আহমদ বশীরের “তিনি”: অন্য আলোয় বঙ্গবন্ধু
কোনো গল্পর মূল আখ্যান যদি হিমালয়সম একজন রাজনৈতিক ব্যক্তির কর্ম-চিন্তার ও সংগ্রামের ভিত্তি হয়, যা ঘটেছে অনতিঅতীতে, যার স্বরূপ রাজনৈতিক ইতিহাস সচেতন মানুষের কমবেশি জানা থাকে, সে-ক্ষেত্রে পাঠক যদি গল্পের নির্মাণ শৈলীতে নতুন অর্থরূপ না পায়, তা হলে গল্পটি সমকালীন প্রচাররঙ্গ শেষ হলে, হারিয়ে যাবার সম্ভাবনা থাকে।
আমরা কমবেশি জানি, রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনীতির শীর্ষ ঘটনা-দুর্ঘটনা নিয়ে সাহিত্য করা, ঐ সাহিত্যকে শিল্পমান দেওয়া দুরুহ কর্ম। রাজনীতির উত্তেজনা, জীবিকাযুদ্ধে যতপরনাস্তি ব্যস্ত থাকবার কারণে, মানুষের চিন্তার পরিধিতে কিছু কাল পর মিইয়ে যায়, যদিও তার (রাজনীতির) ঘাত-প্রতিঘাত আগামী সময়কেও নানাভাবে বহন করতে হয়, এবং ঐ ঘটিত প্রেক্ষিতকে (রাজনৈতিক ঘটনা-দুর্ঘটনা) নিয়ে যে-লেখক শ্রমশীল দায়িত্ব নিয়ে গল্প লিখতে চান, বলতে চান, পাঠক দেখতে আগ্রহী, লেখক জানা ঘটনার মধ্যে প্রধান বা সহযোগী চরিত্রকে কোন্ রূপে চিত্রিত করেছেন। যা পড়বার পর পাঠকের মনে হবে, মানুষেরও দেশের জন্যে মানুষটার (প্রধান চরিত্রের) দায়িত্ব ও কর্তব্য, জানতাম না এ-রকম ছিল। এবং নিজের (পাঠকের) জীবনযাপনের সঙ্গে ঐ গল্পে চিত্রিত বিষয়, ঘটনা ও চরিত্রের একটি সম্মিলন (রাজনৈতিক বোধের) যখন পাঠক পেয়ে যান, নিজেকে বলেন, আমিও এই ঘটনাক্রমের মধ্যে হাঁটছি।
উপরে যা বলা হলো তার ভিত্তিকথা আমি পেয়েছি আহমদ বশীরের নতুন গল্পগ্রন্থ 'তিনি' পড়বার পর। আমি আনন্দিত গত শতকের সাতের দশকের নতুন মেজাজের এই লেখক পঁয়ত্রিশ বছর পর আবার লিখতে শুরু করছেন। এবং এই নতুন শুরুর ভিত্তি খুবই বলিষ্ঠ।
লেখক ও গ্রন্থটির নাম শুনে, যদি কেউ প্রচ্ছদ না দেখেন, তা হলে অনেকরকম মুখচ্ছবি, ব্যবহারছবি তার সামনে হাঁটাচলা করবে। নিজেকে প্রশ্ন করবেন, আহমদ বশীরের 'তিনি' কে? বশীরের 'তিনি' শেখ মুজিবুর রহমান।
'তিনি' গ্রন্থে চারটি গল্পে একজন শেখ মুজিব কখনো মানবিক, কখনো জীবনকে মৃত্যুর মুখে রেখে নিজ আদর্শে অবিচল থেকে রাজনৈতিক নেতা এবং কখনো ভবিষ্যতে একটি স্বাধীন ভূমির স্বপ্ন দেখা স্বাপ্নিক।
