নোবেলজয়ী পেটার হান্ডকে: গ্যোয়েটে-র ঘর হত মাঝে মাঝে নারীদের স্তনের ওপর
সম্পাদকীয় : পেটার হান্ডকে
এ বছরের সাহিত্যে নোবেল পুরষ্কার যিনি পেলেন তিনি অস্ট্রিয়ার পেটার হান্ডকে (Peter Handke: জ. ১৯৪২)৷ এই সাক্ষাৎকারটির মধ্যে পাঠক তাঁর বিশিষ্টতার দিকচিহ্নগুলি ধরতে পারবেন৷ তাঁর পঠন পাঠনের বিশ্ব, তাঁর জ্ঞান ও অভিজ্ঞতার একটা দিগন্ত আমাদের কাছে প্রকাশিত হবে৷
সাহিত্যে নোবেল পাবার পর অনেকে অভিযোগ করেছেন, বসনিয়ার যুদ্ধে সার্বিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট স্লোভোদান মিলোসোভিচের নেতৃত্বে সার্ব বাহিনী ১৯৯৫ সালের ১১ থেকে ২২ জুলাই পর্যন্ত বসনিয়া-হার্জেগোভিনায় আট হাজারের বেশি মুসলমান পুরুষ ও ছেলেশিশু হত্যা করে। নারীদের বন্দিশিবিরে রেখে ধর্ষণ করা হয়। এ বিষয়ে পেটার হান্ডকে-র একটি নেতিবাচক সহযোগিতা ছিল৷ তিনি ছিলেন 'বলকান কসাই' নামে কুখ্যাত সার্ব নেতা স্লোভোদান মিলোসোভিচের ঘনিষ্ঠ লোক৷ যুগোস্লাভিয়া ভেঙে চুরমার হয়ে যাবার পর ছয়টি ফেডারেল রিপাব্লিক আলাদা হয়ে ছয়টি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়৷ এর মধ্যে ছিলো বসনিয়া-হার্জেগোভিনা, সার্বিয়া, ক্রোয়েশিয়া, ম্যসিডোনিয়া, মন্টেনেগ্রো ও স্লোভেনিয়া। এগুলি পাঠকের অবশ্যই জানা, সেইজন্য তার বিস্তৃত ইতিহাস আমরা দেইনি৷
এছাড়াও খুব ছোটখাটো কিছু বিষয় প্রাসঙ্গিকতার নিরিখে অনেকেরই অচেনা মনে হতে হতে পারে৷ যদি প্রয়োজন হয় তাহলে পাঠক অবশ্যই ইন্টারনেট থেকে সব জেনে নিতে পারবেন৷ যেজন্য নামগুলির পর বন্ধনী বসিয়ে মূল ভাষার বানান ও মানুষের জন্ম মৃত্যু দেওয়া হয়েছে৷
এই সাক্ষাৎকারটি জার্মান ভাষায় গ্রহণ করেছিলেন ইয়ান ৎসে. বেমান (Jan C. Behmann) এবং ম্লাদেন গ্লাদিক (Mladen Gladić)। এটি প্রকাশিত হয়েছিল বার্লিনের Der Freitag নামক সাপ্তাহিক কাগজে, ২৩ আগস্ট ২০১৮-র সংখ্যায়৷ সাক্ষাৎকারটি মূল জার্মান ভাষা থেকে অনুবাদ করেছেন প্রাবন্ধিক গবেষক দেবব্রত চক্রবর্তী৷ মূল পত্রিকায় ভূমিকাসহ পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি বিডি আর্টস-এর পাঠকদের জন্য এখানে উপস্থাপিত হলো। বি.স.
জার্মান থেকে বাংলা তর্জমা: দেবব্রত চক্রবর্তী
পেটার হান্ডকে-কে কে যেন তাড়িয়ে নিয়ে বেড়ায় আফ্রিকায়। কি করেন তিনি সেখানে? সাবেক যুগোস্লাভিয়াতে তো মাঝে মাঝেই যান তিনি| অনেকে অবাক হয়ে যায়, এমন মানুষও আছে? প্যারিস থেকে শাভিল আসতে রিজিওনাল ট্রেন ধরতে হয়৷ পর্যটকরা তো আরও এগিয়ে ভার্সেইলি পর্যন্ত চলে যান৷ স্টেশনটা একেবারে খাঁ খাঁ করছে, মানুষজন নেই, কাউন্টার বন্ধ৷ পাঁচ মিনিট হাঁটলেই পেটার হান্ডকে-র বাড়ি, বাড়িটা একটা হাইওয়ের ধারের সরু গলিতে, একটু পিছিয়ে৷ লেখক (৭৫) বাইরে ব'সে আছেন, বাগানের দরজার ঘন্টা বাজানোর আগেই লক্ষ করেছেন আমাদের৷ গাছের নিচে কফি, ভাজাভুজি রান্না করার প্যান-টা একটা গাছে ঝুলছে, আমাদের সামনেকার টেবিলে কলম, পালক, জলে ভিজে নষ্ট হওয়া বই৷ হান্ডকে একটা বই পড়ছিলেন, তার গল্প বলতে লাগলেন, সার্বিয়ান লেখক দ্রাগোস্লাভ মিহাইলোভিচ(Dragoslav Mihailović জন্ম ১৯৩০)-এর লেখা, এ বছর লাইপৎসিগ—এর লিটারাটুর ফেয়ারলাগ থেকে বেরিয়েছে৷ মিহাইলোভিচ আড্রিয়াটিক দ্বীপ গোলি ওটোক-এর জেলে দু বছর বন্দী ছিলেন। ১৯৪৯ থেকেই সেখানে মার্শাল টিটো-জমানার কুখ্যাত মগজধোলাই শিবির অপ্রতিহত গতিতে চলছিল৷
পায়ে হেঁটে একটু এগিয়ে গেলেই বনের ধার ঘেঁষে এক দিঘির ধারে ছোট্ট একটা রেস্তরাঁ৷ মাত্র কয়েক মিনিট লাগে যেতে৷ হাঁটতে হাঁটতেই আলের ধারে গা তুলে থাকা স্ট্রবেরি ছিঁড়ে আমাদের হাতে দিলেন, বললেন যে-রেস্তরাঁ-র পাশ দিয়ে আমরা যাচ্ছি সেটা পর্তুগীজ-রা চালায়৷ যেতেই রেস্তরাঁ-র মালিক অভ্যর্থনা করলেন বিশিষ্ট মানুষটিকে৷ শেষ পর্যন্ত সেদিন আমাদের পাঁচ পাঁচটা ঘন্টা কেটে গেল মানুষটির সঙ্গে৷
ডেয়ার ফ্রাইটাগ: পাঠকেরা কি মাঝে মাঝে আপনার বাগানে এসে ঘন্টা বাজায়?
পেটার: হ্যাঁ, বছরে দু তিনদিন তো আসেই ওরকম৷
ডেয়ার ফ্রাইটাগ: আপনার কিরকম লাগে?
পেটার: বেশ বন্ধুর মত৷ আামি বলব এ তো ভালই৷ ভালই, যে ওরা ভাল মনে সব আমার কাছে আসে৷ কে যেন বলেছিল, শিল্প এই ভাল মনে করাকরির ওপারে৷ আমার মনে হয় সেও ভাল মনেই কথাটা বলেছিল৷ ভাবলে খুশি হই৷ মিনিট পাঁচেক পরেই বলে উঠি, "আসুন, সাবধানে যাবেন৷"
ডেয়ার ফ্রাইটাগ: ওরা কি বলে?
পেটার: ওরা অবাক হয়ে যায়, এমন মানুষও আছে? মানে আমার মত মানুষও দুনিয়ায় মেলে?
ডেয়ার ফ্রাইটাগ: ওরা কি মানুষটার সঙ্গ চায়, নাকি লেখকের?
পেটার: একটা লেখক তো একজন মানুষ, নাকি? তবে লেখক যে ক্ষতিকর নন, তা নয়, তিনি একটি দানব অবিশ্যি। তবে কিনা ভাল অর্থে৷
ডেয়ার ফ্রাইটাগ: দৈবানুগ্রহের কথা বলছেন?
পেটার: এটা আমার কথা বলছি না৷ আমি তো খোদ দাঁড়িয়েই, না না। গেড়ে ব'সে রয়েছি এই দানবীয়তার ওপর৷
ডেয়ার ফ্রাইটাগ: আপনি যখন থাকবেন না, তখন এই বাড়িটার কি হবে?
