২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায় নিকানোর পাররা

জাহেদ সরওয়ার

Published : 26 Jan 2018, 12:00 PM

Updated : 23 Jun 2022, 04:01 PM

নিকানোর পাররার কবিতা পড়ে প্রতিক্রিয়া না দেখানো অসম্ভব। এখানেই হয়ত তাঁর কবিতার শক্তিমত্তা। কবিতা পড়তে পড়তে হয়ত মনে হতে পারে এ আদৌ কবিতা নয়। এতদিন ধরে গড়ে ওঠা কবিতার ধারণাকে ভেঙে ফেলার জন্যই বুঝি এই কবিতা। নিকানোর পাররার কবিতাগুলো যদি কবিতা হয়– প্রশ্ন জাগা অস্বাভাবিক নয় যে তাহলে আগে আমরা কবিতা নামে যা পড়েছি তা কী? তিনি তাঁর এই কবিতাসমূহের নাম দিয়েছিলেন প্রতিকবিতা। নিকানোর পাররার কবিতার বই প্রকাশিত হওয়ার সাথে সাথে সত্যিকার অর্থে বিশ্বকবিতায় সূচিত হয়েছিল নতুন এক কবিতার যাত্রা। প্রতিকবিতা। বলা হয়ে থাকে যে কবিতা এখন কোথায় সেটা জানতে গেলে প্রতিকবিতা পড়তে হবে। এটি কবিতার ইতিহাসের ধারাবাহিকতা। তিনি নিজেই তার একটা কবিতায় বলেন,

পৃথিবীতে কোনোকিছুই আপনাআপনি আলপটকা ঘটনা/দাদইজম/কিউবিজম/সুররিয়ালিজম/অথবা আত্মার আত্মপরাজয়/যা হয়/তা আগে যা ঘটেছে তারই যুক্তিসিদ্ধ ফলাফল। [হলোকস্ট; শ্রেষ্ট কবিতা ও প্রতিকবিতা, অনুবাদ: মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়]

সবক্ষেত্রেই এই ধারাবাহিকতা, রাজনীতি সমাজনীতি সাহিত্য চলচ্চিত্র কবিতা সবখানেই। কার্ল সাগান বলেছিলেন, মানুষ দুনিয়াতে নাই বা মানুষের অভিজ্ঞতায় নাই সেরকম কিছু কল্পনা করতে পারে না। আবার শিল্পে সাহিত্যে আগে ঘটে নাই বা ভূঁইফোড় কিছু হতে পারে না। যা হচ্ছে তা আগেরই ধারাবাহিকতা। কিন্তু অনেক সময় পুরাতন থেকে নতুন বেরিয়ে আসার সময় একটা পরিস্থিতি সৃষ্টি হয়। নতুনকে আমরা মেনে নিতে পারি না সহজে। বাদ প্রতিবাদ হয়। যারা বুদ্ধিমান, ইতিহাসের যথেষ্ট পরিমাণ সাক্ষীসাবুদ যাদের কাছে মজুদ তাঁরা শুরুতেই বুঝে যায় এ নতুন মোড়ক।

নিকানোর পাররার এই প্রতিকবিতা যখন প্রথম প্রকাশিত হয় বইটা হাতে নিয়ে অনেকেই নাক সিঁটকেছিল। চিলির আরেক কবি নেরুদার সাথে একলাইনে যার নাম উচ্চারণ করা হয় সেই পাবলো দে রোকা এই বইটি হাতে নিয়ে লেখেন 'এই সব স্থূল, বদখৎ, গোঁয়ার, অলস ওড়গুলো, মৈথুনের পূর্বকল্পনা আর সচেতনভাবেই যাদের জীববিদ্যা আর উদ্ভিদবিদ্যা থেকে টেনে আনা হয়েছে। প্রতিকবিতাগুলো এই বিষম করুণাযোগ্য আর বমিজাগানো ভাঁড়ামোরই দ্বিতীয় সংস্করণ।

গির্জের অধ্যক্ষ ফাদার সালভাতিয়েররা বলেছিলেন, নিকানোর পাররার 'কবিতা ও প্রতিকবিতা' এতই অনৈতিক ও নোংরা যে ময়লা ফেলার ডাস্টবিনেও এটা ফেলা যাবে না কারণ গারবেজ ক্যান অবৈধ সন্তানকে জায়গা দিলেও এত অনৈতিক নয়।'

অন্যদিকে পাবলো নেরুদা বলেছিলেন, 'নিকানর পাররা আমাদের ভাষার মহত্তম নামগুলির অন্যতম।'

