২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

কামরুল হাসান শায়ক ও মুদ্রণশৈলীর নান্দনিকতায় পথিকৃত দুই গ্রন্থ

রাজু আলাউদ্দিন রাজু আলাউদ্দিন

Published : 21 Sep 2019, 10:48 PM

Updated : 03 Oct 2022, 03:25 PM

একথা সবাই জানেন যে ইংরেজ শাসনামলেই বিদেশি ও দেশিয় পণ্ডিতদের যৌথ উদ্যোগে বাংলা গদ্যের একটি সুসংগঠিত রূপ তৈরি হতে শুরু করে, আর ওই সময়ই, ১৮০১ সালে মুদ্রিত হয় বাংলা ভাষার প্রথম মুদ্রিত গ্রন্থ। সেই অর্থে বাংলা মুদ্রিত গ্রন্থের ইতিহাস ২০০ বছরের অধিক। এই দুশ বছরে বাংলা গদ্য তার শৈশব পেরিয়ে এখন তার যৌবনের দুরন্ত আবেগ ও ঔজ্জ্বল্যে দীপ্যমান। ইংরেজদের পরিচর্যায় অস্পষ্ট ও আধোবুলির বাংলা গদ্য এখন মুখরা রমনীর বাক-চঞ্চল এক স্রোতধারা হয়ে উঠেছে। কিন্তু বাংলা গ্রন্থের মুদ্রণ-সৌকর্য কি সেই তুলনায় খুব বেশি এগিয়েছে? তার বয়স বাড়লেও শারীরিক সৌন্দর্য কতটা বেড়েছে?
সন্দেহ নেই যে লিখিত বিষয় বইয়ের মাধ্যমে বহুজনের সঙ্গলিপ্সু হয়ে ওঠে, একারণে প্রকাশককে ভাবতে হয় বইটির অঙ্গসৌষ্ঠব ও গ্রন্থধৃত ভাষার দৃশ্যমান বিন্যাস ও উপস্থাপনের কথা। যদি তুলনা করা যায়, তাহলে দেখা যাবে–আলোচ্য গ্রন্থ থেকেই উদ্ধৃতি দিয়ে বলতে পারি –মুদ্রণযন্ত্রের জনক জোহান্স গুটেনবার্গ-এর ছাপাখানায় ১৪৫৭ মতান্তরে ১৪৫৫ সালে যে-গ্রন্থটি মুদ্রিত হয়েছিল তা নাকি পেজ মেকআপের সকল শর্ত পূরণ করেই মুদ্রিত হয়েছিল।


অন্যদিকে, এই গ্রন্থ প্রকাশের সাড়ে চারশ বছর পরে মুদ্রিত বাংলা ভাষার প্রথম গ্রন্থটি ছিল সৌকর্যের বিচারে নিতান্তই অপরিণত ও অনান্দনিক। তবে এই অনান্দনিকতা নিয়ে আমাদের কোনই অতুষ্টি নেই এই কারণে যে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির বিচারে ভারত তখন পৃথিবীর অন্যান্য ঔপনিবেশিক দেশগুলোর মতোই প্রান্তীয় অঞ্চলের একটি দেশ। সুতরাং এনিয়ে অতুষ্ট হওয়াটা কোনোভাবেই ঐতিহাসিক জ্ঞানসম্মত নয়। কিন্তু আমাদের মুদ্রণশিল্পের দুশ বছর পরও যতটা উন্নতি হওয়া উচিত ছিল সেটা খুব একটা ঘটেনি। অথচ এখন আর প্রান্তীয় বলে অক্ষমতার অজুহাত দেয়ার সুযোগ খুব একটা নেই। বাংলা ভাষায়, উভয় বঙ্গ থেকেই প্রতিবছর কম করে হলেও ৭ /৮ হাজার বই প্রকাশিত হয়। এই বইগুলোর একেকটার শরীর, কাঠামো, অঙ্গসৌষ্ঠব ও মুদ্রিত পৃষ্ঠায় ফরম্যাট, টেক্সট প্যানেল বিন্যাস, ফন্ট, স্পেস এক এক রকম । সেটা বৈচিত্রের স্বার্থে যে ঘটেছে তা নয়, এই ভিন্নতার মূল কারণ মুদ্রণশৈলী সম্পর্কে সুস্পষ্ট ও পরিপূর্ণ জ্ঞানের অভাব। বাংলাভাষায় আজ এমন কোনো বিষয় নেই যা নিয়ে বই প্রকাশিত হচ্ছে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে মুদ্রণশিল্পের উন্মেষের দুশ বছর পেরিয়ে গেলেও এই শিল্প সম্পর্কে বাংলাভাষায় রচিত হয়নি একটি গ্রন্থও। উভয় বঙ্গেই এই বিষয়ে প্রথম যে-বইটি প্রকাশিত হয়েছে তার লেখক কামরুল হাসান শায়ক। তবে শায়কের আরও দুটি পরিচয়ও প্রবল : একটি তার শিশুসাহিত্যিক সত্তা, অন্যটি তার প্রকাশক সত্তা। প্রকাশক হিসেবে তার দুই দশকের প্রত্যক্ষ অভিজ্ঞতার পাশাপাশি আলোচ্য গ্রন্থে সন্নিবেশিত হয়েছে মুদ্রণশিল্পবিষয়ক পাঠ ও গবেষণার জ্ঞান। এই দুইয়ের অনন্য ফলস তার রচিত দুটি গ্রন্থ মুদ্রণশৈলী: নান্দনিক প্রকাশনার নির্দেশিকা এবং পান্ডুলিপি: প্রস্তুতকরণ সম্পাদনা প্রুফরিডিং।


