২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

বলকান কসাই ও নোবেল বিজয়ী নাট্যকার পিটার হ্যান্ডকে

উৎপল দত্ত

Published : 14 Oct 2019, 02:45 PM

Updated : 23 Jun 2022, 04:00 PM


"উদ্ভাবনী ভাষাশৈলীর সাবলীল প্রয়োগে তার অভিযাত্রা মানুষের অভিজ্ঞতার সীমান্তরেখা জুড়ে এবং সেই অভিজ্ঞতাকে তিনি সুচিহ্নিত, সুনির্দিষ্ট করেছেন।" –রয়াল সুইডিশ একাডেমির এই সাইটেশন নিয়ে সাহিত্যে নোবেল, ২০১৯ পেলেন পিটার হ্যান্ডকে।
আর মানুষ মননে ধরে রেখেছে কন্টকিত ইতিহাস। যুদ্ধাপরাধ। জেনোসাইড। অভিজ্ঞতার সীমান্তকে সুচিহ্নিত করা তাই অর্থহীন হয়ে পড়ে। দ্বন্দ্ব ও দ্বৈরথ ইতিহাসের ফাটল গলিয়ে বেরিয়ে আসে। হ্যান্ডকের নোবেল প্রাপ্তির শুভ্রতা ইতিহাসের কাঁটায় বিদ্ধ ও রক্তাক্ত। জেনোসাইডের শীর্ষ অপরাধীর সাথে তার সম্পৃক্তির ব্যাখ্যা মানুষের জীবনযাত্রার অভিজ্ঞতার সাথে মেলাতে পারেননি। আত্মপক্ষ সমর্থন করেছেন, নিজের মতো করে। মানুষের অভিজ্ঞতা ও ইতিহাসের সাথে তা যায়নি।
২০০৬ সালে কুখ্যাত যুদ্ধাপরাধী মিলোসিভিচের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন পিটার হ্যান্ডকে। আত্মপক্ষ সমর্থন করে একটি সাক্ষাৎকারে তিনি বলেন 'মিলোসিভিচ নায়ক ছিলেন না, মানুষটির পরিচিতি বিয়োগান্তও নয়, আর আমি একজন লেখক, বিচারক নই। (Handke defended himself in an interview in 2006, saying that Milosevic was "not a hero and a tragic human being" and that he "was a writer and not a judge." CNN)
অস্ট্রিয়ান নাট্যকার ও ঔপন্যাসিকের স্লোভেয়ান শেকড়-সংলগ্নতা ও পরম্পরা তাকে মুক্তি দেয়নি। পৃথিবীর মানচিত্রে মানুষের মুখোমুখি হতে পারেননি হ্যান্ডকে। তার হাত তাই যুদ্ধাপরাধী মেলোসিভিচের হাতের শেকলে যুগলবন্দী। ভাঙা-গড়ার মুহূর্তে স্লোভেনিয়ার জন্ম। স্লোভেনিয়ার প্রতি মিলোসিভিচের আগ্রহ ছিলো না। তার নজর ছিলো ক্রোয়েশিয়ার দিকে। হাজার হাজার ক্রোয়াট এই প্রধান যুদ্ধাপরাধীর হাতে মারা যায়।

