২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

কাম্যুর ওরাঁ শহর ফিরে এলো

শাকিল রিয়াজ

Published : 04 Apr 2020, 09:54 AM

Updated : 23 Jun 2022, 03:59 PM


প্রতি মুহূর্তেই মনে হয় করোনায় ধরেছে। শরীরটা বেশ দুর্বল। টেনশন করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। কিন্তু চোখকান খোলা রেখে আপডেটেড থাকতে গেলে টেনশন পেঁচিয়ে ধরে। ওয়ার্ল্ডোমিটারে চোখ রাখি। সেখানে সংখ্যা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে হতাশা বাড়ে। একটু মাথাব্যথা হলেই মনে হয়, এই তো এসে গেছে। খুসখুসে কাশ উঠলে মনে হয় ধরা পড়ে গেছি। একটু পরপর শরীরের তাপমাত্রা দেখি। দম বন্ধ করে টেস্ট করি। হাত ধুতে ধুতে বাদামী আঙুল সাদা হয়ে গেছে। একটু পরপর স্পিরিট মেখে জীবাণুমুক্ত হতে চেষ্টা করি। আদার চা, লেবুর পানি খাই। গরম পানিতে ভিক্স মিশিয়ে শ্বাস নিই। ঘ্রাণশক্তি কমে গেছে কিনা খেয়াল করি। কালিজিরার জন্য এদিক-সেদিক ধর্ণা দিই। টিভিজুড়ে করোনা। মৃত্যু আর সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে হার্টবিট বাড়ে। জানালা দিয়ে বাইরে তাকাই। কোথাও কেউ নাই। শহরটা হঠাৎ ভুতুড়ে হয়ে গেছে। কেমন গা ছমছম করা বিকেল। ঠিক উল্টোদিকের জানালায় একটি মেয়ে এসে ক্যান্ডেল জ্বালাবে একটু পর। মেয়েটি প্রতিদিন সন্ধ্যায় মোমবাতি জ্বেলে চুপচাপ বসে থাকে। বহুদিনের রুটিন। মেয়েটি একা। ওর একাকিত্ব নিয়ে অনেক গুঞ্জন করেছি আমরা। এটা কোনো জীবন হলো? আজ গোটা স্টকহোম মেয়েটির চরিত্র পেয়েছে। এটা তবে কেমন জীবন? একটু পরে নিঃসঙ্গ মেয়েটি আলো জ্বালালে বাইরে অন্ধকার আরো ঘন হবে।
শরীর খারাপ বলে কাজে যাই না। হোম কোয়ারেন্টাইনে আছি। স্বেচ্ছা নির্বাসন। এই জীবন আবার কবে জীবনে ফিরবে, জানা নেই। ফিরবে কি আদৌ?
ইউরোপের অনেক দেশই লকডাউনে চলে গেছে। সুইডেন যায়নি। কিন্তু সচেতন, আতঙ্কিত, সন্ত্রস্ত মানুষ বাইরে বের হয় না। মৃত্যুভয়ে আতংকিত সবাই। ইতালী, স্পেন, ফ্রান্স, জার্মানি হয়ে মৃত্যুর মিছিল কি এদিকে আসবে? একমাস পর কী ঘটতে যাচ্ছে স্টকহোমে?