'তিনি' গ্রন্থের উৎসর্গ : "যিনি বাংলাদেশের ইতিহাসকে বাঙালির কাছে ফিরিয়ে দিতে সাহায্য করেছেন বারবার।" 'বারবার' শব্দটি খুবই তাৎপর্য ধারণ করে। শেখ মুজিবুর রহমান 'বঙ্গবন্ধু' হওয়ার আগের ও পরের (খুন হওয়া পর্যন্ত) সময়কালে 'তিনি' বাংলাদেশের ইতিহাস (এই ইতিহাস বাঙালি জাতির শেকড়মূলে প্রথিত) সামগ্রিক অর্থে বাঙালির কাছে 'বারবার' ফিরিয়ে দিতে জীবনের সবকিছু দিয়ে 'সাহায্য' করেছেন।
লক্ষ্যণীয় গন্থের চারটি গল্প যাঁকে নিয়ে লেখা তাঁকেই গন্থটি উৎসর্গ করা হলো। এই উৎসর্গ'র একটি বয়ানঅর্থ হতে পারে, বশীর মনে করেন, এই বিনয়ী উৎসর্গ তাঁর (শেখ মুজিবর রহমান) জন্যে এক লেখকের সামান্য অর্ঘ। সামান্য এই অর্থে 'তিনি' একটি জাতি ও দেশের জন্যে যা যা করেছেন তার সঙ্গে তুল্যমূল্য বিচারে ঐ বশীরীয় অর্ঘ সামান্য। আরও একটি কথা মনে হতে পারে, 'তিনি'র জন্যে এখনো অনেক কাজ, কাজ অর্থে, তাঁর জীবন ও আদর্শ সংগ্রামের বিষয়ে আমাদের বলতে হবে অনেক কথা, যা এই দেশের ১৯৪৭ পূর্ব ও পরবর্তী ইতিহাসের সঙ্গে সম্পর্কিত।
গ্রন্থের প্রথম ফ্লাপে সাধারণত লেখা হয় গন্থটির মধ্যে বর্ণিত মূল চিন্তাপ্রবাহের সারাৎসার। দীক্ষিত পাঠক ফ্লাপে লেখা কথা-অংশ পড়ে যেন বুঝতে পারেন, তার আগ্রহ-শেকড় ঐ কথা-অংশ থেকে তৃষ্ণা মেটাবার কতটা জল পাবে। নাকি এক বাগাড়ম্বর ভাষার আড়ালে লেখা হয়েছে ফ্লাপের কথা-অংশ? এমত-প্রশ্ন গ্রন্থক্রেতার চিন্তাকোষে আসতেই পারে।
'তিনি' গ্রন্থে যে-চারটি গল্প আছে তার থেকে অর্থবহ যে-চারটি অংশ পাঠককে দ্রুত চোখ বুলাবার জন্যে প্রথম ফ্লাপে তুলে দেওয়া হয়েছে তা এক একটি গল্পের ভাষা, শিল্প, গল্প-রহস্য, এবং শেখ মুজিবুর রহমান কিভাবে "বঙ্গবন্ধু" হয়ে উঠলেন তার স্বল্প ভাষ্য মাত্র।
ফ্লাপের স্বল্প ভাষ্যে পাখিচোখের ভ্রমণ নয়, পর্যটন (মনে রাখা দরকার পর্যটন শব্দে জারি থাকে এক বিশেষ পর্যবেক্ষণ) সম্পন্ন না হলে পাঠক বঞ্চিত হবেন, আহমদ বশীরের গল্পসৃষ্টির, গল্পের প্রয়োজনে পরিপ্রেক্ষিত-মাফিক ভাষা সৃষ্টি, সংলাপ নির্মাণ এবং ঐ বিষয়গুলোর (পরিপ্রেক্ষিত ও ভাষা) পক্ষে-বিপক্ষে মূল ও পরিপাশ্র্বের চরিত্রগুলোর এ্যাক্ট আখ্যানের প্রয়োজনে সর্বদা সক্রিয় হয়ে উঠছে… অনুধাবন করতে।
