আমি যে পথিক, এসো পথে নামি
এমনটা তো দেখা যায়নি, সম্ভবত যাবেও না, যে, একজন কবিতা লিখে–যে-কবিতা তাঁর মৃত্যুর পর বিশ্বের কবিতাকে শাসন করতে থাকবে, নির্দেশ করতে থাকবে অন্তর্ধ্বনির আওয়াজ তোলার জন্য, জীবনকে উজাড় করে দেওয়ার জন্য–নীরব ভর্ৎসনা পেয়ে, বা কবিতার সমাপ্তিকে বিবেচনা করে, চিরদিনের জন্য সাহিত্যের জগৎকে বিদায় জানালেন; ঘুনাক্ষরেও আর চেষ্টা করলেন না, বা জানান দিলেন না, একটুও মুখ ফেরালেন না কবিতার দিকে। এক ফুৎকারে উড়িয়ে দিলেন তাঁর কবিজীবন, চলে গেলেন অগোচরে, হলেন চলমান এক অভিযাত্রী, যে শুধু চলতেই জেনেছিল। আর যখন ফিরলেন, ফিরলেন মৃত্যুকে সাথে নিয়ে। কবিতা কি পথ? তবে তিনি তাঁর পথিক হননি, ক্ষণস্থায়ী পায়চারি করেছিলেন মাত্র। কবিতাকে ছেড়ে যে-জীবনে গেলেন, তা ছিল পথচারীর জীবন, চঞ্চল পথিকের নিরন্তর এগিয়ে-চলার জীবন, রোমাঞ্চের সে-জীবনকথা শুনলে বিস্মিত হতে হয় এই ভেবে যে, কী করে তা সম্ভব-অসম্ভবের প্রাকারটিকে গুঁড়িয়ে দেয়! মাত্র উনিশ বছর বয়সে তিনি শুরু করলেন তাঁর লাগাতার যাযাবরের জীবন, যা ছিল তাঁর দ্বিতীয় অস্মিতার বিস্ফোরণ; প্রথমটিও ছিল বিস্ফোরণ যা সূচনা করেছিল নতুন কবিতার–এতদিনকার কবিতার মায়াবি আকাঙ্ক্ষাটিকে বেআব্রু করে। পালাতে চেয়েছেন ইউরোপ থেকে–দূর থেকে দূরান্তরে: 'ওহে দার্শনিকেরা, জগতের কোনো বয়স নেই। সোজাসাপটা জেনে রেখো, মানুষেরা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়, ইচ্ছামতো। রয়েছো তো পশ্চিমে, কিন্তু যেতে পারো স্বপ্নের প্রাচীনস্থান পুবে… স্বাধীন তো তুমি, যাও, ভালোভাবে বেঁচে থাকো, হে।' নিজেকে ভাবতেন ভ্রমণের জন্য অভিশপ্ত–হয়তো তা একঅর্থে ঠিক, এক শপ্ত নিয়তির সমিধ হয়েছিল তাঁর জীবন–আর এই ভাবনা অন্যরকমভাবে সত্য হয়ে উঠেছিল তাঁর জীবনে, কারণ ঘুরতে ঘুরতেই মৃত্যুর দেখা যেন পেয়ে যান তিনি।
কবিতাকে পরিত্যাগ করলেন এই সাফাই দিয়ে যে, নরকে এক ঋতু লেখার পর আর সম্ভব নয় নতুন করে কবিতালেখা। তা বাক্সবদ্ধ কেননা এই অস্মিতাবোধ তাঁর কবিতা পড়লেই বোধগম্য–তাঁর কবিতার মুখরতা আর স্তব্ধতার মধ্যেই এই অমোঘ নিয়তি নিহিত; তিনি যেন শেষ থেকে শুরু করলেন, বা শুরুতেই করলেন শেষ। স্বর্গ নরক, ঘুম আর নির্ঘুমতা, আগুন ও ছাইকে যেন তিনি এক আধারভূত করলেন। যে-ধরনের কবিতা দিয়ে শুরু করলেন, তা ছিল দগ্ধ এবং বিলোপনের, তাই কবিতা নিজেই যেন হয়ে পড়ল তার সমাপ্তিস্তম্ভ। নরকে এক ঋতু প্রকাশিত হলে ছাপাখানায় ঋণ পড়ে গিয়েছিল এবং তা রয়ে গিয়েছিল অপরিশোধিত। তেরো বছর বয়সে তিনি লাতিনে লিখলেন ষাট পঙ্ক্তির কবিতা, তা পাঠিয়েও দেন সম্রাট ৩য় নেপোলিয়ঁ-র ছেলের কাছে, ধারণা করা হয় তা পৌঁছেছিল প্রাপকের কাছে যদিও তার কোনো অনুলিপি আর পাওয়া যায়নি। চোদ্দো বছর বয়সের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানের সব প্রতিযোগিতায় জয়ী হতে থাকলেন তিনি। পনেরো বছর বয়সে তাঁর কবিতা প্রথমবারের মতো সাহিত্যপ্রত্রিকায় প্রকাশিত হয়। সে-সময়ের সব নামজাদা লেখকের কাছে তিনি তাঁর লেখা পাঠিয়ে দিতেন প্রকাশের জন্য যদিও তাঁরা তা ঠিক প্রকাশ করতেন না, কিন্তু যথারীতি উত্তর করতে ভুল হতো না। জীবৎকালে 'অনাথদের নববছরের উপহার', 'প্রথম রাত্রি' আর 'নরকে এক ঋতু'র মতো কবিতার জন্যই ভাবীকালের কাছে কিছুটা সমীহ আর স্বীকৃতি পেয়েছিলেন। ১৮৭০ সালের ২ জানুয়ারি প্রকাশিত 'অনাথদের নববছরের উপহার' কবিতায় তিনি লেখেন:
ঘরভরতি ছায়া; অস্পষ্টভাবে শুনলে তুমি
দুই শিশুর করুণ আর কোমল স্বরের ফিসফিসানি।
গভীর নিদ্রাতুর তাদের মাথা অবনত
দীর্ঘ সাদা আলখাল্লার নীচে কম্পমান আর তার স্পন্দন…
–বাইরে, হিমের ভেতর যেন গাদাগাদি করে আছে পাখিরা;
২.
