শাহাব আহমেদের সোভিয়েত-স্মৃতি: আলোয় মোড়ানো আঁধার
সমাজতন্ত্র কিংবা সোভিয়েত ইউনিয়ন ছিল গত শতকের এক রোমান্টিসিজমের নাম। গণমানুষের মুক্তি আর শ্রেণি বিভেদের অন্তিম ঘণ্টা বাজাতে যাত্রা শুরু করেছিল যে-দেশটি, সে-দেশটি সম্পর্কে অনেকের-ই ছিল প্রবল আগ্রহ, স্বপ্ন, কৌতূহল আর উচ্ছ্বাস। তাদের মাঝে অনেকের সৌভাগ্য হয়েছে দেশটিতে স্বল্পকালীন কিংবা দীর্ঘ মেয়াদে যাবার। সেই তাদের মাঝে অনেকেই আবার ফিরে এসে কলম ধরেছেন। মূলত করেছেন– সোভিয়েত দেশের গুণগান। এই যেমন, সুনীল গঙ্গোপাধ্যায়, কবি নির্মলেন্দু গুণ (ভল্গার তীরে), সাংবাদিক আবু জাফর শামসুদ্দিন (আরেক ভুবন সোভিয়েত ইউনিয়ন), রাষ্ট্রদূত সৈয়দ নাজিমুদ্দিন হাশেম (রাশিয়ার দিনলিপি), পল্লীকবি জসীম উদদীন (যে দেশে মানুষ বড়); এমন অনেকে। তাঁদের এই সোভিয়েত দেশ দেখা আর জানার মাঝে একটি শুভঙ্করের ফাঁকি ছিল। দোষটা মূলত তাঁদের নয়। এঁরা সোভিয়েত ইউনিয়নে পা ফেলামাত্র একজন দোভাষীকে দিনমান সারাদিনের জন্যে ছায়াসঙ্গি করতে বাধ্য হতেন। দোভাষী যেখানে নেবেন, সেখানেই যেতে হবে। যাঁদের সাথে কথা বলাবেন, তাঁদের সাথেই কথা বলতে হবে। এর অন্যথা হবার উপায় ছিল না। যেন এক ছকে বাঁধা নিখুঁত ভ্রমণ-পরিকল্পনা। 'গুডবাই লেনিন' চলচ্চিত্রে যেমন অসুস্থ মায়ের সামনে একমাত্র সন্তান মিথ্যে করে পূর্ব বার্লিনের এক অলীক চিত্র তৈরি করে রেখেছিল, ঠিক তেমনি করে তাঁদের সামনেও ঝুলানো হত মিথ্যে সিনেমার পর্দা। ফিরে এসে সেই সিনেমায় দেখা সুখি মানুষ, সোনালী ফসলের ক্ষেত, স্বাস্থ্যবান নরনারীর জয়গান করে তারা লিখতেন গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী। ফলে বাংলা সাহিত্যের পাঠকদের সামনেও সোভিয়েত ইউনিয়ন নিয়ে কোনো বাস্তব সত্য চিত্র তৈরি হয়নি। সঙ্গত কারণেই। সেই চিত্রটা হয়তো তৈরি করতে পারতেন, যারা সোভিয়েত দেশে বহুকাল কাটিয়ে এসেছেন, তারা। কিন্তু সেই তাঁদেরও অনেকে সেই কর্ম থেকে পিছপা হয়েছে। কেন হয়েছেন, সেটির কারণ পরে বলছি। তার আগে বলি, শাহাব আহমেদ সেই ব্যাতিক্রমি কাজটি করে আমাদের সামনে এক ভিন্ন সোভিয়েত ইউনিয়নের পর্দা উন্মোচন করেছেন। লেনিনগ্রাদ থেকে ককেশিয়া ও ককেশিয়ার দিনরাত্রি গ্রন্থদ্বয় সেই কর্মের স্বাক্ষর। দুটোই এ বছরে বোধি প্রকাশনী হতে প্রকাশিত হয়েছে।
শাহাব আহমেদ সোভিয়েত ইউনিয়নে ছিলেন প্রায় ষোল বছর। ডাক্তারিবিদ্যা পড়তে সেখানে যান একাশি সালে। খুব গুরুত্বপূর্ণ দশক সেটি। আফগান যুদ্ধ সবে শুরু হয়েছে। যুদ্ধের তীব্রতা অবশ্য তখনও সেভাবে বাড়েনি। মস্কোতে ব্রেজনেভের শেষ সময়। এর কিছুকাল পরেই ঘটবে গ্লাসনস্ত আর পেরেস্ত্রইকা। শাহাব আহমেদ তাঁর গ্রন্থদ্বয়ে এই মূল্যবান দশকটির নানা স্মৃতিকথা, অকপট চিত্র, রাজনৈতিক ডামাডোলের ইতিবৃত্ত আমাদের কাছে পেশ করেছেন সুললিত সাহিত্যের ছন্দে।
