকে বলা যায় 'লেখকের ভান' তা একেবারেই করা হয়নি। পাঠকের প্রতি কোন 'দুর্গম গিরি কান্তার মরু'র মতো কোন ভাষা গত চ্যালেঞ্জ ছুড়ে দেয়া হয়নি। তাই এই উপন্যাস 'হুঁশিয়ার' হয়ে পড়ার দরকার নেই। সব পাঠকই বইটা পড়তে পারবেন ও বইটা এক টানে পড়ে ফেলার মতো।
কিছুদিন আগে আমি হুমায়ূন আহমেদের গাণিতিক উপন্যাসের উপরে একটা আলোচনা লিখেছি। তাই হুমায়ুন আহমেদের সাথে কিছু তুলনা যথাযথ মনে হচ্ছে। হুমায়ূন আহমেদ ভাষা শৈলীর দিক থেকে একেবারেই প্রথম সারীর লেখক। ওগাওয়া ভাষা গত সক্ষমতাতে হুমায়ূন থেকে এগিয়ে নেই, ইংরেজি অনুবাদ পড়ে আমার এই মত। কিন্তু হুমায়ূন পিছিয়ে কাহিনির নিপুণ গাঁথুনিতে। হাউসকিপার উপন্যাসে কোন আরোপিত ঘটনা ঘটেনি। যা ঘটেছে তা ঘটেছে নিপুণ যৌক্তিক ধারাবাহিকতাতে। উপন্যাসটাতে একরকম অনিবার্যতা আছে যা হুমায়ূনের নেই। হুমায়ুন তার গাণিতিক লেখাতে প্রায় সময় এক নারী চরিত্রের প্রেমে পড়াকে ব্যবহার করেছেন যা যথাযথ যৌক্তিক ভিত্তি দেখা যায় না। ওগাওয়া খুবই নিরপেক্ষ এই উপন্যাসে। পাঠককে তিনি দুঃখ দিতে চাননি আবার সুখীও করতে চান নি। হাউসকিপার উপন্যাসটা লেখা হয়েছে সুপরিকল্পিত ভাবে কোথায় কখন কিভাবে কি ঘটবে সব আগে ভাবে ঠিক করে যা হুমায়ূন করেছেন বলে মনে হয় না। হুমায়ূনের লেখাতে গণিতের সামান্য ব্যবহার দেখা যায় কিন্তু গভীরে যাবার চেষ্টা থাকে না। মাঝে মাঝে তত্ত্ব ও তথ্যগত ভাবে হুমায়ূন সঠিক থাকেন না যে বিষয়টার উপরে আমি আমার প্রবন্ধে আলোকপাত করেছিলাম। অপরদিকে ওগাওয়া সিরিয়াস গণিতের ভিতরে প্রবেশ করতে পেরেছেন ও পাঠককে সম্পৃক্ত করতে পেরেছেন। গণিত প্রকাশে তিনি কোন শর্টকাট ব্যাবহার করেন নি।
উপন্যাসটা সম্পর্কে আলোচনার উপসংহার টানছি। এ পর্যায়ে এসে উপন্যাসটার মেসেজ কি তা দেখা যাক, যেহেতু তা অনেক সময় পাঠকের কাছে গুরুত্ব পেয়ে থাকে। সে রকম কোন বিশেষ মেসেজ প্রকাশের কাজ উপন্যাসটা করছে না। লেখাটার কোন রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট নেই। কিন্তু তবু লেখাটাতে আসলেই শিক্ষণীয় অনেক কিছু আছে। সব চেয়ে বড় শিক্ষা উপন্যাসের মাধ্যমে গণিতের সৌন্দর্য প্রকাশ করা যা পাঠকের মধ্যে সঞ্চারিত হতে সক্ষম। একজন সত্যিকারের গণিতবিদ গণিত সম্পর্কে কিভাবে ভাবেন তা প্রকাশ করতে পেরেছে এ উপন্যাস। আগেই বলেছি যে এরকম লেখা নেই বা থাকলেও তার সংখ্যা বেশী হবে না।
পাঠক ইয়োকো ওগাওয়ার 'হাউসকিপার' ও অন্যান্য লেখা পাঠে আগ্রহী হবে এ প্রত্যাশায় আলোচনার সমাপ্তি টানছি ।
তথ্যসুত্রঃ ইউটিউব ও উইকিপেডিয়া
