২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিদা সুলতানার পরালালনীল

সুব্রত অগাস্টিন গোমেজ

Published : 24 Aug 2010, 07:10 AM

Updated : 05 Sep 2022, 07:53 PM

ছোটগল্প কী? তা কত প্রকার? কেন লেখা হয়? কেন পড়া হয়? একজন অলেখক-পাঠক কী পড়েন, পড়তে চান, ছোটগল্পে? কী পড়েন, পড়তে চান একজন লেখক-পাঠক? উপন্যাসের সঙ্গে ছোটগল্পের মিল এবং গরমিলগুলি

……..
পরালালনীল । রাশিদা সুলতানা । প্রচ্ছদ: । ধ্রুব এষ । মাওলা ব্রাদার্স, ঢাকা, ফোন: ৭১৭৫২২৭ । ফেব্রুয়ারি ২০০৯ । ৯৬ পৃষ্ঠা । ১২০ টাকা ।
……..

কী কী? কবিতার সঙ্গে? প্রবন্ধের সঙ্গে?—ইত্যাকার নানা প্রশ্ন জাগে মনে। সমস্যা হ'ল, প্রশ্নগুলির উত্তর, বা উত্তরের প্রয়াসগুলো, ব্যক্তিসাপেক্ষ হ'তে প্রায় বাধ্য। এবং কাজেই ছোটগল্পের কোনো সর্বমান্য সংজ্ঞার্থের দিকে পৌঁছুতে পারা সুদূরপরাহত। কিন্তু তবু প্রশ্নগুলির উত্থাপনের, বারে-বারে উত্থাপনের, জরুরতটা থেকেই যায়।

উপন্যাস নিয়ে, কবিতা নিয়ে আলোচনা অনেক হয়েছে। তুলনায়, ছোটগল্প বেশ উপেক্ষিত। একে, এখন-অব্দি, উপন্যাসেরই একটা বাই-প্রডাক্ট ব'লে ধ'রে নেওয়া হচ্ছে মনে হয়।

উপস্থিত আমাদের সম্বল কিছু পাঠশালাপাঠ্য পশ্চিমী ধারণা—যথা, মোপাসাঁ, গোগল, চেখভ, ক্যাথার, রবীন্দ্রনাথ, মম; যথা, উপন্যাসের চেয়ে আকারে ঢের ছোটখাটো, প্রকারে আঁটোসাঁটো, সূচনা-ব্যাপ্তি-উপসংহারে নিবিড় নিয়মনিষ্ঠ, ঘটনার ঘনঘটা আর ব্যাপক চিন্তনের ভারমুক্ত একটা সুচিক্কণ রচনা; আর—রবিবাবুর বেদবাক্য: শেষ হ'য়ে হইল না শেষ। এ-ই, প্রায়, সবটুকু। এসব দিয়ে চ'লেও যাচ্ছিল ভালোই, অনেকদিন। কিন্তু এখন ন'ড়েচ'ড়ে বসতে হচ্ছে আবার। ছোটগল্প তার এইসকল তকমা পরতে চাইছে না আর। যেন। ব্রাত্য রাইসুর মতো লেখকদের গল্প পড়তে গিয়ে আমাদের আবার ভাবতে বসতে হচ্ছে—তাহলে ছোটগল্প কী জিনিস।
——————————————————–
ধান ভানতে শিবের গীত রাশিদা গা'ন না, আর ধান ভানেনও প্রায় কোনো কলাকৌশল ছাড়া, একেবারে ম্যাটার-অব-ফ্যাক্ট ভঙ্গিতে। তবে এই "সারল্য"-কে প্রকরণদক্ষতার অভাব হিসাবে পরিগণনারও অবকাশ থাকে, কেননা সারল্য তো দুই প্রকারের হ'তে পারে : অর্জিত, এবং অজ্ঞানপ্রসূত (বা অভিজ্ঞ ও অনভিজ্ঞ)। কিন্তু কোনো পাঠক কারো লেখায় এর দেখা পেলে তাকে কোন্‌টি ব'লে ধ'রে নেবেন?
——————————————————–
ছোটগল্পের সঙ্গে উপন্যাসের প্রধান যে-ভেদচিহ্নটি, মানে আকার, তা-ও চ্যালেঞ্জের মুখোমুখি, এবং এই চ্যালেঞ্জ খুব সদ্যস্তনও নয়। স্বয়ং রবীন্দ্রনাথ তাঁর 'নষ্টনীড়'-কে গল্প, আর 'দুই বোন' আর 'মালঞ্চ'-কে উপন্যাস বলেছেন। কেন? অমিয়ভূষণের ক্ষুদ্র রচনা 'মধু সাধু খাঁ' কেন উপন্যাস? কেন কনরাডের 'হার্ট অব ডার্কনেস'? প্রসঙ্গতঃ, হাসান আজিজুল হকের 'বৃত্তায়ন'-এর কথা পাড়া যাক। (পেঁচা প্রকাশনা থেকে) বইটার প্রথম সংস্করণের প্রকাশের সঙ্গে আমি যুক্ত ছিলাম। হাসান স্যর এটিকে তখন গল্পই বলতেন, আমাদেরই পেড়াপিড়িতে এটাকে "উপন্যাস" হিসাবে গ্রন্থস্থ করতে নিমরাজি হয়েছিলেন তিনি। আমি পরে ভেবেছি যে রচনাটির বিষয়ে তাঁর প্রাথমিক সিদ্ধান্তটি যথার্থ ছিল। কেন ভেবেছি?

