২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

শঙ্খ ঘোষের বিস্তার: কিছুই মীমাংসা নয়

সন্দীপন চক্রবর্তী

Published : 01 Jul 2020, 06:58 AM

Updated : 23 Jun 2022, 03:59 PM


তখন ১৯৬৬ সাল। এই কলকাতায় ৩৪ বছরের এক যুবক হাঁপিয়ে উঠছে তার ছকবাঁধা যাপনে। কবিতা লেখে সে। বেশ কিছুদিন ধরেই তার মনে হচ্ছে 'যেন খুব বেশি বলা হয়ে গেল এই কতদিনে। সমস্ত দিনের পর গভীর রাতে বাড়ি ফিরে গ্লানির মতো লাগে। কথা, কথা। যেন একটু চুপ ছিল না কোথাও, থাকতে নেই, হাতে হাত রাখতে নেই। যে নীরবকে খুঁজতে বেরিয়েছিল সবাই মিলে, কোথায় সে-সব মিলিয়ে গেল বাতাসে, যেন সে-সব জানতে নেই কখনো'। তার বদলে সে দেখতে পাচ্ছে, 'বড়ো বেশি বেড়ালের চোখে ভ'রে গেল সমাজ, চাতুর্য বড়ো অনায়াস, সুলভ, সর্বসাধ্য — খোলা ক'রে একজন আরেকজনের চোখে তাকাবে এইটেই হয়ে উঠল শক্ত। তাই এখন অপ্রতিভ মুখ নিয়ে দাঁড়াতে ইচ্ছে হয় সবার সামনে, অপরিচিতদের মধ্যে হঠাৎ ঢুকে পড়ার মতো'। হয়তো তার মনে পড়ছে জীবনানন্দের সেই কথাগুলো — 'সকলেই আড়চোখে সকলকে দেখে'। ওইরকম আরেক ছকবাঁধা নিষ্প্রাণ সামাজিক মানুষ তো হতে চায়নি সে! আমরাও কি চেয়েছি কেউ? এই গ্লানি কি আমরাও টের পাই না প্রতিদিন? 'সুলভ, সুলভ, এত সুলভ বড়োবাজার! দিকদিগন্তে স্ফুলিঙ্গের মতো উৎক্ষিপ্ত হয়ে যাওয়া আজ এমন অকাতর বলেই আমরা ভেঙে পড়ছি বড়ো রাস্তার মাঝখানে। মজ্জার ভিতরে গর্ব কই, উপেক্ষা কই? মুখ ঘুরিয়ে উদাসীন স'রে-দাঁড়ানো কই? এখন আমরা দাম্ভিক কিন্তু গর্বিত নই, নির্জীব কিন্তু উদাসীন নই, লুব্ধ কিন্তু লিপ্ত নই'।
আমাদের কি কখনো 'ঘরে ফিরে মনে হয় বড়ো বেশি কথা বলা হলো?/ চতুরতা, ক্লান্ত লাগে খুব?/ মনে হয় ফিরে এসে স্নান করে ধূপ জ্বেলে চুপ করে নীলকুঠুরিতে / বসে থাকি?' আমরাও কি আড়ালে নিজেকে তর্জন করি — 'এত বেশি কথা বলো কেন? চুপ করো / শব্দহীন হও'? যদি হয়, তাহলে 'চতুরতা, যাও। / কী-বা আসে যায় / লোকে বলবে মূর্খ বড়ো, লোকে বলবে সামাজিক নয়'। আর কবিতা লেখাই তো একধরণের অসামাজিক কাজ! এইরকম এক অসামাজিক অবস্থানে দাঁড়িয়েই ১৯৭২-৭৩ নাগাদ শঙ্খ ঘোষ লিখবেন এইসব কবিতা, যা ১৯৭৪-এ গ্রন্থিত হয়ে নাম হবে — 'মূর্খ বড়ো, সামাজিক নয়'।