পেটার: মালিক হওয়া খুব বিপজ্জনক, মানুষের তো দাবি থাকে তার ওপর, ন্ না? এই যে আমি আমার জমিজিরেত আর মেঝেটুকু ঠেকিয়ে রাখতে চেষ্টা করব, সেটাও তো খুব স্বাভাবিক! কারণ এ বাড়িতে কোনও কর-উপদেষ্টা বাস করুক, এ আমি চাই না৷ কি জানি হয়তো সেই লোকটাই একদিন আমার বাড়িতে এসে বাস করবে, কিন্তু তখন আর আমার কিছুই করবার থাকবে না৷
ডেয়ার ফ্রাইটাগ: রোগার ভিলেমসেন (Roger Wilemsen:১৯৫৫-২০১৬)-এর বাড়িতে কিন্তু এখন জলপানি দেবার ব্যবস্থা হয়েছে৷ আগত-রা লেখালেখির কাজ করতে পারেন ওখানে৷ ভাবতে পারেন ব্যাপারটা?
পেটার: না, আমার বাড়িতে শুধু আমিই লিখব৷ নবজাতকরা সব লিখবে অন্য জায়গায়৷ বাইরে, খোলা জায়গায়, নয়তো মায়ের কাছে ব'সে৷
ডেয়ার ফ্রাইটাগ: এটা কিরকম ব্যাপার যে ছেলেমেয়েরা বড় হয়ে গেলে তখন কেউ আর তাদের চিনতে পারে না?
পেটার: এটা একটা জঘন্য ব্যাপার৷
ডেয়ার ফ্রাইটাগ: এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি?
পেটার: তাদের উচিত অন্য কোথাও সাঁতার কাটা৷ আমার এখানে এসে ঘন্টা বাজানো উচিত নয় তাদের৷ আমার কাছে তাদের পাবার কিছু নেই৷ নিজেকেই দুটো ভাগে বিভক্ত ক'রে নিতে হয়৷ এটা মানুষের উচিত৷ ইবসেন হলে একটা চমৎকার নাটক লিখতে পারতেন৷
ডেয়ার ফ্রাইটাগ: এরকম দ্বৈধ নিয়ে কোনও টেক্সট আছে?
পেটার: লিখতে চাইলে নাটক লেখাটাই ভাল৷ যাদের মনে প্রেম আছে, তারা বাবা হিসাবে, মা ও শিশু হিসাবে মনে একটুও অপরাধবোধ না রেখে যেন নিজেদের বিচ্ছিন্ন ক'রে রাখে!
ডেয়ার ফ্রাইটাগ: কোনও বিদ্রোহ না ক'রেই?
পেটার: হ্যাঁ, যেমন ম্যাক্সিম গোর্কি-র একটা উপন্যাসে, শেষে ছায়ার সঙ্গে কুস্তি করবার মত অবস্থা হয়৷
ডেয়ার ফ্রাইটাগ: কেন, ওর মধ্যে কোনও সারবস্তু নেই ব'লে?
পেটার: এটাই হেঁয়ালি (Aporia)৷ আর কোনও পথ নেই৷ সবাই ভাবে কত বড় ব্যাপার এটা জীবনে৷ তা কোথায় থাকে সেই বড় বড় ব্যাপার?
ডেয়ার ফ্রাইটাগ: বেশীর ভাগ লোকেরই চেষ্টা করা উচিত এসব বোঝবার৷
পেটার: ঠিক কথা৷ ও বিষয়ে বিশেষজ্ঞরা নিশ্চয় আছেন, আবার ফাঁক ফোকরও আছে৷ ঠিক৷
ডেয়ার ফ্রাইটাগ: কেন, তাতে সুবিধা?
পেটার: তা তো বটেই৷ সব কিছুরই একটা এলাকাভিত্তিক বাজার আছে, তাই না? হ্যাঁ, সুবিধা তো আছেই, তবে এমনি এমনি কাজে আসে না, বিষয়ের মধ্যে গিয়ে ঢুকতে হয়৷ সেইজন্যেই তো কেউ একজন লেখক৷ বিষয়টার ভেতরে ঢুকে যাও, যা আসছে আসতে দাও, ব্যাখ্যার দরকার নেই, কোনও যুক্তি তক্কো দেখিয়ে কাজ নেই৷ তবে তাতেও যে কিছু হয়, তা না৷ কোন্ জিনিসটা যন্ত্রণা নিয়ে আসে? সে নিজের প্রতিই নিজের ঘৃণা, বা নিজের প্রতি নিজের রাগ৷
ডেয়ার ফ্রাইটাগ: রাগ ও ঘৃণা কি দুই পৃথক বস্তু?
পেটার: রাগ ভাল৷ রাগ ভালবাসারই প্রকাশ৷ রাগ একটা আকৃতি৷ ঘৃণার কোনও আকৃতি নেই৷ ষ্পিনোৎসা (Baruch Spinoza:১৬৩২-১৬৭৭) থাকলে এদিক ওদিক ভাল ক'রে বুঝিয়ে দিতেন৷ নাহ্ রাগ সত্যিই একটা চমৎকার জিনিস৷
ডেয়ার ফ্রাইটাগ: তাহলে কি এই বাড়িতেই থেকে যেতে চাইছেন?
পেটার: এই একটা উভয় সঙ্কট৷ মাঝে মাঝে ভাবি, বাড়িটা বিক্রী ক'রে দেব৷ দিয়ে তিরিশ বছর আগেকার সেই যাযাবর বৃত্তি নেব৷ মাঝে মাঝে আ্ফ্রিকা আমাকে খুব টানে৷ কিন্তু সেটার কোনও মানে হয় না এখন৷ ওখানে এখন আমি যেন একটা নতুন মানুষ৷ আরে, এই বাড়ি খালি ক'রে দেওয়াটা কি চাট্টিখানি কথা? কিভাবে বইগুলো সব প'ড়ে আছে, ফটোগুলো প'ড়ে আছে, ফেলে দেবার মত ক্যামেরাও প'ড়ে আছে৷ আমার শিল্পী বন্ধুদের ছবিগুলো তো আবার টাঙানো নেই, প'ড়ে আছে সব মেঝেতে৷
ডেয়ার ফ্রাইটাগ: শহরে থাকতে চান না?
পেটার: কোনওদিন না৷ ওই কোলাহলের মধ্যে, মাপ করবেন, একদম না৷ গোলমাল সহ্য করতে পারি না আমি৷ যারা পারে তাদের আমি মানুষ ব'লে মনে করি না৷
ডেয়ার ফ্রাইটাগ: তবু প্যারিসে যেতে বুঝি ভাল লাগে?
পেটার: হ্যাঁ, প্যারিস তো শহরের মধ্যে জাঁহাবাজ একটা শহর৷
ডেয়ার ফ্রাইটাগ: আপনার কি কোনও প্রিয় জায়গা আছে সেখানে?
পেটার: হ্যাঁ, ১৫ নম্বর আরোঁদিসমঁ আর পঁ মিরাবো৷ অ্যাপোলোনিয়ার-এর একটা সুন্দর কবিতা আছে না, "মিরাবো সেতুর নিচে সেন নদী বয়ে যায়" (Sous le pont Mirabeau coule la Seine) আর "আমাদের ভালবাসা সেও"( et nos amours)৷ আমি ওখানে চলে যাই, গা লাগিয়ে দিই, এদিক ওদিক ঘুরি৷
ডেয়ার ফ্রাইটাগ: খোয়ারি-র মত?
পেটার: না না৷ রোলফ ডিটার ব্রিংকমান-এর ভাষায় "কে যেন টোকা মারে৷" তার আকারটাও কেমন একটা খটখট খটখট৷ থলথলে চেহারা, দানবের মত৷ লীরিক-এর অরসন ওয়েলস৷ মাঝে মাঝে ভাবি, "তোর বাপু কপি রাইটার হওয়া উচিত ছিল৷"
ডেয়ার ফ্রাইটাগ: কাগজ পড়েন এখনও?
পেটার: না, শুধু আঞ্চলিক কাগজ দেখি, যেমন পারিসিয়ঁ আর লেকুইপ৷ শেষেরটা খেলার কাগজ৷
ডেয়ার ফ্রাইটাগ: টেলিভিসন বা রেডিও?
পেটার: না৷ তবে কখনও কখনও, খেলা থাকলে৷ তাও একলা কখনও দেখি না৷ আমার একটা টেলিভিসন আছে, পাঁচ বছর হল সেটা খারাপ হয়ে প'ড়ে আছে৷ বাহাদুরি না৷ কোনও বিশেষ ভাবাদর্শের ব্যাপার নেই৷
ডেয়ার ফ্রাইটাগ: খবরের কাগজ পড়েন না কেন?
পেটার: আমি তো খবরের কাগজের নেশাড়ু ছিলাম! ভয়ঙ্কর! এখন আার নেই৷ পাতা ওলটালে মন খারাপ হয়ে যায়৷ শরীর খারাপ করে৷
ডেয়ার ফ্রাইটাগ: এটা কি এইজন্য যে মিডিয়া আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল?
পেটার: এটার জন্যে আপনি একজন মনোবিজ্ঞানীকে জিজ্ঞেস করুন৷ আমার নিজের মনোবিজ্ঞান আমাকে বরং বলে, "না৷"
ডেয়ার ফ্রাইটাগ: সে মনোবিজ্ঞান কি আপনাকে নিয়ে খুশি?
