২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

দৌড় বিষয়ে যত কথা; ফারুক মঈনউদ্দীনের তর্জমায় অন্য এক মুরাকামি

বাশিরুল আমিন

Published : 11 Jan 2020, 01:55 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM

যেসব অঞ্চলে অস্থিতিশীলতা বিরাজ করে বা লোকজন অনিশ্চয়তার মধ্যে দিন কাটায় সেসব অঞ্চলে হারুকি মুরাকামি একজন জনপ্রিয় লেখক। পরিসংখ্যান এরকম-ই বলে। খোদ হারুকি মুরাকামারি ধারণাও এমন যে দেশে রাজনৈতিক অস্থিরতা থাকে সে দেশে তাঁর বইয়ের বাজার ভালো। তাঁর ভাষ্যমতে- ১৯৯০ এর দিকে রাশিয়ার অবস্থা যখন টালমাটাল তখন সেখানে তার বইয়ে বিক্রি হয়েছে খুব। বার্লিন দেয়াল পতনের পর জার্মানিতে তার বইয়ের প্রতি সেখানকার লোকজনের আগ্রহ বাড়তে থাকে। এভাবে যেখানেই অশান্তি আর অস্থিরতার দেখা মিলে সেখানেই লোকজন হারুকি মুরাকামিতে স্বস্তি খোঁজে। তাঁর কথার সূত্র ধরে বলা চলে, আমরা (বাংলাদেশীরা) খুব একটা স্থিতিশীল অবস্থায় নেই বলেই তাকে ব্যাপকহারে পড়তে শুরু করেছি।
হারুকি মুরাকামি এদেশে খুব জনপ্রিয় বা উত্তরোত্তর তিনি জনপ্রিয় হয়ে উঠছেন। সেই সাথে ব্যাপকভাবে অনূদিতও হচ্ছেন; বিষয়টি আমাদের জন্য সুখকর। তবে মুরকামির জন্য এক অর্থে বিপজ্জনকও। বিখ্যাত বা পুরস্কারপ্রাপ্ত বিদেশি লেখকদের জন্য এটা এক প্রকারের দুর্ভাগ্যও হতে পারে যে, দ্রুত বাজার ধরতে গিয়ে অনুবাদক-প্রকাশকরা তাদের লেখা খুব তাড়াহুড়া করে যত্নহীনতায় ছাপেন। অনুবাদ, ছাপা, বাধাইসহ পুরো প্রক্রিয়াটিই অশৈল্পিক আর মানহীনভাবে চলে। ফলে যা হওয়ার তাই হয়, অনুবাদকৃত বইটি প্রায়ই পাঠযোগ্য হয়ে উঠতে পারে না। বাজারে বা পাঠকমনে দীর্ঘস্থায়ী অবস্থান গড়তে অক্ষম হয়। তাছাড়া যোগ্য অনুবাদকের অভাব তো রয়েই গেল।
খুব ভালো ইংরেজি জানি না বলে বিদেশী বই প্রথমে ইংরেজিতে, পরে বাংলায় পড়ি– যদি বাংলাটা পাওয়া যায় আরকি। কখনো আগে বাংলা অনুবাদ পড়ি পরে ইংরেজিটা। ভালো অনুবাদের খোঁজ জানি না বলে হারুকি মুরাকামির বইয়ের ক্ষেত্রে ইংরেজিটাই পড়া হচ্ছে (সুযোগ হলে বাংলায় আবার পড়ে নেব)। তবে বিস্ময়কর ব্যাপার হলো, প্রথমবারের মতো এবারই হারুকি মুরাকামির একটি বই বাংলা অনুবাদে পরম তৃপ্তি নিয়ে পড়লাম যা তার অন্যসব বইয়ের চেয়ে একেবারেই আলাদা। বইটি হলো–'হোয়াট আই টক এবাউট হোয়েন আই টক অ্যাবাউট রানিং'।
'দৌড় বিষয়ে যত কথা' নামে বইটি অনুবাদ করেছেন এ সময়ের গুরুত্বপূর্ণ ভ্রমণলেখক ও অনুবাদক ফারুক মঈনউদ্দীন। অনুবাদে তিনি নমস্য। একদমই আলাদা রকমের রুচিকে উদ্দেশ্য করে লেখা হারুকি মুরাকামির বইটি তিনি নিষ্ঠা আর পরিশ্রম দিয়ে অনুবাদ করেছেন। প্রতিটি বাক্যকে তিনি আলাদা যত্ন দিয়ে অনুবাদ করেছেন। মনযোগ দিলে বুঝা যায় শব্দ বাছাইয়ের ক্ষেত্রেও অনুবাদক খুব খুব সচেতন ছিলেন। মুরাকামির প্রতি তার ভালোবাসার ফলেই হয়তো অনুবাদ কর্মটি এতো মমতা পেয়েছে।
অনুবাদকের সাবলীল গদ্যে বাংলায় এসে অনন্য একটি রূপ ধারণ করেছে গ্রন্থটি। এরকম দারুণ অনুবাদ না হলে (ভিন্ন আঙ্গিকের লেখা হওয়ার ফলে) হয়তো পড়ে এগোনো যেতো না। বইটি মুরকামির গল্প বা উপন্যাস নয় বলে তাকে বাড়তি খাটনি যে করতে হয়েছে তা স্পষ্ট।
দশ বছরের ভাবনা ও আরো কয়েক বছরের পরিশ্রম দিয়ে বইটি দাঁড় করিয়েছেন মুরাকামি। দৌড় সম্পর্কে ভাবনা ও অনুভূতির কথা লিখতে গিয়ে এই বইয়ের অবতারণা। বইটি আসলে কী বা কোন বিষয়ে লেখা এ নিয়ে একটা প্রশ্ন আছে পাঠকমনে। আমাজান তাদের 'রানিং এন্ড জগিং' ক্যাটাগরিতে বেস্ট সেলার তালিকার পঞ্চম স্থানে রেখেছে এই গ্রন্থটিকে। লেখকও এতে তাঁর ম্যারথান ও ট্রায়াথলন নিয়েই বেশি কথা বলেছেন। তবে দৌঁড়, সাইক্লিং আর সাঁতার নিয়ে লিখতে গিয়ে স্মৃতিকথাটাই উঠে এসেছে বেশি সেই সাথে লেখালেখির গল্প। সংগীত আর সিনেমার প্রতি ভালোবাসার কথাও এক-আধটু পাওয়া যায়।