১৮৫৪ সালের ২০ অক্টোাবর ফ্রান্সের শার্লভিল-এ জন্ম নেওয়া জা-নিকোলাস-আরতুর র্যাঁবো অবশ্য ছোটোবেলা থেকেই ছিলেন ঘরপালানো স্বভাবের। যারা হয় এই প্রবণতাগোছের, তারা জীবনকে শুরুতেই তুড়ি মারতে থাকেন, যাবতীয় ব্যবস্থাপনাকে হাস্যকর করে তোলেন, চারপাশের মানুষদের কাছে নিজেকে করে তোলেন হেলির ধূমকেতু, বা উড়ুক্কু। তাঁর পিতাও ছিলেন ভবঘুরে, অমিতব্যয়ী আর অসংসারী প্রকৃতির। ১৮৭০ সালে পারিতে পালিয়ে যান, সেখান থেকে ব্রাসেলস; ধরা পড়ে ফিরে আসেন শার্লভিলে। আবার পারি গিয়ে বিনাটিকিটে রেলগাড়িতে চড়ার কারণে জেলে যান, বন্ধু ও তরুণ শিক্ষক জর্জ ইজঁবার ছাড়িয়ে আনেন সেবার। কিন্তু শার্লভিল থেকে আবার পালিয়ে যান ব্রাসেলসে, ফিরিয়ে আনা হয় আবারও তাঁকে কিন্তু কয়েক মাসের মধ্যেই তিনি আবারও বাড়ি থেকে পালিয়ে যান। সে-সময় ফ্রাঙ্কো-প্রুসীয় যুদ্ধের কারণে শার্লভিলে তাঁর ইস্কুল বন্ধ হয়ে গেলে র্যাঁবো ঘুরতে লাগলেন এদিক-ওদিক, ঘুরতে ঘুরতে আবারও পারিতে এসে হাজির হয়ে যান। ১৮৭১ সালে তিনি ফিরে আসেন শার্লভিলে, তার আগে পারির পথেঘাটে কাটান জীবন, ময়লার গর্ত থেকে খাবার তুলে নিয়ে উদরপূর্তি করেন, রেলসেতুর নীচে শুয়ে কাটান রাত। শার্লভিলে ফিরে লিখলেন আরও কয়েকটা কবিতা, লিখলেন বিখ্যাত ভূয়োদর্শী পত্র। ১৮৭১ সালের ১৫ মে পল দেমেনি-কে লেখা চিঠিতে বললেন : '…ইন্দ্রিয়গুলোকে যৌক্তিক বিশৃঙ্খল করে তোলার মাঝ দিয়েই একজন কবি নিজেকে অবশেষে দ্রষ্টা করে গড়ে তুলতে পারে। সকল ধরনের ভালোবাসা, ভোগান্তি, পাগলামির অনুসন্ধানে রত থাকেন তিনি, সম্ভাব্য সকল বিষ নিঃশেষ করেন, যেন শুধু নির্যাসটুকুই রয়ে যায় অবশিষ্ট।' আমরা বুঝতে পারি, এই বাক্যে গর্ভভূত হয়ে থাকবে ভবিষ্যের পরাবাস্তব-দাদাবাদের আগাম ইশারা। তো এভাবেই পনেরো থেকে সতেরো বছরের মধ্যে তিনি হয়ে উঠলেন পরিব্রাজক, ঘুরলেন বড়ো বড়ো শহর: কখনও সাহিত্যের সংরাগে পারনাসীয় কবিদের সাথে মিলিত হবার জন্য একা এবং প্রলম্বিত যাত্রায় পারিতে, কখনও সাংবাদিক হওয়া, বা বই প্রকাশের জন্য ব্রাসেলসে গমন। পরবর্তীকালে, কুড়ি থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে বেশ কয়েকবার দক্ষিণের দিকে ভ্রমণে গেছেন, আবার শীতে নিজ শহরে ফিরে এসেছেন। ভ্রমণের প্রস্তুতিস্বরূপ, নিরবচ্ছিন্নভাবে যাওয়া-আসা করেছেন শার্লভিল থেকে ভূমধ্যসাগরীয় শহর মার্সেই এবং জেনোয়ায়। তারপর পঁচিশ বছর বয়স থেকে মৃত্যুবধি মরুপথে ঘুরে বেড়িয়েছেন দুর্দান্ত বেদুইন মনোভঙ্গি, এবং গতিতে। নিজেকে তিনি বলতেন: 'নিছক পথচারী'। ভেরলেন তাঁকে বলেছিলেন এক অক্লান্ত ভ্রামণিক: পথকেই পাথেয় করেছিলেন তিনি, গন্তব্য আসলে ছিল পথই। যে-জায়গায় যেতেন তা ছিল তাঁর এক আপতিক অবস্থা, সত্যিকারের অবস্থা বা দশা ছিল পথই, যা ধরে চলতে ভালোবাসতেন তিনি। ১৮৮৪ সালের ৫ মে এডেন থেকে লেখা এক চিঠিতে তিনি যা বলেন, তাতেই বোঝা যাবে তাঁর অগন্তব্যের মর্মভাষটিকে: 'এ চিঠির উত্তর দেওয়ার মতো কোনো ঠিকানা দিতে পারছি না তোমাকে, কারণ আমি আসলেই জানি না যে এরপর কোথায় আমার ঠাঁই হবে, বা কোন পথে, বা কোন দিকের চলায়, কেনই-বা, আর কী উপায়ে তা হবে!'
৩.