পাঠক হিসাবে, গল্পে কী পড়তে আমি নিজে চাই? কী চাই লিখতে, গল্পে? আমার চাওয়া, উপন্যাসের ক্ষেত্রে কি আলাদা? কবিতার ক্ষেত্রে?

একটা প্রাথমিক, এবং ঈষৎ মোটাদাগের জবাব হ'ল: গল্পে আমি (এখানে একটা সুনির্দিষ্ট আমি, মানে জনাব সু.অ.গো.) সমাজতত্ত্ব, মনস্তত্ত্ব, রাজনীতি, অর্থনীতি, কামসূত্র, দর্শন, অথবা এনজিও বা খবরের কাগজের রিপোর্টিং পড়তে চাই না। আমার ধারণা, গল্প না-প'ড়ে সেইসকল বিষয়ের বই বা কাগজপত্র পড়লে আমার উপকার বেশি হবার সম্ভাবনা।

এ তো কী-চাই-না বলা হ'ল; কী-চাই বিষয়ে বক্তব্য কী আমার? সেটা অবশ্য খুব পরিষ্কার নয় আমারই মনে। তবে, আমার কাছে কোনো সাহিত্যরচনা অ্যাপিল করে আনন্দ দিয়ে, প্রধানতঃ। আনন্দ মানে অবশ্য হাস্যরস নয়। আনন্দের নানা রূপ, রকিতমা। তবে একটা মোটামুটি অবধারণযোগ্য বৈশিষ্ট্যে আমি তাকে শনাক্ত করতে পারি : মুক্তি। আমার ভিতরে "মুক্তি"-র বোধ জাগায় যা, তাকে আমি বলি আনন্দ। মুক্তি—বাস্তবের থেকে, নানা অনাবশ্যক আড়ম্বর আর গূঢ়ৈষার থেকে, নিজের মুখোশের, বর্মের, "প্যর্সন্যালিটি"-র থেকে—স্বপ্নের, বা স্বপ্নকল্প এক উন্মোচনের ভিতর।

হামেশা খেয়াল করেছি যে নিজেকে গল্পের ভিতরে ঢুকিয়ে ফেললে, মুক্তি নয়, আরেক বন্ধনযন্ত্রণায় নিয়ে ফেলা হয়, আর, গল্পটিকে শিল্পবস্তু হিসাবে চেনবার সুযোগও যায় ক'মে। যে-গল্প যত বেশি মর্মস্পৃক্ তত কম হয়তো তা গল্প। যেন। এই হিসাবে, রাশিদা সুলতানার, অন্ততঃ এই বইটার গল্পগুলি আমার কাছে অনেকটাই সার্থক।