মুরাকামি নিজে কিভাবে দেখেন বইটিকে: 'বইটাকে আমি একধরনের স্মৃতিকথা হিসেবে দেখি… কিন্তু এই লেখার মাধ্যমে আমি আলাদা করে দেখাতে চেয়েছি পঁচিশ বছর ধরে একজন ঔপন্যাসিক ও সাধারণ মানুষ হিসেবে কী ধরনের জীবন আমি যাপন করেছি। একজন ঔপন্যাসিক তার উপন্যাসের সঙ্গে কতখানি এবং কতখানি নিজের কথা বলবেন।' এভাবেই নিজের বই নিয়ে বলেছেন মুরাকামি। তার লেখক সত্ত্বা ও সাধারণ জীবনের সাথে পাঠকের পরিচয়ের সুযোগ করে দিতেই এ বই। কাজেই এটা স্পষ্ট যে বইটি স্মৃতিচারণমূলক এবং খানিক আত্মজীবনীও।
এ গ্রন্থে দৌঁড় আর লেখালেখিকে সমান্তরালে রেখেছেন হারুকি মুরাকামি। বইটির শেষের দিকে লিখেছেন যদি তাঁর সমাধি ফলক হয় তবে তাতে লেখা থাকবে– 'হারুকি মুরাকামি/১৯৪৯-২০../(লেখক ও দৌড়বিদ)/ অন্তত তিনি কখনো হাঁটেন নি'।
লেখালেখিকে একমাত্র দৌড়ের সাথেই তুলনা করেন তিনি। বিশেষত উপন্যাস লেখাকে। তার জবানিতে– 'উপন্যাস লেখা ও ম্যারাথন দৌড়ানো খুব কাছাকাছি। মূলত একজন লেখকের নিরব, অভ্যন্তরীণ প্রণোদনা থাকে এবং বাহ্যিকভাবে কোনো স্বীকৃতি তিনি যাচনা করেন না।'
ঠিক তাই, একজন ম্যারাথন দৌড়বিদ যেরকম দিনের পর দিন, রেসের পর রেস দৌড়ে নিজের উচ্চতা ও গতি-পরিধি বাড়ায়, অন্যকে পেছনে ফেলার চেয়ে নিজেকে নিজে অতিক্রম করার যেরকম তাগাদা থাকে উপন্যাস লেখকের বেলায়ও তাই। ঔপন্যাসিকের প্রতিযোগিতা থাকে নিজের সাথেই। দিন দিন নিজেকে অতিক্রম করার অভিলাষ-ই উপন্যাস লেখকের জীবনে অভীষ্ট লক্ষ্য।
পুরো বইটিতেই তিনি দৌড়ের সাথে উপন্যাস লেখার বিষয়টিকে কাছাকাছি রেখেছেন। তাঁর মতে উপন্যাস লেখা এক ধরনের শারীরিক শ্রম। লেখাটা মানসিক শ্রম হলেও একটা আস্ত বই লিখে শেষ করা শারীরিক শ্রমের কাছাকাছি। বইয়ে উপন্যাস লেখার কলাকৌশল নিয়েও কথা বলেছেন তিনি। তাঁর মতে উপন্যাস লেখার জন্য দু'টি গুরুত্বপূর্ণ বিষয় হলো: মেধা আর শ্রম, এবং এ দু'টির সাথে প্রয়োজন সহিষ্ণুতা। তাঁর এ কথার সাথে কেউ দ্বিমত পোষণ করতে আসবেন বলে মনে হয় না। তিনি যেসব বিষয়ের কথা বলেছেন সেসব বিষয় তিনি ধারণ করেন বলেই হয়তো এতো ভালো ঔপন্যাসিক হতে পেরেছেন।
ব্যক্তিজীবনে মুরাকামি কতোটা কঠোর অনুশীলন আর নিয়মতান্ত্রিকতার ভেতর দিয়ে তিনি জীবন পার করেন এর দেখা মিলে এখানে। ২৬টিরও বেশি ম্যারাথন দৌড়ানো লেখক মুরাকামি বিভিন্ন ম্যারাথন আর ট্রায়াথলনে নিয়মিত অংশগ্রহণ করতে পিছপা হন না। একবার তো একদিনে বাষট্টি মাইলের রেস সম্পন্ন করে ফেলেন তিনি। আজিব!
'হোয়াট আই টক এবাউট হোয়েন আই টক অ্যাবাউট রানিং' বইয়ের পরিশিষ্ট অংশে লিখেন– 'শীতের মাসগুলোতে ম্যারাথন আর গ্রীস্মে ট্রায়াথলনে অংশ নেওয়া আমার জীবনের একটা চক্র হয়ে দাঁড়ায়।' বইটি লেখা পর্যন্ত তাঁর দৌড়ের বয়স ছিল প্রায় সিকি শতাব্দী। দৌড়ে তাঁর এই কঠোর অনুশীলনের মূল লক্ষ্য ছিল উপন্যাস লেখার জন্য শারীরিক অবস্থার উন্নতি করা এবং সেটা ধরে রাখা– এমনটিই তিনি উল্লেখ করেছেন।
খ্যাতি আর লোকচক্ষুর বাইরে থাকতে পছন্দ করা অন্তর্মুখী মানুষ হারুকি মুরাকামি। নিজের ব্যপারে কথা বলতে বা ঢোল পেটাতে অনাগ্রহী হিসেবে খ্যাত লেখক তিনি। ২০১৮ সালে বিকল্প নোবেল পুরস্কারের হ্রস তালিকায় তাঁর নাম আসায় তিনি কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন তাঁর নাম কেটে ফেলতে যাতে করে তিনি বিখ্যাত হওয়ার বিড়ম্বনা থেকে কিছুটা হলেও বাঁচতে পারেন। কিন্তু 'দৌড় বিষয়ে যত কথা' বইয়ে তিনি বেশ খোলামেলাভাবে নিজেকে উপস্থাপন করেছেন। নিজের ব্যাপারে খোলাসা কিছু বলতে অনাগ্রহী মুরাকামি তাঁর এই গ্রন্থে অকপট।
ঠিক কিভাবে তিনি নিজেকে নিয়ে ভাবেন এবং কিভাবে লেখার জন্য নিজেকে তৈরি করেছেন এসব কথা বলেছেন কুন্ঠাহীনভাবে: 'আমার বয়স যখন ষোলো, একদিন ঘরে কেউ ছিল না, আমি সম্পূর্ণ নগ্ন হয়ে বাড়ির একটা আয়নার সামনে দাঁড়িয়ে ওপর থেকে নিচ পর্যন্ত আমার শরীরটা দেখি। এ সময় আমি মনে মনে সব ধরনের খামতি কিংবা আামার কাছে খামতি মনে হয়েছে, এমন জিনিসের একটা তালিকা করি। যেমন আমার চোখের ভুরুগুলো খুব ঘন, কিংবা আমার নখগুলোর আকৃতি খুব হাস্যকর এ-জাতীয় সব জিনিস। …আমার মনে পড়ে সাতাশটা ঘাটতি পেয়ে ক্লান্ত হয়ে ক্ষান্ত দেই।'