২.
কেমন ছিল সেইসময়ের কলকাতা? দীর্ঘদিনের কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে ১৯৬৭-তে ক্ষমতায় এল যুক্তফ্রন্ট। 'তবে কি একেবারে বামপন্থীদের হাতেই চলে গেল এই শহর, এই রাজ্য? সেই সম্ভাবনাকে রোধ করবার জন্য ষড়যন্ত্রের কোনো অন্ত ছিল না, বছরের শেষে সামান্য ছুতোয় ভেঙে দেওয়া হলো সরকার। প্রতিবাদে জ্বলে উঠল গোটা শহর, এবং আরো একবার লেখক-শিল্পীরা এসে দাঁড়ালেন সামনে।' এদিকে সাহিত্যে হাংরি আন্দোলনের শুরু হয়ে গেছে তার আগেই। আরেকদিকে এই সময়েই শুরু হয়ে যাচ্ছে নকশাল আন্দোলনও।
এইরকম এক সময়েই সেই যুবক ১৯৬৭-৬৮-তে এক বছরের জন্য গেল আমেরিকার আয়ওয়া বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ রাইটিং প্রোগ্রামে যোগ দিতে। আর সেখানে গিয়ে খোদ আমেরিকাতেই চোখের সামনে দেখতে পেল ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে মার্কিনী যুবক-যুবতীদের প্রতিবাদ, ওদিকে বলিভিয়ার জঙ্গলে তখন হত্যা করা হচ্ছে চে গুয়েভারাকে, মার্কিন মুলুকে চলছে সাম্যের দাবীতে ব্ল্যাক মুভমেন্ট, মার্টিন লুথার কিং হত্যার পরে উত্তাল হয়ে উঠছে গোটা মার্কিন দেশ। তাছাড়াও সেসময়ে শুরু হয়ে যাচ্ছে পরমাণু অস্ত্রবিরোধী আন্দোলন আর নারীমুক্তি আন্দোলন। প্যারিসে ঘটে যাচ্ছে ঐতিহাসিক ছাত্র-অভ্যুত্থান। গোটা পৃথিবী জুড়েই তরুণ সমাজ জেগে উঠছে নানা নতুন স্বপ্নের দিকে। পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে খাদ্য আন্দোলন। ১৯৬৯-তে নকশাল আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ল গোটা বাংলায়, তৈরি হলো সিপিআই (এম এল)। হো চি মিনের মৃত্যু। ওদিকে ভোটে একক সংখ্যাগরিষ্ঠ দল হয়ে উঠল সিপিআই (এম)। ফের ক্ষমতায় এল যুক্তফ্রন্ট। আবার এই বছরেই প্রতিষ্ঠা হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইস্‌রো, জাতীয়করণ হলো ব্যাঙ্কগুলির। আর ১৯৭০-এ অজয় মুখার্জির ইস্তফার পরেই এই রাজ্যে জারি হলো রাষ্ট্রপতি-শাসন।
'১৯৭২ সালের একুশে ফেব্রুয়ারি। ঢাকায় ভাষাশহিদদের স্মৃতিবার্ষিকীতে এবার একসঙ্গে মিলেছেন দুই বাংলার লেখকেরা, সেটা হয়ে উঠেছে যেন কোনো মিলনোৎসব। নতুন একটা স্বাধীন দেশ তৈরি হয়ে গেছে তার দু-মাস আগে।
অথচ বছর জুড়ে কী তাণ্ডবই না সইতে হয়েছে গোটা দেশের মানুষকে! মার্চের শেষ থেকে হাজার হাজার হিন্দু-মুসলমানকে পালিয়ে আসতে হয়েছে এ বাংলার সীমান্তে, সাধ্যমতো এদের আশ্রয় দেবার জন্য এখানকার মানুষের কাছে দেখা দিয়েছে একটা নতুন সংকট।


