২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

অদৃশ্যতায় দৃশ্যমান মগ্নচৈতন্যের কবি তাপস গায়েন

অমৃতা ইশরাত অমৃতা ইশরাত

Published : 20 Jul 2021, 05:21 PM

Updated : 03 Oct 2022, 11:24 AM


কবি ফ্রীডরিশ হ্যেল্ডার্লিন তাঁর 'In the Lovely Blue' কবিতায় লিখেছিলেন—
Full of merit, yet poetically, man
Dwells on this earth.
উল্লেখ্য কবিতাটি আত্মনিমগ্ন কবি তাপস গায়েন'র হাতে উঠে এসেছে ঠিক এইভাবে
"উৎকর্ষতায় পূর্ণ, তবু কবিতার বৃত্তে এই পৃথিবীতে মানুষের বসবাস…।"
একথা সত্য যে, তিনি উৎকর্ষতায়পূর্ণ কবিতার বৃত্ত পরিভ্রমণ করে শুষে নিতে শিখেছেন জীবনের ঘ্রাণ। অদৃশ্যতায় দৃশ্যমান আমরা কাব্যগ্রন্থটি পাঠ মাত্রই পাঠক তা বুঝতে পারবেন। এটি কবি তাপস গায়েন প্রণীত চতুর্থ কাব্যগ্রন্থ। পূর্বে তাঁর আরও তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। সাঁকো শূন্য মহাদেশ (২০০১), একলব্য নিঃসীম নগরে (২০১০) এবং সময়বূহ্যে অভিমন্যু (২০১৭)। পাঠকেরা লক্ষ্য করে থাকবেন কাব্যগ্রন্থ নামকরণের ক্ষেত্রে মগ্নচৈতন্যের এই কবি অদ্ভুত তন্ময়তার স্বাক্ষর রেখেছেন। তাঁর কবিতায় চৈতন্যের সংযোগে প্রবহমান পৌরাণিক চরিত্রগুলো নিমিষেই মূর্ত হয়ে ওঠে নাগরিক জীবনে। অপূর্ব শব্দের ঠাসবুনটে চিত্রিত হয় এই মহাদেশ, কখনো ভৌগোলিক সীমারেখা ছাড়িয়ে দৃশ্যমান হয় অন্যকোনো গ্রহ কিংবা তার থেকে বেশি কিছু। সাঁকো শূন্য মহাদেশ কাব্যগ্রন্থে কবি লিখেছেন—
যুদ্ধশেষে পৌরাণিক দেহ কারা নেবে তুলে
প্রজাপতি লুপ্ত করো কাল, অনামিকা দেহ
বিভ্রমের রূপ লিখে রেখো ছায়াপথ জুড়ে…
দৃষ্টির লাবণ্যে দিকভ্রষ্ট, অন্ধ আমি গ্রহান্তরে।

ইতিহাসের সুড়ঙ্গ পথ ধরে কবি হেঁটে চলেছেন। পুরনো পৃথিবীর ঘটনাপ্রবাহ ভাঙা সাঁকোর মতন ভাসিয়ে নিয়ে যাচ্ছে তাকে। আর শুদ্ধতম এই কবি গ্রহ থেকে গ্রহান্তরে ছড়িয়ে দিচ্ছেন চৈতন্যের অশেষ বারতা।
উল্লেখ করছি সাঁকো শূন্য মহাদেশ কাব্যগ্রন্থের শেষ কবিতার আরও কয়েকটি পঙক্তি।
আকাঙ্ক্ষায় পুড়ে গেলে দিন আর রাত্রি
শুণ্য আর শূন্যের আকারে তোমাকে জড়ো করি
তোমার প্রস্থান শেষে মনে হয়–
আমরা সবাই দূরাগত, বোধের অতীত, স্বপ্নময় চিল।