হ্যাঁ। এভাবেই নিজেকে মেলে ধরেছেন মুরাকামি। দৌড় আর সাইক্লিং নিয়ে কথা বলতে বলতে বিভিন্ন শহর, নদী আর সমুদ্র সৈকতের যে বর্ণণা দিয়েছেন তা বেশ চমকপ্রদ। শরীরচর্চা করতে গিয়ে যেসব ছোটোখাটো বিড়ম্বনা বা উৎসাহের দেখা পেয়েছিলেন তার সরস বিবরণ তাঁর পাঠকদের আলাদা রকমের একটা পাঠানন্দ দেবে।
১৯৮০-এর দশকে টোকিওতে প্রতিদিন সকালে দৌড়াতেন মুরাকামি। রোজ সকালে এক সুন্দরীর দেখা পেতেন এবং দৌড়ে পাশ কাটিয়ে যেতেন। পরস্পর হাসি বিনিময় করতেন তারা। কয়েক বছর ধরে এমন হাসি বিনিময় চললেও তাদের মধ্যে কখনো কথা হয়নি। মুরাকামি এমন-ই অদ্ভুত।
মুরাকামি লিখেন: 'তবু রোজ সকালে দৌড়ানোর সময় ওর চেহারা দেখাটা ছিল ছোট ছোট আনন্দগুলোর একটা। এ জাতীয় আনন্দ ছাড়া রোজ সকালে ঘুম থেকে উঠে দৌড়ানো বেশ কঠিন।' আসলেই তো!
সংগীতপ্রেমী, সিনেমাপোকা, দৌড়বিদ ও লেখক হারুকি মুরাকামি। তিনি যে শহরেই গিয়েছেন সেখানেই দৌড়েছেন সাইক্লিং করেছেন বা সাতরেছেন। হাওয়াই, ক্যমব্রিজ- ম্যাসাচুসেটস, হোক্কাইডো, কানাগাওয়া, নিগাতা প্রিফেকচার; কোথায় দৌড়াননি তিনি। এসব শহরে অংশ গ্রহণ করা ম্যারাথন আর ট্রায়াথলনের স্মৃতি নিয়েই তাঁর এই বই–'হোয়াট আই টক এবাউট হোয়েন আই টক অ্যাবাউট রানিং'।
যারা হারুকি মুরাকামির লেখা বা তাঁর লেখক জীবন নিয়ে আগ্রহী তাদের জন্য বইটি অবশ্য পাঠ্য। অনুসন্ধিৎসু পাঠক বইটি পড়ে অন্য রকম এক রুচির সাথে পরিচিত হতে পারবেন। মুরাকামি নিয়ে পাঠকের চেনা-জানার পরিধিকে আরো বিস্তৃত করতে সহায়ক হবে ফারুক মঈনউদ্দীনের এই অনুবাদটি। অনুবাদকের বিশ্বস্ত বাঙলায়ন আর গদ্যের সরসতার ফলে বইটি আরো আকর্ষক হয়ে উঠেছে।