যুগোশ্লাভিয়ায় জেনোসাইড ও পিটার হ্যান্ডকে

'প্রিয় সালামান, আমি বিশ্বাস করি সাহিত্যে সর্বশেষ নোবেল পুরস্কার প্রাপ্তির খবরটি তুমি জানো। আমি ব্যথিত। এটাতো মিলোসিভিচ শাসনামলের শিকার অসংখ্য মানুষের মুখে চড়-থাপ্পর মারার মতো', টুইট করেছেন ভ্লোরা সিটাকু ।
সালমান রুশুদির সাফ জবাব, 'ওর বোকামির কথা আমি ২০ বছর আগেই লিখেছিলাম। আমি তোমার সাথে সম্পূর্ণ একমত।'
টুইটারে কথা হচ্ছিল, সালমন রুশদি ও ভ্লোরা সিটাকুর মধ্যে। সিটাকু যুক্তরাষ্ট্রে নিয়োজিত কসোভোর অ্যাম্বাসাডার। টুইটারে এখন মাছের বাজারের কোলাহল।
"shameful" that the award has been given to a "genocide denier." সমালোচকদের প্র্রসঙ্গ টনে চড়া ভাষায় মন্তব্য করেছে সিএনএন।
তাই নোবেল পুরস্কারে আবার কুড়ালের আঘাত। বিবিসির ভাষায় হিট আউট। ছুঁড়ে ফেলে দাও। নোবেল শান্তি পুরস্কার বারবার বিতর্কের গর্তে বা পরিখায় পড়েছে। শান্তি পুরস্কারের ক্ষেত্রে সংখ্যাটি তুলনামূলকভাবে বেশি। বিতর্কের পারদ সোভিয়েত-যুগে চড়চড় করে বেড়ে উঠেছিল– চক্ষুষ্মান হয়েও চোখ বন্ধ করে, চক্ষুলজ্জা তোয়াক্কা না করে। অন্যান্য বিষয়য়ের ক্ষেত্রে, বিশেষ করে, সাহিত্যের ক্ষেত্রে তা অতোটা রাজনৈতিক ঝড়ের চেহারা নেয়নি। ২০১৯ সালের নোবেল পুরস্কার শুধু অসন্তোষ নয় রাজনীতির কাদায় মাখামাখি হয়ে গেল। এর মূলে রয়েছে যুদ্ধাপরাধ, এলেবেলে অসংলগ্ন অসন্তোষ নয়।

প্রতিভাবান লেখক তার লেখার শৈলীতে, জীবনমুখিনতা, ইতিহাসের অনুষঙ্গ, ভাষার বৈচিত্র্য ও তার অন্তর্গত উপলব্ধির বলয়কে দর্শনের মতো ব্যবহার করেন তার রচনায়। নোবেলের মঞ্চে তাদের দেখা গেছে। পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বিস্ময়কর প্রতিভা দেখা গেছে বিভিন্ন ভাষায়। তাদের সাহিত্যকর্ম টলটলায়মান জীবনকে আবার জমিনের শক্ত ভিতে প্রতিষ্ঠা করেছে।

সাহিত্যচর্চায় যে ভৌগোলিক অঞ্চলগুলি ঋদ্ধ বলে সরলীকরণ করে দেখা হয়, তার বাইরেও প্রতিভার উন্মেষ ও পরিণত রূপ দেখা গেছে। ইংরেজি, ফরাসি, হিস্পানি, রুশ, পোলিশ-এর পাশাপাশি যখন দারিদ্র্য-পীড়িত আফ্রিকার মুখ আলোকিত জীবনের মতো উপস্থাপন করেছেন একজন কথাসাহিত্যিক, তার নাম মানুষ প্রথম শুনেছে সুইডিশ একাডেমির ঘোষণায়। এই উন্মোচন ও আলোর উদ্ভাস বোধি-বিদ্ধ করার মতো। সাহিত্যে নোবেলের তালিকায় যখন এসেছেন তারা, তখন বিস্ময় জেগেছে। কাঙ্খিত, অনুমিত অনেকেই নোবেল পাননি। একটু অসন্তোষ উঁকি দিয়েছে ঠিকই, মুখও আড়াল করেছে। বিতর্ক দানা বাঁধেনি। খুব জোরেশোরে আওয়াজ ওঠেনি। না পেলেও কিছু আসে যায় না। ওই মুকুট না পরেও সাহিত্য-অনুরাগীদের মনে তারা রাজার আসন পেতে বসেছেন। তাই ঝড় ওঠেনি, খড় ওড়েনি।