'কবিতা ও প্রতিকবিতা' বের হবার পর হুলুস্থল পড়ে গিয়েছিল। একদিকে যেমন তুমুল আক্রমণ অন্যদিকে বিপুল সমর্থন। নিকানোর পাররার চাকরি নিয়ে টানাটানি শুরু হয়েছিল। কিন্তু তিনিতো বিশ্বকবিতার রোলারকোস্টার।

আধ শতাব্দী ধরে/কবিতা ছিলো বেহেস্ত/ গরুগম্ভীর সব বেকুবদের জন্যে/ যতক্ষণ-না আমি এসে হাজির হলাম/ আর তৈরি করলাম আমার রোলারকোস্টার।

ওঠো,চলো, যদি তোমার ইচ্ছে হয়।/ এতো আর আমার দোষ নয় যে তুমি হুমড়ি খেয়ে পড়েছো/ আর তোমার নাকমুখ দিয়ে দরদর ক'রে রক্ত বেরুচ্ছে। [রোলারকোস্টার; শ্রেষ্ট কবিতা ও প্রতিকবিতা]

নিকানোর পাররার প্রায় কবিতাই খাপখোলা তলোয়ারের মত। কবিতা, ভাষা, সাহিত্য, ধর্ম, দর্শন মনোবিজ্ঞান, রাজনীতি, সবকিছুকেই তিনি সেই তলোয়ার দিয়ে আঘাত করেন, খোঁচান। কিন্তু সেই আঘাত যেন মধুময়, রসসিক্ত। এ যেন বার্ণাড শ'র সেই উক্তির মতই, চূড়ান্ত অপমান করার সময়ও চূড়ান্ত রসিক হতে হবে। নিকানোর পাররার এই কবিতাগুলো আঘাত আর রসবোধ পরস্পরের জায়গা তৈরি করে। তিনি অবলীলায় শ্ল্যাংও ব্যবহার করেন কিন্তু সে সব যেন শ্ল্যাং নয়।

কোনো প্রার্থনা চলবে না, হাঁচিও না।
থুতু ফেলা নয়, বাহবা দেয়া নয়, হাঁটু গেড়ে বসা নয়,
পুজো না, চীৎকার না, ডুকরানি না,
কেশে কেশে কফ তোলা না।
এ তল্লাটে ঘুমোবার অনুমতি নেই।
কোনো টিকে দেয়া না, কথাবার্তা না, দল থেকে তাড়িয়ে দেয়া না।
চো-চো দৌড় না, পাকড়ে ফেলা না।
ছোটা একেবারেই মানা

ধুমপান নিষেধ। চোদা বারণ। [হুঁশিয়ারি; শ্রেষ্ট কবিতা ও প্রতিকবিতা]

তার কবিতাকে আপাত দৃষ্টে মনে হবে খাপছাড়া সেই মানুষের মত যে লম্বা লম্বা পা ফেলে হাটে। মেদহীন ঝরঝরে আপাত রসিক কবিতাগুলো একেবারেই অব্যর্থ তীর। প্রচুর জাম্পকাট ব্যবহার করেন তিনি কবিতায়।

গত শতকে গল্পে কবিতায় বেশ ক'জন নিরীক্ষধর্মী লেখক জন্ম নিয়েছেন, নিকানোর পাররা, মিরোস্লাভ হোলুব, তাদেউশ রোজেভিচ, কার্লোস ড্রুমন্ড ডি আনরান্ডি, অরহান ভেলি কানিক, রোজা আইসল্যান্ডার, ফের্নান্দ পেসোয়া, বোর্হেস, ইতালো কালভিনো, পিটার বিকসেল, মিলান কুন্দেরা প্রমুখ। আরও অনেকেই আছেন। এরা বিভিন্ন দেশে বা ভিন্ন ভিন্ন শহরে বসে কবিতা গল্প লিখেছেন কিন্তু তাদের সমমানসিক সাহিত্যচর্চা বা চিন্তার কারণে বেশ সেমিলারিটি চোখে পড়ে। যেমন জার্মান ভাষার গল্পকার পিটার বিকসেলের একটা গল্প পড়েছিলাম তার 'শিশুগল্পিকা' বইয়ে। গল্পে একজন নায়ক জাগতিক সব ট্রাডিশনের উপর বিরক্ত হয়ে সবকিছুর নাম বদলে দিতে থাকে। এটার নাম ওটা ওটার নাম এটা এইরকম করতে করতে সে নতুন এক ভাষা তৈরি করে ফেলে। একসময় সেই ভাষা আর কেউ বুঝেনা। সে ভাবে আজ সে সফল। সে সম্পূর্ণ নতুন এক ভাষা তৈরি করেছে যে ভাষা সে ছাড়া আর কেউ বুঝে না। নিকানোর পাররার একটা কবিতা আছে 'নামবদল' নামে যেখানে তিনিও সবকিছুর নামবদল নিয়ে প্রশ্ন তুলেছেন।