বিশেষত অনুবাদে ক্রিয়াপদ ব্যবহারে যে একঘেয়েমি ভাব, পরিভাষার দূর্বোধ্যতা কিংবা বাক্যের দীর্ঘতার মতো অসস্তিকর ব্যপারগুলো থাকে এর সবক'টি থেকেই বইটি মুক্ত। মূলের সাথে সাজুয্য রেখে এরকম সাবলীল অনুবাদ বিরল।
মুরাকামি পাঠকদের জন্য বিশেষ উপহার হিসেবে থাকবে অনুবাদকের প্রাঞ্জল ও তথ্যবহুল একটি ভুমিকা। হারুকি মুরাকামির অন্তর্জগত ও তাঁর লেখক সত্ত্বাকে পরিমিত ভাষায় উপস্থাপন করেেেছন তিনি। সামগ্রিকভাবে মুরাকামিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ভূমিকাটি যথেষ্ট, আমার তাই মনে হয়েছে। লেখকের সংযুক্ত প্রয়োজনীয় টীকা সমূহ পাঠের ক্ষেত্রে বিশেষ সহযোগিতা প্রদান করবে।
ফারুক মঈনউদ্দীনের অনুবাদে মুরাকামির বইটি প্রকৃত অর্থেই সুখপাঠ্য ও আরামদায়ক।