বাংলাদেশ থেকে সোভিয়েত ইউনিয়নে বৃত্তি নিয়ে ছাত্রদের গমন শুরু হয় ১৯৭২ সালের অগাস্ট মাসে। তেজগাঁ বিমানবন্দর থেকে এরোফ্লটের একটি ঝকঝকে বিমান একঝাক ছাত্রকে নিয়ে মস্কোর পানে উড়াল দেয়। পরের বছরগুলোতে সেই সংখ্যা উত্তরোত্তর বাড়তে থাকে। যদিও ৭৫-এর পট পরিবর্তনের পর এক ধরনের অনিশ্চয়তা, শঙ্কা তৈরি হয় ছাত্রদের মাঝে। কারণ, দেশে তখন মার্কিনপন্থী সামরিক সরকার। এই সরকার সোভিয়েতফেরত ছাত্রদেরকে যে ভালো চোখে দেখবে না, সেটাই স্বাভাবিক। সে-কারণে সরকারি চাকরি-বাকরি প্রাপ্তিতেও তৈরি হতে পারে জটিলতা। তারপরও যারা গেলেন, তাদেরকে মোটামুটি তিনভাগে ভাগ করা যায় হয়তো। একটি ভাগ হল যারা ছাত্র ইউনিয়ন করে বৃত্তি নিয়ে গেলেন, আরেকটি ভাগ হল যারা ন্যাপ বা সমমনা কম্যুনিস্ট পার্টির মনোনয়ন নিয়ে বৃত্তি পেলেন, তৃতীয় ভাগটি হল যারা সরকারিভাবে বৃত্তি পেলেন। আমাদের আলোচ্য বইদুটির লেখক শাহাব আহমেদ সোভিয়েত ইউনিয়নে গেলেন ঢাকা কলেজে ছাত্র ইউনিয়ন করার সুবাদে বৃত্তি নিয়ে।
সোভিয়েত দেশটায় সেই সময়ে অনেক কিছুই আছে, আবার অনেক কিছুই নেই। এ এমন এক পরাক্রমশীল দেশ, যে দেশে লোকে টয়লেটে যায় প্রাভদা কিংবা ইজভরস্কায়ার মত সংবাদপত্র হাতে করে। না, পড়বার জন্যে নয়। বরং টয়লেট টিস্যু হিসেবে পত্রিকাটিকে ব্যবহার করবার জন্যে। অবাক হবার মত ব্যাপার! যে দেশটি মহাশূন্যে রকেট পাঠাচ্ছে, পারমাণবিক বোমা বানাচ্ছে, সে দেশটিই আবার টয়লেট টিস্যুর মত অতি আবশ্যকীয় দ্রব্যের জোগান দিতে হিমশিম খাচ্ছে। তবে এসব ব্যাপার নিয়ে প্রশ্ন করা যাবে না। কমরেডরা তখনও সমজাতন্ত্রের জয়গানে মশগুল, এসব ছোটখাটো সমস্যা, অসামঞ্জস্য তাদের কাছে দ্রুত পরিত্যাজ্য বিষয়। সেসব না হয় হল, কিন্তু আফগান যুদ্ধ? রাস্তা তৈরি, সেচের জলের নালা খনন– এমন সব গালভরা কথা বলে তো সোভিয়েত সেনাদের সেখানে নেয়া হল, কিন্তু তারা যে ওখানে গেছে আফগান মানুষের কাছ থেকে প্রভুত্ব আদায় করে নিতে, সেটিও তো তখন কারুর জানতে বাকি নেই। যে সোভিয়েত দেশ কিনা পুঁজিবাদী দেশগুলোর আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে, নিপীড়িত মানুষের সাথে কাঁধে কাঁধ মেলাবার কথা বলে, তারাই যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ, তখন দেশ থেকে বামপন্থী রাজনীতি করে ওখানে যাওয়া কিছু কিছু ছাত্রের মাঝে খটকা লাগে বৈকি। তবে সেসব খটকা নিয়ে আলোচনা কিংবা সমালোচনা করবার খুব একটা সুযোগ নেই। কারণ তাহলে যে পার্টির সাথে নিমক হারামি করা হয়। অন্যদিকে লোকে বলে, সোভিয়েত দেশে নাকি দেয়ালেরও কান আছে। তাই ওখানকার লোকেরা ফুল, পাখি, লতাপাতা, ভদকা, ওয়াইনের জোর গপ্পো চালালেও দেশ বা রাজনীতি সম্পর্কিত কোন প্রসঙ্গ এলেই চুপসে যায়; কথোপকথনকে দ্রুত ভিন্ন মোড়ে এগিয়ে নিয়ে যায়। তাই সবকিছু দেখে, শুনে কিছু কিছু প্রশ্ন মনে জাগলেও সেই নিয়ে খুব একটা অনুসন্ধান করার সুযোগ লেখকের মত ছাত্রদের হয় না।
