২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

গেয়র্গ ট্রাকলের কবিতা: সন্ধ্যা ও বিষন্নতার সোনালি সম্ভার

অমৃতা ইশরাত অমৃতা ইশরাত

Published : 29 Aug 2020, 11:50 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


সর্বপ্রথম আমি ট্রাকলের মুখোমুখি হই সপ্ত সিন্ধু দশ দিগন্ত গ্রন্থের মাধ্যমে। আলোকরঞ্জন দাশগুপ্ত ও শঙ্খ ঘোষ সম্পাদিত 'সপ্ত সিন্ধু দশ দিগন্ত' গ্রন্থটিতে ট্রাকলের দুটি কবিতা সংকলিত হয়েছিল। 'শীতের সন্ধ্যা' ও 'ইঁদুর' শিরোনামে কবিতা দুটি অনুবাদ করেছিলেন যথাক্রমে মানস রায়চৌধুরী ও কমলেশ চক্রবর্তী। 'শীতের সন্ধ্যা' কবিতাটি পড়ে আপাত গভীর সূক্ষ্ম এক বেদনাবোধ আমাকে আচ্ছন্ন করে রেখেছিল। যেমনটা ভ্যান গঘের পেইন্টিং কিংবা কুরসোওয়ার মুভি দেখলে হয়। হ্যোল্ডারলিন কিংবা মায়াকোভস্কির কবিতা পড়লে হয়। আর 'ইঁদুর' কবিতাটি জীবনানন্দের দারস্থ করেছে পুনপৌনিক। সবচে' মজার বিষয় হলো যারা হেমন্তের স্তুতি গেয়েছেন তাদের সৃষ্টিতে কোন না কোনভাবে ইঁদুর প্রাণিটি ঘুরেফিরে এসেছে। যদিও বাংলার হেমন্তের সঙ্গে বর্হিবিশ্বের হেমন্তের পার্থক্য সুস্পষ্ট। সেখানকার বর্ণিল হেমন্ত নিয়ে John Donne লিখেছিলেন, "In heaven it is always autumn."
বাংলায় হৈমন্তিক ফসল ঘরে তোলার পরে মাঠে মাঠে ফসলের যে অপভ্রংশ থাকে তা সংগ্রহের জন্য ইঁদুরেরা ব্যস্ত হয়ে পড়ে। এমনসব মেঠো ইঁদুরের সন্ধান দিয়েছেন আমাদের জীবনানন্দ। 'ধান কাটা', 'নবান্ন', 'ইঁদুর', 'শালিক' আর 'লক্ষ্মীপেঁচা'র যে উল্লেখ দেখি জীবনানন্দ দাশের উত্থান পর্বের অজস্র কবিতায়, তাতে তাঁকে 'হেমন্তের কবি' অভিধায় অভিষিক্ত করলেও অত্যুক্তি হবে না। জীবনানন্দ দাশের কবিতায় হেমন্ত প্রাণ পেয়েছে তার দ্বৈত সত্তা নিয়ে। জীবনানন্দ হেমন্ত ঋতুকে ব্যবহার করেছেন মূলত বিনষ্টি, ক্ষয়িষ্ণুতা ও মৃত্যুর প্রতীক হিসেবে, আবার একই সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর উৎসবের কাল হিসেবে। একদিকে 'নবান্নের ঘ্রাণ' আর অন্যদিকে শিশিরসিক্ত 'নির্জন স্বাক্ষর' বহন করে হেমন্ত ঋতু জীবনানন্দের কবিতায় চিত্রিত হয়েছে এক দ্বান্দ্বিক দ্যোতনায়।
'চারিদিকে নুয়ে প'ড়ে ফলেছে ফসল/তাদের স্তনের থেকে ফোঁটা-ফোঁটা পড়িতেছে শিশিরের জল;/প্রচুর শস্যের গন্ধ বুকে তার থেকে আসিতেছে ভেসে/পেঁচা আর ইঁদুরের ঘ্রাণে ভরা আমাদের ভাঁড়ারের দেশ!