রাশিদার গল্প, প্রথমেই বলা দরকার, আমার দৈনন্দিন অভিজ্ঞতার অংশ তেমনএকটা নয়—অন্ততঃপক্ষে তাঁর এই বইটির বাবদে এ-কথা বেশ জোরগলাতেই বলা চলে; ফলে, গল্পগুলির সাথে আমার দরকারি দূরত্ব বড়খুব ব্যাহত হয় না। এই দূরত্বটুকু তাঁর গল্পে প্রবেশের একটা প্রাথমিক আমন্ত্রণপত্রস্বরূপ আমার কাছে। এমনকি যে-গল্পগুলিকে (সখেদে বলতে হয় যে বেশিরভাগ গল্পই এ-শ্রেণির) তথাকথিত রিয়ালিস্টিক গল্পের ঘরানায় ফেলে দেওয়া চলে, তাদেরও সঙ্গে আমার নিজের জাগতিক অভিজ্ঞতার সংস্রব যতটুকু, তাকে পরোক্ষ অভিজ্ঞতাই বলতে শেষপর্যন্ত হয়। মানে চরিত্রগুলো, ঘটনাগুলো একেবারে অপরিচিত না-হ'লেও, এই পরিচয় অনেকটাই পরস্মৈপদী, এবং খোদ লেখকেরও পক্ষে হ'তে পারে তারা তা-ই। আর, তা হয় যদি, বলা যায় যে যে-পরোক্ষতা আমাকে গল্পগুলিকে পড়ায় উদ্বুদ্ধ করেছে, তা-ই লেখকেরও মধ্যে গল্পকে গল্প হিসাবে লেখার জন্য সহায়ক নৈর্ব্যক্তিকতা সরবরাহ করেছে।

এই নৈর্ব্যক্তিকতা, বা আপাত-নির্লিপ্তি, রাশিদার গল্পের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। তাঁকে কখনোই নিজ গল্পে বিবেকের ভূমিকায় হাজির দেখা যায় না; সমাজতান্ত্রিক, রাজনীতিক, নৈয়ায়িক কি মনস্তাত্ত্বিকের ভূমিকাতেও নয়। রাশিদার লেখায় এইসকল মহৎ উদ্দেশ্য শনাক্ত করতে কষ্টকল্পনায় ভর-করা-বৈ চারা থাকে না। এই শান্তিটুকু কার গল্পে পাওয়া তেমন যায় আর আজকাল? আর কার গল্প স্রেফ গল্প পড়তেই পড়া আর যায়? আজ যখন নানা মাধ্যমে ফিউশন হচ্ছে, তখন গল্পের সঙ্গে (শহীদুল জহির বা ব্রাত্য রাইসুর মতো) কবিতার ফিউশন না-ক'রে কেন যে হাঁফানি-বর্ধক প্রবন্ধের, সন্দর্ভের সঙ্গে ফিউশনে মেতেছেন আজকের গাল্পিকেরা, কে বলবে। এক ভারি শুষ্কং কাষ্ঠং কালে এসে আমরা পড়েছি। এমন কথাও শুনতে আকছার পাই যে গল্প যদি গল্পই কেবল, কেন তা পড়া। তো যাঁদের পাঠাভ্যাস এইরূপ, 'পরালালনীল' তাঁদের ডেস্কে না-থাকা বেহ্তর।

রাশিদার গল্পের দ্বিতীয় প্রশংসার্হ বৈশিষ্ট্য এই যে পড়বার সময়ে আমরা কখনোই বিস্মৃত হই না যে গল্পকার স্ত্রীজাতীয়া। নারীবাদ (প্রায়) কোথাও নাই—জোরজবরদস্তি পুরুষ ব'নবার লেশমাত্র অভিপ্রায়টুকু গোচরে আসে না; এই নির্ভার, নির্ভান নারীত্ব, আমাকে তার সবটুকু নাঈভটি সহকারেই আনন্দ দেয় এর বিশ্বস্ততা আর প্রাঞ্জলতায়।—"আনন্দ" কথাটা লিখেই ফেলেছি এখানে; যদিও, এ-আনন্দ নিখাদ নয়। তবে খাদের কথায় পরে আসছি।