ইতিহাসের কাঁটায় ছেঁড়া হ্যান্ডকের নোবেল বিজয়

এবার উঠলো ঝড়। একটু তেড়েফুড়েই উঠলো। তার ইতিহাস পেছনে, শায়িত ও নীরব। কিন্তু ইতিহাস সমাধিতে শুয়ে বিস্মৃত হয়ে যায় না।
মার্শাল টিটোর সোশালিস্ট ফেডারেল রিপ্লাবিক অব যুগোস্লাভিয়া ভাঙতে শুরু করে বিশ শতকের নব্বইয়ের দশকের শুরু থেকে । ছয়টি ফেডারেল রিপাব্লিকের মধ্যে ছিলো বসনিয়া ও হার্জেগোভিনা, সার্বিয়া, ক্রোয়েশিয়া, ম্যসিডোনিয়া, মন্টেনেগ্রো ও স্লোভেনিয়া। দশকজুড়ে সার্ব-ক্রোয়াটসহ ভিন্ন জাতিসত্বার মধ্যে লড়াই ইতিহাসে নজিরবিহীন রক্তাক্ত ও বর্বর ইতিহাস তৈরি করে। বসনিয়া-হার্জেগোভিনায় মুসলিম হত্যা, লুণ্ঠন, বিতাড়ন, ধর্ষণ সভ্য চোখে ছানি-ঠুলি পড়িয়ে দেয়। বাংলদেশ তখন স্বৈরাচারবিরোধী আন্দোলনে ব্যস্ত। সুপরিকল্পিত এই হত্যাযজ্ঞ ইতিহাসে অন্যান্য গণহত্যার মধ্যে নির্মম, বর্বর। বর্বর বললেও মনে হয় একটু কমই বলা হলো।
একজন কথাসাহিত্যিক, যার লক্ষ্যই নিরন্তর জীবন ও তার ভাষা অন্বেষণ। জীবনকে বহুমাত্রায় ব্যাখ্যা করা। জীবনের বহুধাবিভক্ত গতি, স্থবিরতা, প্রবহমানতার ঘোমটা খুলে দেয়া যাতে করে জীবনোপলব্ধি ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। শেষবিচারে তা অপ্টিমিস্টিক বা আশাবাদি হয়। ঝিমিয়ে-পড়া প্রাণ যেন জেগে ওঠে। রয়াল সুইডিশ একাডেমির একটি-দু'টি বাক্যের মন্তব্যে প্রায় এ ধরনের কথাই সাইটেশন হিসেবে উক্ত ও যুক্ত থাকে — ' … … কারণে তার হাতে এবার নোবেল পুরস্কারটি তুলে দেয়া হলো।'
গণহত্যার প্রধান নায়ক স্লোবোদান মিলোসিভিচ। তার তিরোধানকে মহিমান্বিত করার জন্য কোন যুক্তিই মানুষ গ্রহণ করতে পারে না। সম্প্রীতি-সংলগ্নতা দেখানোর কাজটি যদি করেন একজন কথাসাহিত্যক আর তার হাতে ওঠে নোবেল, ঝড় তো উঠবেই। মানুষের অন্তরাত্মায় তা কুঠারাঘাত করে। সে বিপন্ন বোধ করে। এই কাজটিই করেছিলেন, পিটার হ্যান্ডকে। গণহত্যার নায়কের পক্ষে দাঁড়িয়েছেন।

সাহিত্যে ২০১৮ ও ২০১৯ এর নোবেল বিজয়ী

যৌন হয়রানি ও স্ক্যান্ডালের মুখে ২০১৮ -র সাহিত্যে নোবেল পুরষ্কার বাতিল করা হয়। এ বছর তাই সাহিত্যে যুগল আয়োজন। দুর্নীতি, গোপন আঁতাতে দুষ্ট ভেঙে পড়া রয়াল সুইডিশ একাডেমিকে পুনর্গঠনের জন্য চাপ দিচ্ছেন সমালোচকেরা। সব মিলিয়ে চাপে-তাপেই এলো এ বছরের সাহিত্যে নোবেল পুরস্কার। অতীতের "male-oriented" and "Eurocentric" অভিযোগও কাটিয়ে ওঠার প্রচেষ্টা দেখা যায় এ বছর।
পোলিশ নোভেলিস্ট Olga Tokarczuk-কে ২০১৮ এবং Austrian author Peter Handke¬-কে ২০১৯ সালের নোবেল বিজয়ী ঘোষণা করে সুইডিশ নোবেল একাডেমি। "male-oriented" and "Eurocentric" past- এই দুটি সারগর্ভ ও অতি সংক্ষিপ্ত মন্তব্য ছিলো নোবেল প্রাপ্তির যৌক্তিকতা ঘোষণায়। দুধকে বেশি ঘন করলে ক্ষীর হয়, উৎকৃষ্ট ও রুচিকর খাদ্য। তারচেয়ে আরেক ধাপ উত্তাপ বাড়িয়ে স্বল্পায়তন করলে তা আর মুখে তোলা যায় না। চেনাও যায় না। হেঁয়ালি হয়ে যায়। উপরোক্ত মন্তব্যে তাই ধরা পড়ে। এর ব্যাখ্যা পন্ডিতজন করবেন। এর বিস্তার নানামুখী হতে পারে। এলিয়ে পড়তে পারে। ভিন্ন খাতে বইতে পারে।