'হেমন্তের রৌদ্রের মতন/ফসলের স্তন/আঙুলে নিঙাড়ি/এই ক্ষেতে ছাড়ি/অন্য ক্ষেতে চলিব কি ভেসে/এ-সবুজ দেশে/আরো একবার'—এমন পঙিক্তমালা একদিকে যেমন ফলবতী হেমন্তের রূপ ফুটিয়ে তোলে, অন্য অনেক পঙক্তিমালা তেমনি বলে ভিন্ন কথা, যেখানে ফুটে ওঠে হেমন্তের বিনাশী রূপ: 'সমস্ত পৃথিবী ভ'রে হেমন্তের সন্ধ্যার বাতাস/দোলা দিয়ে গেল কবে।—বাসি পাতা ভূতের মতন উড়ে আসে/কাশের রোগীর মতো পৃথিবীর শ্বাস—/যক্ষ্মার রোগীর মতো ধুঁকে মরে মানুষের মন'; 'যখন হেমন্ত আসে গৌড় বাংলায়/কার্তিকের অপরাহে হিজলের পাতা শাদা উঠানের গায়/ঝ'রে পড়ে, পুকুরের ক্লান্ত জল ছেড়ে দিয়ে চলে যায় হাঁস'; 'বনের পাতার মতো কুয়াশায় হলুদ না হতে/হেমন্ত আসার আগে হিম হয়ে প'ড়ে গেছি ঝরে'। এই মৃত্যুচিন্তা রূপায়ণে ব্যবহার্য চিত্র ও চিত্রকল্পের ভান্ডার হিসেবে জীবনানন্দ দাশ বেছে নিয়েছেন 'হেমন্ত' ও 'শীত' ঋতুকে।
বস্তুত ট্রাকলও 'হেমন্ত' আর 'শীত' দেখেছেন যুদ্ধ, নেশা, বিষন্নতা, শূণ্যতা, লিপ্সা ও মৃত্যুর প্রতীক হিসেবে, আবার একই সঙ্গে পূর্ণিমা উৎসবের কাল হিসেবে। অন্তরের সকল চেতনা ব্যক্ত করেছেন শুদ্ধতম কবিতায়। ইঁদুর কবিতায় ট্রাকল লিখেছেন,
In the farmyard the white moon of autumn shines.
Fantastic shadows fall from the eaves of the roof.
A silence is living in the empty windows;
Now from it the rats emerge softly
ভাষান্তর: James Wright
ট্রাকলের ইঁদুর কবিতাটির বেশ কয়েকটি অনুবাদ আমাদের চোখে পড়ে। তবে এযাবৎ যত অনুবাদ এসেছে তন্মধ্যে Daniel Simko, James Wright-এর অনুবাদ প্রণিধানযোগ্য। ভাষার সুসংহত প্রয়োগের মাধ্যমে ট্রাকলকে সার্বিক এবং সম্যকভাবে উপস্থাপন করেছেন তাঁরা। যদিও শব্দের প্রয়োগ এবং ভাষার রকমফের পুরোপুরি ভাষান্তরিকের ওপর নির্ভর করে। তবে কিছু কিছু ক্ষেত্রে পারিভাষিক শব্দগুলো বিপাকে ফেলে দেয়। ইঁদুর কবিতাটি অনেকটা সেরকম। ভাষান্তরিক James Wtight যেখানে লিখেছেন 'White Moon' সেখানে Margitt Lehbert এবং Eric Plattner লিখেছেন যথাক্রমে 'Autumnal Moon, ও 'Honted Moon'। প্রায়োগিক দিক থেকে Autumnal Moon শব্দটি একটু খেলো এবং জনপ্রিয় ধাঁচের হলেও যথাযথ ভাবের পরিচায়ক। প্রসঙ্গত ভাষান্তরের শিল্পগুণ সম্পর্কে Margitt Lehbert-এর কিছু কথা উল্লেখ করছি। তিনি 'ইঁদুর' কবিতাটির একটি পঙক্তি উল্লেখ করে বলেছেন "Trakl's animals are mainly rats and ravens, as well as deer (hallucinatory symbols of purity). This translation has serious flaws but I chose it because it gets the line 'And they squabble in lunatic greed right.' James Wright's version is better overall but has 'And the rats squeak eagerly as if insane', which in one blow kills any poetry."