ধান ভানতে শিবের গীত রাশিদা গা'ন না, আর ধান ভানেনও প্রায় কোনো কলাকৌশল ছাড়া, একেবারে ম্যাটার-অব-ফ্যাক্ট ভঙ্গিতে। তবে এই "সারল্য"-কে প্রকরণদক্ষতার অভাব হিসাবে পরিগণনারও অবকাশ থাকে, কেননা সারল্য তো দুই প্রকারের হ'তে পারে : অর্জিত, এবং অজ্ঞানপ্রসূত (বা অভিজ্ঞ ও অনভিজ্ঞ)। কিন্তু কোনো পাঠক কারো লেখায় এর দেখা পেলে তাকে কোন্‌টি ব'লে ধ'রে নেবেন? বলা মুশকিল; মুশকিল, কারণ তার যথাযথ নির্ধারণার জন্য লেখকের এক-দু'টি নয়, তাঁর নানা সময়ের অনেক লেখা পড়া দরকার, তাঁর লেখক হিসাবে বেড়ে ওঠবার ইতিহাসটিকে ঠাহর করতে পারা দরকার। কিন্তু কার তত সময় আজকাল আছে আর। ফলে সমালোচকদের চৌকাঠস্থ হওয়া-ছাড়া গতি কী। কিন্তু সমালোচকই বা কোথায় আমাদের। আছে কেবল পাল-কে-পাল স্তাবক আর নিন্দক, বা বড়জোর ভাবসম্প্রসারক বা ভাবসঙ্কোচক। সমালোচক নৈব নৈব চ।

আমি নিজে রাশিদার লেখা সবগুলি গল্পই পড়েছি, মানে বই হ'য়ে বেরিয়েছে যেগুলি। তাঁর 'অপনা মাঁসেঁ হরিণা বৈরী' আর 'আঁধি'-র সব গল্প প'ড়ে এসেই 'পরালালনীল'-এ উপনীত হয়েছি। এবং এই নাতিহ্রস্ব পথ-পরিক্রমায় যে-গল্পটিতে এসে আমার মনে হয়েছে যে তাঁর প্রকরণদক্ষতার অভাব নিয়ে মনে যে মৃদু অসোয়াস্তি ছিল এতকাল, তাকে সন্দেহ করবার, পুনর্বিবেচনা করবার একটা কারণ ঘ'টে গেছে, তা 'স্বপ্নমঙ্গল'। গল্পটিকে রাশিদার লেখক-জীবনের একটা বাঁকবদলের চিহ্ন ব'লেও ভাবতে ইচ্ছা করে। এটি একটি স্বপ্নদৃশ্য, আর গল্পের নামকরণে তা ব'লে দিয়েই লিখছেন রাশিদা। কিন্তু স্বপ্ন দেখা যত সহজ (সহজ নাকি, আসলেই?) স্বপ্ন প্রণয়ন তত কঠিন। আমাদের চেতন মনের আছর আমাদের চেতন-অবস্থার কোনো কাজে না-ফেলা আমাদের পক্ষে প্রায়-অসম্ভব। গল্পটা আমি উৎকণ্ঠা নিয়ে পড়েছি : পদে-পদে ভয় পেয়েছি, এই বুঝি হেলে পড়ল বাস্তবের ছিঁচকাঁদন বা উইশফুল-থিংকিঙে-ভরা দিবাস্বপ্নের দিকে। না, রাশিদা ভয় দূর করেছেন আমার। একেবারে শেষপর্যন্ত হাল ছাড়েন নি নৌকার। ঘাটে ভিড়েওছেন এমন নিপুণ দক্ষতায় যে গল্পটা শেষ হবার পর হাট ব'সে গেছে নদীপাড়ে। রবি ঠাকুরের শেষ হ'য়ে হইল না শেষ নয়, এ যেন শেষ হ'য়ে হইল সে শুরু। এই কথাটি আমরা গল্পের অন্যতম সংজ্ঞা স্বরূপ পেশ করতে চাই এখন: ছোটগল্প শেষ হবার পর শুরু হয়।