পেটার: সবসময় না৷
ডেয়ার ফ্রাইটাগ: মনোবিজ্ঞানে কি আগ্রহ আছে আপনার?
পেটার: খেলার মত আমোদ আছে ওতে৷ ঠিকুজী কুষ্ঠির মত৷ পারিসিয়ঁ কাগজে আবহাওয়ার খবরের পিছনে রাশিচক্র থাকে৷ আমার মধ্যে "নীতি ব্যাপারটা সবসময় দোলাচল৷"
ডেয়ার ফ্রাইটাগ: রাজনীতিতে আপনার আর আগ্রহ নেই?
পেটার: রাজনীতিতে সত্যি সত্যি কোনওদিনই আমার আগ্রহ নেই, কাঁচা লোক৷ অস্ট্রিয়াতে কি ঘটছে, খবরই রাখি না আমি৷
ডেয়ার ফ্রাইটাগ: জার্মানির খবর?
পেটার: একটু বেশী রাখি৷
"অন্য মানুষকে ছিন্নমূল করার মত অপরাধ সবচেয়ে জঘন্য অপরাধ"
ডেয়ার ফ্রাইটাগ: অস্ট্রিয়ার চ্যান্সেলর তো খুব তরুণ৷
পেটার: হ্যাঁ, তার মুখখানা ঠিক মুখোশের মত৷ সেটা বাচ্চারা আাবার পরেও, পরলে দেখায় ঠিক ব্যাংক-ডাকাতের মত৷
ডেয়ার ফ্রাইটাগ: ফ্রান্স কি আাপনার স্বদেশ?
পেটার: না, তাও না৷ মানুষের কোথাও কোনও ঘর নেই৷ গ্যোয়েটে-র ঘর হত মাঝে মাঝে নারীদের স্তনের ওপর৷ না হওয়ার কি আছে, মুহূর্ত কয়েকের জন্যে তো! স্বদেশ শব্দটার প্রয়োগ খাটে না ঠিক কোথাও৷
ডেয়ার ফ্রাইটাগ: কেন?
পেটার: ব্যাপারটা ব্যাকরণ সম্পর্কিত৷ একটা মানুষের একটা বিস্ময়চিহ্ন থাকতে পারে, "ওহ্ এই দেখো, এই যে আমার স্বদেশ!" কিন্তু স্বদেশ নিয়ে একটা ভাবাদর্শ তৈরি করা বোধ হয় সবচেয়ে জঘন্য৷ অস্ট্রিয়াতে আমার এই অভিজ্ঞতা ছোটবেলা থেকে৷ স্বদেশ সম্পর্কে ভাবাদর্শটা হল নাৎসীতন্ত্রের একটা অংশের মত৷ "অ্যাই, স্বদেশ কাকে বলে তুই বুঝিস না, যাঃ"–এইরকম চাপ দিয়ে "ব্ল্যাকমেলিং" করা৷
ডেয়ার ফ্রাইটাগ: পলাতকের মত?
পেটার: হ্যাঁ৷ ফরাসী দার্শনিক সিমোন ভাইল(Simone Weil :১৯০৯-১৯৪৩)বলেছেন, অন্য মানুষকে ছিন্নমূল করার মত অপরাধ সবচেয়ে জঘন্য অপরাধ৷ কিন্তু নিজেকে ছিন্নমূল করা, এটা একটা অর্জন৷ মাঝে মাঝে আমার নিজেরও কতকগুলো বায়বীয় মূল দেখতে পাই৷ আবার কতকগুলো মর্ত্যের মূলও বটে, কিন্তু সেসব চোখের বা মনের ভুল৷
ডেয়ার ফ্রাইটাগ: বোঝেন যে স্বদেশ হারানোর আতঙ্ক মানুষের মধ্যে খুব কাজ করে?
পেটার: হ্যাঁ৷ জমিটা তারা হারায়৷ মানুষ তো তার জায়গা নিয়েই বেঁচে থাকে? মাঝে মাঝে দেখি শহরতলীতে কিছু ফরাসী বাস করছে, যেখানে স্রেফ কিছু আরবরাই বাস করে৷ তাদের নিয়ে বামপন্থী কাগজগুলো সব মজা করে আর বলে "ওগুলো সব লে-পেন দলের (ইউরোপীয় ইউনিয়নের একটা দূর-ডানপন্থী দল) লোক৷"
ডেয়ার ফ্রাইটাগ: ওরা কি সব লে-পেন দলের লোক নয়?
পেটার: না৷ কথাটা হল জায়গা নিয়ে, যে-জায়গায় আপনি থাকেন, যেখানে কাজ করেন, যেখানে আপনি আপনার ছেলেবেলা কাটিয়েছেন৷ স্বাভাবিকভাবেই জায়গাটা একটা বাঁশির ফুঁয়ে আপনার কাছ থেকে উড়ে গেল–বাঁশির আওয়াজও আর কখনও আপনার ভাল লাগবে না, তাই না? ওটা তখন আপনাকে ধাক্কা মারবে৷ লোকগুলোকে আমি ঠিক বুঝি না বটে, কিন্তু সহমর্মী আমি ওদের বটেই৷
ডেয়ার ফ্রাইটাগ: আপনার অনুভূতিটা কি?
পেটার: পিতৃভূমিই বলুন আর মাতৃভূমিই বলুন, যাকে ঘিরে রাগ আর হতাশা থাকে, সে দুটি তখন লোপ পেয়ে যায়৷ ফরাসী ভাষায় স্বদেশের কোনও প্রতিশব্দ নেই৷ সবই হল জায়গা৷ একটা কবিতায় গ্যোয়েটে বলেছেন–বড় সাংঘাতিক লীরিক-কবি ছিলেন তিনি–প্রেম দিয়ে একটা স্থানমাত্রা (space)-কে একটা জায়গায় (place) পরিণত করা যায়৷ এ শুধু অভ্যাসের নিরিখে নয়, ভালবাসার দিক থেকেও৷ আজকের বড় নাটক এটাই৷ আসলে একজন নাট্যকারকে এমন একজন মানুষকে নিয়ে নাটক লিখতে হবে যে তার বাগানটা হাতছাড়া হয়ে গেছে ব'লে ক্ষিপ্ত হয়ে উঠেছে৷ অবশ্য বাগানই যে হতে হবে শুধু তা নয়৷
ডেয়ার ফ্রাইটাগ: জার্মানিতে বোধ হয় এই লোকটাকে বলা হবে নাৎসী৷
পেটার: ঠিক৷ এইভাবেই হয়তো ব্যাপারটাকে দেখানো হবে৷ কিন্তু নাট্যকার যদি খাঁটি নাট্যকার হন, যদি তিনি প্রকৃত অনুভব করতে পারেন সত্যিকারের ন্যায়টা কি, তাহলে আর লোকে দ্বিরুক্তি করবে না৷ শুধু ওপর ওপর একটা মন্তব্য করবার জন্যে তো পথেঘাটে লোক পাওয়া যায়৷ এরাই সংখ্যায় বেশী৷
ডেয়ার ফ্রাইটাগ: জার্মানিতে এখন লোকের একটা আতঙ্ক শুরু হয়েছে, দেশহীন যে সব মানুষকে তারা আশ্রয় দিয়েছে, তারাই একদিন তাদের জায়গা কেড়ে নেবে৷
পেটার: আমাকে ও জালে জড়াবেন না৷ আমি ওর মধ্যে ঢুকতে চাই না৷ আসলে কয়েকজন ফরাসী মানুষের প্রতি আমার সমবেদনা আছে, যারা মূলত ব্যক্তিবিশেষ, কিন্তু একঘরে হয়ে যাবার ভয়ে একটা দলের আশ্রয় খোঁজেন, যদিও সেই দলের কর্মকাণ্ডের সঙ্গে তিনি একেবারেই সহমত নন৷ ফ্রন্ট ন্যাশনাল-এর অনেকেই, কিংবা তাকে তিনি এখন যাই বলুন না কেন, দলের সঙ্গে তাঁদের মোটে সংশ্রব নেই, কিন্তু প্রতিবাদ জানাবার জন্যে তারা তাঁদের ভোট দেন৷
ডেয়ার ফ্রাইটাগ: অনেকে তো AfD(Alternative für Deutschland, AfD)-কে নির্বাচন করেন৷
পেটার: সেটা আপনারা জেনে নেবেন৷ আমি বলব, আমার সামনে অন্তত কারও উপস্থিতি বাঞ্ছনীয়৷
ডেয়ার ফ্রাইটাগ: তারপর?
পেটার: এটা পূর্বপরিকল্পিতের মত মঞ্চে তোলা ঠিক হবে না৷ হঠাৎ-পাওয়ার মত হতে হবে, কোথাও গিয়ে হয়তো নামব আমি, কোনও পাব-এ, ধরা যাক পূর্ব জার্মানিতে, তারপর আমি স্বতস্ফূর্ত হয়ে শুনব– ঠিক এখনই বলতে পারছি না কি–হয়তো তখন আমি ব্যাপারটা অনুভব করতে পারব৷
ডেয়ার ফ্রাইটাগ: এই ঘৃণাটা আসে কোথা থেকে?
