“বিজ্ঞানসাধক দুই বন্ধু” বইয়ের পর্যালোচনা
একটা বিতর্ক অনেক দিন ধরেই চলছে– মানুষ প্রতিভাবান হয়েই জন্মায় না নিজের প্রচেষ্টা এবং পরিশ্রম দ্বারা প্রতিভাবান হিসেবে তৈরি হয়। আমাদের দেশের ইতিহাসে যতজন মানুষ নিজের প্রতিভা দ্বারা পৃথিবীতে পদচিহ্ন রেখে গেছেন তাদের জীবন অনুসন্ধান করে আমরা এই বিতর্কে অংশগ্রহণ করতে পারি। নিজেদের পরিশ্রম, ত্যাগ ও অধ্যাবসায় দিয়ে বিজ্ঞানের জগতে চিরস্মরণীয় এমনই দুজন বিজ্ঞানীর গল্প "বিজ্ঞান সাধক দুই বন্ধু"। একজন হলেন সত্যেন্দ্রনাথ বসু, অন্যজন মেঘনাদ সাহা।
বিজ্ঞানের জগতে বাস্তবিকই এই দুজনের অবদান কী? সত্যিই কি ওনারা এমন কিছু করেছেন যা মনে রাখার মতো? মনে রাখা দরকার? আমাদের মতো দেশে যেখানে আগেও খুব বেশি বিজ্ঞান চর্চা হয়নি, এখনো তেমন একটা হয় না, সেখানে এই দুজন বাস্তবিকই কী করেছেন? প্রাতিষ্ঠানিক আয়োজন ছাড়া আসলে কতটুকু করা সম্ভব একজন মানুষের পক্ষে? কিভাবে করেছেন?
একজন কোয়ান্টাম মেকানিক্স ও স্ট্যাটিসটিক্যাল মেকানিক্স-এর ধারণার সমন্বয়ে এমন সমীকরণ আবিষ্কার করেছেন যার সাহায্যে বর্ণালী বিশ্লেষণ করে তারাদের বৈশিষ্ট্য নির্ধারণ করা যায়, অন্যজনের কোয়ান্টাম মেকানিক্সের উপর করা গবেষণা থেকে বর্তমানে মহাবিশ্বের শুরু কিভাবে তা নিয়ে গবেষণা করা হচ্ছে।
এদের বাবা-মা কেমন ছিলেন? এরা কি খুব টাকা পয়সাওয়ালা পরিবারের ছেলে? তথাকথিত খুব ভালো ছাত্র যারা পড়ালেখা ছাড়া আর কিছুই করেনি? কেমন ছিলো এদের ছেলেবেলা?
ছোট ছোট অনেকগুলো গল্প দিয়ে সেই উত্তর খোঁজা হয়েছে "বিজ্ঞানসাধক দুই বন্ধু" বইটিতে। এবং বইটি পড়ার পর হয়তো বা আমরা বহু পুরোনো সেই প্রশ্ন– মানুষের প্রতিভা আসলে কী তার জবাব খুঁজে নিতে পারবো।
সুপাঠ্য এই বইটির লেখক আলী নাঈম। খুব স্বচ্ছ ভাষায় লেখক এই বিজ্ঞানীর আদ্যোপান্ত তুলে ধরেছেন ১৬৫ পৃষ্ঠায়। বইটি প্রকাশ করেছেন প্রকাশনা জগতে ভিন্নধর্মী রুচি ও সৌষ্ঠবের জন্য পরিচিত বিপিএল। বইটির মূল্য রাখা হয়েছে ৪৭০ টাকা। তবে মেলা চলাকালে বইটি ২৫% ছাড়ে পাঠকরা গায়ের মূল্যের চেয়ে আরও কমে কিনতে পারবেন।