পনেরো বছর বয়সে, নিজ শহর শার্লভিলে তিতিবিরক্ত র্যাঁবো কবিদের শহর পারিতে পালিয়ে যান। কাউকে কিছু না বলে, পায়ে হেঁটে তিনি রওনা করেন পারির উদ্দেশে। বেলজিয়াম সীমান্তের নিকটবর্তী উত্তর ফ্রান্সের আঞ্চলিকশাসিত ক্ষুদ্র জনপদ জিবে পর্যন্ত সম্ভবত তিনি হেঁটে যান প্রথমে, তারপর রেলগাড়িতে চড়েন পারির উদ্দেশে। যাত্রার খরচ সংস্থান করেছিলেন নিজের সংগ্রহে থাকা দামি বই বিক্রি করে, কিন্তু তাতে পারি যাবার খরচ কুলাল না। গার দ্য স্ত্রাসবুর-এ আসার পর, ভবঘুরে হিসেবে, চুরির দায়ে ধৃত হলেন পুলিশের হাতে। পুলিশ স্টেশনে নেওয়া হলো তাঁকে, তারপর সোজা মাজাস জেলখানায়। অলংকারশাস্ত্রের তাঁর শিক্ষক বিখ্যাত জর্জ ইজঁবার খবর পেয়ে এসে তাঁর তরুণ ছাত্রকে মুক্ত করলেন রেল কোম্পানিকে জরিমানা-অর্থ পরিশোধ করে। ফ্রাঙ্কো-প্রুশীয় যুদ্ধের কারণে শার্লভিলের রেলপথ কাটা থাকায় র্যাঁবো দুয়ে-তে গিয়ে তাঁর রক্ষকের পরিবারের সাথে কয়েকদিন সাহিত্যের আলাপ-আলোচনা করে আর বড়ো বোনদের সাহচর্যে ভালো সময় কাটিয়ে দেন। অবশেষে মা তাঁকে ঘরে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেন। প্রায় এক মাস পর, র্যাঁবো আরও কিছু বই বিক্রি করে আবারও পালালেন। ফ্যুমে পর্যন্ত তিনি রেলে চড়ে যান, তারপর পায়ে হেঁটে, গ্রামের পর গ্রাম পাড়ি দিয়ে, লা ম্যস নদীর ধার দিয়ে শার্লরোয়া-য় পৌঁছন। এ ব্যাপারে তিনি বলেন: 'আট দিন আগে, পথের পাথরের আঘাতে আমার পায়ের বুটজুতা বিদীর্ণ হয়ে গেছে। আমি ঢুকে পড়েছিলাম শার্লরোয়া-য়।' সেখানে জুর্নাল দ্য শার্লভোয়া-য় তিনি কাজ করার আগ্রহ ব্যক্ত করেন কিন্তু তা প্রত্যাখ্যাত হয়ে যায়। কপর্দকহীন র্যাঁবো তখন পায়ে হেঁটে ব্রাসেলস চলে যান তাঁর রক্ষক ইজঁবারের খোঁজে। 'আমি রওনা করলাম, আমার কবজিজোড়া ছেঁড়া পকেটে ঢোকানো, ওভারকোটই ছিল যথেষ্ট আমার জন্য; আকাশের নীচ দিয়ে, হে মিউজ, যাচ্ছিলাম আমি! আর আমি ছিলাম তোমার কেনা গোলাম; হে দেবতারা, কী মহান প্রণয়ের স্বপ্নেই না আমি মশগুল হলাম!' পঞ্চাশ কিলোমিটার পথ এই জয়োল্লাস করতে করতে চলা, হাত পকেটে ঢোকানো, মনের গভীরে সাহিত্যিক হওয়ার স্বপ্ন আর ভাবোচ্ছ্বাস! কিন্তু গিয়ে ইজঁবারের দেখা তিনি পেলেন না, পেলেন শিক্ষকের বন্ধু দ্যুর-কে। দ্যুর তাঁকে দিলেন সময় ও অভয়। র্যাঁবো ঘরে ফিরলেন না সরাসরি, গেলেন উত্তর ফ্রান্সের কমিউন দুয়ে-তে, তাঁর নতুন পরিবারের কাছে: 'এই তো আমি, ফিরে এসেছি।' ফিরে এলেন তিনি নতুন কবিতার প্রবর্তনা নিয়ে। হলুদ হেমন্তে দেখা-দেওয়া কবিতাগুলো কেমন ছিল? 'আমার সরাইখানাটি ছিল সপ্তর্ষির সংকেতে ভরা। আকাশে যেন মৃদু আদিখ্যেতা করছিল নক্ষত্ররা।' অতি সাবধানে কবিতাগুলো পরিচ্ছন্ন করে অনুলিপি করলেন তিনি লম্বা সাদা কাগজে। নতুন পরিবারে সময়টা তাঁর ভালোই কাটছিল, ষোলো বছর বয়স তাঁর। কিন্তু নভেম্বরের প্রথম দিবসে তাঁর মা ইজঁবারকে আদেশ করলেন ছেলেকে পুলিশের মারফত ফেরত পাঠাবার জন্য, আর তা যেন হয় নিখরচায়। ১৮৭১ সালের ফেব্রুয়ারির প্রথম দিনে, যখন ফ্রাঙ্কো-প্রুশীয় যুদ্ধ চলছিল, উদ্ভ্রান্ত র্যাঁবো ঘাটে-আঘাটে ঘুরছিলেন চুরুট টেনে টেনে, আর পারি যাবার জন্য উন্মাতাল হয়ে উঠছিলেন। আবারও কাউকে কিছু না-বলে পালানোর পরিকল্পনা ফাঁদলেন তিনি। এবার একটি রুপার ঘড়ি বিক্রি করে রেল-টিকিটের অর্থের ব্যবস্থা করলেন ভালোভাবেই। ২৫ ফেব্রুয়ারি পারিতে ঘুরছেন তিনি, দেখছেন বইয়ের দোকানগুলো, খুঁজছিলেন নতুন কবিতার বিষয়-আশয়। কিন্তু সময়টা ছিল না কবিতার জন্য সুখকর; প্রুশীয়রা এগিয়ে আসছিল, সারা শহর অন্ধকারে ঢাকা পড়েছিল। র্যাঁবোর পেটে খাবার নেই, পকেট খালি, তিনি শত্রুর অবস্থানরেখা অতিক্রম করে বাড়ি ফিরলেন, কখনও হেঁটে কখনও-বা গরুর গাড়িতে চড়ে। রাতে ঘরে ফিরলেন প্রায় ন্যাংটো অবস্থায়, আর ব্রঙ্কাইটিস বাঁধিয়ে।