এ এক নোতুন শুরু, রাশিদার। অবশ্য এর ঈষৎ প্রতিভাস তাঁর প্রথম দিক্কার কিছু গল্পে (যথা 'প্রত্যাখ্যাতা প্রতিশ্রুতা') আবিষ্কার করা দুরূহ নয়। কিন্তু ঐ গল্পগুলির সঙ্গে এক কাতারে একে ফেলা যে কিছুতেই যায় না আর, তার প্রধান কারণ গল্পের সঙ্গে ব্যক্তি-লেখকের নান্দনিক অসম্পৃক্তি, আর গল্প বলবার প্রকরণ-সমৃদ্ধ ভঙ্গি। আর গল্পটির শেষ অংশটুকু—আহ্! আমার পড়া পৃথিবীর তাবৎ শ্রেষ্ঠ গল্পের সমাপ্তিকে প্রায় ম্লান ক'রে দেওয়া… অভাবিতপূর্ব—অনবদ্য—কবিতা!

কিন্তু কেবলই এই গল্পটিকে নিয়ে বললে, অন্য গল্পগুলিকে মিথ্যা ক'রে দেওয়া হয়, এবং তা হয় ঘোর অন্যায়, এবং তাতে রাশিদার অনেকগুলি প্রধান অর্জনকে অস্বীকার করবার দুর্যোগ তৈরি হয়। 'স্বপ্নমঙ্গল'-এর বরং বিস্তৃততর আলোচনা হ'তে পারে তাঁর পরের বইটি নিয়ে লেখবার সময়, সেই বইটির অগ্রদূত-হিসাবে।

ঠিক 'স্বপ্নমঙ্গল'-এর ধরনে যদিও নয়, তবু অন্য গল্পগুলিও, প্রচলিত ছঁকের ভিতরে থেকেও, দেখতে পাচ্ছি তাদের অবকাঠামো পর্যায়ে কিছু সূক্ষ্ম নাড়া খেয়ে গেছে। পরিবর্তনের চিহ্নগুলি মিহি, কিন্তু অদৃশ্য নয় একেবারে। আগের বইটি পর্যন্ত, স্রেফ ব'লে যাওয়ার যে-অভ্যাস রাশিদার, তাকে এই প্রথম খানিকটা কাবু করবার প্রয়াস যেন দেখতে পাওয়া যাচ্ছে; দেখতে পাচ্ছি তিনি গল্পের সূচনা আর উপসংহারে মনোযোগী হয়েছেন, এবং হামেহাল পাঠককে চমকে দিতেও পারছেন ('আলিমের নিভৃতিচর্চা'-য় যেমন)। এই সবই শুভলক্ষণ, যদি অবশ্য 'বাঙ্গালীর হাসির গল্প'-এর হঠাৎ-ডাক্তারি-বিদ্যা-বিহ্বল নাপিতের দশায় গিয়ে না-পড়েন লেখক। তবে রাশিদা সেই দশায় পড়বেন না ব'লেই আমার বিশ্বাস। গল্পের পর গল্পে দেখছি, তিনি ক্রমাগত শিখে যদিও চলেছেন, নবলব্ধ শিক্ষার দ্বারা বেএক্তিয়ার হ'য়ে কদাচ পড়েন নি।