আলোকচিত্র: রাজু আলাউদ্দিন

৪৬ নম্বর ধর্মতলা স্ট্রিটে লেখকশিল্পীদের পুরোনো আশ্রয় তখন নেই, কিন্তু সেই রাস্তারই আরেক প্রান্তে আরেক জীর্ণ বাড়ির দোতলায় বড়ো একখানা ঘর নিয়ে তৈরি হয়েছে একটি কেন্দ্র। ওদেশ থেকে পালিয়ে আসতে পেরেছেন যেসব কবি সংগীতশিল্পী চলচ্চিত্রশিল্পী, তাঁদের সকলের একটা মিলবার জায়গা হলো এইখানে। এখানে তাঁরা মহড়া দিচ্ছেন গানের, দলবদ্ধ যে গান গেয়ে তাঁরা ঘুরবেন এদেশের নানা অঞ্চলে, মুক্তিযুদ্ধের জন্য অর্থ আর সমর্থন সংগ্রহের চেষ্টায়। … তাঁদের পাশে সন্ধ্যাবেলায় সমবেত হন কলকাতার লেখককবিরা, বাংলাদেশ বিষয়ে তাঁদের আবেগে ভরে উঠতে থাকে এখানকার সাময়িক পত্রগুলি।

পূবদিকের সামরিক অত্যাচার নিয়ে ক্ষুব্ধ আর ব্যাকুল এপার বাংলার লেখকেরা কি এই নিজের দেশে চোখ মেলে তাকান? … ১৯৬৭ সালের পর থেকে নকশালপন্থা নামে যে অতিবাম বৈপ্লবিক আন্দোলন শুরু হয়েছিল এখানে, তাকে দমন করবার জন্য এ সরকারের বর্বরতাও কি কম ছিল কিছু? তবে কেন সে-বিষয়ে নীরব থেকে লেখকেরা কেবল পূবদিকের দুঃখ গাইছেন?' — এই জিজ্ঞাসা তুলছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়। 'কোন্টা কবিতা হলো আর কোন্টা হলো না — এটা ভেবে দেখার সময়' তখন না থাকায়, 'কাব্যগুণহীন জার্নালিজম' দিয়েই তাই পুলিশি তাণ্ডবের প্রতিবাদ করতে চাইছেন তিনি। এবং বস্তুত এভাবেই 'গড়ে তুলছিলেন নতুন এক antipoetry-র কাব্যভাষা, আর সেই পথে এগিয়ে আসছিলেন অনেক তরুণ।'
'সত্তরের দশক মুক্তির দশক' : দেয়ালে দেয়ালে তখন জ্বলজ্বল করছে তীব্র এই সাময়িক বিশ্বাস। পারস্পরিক হানাহানিতে ভরে যাচ্ছে শহরগ্রাম, এ-বাড়ি থেকে ও-বাড়ি থেকে ছেলেরা ফেরার হয়ে ঘুরে বেড়াচ্ছে বনেজঙ্গলে, গাঁয়েগঞ্জে।' পাল্টে যাচ্ছে বাংলা সাহিত্য, নাটক, চলচ্চিত্রের প্রচলিত ধরণ। আর এরই পাশাপাশি আবার অনেক তরুণ তিলে তিলে নিজেদের ধ্বংস করার আয়োজন করছে, মেতে উঠছে নানা আত্মক্ষয়ী নেশায়। 'শহরের অলিগলিতে দেখা দিচ্ছে নতুন নতুন মদের দোকান আর গোপন নেশার আখড়া, পথে পথে বেড়ে উঠছে শনিঠাকুরের পুজো। চারপাশে ছড়ানো একটা অস্থিরতা আর চাপা উত্তেজনা।'