গ্রন্থের প্রথম গল্প : মধুবালা, গৌরাঙ্গ, সোহরাওয়ার্দী, খোকা। গল্পের এই নামগুলির মধ্যে মাত্র একটি নাম সোহরাওয়ার্দী আমাদের পরিচিত। এবং যার নাম খোকা তাঁকে চিনতে, জানতে ও বুঝতে পরের তিনটি গল্প না অধ্যয়ন করলে কেউ জানতেই পারবে না, খোকা শেখ মুজিবুর রহমান।
প্রথম গল্প থেকে কিছু বাক্য, নাম ও সংলাপ :
১. ভারতের মুসলীম লীগ আজকের দিনটাকে বলেছে ডাইরেক্ট অ্যাকশন ডে, ১৯৪৬।
২. ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলের এই কক্ষটিতে খোকা প্রায় তিন বছর ধরে থাকছে।
৩. ক্রিপস মিশন ব্যর্থ হয়েছিল। ক্যামিনেট মিশন কি ব্যর্থ হবে? ঘরের ভেতর মিয়াও মিয়াও করে ডাকলো একটা বিড়াল।(কী স্যাটায়ার !! ক্রিপস মিশনের রাজনৈতিক চালাকি কৌশল সম্পর্কে পাঠক যদি না জানেন তা হলে বিড়ালের মিয়াও মিয়াও-এর অর্থরস উপভোগ করতে পারবেন না। )
৪. ইয়ে হায় হিন্দু মহাসভা কী নেতা শ্যামাপ্রসাদ মুখার্জী কি তসবির।
৫. মাহাত্মা ? শালা, ম্যায় মর যাও।
৬. নারায়ে তকবির। আল্লাহ হু আকবর। ক্ষণে ক্ষণে মুসলিম লীগ কার্যালয়ের সামনে ধ্বনি উঠছে।
৭. আর রমজান মাসে মুসলমানদের জিহাদ কখনো ব্যর্থ হয় না।
৮. শ্যামাপ্রসাদ মুখার্জী বাঁইচা থাকতে বাংলারে এক রাখতে পারবা না। শ্যামপ্রসাদ বাংলারে ভাঙবোই।
৯. পাকিস্তন, পাকিস্তান, ল্যাড়কে লেঙ্গে পাকিস্তান। …. সাইদুর রহমান স্যারের কথা কানে ভাসলো– ইন্ডিয়া একটা রটেন দেশ।
১০. জ্যোতি বসু। কম্যুনিস্ট করে। আমাগো পূর্ববঙ্গেরই। পাকিস্তান সার্পোট করে।
১১. ভবিষ্যতে আমাগো যেমন ওই উর্দুওয়ালা জিন্না সাহেব, লিয়াকত আলী, খাজা নাজিমুদ্দিন লগে লড়তে হইবো, তেমনি এই বাঙালি হিন্দু ভাইদের লড়তে হইবো দিল্লী-গুজরাটওয়ালের লগে।
'মধুবালা, গৌরাঙ্গ, সোহরাওয়ার্দী, খোকা' গল্প থেকে যে-সব অংশ আমি তুলেছি তার মধ্যে যে-সব বক্তব্য, বিষয়, ও সংলাপ আছে তা বিশুদ্ধভাবে রাজনৈতিক। এবং মানুষগুলি উদ্দেশ্যমূলক রাজনীতির শিকার। ওইরকম পরিস্থিতির মধ্যে একজন রাজনৈতিক কর্মী খোকা মধুবালা ও গৌরাঙ্গকে রায়ট পরিস্থিতির মধ্যে মিলিয়ে দেন। এই মিলিয়ে দেওয়া কিন্তু গল্প নয়। ওটা খোকার একটি মানবিক কাজ। পুরো গল্পর উচ্চারণ আগামীদিনের ভারতবর্ষের ভব্যিষৎরূপ। দাঙ্গার মধ্যে জীবনের সঙ্গে জীবনের সত্যকে বাঁচানোর কর্তব্যই আসল কাজ, যা করেছেন খোকা।