'স্বপ্নমঙ্গল'-এর পর, আমার মতে সর্বাধিক উল্লেখযোগ্য, বইটির নাম-গল্প 'পরালালনীল'। রাশিদা প্রায় কখনোই "প্লট-সচেতন" ন'ন, এবং পাঠক হিসাবে আমিও প্লটের বড়একটা তোয়াক্কা যদিও করি না, এই গল্পটির প্লটের বিশেষ প্রশংসা আমাকে করতেই হচ্ছে। প্লট বলতে এখানে অবশ্য চমৎকার ঘটনাবলির বুদ্ধিদীপ্ত বিন্যাস নয়, বরং যে-বাতাবরণের ভিতর গল্পটা ঘ'টে উঠছে, তার কথা বলছি। রাশিদার প্রায় সব গল্পের মতোই, এ-গল্পেরও চরিত্রগুলি বাস্তবিক এবং বিশ্বাসযোগ্য, ঘটনাগুলিও—কিন্তু কী যেন একটাকিছু আছে তাদের মধ্যে যা বাস্তব হ'য়েও ঠিক বাস্তব নয়, অবিশ্বাস প্রতিপাদন না-ক'রেও সন্দেহজনক। এই যে এক মধ্যবয়স্কা, সমাজের উচ্চকোটির মনোরঞ্জিনী, একদা বারাঙ্গনা এখন মালকিন, যার প্রেমে কেউ পড়েছে, কেউ অযাচিত দিয়েছে অনেক, কেউ অযাচিত পেয়েছে, প্রায় যে-কোনো কোর্টেজানের জীবন তার, কোনোখানে সংশয়ের অবকাশ নাই কোনো।

কিন্তু—কিন্তু সে কবিতা লেখে (অনেকটা আমাদের মশহুর বাঈজিদের মতো? যেমন ওমরাও জান বা গহর জান?); কিন্তু সেটাও নয়। বেশ গা-ছমছমে, দ্বিতীয় এক আভ্যন্তর জীবন সে যাপন করে; নিসর্গ যেখানে ঝাপ্টায়-ঝাপ্টায় ঢুকে প'ড়ে মারাত্মক-সব তালগোল পাকিয়ে দিয়ে যায়। আর তার আত্মহত্যা বা তার চেষ্টা, গল্পের যেখানে শেষ—ঐ অনুপম মুহূর্তটিতে পাঠক-আমি ধন্ধে প'ড়ে যাই: যেমন ভাবা যেতে পারত, মানে তার জাগতিক সম্পর্কগুলি, অবদমনগুলি, আশা-সঙ্কটের নানা টানাপড়েন, প্রেম-প্রত্যাখ্যান—এইসব কিছুই হয়তো নয়, বরং এক উটের গ্রীবার মতো নিস্তব্ধতাই তাকে ঠেলে দিয়েছিল ঐ অব্যাখ্যাত পরিণতির দিকে। কিন্তু রাশিদা তা বলেন না, ব'লে দেন না, অন্ততঃ এই গল্পে দেন না, আর ঐ নীরবতাটুকু অনির্বচনীয়কে স্পর্শ ক'রে ফ্যালে, যেন পাঠকের অজান্তে, এমনকি লেখকেরও।

'রাহুর আরোহী'-তে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ গল্পের পটভূমি হ'য়ে আসে—এই প্রথম, সম্ভবতঃ, রাশিদার গল্পে। কিন্তু এটি প্রথাগত মুক্তিযুদ্ধের গল্প নয়, বরং তার প্রেক্ষাপটে কিছু মানুষের মেটামর্ফসিসের বয়ান। মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু ক'রে তার বহুবছর পর-অবধি, প্রায় ঈশ্বরের চোখের মতো হেনা পাঠ ক'রে গেছে এই বিচিত্র রূপান্তরকাব্য। দেখেছে তার স্বামীর নিষ্ঠুর স্বার্থপরতাকে হঠাৎ বদ্লে যেতে এক আত্মঘাতী বীরত্বে; দেখেছে তার শালপ্রাংশু শ্বশুরের দয়াভিক্ষু অপোগ- দশা; দেখেছে ঝর্না নাম্নী প্রাণথৈথৈ মেয়েটিকে ছিন্নভিন্ন মাংসের টুকরা-টাকরায় বদ্লে যেতে। কিন্তু, যুদ্ধ থেকে বাঁচিয়ে-তোলা সবেধন ছেলেটি যখন অশুভ রাজনীতি আর ড্রাগ র‌্যাকেটের শিকার হ'য়ে কারারুদ্ধ হ'ল, আর তার তদবির করতে গিয়ে অবহেলিত হ'তে তাকে হ'ল এক প্রাক্তন শান্তিকমিটি মেম্বার, বর্তমান মন্ত্রীর কাছে, তার পুরো জীবনের সবটুকু অনর্থের বোঝা তার মাথার উপর ঝাঁপিয়ে পড়ল রোজ কেয়ামতের আকাশের মতো…।