পেটার: ঘৃণা তো জীবনের একটা চিহ্ন৷
ডেয়ার ফ্রাইটাগ: ট্রাফিক জ্যাম-এ দাঁড়িয়ে থাকতে হলে কেমন লাগে?
পেটার: ওটা ঘৃণা নয়৷ ওটা একটা বিতৃষ্ণা গোছের৷ ঘৃণা ঘৃণাই৷ একটা বিরল অভিজ্ঞতা৷ বিতৃষ্ণাটা হয়তো জানেন আপনি৷ একটা অপ্রীতিকর অনুভূতি৷
ডেয়ার ফ্রাইটাগ: সাম্প্রতিক কালে ফ্রান্সে একটা দাবি উঠেছে কোরান-এর হিংসাত্মক অনুচ্ছেদগুলি বাদ দিতে হবে৷
পেটার: কিন্তু কোরানের ব্যাপারটা তো ঠিক ওল্ড টেস্টামেন্ট-এর মত: ভয়ানক, দুর্দান্ত সব ঘটনার মিশাল৷ ইহুদীদের জাতীয়তাবাদের ব্যাপারটাও পরিষ্কার৷ তাহলে তো ওল্ড টেস্টামেন্ট-ও সব শোধন করতে হয়! সেখানে ইহুদীদেরই জয় জয়কার৷ তাই না–নাকি অন্য কিছু?
ডেয়ার ফ্রাইটাগ: আপনি কি ঈশ্বরবিশ্বাসী? এবং পূজার্চনার কৃত্য করেন?
পেটার: হ্যাঁ হ্যাঁ, আমি নিয়মিত ঈশ্বর আরাধনা করি৷
ডেয়ার ফ্রাইটাগ: আপনি কি ক্যাথলিক?
পেটার: আমি ঈশ্বর আরাধনার কৃত্যে বিশ্বাস করি৷ কিন্তু যখন কনফেশনাল ফেইথ-এর কথা আসে, তখন আর আমি নেই৷
ডেয়ার ফ্রাইটাগ: তখন আপনি কিসে বিশ্বাস করেন?
পেটার: এটা একটা অদ্ভূত রকম৷ প্রতিটি অণু পরমাণু আমার সঙ্গে চলে৷
ডেয়ার ফ্রাইটাগ: একটা কোনও সম্প্রদায় গড়ে উঠেছে?
পেটার: অবশ্যই৷ আমরা এখানে কালোদের সঙ্গে মেলায় যাই৷ একটা সরল আনন্দের ব্যাপার আর কি৷ "অ্যাটম" জেগে ওঠে৷
"পুলিশেরা ঠিক মহিলাদের মত৷ ওদের যখন দরকার, তখন আপনি ওদের হাতের কাছে পাবেন না, আবার ওদের যখন চাই না, তখন ওরা আপনার পাশে ঘুরঘুর করছে৷"
ডেয়ার ফ্রাইটাগ: এর মধ্যে কোনও ধর্মীয় আচার বা পদ্ধতি মানা হয়?
পেটার: না৷ মানুষ যা, তার সবটুকুই ওর মধ্যে সরলভাবে আছে৷ লোকে জানে না পর মুহূর্তে কি হবে, কিন্তু এই মুহূর্তে যা চলছে তা ঠিকই আছে৷ আমার "ফলচোর মেয়েটি" (Die Obstdiebin oder Einfache Fahrt ins Landesinnere, :২০১৭) বইতে খোলা আকাশের নিচে একটা মেলার কথা আছে৷ সেখানে আছে শতবর্ষী মানুষের দল, একজন যুবতীও এসেছে সেখানে, আর শতায়ুরা এত মেতে আছে, যে একজন আর একজনের পাছায় আনন্দে চাপড় মারছে, মহিলারা পুরুষদের পিছনে চপেটাঘাত করছে৷ কিন্তু তিন ঘন্টা পর একটা কুকুর গাড়িতে ক'রে গ্রামের রাস্তায় ছুটে গিয়ে অনেক মানুষকে হত্যা করল৷
ডেয়ার ফ্রাইটাগ: সন্ত্রাসবাদীরা এমন গাড়িতে ক'রেই সবসময় আক্রমণ করে, এমন কি এখানেও৷
পেটার: যাবেন কোথায়? এইরকমই সব৷ লোকে ভোলে না৷ কিন্তু সারা দিন ধ'রে তো আর এই নিয়ে চিন্তা করলে চলে না!
ডেয়ার ফ্রাইটাগ: পুলিশের ভূমিকাটা কি মনে হয় আপনার?
পেটার: ভাল না৷
ডেয়ার ফ্রাইটাগ: পুলিশকে ভয় পান?
পেটার: না, তবে আমি ওদের পছন্দ করি না৷ দূর থেকে ভালই লাগে৷ সবমসয়ই বলি, পুলিশেরা ঠিক মহিলাদের মত৷ ওদের যখন দরকার, তখন আপনি ওদের হাতের কাছে পাবেন না, আবার ওদের যখন চাই না, তখন ওরা আপনার পাশে ঘুরঘুর করছে৷
ডেয়ার ফ্রাইটাগ: জরুরী অবস্থা তো বলতে গেলে মানুষের প্রতি মুহূর্তেই৷
পেটার: ঠিকই তো তাই৷ যাচ্ছেতাই অবস্থা৷
ডেয়ার ফ্রাইটাগ: সংগঠিত রাষ্ট্রীয় হিংসার চিহ্নটা প্যারিসে খুব দেখা যায়৷
পেটার: ঠিকই বলেছেন৷ এটাই দস্তুর৷ কিন্তু আজ পর্যন্ত এমন কিছু ঘটল না যে তা আটকানো গেছে৷ একটা পুলিশও ফ্রান্সে একটা হত্যাকাণ্ড আটকাতে পারেনি৷
ডেয়ার ফ্রাইটাগ: এর মধ্যে কোনও বিপদের সন্ধান পান?
পেটার: বিপদ তো দিন দিন বাড়ছে৷
ডেয়ার ফ্রাইটাগ: বিপদটা আসছে কোত্থেকে?
পেটার: বিপদটা আমার না৷ আমি ভাবি আমার হয়তো সে সাহস আছে, কারণ বিপদ যদি… কখনও সখনো মেট্রোতে থাকলে অনেকে আমার দিকে যখন তেমন চোখে তাকায়…
ডেয়ার ফ্রাইটাগ: কখনও আক্রান্ত হয়েছেন?
পেটার: না না, তা হইনি কখনও৷
ডেয়ার ফ্রাইটাগ: শরীরের কাছাকাছি আসতে বুঝি অস্বস্তি লাগে?
পেটার: হ্যাঁ, হ্যাঁ, বোর্ডিং স্কুলের সময় থেকেই৷
ডেয়ার ফ্রাইটাগ: মানে?
পেটার: বোর্ডিং স্কুলে আমার কোনও শারীরিক বা ওই জাতীয় অভিজ্ঞতা হয়নি৷ আমি একটু নির্বোধ মত ছিলাম, সবসময় অন্যমনস্ক থাকতাম৷ সহপাঠীরা সবাই বলাবলি করত রান্নাঘরের মেয়েদের কথা, নিজেদের মধ্যে তারা কি সব কাণ্ড করছে না করছে৷ আমি কিছু বুঝতাম না৷
ডেয়ার ফ্রাইটাগ: খুব সরল ছিলেন আপনি?
পেটার: বোধ হয় তাই, শিশুও তো একেবারে! জানেনই তো আমরা বার্লিন থেকে এসেছিলাম, দু বছর পর্যন্ত কেয়ার্নটেন-এ ছিলাম, তারপর যুদ্ধ-পরবর্তী কালে আবার বার্লিনে–একবার এদিক, একবার ওদিক–তারপর গ্রামে ঠাকুর্দার ওখানে চলে গেলাম, তারপর বোর্ডিং স্কুলে–জায়গা বদল করতে করতে নাজেহাল হয়ে পড়েছিলাম৷
ডেয়ার ফ্রাইটাগ: ঠিক কি হয়েছিল?
পেটার: বোর্ডিং স্কুলে? আমি হাত পা ছড়িয়ে চিৎকার করতাম৷ শুধু মায়ের জন্যই যে তা নয়, ওই জায়গাটার জন্যেও৷ বাড়ির জন্য আমার প্রচণ্ড মন কেমন করত৷
ডেয়ার ফ্রাইটাগ: এখনও কি আপনার বাড়ির জন্য ওই মন কেমন করা আছে?
পেটার: নাহ্৷
"নারীরা পুরুষকে গরম ক'রে দিয়ে পরে এই অভিযোগগুলো করে"
ডেয়ার ফ্রাইটাগ: ক্রিস্টিয়ান ক্রাখট-কে চেনেন?