৩.
এই সময়, এই যাপনের মধ্যে দিয়ে চলতে চলতে, সেই যুবকের বেশ কিছু বছর আগে থেকেই মনে হচ্ছিল – 'কী নিয়ে লেখা হবে কবিতা? আমার বাইরের পৃথিবী নিয়ে? না কি আমারই ব্যক্তিগত জগৎ নিয়ে?…কিন্তু এই দুই কি ভিন্ন নাকি? এই দুইয়ের মধ্যে নিরন্তর যাওয়াআসা করেই কি বেঁচে নেই মানুষ? তার থেকেই কি প্রতিমুহূর্তে তৈরি হয়ে উঠছে না একটা তৃতীয় সত্তা?' সে টের পাচ্ছিল, 'এ দুই ভিন্ন নয়, 'এ দুয়ের মাঝে তবু কোনোখানে আছে কোনো মিল'। যদিও সেই মুহূর্তে আমি জানতাম না কোথায় সেই মিল, কীভাবে ধরতে হয় মিল — কিন্তু তার অস্তিত্ব বিষয়ে কোনো সন্দেহ ছিল না তখন।' ক্রমশই স্পষ্ট বুঝতে পারছিল যে, 'সত্যি কথা বলাই হলো কবিতার একমাত্র কাজ'।
তবে 'সত্যি কথা যে কাকে বলে, সেই নিয়েই মুশকিল। আমাদের একটা ব্যক্তিগত সত্য আছে, সমাজের সত্য আছে, গোটা জীবনেরও কোনো সত্য প্রচ্ছন্ন আছে কোথাও। তিনদিক থেকে এসে কোনো-এক বিন্দুতে এদের সংঘর্ষ হয় একটা, আর সেটাই হয়ে ওঠে কবিতার সত্যের মুহূর্ত। যোগ্য কোনো ভাষা যদি হঠাৎ ছুঁতে পারে সেই মুহূর্তটিকে, একবার কিংবা বারে বারে, তার থেকেই তবে জন্ম নিতে পারে সত্যিকারের কবিতা।' কিন্তু 'শব্দের সত্য কি কবি তুলে নেন তাঁর নিজস্ব জীবনযাপন থেকেই? যাপনের সঙ্গে তাঁর উচ্চারণের নিবিড় কোনো সংগতি কি থাকে কোথাও? না যদি থাকে তা, শব্দ কি তবে পৌঁছে যায় না কেবল নিষ্ফল কয়েকটি চিহ্নে? এইভাবে কি সমস্ত শব্দকেই নিরর্থ আর নিষ্ক্রিয় করে তুলছি আমরা? কবি কি তাঁর কবিতা বন্ধই করে দেবেন তবে? না কি তাঁর ভিন্ন-একটা ধরন আছে সত্যের পথে যাবার?'
'আর সকলে মিথ্যা বলে বলুক, দু-চারজনের কাছে আমরা সত্য চাই। আর সকলে ভ্রান্ত করে করুক, দু-চারজনের কাছে আমরা ব্রত চাই। কবিতা বড়ো ভরে গেছে ক্লিশের প্রয়োগে, এই অপমানে কবিতা লেখা ছেড়ে দেন কোন সত্যিকারের কবি?' আসলে, 'দেওয়া-না-দেওয়ার জটিল মন নিয়ে পথ চলতে হয় আমাদের, করুণা আর পরিহাস একই সঙ্গে জমে ওঠে মনের মধ্যে, এই বিরোধী বৃত্তির মধ্য থেকেই আমাদের জানতে হয় সত্য।' তাই 'সত্যকে কখনো একপাশ থেকে দেখা যায় না। সেভাবে দেখলে তার আধখানা মুখ মাত্র চোখে পড়ে, আর…অর্ধসত্যের চেয়ে ভয়াবহ আর কিছু নয়।'
আমাদের চারপাশে 'রাষ্ট্রনীতির কলরোল মিথ্যে বলে শুধু। দলীয়তার পেষণে ঝরে যায় ব্যক্তি। প্রমোশন বা বিজ্ঞাপনের নষ্টামিতে মানুষের মন চিরদিনের মতো সরে যায় প্রেম থেকে, সৌন্দর্য থেকে। কিন্তু এরই মধ্যে আপনি চান সুন্দরকে গড়ে তুলতে, এরই মধ্যে আপনি চান ভালোবাসার সেতু মন থেকে মনে'। 'ভালোবাসা? কিন্তু কাকে ভালোবাসা? কোন মানুষকে? একটু একটু করে যেন টের পাওয়া যায় যে মানুষের মুখ অনেকসময়েই উলটোদিকে ঘুরোনো ; যেভাবে সে আছে, সেভাবে সে নেই। সে যা বলে, ঠিক তা-ই সে বলে না। মানুষের মধ্যে আরেকখানা আরেকখানা আরেকখানা মানুষ, এই নিয়ে তার জীবন অথবা মৃত্যু। এই টুকরোগুলিকে সে হয়তো জুড়ে নেবার চেষ্টা করে প্রাণপণ, কিন্তু তখনই তৈরি হয় আরো একটা নতুন অসংলগ্ন টুকরো। এই টুকরোর কোনো শেষ নেই, তেমনি তাকে লগ্ন করবার চেষ্টারও শেষ নেই কোনো। এইভাবেই চলতে থাকে দিনের পর দিন'। 'তাই আপনাকে কেবলই দাঁড়াতে হবে এই দলীয়তা এই কলরোল এই প্রমোশন-লোলুপতা বা বিজ্ঞাপনের বিরুদ্ধে, কাজে এবং কথায়। কাজে, সে হলো আপনার ব্যক্তিগত উত্তরণ। কথায়, সে হলো আপনার বন্ধুজনের পরিচর্যা, আপনার পরিবেশের প্রতিষেধক।'