আমি হঠাৎই স্টকহোম শহরকে ওরাঁ শহরের সঙ্গে মিলিয়ে ফেলি। কলেজ জীবনে আলবেয়ার কাম্যুর উপন্যাস দ্য প্লেগ (লা পেস্তে) পড়ে আতংকিত হয়েছিলাম। উপন্যাসটির পটভূমি আলজিরিয়ার ওরাঁ শহরকে ঘিরে। ইঁদুর থেকে মানুষে ছড়িয়ে পড়া এক ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পুরো শহরকে স্তব্ধ করে দিয়েছিল, মৃত্যুপুরী বানিয়ে দিয়েছিল। করোনাআক্রান্ত এই পৃথিবী নতুন করে এই উপন্যাসটি পড়তে চাইছে। উত্তর ইতালীতে করোনা আঘাত করার পর থেকেই দ্য প্লেগর সব স্টক শেষ হয়ে গেছে। ফ্রান্সের বুকশপগুলো থেকে মুহূর্তেই হাওয়া হয়ে গেছে বইটি। ইতালীতে বেস্টসেলার তালিকার ৭৩ নম্বর থেকে উঠে এসেছে তিন নম্বরে। আমাজন হিমসিম খাচ্ছে সাপ্লাই দিতে। সুইডেনের বইয়ের দোকানগুলোতে সোল্ড আউট। পাওয়া যাচ্ছে না কোনো লাইব্রেরিতেও। অনেকেই বুক করে অপেক্ষায় আছেন। কোনো বড় ঘটনা ঘটলে তা পাঠকের পাঠেও প্রভাব ফেলে। ঘটনাসম্পর্কিত সাহিত্য পাঠের বা সিনেমা দেখার ধুম পড়ে যায়। মনে আছে, ২০১৭ সালে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানকে লোকসমাগমের হিসাবে তার প্রেসসচিব একটি রেকর্ড বলে মিথ্যাচার করেছিলেন। এর পরপরই জর্জ অরওয়েলের উপন্যাস ১৯৮৪ আমাজনে বিক্রয়ের তালিকায় শীর্ষ দশে চলে এসেছিল। প্রেসসচিবের মিথ্যাচার অরওয়েল বর্ণিত "মিনিস্ট্রি অব ট্রুথ" এর কথাই পাঠককে মনে করিয়ে দিয়েছিল। এই একই কারণে ২০১১ সালে মুক্তি পাওয়া "কন্টাজিওন" চলচ্চিত্রটি বারবার টপচার্টের শীর্ষে চলে আসে, সেটা এবোলা, সার্স, মার্স বা এখন এই কোভিড, সব আমলেই।