গ্রন্থের দ্বিতীয় গল্প : বিপ্লবের জন্য অপেক্ষা।
১. ডকুমেন্ট নং ৭০১২॥ তারিখ জুলাই ১৯৬৪ : মোহাম্মদ বিন কাশিম থেকে দৈনিক ডন অফিস
২. ডকুমেন্ট নং ৭০১২॥ তারিখ জুলাই ১৮-২৭, ১৯৬২ : নোয়াখালী বর্ডার
৩. ডকুমেন্ট নং ৮১৯॥ তারিখ ১১ জুন, ১৯৬৬ বিমানে যোগাযোগ
৪. ডকুমেন্ট নং ৮২৯॥ নভেম্বযর ২৯, ১৯৬৩ : করাচীর হোটেল মেট্রোপলিটন লবিতে সং লাপ
৫. ডকুমেন্ট নং ৮০৯॥ টেলিফোন সংলাপ॥ তারিখ ৯ মার্চ,১৯৬৭
৬. ডকুমেন্ট ৮০১॥ একজন আসামী (র) ডায়রির একটি অংশ॥ মে ১৯৬২
৭. ডকুমেন্ট ৮০৭/১৭ জানুয়ারি ১৯৬৮/পূর্ব পাকিস্তান রুখিয়া দাঁড়াও…ঢাকা সেন্ট্রাল জেল
পরিশিষ্ট : রাওয়ালপিন্ডি, পাকিস্তানের সামরিক বাহিনীর হেডকোয়ার্টার। ডিসেম্বর ১৯৬৭।
আহমদ বশীর যদি শুধুমাত্র 'বিপ্লবের জন্য অপেক্ষা' গল্পে ডকুমেন্টগুলির তারিখ, মাস, সন ও স্থান যে-ভাবে ব্যবহার করে, এবং তারপর ডকুমেন্টগুলির পরস্পরের ভেতরগত সম্পর্ক নিয়ে কিছু কথা এবং দু'একটি চরিত্রর নাম লিখে আর কিছুই না লিখতেন, আমি পাঠক অনেকক্ষণ নিজেকে খনন করতাম এই ভেবে, আমার এই দেশ পেতে একজন শেখ মুজিব গোয়েন্দাদের কতপ্রকার দুরভিসন্ধিমূলক পরিকল্পনার মধ্যে রাজনীতি করেছেন।
বশীর গোয়েন্দা-আবহ সৃষ্টি করেছেন কেন? না করে উপায় ছিল না। গল্পটির বীক্ষণই দাবি করে ঐ ফর্মে লিখতে। বাংলা ছোট গল্পে এইরকম ফর্মে আর কোনো গল্প লেখা হয়েছে কি না, আমার অজানা।
গল্পটি পড়বার সময় পাঠককে এক নাট্যিক ও গোয়েন্দারহস্যের মধ্যে দিয়ে যেতে হবে। কেন না যে-ঘটনা পরে ঘটছে তার ভেতরসূত্র আগের ডকুমেন্ট, সংলাপ ও পরিস্থিতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত।
এবং এই গল্পে ব্যবহৃত কিছু বাক্য :
১. বাট ইউ নো কোলকাতায় সেই ১৯৪৬-৪৭ সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশিম আর ওই ছেলেটা মুজিবর– এরা দিনরাত না খাটলে এই পাকিস্তান স্বাধীন হতো! …স্যার আপনি আইয়ুবের জালে ধরা পড়লেন?
২. স্যার আপনারা কি পাকিস্তানের কোনো পলিটিকাল পার্টির সঙ্গে এফিলিয়েটেড? না কোনো রেভিউলিশনারী গ্রুপ?