কী সুন্দর সহজাত অবিচল তন্ময়তা! নিজের ভাবনায় আবৃত ও সংবৃত কবি তাপস গায়েন বোধি আর প্রজ্ঞার সংমিশ্রণে গেয়েছেন অপূর্ব মন্দ্রধ্বনি। সভ্যতার নির্যাস পান করে কবির কলমে তাই উঠে এসেছে সংজ্ঞায়িত জীবন। কবি লিখেছেন —
মামীদের বুকে হাত রেখে বুঝি এইতো জীবন!
কবির নূতন কাব্যগ্রন্থ অদৃশ্যতায় দৃশ্যমান আমরা হাতে পেয়েছি গত মাসে। বেশ কয়েকবার পড়েছি। ভেবেছি। ভাববার মতন অনেক জায়গা রয়েছে। তাপস গায়েন সম্পর্কে কবি কুমার চক্রবর্তী লিখেছেন—
'কবি যখন প্রতিস্বরের কবি হয়ে ওঠেন তখনই তিনি স্বতন্ত্র এবং সৌকর্যময়। তাঁর স্বর-সুর ও বৌধায়ন মুগ্ধ করতে থাকে পাঠককে। আর এমনই এক কবি তাপস গায়েন, যিনি আমার কবি, আমাদের কবি; যিনি এক অনিবার্যের কবি।' অত্যুক্তি করেননি কবি কুমার চক্রবর্তী। তাপস গায়েন প্রকৃতপক্ষে অনিবার্যের কবি। এই অনিবার্যতার আভাস পাওয়া যায় 'আমরা আছি দৃশ্যান্তরে' কবিতার দ্বিতীয় স্তবকে। কবি বলেন—
উল্কা আর ধূমকেতু ঠোঁটে করে আনে না আর কোনও জনস্রোত
অগ্নিসংযোগ আর অজস্র মৃত্যুই এখন পরিদৃশ্যমান
শেষাবধি আমরা নক্ষত্রের ছাই,
তবু অন্য কারও স্বপ্নে এই পৃথিবীতে আমাদের বসবাস।

শব্দের ওজস্বিতা এবং অনুভূতির গভীরতা নিয়ে সচেতন কবি ভরসা রেখেছেন অলংকারের অনুপম সৌকর্য আর লক্ষ্যভেদী তীক্ষ্ণতায়। যিনি বিশ্বাস করেন পর্যবেক্ষণের উদ্ভাসে। এজন্য তাঁর কবিতার জগৎ হয়ে উঠেছে বৃত্তায়িত সময়ের দ্বৈরথ।
'ভ্রাম্যমাণতায় বিদ্ধ আমি-০৩' কবিতায় কবি লিখেছেন—
তোমার গোলার্ধ আমার পৃথিবীর বিপ্রতীপে
তাই আমরা আর একই নক্ষত্রসজ্জা দেখি না,
তবু প্রেমে পূর্ণ হয়েই এই হেমন্তে
পাতা ঝরে—লাল, খয়েরি, হলুদ, বাদামি
কিছুই আসে না ফিরে
উরুবাম্বা বয়ে চলে আমাজন নদীর গভীরে
অমীমাংসিত থেকে যায় সকল হত্যাযজ্ঞ, ভ্রান্তিহীন প্রেম
স্বপ্নে প্লাবিত এই পৃথিবী, বয়ে যায় স্বপনের গভীরে…

এই কবিতায় কোন উন্মাসিকতা নেই। আছে কেবল দৃশ্যের ভেতরে দৃশ্য দেখবার ক্ষমতা। এমন এক বাস্তবতার নির্মাণ যা রূপে অবাস্তব। কবি চিত্তের এই দ্বান্দ্বিকতা পাঠককে আচ্ছন্ন করে রাখে। প্রচ্ছন্ন ভ্রুণের মতন।
কবি তাপস গায়েন'র জন্ম ১৯৬৫ সালে, বরিশালে। পড়াশোনা করেছেন পাবনা জেলা স্কুল, ঢাকা কলেজ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। ১৯৯১ সাল থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী। পিএইচডি করেছেন ইউনিভার্সিটি অব টেক্সাস এট আর্লিংটন থেকে। বর্তমানে নিউইয়র্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি ন্যানোফোটনিক্স গবেষণায় নিয়োজিত রয়েছেন। বাবার বদলির চাকরির সুবাদে কবির শৈশব ও কৈশোর কেটেছে বাংলাদেশের বিভিন্ন জেলা শহরের বিস্তীর্ণ জনপদে। ফলশ্রুতিতে তাঁর কবিতায় প্রকৃতি আশ্চর্য শান্তি ও স্থিরতায় সন্নিবেশিত হয়েছে। তিনি সংসার থেকে পলাতক নন তথাপি চিন্তায়, মননে কখনো শ্রমণ, কখনো ভন্তে। জ্যোৎস্নাময়ী রাত্রির মতন, বা যেন শুক্লাপক্ষের চাঁদ, পূর্ণ বিভায় উদ্ভাসিত। তাপস গায়েনকে ধ্যানী কবি বলাই শ্রেয়।

