হৃদয়রক্ত দিয়ে লেখা কবিতা
জীবনকে এতো ঘৃণা করি
আর এতো এতো ভালোবাসি
মৃত্যুকে এতো আহ্বান করি বারবার
গোপনে চাই তবু না আসুক কখনো
হায়, জীবন তবু ফুরিয়ে ফুরিয়ে যায়
আর মৃত্যু কেবলই ফিরে ফিরে আসে
(জীবন ও মৃত্যু, পৃষ্ঠা-৩১)
জীবন ও মৃত্যু সমন্ধে কবির এমন উপলব্ধি আমাদের নতুন করে ভাবায়। আমরা কত শতবার রেগে গিয়ে বলি আহারে মরণ হয় না কেন আমার! আশু এই মৃত্যু কামনা ব্যক্তি জীবনের চরম বিরক্তির বহিঃপ্রকাশ। আবার পরক্ষণেই মনে মনে বলি মরণ, আশিস না কখনো, ও কথা আমার মন থেকে বলা নয়। চাইলেই কি তা হয়, মৃত্যু আসে, নিশ্চিতভাবেই আসে, ধুয়ে মুছে সব সাফ করে নিয়ে যায়। কবি সৈকত হাবিব তাঁর প্রথম কাব্যগ্রন্থ শহর যৌবন ও রাত্রির প্রকাশ দিয়েই জানান দিয়েছিলেন বাংলা কবিতার রাজ্যে তিনি টিকে থাকার জন্য এসেছেন এবং হয়েছেও তাই। পরবর্তীতে তার দ্বিতীয় কাব্য গ্রন্থ আমরা কেবলই চায়ের টেবিলে ঝড় দিয়ে তিনি তার প্রমাণ রাখলেন। দু'টি কাব্যগ্রন্থ্ই কবিতাপ্রেমী ও বোদ্ধা-পাঠকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। কবির পেশাগত ব্যস্ততার কারণেই হয়তো দীর্ঘ বিরতি দিয়ে প্রায় আট বছর পর লিখলেন তৃতীয় কাব্য গ্রন্থ রক্ত দিয়ে লেখো কবিতা।
কবিতা তো লেখা হয় রক্ত দিয়ে
অদৃশ্য যা, রঙহীন কিংবা সর্বরঙিন
থাকে তাতে বেদনাবেদ, জীবননির্যাস
মধু-হলাহল, স্বপ্নজল, সময়বাকল
তাকে তুমি নগণ্য পণ্য করো না
(রক্ত দিয়ে লেখো কবিতা, পৃষ্ঠা-৩৮)
কবিতা নিয়ে কবির গভীর আবেগ, ভালবাসা ও দরদের প্রকাশ দেখতে পাই এই কবিতায়। এর সমাপ্তিতে এসে তিনি আবার লিখলেন-
রক্ত দিয়ে লেখো কবিতা
নিঃশব্দে ছড়িয়ে দাও রক্তে রক্তে
তোমার বোধ-স্বপ্নস্মৃতিধ্বনি
প্রবাহিত করো চিরসমকালে
(রক্ত দিয়ে লেখো কবিতা, পৃষ্ঠা-৩৮)
মহান বিপ্লবী, সারা দুনিয়ার তারুণ্যের আইডল আর্নেস্তো চে-গুয়েভারাকে নিয়ে লিখেছেন 'চে আশ্চর্য রোদ'। এই কবিতায় কবির অন্তরের একান্ত চাওয়া সমতায় গড়া পৃথিবী দেখার আকুন্ঠ আকাঙ্ক্ষা দেখতে পাই। যে-স্বপ্নের পৃথিবীর জন্য চে-গুয়েভারাকে তাঁর জীবন বিসর্জন দিতে হয়েছে, শিকার হতে হয়েছে নির্মম মৃত্যুর, সে-স্বপ্ন আজও দেখে চলেছেন কবি।
আশ্চর্য রোদ আসে মাঝে মাঝে পৃথিবীতে
তুমি সেই রোদ, চে
তোমার অপেক্ষায় পৃথিবী জেগে জেগে থাকে
মৃত্যু স্বপ্নহীন, কিন্তু স্বপ্ন মৃত্যুহীন, তাই
পৃথিবী আজো তোমার স্বপ্নের দিকে হাঁটে
(চে, আশ্চর্য রোদ, পৃষ্ঠা-১৫)
অকাল প্রয়াত, কবি মমিনুল মউজদীনকে নিয়ে লিখলেন- 'যদি কবি'। মমিনুল মউজদীন শুধুমাত্র একজন কবি ছিলেন না, ছিলেন জননেতা, সফল পৌরচেয়ারম্যান, সমাজকর্মী। যিনি তরুণদের মাদককে না বলে নতুন জীবনের স্বপ্ন দেখাতেন, ভরা পূর্ণিমার রাতে ইলেকট্রিক বাতি নিবিয়ে শহরবাসিকে জোৎস্না দেখাতেন। একদিন অকস্মাৎ এক সড়ক দূর্ঘটনায় তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। প্রিয় সুহৃদের এই অকালে চলে যাওয়া মেনে নিতে পারেন নি কবি।