মেইল-অরিয়েন্টেড (male-oriented )ও ইউরোসেন্ট্রিসিজম

৫৭ বছরের ওলগা তোকারচুক পোল্যান্ডে জনপ্রিয়। ২০১৮ সালে তিনি ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার পান তার ফ্লাইটস উপন্যাসের জন্য। ফ্লাইটস ২০০৭ সালে পোলিশ ভাষায় প্রকাশিত। নোবেল ইতিহাসে বারবার পুরুষের হাতেই উঠেছে। পোল্যান্ড ইউরোসেন্ট্রিক কনসেপ্টে আসে না বলে সুইডিশ রয়াল অ্যাকাডেমির ধারণা বলে সমালোচকরা ইঙ্গিত দিয়েছেন। 'মেইল-অরিয়েন্টেড' অপবাদটিও এড়ানো যায়। "মাঝেমধ্যেই আমি সচকিত হই, আমার জীবন কতোটা গতিশীল হতো যদি আমার লেখা খুব তাড়াতাড়ি ইংরেজীতে প্রকাশ পেত … ইংরেজী একটি বইকে আনÍজার্তিক রুপ দেয়, প্রকাশনা বৈশ্বিক হয়!", আক্ষেপটি স্বয়ং ওলগা তোকারচুকের। "Sometimes I wonder how my life would have worked out if my books had been translated into English sooner,"… … … and when a book appears in English it is made universal, it becomes a global publication." (The Gurdian, 10 October,2019)
ওলগা তারজুক তার আখ্যান-কল্পনায় অতিকায় আবেগ-আগ্রহকে ধরেছেন যা জীবনের ছবি হয়ে সীমানা ছাড়িয়ে গেছে। এই পর্যবেক্ষণটি রয়াল সুইডিশ একাডেমির।
মেইল-অরিয়েন্টেড আর ইউরোসেন্ট্রিসিজম থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসার প্রচেষ্টা স্পষ্ট। দীর্ঘকাল সমালোচকদের তীরের ফলায় থাকা রয়াল সুইডিশ একাডেমি গত বছরের স্খলন-পতনের পর সংশয় আর বিভ্রান্তিতে ভুগছে।
ইউরোসেন্ট্রিক কথাটিও গোলমেলে। এর একটি সুনির্দিষ্ট অর্থ থাকলেও পরিস্থিতির পরিবর্তনে, প্রয়োগের ভিন্নতায় তার অর্থ বদলে যায়। ১৯৯০ সাল থেকে প্রাসঙ্গিক ও জনপ্রিয় হয়ে ওঠা ইউরোসেন্ট্রিসিজমের মধ্যে মানব-উন্নয়ন ও বিকাশের কথাটিও জুড়ে দেয়া হয় যা আন্তর্জাতিক ও বিশ্বজনীন।
একই সাথে যা ইউরোপকেন্দ্রিকতার কথা বলে, তা আবার আন্তর্জাতিক সংহতির সাথে যায় কী করে! শুধু তাই নয় কেন্দ্রিকতার প্রশ্নে তা যতোটা ইউরোপীয় ততোটা পশ্চিমের নয়।
তালগোল আরও পাকিয়ে যায়, যখন ইউরোসেন্ট্রিকের মূল সংজ্ঞাতে বলা হয়, এটা ওয়ার্ল্ডওয়াইড ভিউ কিন্ত ইউরোপের কোলে-পিঠে লালিত ও বেড়ে ওঠা মুখোরোচক ইউরোসেন্ট্রিক কথাটির কথক ইউরোপের শিল্পোন্নত দেশগুলি। ইউরোসেন্ট্রিক একই সাথে, উপনিবেশ উৎখাত, মানব-উন্নয়ন ও মানবিকতাকে ধারণ-পোষণ করে। আর এই ধোঁয়াশার ধারণাটি তারা তুলে দিয়েছেন তৃতীয় বিশ্ব বা উন্নয়নশীল দেশগুলির হাতে। উপনিবেশ উৎখাত, মানবিকতা আর মানব-উন্নয়নের বিষয় বিশ্বজনীন। অথচ তা ইউরোসেন্ট্রিক নামে একটি ভূ-রাজনৈতিক আয়তনে আবদ্ধ। এই স্ববিরোধী অভিধা ইউরোসেন্ট্রিক কথাটি প্রয়োগ করা হয়েছে অস্ট্রিয়ান লেখক পিটার হ্যান্ডকের ক্ষেত্রে।