একলব্য নিঃসীম নগরে কাব্যগ্রন্থের 'ব্রডওয়ে : টাইমস স্কয়ার' কবিতার কয়েকটি পঙক্তি উল্লেখ না করলেই নয়।
ব্রডওয়ে টাইমস স্কয়ারের ক্রসিং পয়েন্টে দাঁড়িয়ে, ভন্তে, আমি আপনার প্রিয় শ্রমণ আনন্দ'র বিলাপ শুনেছি। জ্যোৎস্নায় প্লাবিত শালবন থেকে পরিযায়ী পাখিরা আপনার শরীর নিয়ে চলে গেছে অন্য কোনো দিগন্তে, আর আমি আমার নগ্নতা নিয়ে দাঁড়িয়ে রয়েছি পৃথিবীর ভরকেন্দ্রে: এই টাইমস স্কয়ারে; আলোর বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে।
সময়ের কোলাহলে আকণ্ঠ নিমুজ্জিত কবি নির্জনতার অনুসন্ধান করেছেন পুনপৌনিক।জ্যোৎস্নায় প্লাবিত নির্জন শালবনে দেখেছেন বুদ্ধের প্রতিকৃতি। বুদ্ধের প্রিয় ভন্তে আনন্দ'র বিলাপ শুনেছেন গভীর সংবেদনশীলতায়। কবি পুনরায় বলেছেন—
কোলাহলের কোনো এক নিভৃতিতে শুনি শ্রমণ আনন্দ'র ক্রন্দনধ্বনি। কারণ ভন্তের মহাপ্র‍য়াণ হয়নি তাঁর প্রিয় বৈশালী নগরীতে কিংবা শ্রাবস্তীতে কিংবা কোনো এক বিশাল নগরীতে। এখানেই জেগেছে শ্রমণ আনন্দ'র কষ্ট, তাঁর বিলাপের ধ্বনি। প্রভু, কেনো আমি আজও দাঁড়িয়ে রয়েছি ব্যস্ততম নগরীতে, পৃথিবীর এই ভরকেন্দ্রে, টাইমস স্কয়ার আর ব্রডওয়ের মিলনস্থলে? পানপাত্রে উঠুক ঝড়, হাডসন নদী আর ইস্ট রিভারে বয়ে যাক জল, তবু আমি থেকে যেতে চাই নির্বাক, যেনো টাইমস স্কয়ারের শেষ মাইম শিল্পি। ভন্তে, দিনশেষে আমি হতে চাইনা কারও ক্রদনধ্বনি।
নাগরিক কবি ব্যস্ততম নগরীর উপকন্ঠে দাঁড়িয়ে যাপিত জীবন থেকে বেরিয়ে মুক্তি খুঁজেছেন। তাঁর কবিতার পরিযায়ী পাখিরা হয়ে উঠেছে সকল বন্ধন মুক্তির প্রতীক। এরা শান্ত-স্নিগ্ধ মুক্তিকামী। তবে প্রায়শই দেখা যায় কবি পাখি হয়ে উড়ে যেতে চান কিন্তু পারেন না। কোথাও না কোথাও জড়িয়ে থাকে মোহ। এই মোহ তাকে আবার গৃহমুখী করে তোলে। তিনি মনেপ্রাণে সন্ন্যাস নিয়েছেন, ধ্যানের গভীরে পৌঁছে মুক্তির আস্বাদ খুঁজেছেন কিন্তু গৃহ ত্যাগ করতে পারেননি। তাপস গায়েন'র কবিতার পাখিরা 'সিম্বোলিক মুভমেন্ট'-এর প্রতীক কিনা এটা নিয়ে পাঠকের মনে প্রশ্ন জাগতে পারে। তবে এইসব পরিযায়ী পাখি সোয়ালো কিংবা গাঙচিল, আন্তন শেখভ (১৮৬০-১৯০৪)-এর 'সিগ্যাল', বিসেন্তে উইদোব্রো (১৮৯৩-১৯৪৮)-এর 'আলতাসোর' নয় এটা নিশ্চিত বলা যায়। বরং তাঁর কবিতার স্নিগ্ধ মুক্তিকামী পাখিরা বোদলেয়ার (১৮২১-১৮৬৭)-এর আলব্রাটস অথবা জন কিটস (১৭৯৫-১৮২১)-এর নাইটিঙ্গেল অনায়াসে বলা যেতে পারে।
'পানশালা: এস্টোরিয়া' কবিতাটির কথাই ধরা যাক।

