আবদুস সেলিমের সংবেদশীল অনুবাদে সূর্য দীঘল বাড়ি
আবু ইসহাকের সূর্য দীঘল বাড়ি-এর ইংরেজি অনুবাদ বাংলা একাডেমি প্রকাশ করেছে প্রায় দু' বছর হতে চলল। এর অনুবাদ নির্দ্ধিধায় ভিনভাষী পাঠকের কাছে বাংলা সাহিত্যের একটি শক্তির জায়গা উন্মোচন করেছে। এ উপন্যাসটি নানা দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিখ্যাত অনুবাদক, অধ্যাপক আবদুস সেলিম এ উপন্যাসটির ইংরেজি অনুবাদ করছেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। এটি অনুবাদের সময় ভাষা নিয়ে রীতিমতো গবেষণা করেছেন তিনি। ফলে তাঁর অনুবাদকৃত ভাষা হয়েছে সাবলীল। তাছাড়া বাংলা ও ইংরেজি দুটি ভাষাতেই তাঁর সমান বুৎপত্তি এ-অনুবাদকর্মকে করেছে সহজবোধ্য ও পাঠকবান্ধব। আবদুস সেলিম এ প্রন্থানুবাদে তাঁর মুন্সিয়ানা ও দীর্ঘ সময়ের অনুবাদ-অভিজ্ঞতার স্বাক্ষর রেখেছেন। খুব অল্পকথায় এ-অনুবাদকর্মের কিছু গুরুত্বপূর্ণ দিক এ-লেখায় বলার চেষ্টা করেছি।
শুরুতেই উক্ত উপন্যাসের ইংরেজি অনূদিত নামটি নিয়ে বলি। আবদুস সেলিম এ উপন্যাসের নামটি ইংরেজিতে সূর্য দীঘল বাড়ি-ই রেখেছেন, যদিও ভেতরের পৃষ্ঠায় তিনি ইল-ওমেন্ড হাউস (Ill-omened House) শিরোনাম দিয়েছেন। আদতে, বইয়ের প্রচ্ছদে তিনি অনূদিত ইংরেজি নামটি দিতে চাননি। এ-প্রবণতাকে গুরুত্ব দিয়ে দেখতে চাই। তিনি পারতেন ইল ওমেন্ড হাউস নামটি প্রচ্ছদে ব্যবহার করতে, সেক্ষেত্রে প্রকৃত বাংলা নামের যে মজ্জাগত শক্তি এবং এর ভেতরকার অনুরণন ফুটে উঠতো না। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে তবে ইংরেজি বা অন্য ভাষাভাষী পাঠকেরা 'সূর্য দীঘল বাড়ি' এ-নামটি থেকে কি বুঝবেন? এর উত্তরটা একটু বিশদাকারে বলতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে যখন প্রথম গীতাঞ্জলি ইংরেজিতে অনুবাদে করেন এর নাম কিন্তু গীতাঞ্জলিই রেখেছিলেন। পরবর্তী সময়ে এই গ্রন্থটি সঙ অফারিংস নামে অনূদিত হয়। ওসমান জামাল যখন শওকত ওসমানের জননী উপন্যাস ইংরেজিতে যখন ইংল্যান্ড থেকে প্রকাশিত হলো তখন ওই বইয়ের নাম ইংরেজিতে Jannaniই রেখেছিলেন। আবার শার্ল বোদলেয়ারের লে ফ্লার দ্যু মাল-এর প্রথম ইংরেজি অনুবাদেও মূল নামটিই অনুবাদকরা বজায় রেখেছিলেন, পরে অবশ্য দি ফ্লাওয়ারস্ অব্ এইভল নামে বইটি অনূদিত হয়। এমন উদাহরণ অনেক দেয়া যাবে। পাবলো নেরুদাও তাঁর কান্তো হেনেরাল কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের সময় স্প্যানিশ নামটিকেই রাখতে চেয়েছিলেন। সুতরাং আবদুস সেলিমের অনুবাদে আলোচ্য বইটির শিরোনাম ইংরেজিতে রাখার ব্যাপারে যদি কারোর আপত্তি থাকে তাহলে উপরোক্ত তথ্যগুলোতে চোখ বুলিয়ে নিতে বলবো। এগুলোকে বিবেচনায় নিয়ে বলা যায়, সূর্য দীঘল বাড়ি ইংরেজি অনুবাদের ক্ষেত্রে অনুবাদক যে মূল নামটিকে রেখে দিয়েছেন তা বরং যথার্থই হয়েছে, এবং মূল ভাষার প্রতি তিনি সুবিচার করেছেন বলা যায়। তাছাড়া যাঁরা বাংলা নামটির অন্তর্নিহিত অর্থ সম্পর্কে জানতে চান তাঁরা প্রচ্ছদ উল্টানোর সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন ইংরেজি নামটি যা বাংলা নামের ভাবানুবাদ। সোজা কথায়, আবদুস সেলিম বাংলা নামটিও রেখেছেন, আবার ভেতরে এর ইংরেজি অনুবাদও দিয়েছেন। ফলে বাংলা ও ইংরেজি উভয় ভাষাভাষী পাঠকই এ-উপন্যাসের বেলায় নাম-সংক্রান্ত কোনো সমস্যায় ভুগবেন না।