কিন্তু সেই কথায় 'যদি সত্যিই একটিও তৃণ উৎপন্ন না হয়, একজনও তৃষ্ণার্তের কন্ঠ যদি না ভেজে? তবুও আপনাকে বলতে হবে, কেননা মরুভূমির মধ্যে দাঁড়িয়ে এই বলাটাই লেখকের স্বযাচিত নিয়তি। ঠিকমতো বলতে চেয়েছিলেন বলেই তো এত অসাড়তার মধ্যে এত জলহীনতার মধ্যে সত্তা স্থির করে দাঁড়িয়ে থাকা। সেই তো লেখকের জীবন!'
'এই মিথ্যার প্রতাপ এতটাই যে সাধারণ মানুষকে সে ভুলিয়ে দিতে পারে জীবনের মানে। আর তখনই তৈরি হয় সাহিত্য-জগতের এই কূটাভাস, এই প্যারাডক্স : সকলের জন্য লেখা মানেই জীবনের জন্য লেখা নয়, সকলকে নিয়ে লেখা মানেই জীবনকে নিয়ে লেখা নয়'। 'কবিকে তাই জেনে নিতে হয় যে সকলের কথা বলা আর সকলের জন্যে বলা একই জিনিস নয়। সত্যি সত্যি সকলের কথা বললে সে আর সকলের জন্য থাকে না হয়তো, আপাতত তা হয়ে দাঁড়ায় কয়েকজনের জন্য। এই কয়েকজনের সম্প্রসারণের মধ্যেই আছে যোগ্য বিদ্রোহ, কিন্তু তার জন্য সময় চাই, ধৈর্য চাই, উপেক্ষা সহ্য করবার বিক্রম চাই।'

হ্যাঁ, 'এটা ঠিক যে ভাষা আজ ক্লান্ত করে তার দৈনন্দিন মিথ্যাচারে। এটা ঠিক যে কুয়াশা আর ধোঁয়ায় ভরে যাচ্ছে ভাষা, আর সেজন্যে কেবল সংবাদপত্রের শিরোনামকেই দায়ী করে লাভ নেই। আমাদের লুব্ধতা ও হীনতা, আমাদের বৃহৎ সামাজিক বাজার — চারদিক থেকে আমাদের ভাষাকে করে তোলে নিঃশীল, নিঃসাড়। আর ততই চারদিকে জেগে ওঠে শব্দরৌরব, নির্জনন আলাপে-বিলাপে বৈঠকের পর বৈঠক কেটে যায়, লেখার পর লেখা ভরে ওঠে উপলব্ধিহীন উচ্চারণে, যে-কেউ এসে বলতে পারেন আমাদের এ হলো প্রকাণ্ড এক শব্দজীবী সংস্কৃতি, ফাঁপা, অলস, ভণ্ড। এই মিথ্যে আর ফলহীন কথা যে কেবল রাজনৈতিক বিচারের বেলাতেই দেখা দিচ্ছে তা নয়, কবিতাও সেই একই মিথ্যার দ্বারা লাঞ্ছিত।'
কিন্তু কী করে চিনব এই মিথ্যেকে? 'মানুষ একই সঙ্গে চাঁদে উড়ছে আর অসহায় মাটিতে এমন বোমা ছুঁড়ে ফেলছে যার স্প্লিন্টার শরীরে ঢুকে গেলে এক্সরে দিয়েও তাকে খুঁজে পাওয়া যায় না আর, মানুষ তৈরি করছে ভব্যসভ্য সমাজ, চালচলনে নিখুঁত, যেন আনুষ্ঠানিকতার ঈষৎ স্খলন হলেই ধ্বসে যাবে সব — আর তার পাশেই সাপ্তাহিক 'টাইম্স্'-এ খবর ছাপা হচ্ছে 'এ হেল্থি রাইজ ইন রেপ' — এ কি প্রহসন না সর্বনাশ? এ-দুয়ের মধ্যে সীমারেখা আছে কোনো? এই সত্যকে শিয়রে রেখে কবি আর চুপ করে থাকতে চান না আজ, তিনি ধরিয়ে দিতে চান এই ব্যভিচার, তিনি বুঝিয়ে দিতে চান যে একেবারে নগ্ন এবং অক্ষম হয়ে মানুষ এই উজ্জ্বল মিথ্যার মুখোমুখি দাঁড়িয়েছে এখন, এর থেকে মুক্তি যদি না-ও থাকে তবু একে স্পষ্ট করে চিনে নেওয়া চাই।'