কোন্ কারণে সূর্যকে
চিরকাল সূর্য বলে ডাকা হয়?
আমি বলি তাকে ডাকা হোক
চল্লিশ-লিগ জুতোর বিল্লি বলে।
আমার জুতোগুলোকে কফিনের মতো দেখাচ্ছে বুঝি?
জেনে রাখুন আজ থেকে
জুতোকে বলা হবে কফিন।
[নামবদল: শ্রেষ্ট কবিতা ও প্রতিকবিতা।]

আপাত নিরীহ এইসব কবিতা আসলে নিরীহ নয় তবে তার আক্রমনের স্টাইল ভিন্ন। সাম্রাজ্যবাদের সমালোচনাহীন হয় না লাতিন আমেরিকার কোনো সচেতন শিল্প। কারণ সেখানে শতকজুড়ে মার্কিন সাম্রাজ্যবাদ গেড়ে বসেছে। লাতিন আমেরিকার প্রায় প্রতিটি রাষ্ট্রে। হয় সরাসরি না হয় তাদের তাবেদার সরকার ক্ষমতায় বসিয়ে। চিলিতে তো আরও ভয়াবহ অবস্থা হয়েছিল। তিনি লিখেন, ইউ এস এ/ যেখানে স্বাধীনতা একটা মূর্তি/ ফিদেল যদি এ বিষয়ে নিরপেক্ষ হত/ সে আমাকে বিশ্বাস করতো/ ঠিক যেমন আমি তাকে বিশ্বাস করি। [হাতের কাজ]

১৯১৪ সালে পাররা দক্ষিণ চিলের এক ছোটশহরে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবা ছিলে একজন স্কুল শিক্ষক। তাঁর বোন ভিওলেতা পাররা ও ভাইপো আনহেল পাররা লাতিন আমেরিকার সেরা সঙ্গীতকারদের মধ্যে গণ্য হন। মার্কিন মদদে সালভাদর আইয়েন্দেকে হত্যা করে সামরিক শাসক হেনেরাল পিনোশেৎ চিলেতে সামরিক একনায়কতন্ত্র কায়েম করার পর আনহেল পাররা ফ্রান্সে পালিয়ে যান, তখন বিক্তর হারাকে সানতিয়াগোর ফুটবল মাঠে খুন করা হয় প্রথমে গিটার বাজানোর হাত কেটে ফেলে, পরে গুলিতে ঝাঁঝরা করে ফেলে। ভিয়োলেতা পাররা আত্মহত্যা করেছিলেন। তখন কবি শিল্পী চলচ্চিত্রকাররাই ছিলেন পিনোশেতের প্রত্যক্ষ সমালোচক। চিলিতে গোপনে বলে একটা বই লিখেছিলেন গাব্রিয়েল গার্সিয়া মার্কেস। সেখানে চিলির নির্বাসিত বিপ্লবী চলচ্চিত্র পরিচালক মিগুয়েল লিত্তিনসহ চিলির বিপ্লবী সংস্কৃতিকর্মীদের দুঃসাহসী অভিযানগুলো বর্ণনা করা হয়েছে।

নিকানোর পাররা ব্যক্তিজীবনে একজন বিজ্ঞানী। তিনি সুদীর্ঘকাল গণিত আর পদার্থবিদ্যার শিক্ষক ছিলেন। তিনি মার্কিন দেশের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান ও অক্সফোর্ডে কসমোলজির উপরে উচ্চতর ডিগ্রি নেন। সানতিয়াগোর চিলে বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান পড়িয়েছেন, সেখানে তাকে এমারিটাস প্রফেসর নিযুক্ত করা হয়। আইয়েন্দের হত্যার পর তাঁকে বেশ কিছুদিন নির্বাসনে পালিয়ে বেড়াতে হয়েছিল। জানুয়ারির ২৩ তারিখ মৃত্যুবরণ করেন সারাজীবন হাঁপানিতে ভোগা–শুধু চিলেতে নয় লাতিন আমেরিকাতেও নয় গোটা দুনিয়ার সাহিত্য জগতে নতুন ঢেউ নিয়ে আসা–এই অমর কবি। ভবিষ্যত কবিতার মুভমেন্টগুলোরও বাঁকে বাঁকে আশা করি দেখা যাবে তাকে। নিকানোর পাররাকে টুপিখোলা অভিবাদন।