তারপর, ১৮৭১ সালের শরৎকালে, পারিতে যান তিনি তৃতীয় বা চতুর্থবারের মতো। তবে এবার যান আমন্ত্রণ পেয়ে। ভেরলেন তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন যাঁর কাছে তিনি আগেই তাঁর কবিতা পাঠিয়ে দিয়েছিলেন। চাঁদা তুলে তাঁর যাতায়াতের খরচ মেটানো হলো। তিনি সাথে নিয়ে গেলেন ছন্দে লেখা একশো পঙ্ক্তির বিখ্যাত কবিতা মাতাল তরণী। তিন বছরের এক আবেগময়, দ্বন্দ্বময় সম্পর্কে জড়িয়ে পড়লেন তিনি ভেরলেন-এর সাথে। একসাথে তিন তিনবার গেলেন লন্ডনে, গেলেন ব্রাসেলস ও পারিতে। দুজনে মেতে থাকলেন উদ্দাম যৌনতায়। সম্পর্ক শেষপর্যন্ত গোলাগুলিতে রূপ নেয়। ভেরলেন গ্রেফতার হন। এ সম্পর্ক সাহিত্যের পরিবেশ থেকে র্যাঁবোকে বিরত রাখল। নোংরা, অস্ত্রধারী এবং মাতাল হিসেবে তিনি আখ্যায়িত হতে লাগলেন।
১৮৭৩ সালে, উনিশ যখন তাঁর বয়স, তিনি লিখে শেষ করলেন নরকে এক ঋতু আর ১৮৭৪ সালে উদ্ভাসন (ইল্যুমিনেশনস) কাব্য; সম্ভবত স্পিরিচুয়াল হান্ট নামে আরেকটি কাব্যও তিনি লিখেছিলেন যা চিরতরে হারিয়ে যায়। প্রকাশ পেল তাঁর নরকে এক ঋতু কিন্তু এতে হলো এক বাজে অভিজ্ঞতা। প্রকাশককে অর্থ দিতে পারলেন না তিনি, কিছু লেখক-কপি পেলেন যা তিনি বিলিয়ে দিলেন বন্ধুবান্ধবদের, ভেরলেনকেও পাঠালেন এক কপি। ইল্যুমিনেশনস-এর প্রকাশ তিনি দেখে যেতে পারেননি। পাঁচ বছরের সরাসরি সাহিত্যজীবন এই ভবঘুরে কবির, যার সমাপ্তি ছিল কঠিন এবং অয়োময়তুল্য, আবার তিনিই একে করে তুলেছিলেন যেন হাস্যকর, ওজনহীন করে দিয়েছিলেন এই সাহিত্যিকজীবনকে যাতে তা না-চেপে ধরতে পারে তাঁকে, আর যেন তিনিও নিশ্চিন্তে ভারমুক্ত হয়ে আরেক অপর জীবনে প্রবেশ করতে পারেন। এক নিমিষে, এক ফুৎকারেই কাব্যের এই শিখাকে নিভিয়ে দিলেন তিনি, আর জ্বালালেন না। বাদ দেবার পর কখনও আর তিনি কবিতা লেখেননি, কখনও না। টেলিগ্রাফিক শৈলীতে চিঠি লিখেছেন অনেক–প্রয়োজনে, অপ্রয়োজনে; কিন্তু ভুলেও কখনও কবিতা লেখেননি, চিঠিপত্রেও তার কোনো উল্লেখ করলেন না! দীর্ঘমেয়াদি ঘোরার, বা আরও ভালোভাবে বললে, চিরপথিকের বাসনা জাগ্রত হলো এবার তাঁর মনে। যা ছিল ছোট্ট পরিসরে আবদ্ধ তা এবার অর্গল খুলল। মনে করলেন, নানা দেশ ঘুরতে গেলে প্রয়োজন হবে নানা ভাষা জানার। ঘরে বসেই তাই শুরু করলেন ভাষাশিক্ষার কাজ। শিখলেন ডয়েচে, ইতালীয়, ইস্পানিঞল; কাজ করলেন গ্রিক-রুশ অভিধান নিয়ে, আরবিও কিছুটা শিখতে চাইলেন। পাঁচ বছরের শীতকালটা ব্যয় করলেন শিক্ষায়, দীর্ঘ হাঁটাটা যেন ছিল বসন্তকালের অপেক্ষায়।