বলকান কসাই ও নোবেল বিজয়ী কথাসাহিত্যিক হ্যান্ডকে

একীভূত যুগোশ্লাভিয়ার রাষ্ট্রনায়ক মার্শাল টিটোর মৃত্যৃর পরই রাষ্ট্রের অখন্ডতায় চির ধরে। ভেঙে পড়বে যুগোশ্লাভিয়া, এমন কথা হাওয়ায় উড়ছিল তখনই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে আগেই। ইউরোপের দেশগুলি যখন জোটবদ্ধ হয়ে শান্তি ও সমৃদ্ধির পথ খুঁজছিল, যুগোশ্লাভিয়া তখন খানখান হয়ে যায়। এই ভেঙে-পড়ার বিষয়টি সুস্থ, সুপরিকল্পিত সমঝোতা, চুক্তি বা মতবিনিময়ের মাধ্যমে হতে পারতো। হয়নি।
গৃহযুদ্ধ শুরু হয়, রূপ নেয় গণহত্যায়। জেনোসাইড কতো ভয়ঙ্কর হতে পারে, নৃশংস হতে পারে ইতিহাসে তার সাক্ষী বলকান যুদ্ধ। উগ্র জাতীয়তাবাদের মন্ত্রজপ করে যারা থাবা মারে তাদের তিনজন স্লোবোদান মিলোসিভিচ, রাদোভান কারাদজিচ এবং রাতকো ম্লাদিচ। এই তিনজনকে বলা হয় 'বলকান কসাই'। ইতিহাসের পাতায় ওই অভিধায় তারা মুদ্রিত। দশকব্যাপী যুদ্ধ বা গণহত্যা শেষে ১৯৯৯ সালের মে মাসে বসনিয়া যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের করে জাতিসংঘ নিয়ন্ত্রিত সংগঠন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যুদ্ধাপরাধীদের মধ্যে প্রধান আসামী হিসেবে স্লোবোদান মিলোসিভিচ, রাদোভান কারাদজিচ এবং রাতকো ম্লাদিচের নাম উল্লেখ করা হয়।
বলকান কসাইদের শীর্ষে থাকা স্লোবেদান মিলোসিভিচের প্রতি মানসিক আনুগত্য প্রকাশ করেন ২০১৯ এর নোবেল বিজয়ী অস্ট্রিয়ান নাট্যকার ও ঔপন্যাসিক:
'আমি সত্য জানি না। কিন্তু আমি দেখি। আমি শুনি। আমি অনুভব করি। আমি স্মরণ করি। তাই আমি যুগোশ্লাভিয়া, সার্বিয়া আর মেলোসোভিচের সাথে নৈকট্য বোধ করি।'
সমালোচনার মুখে তখনই তাকে পড়তে হয়। ২০১৪ সালে তার আন্তর্জাতিক ইবসেন (The International Ibsen award) পুরস্কারটিও ওসলোতে প্রতিবাদের মুখে পড়ে।
২০১৯ এ সাহিত্যে তার নোবেল প্রাপ্তি আগুনে ঝলসে যাচ্ছে। রোষানল যদি বলা যায়, তবে তাই। মানুষের মনে তো নরখাদকের মুখ কালো চাদরে ঢাকা। তার প্রতি যে কোন কারণেই অনুকম্পা আসুক, সংবেদনশীল মানুষ তখন অস্তিত্ব সঙ্কটে পড়ে যায়। মনস্তাত্বিক কারণেই তা হয়। যেহেতু একজন সৃজনশীল সত্ত্বার কাছ থেকে সে জীবনের রোদ ও রূপকল্প দেখতে চায়। সে যদি গণহত্যার নায়ক হয়েও এই গ্রহের বড় প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়ে যায়, তখন মানুষ আত্মপীড়ণে নয় শুধু, অস্তিত্ব সঙ্কটে ভোগে। সেই অর্থে এই তোলপাড় কতোখানি প্রতিবাদ আর কতোখানি আত্মসংরক্ষণের প্রচেষ্টা সেই প্রশ্নটিও সামনে চলে আসে।

তথ্যসূত্র:
এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা
দ্য গার্ডিয়ান
সিএনএন
বিবিসি
icty.org