প্রাগৈতিহাসিককাল থেকেই মানুষ প্রাণী, উদ্ভিদ, ফুল ইত্যাদিকে গোত্রের পরিচয় বহন করবার জন্য টোটেম হিসেবে ব্যবহার করে আসছে। নৃতত্ত্ববিদদের মতে, টোটেম হচ্ছে সকল মানবগোষ্ঠীর স্ব স্ব প্রাথমিক পর্যায়। উইলিয়ম ক্রুক হিন্দু মানবেতর অবতারদের টোটেম হিসেবে চিহ্নিত করেছেন। তাঁর মতে, বরাহ, কূর্ম, মৎস্য, নৃসিংহ এবং কল্কি বা শ্বেতাশ্ব অবতার মূলত টোটেমই। তিনি হিন্দু দেবতাদের বাহনকেও টোটেম বলেছেন। তিনি মনে করেন, ব্রহ্মার বাহন হংস, শিবের বৃষ, কার্তিকের ময়ূর, অগ্নির মেষ, বরুণের মীন ইত্যাদি টোটেমবাদকেই সমর্থন করে।

বৈদিক ঋষিদের অনেকের নাম মানবেতর প্রাণীর নামে নামাঙ্কিত, যা টোটেমের স্বাক্ষর বহন করে। পরবর্তীকালে রচিত মতবাদের দরুন গোত্রগুলির টোটেমিক উৎস ঢাকা পড়ে যায়। তিনি যে দৃষ্টান্ত তুলে ধরেন তা হলো: ভরদ্বাজ (ভরত পাখি থেকে), গৌতম (গরু থেকে), কাশ্যপ (কচ্ছপ থেকে), শুনক (কুকুর থেকে), মৌদগল্য (মাগুর মাছ থেকে), কৌশিক (পেঁচা থেকে) ইত্যাদি গোত্রের উদ্ভবের পেছনে টোটেমবাদের প্রভাব আছে।
অতি সম্প্রতি চীনে ইঁদুরবর্ষ পালিত হয়েছে। চন্দ্রের হিসেবে চলে চীনের দিনপঞ্জি। দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতিতে ইঁদুর, গরু, বাঘ ও খরগোশসহ বারোটি পশু দিয়ে বর্ষ চিহ্নিত হয়। বারো বছরে প্রতিটি পশু একবার করে বছরে আসে এরং এভাবেই চক্রাকারে চলতে থাকে। এরই ধারাবাহিকতায় এবছর চীনাদের ইঁদুরবর্ষ। এবার দিনটি শুরু হয় ২৫ জানুয়ারি ২০২০। চন্দ্রবর্ষের শুরু মানেই চীনাদের সবচেয়ে বড় উৎসব। একে চীনের বসন্ত উৎসবও বলা হয়। চল্লিশ দিন ধরে এর আনুষ্ঠানিকতা। গ্রিক পুরাণে পেঁচা এথেনার বাহন যা জ্ঞানের প্রতীক। টোটেম হিসেবে ইঁদুর প্রাণীটিও ভয়, ধূর্ততা এবং লিপ্সার জন্য বেশ কিছু তাৎপর্য বহন করে। ট্রাকল অসম্ভব ধুর্ত এই প্রাণীটির ভয় এবং লোভ তাঁর কবিতায় ফুটিয়ে তুলেছেন।
'And their bottomless greed tugs at you
and the houses and barns comply,
pregnant with corn and fruit.
In the dark out there the icy wind thrashes and weeps'
ভাষান্তর: Eric Plattner

ভাষান্তরিকের শব্দ এবং অনুভূতির দ্ব্যর্থতা থাকা সত্ত্বেও ট্রাকলের কবিতা পাঠে পাঠকচিত্তে একধরনের বিক্ষিপ্ত বেদনাবোধ তৈরি হয়। অনেকটা ধূসর কুয়াশার মতন। যদিও ট্রাকল তাঁর বিষন্নতার নাম দিয়েছিলেন 'Criminal Melancholy!'