গল্পটির কৃৎকৌশল অসাধারণ। ঘন-ঘন ফ্ল্যাশব্যাক, সময়ের নানা স্তরে স্বচ্ছন্দ বিচরণ, গল্পের সময়টাকে একটা সময়হীনতায় বদ্লে দিয়েছে, আর তার ভিতরে চরিত্রগুলির, অনুভবগুলির বিকাশ আর বিবর্তন আরও স্পষ্ট হ'য়ে উঠেছে পাঠকের চোখে।

'বারিধি' গল্পটি আলাদা উল্লেখের দাবি হয়তো করে না, তবু রাশিদার গল্পভুবনের পরিধির আন্দাজ করতে এর পাঠ জরুরি। গল্পকারের আগের লেখাগুলির ধারাবাহিকতা এই গল্পে সবচেয়ে প্রকট। এখানে বিস্ময় উদ্রেকী কোনো উপাদান নাই, গল্পের শুরু থেকে শেষপর্যন্ত কোনো মোচড় নাই কাহিনিতে, শুধু একটা জীবনের কথা বলা হয়েছে, একেবারেই সরলভাবে, সরলরৈখিকভাবে। এই সারল্যের একটা আলাদা মূল্য অবশ্য আছে। তবে, তবু, এই গল্প শেষ হবার সাথে-সাথে শেষ হ'য়েই যায়, শুরু হয় না আর।
——————————————————–
যে-আনন্দ তাঁর গল্পগুলি আমাকে দিয়েছে, তা সম্পূর্ণ নিখাদ নয়। যেসকল খচখচানিগুলি আমার মনে মাঝেমধ্যে তৈরি হয় তা প্রধানতঃ তাঁর গল্পের ভাষা- এবং প্রকাশভঙ্গিকেন্দ্রিক। রাশিদার ভোকাব্যুলারি কিছুটা সীমিত; তদুপরি কিছু ভাষিক দুর্বলতা (যেমন, লোকচলতি এবং প্রায় অর্থহীন বিশেষণের প্রয়োগ, অশৈল্পিক ক্লিশে-বাহুল্য, ইত্যাদি), এইসকল কাটিয়ে ওঠার চেষ্টাও তাঁকে করতে হবে একটু।
——————————————————–
'কর্কট'-কেও আপাতদৃষ্টে 'বারিধি'-র সমজাতীয় গল্প মনে করা যেতে পারত হয়তো; কিন্তু এ-গল্পে প্রচুর উদ্বোধনের ইঙ্গিত আছে, আছে এক অদৃশ্য আলো, যাতে অসুস্থ আর গতযৌবনা বারবনিতা নুরজাহান থেকে-থেকে উদ্ভাসিত হ'য়ে ওঠে। চরিত্রটি এক আধো-ভুলে-যাওয়া-কিন্তু-মগজে-চেপে-বসা গানের টুকরার মতো বাজতেই থাকে প্রাণে। রিয়ালিস্টিক গল্প যতটা মর্মবিদারী হ'তে পারে এ-গল্প ততটাই। কিন্তু সেটাই এ-গল্পের বিষয়ে শেষ কথা নয়। কেবলই আমাদের চেতন স্তরে কাজ করে না গল্পটা, অবচেতনেও একটা গভীর ছাপ ফেলে নিশ্চয়ই দেয়। কী সব প্রাচীন, ভয়াবহ, পাথুরে ছবি ছলকে ওঠে যেন স্বপ্নের ভিতরে… কী-সব উপাখ্যান… ডিমিটার-পের্সেফোনি-হেডিজ…। গানের ক্ষেত্রে, গায়কদের "দরদ"-এর কথা বলা হয়, মাঝারি বা নিকৃষ্টমানের কথাকেও বাণী ক'রে তুলতে যা পারে—আমাদের শচীন কর্তা যা প্রায় হর-গানে দেখিয়েছেন—রাশিদাও দেখালেন যেন, এই গল্পটিতে।