৩. ছেয় দফা কেয়া? বাতাও। মেজর হঠাৎ প্রশ্ন করে।
৪. প্রেসিডেন্টকে বলো, সবাইকে কোর্ট মার্শাল করে ফিনিশ করে দিতে হবে।
উপরে ১-৪-এর মধ্যে যা যা আছে শুধু এই অংশগুলিকে (অন্য অংশ আরো বিস্তৃত) একজন পাঠক উপরে বর্ণিত ডকুমেন্টগুলির সঙ্গে একত্রিত করে দেখলেই বুঝবেন আহমদ বশীর এক বিশেষ ঘরানায় লিখেছেন এই রাজনৈতিক গল্প। যা পূর্ববঙ্গের মানুষদের একটি পর্বের রাজনৈতিক আয়নারূপ।
গ্রন্থের তৃতীয় গল্প : তিনি
আগের দুটি গল্প যে-ফর্মে বশীর লিখেছেন, পাঠককে এক উধ্র্বশ্বাস ও তাড়ার মধ্যে সর্বদা থাকতে হয়েছে– কী হচ্ছে বা হতে যাচ্ছে, এই অবস্থাটি বুঝতে। এবং সেই বিচারে গ্রন্থের নাম গল্প 'তিনি'র নির্মাণ-প্রকৌশল বেশ সহজ। সময়-কাল ১৯৭১-এর প্রথম অংশ। ৭-ই মার্চে বঙ্গবন্ধুকে খুন করবার জন্য দায়িত্ব পাওয়া বদরুল গুলি করতে পারে না। তার মধ্যে চকিতে এক উপলব্ধি তৈরী হয়, তার বাবা তাকে নাকি বলেছিলেন…. তিনি…তিনি…তিনি… বাবা এই নেতার কথাই বলতো।' গুলি করতে না পারার কারণে বদরুলকে খুন হতে হলো।
গল্পের শেষ অংশে আসবার আগে গল্প থেকে কিছু অংশ :
১. কোথাও গুলির শব্দ হলো। ঠা…ঠা…ঠা…। আজ ১৯৭১ সনের ৪ঠা মার্চ। গত একমাস ধরে পূর্ব পাকিস্তানে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সামরিক সরকার এক যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলেছে। নির্বাচিত দলকে তারা শাসন করতে দেবে না।
২. দূরে আবার মাইকের শব্দ আসছে… জয় বাংলা…বাংলার জয়…ইকবাপল হলে ছেলেরা নিশ্চয়ই সবাই এখনও জেগে আছে। আজ সারা রাত ওরা স্বাধীন বাংলার পতাকা বানাবে।
৩. টঙ্গীতে গুলিবর্ষণ–৪ ব্যক্তির মৃত্যু,২৫ জন আহত। গতকাল ৫-৬ই মার্চ ১৯৭১। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর গুলিতে টঙ্গী থানার ওসিসহ ৩-জন কর্মচারী আহত হইয়াছেন এবং ৪ ব্যক্তির মৃত্যু ঘটিয়াছে।
আমরা গ্রন্থের ৭৬ পৃষ্ঠায় পড়বো বিবিসি'র মার্ক টালির মোক্ষম প্রশ্ন : 'আগামীকাল ৭ তারিখে আপনি রমনা রেসকোর্স ময়দানে সভা ডেকেছেন। দেশের জনগণই শুধু নয়, সমগ্র বিশ্ব অপেক্ষা করছে আপনি কী বলবেন– তা শোনার জন্য।'
'নেতার মুখটি আনন্দে উদ্ভাসিত হলো; কিন্তু পরক্ষণেই আবার গম্ভীর দুঃশ্চিন্তায় মগ্ন হলেন। ওই ভাষণটি সম্পর্কে কী আর বলবো। ওই ভাষণটি হয়তো আমার জীবনের শেষ বক্তৃতা হতে পারে। আপনারা জানেন দেশের মানুষকে মুক্তি দিতে হবে।'