গেয়র্গ ট্রাকল ১৮৮৭ সালের তেসরা ফেব্রুয়ারি অস্ট্রিয়ার সলজবুর্গে জন্মগ্রহণ করেন। বাবা টবিয়াস ট্রাকল (১৮৩৭-১৯১০) ছিলেন একজন হার্ডওয়ার ব্যবসায়ী। মা মারিয়া ক্যাথরিন হ্যালিক (১৮৫২-১৯২৫) ছিলেন আংশিক চেক বংশোদ্ভূত গৃহবধু। মাদকাসক্ত হ্যালিক একজন ফরাসি গৃহশিক্ষিকার তত্ত্বাবধানে পড়াশোনা শুরু করে মাঝপথে ছেড়ে দিয়েছিলেন। পরবর্তীতে এই গৃহশিক্ষিকাই ট্রাকলকে ফরাসি ভাষা ও সাহিত্যের সংস্পর্শে নিয়ে এসেছিল। বোন গ্রেটে ট্রাকল (১৮৮৯-১৯১৭) ছিলেন বিস্ময়কর সুরস্রষ্টা যার সঙ্গে ট্রাকল তাঁর শৈল্পিক প্রয়াস ভাগ করে নিতেন। কবিতা ও সঙ্গীতের উৎকর্ষতায়পূর্ণ এই সম্পর্ক ট্রাকলের সৃষ্টির মতনই রহস্যাবৃত। গ্রেটের জীবনীকার Marty Bax তাঁর Immer zu wenig Liebe. Grete Trakl গ্রন্থে লিখেছেন, In Grete's case, talent and tragedy went hand in hand. Grete was a musical prodigy and was on the verge of becoming a concert pianist, when family circumstances and the effects of her upbringing took their toll. Grete's tragedy–and implicitly also that of her brother Georg – started at birth, having been born into a Salzburg family from lower middle and lower class background but who aspired to be perceived as thoroughly bourgeois.
গ্রেটে বিয়ে করেছিলেন তাঁর থেকে চৌত্রিশ বছরের বড় আর্থার ল্যাঙ্গেন নামের একজন বার্লিন ম্যাজিস্ট্রেটকে। লুডভিগ ফিকার এবং রিচার্ড বুলিগের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে গ্রেটে ও আর্থারের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়, যা বিচ্ছেদ পর্যন্ত গড়ায়। একবছর বাদে ১৭ সেপ্টেম্বর ১৯১৭ মাত্র ছাব্বিশ বছর বয়েসে গ্রেটে মারা যান।
Sister's Garden কবিতায় ট্রাকল লিখেছেন,
It's already cool, it's already late,
It's already autumn
In sister's garden, silent and still;
Her step has turned white.
A blackbird call lost and late,
It's already autumn
In sister's garden, silent and still;
An angel became.
এছাড়াও 'রোজারি হিমস' কবিতায় 'To my sister' অংশে লিখেছেন-
Where you walk be autumn and evening
A blue deer that is heard under the trees,
A lonely pond in the evening.
Softly the flight of birds is heard,
The sadness above the orbits of your eyes.
Your narrow smile is heard.
এই কবিতা দু'টি আমাদের টমাস গ্রে'র (১৭১৬-১৭৭১) The Fatal Sister: An Ode, the Fatal Sister-এর সেই অনবদ্য পঙক্তিগুলোর কথা স্মরণ করিয়ে দেয়।

Sisters, hence with spurs of speed:
Each her thund'ring falchion wield;
Each bestride her sable steed.
Hurry, hurry to the field.
বাবা-মা প্রটেস্ট্যান্ট হওয়া সত্ত্বেও ট্রাকল প্রাথমিক শিক্ষার জন্য ক্যাথলিক বিদ্যালয়ে ভর্তি হন। ১৮৯৭ সালে সলজবুর্গের স্ট্যাটাস-জিমনেসিয়াম থেকে মেট্রিকুলেশন পাস করেন। গ্রিক, ল্যাটিন এবং অংকে আশানুরূপ ফলাফল অর্জন করতে ব্যর্থ হন। তাই উচ্চ মাধ্যমিক ডিগ্রি না নিয়েই বিদ্যালয়ের পাঠ চুকিয়ে ফার্মাসিস্ট হিসেবে পেশাগত জীবন শুরু করেন। এই সময়ে মরফিন এবং কোকেনে ভীষণভাবে আসক্ত হয়ে পড়লেও ট্রাকল নাটক লেখায় উদ্যোগী হন। All Souls' Day এবং Fata Morgana নাটিকা দু'টি সেই অর্থে দর্শক প্রিয়তা পায়নি। এখানে উল্লেখ্য যে, ট্রাকল কবিতা লেখা শুরু করেছিলেন মাত্র তেরো বছর বয়েসে। ১৯০৬ সালের মে থেকে ডিসেম্বরের মধ্যে সলজবুর্গের দুটি পত্রিকায় ট্রাকলের চারটি গদ্যাশ্রয়ী রচনা প্রকাশিত হয়। এবার পাঠকশ্রেণি তাঁর গদ্যের পরিপক্কতা অনুভব করতে সক্ষম হন। বিশেষ করে Traumland (কল্পলোক) গল্পটি পাঠক নন্দিত হয়। 'কল্পলোক' বস্তুত একজন প্রাণবান যুবকের গল্প। যিনি সম্পর্কে আত্মীয় এক তরুণীকে ভালোবেসে আত্মাহুতি দিয়েছিলেন।