'মিথ্যে যে সামাজিক প্রলেপে আমরা ঢেকে রাখি সত্যের মুখ, সেই লেপন মুছে গেলেই ভয় পাই আমরা, তাকে ঢেকেই রাখতে চাই প্রাণপণ। বড়ো সাহিত্য সেইজন্যে অনেক সময়েই আমাদের কোনো-না-কোনো ভয়ের মুখোমুখি নিয়ে যায়, এই ভয়টাই সত্যের অন্যতম এক নিরিখ।' প্রতিষ্ঠান-অনুমোদিত অভ্যস্ত কাঠামোর বাইরে গেলেই জন্ম নেয় এই ভয়। আর 'লেখকের পক্ষে মূল প্রতিষ্ঠান হলো সমসাময়িক জনরুচি। যে সত্যের কথা আজ বলতে চাইবেন…যে-কোনো সত্য কবি, সেই সত্যকে সহজে মেনে নেওয়া কি সম্ভব স্বভাববিমুখ এই পথচলতি মানুষের পক্ষে? আমরা তো ভুলতে পারি না যে আমাদের প্রধান পাঠকজনতা বস্তুত এক মধ্যবিত্ত জনসংঘ, স্বরচিত কিছু সংস্কার এবং মুখোশমালায় নিজেকে সাজিয়ে রাখতে পছন্দ করছে যে মধ্যবিত্ত জনতা। সে কেন সহ্য করবে তার মুখোশ ছিঁড়বার আয়োজন?'

'প্রাতিষ্ঠানিক যে-জগৎ শব্দের মিথ্যেকে মুহুর্মুহু কাজে লাগায়, যে-কোনো সত্য উপলব্ধির উচ্চারণকে মুহূর্তমধ্যে টান দিয়ে নিয়ে যায় বিজ্ঞাপনের পরিভাষায় বা চটুল সাংবাদিকতায়, তার থেকে বেরিয়ে আসবার জন্য আজ শব্দের অলংকারিক আয়োজনকে, তার চিৎকৃত অতিকথনকে, ভেঙে ফেলবার দরকার'। 'এইটেই লেখকের কাজ, এই : ভাষা দিয়েই ভাষার মিথ্যেকে জয় করা। সত্যিকারের লেখক তো সত্যেরই উচ্চারণ করতে চাইবেন ভাষায়, ভাষারই মধ্যে ধরতে চাইবেন নীরবতার অবাধ বিস্তার। নীরব দিয়ে নীরবকে নয়, শব্দ দিয়েই নিঃশব্দকে ধরতে চান লেখক। সেইখানেই তাঁর পরীক্ষা। সাধারণ দুর্বল মানুষ যদি ভাষাকে মিথ্যাচারী রূপে ব্যবহার করে তো করুক, লেখকের কাজ এই যে তিনি সেই মানুষকে জানিয়ে দেবেন তার মিথ্যার লজ্জা'। তাই সংঘর্ষের কথা, আক্রোশ এবং উৎপাতের কথা আর ব্যঙ্গের চাবুক কবিতার শরীরে অনায়াসে চলে আসে।
সেই যুবক টের পাচ্ছিল যে, এভাবেই 'ভিতর এবং বাহিরকে, আগ্নেয় জীবনযাপনের বিভীষিকার সামনে খুলে দিতে পারেন কবি, সেই হবে আজ তাঁর অস্তিত্বের পরম যোগ্যতা, তাঁর কবিতা।'