প্রথম খন্ড মুদ্রণশৈলী'র ভূমিকায় লেখক কামরুল হাসান শায়ক জানিয়েছেন যে "বাংলাদেশে প্রকাশনার সূচনা উনিশ শতকের মাঝামাঝিতে হলেও সম্ভাবনাময় এ শিল্প এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিকতা পায়নি। দীর্ঘদিন ধরে এখানে প্রকাশনার কাজ চললেও এখন পর্যন্ত পেশাদার, সুশৃঙ্খল ও কাঠামোবদ্ধ কোনো পদ্ধতি প্রতিষ্ঠিত হয়নি। ইংরেজিতে মুদ্রণ ও প্রকাশনা বিষয়ে বেশকিছু বই পাওয়া গেলেও বাংলাতে নেই বললেই চলে।" লেখক মিথ্যে বলেননি। এই বইয়ের ভূমিকায় লেখক কোথাও উল্লেখ না করলেও আমরা জানি যে তিনি পৃথিবীর অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা বিভাগের সিলেবাস ও কারিকুলাম সংগ্রহ করে নিজে গবেষণা করেছেন এবং বাংলাভাষায় এ ধরনের বই লেখায় উদ্যোগী হয়েছেন। ওই কারিকুলাম বা পাঠ্যক্রম অনুসরণ করে নিষ্ঠাবান শিক্ষার্থীর মতো যে-পাঠ ও গবেষণা করেছেন, তারই ফসল এই দুটি খন্ড। এই বইয়ের Forward –এর লেখক বিখ্যাত প্রকাশক Richard Charkin যিনি এক নামে সুপরিচিতি হয়ে আছেন Harry Potter-এর প্রকাশক রূপে। ব্লুমসবারি প্রকাশনা সংস্থার এই প্রকাশকও শায়কের গবেষণা ও নিষ্ঠার কথা জানিয়ে বলেছেন : " … Kamrul Hasan Shayok, author of these wonderful books , at the very beginning of this project while he was researching sources and experiences from other countries." এই ধরনের গ্রন্থ রচনার পেছনে তার যে দীর্ঘ প্রস্তুতি রয়েছে তারই ইঙ্গিত রিচার্ড চারর্কিনের এই উক্তি। পেশাদার প্রকাশকদের মধ্যে এই বিষয়ে আর কেউ এ ধরনের গ্রন্থ রচনায় এগিয়ে এসেছেন বলে জানা নেই। অধিকন্তু, বহু পরিশ্রমে অনন্য এই বইটি রচনায় লেখক মুদ্রণশৈলীর উদাহরণ দিতে গিয়ে যেসব বই ব্যবহার করেছেন তার বেশিরভাগই বাংলাদেশে থেকে প্রকাশিত। দুএকটি বই আছে পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত। মুদ্রণশৈলী নিয়ে এধরনের বই রচনা ও প্রকাশের ধারণাটি একেবারেই নতুন। অথচ এধরনের বই অনেক আগে প্রকাশ পেলে প্রকাশক, লেখক এবং পাঠক সকলেই সুফল পেতেন । কেন পেতেন তার কয়েকটি নমুনা দুটো খন্ড থেকে তুলে ধরলেই পাঠকদের কাছে স্পষ্ট হয়ে উঠবে।