'নাহার বেগমের শেষ দিনগুলি' গল্পের প্রচলিত নিয়মনীতির ভিতরকার, এবং একেবারে নিটোল। যে-কোনো ধরনের পাঠকেরই ভালো লাগবার কথা এই গল্প। আমার এক পরমাত্মীয়ার কথা মনে পড়ছে, যাঁর মাত্র একটা দাঁত, এবং একটা দাঁত মাজবার জন্য বিশেষ ধরনের টুথব্রাশের বায়নাক্কা যাঁর। পুনর্মূষিকের মতো পুনর্বালিকা এই বৃদ্ধার জন্য, এবং আমার সব চেনা-অচেনা পলিতকেশ কিশোরীর জন্য একটু গোপন অশ্রুমোচনের অবকাশ ক'রে দিয়েছে গল্পটি। রাশিদাকে ধন্যবাদ।

'আলিমের নিভৃতিচর্চা'-র শেষে একটা চমৎকার চমক আছে। এবং এই গল্পটি, রাশিদার গল্পের ধারায় আরও একটা নোতুন সূচনার ইশারা বটে। মানে, স্রেফ বর্ণনা নয়, গল্প "বানাবার" দক্ষতাও যে তাঁর যথেষ্টই আছে, তার নজির এই গল্প (এবং, বলা বাহুল্য, 'স্বপ্নমঙ্গল')। অপিচ বইয়ের বাদবাকি গল্পগুলির প্রায় শ্বাসরোধী সিরিয়াসনেসের পর এ একটা অতিপ্রার্থিত রিলিফ-ও বটে।

সব মিলিয়ে, 'পরালালনীল' রাশিদা সুলতানার, লেখক হিসাবে পরিণতির দলিল। আমরা আশা করব, যে-মানে এসে তাঁর লেখনী উপনীত হয়েছে এই বইটিতে, তাকে ধ'রে রাখবার এবং উন্নততর করবার প্রয়াস তাঁর অব্যাহত থাকবে। তবে, উপরে যেমন বলেছিলাম, যে-আনন্দ তাঁর গল্পগুলি আমাকে দিয়েছে, তা সম্পূর্ণ নিখাদ নয়। যেসকল খচখচানিগুলি আমার মনে মাঝেমধ্যে তৈরি হয় তা প্রধানতঃ তাঁর গল্পের ভাষা- এবং প্রকাশভঙ্গিকেন্দ্রিক। রাশিদার ভোকাব্যুলারি কিছুটা সীমিত; তদুপরি কিছু ভাষিক দুর্বলতা (যেমন, লোকচলতি এবং প্রায় অর্থহীন বিশেষণের প্রয়োগ, অশৈল্পিক ক্লিশে-বাহুল্য, ইত্যাদি), এইসকল কাটিয়ে ওঠার চেষ্টাও তাঁকে করতে হবে একটু।

অনেক দিন পর (অনেক অনেক দিন পর) একটা আস্ত গল্প বই পড়তে পারলাম, জঘন্য ব্যস্ততার মধ্যেও। রাশিদার গল্পে কিছু না-থেকে কি পারে?

সিডনি, অগাস্ট ২০০৯

augustine.gomes@gmail.com

ওয়েব লিংক
সুব্রত অগাস্টিন গোমেজ: আর্টস । ফেসবুক
রাশিদা সুলতানা: আর্টস । ফেসবুক