পেটার: হ্যাঁ মোটামুটি চিনি৷ সপ্রতিভ ছেলে৷
ডেয়ার ফ্রাইটাগ: ক্রাখট সম্প্রতি জনসমক্ষে বলেছে যে বোর্ডিং স্কুলে তাকে যৌন নির্যাতন করা হত৷ সেটা ও পরে বুঝতে পেরেছে৷
পেটার: এইসব কথা আর আমার শুনতে ইচ্ছে করে না৷ ও বলেছে যে এটা সে পরে উপলব্ধি করেছে? ওই বয়সটায় ওইরকমই হয়, তখন বোঝা যায় না৷
ডেয়ার ফ্রাইটাগ: এটা নাকি #মি-টু আলোড়নটা যখন শুরু হল তখন থেকে ও টের পেয়েছে৷
পেটার: ওহ্ আর শুনতে পারি না এই সব৷ নারীরা পুরুষকে গরম ক'রে দিয়ে পরে এই অভিযোগগুলো করে৷ নাহ্, মানে নারী নয়, নারী তো অনেক বড় পরিসরের ব্যাপার হয়ে যায়৷ ঠিক কথা, এর মধ্যে অনেকটাই ন্যায্য৷ কিন্তু অনেকেই আছে যারা এটার অপব্যবহার করে এবং ক'রেই চলেছে৷ এটা একটা কলঙ্কের ব্যাপার৷ রামাদান…
ডেয়ার ফ্রাইটাগ: ইসলামী পণ্ডিত তারেক রামাদান?
পেটার: হ্যাঁ, তারেক রামাদান৷ এখন ওকে গ্রেপ্তার করা হয়েছে৷ আমি ভাল ক'রে জানি না, এর পিছনে একটা বড় প্রতিশোধস্পৃহা আছে কিনা৷
ডেয়ার ফ্রাইটাগ: যৌনতা নিয়ে আপনি কখনও লেখেননি৷
পেটার: না, ও বিষয় নিয়ে লেখবার কিছু নেই৷
ডেয়ার ফ্রাইটাগ: কেন?
পেটার: আমার পছন্দই না৷ বাজে লাগে আমার৷ সিনেমায় দেখালে, আমি তাকাই না তখন ওদিকে৷ আমি মনে করি দর্শক ও অভিনেতাদের এসব নামিয়ে দেয় অনেকখানি৷ নিষিদ্ধ মনে করি এটাকে৷ আমি দেশের একনায়ক হ'লে বন্ধ ক'রে দিতাম এসব৷
গ্যোয়েটে-র যৌনতার যে প্রাণনা, সে তো হেনরি মিলার-এর চেয়েও খারাপ !
ডেয়ার ফ্রাইটাগ: শুচিবায়ু আছে আপনার?
পেটার: তাই কি? সে যা ভাবতে হয় ভাবুন৷ ওসব আমার নেই৷
ডেয়ার ফ্রাইটাগ: যৌন সাহিত্য তো বিরাট পরিমাণ রয়েছে৷
পেটার: হ্যাঁ, দেখুন এই মুহূর্তে আমি গ্যোয়েটের কবিতা পড়ছি, সেখানে তো প্রেমিকারা অনুক্ষণ উপস্থিত, মেয়েরা একটা যৌন উত্তেজক বিষয়৷ হেনরি মিলার (Henry Miller:১৮৯১-১৯৮০) তাঁরই উত্তরপুরুষ৷ কিন্তু হেনরি দারুণ একজন হাসিখুশি মানুষ, লেখক হিসাবেও ওইরকম৷ সেখানে গ্যোয়েটে-র যৌনতার যে প্রাণনা, সে তো হেনরি মিলার-এর চেয়েও খারাপ ! ভাবাদর্শ হিসাবে তার "লজিক"-টা কোথায়? ডাক্তার ও মনোবিজ্ঞানী ভিলহেলম রাইখ (Wilhelm Reich:১৮৯৭-১৯৫৭)-এর ভাবাদর্শ এখনও মানুষ গ্রহণ করে৷
ডেয়ার ফ্রাইটাগ: আপনি কি প্রেমে বিশ্বাসী?
পেটার: আমি একজন এপিকিউরিয়ান – আমোদপ্রিয় মানুষ, সদর্থে৷ গ্রীক দার্শনিক এপিকিউরাস বলেছিলেন, বন্ধুত্ব পৃথিবীর চারদিকে নৃত্য করছে৷ কিন্তু আমি বন্ধুত্বের চেয়ে প্রেমে আস্থা রাখি বেশী৷ বন্ধুত্বটা একটা ধাপ্পাবাজির মত৷ বন্ধু্ত্বের জন্য একটা নির্বাচন করতে হয়৷ প্রেম একজনের কাছ থেকে আর একজনের কাছে চলে যায় – আমেরিকান পপ গায়িকা কনি ফ্রান্সিস (Connie Francis : জ. ১৯৩৮) যেমন একবার একটা গানে গেয়েছেন, "ভালবাসা এক বিরল মধুর খেলা/ এক থেকে তার বহু অভিমুখে চলা/ নিয়েছে সে কম দিয়েছেই ঢের, মেলা৷"
ডেয়ার ফ্রাইটাগ: আজকের প্রজন্ম তাদের জীবনটাকে অনেক হিসাব ক'রে পরিকল্পনা করে৷
পেটার: বয়েসটা অল্প থাকলে মানুষ ভাগ্যে বিশ্বাস করে, কিন্তু ভাগ্য প্রবঞ্চনাই করে৷ আনন্দটা বরং অন্য জিনিস৷ দুই মাত্রার শব্দ (Freude=আনন্দ) এক মাত্রার শব্দের (Glück=ভাগ্য) চেয়ে বেশী সুন্দর৷
ডেয়ার ফ্রাইটাগ: কিন্তু সবাই তো একটা জায়গায় পৌঁছতে চায়৷
পেটার: অবশ্যই চায়, চাওয়াটাও সঠিক৷ আমি আনুগত্যের সপক্ষে, এক টেকসই অংশীদারে বিশ্বাসী, কিন্তু জীবনে সফল হইনি কখনও৷
ডেয়ার ফ্রাইটাগ: এটা কি একটা ব্যর্থতা?
পেটার: না, আমি ব্যর্থ হইনি মোটেই৷ আমি দুর্বল, মানুষ দুর্বল তো থাকেই৷ যে সবল, সেও দুর্বল হয়৷
ডেয়ার ফ্রাইটাগ: শেষ কবে আপনি দুর্বল হয়েছেন?
পেটার: আজ হইনি, কিন্তু গতকালই হয়েছি!
ডেয়ার ফ্রাইটাগ: গতকাল কি হয়েছিল?
পেটার: ভুলে গেছি৷ ও হ্যাঁ, আমি এক প্রতিবেশীনির দিকে চেয়ে গর্জন ক'রে উঠেছিলাম, অমন কুকুর ছিল তার, মুখে গাঁজলা উঠিয়ে চিৎকার করেছিলাম … ফরাসী ভাষায় বলেছিলাম, বিষ্ঠা৷
ডেয়ার ফ্রাইটাগ: যৌনতার ধরণ ধারণ নিয়ে লোকে তার ওপর কিরকম গুরুত্ব দেয়? সমকামী (Gay) বা সমকামিনী (Lesbian) এই নিয়ে?
পেটার: এই সব সংজ্ঞায় কি আসে যায়? আমার তো মাথায় সবসময় এই কথাটাই আসে যে কিছু শব্দ আছে গুণবাচক, কতকগুলি আছে প্রধান শব্দ বা বিশেষ্য ও কতকগুলি সময়সূচক শব্দ৷ "লেসবিয়ান" কথাটা একটা গুণবাচক শব্দ৷ কিন্তু আমি দিব্যি কল্পনা করতে পারি যে একজন নারীর সঙ্গে অন্য একটি নারীর একটাই সময়সূচক শব্দ বা ক্রিয়াপদ থাকে: সেটা হল ভালবাসা৷ আমার ক্ষেত্রের সঙ্গে অবশ্য বিরাট পার্থক্য৷
ডেয়ার ফ্রাইটাগ: কি পার্থক্য?
পেটার: আমি একটা কথাই বলি, আমি লেখক নই, আমি লিখি৷ মাঝে সাঝে লিখি৷ আমার ক্ষেত্রে সব কিছুই সময়সূচক শব্দের ভিতরে থাকে৷
ডেয়ার ফ্রাইটাগ: আর বিশেষণ?
পেটার: সেটা প্রশ্নাত্মক৷ "হোমোসেক্সুয়াল" কথাটা খুব হাস্যকর৷ তাহলে কি আমি বলব, "আমি হেটারোসেক্সুয়াল?" এ একধরণের ঠেঁটামি, ভাষার অপব্যবহার৷
ডেয়ার ফ্রাইটাগ: আপনি কি অস্ট্রিয়ান নন?