১৮৭৫ সালে স্ট্রুটগার্টে অবস্থানের সময় তিনি সিদ্ধান্ত নিলেন ইতালি যাবার। এবং সুইটজারল্যান্ড সীমান্ত অতিক্রম করলেন প্রথমে রেলগাড়িতে, পরে অর্থের অভাবহেতু পায়ে হেঁটে। সেন্ট গোটহার্ড গিরিপথ পেরিয়ে নিঃশেষিত হয়ে তিনি এসে পৌঁছলেন মিলান-এ, সেখানে পেলেন এক রহস্যময় নারীর সেবাযত্ন। আবার পায়ে হেঁটে তিনি রওনা করলেন ব্রিনদিসির উদ্দেশে, কিন্তু প্রখর সূর্যকিরণে লেগহর্ন এবং সিয়েনা-মধ্যবর্তী পথে অসুস্থ হয়ে ফিরে এলেন মার্সেইতে, পরে গেলেন পারিতে, তারপর নিজ শহর শার্লভিল-এ। ১৮৭৬ সালটিও রোমাঞ্চে পূর্ণ। প্রথমবারের মতো মাথা ন্যাড়া করে তিনি রাশিয়ার উদ্দেশে রওনা করলেন। কিন্তু ভিয়েনায় এসে কাগজপত্রের অভাবে এক কোচম্যানের পিটানি খেয়ে অর্ধমৃত হয়ে পড়লেন। ওলন্দাজ সেনাবাহিনীতে নাম লেখালেন তিনি, কিন্তু সালাতিগায় (বর্তমানে ইন্দোনেশিয়া) পালিয়ে গেলেন। ১৮৭৭ সালে ব্রেমেন-এর উদ্দেশে রওনা করেন তিনি, লক্ষ্য ছিল আমেরিকায় পৌঁছনো। কিন্তু স্টকহোমে এসে পড়ে টিকিট পরীক্ষকের হাতে আটকে গেলেন এবং ফিরে এলেন শার্লভিল-এ। পরের বছর মার্সেই থেকে মিশরের উদ্দেশে যাত্রা করলেন, কিন্তু অচিরেই অসুস্থ হয়ে পড়লে ফেরত আসতে হলো তাঁকে। পায়ে হেঁটে বাড়ি এসেই আবার সুইটজারল্যান্ডের উদ্দেশে বাড়ি ছড়লেন। সেন্ট গোটহার্ড-এর ওপর দিয়ে পায়ে হেঁটে জেনোয়া গেলেন এবং সেখান থেকে সাইপ্রাসের উদ্দেশে জাহাজে চাপলেন। কিন্তু ১৮৭৯ সালের বসন্তকালে জ্বর আবার কষে ধরল তাঁকে, অবস্থা বেগতিক দেখে তিনি ফিরে এলেন বাড়িতে। শীতের প্রথম ঠান্ডা পড়া শুরু হলে তিনি আবার মার্সেই গেলেন, কিন্তু জ্বরের কারণে যাত্রা রুদ্ধ হলো, মন খারাপ করে ফিরে এলেন ঘরে। এভাবেই, এক স্থিরতা আর অস্থিরতার দোলনে তিনি আন্দোলিত হতে লাগলেন: শীতকালে ঘরে বসে অভিধান ঘেঁটে ভাষা শিক্ষা আর বাকি সময়টাতে ঘর ছেড়ে বের হয়ে পড়া। ১৮৮০ সালে সাইপ্রাসের উদ্দেশে আবারও গৃহত্যাগ করলেন তিনি। সেখান থেকেও তাড়াতাড়িই, প্রথমবারের মতো উত্তর দিকে না গিয়ে, লোহিত সাগর পেরিয়ে এডেনের দিকে যাত্রা করলেন তিনি। আর এখানেই অভিনীত হবে তাঁর জীবননাটকের প্রধানতম দৃশ্য: এডেন আর হারার-এর মধ্যে ঘোরাঘুরি করে তিনি কাটিয়ে দেবেন একটি দশক।
এডেন, সাবেক ব্রিটিশ কলোনি, বর্তমান ইয়ামেনের অংশ, যার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস, সেখানে র্যাঁবো এক কফি প্রস্তুতকারক কোম্পানির তত্ত্বাবধায়ক হিসেবে কাজ নিলেন। নিয়োগকর্তা তাঁকে পছন্দ করত, প্রতিষ্ঠিত ব্যবসায়ী আলফ্রেড বারডি, তাঁকে আবিসিনিয়ার হারার-এ নতুন অফিস খোলার জন্য দায়িত্ব দিলেন। ছয় হাজার ফুট উঁচতে অবস্থিত হারার ছিল এক উষ্ণ এলাকা। র্যাঁবো রাজি হয়ে দলবল নিয়ে যাত্রা করলেন, সেই যাত্রা ছিল তিনশো কিলোমিটারের এক কষ্টকর স্থলপথযাত্রা: নানা চড়াই-উতরাই, জঙ্গল, পাথুরে মরুভূমি, বন এবং পর্বত, অধিকাংশ সময় পায়ে হেঁটে পাড়ি দিয়ে, দু-সপ্তাহে হারার পৌঁছল র্যাঁবোর দল। নতুন জায়গায় নানাভাবে অব্যবস্থিত হতে লাগলেন তিনি: ক্লান্তি, একঘেয়েমি, বেখাপ্পা, ব্যবসায়-প্রসারের দায় ইত্যাদি অনুষঙ্গ এবং উপসর্গে সময় তাঁর অস্বাভাবিকভাবেই কাটতে লাগল। পরে এক পত্রে তাঁর অসুস্থতার জন্য এই হারার-এ অবস্থানকে দায়ী করেছিলেন তিনি: '… প্রতিদিন কম-করে-হলেও পনেরো-বিশ-চল্লিশ কিলোমিটার পথ হাঁটহাঁটি করা, সেখানকার চারপাশের উঁচু পাহাড়ের ওপর দিয়ে ঘোড়ার পিঠে চড়ে পাগলের মতো ছুটে বেড়ানো। এখন মনে হয়, গরম আর শৈত্যে এই অমানুষিক পরিশ্রমের কারণেই হাঁটুর অসুখটা বাসা বেঁধেছে।' এক বছর এখানে থেকে তারপর ফিরে যার এডেন-এ, তারপর আবার হারার-এ, তারপর শেষ বারের মতো এডেন-এ। এভাবেই 'শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা।' এটি ছিল তাঁর নিয়তির দোলন, তাঁর জীবনঘড়ির পেন্ডুলামের অমোঘ ঘূর্ণন। কিন্তু কোম্পানির অবস্থা খারাপ হতে থাকলে তিনি চাকরি ছেড়ে অন্য কাজ নেন। এসবেরই লক্ষ্য ছিল শুধু টাকা রোজগার, যাতে একটি স্বস্থ, স্বাভাবিক এবং প্রত্যাশিত জীবন যাপন করতে পারেন তিনি, যেন পান 'দু দণ্ড শান্তি'।