ফার্মাসিস্ট হিসেবে তিন বছর কাজ করবার পর ১৯০৮ সালে উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্যে ট্রাকল ভিয়েনায় পাড়ি জমান। কিছুদিনের ব্যবধানে স্থানীয় একটি শিল্পগোষ্ঠীর সঙ্গে তাঁর পরিচিতি ঘটে। যারা তাকে ভিয়েনায় বিভিন্ন সাময়িকীতে কবিতা প্রকাশে সহায়তা করেন। ১৯১০ সালে ট্রাকলের বাবা টবিয়াস ট্রাকল মারা গেলে ট্রাকল পরিবার কিছুটা অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। অন্যদিকে ফার্মাসিতে উচ্চতর ডিগ্রী পাওয়ার পূর্বেই ট্রাকল সেনাবাহিনীর জন্য তালিকাভুক্ত হন। অনেক কাঠখড় পুড়িয়ে সলজবুর্গে বেসামরিক জীবনে ফিরে আসেন কিন্তু তাঁর এ প্রচেষ্টা ব্যর্থ হয়। পুনরায় সেনাবাহিনীর তালিকাভুক্ত করে তাকে ইন্সব্রুকের একটি হাসপাতালে ফার্মাসিস্ট হিসেবে পাঠানো হয়। এই সময়ে তিনি বিখ্যাত সাহিত্য সাময়িকী Der Brenner এর সম্পাদক লুডভিগ ভন ফিকারের পৃষ্ঠপোষকতা লাভ করেন। বোন গ্রেটেই প্রথমে ফিকারের কাছে ট্রাকলের লেখা একগুচ্ছ কবিতা পাঠিয়েছিলেন। প্রসঙ্গত একটা বিষয় স্পষ্ট করা প্রয়োজন সুপরিচিত সাহিত্য পত্রিকা 'Der Brenner' এমন একটি সাহিত্য সাময়িকী যা জার্মান-ভাষী দেশগুলিতে রেনেসাঁ শুরু করেছিল। ফিকারের তত্ত্বাবধানে বিখ্যাত প্রকাশক কুর্ট ভলফের অনুরোধে তরুণ কবি, নাট্যকার, ঔপন্যাসিক ফ্রান্স ভারফেল গেয়র্গ ট্রাকলের কিছু কবিতা নির্বাচন করেন। যা ১৯১২ সালে Gedichte (Poems) শিরোনামে কাব্যগ্রন্থ আকারে প্রকাশিত হয়। ট্রাকলকে সাদরে গ্রহণ করেন সারস্বত সমাজ।

এ পর্যায়ে প্রখ্যাত দার্শনিক লুডভিগ ভিটগেনস্টাইনের(১৮৮৯-১৯৫১) কথা উল্লেখ না করে পারছিনা। মহামতি লুডভিগ ভিটগেনস্টাইন 'Der Brenner' সাময়িকী বের করবার জন্যে নিয়মিত অনুদান পাঠাতেন। একবার কথা প্রসঙ্গে লুডভিগ ভিটগেনস্টাইনকে ট্রাকল সম্পর্কে ধারণা দিয়েছিলেন ফিকার। ভিটগেনস্টাইন তখন বেনামে কবি, সাহিত্যিক, দার্শনিক এবং যুদ্ধবিধ্বস্ত সৈনিকদের আর্থিক সহযোগিতা পাঠাতেন। ট্রাকলসহ রাইনার মারিয়া রিলকে (১৮৮৫-১৯২৬) এবং কার্ল ডলাগোকে বেশ কয়েকবার আর্থিক সহযোগিতা পাঠিয়েছিলেন তিনি। দার্শনিক লুডভিগ ভিটগেনস্টাইন ট্রাকলের সঙ্গে দেখা করবার ইচ্ছেও ব্যক্ত করেছিলেন সেই বিষয়ে প্রবন্ধের শেষে আলোকপাত করা সমীচীন করে করছি।
হ্যোল্ডারলিন, নোভালিস, এডগার অ্যালান পো, বোদল্যের, ভেরলেন, র্যাবোর ভক্ত ছিলেন ট্রাকল। সাহিত্য, চিত্রকলা বা সংগীতে 'এক্সপ্রেশনিজম বা অভিব্যক্তিবাদ'-এর যে ধারণা আমরা পাই, সেই নিরিখে ট্রাকল অবশ্যই এক্সপ্রেশনিস্ট।
১৭ মে, ১৯১৪ সালে অস্ট্রিয়ান সাহিত্যিক ফেলিক্স ব্রন লিখলেন ট্রাকলের পরিচিতি। পাঠক পেল একটি নূতন নাম ও তাঁর সৃষ্টির বিবরণ। ফেলিক্স ব্রন লিখেছিলেন- "A new name: Georg Trakl-and a new scene opens. The figure of the solitary dreamer, losing himself in a distant landscape, full of faces, staggering over a reeling earth, under a reeling sky, in a chaos of worlds collapsing into one another within and without;…he is the drunkard facing the world, the ignes fatui one downward, the sweet beguiling voices, and the angels who apper to him, the cropses and souls.