উপরের ১-৩ (গল্পের অন্যান্য অংশে বিভিন্ন বিষয়ের আরো চড়াই-উৎরাই আছে) এবং মার্ক টালির সঙ্গে 'তিনি'র কথোপকথনের যোগসূত্র নির্মাণে বশীর যা করেছেন তা শুধু একটি দেশের রাজনৈতিক সময়ের (১৯৭১) শীর্ষ-কালভূমি। 'তিনি' জানেন, পকিস্তানীদের বন্দুক ও কামানের সামনে তাঁকে এক সত্য স্বপ্নের উচ্চারণ করতে হবে। এবং সে-কারণে তাঁর মৃত্যু হতে পারে। মার্ক টালিকে বলা সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটি হলো : 'মুক্তি'।
আমি গল্পটি পড়বার সময় বেশ ভয়ে ছিলাম, একটি স্লোগান-সর্বস্ব গল্প আমাকে পড়তে হবে কি না। আনন্দিত হয়েছি আমার ভয় পরাজিত হয়েছে।
গ্রন্থের চতুর্থ গল্প : প্রামাণিক উকিলের শত্রুমিত্র
এই গল্পে বঙ্গবন্ধুর হত্যা, বিজয়ী মুক্তিযোদ্ধাদের অপমান ও পরাজয়, সামরিক শাসন– এই বিষয়গুলি এক বিশেষভাবে, গুরুত্বের ওজন মেপে চিত্রিত করা হয়েছে। ঘটনা ও সময়কে আগে ও পেছনে এনে, বিভিন্ন রাজনৈতিক ঘটনা, যেমন 'একাত্তরের যুদ্ধ', 'পাকিস্তানে রাষ্ট্রভাষা হবি উর্দু', 'শেখ মুজব বলিচ্ছে বন্ধুগণ, তোমরা একুত্রিত হও, পশ্চিম পাকিস্তান আমাক শোষণ করিচ্ছে…. হামার দ্যাশর টাকা চুরি করিয়্যা লিয়ে যাচ্ছে তার দেশে', ' শেখ মুজিবের ছয় দফা ছাড়া মুক্তি নেই', 'ইয়াহিয়া খান ক্ষমতা দেবে না।'–এইসব অতি জরুরী রাজনৈতিক বিষয়গুলির মিথস্ক্রিয়া-প্রভাব সম্পর্কে পাঠককে আহমদ বশীর গল্প-পাঠকালে সর্বদা সচেতন করে রাখেন। এই রাখবার ব্যাপারটা আরোপিত নয়। যারা বাংলাদেশের উত্থান ও স্বাধীনতা-পরবর্তী রাজনীতির ইতিহাস-পৃষ্ঠা সম্পর্কে সচেতন তারা এই গল্পটির পাঠ শেষে একটা আর্তনাদপূর্ণ দীর্ঘশ্বাস ফেলতে বাধ্য হবেন।
এবং গল্পের শেষ স্তবকের আগের স্তবকে 'মুজিব তোমার শত্রু কে? কোন শত্রু তোমাক মারলু?' (প্রামাণিক উকিলের এই দুটি প্রশ্নের পর উকিলকে এলাকায় আর দেখা যায়নি।) প্রশ্ন দুটি এই বাঙালি জাতিকে আজন্ম তাড়া করবে।
এবং শেষ স্তবকে : 'কিন্তু আপনারা জানেন লক্ষ্মীমন্ত ফুল্লী আর শহীদ শাহাবুদ্দিনের ছেলেটা এখনও বেঁচে আছে? শেখ মুজিবের শত্রুরা তারও শুত্রু।…. আসলে শেখ মুজিবের শত্রু কে?'