১৮৮৫ সালে তাঁর মাথায় এল নতুন চিন্তা যা তাঁকে স্বস্তি দিয়েছিল মনে মনে। ইউরোপে বাতিল হয়ে যাওয়া পুরোনো সামরিক বন্দুক এবং অস্ত্রশস্ত্র কম দামে কিনে নিয়ে এসে চোয়ার রাজা মেনেলিক-এর কাছে বেঁচার জন্য চুক্তিবদ্ধ হলেন তিনি। সঞ্চয়ের সব অর্থই তিনি বিনিয়োগ করলেন এই ব্যবসায়, পেলেন দুজন অংশীদার, সলেইয়া এবং লাবাত্যু-কে। কিন্তু তারা দুজনই তাড়াতাড়ি মরে গেল, কিন্তু র্যাঁবো হাল ছাড়লেন না। ১৮৮৬ সালের সেপ্টেম্বরের আগ পর্যন্ত চালিয়ে পরে ছাড়েন এই ব্যবসায়। তারপর দীর্ঘ পথ পায়ে হেঁটে, সূর্যের অসহ্য দহনে দগ্ধ হতে হতে, পঞ্চাশ দিন ধরে মারাত্মক মরুভূমির বিরামহীন পথ পাড়ি দিয়ে অবশেষে অ্যাঙ্কোবার-এ এসে পোঁছলেন, কিন্তু রাজার দেখা পেলেন না, কারণ তখন রাজা সেখানে ছিলেন না। র্যাঁবো তখন আর্থিক, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি নিঃস্ব। হারার-এ ফিরে এসে তিনি তাঁর পুরোনো ছোটো ব্যবসায় চালিয়ে যেতে থাকলেন যতদিন-না আক্রান্ত হলেন পায়ের দুরারোগ্য রোগে।
ছত্রিশ বছর বয়সে কর্কটরোগ বাসা বাঁধল ছদ্মবেশে, সেই পায়ে, যা পথিকের একমাত্র সম্বল; পা তো পথিকের নিয়তিও। নিয়তি যেন থামিয়ে দিতে চাইল তাঁকে, তাঁর গতি ও চক্ররেখার সমাপ্তিসুর বেজে উঠল। হারার-এ হাঁটুর ব্যথা অবিরাম বেড়ে যেতে লাগল। প্রথমে মনে করেছিলেন গেটে বাত। অসহ্য ব্যথায় কাতর ও পীড়িত হয়ে ১৮৯১ সালের ২০ জানুয়ারি তিনি চিঠিতে বললেন: 'এখন খুব খারাপ সময়ের মাঝ দিয়ে যাচিছ।' ব্যথার দহনকষ্টে নিদ্রাহীন হতে থাকলেন তিনি। তবু কাজ করতে চাইলেন, চাইলেন নিজেকে ব্যস্ত রাখতে। ব্যথা নিয়েই হাঁটা বাড়িয়ে দিলেন, ভাবলেন ওসব কিছু নয়, সেরে উঠবে বেশি করে হাঁটলে। কিন্তু পেরে উঠছিলেন না, আর যখন বুঝলেন, ডান পা আর সাড়া দিচ্ছে না, তখন হারার ছাড়ার সিদ্ধান্ত নিলেন। ৭ এপ্রিল সকাল ছটায়, খাটিয়ায় চড়ে, মার্সেই-এর উদ্দেশে চিরতরে হারার ছেড়ে রওনা দিলেন। ছয়জন লোক তাঁর খাটিয়া বহন করছিল, এভাবে এগারো দিন বর্ণনাতীত কষ্ট সহ্য করে–যার মধ্যে ছিল ষোলো ঘণ্টা অবিশ্রান্ত বৃষ্টিপাত, যাকে তিনি মনে করতেন তাঁর সমূহ ক্ষতিকারী হিসেবে, তিনশো কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে, এবং একটু সামান্য যাত্রাবিরতি দিয়ে আরও এগারো দিন জাহাজে চড়ে–তিনি পৌঁছলেন মার্সেই। তাঁকে ভরতি করানো হলো কনসেপশন হাসপাতালে। 'খারাপ, অতিশয় খারাপ অবস্থায় আছি আমি', বললেন তিনি। জরুরিভাবে পা কেটে ফেলার প্রয়োজন হওয়ায় ২৭ মে অপারেশন করা হলো। র্যাঁবো, চিরপথিক র্যাঁবো হলেন পদহীন! 'ডাক্তার বললেন, এক মাস পর আমি তা আবার ফিরে পাব, এ ছাড়াও আবার ধীরে ধীরে হাঁটতে পারব আমি।' ব্যথার সাময়িক উপশম হলো, কিন্তু নিয়তি আড়ালে মুখ চেপে হাসছিল, কেননা এখন অসুখটা যে ছড়িয়ে পড়ল সারা শরীরে। 