পেটার: এটা ভাল প্রশ্ন৷ মাঝে মাঝে যখন অস্ট্রিয়ার মাথায় চাঁটি দিয়ে নামিয়ে দেওয়া হয়, তখন আমি বলি আমি অস্ট্রিয়ান৷ দেশপ্রেমিক হিসাবে বলি৷ দেশপ্রেম আর জাতীয়তাবাদের মধ্যে আমি পার্থক্য করি৷
ডেয়ার ফ্রাইটাগ: সেটা কি?
পেটার: আমার দেশ যদি আক্রান্ত হয় তাহলে আমি বলি, "আমি অস্ট্রিয়ান৷" ফরাসী ফুটবলের এক কোচ ছিলেন বিখ্যাত ফুটবল কোচিং ক্লাব AJ Auxerre (১৯০৫-এ প্রতিষ্ঠিত)-এর৷তিনি বলতেন, "অস্ট্রিয়া সবসময়েই হিটলারের সঙ্গে ছিল এবং তার ভূমিকাতেই খেলেছিল"- আমি বলেছি, "আমি তাকে ধাক্কা দিয়ে নামিয়ে দেব৷" কিন্তু কেউ না জানতে চাইলে আমি বলি না আমি অস্ট্রিয়ান৷ লোককে এইভাবে কোণঠাসা ক'রে দিতে চাই না৷
ডেয়ার ফ্রাইটাগ: একজন দেশপ্রেমিকের অনুভূতিটা কি?
পেটার: যখন আমি টের পাই আমি অস্ট্রিয়ান, তখন আমার মনে পড়ে লেখক গ্রিলপারৎসার (Franz Grillparzer: ১৭৯১-১৮৭২)-এর কথা, ইঙেবর্গ বাখমান (Ingeborg Bachmann:১৯২৬-১৯৭৩), পাওল ৎসেলান (Paul Celan:১৯২০-১৯৭০)-এর কথা এমন কি হাইমিটো ফন ডোডেরার (Heimito von Doderer:১৮৯৬-১৯৬৬)–যদিও দুই বিশ্বযুদ্ধের মাঝখানে তিনি নাৎসী ছিলেন৷
ডেয়ার ফ্রাইটাগ: নাৎসী হওয়া সত্ত্বেও তাঁর কথা মনে হয়?
পেটার: তিনি খুব অল্প দিনের মধ্যেই দল ছেড়ে দেন৷ এ ছিল তাঁর একটা বিরাট পাপকাজ৷ অনেকটা তিনি নিজেই টের পেয়েছিলেন, কারণ পাপের জন্যে যদি কাউকে অনুতাপ করতে হয়, তাহলে তার মত ভয়ানক আর কিছু হয় না৷
ডেয়ার ফ্রাইটাগ: এতে কি ডোডেরার-এর কাজ ভারগ্রস্ত হয়েছে?
পেটার: সম্ভবত না৷
ডেয়ার ফ্রাইটাগ: ফ্রান্সে এই সময় আর একটা বিতর্ক হয়েছিল সেলিন (Louis-Ferdinand Céline:১৮৯৪-১৯৬১)-এর সেমিটিক বিরোধী প্যাম্ফলেট নিয়ে৷
পেটার: তিনি সত্যিই ইহুদীদের খুব ঘৃণা করতেন৷ তবে খুব ভাল পাবলিক-অ্যাসিস্টান্ট ডাক্তার ছিলেন৷
ডেয়ার ফ্রাইটাগ: লেখক হিসাবে ভাল?
পেটার: হ্যাঁ৷ আমি অবশ্য ওই ধরণের লেখা খুব পছন্দ করি না, তিনি লিখতেন অনেকটা আর্নো শ্মিট (Arno Schmidt:১৯১৪-১৯৭৯)-এর কায়দায়৷ সেলিন-এর লেখার মধ্যে কিছু নেই৷ দুম ক'রে একটা জায়গা থেকে শুরু ক'রে দেন৷ ফিলিপ রোট (Philip Milton Roth:১৯৩৩-২০১৮)-এর ক্ষেত্রেও তাই৷ সুনিপুণ, কিন্তু পড়তে ভাল্লাগে না৷ যেন লেকচার দিচ্ছেন৷ আমার মতে ওটা সাহিত্য না৷ একটু কড়া হয়ে গেল কথাটা,তবে এটাই কিন্তু আমার উপলব্ধি৷
ডেয়ার ফ্রাইটাগ: সার্বিয়া সম্পর্কে আপনার প্রতিবেদন নিয়ে খুব কড়া সমালোচনা হয়েছে৷ সন্দেহ ছিল লোকে আপনার বই আগের মত পড়বে কি না৷
পেটার: হ্যাঁ, কলকব্জার গঠন পদ্ধতি তো সবসময় ওইরকমই হয়৷ লোকে আমাকে সেলিন-এর সঙ্গে তুলনা করেছে৷
ডেয়ার ফ্রাইটাগ: খুব খারাপ?
পেটার: ইয়োশকা ফিশার আমার কাছে বেশী বিতৃষ্ণার, সেলিন-এর চেয়ে৷
ডেয়ার ফ্রাইটাগ: কেন ইয়োশকা ফিশার-ই?
পেটার: ইয়োশকা ফিশার ("Joschka" Fischer: ১৯৪৮) আর মারচেল রাইশ রানিচকি (Marcel Reich-Ranicki:১৯২০-২০১৩) এই দুজন যুদ্ধ-পরবর্তী জার্মানিতে সবচেয়ে কদর্য৷ আর ডানিয়েল কোন বেনডিট (Daniel Marc Cohn-Bendit: জ. ১৯৪৫)–কথাটা লিখে রাখুন৷ ফিশারের তো কোনও বিষয়ে কোনও ধারণাই নেই৷ একমাত্র খাওয়া ছাড়া৷ জীবনের প্রধান বিষয়ই হল ধারণা করবার শক্তি৷ ধারণা করবার শক্তি এবং তার সঙ্গে বর্তমান কালটা বুঝতে পারা৷
ডেয়ার ফ্রাইটাগ: আপনি তো রানিচকি-কে "সবচেয়ে বজ্জাত দানব" ব'লে অভিহিত করেছেন৷
পেটার: প্রিন্সটন-এর সাহিত্যগোষ্ঠী গ্রুপে-৪৭ যখন আমায় নেমন্তন্ন করেছিল, তখন উভে ইয়নসন (Uwe Johnson :১৯৩৪-১৯৮৪) আর গ্যুন্টার গ্রাস ছিলেন (Günter Grass:১৯২৭-২০১৫), আর সামনে বসেছিলেন পাইপমুখো দুটি– রানিচকি এবং তাঁর সঙ্গে আর একটু কম ক্ষতিকর, কিন্তু তার তালিবানী ব্যাপার স্যাপারে প্রায় সমব্যথী–ভালটার ইয়েনস (Walter Jens:১৯২৩-২০১৩)৷ ভাবছিলাম, এইরকম দুর্গন্ধযুক্ত মানুষের কাছ থেকে এখানকার লেখকেরা রেহাই পাবে কি ক'রে? দমে গেলাম, ভাল কথা তো নয়!কিন্তু এখানে তো কোনও রায় দেবার ব্যাপারও নেই৷ ভালও তো হতে পারে৷ একটা ভানসর্বস্ব সাহিত্যজ্ঞানী সম্পর্কে ভুল কথা বলবার পর সেটা তুলে নিতে গিয়ে এখন সঠিক শব্দ খুঁজে পাচ্ছি না৷ সাহিত্য এত রহস্যময়, যেটা আমাদের চিন্তার বাইরে৷ যাই হোক, লোকে রাগবে, রেগে তোতলাবে, এই আর কি৷ কিছু করার নেই৷
ডেয়ার ফ্রাইটাগ: মানুষের বয়স হয়ে গেলে শত্রুতার ব্যাপারে কি একটু নরম হওয়া উচিত না?
পেটার: রানিচকি যা করেছেন, তার জন্য আমি ওঁকে কোনওদিন ক্ষমা করতে পারব না৷
ডেয়ার ফ্রাইটাগ: কি করেছেন?
পেটার: তিনি সাহিত্যকে বিচারবুদ্ধিগম্য ক'রে তুলতে চেষ্টা করেছেন৷ ঊনবিংশ শতাব্দীর অনুশাসন তো অর্থহীন! কয়েকটা ভাল রিভিউ তিনি অবশ্য লিখেছেন…তবে সেরকম খুবই বিরল, যেমন বোটো ষ্ট্রাউস (Botho Strauß:জ. ১৯৪৪)-এর লেখা নিয়ে ভাল রিভিউ, আচ্ছা ওঁর গোড়ার দিকের লেখা গদ্যগুলির কি নাম যেন? ওই যে একজন মহিলাকে নিয়ে, তার বিজ্ঞাপন করছেন যেখানে৷ আমার মাথায় তার শেষ বাক্যটা এখনও রয়ে গেছে৷ জাঁক ক'রে বলতে গেলেন মহিলা সম্পর্কে এবং কেমন যেন সব গণ্ডগোল হয়ে গেল৷ তারপর গল্পটা শেষ হল এইভাবে, "লক্ষ্যে এখনও সম্পূর্ণ পৌঁছতে পারলাম না৷" মনে পড়ে যায় মাঝে মাঝে কথাটা, মনে পড়লেই হাসি পায়৷ না, মহিলাদের সম্পর্কে কিছু বলছি না৷
ডেয়ার ফ্রাইটাগ: রানিচকি কি বলেছিলেন?