প্রথম খন্ড মুদ্রণশৈলী একেবারেই টেকনিক্যাল বিষয় নিয়ে রচিত। এতে প্রকাশক এবং এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বেশি উপকৃত হবেন। প্রথম খন্ডে রয়েছে মোট চারটি অধ্যায় যেগুলোতে আলোচিত হয়েছে ' প্রকাশনা শিল্পে মুদ্রণশৈলীর গুরুত্ব', 'টেক্সট প্যানেল', 'বইয়ের অংশসমূহ' এবং 'বাঁধাই, কভার ও জ্যাকেট'। এছাড়া পরিশিষ্ট বলে একটি অংশে রয়েছে ' বইয়ের অঙ্গবিন্যাস'। প্রতিটি অধ্যায়ে আবার অনেক উপশিরোনামে অনুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে সংশ্লিষ্ট খুটিনাটি বিষয়। প্রতি পৃষ্ঠায় একাধিক চিত্রসহ পুস্তকনির্মাণকে সহজ ও বোধগম্য ভাষায় লেখক কামরুল হাসান শায়ক খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আন্তর্জাতিক মানসম্পন্ন পুস্তকনির্মাণের ক্ষেত্রে যে-সব পদ্ধতি অনুসরণ করা উচিত তার সবটাই তিনি উদাহরণসহ আলোচনা করেছেন। আমাদের দেশে টেকনিক্যাল বিষয়ক বইয়ের ক্ষেত্রে সাধারণত যা দেখা যায় তাহলো সংশ্লিষ্ট বিষয়ের পাঠক বা শিক্ষার্থী ছাড়া অন্যদের কাছে তা বোধগম্য হয়ে ওঠে না। কিন্তু লেখক সহজ ভাষায় অত্যন্ত দক্ষতার সাথে বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করেছেন যে তা সাধারণ পাঠকদের কাছেও সুপাঠ্য ও সহজপাঠ্য হয়ে উঠেছে।

মুদ্রণশৈলী সিরিজের অন্তর্ভুক্ত লেখকের দ্বিতীয় বইটির বিষয় প্রকাশক ও প্রকাশনাশিল্পে আগ্রহী শিক্ষার্থীদের জন্য যেমন আকর্ষণীয়, তেমনি তা নবীন প্রবীণ লেখকদের জন্য খুব প্রয়োজনীয়, বইটির নামেই তার সেই ইঙ্গিত বহন করছে: পান্ডুলিপি: প্রস্তুতকরণ সম্পাদনা প্রুফরিডিং। এই বইয়ে আছে মোট তিনটি অধ্যায়: "পান্ডুলিপি প্রস্তুতকরণ: লেখকের করণীয়', 'পান্ডুলিপি সম্পাদনা' এবং প্রুফরিডিং'। প্রথম খন্ডের মতোই প্রতিটি অধ্যায়ে রয়েছে উপশিরোনামে অনেক বিষয়ের আলোচনা। অধ্যায়ের শিরোনামগুলো দেখেই পরিস্কার বুঝা যাচ্ছে এই বইটি মূলত লেখকদের প্রয়োজনের সাথে পুরোপুরি সংশ্লিষ্ট। আমাদের দেশে এখন পর্যন্ত পান্ডুলিপি বলতে লেখকরা বোঝেন —যদি প্রবন্ধ, কবিতা, ছড়া বা গল্পের বই হয়–তাহলে কয়েকটি লেখা একত্রিত করে প্রকাশকের হাতে ধরিয়ে দেয়া। অজ্ঞ প্রকাশকরা লেখকের পান্ডুলিপিটি কোনো রকম নান্দনিকতার তোয়াক্কা না করে সামান্য কিছু ম্যাকআপ দিয়ে বই আকারে প্রকাশ করে সেটি বাজারজাত করেন। কিন্তু কামরুল হাসান শায়ক পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন বিষয়টি অত সংক্ষিপ্ত ও সহজ নয়। গবেষণাগ্রন্থ , প্রবন্ধের বই কিংবা চিত্রকলা বিষয়ক বইয়ের ক্ষেত্রে কত খুঁটিনাটি জিনিস পান্ডুলিপির সাথে জড়িয়ে আছে তা এই দ্বিতীয় খন্ডের পৃষ্ঠাগুলো পাঠ করলেই স্পষ্ট হয়ে ওঠে। দ্বিতীয় খন্ডের প্রথম অধ্যায়ে 'লেখকদের জন্য পান্ডুলিপি প্রস্তুতের নির্দেশাবলি' শিরোনামে লেখকদের জন্য ২২টি করণীয় বিষয়ের উল্লেখ আছে। এসব করণীয় যদি একজন লেখক পান্ডুলিপি প্রস্তুত করার সময় অনুসরণ করেন তাহলে সেটি বই হিসেবে যে খুবই দৃষ্টিনন্দন হয়ে উঠবে তাতে কোনই সন্দেহ নেই। এই গ্রন্থের সর্বশেষ অধ্যায়ে প্রুফরিডিংয়ের বিষয়টি আলোচিত হয়েছে। আমাদের দেশে প্রকাশিত বইগুলোতে প্রচুর মুদ্রণপ্রমাদ চোখে পড়ে। এর প্রধান কারণ প্রুফ দেখার ক্ষেত্রে লেখকদের অজ্ঞতা। যদিও প্রতিটি প্রকাশনীরই রয়েছে পেশাদার প্রুফ রিডার, কিন্তু তবুও লেখকরা যদি প্রুফ দেখার নিয়ম ও পদ্ধতি সম্পর্কে অবহিত হন তাহলে মুদ্রণপ্রমাদ অনেকটাই এড়ানো সম্ভব হয় লেখকদের উদ্যোগ ও সজ্ঞানতার কারণে। সুলেখক কামরুল হাসান শায়কের এই বইটি পড়ে মনে হলো পান্ডুলিপি থেকে বই প্রস্তুত হওয়া পর্যন্ত লেখকরা তাদের করণীয় সম্পর্কে অবহিত হলে লেখক-প্রকাশকের যৌথ প্রচেষ্টায় আমাদের বইগুলো অনেক বেশি পাঠকবান্ধক হয়ে উঠবে।