৪.
সেই যুবক অধ্যাপনা করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেখানে তার প্রিয় এক ছাত্র তিমিরবরণ সিংহ। নকশাল আমলে ধরা পড়ার পর, ষোলোজন সহবন্দীর সঙ্গে মিলিয়ে সেই তিমিরকে পিটিয়ে মারে পুলিশ। আর সে যুবক টের পায় — 'একা তিমিরই তো নয়, কয়েক বছরের মধ্যে কতই-তো এমন অবিশ্বাস্য নৃশংসতা ঘটে গেল আমাদের অন্ধ ইতিহাসে, আরো কত এমন কিশোরযুবার কাহিনী চাপা পড়ে রইল সময়ের ডানায়। কিন্তু তবু, যাদের এত কাছে থেকে জেনেছিলাম, যাদের স্বপ্নের ছোঁয়া লেগে আমাদেরও মধ্যে কখনো কখনো জীবনের সঞ্চার হতো, সেইসব মানুষের এই পরিণাম নতুনভাবে একবার বিপর্যস্ত করে যায় মন।' তার কলমে তাই উঠে আসে তখন 'তিমির বিষয়ে দু-টুকরো'-র মতো কবিতা।

এই কবিতারই মতো, 'মূর্খ বড়ো, সামাজিক নয়' বইয়ের অনেক কবিতাতেই আমরা দেখবো যে, কবিতার শরীর জুড়ে জেগে উঠছে তীব্র নানা প্রতিমা। মানুষ সেখানে আসে প্রতীকের অরণ্য পেরিয়ে। কিন্তু প্রতিমার এই ব্যবহার কেন এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তাঁর এই বইতে? 'কবিতার প্রতিমা আজ…কবির কাছে উপকরণ মাত্র নয়। এক হিসেবে এটা তাঁর যুদ্ধেরও চিহ্ন। অর্থাৎ জীবনের সঙ্গে লগ্ন হবার, অথবা জীবনের প্রত্যক্ষ সংঘাতে নিজের বোধকে চিনে নেবার দায়িত্ব কবির : কবি আর জীবনের মধ্যে এই সংঘর্ষের সম্পর্ককে ধরিয়ে দেয় প্রতিমা। তাই এর প্রয়োগে এসে যায় সমকালীনতা, স্থানকালে বিশেষিত অভিজ্ঞতার চাপ তৈরি হয় কবিতার শরীরে। আবার এরই সঙ্গে চলতে থাকে আত্মগঠনেরও প্রক্রিয়া, ব্যক্তি ও বিশ্বের পারস্পরিক সম্পর্কে জাত আত্মচরিত। তাই এই প্রতিমা হয়ে ওঠে একইসঙ্গে কবির বিষয় ও উপায়।' আর সেইজন্যই এই কবিতাগুলোর ক্ষেত্রে তা এত গুরুত্বপূর্ণ। তবে এই 'প্রতিমা নির্মাণের খেলাতেও চাই আসক্তি-নিরাসক্তির যুগলতা, কবি যতটাই তাঁর বিষয়ের দিকে এগিয়ে যান, ততটা আবার ফিরেও আসেন তার থেকে।' আর এই 'আসক্তি-নিরাসক্তির যুগলতা'-কে ধরে রাখার জন্যই এ বই পেয়ে যায় অভিনব এক গড়ন।