কোন একদিন এই হাওর ও জলায়, ছিলেন এক ছোট ভূগোলের রাজা। কিন্তু তার
হৃদয়ে ছড়ানো ছিলো বিশ্বচরাচর। রাজত্ব লীন হয়ে গেছে কবেই কিন্তু তার রাজ্য
ছড়ানো আজো হাজার হৃদয়ে। শতাব্দী পরে আবার যেন তার জন্ম হলো
প্রপৌত্ররূপে, নাগরিক আলোর আড়ালে ছড়ানো ঘন আঁধারের ভেতর থেকে তিনি
বের করে আনলেন অন্তর-প্রকৃতি। পূর্ণিমা-জ্যোৎস্নার অপার্থিব সৌন্দর্যে ভাসালেন
শহুরে হৃদয়। এ কেবল কোন কবির পক্ষেই সম্ভব।
হায়, যদি আজ সুন্দর হৃদয় কবিরাই হতেন সব ভূগোলের শাসক
পৃথিবী নিশ্চিতই হতো আরো শোভন ও সুন্দর, মানুষেরাও হতো
আরো গভীর মানবিক…
(যদি কবি, পৃষ্ঠা-৩০)
সিডর বিধ্বস্ত উপকূলবাসীকে উদ্দেশ্য করে লিখলেন-
যে জল উচ্ছ্বসিত হয়ে তোমাকে ছিন্নভিন্ন করেছে
উদ্বাহু হয়ে লন্ডভন্ড করেছে তোমার শেকড়
সে-ই তোমাকে দেয় স্বপ্নের শস্য, জীবনের ঘ্রাণ
তাকে তো তুমি ভালোই বাসো, অতএব,
ক্ষমা করে দিও
ক্ষমা করো না মানুষের হঠতা আর শঠতাগুলিকে
যারা সজ্ঞানে তোমাকে বিপন্ন ও উন্মুল করে
তাদের তুমি ঘৃণা করেই বাঁচো…
(ধ্বংস মৃত্যু আর কান্নার ভিতর, পৃষ্ঠা-২৮)
এই কবিতায় কবি প্রাকৃতির নির্মম শিকার উপকূলবাসীকে বলছেন- 'যে প্রকৃতি তোমাদের ক্ষতি করেছে তাকে তোমরা ক্ষমা করে দাও, তবে মানুষরূপী সেই শয়তানদের ক্ষমা করো না যারা তোমাদের নিয়ত পরিকল্পিতভাবে ক্ষতির সম্মুখিন করছে বা করেই চলেছে।'
জীবন নিয়ে কবির মনে ভিতরে একধরনের হাহাকার আছে আর তা দেখতে পাই তাঁর 'মানুষজীবন' কবিতায়-
কোথায় হারিয়ে যাবো
আমরা দুজনে
একদিন
দুইদিকে
তবু আজকের এই রাত, এই অনুভূতির বাগান
এই গোপন হৃদয়শস্য
কী যে সত্য মনে হয়!
একদিন আমরা থাকবো না আর পৃথিবীতে
মৃত্যুর হাত ছুঁয়ে চলে যাবো কোন
শব্দহীনতায়
তবু আজ আমাদের অব্যক্ত কথার সুর
কী যে অপার্থিব মনে হয়!
কত যে ভুল
আর
মিথ্যা
এই মানুষজীবন
(মানুষজীবন, পৃষ্ঠা-৬১)
ছৌষট্টি পৃষ্ঠার এই কবিতার বইটিতে মোট কবিতা স্থান পেয়েছে বায়ান্নটি। বইটিতে কবিতাসূচিকে দুটি শিরোনামে ভাগ করা হয়েছে। এর একটি হলো 'অন্য কোনোখানে', আর অন্যটি 'হৃদয়ের গান'। কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছেন কবি সৈকত হাবিব তাঁর চিরকালের সখা মাথিনকে। রক্ত দিয়ে লেখো কবিতা বইটি পাঠে কবিতার একনিষ্ঠ পাঠক মাত্রই গভীর তৃপ্তি লাভ করবেন। দীর্ঘ বিরতী দিয়ে নয়, পেশাগত কাজের বাইরে নিত্য কবি কবিতায় বিশেষ মনযোগী হবেন এবং এর বিনিময়ে আমরা নতুন নতুন কবিতার স্বাদ গ্রহণ করতে পারবো এই আশাবাদ রাখতেই পারি। অগ্রজ কবির জন্য শুভকামনা রইলো।
প্রথম প্রকাশ-একুশে বইমেলা-২০১৫
প্রকাশক- নান্দনিক
প্রচ্ছদ-মোস্তাফিজ কারিগর
মূল্য- ১০০ টাকা।