ট্রাকলের কবিতা দর্শনে ধরা থাকছিল মানব যন্ত্রণা ও দুদর্শার আর্তি- সংযত উচ্চারণে, আহত সময়ের সকল মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য হয়ে উঠেছিল তার পঙক্তি। Human Misery কবিতায় ট্রাকল লিখেছেন-
The clock that's tolling five before the sun
A dark horror takes hold of lonely people,
Leaflless trees sough in the evening garden
The corpse's face rouses at the window.
বস্তুত প্রথম বিশ্বযুদ্ধের শুরুতে, ট্রাকল অস্ট্রো-হাঙ্গেরিয়ান সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছিলেন। তখন তাঁর কবিতার ভাষা সহজেই নজরে পড়েছিল সমসাময়িক কবি সমালোচকদের। তাঁর বিষন্ন স্বপ্নময় উপস্থিতি, মরা আলোর পৃথিবীতে একাকী বিচরণের পাশাপাশি জীবনের প্রতি প্রচ্ছন্ন নিখাদ ভালবাসা যেন দুই প্রাতিস্বিক আলোয় বেঁধে ফেলার আন্তরিক প্রয়াস। তবুও কবিতা রুখতে পারেনি সব ভাঙন। অবশ্য ভাঙন তখন সমগ্র বিশ্ব জুড়েই। কবির বিশৃঙ্খল নেশাঘোর জীবনের সঙ্গে যেন পাল্লা দিতেই উন্মাদ হয়ে উঠেছিল পৃথিবী।
পরবর্তীতে ইস্টার্ন ফ্রন্টের সেনাশিবিরে তাকে মেডিকেল অফিসার হিসাবে প্রেরণ করা হয়। গ্রোডেকের যুদ্ধের সময় (১৯১৪ সালে শরৎকালে গ্রোডেকে, পরে গ্যালিসিয়া ও লোডোমরিয়ার রাজ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল) ট্রাকলকে রাশিয়ানদের বিরুদ্ধে ভয়াবহ অভিযানে আহত নব্বইজন সৈন্যকে পুনরুদ্ধারের কাজ চালিয়ে যেতে হয়েছিল। এই দুঃসহ যন্ত্রণা ভুলতে তিনি নিজেকে স্ট্রেন থেকে গুলি করবার চেষ্টা করেছিলেন, কিন্তু কমরেডরা তাকে বাধা দেন। কোকেন ও মরফিনের মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে ট্রাকল মানসিক স্থিতিও হারান। 'To the Fallen Silent' কবিতায় তাঁর বিক্ষিপ্ত মানসিকতার সুস্পষ্ট আভাস পাওয়া যায়।
'O', the madness of great city,
When with evening
Stunted trees bristle along a black wall,
The spirit of evil peers from a silver mask.