'একটি কাঠের পায়ের অর্ডার দিয়েছি, এর ওজন মাত্র দুই কেজি, আট দিনেই তা প্রস্তুত হয়ে যাবে। তা দিয়ে আস্তে আস্তে হাঁটতে শুরু করব আমি।' বোঝা যায়, চলা ছিল যার সংরাগ, এই স্থবিরতা এবং পড়ে থাকা তাঁর জন্য এক জ্বলন্ত অভিশাপ। তাঁর মা এসে দেখে গেলেন তাঁকে। র্যাঁবো হয়ে পড়লেন মায়াবলোকনে অস্থির: 'এটা-ওটা করতে চাচ্ছি, হেথা-হোথা যাচ্ছি, দেখছি, বেঁচে যাচ্ছি, চলে যাচ্ছি অন্য কোথাও।' যাকে বলে 'অডিটরি হেলুসিনেশন', তা-ই দেখা দিল তাঁর আচরণে। হাসপাতাল অসহ্য হয়ে উঠল তাঁর কাছে, সিদ্ধান্ত নিলেন রোশ-এ তাঁর পরিবারের কাছে ফিরে যাবেন রেলগাড়ি করে। ফিরবেন বিশ বছর আগের সেই আরম্ভবিন্দুতে। রোশ-এ পারিবারিক খামারে ছিলেনও মাসখানেক। বদমেজাজ সত্ত্বেও বোন ইসাবেল নিরন্তর যত্ন করতে থাকেন পরম মমতায়। কিন্তু অবস্থা আরও খারাপ হলো–খেতে পারছেন না, ঘুমহীন, সারা শরীর ব্যথায় জর্জরিত। সারা দিন পপির আরক খেয়ে পড়ে থাকেন। কিন্তু অসম্ভব ক্ষয়ে-যাওয়া দেহ আর পিষ্ট মন নিয়েই তিনি চলে যেতে মনস্থ করে বসলেন: মার্সেইয়ে জাহাজ ধরে আলজিয়ার্স বা এডেন-এ নেমে পড়তে চাইলেন। কিন্তু তা আর সম্ভব হলো না। বুঝতে পারছিলেন যেন নিজ অন্তর্ধানের ইঙ্গিত।
অগাস্টের ২৩ তারিখ বোনকে নিয়ে রেলগাড়ি ধরলেন তিনি। যাত্রাপথের স্থানান্তরগুলো এতটাই তাঁকে পীড়িত করল যে, মার্সেইতে এসেই তাঁকে হাসপাতালে ভরতি হতে হলো। চিকিৎসকেরা বুঝে গেছেন যে, তাঁর দিন শেষ হতে যাচ্ছে অচিরেই, তবু কয়েকটা দিন তারা দিয়ে গেলেন তাদের সর্বোচ্চ সেবা। মৃত্যু নিশ্চিত হয়ে যাবার পর সেবাদান যেন আন্তরিক ও উথলিত তাঁর জন্য। তিনি বুঝেছিলেন কি না তা স্পষ্ট নয়, তবে এটা যে তাঁর শেষ অবস্থা, তা টের পেয়েছিল কাছের জনেরা। সেপ্টেম্বরের ৩ তারিখে খুব দৃঢ়ভাবেই লিখলেন: 'কৃত্রিম পা-টার জন্য অপেক্ষা করছি। আসা মাত্রই আমার কাছে পাঠিয়ে দিয়ো, এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য খুব যে তাড়া আমার।' প্রতি দিনই আবার হাঁটার জন্য কৃত্রিম পায়ের বাসনা জাগত তাঁর মনে, প্রতি দিনই নতুন পায়ের কথা বলতেন। চাইতেন, এই নতুন পা-টি দিয়ে তিনি দাঁড়াতে পারবেন, পারবেন আবারও হাঁটতে!
ব্যথা অবিরাম বেড়ে যাচ্ছিল। জানলা দিয়ে বাইরের নীল আকাশ দেখতেন আর অক্লান্তভাবে কাঁদতেন, যেন আকাশ তাঁকে ডাকছে। বোনকে বলতেন, আামি মাঠে যেত থাকব আর তুই ঠিক রোদে হাঁটতে থাকবি! ভ্রমণের আর্তি আর স্মৃতিকাতরতা তাঁকে মাতাল করে তুলেছিল: 'আমি আমার বেপোরোয়া ঘুরে-বেড়ানোর কথা ভাবলেই কী যে দুর্দৈব, কী যে নিরাশা আর দুর্ভাবনা মনে আসে, যখন মাত্র পাঁচ মাস আগেও ভ্রমণের জন্য আমি ছিলাম গতিশীল, আর পুরো সক্ষম। কী যে ছিল সেসব ভ্রমণ—পাহাড় ডিঙিয়ে, ঘোড়ায় চড়ে, কখনও-বা হেঁটে, নদী-সমুদ্র-মরুভূমি পাড়ি দিয়ে! আর এখন আমি যেন এক ভাঙা আর ফেলে দেওয়া ঝুঁড়ি ছাড়া আর কিছুই নই।' তাঁর শরীর হয়ে পড়ছিল শক্ত এবং স্থির। 'আমি প্রাণহীন গতিহীন এক কাঠের গুঁড়ি।'–১৮৯১ সালের ১০ জুলাই বোন ইসাবেলকে লেখা চিঠিতে লিখলেন তিনি। আরও লিখলেন: 'এটা ঘটল এমন-এক সময়ে যখন এই গ্রীষ্মেই ফ্রান্সে ফিরে গিয়ে বিয়ে করব বলে মনস্থ করেছিলাম।' কষ্টকে ভুলে থাকার জন্য প্রতিদিন মরফিন নিচ্ছেন। নভেম্বরের শুরুতেই উন্মত্ততা দেখা দিল তাঁর, আর সেরকমই ছিল তাঁর বেঁচে-থাকা শেষ কয়েকটা দিনের অসম্ভব ও ভয়াবহ বাস্তবতা। বিড়বিড় করতেন, বোনকে এ কারণে বলতেনও যে, তাঁর এসব আচরণে নিশ্চয়ই অন্যরা তাঁকে পাগল ঠাওরাচ্ছে। শোয়া তিনি বিছানায়, তাঁর শরীরের উর্ধ্বাঙ্গ পক্ষাঘাতে অচল, হৃৎপিণ্ড আক্রান্ত, কিন্তু তিনি অমূলপ্রত্যক্ষণে বলতে শুরু করলেন যে, তিনি দেখলেন, কৃত্রিম পা নিয়ে তিনি হেঁটে বেড়াচ্ছেন, চলে যাচ্ছেন আবারও একবার; তিনি রয়েছেন হারার-এ, আর এডেন-এর উদ্দেশ্যে রওনা হতে হবে তাঁকে। উট জোগাড় করতে হবে তাঁকে, খচ্চরের পিঠে চড়ে বেড়াচ্ছেন তিনি। 