এ-অনুবাদকর্ম পড়তে গেলে যে বিষয়টি কোনো সচেতন পাঠকের চোখ এড়াবে না তা হলো এর সংস্কৃতিগত দিক। অনুবাদ তো কেবল ভাষার বদল নয়, বরং মূল যে ভাষা থেকে অনুবাদ করা হয় তার সংস্কৃতির একটি প্রতিচ্ছবি অনূদিত ভাষায় ফুটিয়ে তোলাতেই অনুবাদকর্মের সার্থকতা। আর এ দিক বিবেচনায়, আবদুস সেলিমকে দেখেছি ঔপন্যাসিকের সংস্কৃতি ও ভাষাবোধের প্রতি শতভাগ বিশ্বস্থ থাকতে। সূর্য দীঘল বাড়ি-তে আবু ইসহাক যে সংস্কৃতির আবহ নির্মাণ করেছেন বহুলাংশেই অনুবাদক হিসেবে সেলিম তার কাছাকাছি থেকেছেন। ফলে অনেক শব্দ যেমন–জিলাপি, কদম, হুক্কা, কল্কি, নামাজ প্রভৃতি তিনি ইংরেজিতে লিপ্যন্তর (transliteration) করেছেন, অনুবাদ করেননি। অনুবাদক হিসেবে তিনি যথার্থই বুঝেছেন যে, এ জাতীয় শব্দগুলো একটি সংস্কৃতির ঐতিহ্যের অংশ। এগুলোর অনুবাদ হয়তো মূল বাংলা উপন্যাসের প্রকৃত আবেদন নষ্ট করে দিতো।
এতক্ষণের আলোচনা আবদুস সেলিমের অনুবাদ-স্বকীয়তারই নানা প্রমাণ। এরই ধারাবাহিকতায় বলতে চাই, এ-অনুবাদকর্মে সময় বা কালের ব্যবহারে তিনি প্রচলিত কোনো ধারাকে মেনে চলেননি। সাধারণভাবে দেখা যায়, যে কোনো ন্যারাটিভকে ইংরেজিতে অনুবাদের বেলায়, বিশেষভাবে অতীতের কোনো বর্ণনায়, সাধারণ বর্তমান বা সাধারণ অতীত কাল ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এ উপন্যাস অনুবাদের ক্ষেত্রে সেলিম প্রথম অধ্যায়টি বর্ণনা করছেন সাধারণ অতীত ও পুরাঘটিত অতীতের মিশ্রণে, এবং বাকী পুরো উপন্যাসের বর্ণনা দিয়েছেন সাধারণ বর্তমান কাল ব্যবহার করে। এমনটি সম্ভব হয়েছে অনুবাদ-বিদ্যায় তাঁর অতল ব্যবহারিক দক্ষতা থাকায়।
সবশেষে, অনুবাদক আবদুস সেলিমের অনুবাদ-দক্ষতার আর একটি ছোট উদাহরণ হাজির করে এই নাতিদীর্ঘ লেখার ইতি টানবো। সূর্য দীঘল বাড়ি উপন্যাসের নানা জায়গায় পুঁথি সাহিত্যের বেশ কিছু কথা ঔপন্যাসিক তাঁর চরিত্রগুলোর মাধম্যে বলেছেন। সেসবের ইংরেজি অনুবাদ করা মোটেও সহজ নয়। কিন্তু অসহজ কাজটিকে খানিকটা সহজ করে তুলেছেন আবদুস সেলিম তাঁর সম্মোহনী অনুবাদ দিয়ে। যেমস, উপন্যাসের একেবারে শেষে ফকির নামক চরিত্রটি পুঁথি থেকে নিয়ে সুরযোগে পড়ছেন নিম্নোক্ত লাইনগুলো:
খাটো কাপড় উলট বেশে
বাণ মারলাম হেসে হেসে।
সেই বাণে মেদিনী কাঁপে,
জল কাঁপে, থল কাঁপে,
চান কাঁপে, তারা কাঁপে,
পাতালে বাসুকী কাঁপে
আগে-ভাগে ভূত-পেরেত,
জিন ভাগে শেষে।
কালা বাণে ভূত মারলাম,
পেত্নী বানলাম কেশে।
এর ইংরেজি অনুবাদ সেলিম করেন নিম্নরূপ:
Putting on short dress inside out
Laughingly a 'baan' (supernatural arrow)
I dispatch as a bout.
The 'baan' shakes the globe
Shakes the oceans, shakes the shores,
Shakes the moon, shakes the stars,
Shakes the devil undergrounds,
All the ghosts flee first,
The 'jinis' follow them last.
My black 'baan' has finished the devils,
এই অনুবাদটিতে লক্ষণীয় বিষয় দুটি। অনুবাদক বাংলা পুঁথির লাইনগুলোর অন্ত্যমিল ইংরেজিতেও রেখেছেন, যা মূল পুঁথির অন্তর্নিহিত ভাবটি বুঝতে সাহায্য করে। তাছাড়া, তিনটি শব্দ–বাণ, পেত্নী ও জিন–সরাসরি অনুবাদ করেননি সেলিম, কারণ কোনো ইংরেজি প্রতিশব্দই উক্ত বাংলা শব্দগুলোর প্রকৃত ভাব প্রকাশে যথেষ্ট নয়। ফলে তিনি এ জাতীয় শব্দের ইংরেজি প্রতিশব্দ ব্রাকেটে উল্লেখ করেছেন। এমন বুদ্ধিদীপ্ত ও সংবেনশীল অনুবাদকে সাধুবাদ জানাই।
