২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ান-ইলেভেন কারারুদ্ধ দিনগুলো

muktadir_ahmed

Published : 04 Apr 2015, 04:37 PM

Updated : 02 Sep 2022, 08:36 PM

Image
cover-01.jpg


ওয়ান ইলেভেন বাংলাদেশের সকল গণতন্ত্রমনা মানুষের কাছে আতঙ্কের নাম। ২০০৭ সালে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষ প্রথমে একে স্বাগত জানালেও পরবর্তীতে তা যে আতঙ্ক ও চরিত্র হননের অভিশপ্ত সময় ছিল, তা বর্তমানে সকল মহলে স্বীকৃত।

সেই বন্ধ্যা সময়কে তুলে ধরার অনবদ্য প্রয়াস সিলেটের প্রতিতযশা সাংবাদিক আহমেদ নূরের 'ওয়ান-ইলেভেন : কারারুদ্ধ দিনগুলো।'
দীর্ঘ আট বছর আগে নিজের জীবনে ঘটে যাওয়া এক দুর্বিষহ ঘটনাকে ধারণ করে এবারের একুশে বইমেলায় বইটি প্রকাশিত হয়েছে। বইটির প্রেক্ষাপট ওয়ান-ইলেভেনপরবর্তী অনিশ্চিত সময়ে দেশের আলোচিত রাজনৈতিক ঘটনাবলিকে কেন্দ্র করে এবং ব্যক্তিগত স্মৃতিকাতরতায়। কারাগারের ভেতরে থেকে নিজের স্মৃতিচারণের পাশাপাশি সেই ঘটনাবহুল দিনগুলো ঘনিষ্টভাবে প্রত্যক্ষ করেছেন লেখক। সেই দেখা থেকেই তিনি মলাটবন্দি করেছেন বাংলাদেশের ইতিহাসের আলোচিত-সমালোচিত এক অধ্যায়কে।
জনাব আহমেদ নূর তখন একাধারে দৈনিক সিলেট প্রতিদিনের সম্পাদক আবার সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। দেশে তখন চলছিল ওয়ান-ইলেভেন পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের শাসন।

সময়টা ছিল কঠিন। রাজনৈতিক ও ব্যক্তিগত চরিত্রহননের পাশাপাশি মানবিকতাবর্জিত। অনিশ্চয়তায় মোড়া এমনই এক রাতে কর্মস্থল থেকে সাংবাদিক আহমেদ নূরকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। তারপর নির্যাতন, মামলা, পাঁচ মাস কারাভোগ। কারাগারের সেই দুঃসহ দিনগুলো, মুক্তিপরবর্তী নানা ঘটনা, ওয়ান-ইলেভেনের আলোচিত রাজনৈতিক ঘটনাবলির নির্মোহ বর্ণনা আছে বইটিতে।

বরেণ্য কথাসাহিত্যিক ও গবেষক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বইয়ের ভূমিকায় লিখেছেন, 'পাঁচ মাসের কারাভোগ। নির্যাতনজনিত অসুস্থতা, নানান অসুবিধা, এক ডাক্তারের বৈরী আচরণ। আদালতে যাওয়া এবং আসা, এর মধ্যে মাথা ঠান্ডা রাখাটা দায়। হতাশার হাতে নিজেকে ছেড়ে দেওয়ার কথা। কিন্তু আহমেদ নূরের মনোবল তাঁকে পথে রাখল। কথায় বলে, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। নূর কারাগারে গিয়ে ধানভানা বজায় রাখলেন, অর্থাৎ একজন সাংবাদিকের অন্তর্দৃষ্টি ও কৌতূহলকে কাজে লাগিয়ে দিনপঞ্জি লেখা শুরু করলেন। এই দিনপঞ্জিতে কী নেই; নিজের অসহায়ত্ব আর অপমান, তাঁর উপর নির্যাতন, স্বাধীনতাহরণ নানান বঞ্চনা–এসব তো আছেই, তার উপর আছে সিলেট কারাগার নিয়ে তাঁর গবেষণা– কারাগারের যত অনিয়ম, দুর্নীতি এবং সুবেদার সিন্ডিকেট থেকে নিয়ে এর প্রহরা ব্যবস্থার বর্ণনা, এর ভেতরে প্রচলিত নানা শব্দ-পদ, দীর্ঘদিনের জেলবাসিন্দা ফজলু মিয়া অথবা ডাকাতসর্দার মজিদের কাহিনি। কোর্ট-হাজতের হাল-হকিকত তো আছেই।