দ্য প্লেগ প্রথম বই আকারে বের হয় ১৯৪৭ সালে। ১৯৪০-এর দশকের গোড়ার দিকে আলজেরিয়ার ওরাঁ শহরে কীভাবে প্লেগ মারাত্মক মহামারী আকারে ছড়িয়ে পড়ে এবং তারপর শহরটির জীবনযাপন কীভাবে বদলে গেল তার বর্ণনা রয়েছে উপন্যাসটিতে। প্লেগের আক্রমণে ওরাঁ শহরটি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এর বাসিন্দারা তাদের প্রিয়জনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে বেঁচে থাকার ধারণায় অভ্যস্ত হতে বাধ্য হয়।
কাম্যু বর্ণনা করেছেন মহামারীর মতো মরণঘাতী সঙ্কটের সময় মানুষের প্রতিক্রিয়া ও আচরণ কেমন পাল্টে যায়। চেনা মানুষগুলো পাল্টে যেতে থাকে। বিভিন্ন চরিত্রে ভাগ হয়ে যেতে থাকে অধিবাসীরা। কেউ আতঙ্ক ও উদ্বেগে ভেঙে পড়ে, কেউ নিজের জীবন উৎসর্গ করে মৃত্যুপথযাত্রী মানুষের পাশে দাঁড়ায়, কেউ উদাসীন কেউ অলস কেউ নির্বিকার হয়ে যায়। কেউ সংক্রমণ লুকিয়ে রেখে পালিয়ে বেড়ায়, কেউ বাঁচার আশায় শহর থেকে পালিয়ে যাবার চেষ্টা করে, কেউ পরিস্হিতিকে ব্যবহার করে বাণিজ্যে মেতে ওঠে, কেউ ধর্মের বেসাতি খোলে, কেউবা অন্যের দুর্ভাগ্য নিয়ে মজা করে, ট্রল করে।
এক পর্যায়ে ওরাঁ শহরকে কোয়ারেন্টাইন ঘোষণা করা হয়। শহরে প্রবেশ ও নির্গমনের গেটগুলো বন্ধ করে দেয়া হয়। স্হায়ীভাবে বহির্বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় ওরাঁ। অসুস্হ মৃতপ্রায় অধিবাসীরা এবার প্লেগের পাশাপাশি ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে নামে। গল্পের কথক বার্নার্ড রিয়েউঁ। পেশায় ডাক্তার। তার সতর্কবাণীতে কান দেয়নি কেউ। কর্তৃপক্ষ তাকে থামিয়ে দেয়ার চেষ্টা করেছিল, উপহাস করেছিল। কিন্তু শত প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে ডাক্তার রিয়েউঁ কাজ করে গেছেন মানুষকে সজাগ করতে, কর্তৃপক্ষের লুকোচুরির বিরুদ্ধে যুদ্ধ করে প্রকৃত সত্য ও ভয়াবহতা তুলে ধরতে। এই কাজে আরো কিছু সতীর্থ পেয়েছিলেন তিনি যারা আক্রান্তদের সুস্হ করে তুলতে জীবন বাজী রেখেছিলেন। সাংবাদিক রেমন্ড, যিনি ওই শহরের বাসিন্দা নন কিন্তু ঘটনাক্রমে আটকে পড়েছিলেন, লকডাউন শহর থেকে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে রিয়েউঁর দলে ভিড়ে গিয়ে প্লেগের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন। পানেলুঁ ছিলেন পাদ্রি। তিনি ঘোষণা করলেন, প্লেগ হচ্ছে ঈশ্বর প্রদত্ত শাস্তি। এই ভাগ্য আমাদের মেনে নিতে হবে। এমন কি তিনি নিজে যখন আক্রান্ত হলেন তখনও চিকিৎসা নিতে অস্বীকৃতি জানালেন। শিশুরা কেন মারা যাচ্ছে, কী তাদের অপরাধ — রিয়েউঁর এই প্রশ্নের কোনো উত্তর ছিলনা পাদ্রির। তবে তিনি স্বীকার করে গেছেন, নিষ্পাপ শিশুদের মৃত্যু ঈশ্বর সম্পর্কে মানুষের বিশ্বাসকে আলগা করে দিয়েছে। বুকে ক্রুশ আঁকড়ে ধরে চিকিৎসাহীন অবস্হায় মারা যান ফাদার পানেলুঁ। মৃত্যুর পর টেস্ট করে দেখা গেল, তার মৃত্যু আসলে প্লেগে হয়নি। অপরাধী ও চোরাচালানী কোটার্ডের দেখা পাই এই উপন্যাসে যিনি গ্রেফতার আর শাস্তির ভয়ে লুকিয়ে থাকতেন, পালিয়ে বেড়াতেন। প্লেগ ছড়িয়ে পড়ায় তিনি যেন বাহু উন্মুক্ত করে স্বাগত জানালেন এই মহামারীকে। কারণ তিনি মনে করলেন, ফেরারি হয়ে পালিয়ে থাকার মতো ভয়ার্ত যন্ত্রণার স্বাদ তিনি আর একা অনুভব করছেন না। প্লেগের ধাওয়ায় সবাই এখন ফেরারি। প্লেগের বরকতে তার চোরাচালান ব্যবসা আরো ফুলে ফেঁপে উঠলো। রিয়েউঁর কাছের মানুষ তারোঁ, মানুষকে সেবা করতে করতে মারা গেলেন। তার মৃত্যুতে ভেঙে পড়লেন রিয়েউঁ। কিন্তু আশা ছাড়েননি। যেন বিনা কারণে জেলের অন্ধ প্রকোষ্ঠে অপেক্ষারত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীদের বাঁচাতে আদালতে দাঁড়িয়ে থাকার পণ করেছেন তিনি। মহামারী শেষ হলে সাংবাদিক রেমন্ড খুলে দেয়া নগরের দরোজায় তার স্ত্রীর সঙ্গে মিলিত হন। কিন্তু সতীর্থ রিয়েউঁঁর ভাগ্য রেমন্ডের মতো ভালো ছিল না। লকডাউন শেষ হলে রিয়েউঁ জানতে পারেন তার স্ত্রী আর বেঁচে নেই।
কয়েক মাস কোয়ারেন্টাইনে থাকার পর ওরাঁবাসী বুঝতে পারে এটা কোনো ব্যক্তিগত দুর্ভোগ নয়। তাদের স্বার্থপর মনোভাবের অবসান ঘটে যায় হঠাৎ। তাদের বোধগম্য হয় প্লেগ একটি কালেক্টিভ ডিজেস্টার এবং সবাইকে যার যার অবস্হান থেকে সম্মিলিতভাবে প্লেগ-বিরোধী যুদ্ধে অংশ নিতে হবে। এই এক লক্ষ্যে পৌঁছতে অনেক দেরি হয়ে গিয়েছিল। এর খেসারত দিতে হয়েছিল উদাসীন, অহংকারী, স্বার্থপর, উদ্ধত, দাম্ভিক আর শিক্ষাহীন ওই শহরবাসীকে।
মহামারীর অবসান হলে বেঁচে থাকা লোকজন আনন্দে রাস্তায় নেমে আসে। তারা আবার গোছাতে শুরু করে তাদের জীবন। ফিরে যায় দৈনন্দিন রুটিনে। কিন্তু ডাক্তার রিয়িউঁ এই আয়োজনে শামিল হতে পারেন না। তিনি জানেন, প্লেগের জীবাণুটি মারা যায়নি। শুধু ঘুমিয়ে পড়েছে। বছরের পর বছর এরা সুপ্ত থাকতে পারে। কোনো একদিন ঘুম ভেঙে আবার জেগে উঠবে। কোনো একদিন। হয়তো অন্যরূপে।