পরিযায়ী পাখি, আমার এ শরীরে ভ্রাম্যমাণতা জেগেছে; কিন্তু জানি নি চুম্বকের অভিমুখ, বস্তুকণার ঘূর্ণনের রীতি। প্রত্যাবর্তনের পথ ধরে ফিরতে পারি নি বঙ্গে যেদিন বর্ষায় ফুটেছিল বিষন্ন কদমের ফুল। তাই আমার নারীরা আজ অন্য কারও প্রেয়সী, অন্য কারও কবুতর। আমি বরফ আচ্ছাদিত এই পৃথিবীর পথে, যখন আকাশ মেঘাচ্ছন্ন। বৃক্ষরা স্বাধীন, পত্রহীন।
কবির অনুভূতির পুনরাবৃত্তি আমরা দেখতে পাই 'ইচ্ছেমৃত্যু: ১' কবিতায়-
কেউ দ্যাখে নি আমার সন্ন্যাস, আমার প্রস্থান। কারণ কেউ দ্যাখে না দৃশ্যান্তরালে দৃশ্যের আসা যাওয়া।
তাপস গায়েন'র কবিচরিত্রে রয়েছে এক আশ্চর্য শান্তি ও স্থিরতা। ক্ষেত্রবিশেষ তাকে দেখা যায় নিয়তিবন্ধ মানুষ হিসেবে। যে-সকল দেবীর স্তুতি তিনি গেয়েছেন বা যাঁদের স্মরণ করেছেন তাঁর কবিতায় তাঁরা কখনো হিরন্ময়ী কখনো দয়াময়ী আবার কখনোবা দুর্ধর্ষ অগ্নিমূর্তি। তাই গ্রিক রণদেবী এথেনার কমনীয়তার পাশাপাশি যুদ্ধরত রূপও কবির কাছে আরাধ্য হয়ে উঠেছে। 'সময়বূহ্যে অভিমন্যু' গ্রন্থে প্রয়াত কবি আলফা পারভীন স্মরণে 'আমার ডাকনাম অন্ধকার' শিরোনামের কবিতায় তিনি লিখেছেন—
রণদেবী এথিনাকে দেখিনি কখনো, যেভাবে তুমি ছিলে আমার অদেখা ঈশ্বরী। কবি তুমি, অসামান্য যোদ্ধা তুমি, আর ছিলে অপরূপা নারী। এখন তোমার ছায়া স্থির, যেভাবে সুসজ্জিত হয়ে আছে গ্রীক বর্ণমালার আদ্যাক্ষর। প্রেমহীন কবি এসে জড়ো হয়েছল তোমারই চারপাশে। প্রেমের
কাছে আসতে আমাদের পার হয়ে যায় শতকোটি বছর; কবিরা আসে যত দ্রুত, চলে যায় তারা আরও দ্রুততর বেগে।
মহাকালব্যাপী তাই চিতাগ্নি জ্বলে!