অর্থাৎ বারেবারেই ফিরে ফিরে এসেছে ব্যবধান, বিষন্নতার ছবি। ভাঙাচোরা পৃথিবীর অবয়ব। আর অসংস্রবের গাঢ় দূরত্ব পঙক্তি, স্তবকের কাঠামোয় লিখে রাখছেন কবি।
এমতাবস্থায় ট্রাকলের শারীরিক অবস্থারও অবনতি ঘটতে থাকে। ক্রাকের সামরিক হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। চিকিৎসারত অবস্থায় যুদ্ধের ভয়াবহতা, সৈন্যদের রক্তাক্ত বিধ্বস্ত মুখ মনে করে তিনি ঘন ঘন হতাশার শিকার হতে থাকেন। এই বিষন্নতা এবং অবসাদগ্রস্ততা থেকে মুক্তি পেতে ফিকারের পরামর্শ চেয়েছিলেন ট্রাকল। ফিকার তাকে ভিটগেনস্টাইনের সাথে যোগাযোগের জন্য রাজি করান। ট্রাকলের চিঠি পাওয়ার পর, ভিটগেনস্টাইন ক্রাকোর সামরিক হাসপাতালে ছুটে যান। সেখানে পৌঁছে জানতে পারেন, কোকেনের ওভারডোজের কারণে মারা গিয়েছেন ট্রাকল। দিনটি ছিল ১৯১৪ সালের তেসরা নভেম্বর। তিনদিন বাদে তাকে ক্রাকোর রাকোভস্কি কবরস্থানে সমাধিস্থ করা হয়। পরবর্তীতে ফিকারের নিরন্তর প্রচেষ্টার ফলস্বরূপ, ৭ অক্টোবর ১৯২৫ সালে ট্রাকলের দেহাবশেষ ইন্সব্রুকের মুহ্লাউ কবরস্থানে স্থানান্তরিত করা হয়।
শেষমেশ দেখা হয়নি ভিটগেনস্টাইন আর ট্রাকলের। দেখা হলে হয়তো একজন নেশাঘোর কবি যন্ত্রণা, নেশা সবকিছু ভুলে এই মহান দার্শনিকের সঙ্গে আলোচনা করতেন জীবনের অস্ত্যর্থক 'লজিক' নিয়ে।
লুডভিগ ভিটগেনস্টাইন যেমন অন্তিমশয্যায় শেষবারের মতন সজ্ঞা হারিয়ে ফেলার আগে বলেছিলেন, "Tell them I've had a wonderful life!"
সাহিত্যিক কার্ল ক্রাউস (যাঁর সম্পাদিত পত্রিকা 'Die Fackel'-এ ট্রাকলের কবিতা প্রকাশিত হয়েছিল) ট্রাকলের মৃত্যুর পর মন্তব্য করেছিলেন, তিনি ছিলেন 'hardly a victim of war. It was always incomprehensible to me that he could live at all. His insanity wrested with godly thins.'
বিশিষ্ট জার্মান দার্শনিক মার্টিন হাইডেগার (১৮৮৯-১৯৭৬) বলেছেন- 'কবির তথা কবিতার শব্দই সর্বাত্মক। সেখানে কবির জীবন বা জীনযাপন সংক্রান্ত তথ্য অপ্রাসঙ্গিক।" On the Way to Language গ্রন্থে হাইডেগার কবিতা ধরে ধরে পাঠ করে ট্রাকলের জন্য নির্দিষ্ট একটি অবস্থানভূমি খোঁজার চেষ্টা করেছেন এবং উপসংহারে এসেছেন। অবশ্য ট্রাকলের কাব্য আলোচনার আগেই হাইডেগার কবি ও কবিতা সম্পর্কে তাঁর ব্যক্তিগত নির্দ্বিধ মতটি জানিয়ে রেখেছেন-
Every great poet creats his poetry out of one single poetic statement only. The measure of his greatness is the extent to which he becomes so committed to that singleness that he is able to keep his poetic saying wholly within it.
ট্রাকলের কবিতায় হাইডেগার দেখা পান সর্বত্র বিরাজমান অথচ উদাসীন ও নির্লিপ্ত ভবঘুরে আগন্তুকের-
All the Georg Trakl's poetry says remains gathered and focused on the wondering stranger. He is, and is called, "he who is apart." Through him Trakl's poetic saying is turned to one unique song. And since the poet's poems are gathered into the song of him who is apary, we shall call the site of Trakl's poetic work apartness.