দ্য প্লেগ মূলত একটি এলিগোরি। রূপক উপন্যাস। দ্বিতীয় মহাযুদ্ধকালে জার্মানির ভয়াবহ নাৎসী বাহিনীই মূলত এই উপন্যাসের প্লেগ। অপ্রত্যাশিত নিষ্ঠুরতা, ভয় ও সহিংসতার বিরুদ্ধে ব্যক্তি মানুষের আচরণ নিয়ে খেলা হয়েছে এই গল্পে। মন্দ, মৃত্যু আর ভয়ের সঙ্গে মানুষের সম্পর্কের এক চিরকালীন বিবরণ দিয়েছেন কাম্যু। দ্য প্লেগ পৃথিবীর শ্রেষ্ঠ অস্তিত্ববাদী গ্রন্হ। আলবেয়ার কাম্যু নোবেল পেয়েছিলেন। ৪৭ বছর বয়সে প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় মারা যান। তাঁর মৃত্যুর ঠিক ষাট বছর পর আঘাত হানলো কোভিড-১৯। সমগ্র পৃথিবী আজ ওরাঁ।


বাইরে তাকালে ওরাঁ শহরের সঙ্গে দেখা হয়ে যায়। পথেঘাটে মৃত মানুষের স্তুপ নাই সত্য কিন্তু মনে হয় চারদিকে ওঁত পেতে আছে মৃত্যু। মানুষের মধ্যে আতংক ও অবিশ্বাস। বদলে যাচ্ছে আচরণ। দয়াহীনতা, স্বার্থপরতা আর অস্তিত্বের সংগ্রামে ধীরে ধীরে উদ্ভাসিত হচ্ছে। এই পরিস্হিতি কয়েক মাস স্হায়ী হলে বোধশূন্য হয়ে যাবে মানুষ। করোনা হয়তো থাকবে না, কিন্তু মানুষের ভেতর থেকে জেগে ওঠা এই নতুন মানুষ অনেকদিন থেকে যাবে সমাজে। অবিশ্বাস, দাঙ্গা, কোলাহল আর পরস্পরকে দোষারোপের এক নতুন ভাইরাস বাসা বাঁধতে পারে রন্ধ্রে রন্ধ্রে, ব্যক্তিগত পর্যায়ে থেকে রাষ্ট্রীয় পর্যায়ে। ঘটে যেতে পারে গৃহযুদ্ধ থেকে বিশ্বযুদ্ধ। ব্লেইম ওয়ার তো ইতোমধ্যে শুরু হয়ে গেছে। করোনা তার আঘাত রেখে যাবে শেষতক। পৃথিবী নিঃস্ব ও ভিখিরি হয়ে যাওয়া পর্যন্ত।

আমার মহল্লায় সন্ধ্যা নেমেছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে হঠাৎ। বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বসন্তের বাতাস বইছে। গাছে গাছে নতুন পাতার জন্ম হচ্ছে। নতুন ফোটা ফুল থেকে ছড়াচ্ছে পরাগ। পরাগে আমার অস্বস্তি। পোলেন এলার্জি। সুইডেনে আসার পর থেকেই এই অদ্ভুত রোগটির সঙ্গে আমার বন্ধুত্ব। ঘরে ঢুকে যেতে হবে এখনই। উল্টো দিকের জানালার মেয়েটি কখন এসে মোম জ্বেলে বসে আছে খেয়াল করিনি। আজ ওর হাতে একটি গিটার। মেয়েটি কি জানে সারা পৃথিবী আজ ওর মতো নিস্তব্ধ আর একা? মেয়েটি কি সেই নিস্তব্ধতা ভাঙার জন্যই গিটারের তারে আওয়াজ তুলছে এখন? আমি কিছুই শুনছি না, শুধু মোমের আলোয় চোখ বন্ধ করা একটি ধ্যানমগ্ন অবয়বকে দুলতে দেখি। আমি চোখ বন্ধ করলাম। তারপর জোরে নিঃশ্বাস নিয়ে বিড়বিড় করে উচ্চারণ করলাম, আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাছি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সায়্যিয়িল আসক্বাম। হে আল্লাহ, দূরারোগ্য ব্যাধি থেকে আপনার আশ্রয় চাই। পৃথিবীবাসীকে বাঁচান।