মহাকর্ষের দুটি অবিচ্ছেদ্য বিষয় স্থান এবং কালের (Spacetime) সঙ্গে মানবীয় অনুভূতি ও পুরাণের সমন্বয়ে কবি সৃষ্টি করেছেন তাঁর অসামান্য পঙক্তিগুলো। বিজ্ঞানমনস্ক কবি 'থিওরি অব রিলেটিভিটি'র সমান্তরালে তুলে ধরেছেন নর-নারীর সম্পর্কের বক্রতা। যেমনটি মহাকাশে ঘটে থাকে। মহাকাশে কোনো বস্তু স্থাপন করলে বস্তুটি শুধুমাত্র চারপাশের স্থান বা স্পেস-ই নয় বরং সময়কেও বাকিয়ে ফেলে আর স্থানকালের এই বক্রতার কারণে সময়ও ধীরে চলে। বস্তু যদি যথেষ্ট শক্তিশালী স্থানকালের বক্রতা তৈরী করতে পারে তাহলে চারপাশের স্থান বা স্পেসকে এমনভাবে বাকিয়ে দেয় যে, কোনোকিছু এমনকি আলোও তা থেকে বের হতে পারে না। কৃষ্ণবিবর বা ব্ল্যাকহোলের ক্ষেত্রে যা হয় আর কি! কবি মানব মনের এই আলো-আঁধারকে মহাবিশ্বের ঘটনাপ্রবাহের সঙ্গে জুড়ে দিয়েছেন। যেমনটা আমরা মেই-মেই বারসেনব্রাগি'র কবিতায় দেখতে পাই। 'ওহে, গোলাপেরা' গ্রন্থটিতে বারসেনব্রাগি মানবীয় অনুভূতি স্পর্শকে বিজ্ঞানের পাদপান্তে এনে কবিতার বিক্ষেপণচিত্র এঁকেছেন। প্রকৃতি-প্রেমিক হয়েও তিনি প্রথাগত সৌন্দর্য বর্ণনা না করে প্রকৃতির অনুভবকে দেখেছেন বিজ্ঞানের আলোয়। আমাদের দর্শন অপটিক নার্ভ, পিনিয়াল গ্রন্থি পেরিয়ে নিউরণের সিন্যাপটিক সেতু বাহিত হয়ে সেরিব্রামে জমা পড়ে, যাকে কাল্পনিক অভিজ্ঞতা বলা যায়, কারণ তথ্যগ্রহণ ও সংরক্ষণপ্রণালী অভিজ্ঞতাকে বিমূর্ত করে দেয় প্রতিসরণ ও প্রতিগ্রহণ প্রক্রিয়া আর ক্রমশ গড়ে ওঠে আমাদের চেতনা। সময় ও পরিবেশ থেকে অর্জিত চেতনার মুক্ত ইচ্ছায় মন তৈরি করে ভার্চুয়াল রিয়ালাইজেশন বা স্বপ্ন এবং ভার্চুয়াল ইম্যাজিনেশন বা কল্পনা। এই প্রবণতাই মানুষের পার্থিব অভিজ্ঞতাকে বদলে দেয় কাল্পনিক অভিজ্ঞতায়। কবি গোলাপের সঙ্গে বিশ্বপ্রকৃতির সঙ্গে সম্পর্কতরঙ্গ অনুভব করেন, যে সংযোগ কবির উপলব্ধিকে বাস্তব বর্হিভূত পথে চলমান রাখার অনুঘটক। কবি তাপস গায়েন'র কবিতাগুলোও ভার্চুয়াল রিয়ালাইজেশন এবং ভার্চুয়াল ইম্যাজিনেশন তৈরির যথাযথ ক্যাটালিস্ট।
উল্লেখ্য গ্রন্থের অন্য একটি কবিতায় কবি লিখেছেন—
বহুদিন আমি তো নিজেকে দর্পণে দেখি নি, যেন আমি বহুদিন দেখি নি সময়!
আশ্চর্য শান্তিমগ্ন কবি তাপস গায়েন মাঝেমধ্যে পড়ে যান অস্বস্তিকর পূর্ববোধে, যেনো তিনি জানেন ধ্বংস আসন্ন ও অনিবার্য। যেমনটা কবি হ্যেল্ডার্লিন ভাবতেন। হ্যেল্ডার্লিন'র হাইপেরিয়ন-এর অদৃষ্টের গান, অদৃষ্টের প্রতি, মধ্যজীবন কবিতায় এমন ভাব ধ্বনিত হয়। এ পর্যায়ে উল্লেখ করছি দুঃস্বপ্ন কবিতাটির কথা।
জেগে ওঠে অন্ধকার চতুর্দিকে। দেখিনা রিলকের মৌমাছিদের। শুধু ধুলো জমে ওঠে বইয়ে। শীতের দীর্ঘ রাতে হেগেল ঘুমিয়ে গেলে রাত পাহারায় জেগে থাকে উন্মাদ হোল্ডারলিন, যেন মায়োসিন যুগ ছেড়ে পেঁচা আবার জেগেছে এই পৃথিবীর পথে।
কবি তেইশ মিলিয়ন বছর পূর্বে শুরু হয়ে পাঁচ মিলিয়ন বছর আগে শেষ হওয়া মায়োসিন যুগের কথা বলেছেন। অনেকেই জেনে থাকবেন মায়োসিন যুগের একটা পর্যায়ে পাখিরা দুর্দান্ত প্রশস্ততা অর্জন করেছিল যদিও তা স্থায়ী হয়নি। নিয়ত তাপমাত্রা বৃদ্ধির ফলে মায়োসিন যুগের গ্রহটি শুষ্ক আবহাওয়ায় পরিণত হয়েছিল।
প্রসঙ্গক্রমে এমারসন'র (১৮০৩-১৮৮২) একটি উদ্ধৃতি উল্লেখ না করে পারছিনা। তিনি বলেছিলেন—'Our best history is still poetry.' যথার্থই বলেছিলেন এমারসন। কবি তাপস গায়েন'র কবিতা প্রকৃতপ্রস্তাবে তার স্বাক্ষর বহন করে। তাপস গায়েন ইতিহাস নির্ভর যুগ সচেতন কবি।