ট্রাকলের বেশিরভাগ কবিতা হয় সন্ধ্যার আবহে নয়তো সন্ধ্যার একটি মোটিফ হিসাবে নির্মিত হয়েছে। ট্রাকল বৈপরীত্যে দেখেছেন খুব কাছ থেকে। বিধ্বস্ত, দিশাহীন পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে ট্রাকলের কবিতার কাঠামোও হয়ে ওঠে অবিন্যস্ত, ভাঙাচোরা। পূর্ণাবয়ব রক্তমাংশের মানুষ যেন হারিয়ে যাচ্ছে এই দুনিয়া থেকে, তার জায়গায় দখলদারি নিচ্ছে ফ্যাকাসে, নীরক্ত বস্তু (thing)! নীরবতা তাঁর কবিতার একটি নিয়মিত রূপ। প্রায়শই কবিতাগুলো নিঃশব্দ, মৃতদের বৈশিষ্ট্যযুক্ত, যারা নিজেকে প্রকাশ করতে অক্ষম। ট্রাকলের কবিতার চরিত্রগুলো বিশেষত এলিস, সেবাস্টিয়ান, হেলিয়ান তাঁরই আত্মগত বহিঃপ্রকাশ। তবুও তারা স্বতন্ত্র, স্বকীয়তায় ভাস্বর।
'To the boy Elis' শিরোনামের কবিতাটিতে তিনি লিখেছেন,
Elis, when the blackbird calls in the black forest,
This is your going down
Your lips sip the cold of blue mountain spring.
শেষাবধি জার্মান চিত্রশিল্পী শার্লটে জালোমোন (Charlotte Solomon, ১৯১৭-১৯৪৩) এর কথা উল্লেখ না করলেই নয়। জলোমোনের আঁকা ছবিটির নাম 'দ্য লাস্ট ডেজ অব গেয়র্গ ট্রাকল'। চিত্রকর্মটি যেন আমাদের সেই মুহূর্তের কথা স্মরণ করিয়ে দেয়। যা ট্রাকলের ভাষায়, "Time and again your return, melancholy অথবা The sadness above the orbits of your eyes!"

গ্রন্থপঞ্জি:

১. গঙ্গোপাধ্যায়, সুনীল, কবিতাসমগ্র ৪ (কলকাতা: আনন্দ পাবলিশার্স, ২০০৮)
২. ঘোষ, শঙ্খ; আলোকরঞ্জন দাশগুপ্ত (সম্পাদিত) সপ্ত সিন্ধু দশ দিগন্ত (কলকাতা দে'জ পাবলিশিং, ২০১০), আনন্দবাজার পত্রিকা (বিভিন্ন সংখ্যা)
৩. আনোয়ার, আবিদ; অঘ্রানের অনুভূতিমালা, হৈমন্তিক-প্রথম আলো
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৩
৪. Poems by John Donne at Poetry Foundation.org
৫. Georg Trakl". Project Gutenberg (in German). Spiegel Online. Archived from the original on 3 May 2010.
৬. Hardware dealer Tobias Trakl from West Hungary relocated to Wiener Neustadt for professional reasons. "Archived copy". Archived from the original on 16 May 2009. Retrieved 31 May 2009.
৭. Marty Bax: Immer zu wenig Liebe. Grete Trakl. Ihr feinster Kuppler. Ihre Familie. Amsterdam 2014, E-Book "Archived copy". Archived from the original on 15 November 2014. Retrieved 21 November 2014
৮. Garland, Henry and Mary Garland, The Oxford Companion to German Literature (London: Oxford University Press, 1976)
৯. Millington, Rechard, Wild Heart Turning White: Georg Trakl and Cocaine (publicdomainreview.org)
১০. James Wright and Robert Bly (22 August 2008). "Georg Trakl: Twenty Poems". Scribd. Retrieved 22 April 2009.
১১. Monk, Ray, Ludwig Wittgenstein: The Duty of Genius (London, Vintage Books, 1991)
১২. Lyon, James K.(Winter 1970). "Georg Trakl's Poetry of Silence". Monatshefte. University of Wisconsin Press
১৩. Sebastian Dreaming (Book two of our Trakl), tr. James Reidel (Calcutta: Seagull Books, 2016)
১৪. Heidegger, Martin, On the way to Language, tr. Peter D. Hertz (New York: Harper & Row, 1971)
১৫. Georg Trakl: The Rats (Tr. Margitt Lehbert) dailyanimalpoem.blogspot.com