কিন্তু সময়টা তো ছিল কঠিন, অধিকার হরণের, রাজনৈতিক ভেলকিবাজির, গণতন্ত্রের সংকটের। সাংবাদিক নূর কারাগারের ভেতরে থেকেও একটা কান পেতে রেখেছেন বাইরে। কারাগারে পাওয়া তিনটি পত্রিকা থেকে তিনি তুলে নিয়েছেন চলমান নানা ঘটনার চুম্বক। ভাবতে অবাক লাগে, নিজের বিপন্ন অবস্থাতেও নূর বড় কোনো ঘটনা থেকে চোখ ফেরাননি। তিনি ব্যক্তিগত মত দেননি এসব ঘটনা সম্পর্কে, শুধু সেগুলো একজন সাংবাদিকের মতো লিখে গেছেন দিনপঞ্জির খাতায়। তাঁর বর্ণনায় উঠে আসে প্রচলপন্থি এবং সংস্কারপন্থি রাজনীতিবিদদের নানা কার্যকলাপ। এসব আমাদের জানা, মাত্র সাতবছর আগেই তো সেসব ঘটেছে।

কিন্তু নূর যেভাবে সেগুলোকে সাজিয়েছেন তাতে যেন একটা বিস্ময়ের চিহ্ন লেগে থাকে খবরগুলোর পড়ে। যেমন, সাইফুর রহমান এবং ওসমান ফারুক রাজনীতিতে পরিবারতন্ত্রের অবসান চাইছেন, আমু-সুরঞ্জিত-রওশন এরশাদও চাইছেন সংস্কার। লুৎফুজ্জামান বাবর মার্কিন রাষ্ট্রদূত বিউটেনিসের সম্মানে আয়োজন করেছেন নৈশভোজ। সেই ভোজে শরিক হয়েছেন নানান বিখ্যাতজন। কিছুদিনের মধ্যেই বাবর গেছেন কারাগারে, বিখ্যাতজনের অনেকেও। অনেকে আবার পালিয়েও গেছেন।
নূর বিশদভাবে বর্ণনা করেছেন ২১ আগস্ট ২০০৭ সাল থেকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তাল অবস্থা। কয়েকজন শিক্ষককে গভীর রাতে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া ইত্যাদি ঘটনা। শেখ হাসিনা ও খালেদা জিয়াকে নিয়ে যে দড়ি টানাটানি হল, তার বর্ণনাও লিখে রেখেছেন নূর।

কারাগারে বই পড়েছেন, হুমায়ূন আহমেদকে স্মরণ করেছেন। লিখেছেন এক আশ্চর্য জোছনা রাতের কথাও। সাংবাদিকরা যে মাঝেমধ্যে কবি হয়ে যান, এই ছোট্ট বর্ণনাটি তারই প্রমাণ।
সৈয়দ মনজুরুল ইসলাম গ্রন্থটির ভূমিকায় বলেছেন, 'আহমেদ নূরের বর্ণনা পাঠককে টেনে ধরে। তাঁর বর্ণনায় শক্তি আছে, প্রগলভতা নেই; ঘটনার সত্যতা আছে, অতিরঞ্জন নেই। তাঁর ভাষাটি ঝকঝকে। বইটি হাতে নিলে পড়া শেষ না করে রাখা যাবে না।

একটা কঠিন সময়ের কড়চা লিখেছেন আহমেদ নূর। বইটা পড়লে বোঝা যাবে জাতি হিসেবে আমাদের দুর্বলতাগুলো কোথায়, শক্তিটা কোন জায়গায়।
বইয়ের মুখবন্ধে নির্যাতিত লেখক আহমেদ নূর লিখেছেন, ১৫০ দিনের কারাবাস এবং সেই সময়ের ঘটনাগুলো বিক্ষিপ্তভাবে অনেকে জানলেও আদ্যোপান্ত কাউকেই বলা হয়নি–বলা সম্ভবও ছিল না। সেই 'না বলা' বা 'বলতে না পারা' কথাগুলো তিনি বইয়ে বলার চেষ্টা করেছেন। বইটি পড়লে পাঠক কারাগারের দৈন্যদশায় বেঁচে থাকা মানুষের যন্ত্রণা ও সীমিত অধিকারের দুঃসহ বেদনা উপলব্ধি করতে পারবেন।

৩৬০ পৃষ্ঠার বিশাল এই গ্রন্থটির প্রকাশক সাংবাদিক ও লেখক ইয়াহইয়া ফজল। কমলাফুলি প্রকাশন থেকে প্রকাশিত এই বইয়ের প্রচ্ছদ এঁকেছেন অশোক কর্মকার।
গণতন্ত্রের সংকটের পাশাপাশি মানবিক মূল্যবোধ, দুঃসময়ে ব্যক্তিগত সম্পর্ক যে ক্ষমতার কাছে কতটুকু অসহায় হয়ে পড়ে তার নির্জলা বর্ণনা রয়েছে প্রকাশিত বইটিতে। এক কথায় কালো সময়কে ধারণ করে সাদা হরফে লেখা সাংবাদিক আহমেদ নূরের বইটি ইতিহাসের প্রামাণ্য দলিলও বটে।

Image
Flag Counter