লেনিনগ্রাদের ফার্স্ট মেডিক্যাল ইন্সটিটিউট। সেপ্টেম্বরের এক কনকনে হাওয়ার সকালে মস্কোর শেরেমেতিয়েভ বিমানবন্দরে নামার পর শিশির অর্থাৎ লেখক যাকে 'আমি' হিসেবে চিত্রিত করেছেন, সোজা চলে আসে এখানে। সেখানেই পরিচয় হয় রায়হান, হাসান, ঈশিতার মত একঝাঁক বাংলাদেশী ছেলেমেয়ের সাথে। তাদের সাথে আরও আছে ইয়েমেন, গ্রীস, পেরু, কলম্বিয়া, মাদাগাস্কারের মত দেশ থেকে আসা ভিনদেশী ছাত্রছাত্রী, অচিরেই যাঁদের সাথে শিশিরের তুমুল বন্ধুত্ব ঘনীভূত হয়। সেই সাথে চলে আসে রায়হান, ঈশিতার জীবনের গল্পও। লেখক নিজের গল্প, নিজের কথা বলতে গিয়ে আনমনে পথ হাঁটেন এঁদের জীবনের অলি-গলিতেও। নারায়ণগঞ্জের নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলে রায়হানের জীবনের ফেলে আসা ভালোবাসা, অন্যদিকে রাশিয়ায় মাটিতে জন্ম নেয়া নতুন ভালোবাসার ম্যাগ্নলিয়া ফুল আমাদেরকে নিয়ে চলে উপন্যাসের মাঝে খুঁজে পাওয়া ভিন্ন এক উপন্যাসের আবহে। আমরা ভাবতে বসি, ঈশিতা কি সত্যিই গ্রহণ করবে রায়হানের কামনালিপ্ত আহবান? নাকি তাঁকে দূরে সরিয়ে কাছে টেনে নেবে মৃদঙ্গ বাজানোয় পটু ঋত্বিককে? পাঠককে সেই চিন্তার ঘুমে আচ্ছন্ন করে লেখক আমাদেরকে টেনে নিয়ে যান নাতালিয়ার কাছে।
নাতালিয়া– সেই সুদূর হেলেঞ্চার বোন আর আমন ধানের বিলের দেশের ছেলে শিশিরের সাথে যার পরিচয় একই মেডিক্যাল ইউনিভারসিটিতে। সার্জারি ডিপার্টমেন্টের প্র্যাকটিকাল সেশনে। রোগীর ড্রেসিং চেঞ্জ করার ফাঁকে ফাঁকেই মাস্কে ঢাকা মুখের অনবরুদ্ধ দৃষ্টি দুজনকে কাছে টেনে আনে। তারপর ওরা দুজনে মিলে নেভা নদীর ধারে ঘুরে বেড়ায়, একে অপরের কাঁধে মাথা রাখে, বোটানিক্যাল গার্ডেনের উইলো গাছের পাতার তলে বসে স্বপ্নের জাল বোনে। কিন্তু শিশিরকে নিয়ে নাতালিয়া কোনো দূর ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারে না। ওদের মাঝে তৈরি হয় দোলাচল। সোভিয়েত দেশে কোন বিদেশীকে বিয়ে করে দেশের বাইরে যাওয়া মানে– নিশ্চিত নির্বাসন। পেছনে ফেরার পথ নেই। ওদিকে বিদেশীদেরও ওদেশে পাকাপাকিভাবে থেকে যাওয়ার বন্দোবস্ত নেই। পড়া শেষ হল তো ফিরতি প্লেনে চড়ে বস। ওদিকে সেই সুদূর ককেশিয়ায়, জর্জিয়ার কাছে এক ছোট্ট জনপদে আছে নাতালিয়ার মা, যে মা এতকাল ওকে আগলে রেখেছে। সেই মাকে চিরতরে একলা ফেলে নাতালিয়া কি পারবে শুধুই শিশিরের প্রেমে সাড়া দিয়ে সোভিয়েত দেশকে বিদায় জানাতে? এক অমীমাংসিত প্রশ্নের মুখোমুখি যেন দাঁড়িয়ে যাই আমরা 'ককেশিয়ার দিন রাত্রি' বইটিতে। আমরা অপেক্ষা করি শুভ কোন সমাপ্তির। কিন্তু কাঙ্ক্ষিত বৃত্তবৎ চূড়ান্ত বিন্দুর দেখা আর পাই না।