যেখানে তাঁর কবিতা নিয়ে লিখতে গেলে একটি স্বতন্ত্র গ্রন্থ রচনা করা যায়। ন্যানোফোটনিক্স গবেষণারত কবি তাপস গায়েন অতিক্ষুদ্রের জগতে আলোর অপার সম্ভাবনা নিয়ে কাজ করতে গিয়ে বর্ণালীবীক্ষণ অনুভব করেছেন খুব কাছ থেকে। তারই প্রমাণ মেলে 'হেমন্তগান-০১' শিরোনামের কবিতায়।
জেনেছি অপসৃয়মাণতাই শ্রেয়,
তবু আমাদের সাক্ষ্য দিতে হয়
রঙের পৃথিবী প্রেমের মতোই ভ্রান্তিতে পূর্ণ
আমরা যারা ভেসে গেছি হলুদ, খয়েরি, আর
লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্যে
তাদের অনেক বিকেল জমা পড়ে আছে হেমন্ত পাহাড়ে
তোমার নিস্পৃহতায় আমার বিমর্ষ দু'চোখ দেখে নিচ্ছে
ঝরাপাতার অপসৃয়মাণতায় উজ্জ্বল এই রঙিন পৃথিবীকে!

এমন কবিতা চেতনাগতভাবেই আমাদের মুগ্ধ করে। কবি তাঁর মনোজগতের সবটুকু আর্তি প্রকৃতির অনুভবে মিশিয়ে আমাদের দর্শন ইন্দ্রিয় সক্রিয় করে তোলেন। ফলশ্রুতিতে হেমন্ত আমাদের চোখে দৃশ্যমান হয়ে ওঠে। শুধু হেমন্ত নয় ঋতু বন্দনার মাধ্যমে পাঠকমনে চেতনাসঞ্চারণে কবি তাপস গায়েন বরাবরই অতুলনীয়।
'শীতসন্ধ্যা' কবিতার কথাই ধরা যাক।
শীতের এক অপরাহ্ন এখনও লাটিমের মতো আবর্তনশীল
যেন এই গ্রহে ঘূর্ণনের কোনো মন্দন নেই,
দিগন্তে সূর্য অস্তায়মান…।
কোথাও কী যাবার কথা ছিল,
কুয়াশাচ্ছন্ন ফেরিঘাটে কেন যে দাঁড়িয়ে রয়েছি দীর্ঘকাল
সন্ধ্যায় দেখি দীর্ঘ তরঙ্গ-দৈর্ঘ্যের আলো
কিন্তু তুমি থেকে যাও অদৃশ্যমান!