পেটার: তিনি বলেছিলেন এটা খুব ভাল একটা গল্প৷ গল্পটাকে ভাল বোটো ষ্ট্রাউস তাঁর সব মতামত ও ভাবাদর্শ ভুলে মেরে দিয়েছিলেন৷ দিয়ে একটা "সেলফ—কমিক" গল্প লিখেছিলেন৷
ডেয়ার ফ্রাইটাগ: পুস্তক সমালোচনা পড়েন এখনও?
পেটার: যদি কেউ পাঠায়৷
ডেয়ার ফ্রাইটাগ: পাঠকদের চিঠিপত্র?
পেটার: চেষ্টা করি সব চিঠির উত্তর দিতে৷ তবু মাঝে মাঝে এত সুন্দর চিঠি কেউ কেউ দেন, যে তার উত্তর দিতে পারি না৷ লোকে ভাবে, এই চিঠির মত চিঠি বোধ হয় আর হবে না, পেশাদারী চিঠি একেবারেই নয়৷ সম্প্রতি আলেক্সিয়া নামের একটি অবিবাহিত মেয়ে আমায় লিখল আমার "ফল চোর মেয়েটি" বইয়ের নায়িকার মতই, "বইটা আমি পড়েছি, এইজন্যে নয় যে আমার নাম আলেক্সিয়া৷" কি বলব, চিঠিতে কোনও ঠিকানাই ছিল না৷ এইটুকুই ছিল: আলেক্সিয়া, টুন, সুইৎজারল্যান্ড৷
ডেয়ার ফ্রাইটাগ: আপনার সর্বশেষ উপন্যাসটা সম্পর্কে মিডিয়ার ক্রিস্টিনা ভেস্টারমান (Christine Juliane Westermann: জ. ১৯৪৮)…
পেটার: …উনি কে?
ডেয়ার ফ্রাইটাগ: সাহিত্য সমালোচক৷
পেটার: বয়স্ক মহিলা? আগে এই নামে একজন ছিলেন৷
ডেয়ার ফ্রাইটাগ: সিগফ্রিড ল্যোফলার, (Sigrid Löffler)? ইরিস রাডিশ(Iris Radisch)?
পেটার: না, আরও সুন্দর দেখতে যিনি৷
ডেয়ার ফ্রাইটাগ: এলকে হাইডেনরাইশ (Elke Heidenreich)?
পেটার: হ্যাঁ৷ তিনি আমার সবসময় বিরুদ্ধাচরণ ক'রে লিখতেন৷
ডেয়ার ফ্রাইটাগ: উনি একথাও বলেন, সকলেই যে লিখবে, সকলেই যে বই ছাপবে, তা হয় না৷
পেটার: এটা অবশ্য ঠিক কথাই বলেছেন৷ আমারই এ মস্ত একটা ভুল৷ গ্রাৎস-এ লেখাপড়া করবার সময় বন্ধুরা মিলে আমরা একটা ফোরাম করেছিলাম, তার নাম "ষ্টাটপার্ক ফোরুম" বা "শহরের পার্ক ফোরাম৷" আমি বলতাম "প্রত্যেকে লিখতে পারে৷" বন্ধুরা আমার থাকবার জায়গা পর্যন্ত ঠেঙিয়ে এসে সব ভণ্ডুল ক'রে দিয়েছিল৷ সবাইকে লেখবার জন্য তাড়না করা, এ এক বিরাট ভুল৷ লেখক হওয়া, এটা স্পষ্টতই বিরল ঘটনা৷ শিল্পী ইয়োসেফ বয়েজ (Joseph Beuys:১৯২১-১৯৮৬) বলেছিলেন, সবাই নাকি শিল্পী৷ এইটা একটা ফালতু কথা৷ প্রত্যেকে এক মুহূর্তের জন্যে শিল্পী হতেই পারে৷ আর্তুর র্যাঁবো(Arthur Rimbaud:১৮৫৪—১৮৯১) এক মূর্তিমান উদাহরণ৷ তখন ওঁর সতেরো বছর বয়স৷ আমি সতেরো বছর বয়সের অনেককেই দেখেছি৷ দুই কি তিন সপ্তাহ ধ'রে আকাশ থেকে কি একটানা পড়তে থাকে৷ তারপরই শেষ৷ শুধু আর্তুর র্যাঁবোই ভাগ্যবান, কারণ তাঁর লেখাপড়াটা ছিল সব ক্ল্যাসিকাল : প্রাচীন গ্রীক ভাষা, লাতিন, আর তাই তাঁর গাঁথনিটাও অত দৃঢ় হয়েছিল৷ কিন্তু তারপরই শেষ৷
ডেয়ার ফ্রাইটাগ: অনেক তাড়াতাড়ি লেখা শেষ করে ফেলেছেন৷
পেটার: হ্যাঁ, তাও ওই গ্রীক লাতিনকে কেন্দ্র ক'রে৷ অনেক আগেই টের পেয়ে গেছেন তাঁর ইন্তেকাল হয়ে গেছে৷ আর যারা শেষ করতে জানে না, যারা লিখেই চলে তারা মনুষ্যজাতির সব্বোনাশ ক'রে দেয়৷
ডেয়ার ফ্রাইটাগ: আপনার কখনও মনে হয়েছে যে আপনি যা যা লিখতে চেয়েছিলেন সব লেখা শেষ হয়ে গেছে?
পেটার: না, না৷ আমি গতকালকের একটা বাক্যের কথা বলছি, যেটা আমি ভেবেছি, "আমার কিচ্ছু বলার নেই৷" যে সমস্ত লোকের কিছু বলবার থাকে না তারাই জীবনের শেষ দিন পর্যন্ত লিখে যায়৷
ডেয়ার ফ্রাইটাগ: আপনার ড্রয়ারে কিছু আছে?
পেটার: ওই ড্রয়ারখানাই আমার নেই৷
ডেয়ার ফ্রাইটাগ: আপনার কি এমন কিছু আছে যা প্রকাশ করা উচিত নয়?
পেটার: না, না, আমি একটা জীবন্ত রহস্য, আমার কিছু রহস্য নেই৷ এই জীবন এক অধরা মাধুরী দিয়ে রচা, অপরিমেয় বেদনাতুর৷
ডেয়ার ফ্রাইটাগ: শ্রীমতী ভেস্টারমান-এর কাছে চলে যাই …
পেটার: ওঁরা আমাকে দিয়ে এই সব অর্থহীন কথা বলাচ্ছেন কেন?
ডেয়ার ফ্রাইটাগ: শ্রীমতী ভেস্টারমান গড়পড়তা মানুষের জন্যে বলেন, আত্মম্ভরিতার কোনও ব্যাপার নেই সেখানে৷
পেটার: গড়পড়তা পাঠক মানে তারা কোনও পাঠক নয়৷ ওর মধ্যে আত্মম্ভরিতার ব্যাপার তো আছেই৷ গারট্রুড ষ্টাইন বলেছিলেন, "একটা গোলাপ হল একটা গোলাপ হল একটা গোলাপ৷" সাহিত্য তার মর্যাদাটা হারিয়ে ফেলেছে৷ কথাটা খুব সত্যি৷ শুধু আমার ক্ষেত্রেই প্রযোজ্য না৷ আমি যে কাজটা করি তার মর্যাদাও আমি দাবি করি৷
ডেয়ার ফ্রাইটাগ: আপনার মর্যাদা?
পেটার: না, না, আমার মর্যাদার কথা বলছি না৷ প্রতিটা দিনই তো আমি অকেজো হয়ে আছি৷
ডেয়ার ফ্রাইটাগ: সাহিত্য কি তার মর্যাদাটা হারিয়ে ফেলেছে?
পেটার: লোকে যে কাছে আসে তা শ্রদ্ধা সহকারে নয়৷ শব্দটা শ্রদ্ধা নয়, আনন্দ, আনন্দের সঙ্গে, সানন্দ শ্রদ্ধার সঙ্গে, অথবা লজ্জা নিয়ে৷ সাহিত্যিক টোমাস বেয়ার্নহার্ড (Thomas Bernhard:১৯৩১-১৯৮৯)-কে যখন আমি প্রথম দেখি, মনে হয়েছিল, ওহ্, এমন মানুষও আছে?! তখন আমি একেবারে তরুণ৷ চমৎকার৷ পরে আমি বোধ হয় শ্রদ্ধা খানিকটা হারিয়েছিলাম৷ তবে তার কারণ ছিল৷
ডেয়ার ফ্রাইটাগ: যুগোস্লাভিয়া যে ভেঙে গেল তাতে আপনি হারালেন অনেক কিছু?