এভাবেই বইয়ের কাহিনী এগিয়ে চলে। তবে এই এগিয়ে চলা কিন্তু শুধু মানবীয় প্রেম, সংঘাত কিংবা ছাত্রকালীন নানা সংকটের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এর ফাঁকে ফাঁকে জুতসই ভাবে লেখক টেনে আনেন সোভিয়েত ইউনিয়নের আরেক চরিত্রকে, আমাদের চিরচেনা রূপের সাথে যার যোজন-যোজন দূরত্ব। আমরা সেই কুয়োয় উঁকি দিয়ে আবিষ্কার করি স্তালিনের জল্লাদ বাহিনীর ফেলে দেয়া নর-কংকাল, কবি সাহিত্যিকদের ধূলিমলিন পাণ্ডুলিপি কিংবা চিত্রকরের সিন্দুকবদ্ধ চিত্র। স্তালিনের সময়ে যাঁদেরকে সমাজতন্ত্রের শত্রু আখ্যা দিয়ে উদ্বায়ী পদার্থে পরিণত করা হয়েছিল। শুধু স্তালিন আমলেই তো আর সব কিছু শেষ হয়ে যায়নি। স্তালিন যে বিষবৃক্ষ রোপণ করে গিয়েছিলেন, বলা চলে সেই বৃক্ষই পরে মহীরুহে পরিণত হয়ে সমাজের মুক্তকণ্ঠের সার রস শুষে ফেলে। শুধু মানুষ-ই যে-দেশে বড় হবার কথা, আদতে দেখা যায়, সে-দেশে রাষ্ট্রযন্ত্রের কাছে মানুষের মূল্য দু পয়সার বেশি নয়। মানুষ যেন পিঁপড়েসম, তাঁকে চাইলে পিষে ফেলা যায়, চাইলেই অকাতরে ঠেলে দেয়া যায় অন্যায় যুদ্ধের সম্মুখ সমরে। এ ধরণের অকপট কথা কিংবা রাজনৈতিক ইতিহাস সোভিয়েত-ফেরত ব্যক্তিবর্গের মুখ থেকে সাধারণত শোনা যায় না। তাঁরা কুণ্ঠিত হন। অনেকে আবার এই এতো বছর বাদেও সোভিয়েত প্রচারযন্ত্রের প্রচারিত সত্যকেই ধ্রুব বলে ধরে নিয়ে বসে আছেন। চাপা পড়ে থাকা সত্যকে সম্মুখে তুলে আনতে তাঁদের আপত্তি তো আছেই, সেই সাথে যারা মুখ খোলেন, তাঁদের প্রতিও আছে চরম বৈরীভাব। সেদিক দিয়ে বলা চলে, শাহাব আহমেদ হয়তো বহুজনের বিরাগভাজন হবার ঝুঁকি নিয়েছেন। কিন্তু তবুও নিজের মনের কুঠুরিতে আবদ্ধ থাকা ভাবকে আর সকলের কাছে বিলি করতে পিছপা হননি। সেখানেও তাঁর সার্থকতা।
পরিশেষে এই পুস্তকদ্বয়ের সীমাবদ্ধতা কিংবা সমালোচনা যদি লিখতে চাই, তবে বলতে হয়– গ্রীক আখ্যানের প্রতি লেখকের সীমাহীন দুর্বলতা থাকার কারণে তিনি অসংখ্য বার নানা গল্পের মাঝে একে টেনে এনেছেন। তাতে করে কিছু কিছু সময়ে পাঠ ধারাবিহকতার বিচ্যুতি ঘটেছে বৈকি। সেই সাথে আছে সোভিয়েত ইউনিয়নে বিপ্লবের পরবর্তী সময়ে রাজনৈতিক ইতিহাসের বিস্তৃত আলোচনা। সেই আলোচনা সমাজতন্ত্রের প্রতি উৎসুক মানুষের মাঝে আয়েশ দিলেও নব্বই-এর দশকের পরবর্তী প্রজন্মের পাঠকের মাঝে ততটা আবেদন তৈরি নাও করতে পারে। লেখক হয়তো সেই ইতিহাস বয়ানে খানিকটা আগেই বিরতি চিহ্ন টানতে পারতেন।
যাকগে, মোটের উপর বলা চলে, লেনিনগ্রাদ থেকে ককেশিয়া ও ককেশিয়ার দিনরাত্রি পুস্তকদ্বয় এক অর্থে যেন সোভিয়েত সময়ের বিশ্বস্ত দলিল। প্রায় আটশ পাতার বিশাল কলেবরের বইদুটো পাঠ করলে সেই আশির দশকের সোভিয়েত ইউনিয়ন, তৎকালীন বাংলাদেশে সমাজতান্ত্রিক দলগুলোর অন্তঃসারশূন্যতা, অক্টোবর বিপ্লবের নানা অনালোচিত অধ্যায়সহ আরও বহু গল্প, বহু ইতিহাস, বহু তথ্যের সন্ধান পাওয়া যায়।