এতো আলো, এতো রঙ থাকা সত্ত্বেও অদৃশ্যতার প্রতি এক দুর্বার আকর্ষণ কবিকে তাড়িত করে। বোধ ও চৈতন্যের সংমিশ্রণে গড়া এই সংবাদী স্বর পাঠকের মনেও প্রতিধ্বনিত হয়, কবির আত্মভাবনা তাই আচ্ছন্ন করে রাখে আমাদের।
কবি ভ্রাম্যমাণ। তাঁর ভ্রাম্যমাণতা এতোটাই গতিশীল যে পুরো গ্রন্থ জুড়ে কবির সঙ্গে পাঠকেরাও কবিতার বৃত্তে পরিভ্রমণ করতে পারেন অনায়াসে। তবে কথায় বলে মহৎ কবি অনেক সময় নিজের সঙ্গেই দ্বন্দ্বে জড়িত থাকেন। এই দ্বন্দ্ব—প্রতীতির সঙ্গে অনিশ্চয়তার। ভ্রাম্যমাণতা কবিতাটি যেনো সেই পথই দেখায় আমাদের।
আমার সকল পথ তোমার গৃহামুখী
ধুলো ওড়ে সারাদিন, পাখি যায় দ্বীপান্তরে
দিনশেষে নিজের অজান্তে পৌঁছে যাই তোমার আবাসগৃহে
তুমি নও, বাতাস এসে অবারিত করে গৃহ, তবু জগৎ প্লাবিত জোছনায় তোমার পৃথিবী
থেকে যায় অদৃশ্যমান, যদিও
আকাশ আর সমুদ্র একে অপরকে দীপ্যমান করে তোলে, এবং
তোমার অদৃশ্যমানতায় আমার স্নায়ু জুড়ে আকাঙ্ক্ষার ঝড় নামে!
তোমার অনস্তিত্ব কেবল
আমার ভ্রাম্যমাণতাকে ঋব্দ করে তোলে।

এইসব আবহতে আছে সূদুরতা ও নির্জনতা। আমাদের পরিচিত পরিবেশ ছাড়িয়ে, এই আকাশ আর সমুদ্র ছাড়িয়ে অন্য কোনো আকাশ অন্য কোনো জগতের এক সম্পূর্ণ দৃশ্য তিনি রচনা করেছেন। জীবন ক্ষয়শীল ও পরিবর্তনশীল, নির্বাণের মাধ্যমেই সকল দুঃখের অবসান এই প্রাচীন সত্যই তাপস গায়েন'র কাব্যের ভিত্তি।
এটা উল্লেখযোগ্য যে কবি তাপস গায়েন'র কিছু কবিতায় জীবনানন্দ ও হ্যেল্ডার্লিনের প্রভাব স্পষ্ট। কিন্তু সাধারণভাবে বলতে গেলে এ তালিকায় গেয়র্গ ট্রাকল, ওসিপ ম্যান্ডেলস্তামও রয়েছে। সবচেয়ে যেটা বড়ো কথা, সকল প্রভাব ছাপিয়ে উঠেছে তাঁর নিজস্ব দৃষ্টি ও সৃষ্টিশক্তি। যে-দৃষ্টিতে অপরূপ হয়ে ওঠে অতি সাধারণ। অতি ক্ষুদ্র উপাদান নিয়ে অতি সূক্ষ্ণ মন্দ্রধ্বনি তিনি এমনভাবে রচনা করেছেন যা বিশ্লেষণে ধরা দিতে চায় না।
প্রবন্ধ শেষ করছি উৎসর্গ পত্রের কয়েকটি পঙক্তি দিয়ে। কবি গ্রন্থটি উৎসর্গ করেছেন তাঁর প্রিয়তমা স্ত্রী কৃষ্ণা চক্রবর্তীকে।
উৎসর্গ পত্রে এমন অসাধারণ লেখা খুব একটা চোখে পড়ে না। কবি লিখেছেন—
হে আমার দুই শিশুপুত্রের জননী
জানি, তুমি নও যাজ্ঞসেনী, তবু তুমি আমার দ্রৌপদী
দিন আর রাত্রির উদ্বোধনে জন্ম হয় যে কুরুক্ষেত্রের,
তুমিই তার কারণ ও বিস্তৃতি
প্রেমে পূর্ণ হয়েই হবে এই যুদ্ধের অবশেষ, এই কুরুক্ষেত্রের নাস্তি…।