আমার ধারণা প্রকাশিত এই বইদুটি আমাদের প্রকাশনা জগতের সবার কাছে অবশ্যপাঠ্য হয়ে উঠবে। ইতিমধ্যে হয়ে উঠেছেও। প্রথম বইটি প্রকাশিত হয়েছে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে, দুই মাসের ব্যবধানে, অর্থাৎ ২০১৮ সালে মে মাসে বেরিয়েছে দ্বিতীয় সংস্করণ আর এ বছর জুন মাসে প্রকাশিত হলো এর তৃতীয় সংস্করণ। এত অল্প সময়ের ব্যবধানে ইতিমধ্যে তিনবার এর প্রকাশই জানিয়ে দিচ্ছে মুদ্রণশৈলী সম্পর্কিত বইটি টেকনিক্যাল হওয়া সত্ত্বেও মানুষের মধ্যে প্রবল আগ্রহ তৈরি করেছে। দ্বিতীয় খন্ড বেরিয়েছিল ২০১৮ সালের সেপ্টেম্বরে, এবং এক বছরের ব্যবধানে , অর্থাৎ ২০১৯ সালের জুলাই মাসে বের হয়েছে এর দ্বিতীয় সংস্করণ। মুদ্রণশৈলী বিষয়ক বইয়ের ক্ষেত্রে পথিকৃত লেখক কামরুল হাসান শায়ক এই বই দুটোর মাধ্যমে আমাদের বইয়ের প্রকাশনাকে মানসম্পন্ন করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা যে পালন করবেন এতে কোনই সন্দেহ নেই। অভিজ্ঞতা ও বাস্তবতা এই যে এদেশে ভালো জিনিসের কদর নেই। তবে কামরুল হাসান শায়ক খানিকটা সৌভাগ্যবান এই জন্য যে তিনি প্রথম প্রকাশের সাথে সাথেই পাঠকের কদর যেমন পেয়েছেন, তেমনি পেয়েছেন একাডেমিক কদরও । ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুদ্রণ ও প্রকাশনা বিভাগে ইতিমধ্যে পাঠ্য হয়েছে বই ‍দুটো। এক অর্থে শায়ককে সৌভাগ্যবানই বলতে হবে, কারণ যেভাবে একাধিক মুদ্রণ, পাঠকপ্রিয়তা আর একাডেমিক কদর পেয়েছেন তাতে করে মনে হয় 'এলেন দেখলেন আর জয় করলেন' উক্তিটাই সত্য হয়ে উঠেছে আমাদের ভাষায় একেবারে নতুন একটি বিষয়ে বই লিখে। ভূমিকায় লেখক জানিয়েছেন এই সিরিজের আরও চারটি বই প্রকাশের প্রস্তুতি চলছে। আমরা তার পরবর্তী চারটি বইয়ের অপেক্ষায় থাকছি। বাণিজ্যিক সাফল্যের ব্যাপারে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও লেখক কামরুল হাসান শায়ক ঝুঁকি নিয়ে বই দুটি লিখে প্রকাশক ও লেখকদের যে অনেক উপকার করেছেন তা বলাই বাহুল্য। লেখককে আমার আন্তরিক অভিনন্দন জানাই বই ‍দুটির জন্য।

মুদ্রণশৈলী:নান্দনিক প্রকাশনার নির্দেশিকা
লেখক: কামরুল হাসান শায়ক
প্রকাশনী: পাঞ্জেরী পাবলিকেশন্স লি:
প্রচ্ছদ : রাজীব রাজু
প্রকাশকাল: তৃতীয় সংস্করণ, জুন ২০১৯
মূল্য: ৬৫০ টাকা

পান্ডুলিপি:প্রস্তুতকরণ সম্পাদন প্রুফরিডিং
লেখক: কামরুল হাসান শায়ক
প্রকাশনী: পাঞ্জেরী পাবলিকেশন্স লি:
প্রচ্ছদ : রাজীব রাজু
প্রকাশকাল: দ্বিতীয় সংস্করণ, জুলাই ২০১৯
মূল্য: ৩৭৫ টাকা