প্রথম কবিতার বই 'দিনগুলি রাতগুলি'-কে যদি এই কবির প্রস্তুতিপর্ব বলে ধরে নিই, তাহলে তারপর থেকেই দেখবো যে অনেকসময়ে তাঁর কবিতার বইতে তিনটি বিভাগ থাকে। দ্বিতীয় কবিতার বই 'নিহিত পাতালছায়া'-র কবিতাগুলির অধিকাংশই 'ভিতরের দিকে মুখ-ঘোরানো'। তৃতীয় কবিতার বই 'তুমি তো তেমন গৌরী নও'-তে এসে তার কবিতায় 'ভিতরের দিকে মুখ-ঘোরানো' আর 'বাইরের দিকে মুখ-ঘোরানো' এই দুই ধারা মিলে গিয়ে, মিলিত এক তৃতীয় ধারা তৈরি করে। আর চতুর্থ কবিতার বই 'আদিম লতাগুল্মময়' থেকেই স্পষ্ট হয়ে উঠতে শুরু করল এক প্যাটার্ন। মেয়েরা যেভাবে তাদের দীর্ঘ চুল দুই গোছায় ভাগ করে নিয়ে তা দিয়ে বেণীবন্ধন করে, ঠিক সেইভাবেই যেন গড়ে উঠতে শুরু করলো তাঁর কবিতার বইয়ের শরীর। পঞ্চম কবিতার বই 'মূর্খ বড়ো, সামাজিক নয়'-তে এসেও আমরা দেখবো সেই গড়ন। এ যেন সেই বেণী খুলে দেখানো – প্রথম অংশ 'নির্বাসন'-এ যেন 'ভিতরের দিকে মুখ-ঘোরানো' আর 'বাইরের দিকে মুখ-ঘোরানো' এই দুই ধারা মিলে সমগ্র বেণীর চেহারাটাই আমরা দেখতে পাচ্ছি, আর তারপর আস্তে আস্তে সেই বেণী খুলছে। দ্বিতীয় অংশ 'চালচলন'-এ এসে কবিতাগুলি অনেকটাই হয়ে উঠছে 'বাইরের দিকে মুখ-ঘোরানো'। আবার তৃতীয় অংশ 'সঙ্গিনী'-তে এসে কবিতাগুলি অনেকটাই 'ভিতরের দিকে মুখ-ঘোরানো'-র চেহারায় ফিরে আসছে নিজের কাছে।

এই গড়নই বোধহয় ওই 'আসক্তি-নিরাসক্তির যুগলতা'-কে ধরে রাখার জন্য যোগ্য গড়ন। এই বইয়ের প্রথম অংশের 'না' কবিতায় যেমন শুনেছিলাম – 'এর কোনো মানে নেই। একদিনের পর দু-দিন, দু-দিনের পর তিনদিন / কিন্তু তারপর কী?' অথবা 'না-এর পর না, না-এর পর না, না-এর পর না / তারপর কী?', সেই কথা বা সেই জিজ্ঞাসাই এসে যেন একটা পরিণতি পেয়ে যায় এই বইয়ের শেষ কবিতা 'মানে'-তে, যখন শুনি – 'কোনো-যে মানে নেই, এটাই মানে। / বন্য শূকরী কি নিজেকে জানে? / বাঁচার চেয়ে বেশি বাঁচে না প্রাণে'। ফলে কিছুতেই ধরে ধরে মানে করা যাবে না এই বইয়ের। কারণ 'কোনো-যে মানে নেই সেটাই মানে'।

হে পাঠক / পাঠিকা, এই বইতে প্রবেশের কিছু সূত্র আমি সাজিয়ে দিলাম শুধু। এর পরের পথ যেতে হবে আপনাকে একাই। সেখানে কেউ আপনার সঙ্গী নেই। সেখানে আছেন শুধু আপনি, আর আপনার সামনে খুলে রাখা এই বই, এই রহস্যে ঘেরা সঙ্কেতপল্লী, যেখানে নির্জন করতলে এক আমলকি নিয়ে সময়সুড়ঙ্গ বেয়ে আপনি ফিরে আসতে পারেন নিজের কাছে। আপনার যাত্রা শুভ হোক।