'চলো যাই' কথাটি কত অজস্রবার বলেছেন তিনি। অভিযাত্রীদের নেতা হিসেবে অন্যকে আর নিজের প্রভু হিসেবে নিজেকে কত যে বলেছেন এই কথাটি! প্রকাশ করেছেন চিরন্তন পথিক হওয়ার আকুতি। পথ তাঁকে যেমন করে টেনেছে, আর কাউকে এমনটা পারেনি। কবিতার পথ ছেড়ে দিয়েছিলেন এক লহমায়, কিন্তু জীবনের পথ ছিল অন্তহীন ভ্রমণে মুখরিত। তাঁর হারানো পা তিনি খুঁজে পেতে চেয়েছিলেন কৃত্রিম পা-টিতে, যা দিয়ে আরও ভ্রমণ হয়ে উঠবে সম্ভব। আবার তাঁর যে পা-টা নেই, তাও বুঝতে পারছিলেন না।
বোন ইসাবেল, তাঁর শেষ সময়ের সেবিকা, বুঝলেন, দীর্ঘ পদক্ষেপে এগিয়ে আসছে মৃত্যু। পাদরিও ডাকা হলো। তাঁকে দেখেশুনে মহাখুশি পাদরি বললেন যে, তাঁর বিশ্বাস পাকাপাকি এবং ব্যতিক্রমী যা অন্যের ভেতর দেখা যায় না সচরাচর। বোন ইসাবেল মাকে চিঠিতে জানালেন এ কথা। আরও জানালেন, র্যাঁবো এখন আর খ্রিস্টকে গালিগালাজ করছে না, বরং তাঁকে কায়মনোবাক্যে ডাকছে। কিন্তু ব্যথা এখন সাগরসমান। তাঁর শরীরটা যেন একটি শবদেহসম, তাও হয়তো নয়, কেননা শবের ব্যথা থাকে না, হয়তো তাঁর দেহ হয়ে উঠল মৃত্যুর অমোঘ অ্যাম্ফিথিয়েটার। ১৮৯১-এর দশ নভেম্বর বেলা দুটায় মারা গেলেন তিনি, সাঁয়তিরিশ বছর বযসে। বলেছিলেন তিনি: 'চলো পথে যাই, আমি যে পথিক, কিছু নয় আর।' মৃত্যু যদি আরেক অজানা জগৎ হয় তবে সেই অজানা জগতের অজানা পথে তিনি হাঁটছেন নিরন্তর, যেখানে পা হারানোর সংকট নেই, নেই দুঃখ-ব্যথা বইবার চিরন্তন ভার। নাকি পৃথিবীতে হারানো পা-টার জন্য এখনও মাঝে মাঝে ফিরে আসেন আর ফেলে যাওয়া পথরেথা ধরে অশরীরী তিনি হেঁটে বেড়ান! পৃথিবীকে তিনি যেন দিয়ে গেলেন পা-টা, তা তো ছিল তাঁর পথকর!
কনসেপশন হাসপাতালের মৃত্যু-দস্তাবেজে তাঁর মৃত্যু-সম্পর্কে লেখা রয়েছে: 'জন্ম শার্লভিল-এ, চিরপ্রস্থান মার্সেই-এ।'
কবে নরকে এক ঋতুয় আত্মঘোষণা দিয়েছিলেন–নিরাকরণ এবং সুষুপ্তির; বলেছিলেন: 'শরীর-টরীর ভেঙে গেল আমার। অস্পষ্ট উৎকণ্ঠা দাঁড়াল এসে সামনে। ঘুমের গভীর অতলে তলিয়ে যেতে লাগলাম পুনঃপুন, চলল তা উপর্যুপরি, দিনের পর দিন। আর জেগে উঠলে কষ্টকর স্বপ্নরা ছাড়ত না আমাকে। মৃত্যুর জন্য একেবারেই মানানসই হয়ে গেলাম আমি, আমার অক্ষমতা আমার হাত ধরে নিয়ে গেল বিপজ্জনক এক পথ ধরে জগতের শেষ সীমান্তের প্রান্তে… অন্ধকারময় সেই দেশে।' তা ছিল এক কাব্যিক ভাবাবেশ। বেশিদিন নয়, মাত্র ষোলো বছর পর সত্যিসত্যিই বাস্তবায়িত হলো সেই কাব্যিক অভিলাষ। র্যাঁবো সমূহ বিপজ্জনকভাবেই চলে গেলেন অসম্ভবের দেশে, এই বয়সহীন পৃথিবীটা ছেড়ে, স্বাধীনভাবে। মৃত্যুকে কষ্ট করতে হয়নি তাঁর জন্য, বরং তিনিই স্বতঃপ্রণোদিত হয়ে যেন খুশি করলেন চিরবিনাশককে।
দেখতে দেখতে এসে গেল হেমন্ত!
…আর চিরন্তন সূর্যের জন্য আহাজারি নয় আর-একটুও,
আমরা তো পণ করে রেখেছি যে স্বর্গীয় আলোকোজ্জ্বল অভিযাত্রায় বের হবো–
ঋতুর আবর্তনে যে-আলোরা মরে যায়, তার থেকে দূরের, বহু দূেরর, অন্য এক হেমন্ত।
১. আরতুর র্যাঁবো সমগ্র: কবিতা ও গদ্য, ১ম খণ্ড, ইংরেজি অনুবাদ-সম্পাদনা-ভূমিকা: ওয়াট ম্যাসন, দ্য মডার্ন লাইব্রেরি, নিউ ইয়র্ক,২০০২
২.ঘাতকদের সময়, র্যাঁবো অধ্যয়ন: হেনরি মিলার, বাঙলা ভাষান্তর ও ভাষ্য: ভূমেন্দ্র গুহ, সুবর্ণরেখা, কলকাতা, ২০০৫
৩. দ্য ফিলোসোপি অব ওয়াকিং :ফ্রেদেরিক গ্রোস, ইংরেজি অনুবাদ: জন হাউই, ভারসো, লন্ডন:২০১৫