পেটার: নিশ্চয়৷ এটা একটা ক্ষতি তো বটেই৷ পেটার এস্টারহেজি হিংস্রের মত বলেছিলেন, আমি তো ওকে মেরেই দিতাম : কিন্তু আমি লিখেছিলাম, এ যেন একটি শিশুর হাত থেকে তার খেলনাটা কেড়ে নেওয়া হল৷ আমার কাছে যুগোস্লাভিয়া ছিল… এটাকে আমি অন্যরকমভাবে দেখছি না, দেখছি নানা সম্ভাবনার অঙ্কুর হিসাবে৷ গোলি ওটোক-এর কথা যত শুনছি, আমার মনে হয় ওখানেই ওরা ওদের কবরটা খুঁড়ে রেখেছিল, যুগোস্লাভিয়া, তুমি পারলে না একটা গোটা দেশকে দাঁড় করিয়ে রাখতে৷
ডেয়ার ফ্রাইটাগ: গোলি ওটোক, মানে দ্বীপান্তরের কারাগার৷ যুগোস্লাভিয়ার পতনের এটাই কি মূল?
পেটার: সবটাই তা নয়৷ ষাটের দশকে যুগোস্লাভিয়া ছিল পৃথিবীর একটা ভরসার জায়গা৷ যুগোস্লাভিয়া যে রইল না, সে এক বিশাল বিপর্যয়৷ কিছুদিন তো ভালই চলল দেশটা৷ কিন্তু ওই পঞ্চাশের দশকের যে ভুলটা থেকে গিয়েছিল, তাতেই কাল হল৷ শুধু গোলি ওটোক তো নয়, বিষটা যে ভেতরেই ছিল৷
"স্পেন-এর কোনও তুলনা মেলা ভার! আমি ক্যাটালানদের ঘৃণা করি।"
ডেয়ার ফ্রাইটাগ: কিন্তু সেইজন্যেই যে যুগোস্লাভিয়া ভেঙে গেল, তা তো নয়?
পেটার: এই যে অনড় অচল ফ্রাংকো-জার্মান বন্ধুত্বটা, সে শুধু অর্থনীতির ক্ষেত্রেই কাজ করে৷ ঘোর লাগা ওই অসম্ভব প্রত্যাশাটা যদি না থাকত, তাহলে মিতেরাঁ (François Mitterrand:১৯১৬-১৯৯৬)-ও কোনওমতেই ক্রোয়াশিয়া এবং স্লোভেনিয়া স্বীকার ক'রে নিত না৷ শুধু ওইটা নিয়েই তো বিপুল কোল (Helmut Josef Michael Kohl :১৯৩০-২০১৭)-মহাশয় ও ক্ষুদ্র মিতেরাঁ হাতে হাত ধ"রে কাজ করতে…
ডেয়ার ফ্রাইটাগ: এইটা নিয়েই কি জার্মানির বিরাট রাজনীতি হল না?
পেটার: হ্যাঁ, এই হল ইতিহাস, এটাই রাজনীতি৷
ডেয়ার ফ্রাইটাগ: আর রাজনীতি মানেই হল নীতিবিগর্হিত কাজ৷
পেটার: না না, মিতেরাঁ যদি একবার "না" বলতেন তাহলে এটা ঘটত না৷ কিন্তু আমার কথা আর কে শোনে?
ডেয়ার ফ্রাইটাগ: ক্যাটালান স্বাধীন-দেশ চাইছে৷ জার্মানি ইতস্তত করছে৷
পেটার: স্পেন-এর কোনও তুলনা মেলা ভার! আমি ক্যাটালানদের ঘৃণা করি৷
ডেয়ার ফ্রাইটাগ: কেন?
পেটার: ওদের হাবভাবটা হল যেন ওদের মধ্যেই একমাত্র গণতন্ত্র আছে৷ ওরা কি ক'রে সিদ্ধান্ত নেয় অ্যাঁ, যখন ওরা নিজেরাই শতকরা ৪০ শতাংশ… হয় নাকি? এমন ভাব করে যেন ১৯৩৬ ও ১৯৩৭-এর গৃহযুদ্ধে ওরাই ধোয়া তুলসীপাতা ছিল৷ এটাই সবচেয়ে খারাপ৷ ক্যাটালানীয়রা ছিল একই রকমের ভয়ানক৷ ফরাসী লেখক বের্নানো (Louis Émile Clément Georges Bernanos:১৮৮৮-১৯৪৮)-র লেখা প'ড়লে জানা যাবে যে ক্যাটালানীয়রা মালোর্কা(Mallorca)-তে গ্রামের মানুষের ওপর কি করেছিল–শুধু হত্যা আর হত্যাকাণ্ড, মূল স্পেন ভূমিখণ্ডের ফ্রাংকোপন্থীরা যা করেছিল তার মতই জঘন্য৷ এখন ক্যাটালনীয়রা বলছে, কই আমরা তো কলা খাইনি? যত সব নচ্ছার কাণ্ড৷ অল্প কথায় বলতে গেলে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না৷ একটুও না, কোনওভাবেই না৷ ইতিহাস হল স্বাধীনতা ও মুক্তির জন্য কৃত জঘন্য কুকর্মের অনুক্রমণিকা৷
ডেয়ার ফ্রাইটাগ: এর বিরুদ্ধে কি ভাবে লেখা যায়?
পেটার: আমার ব্যাকরণটা অন্যরকম৷ ঠেঁটামি ক'রে বললে বলতে হয়, আমি অন্য উপায়ে নিজেকে সমৃদ্ধ না ক'রে বিস্তৃত করেছি, ছড়িয়ে দিয়েছি নিজেকে, আমার ভেতরের যে কর্ণপটাহ, সে শুধু ওই কানের পর্দার মধ্যেই সীমিত ছিল না, যুগোস্লাভিয়ার দ্বন্দ্বের শব্দে তা উজ্জীবিত হয়েছিল৷ দ্বন্দ্ব কখনও ক্ষতিকর হয় না৷ এর বেশী আমি কিছু বলতে পারব না৷
ডেয়ার ফ্রাইটাগ: সার্বিয়া-তে আপনি শেষ কবে গেছেন?
পেটার: এই গত বছরই ধরুন৷
ডেয়ার ফ্রাইটাগ: ও, মাঝে মাঝেই যান বুঝি? গাড়িতে যান?
পেটার: হ্যাঁ, একটা অভাব মনে হয়, না মানে সেরকম না, যাই হোক৷
ডেয়ার ফ্রাইটাগ: কি করেন ওখানে গিয়ে?
পেটার: গ্রামে চলে যাই৷ মোরাভা-তে যাই, প্রিস্টিনা-তে প্লেনে ক'রে চ'লে যাই, এক বন্ধুর সঙ্গে আলবানিয়ার ভেতর দিয়ে যাচ্ছি, বন্ধুর তো এত ভয়–ও নিজে সার্বিয়ান কিনা–তা সেখানে গিয়ে নেমে প'ড়ে বলেছি, এই নামলাম৷ সকলের মধ্যেই দেখি একটা বন্ধুতার ভাব৷ আমি তো সব সময়েই চাই যেখানে ভয় সেখানেই নেমে পড়তে৷ একেবারে মাঝমধ্যিখানে চলে যাই৷
ডেয়ার ফ্রাইটাগ: কিছু ঘটেনি কখনও?
পেটার: না, তাই ব'লে এটাই কিন্তু নিদান নয়৷ যে কোনও মূহূর্তে কিছু ঘ'টে যেতে পারে৷
ডেয়ার ফ্রাইটাগ: মৃত্যুর ভয় নেই আপনার?
পেটার: আলবাৎ আছে৷ সোজা কথা? ভয়ঙ্কর, বাবা ! অনেক সময় লোকে ভাবে, এই তো এইবার কিছু ঘটবে–কিন্তু তখন দেখা যায় যেটা ঘটবার সেটা ঘটল না৷ কেউ ভাবল, আচ্ছা এবার ঘটলেই তো ভাল হয়, তো যে আসবার সে এল না–আমার ভাগ্যটা খুব ভাল৷ কিন্তু আমি অন্যদের কথা ভাবি৷ অন্যদের তুলনায় আমি বরং দেবতাদের বেশী প্রিয়৷
তখন ভাবি: তুমি কেন জীবনপুরের অতিথির মত যাও না–সেই অতিথির মত, যার কিনা ষোল কলা পূর্ণ হয়ে গেছে? কাজ হয় না৷ তুমি জীবনপুরের অতিথি৷ মাঝে মাঝে এই কথাটাই ভাবি৷ বারবার কেউ একজন আসে৷ সে গ্যোয়েটে হোক না হোক৷ আমার ভয়, হয়তো গ্যোয়েটেই৷