প্রামাণিকের বড়ো ছেলে শাহাবুদ্দিন মুক্তিযুদ্ধে শহীদ এবং তার ছোট ভাই 'জয় বাংলা' স্লোগান দেওয়ার কারণে গুলিবিব্ধ হয়। অর্থাৎ পিতা ও দুই পুত্র বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শের কর্মী ও বিশ্বাসী বলে বাঁচতে পারে না (প্রামাণিককে এলাকায় আর দেখা যায় না মনে রাখতে হবে।)
-সব ঘটনার প্রসঙ্গে এইমাত্র যা (গল্পগুলি পড়েই অবশ্য) বললাম, তা আমাকে বলতে হবে গল্পগুলির ঘটনা, চরিত্র, ঘটনার দ্বন্দ্ব ও মীমাংসা ইত্যাদির কথনরূপের সাহায্যে।
২.
চারটি গল্পর ভেতর-বুনন আসলে করা হয়েছে একটি বড়ো সময়ের (১৯৪৭-এর আগে থেকে এবং ২০১৭ পর্যন্ত) পরিধির মধ্যে। ফলে গল্পগুলোতে ঘুরে ঘুরে এসেছে, প্রসঙ্গের দাবী নিয়েই, উপমহাদেশের বিভিন্ন রাজনৈতিক ঘটনা, সামরিক শাসন, ক্ষমতার জন্য হত্যা, স্বাধীনতার জন্য যুদ্ধ, ঔপনিবেশিক শাসনের ক্ষত ইত্যাদির ভাষ্য। এবং ঐ-অবস্থাগুলির মধ্যে সক্রিয় অস্তিত্বে সর্বদা জায়মান আছেন শেখ মুজিবুর রহমান, আমাদের বঙ্গবন্ধু।
'তিনি' গ্রন্থের চারটি গল্প'র পাঠ শেষে, এই উপ মহাদেশের রাজনৈতিক ইহিতাস সচেতন একজন পাঠক 'তিনি' অর্থাৎ শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনবীক্ষা, সংগ্রাম, উত্থান ও জীবনদান বিষয়ক একটি চিত্র পাবেন। যা সামনে নিয়ে পাঠক উপলব্ধি করবেন, 'তিনি' আমাদের জন্য কী কী করেছেন।
গল্পগুলোর নির্মাণশৈলী, ভাষার ব্যবহার, চরিত্রায়ন, প্রেক্ষিতের অবস্থান ইত্যাদির মিশ্রণে বশীর খুব সচেতন ছিলেন। কোথাও শিলিল হলে, যে-বিষয় নিয়ে আহমদ বশীর চারটি গল্প লিখেছেন তা হতো ইতিহাস থেকে নেওয়া দলিল মাত্র। বশীর, আপনি আমার শ্রদ্ধা গ্রহণ করুন।
৩.
'তিনি' গ্রন্থটি হাতে নিয়ে যখন কেউ প্রচ্ছদ দেখবেন, সহজ বোধবুদ্ধিতেই বুঝবেন ও উপলব্ধি করবেন, গন্থটির সমগ্রতার কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং প্রচ্ছদ শিল্পী আবু হাসনাত সৌরভ বঙ্গবন্ধুর সম্পূর্ণ মুখ ও থুতনির উপর রাখা ডান হাত চিত্রিত করেছেন লাল রঙে। 'তিনি'র আজীবনের সংগ্রাম ও যুদ্ধের সঙ্গে যা খুবই অর্থবহ। শুধু তাই নয়, চোখের স্বপ্নাহত দৃষ্টি সুদূরে আবদ্ধ, হয়তো একটি স্বপ্নকে বাস্তবে দেখতে চাইছেন, যে-স্বপ্নের নাম 'সোনার বাংলা।' এরকম অর্থপূর্ণ প্রচ্ছদের জন্য সৌরভকে আমার আন্তরিক অভিনন্দন।
প্রকাশনাটি খুবই যত্ন নিয়ে করেছেন তরুণ প্রকাশক আহমেদ মাসুদুল হক। তিনিও আমাদের ধন্যবাদের বিশেষ অংশী।
সূত্র :
তিনি
আহমদ বশীর
উত্তরণ
মূল্য:দুইশত টাকা মাত্র
