২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

কাজী রহমানের কবিতা: বিচ্ছিন্নতা ও স্মৃতিকাতরতার আলেখ্য

দীপেন ভট্টাচার্য

Published : 30 Oct 2019, 08:04 AM

Updated : 02 Sep 2022, 08:34 PM


কেন কবিতা এই প্রশ্ন আসতেই পারে। কবিতা গল্প পড়ার মত নয়, উপন্যাস, প্রবন্ধ, দৈনিক সংবাদ পড়ার মত নয়। কবিতা পড়া একটি নিগুঢ় ব্যক্তিগত অভিজ্ঞতা, সেখানে পাঠকের সচেতন অংশগ্রহণ প্রয়োজন। ঊনিশ শতকের প্রথম দিকের ফরাসী কবি পল ভালেরি বলেছিলেন, a poem is really a kind of machine for providing poetic state of mind by means of words. অর্থাৎ কবিতা হল এক ধরণের যন্ত্র যা কিনা অক্ষর বা শব্দের সাহায্যে আমাদের মনে কাব্যিক আমেজ বা দশা সৃষ্টি করে। কবি এই যন্ত্র সৃষ্টি করেন প্রকৃতিকে, সমাজকে, নিজের মনকে আহরণ করে। তারপর কবি চলে যান, কিন্তু তাঁর যন্ত্র থেকে যায়। এখানে আপনাদের মনে পড়বে সোনার তরীর সেই কথা – ঠাঁই নাই ঠাইঁ নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। আমার কাছে সোনার ধান হল কবির সৃষ্টি, সে সৃষ্টিকে মহাকাল নিয়ে চলে গেল, তরী বেয়ে ভরা পালে, আর নদীর তীরে পড়ে রইলেন কবি।

শ্রাবণ গগন ঘিরে
ঘন মেঘ ঘুরে ফিরে
শূন্য নদীর তীরে
রহিনু পড়ি
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী

কবিতা আমাদের জীবনের সবচেয়ে দুঃখময় সময়ে, হতাশার অতল গহ্বর থেকে আমাদের উদ্ধার করতে পারে তা আমরা জানি। কিন্তু তবু আমাদের কবিতা পড়ার সময় নেই। পাঠ্যবইয়ের বাইরে কবিতা পড়া আমাদের জন্য নিতান্তই বিলাসিতা। তবু অনেক সময় আমরা ভুল করে কবিতা পড়ে ফেলি, শুনে ফেলি আবৃত্তিকারের কন্ঠ, তাতে হৃদয়ে দাগ কাটে, চোখে জলও আসতে পারে। ভালো কবিতা, অক্ষরবিন্যাসের নিনাদ আমাদের অস্তিত্বের গভীর গুহায় অদেখা কোনো কোণায় কিছু একটা নাড়া দেয়। পাঠক জানে না কবিতার ব্যাকারণ কী। কবিতা কি লেখা হয়েছে মাত্রাবৃত্ত, কী স্বরবৃত্ত না অক্ষরবৃত্ত ছন্দে? কিন্তু অন্তমিল বলুন, কী গদ্য কবিতার লুকোনো ছন্দবোধ বলুন আমাদের মন, সচেতন বা অচেতনভাবে, তাতে বিচলিত হয়, উদ্বেলিত হয়। সেরকম কবিতাই লেখেন আমাদের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রতিবেশী কাজী রহমান। কিন্তু এমন যেন সেই কবিতা লেখার প্রক্রিয়ায় তার কোনো হাত নেই। তাঁর শব্দ চয়ন, বাক্য গঠন ও বাঁধন সবই যেন স্বতঃ-উৎসারিত। কিন্তু স্বতঃউৎসারিত যা তার পেছনেও থাকে গভীর ভাবনা। পাঠককে সম্মোহিত করার আগে কবিকে সম্মোহিত হতে হয়। একে আপনারা ক্যাথারসিস বলতে পারেন। কবি মনের নানান দ্বন্দ্ব, স্বপ্ন, বঞ্চনাকে শব্দবদ্ধ করা ছন্দবদ্ধ করার মধ্যে কবিকে নিজের সাথে কথা বলে নিতে হতে, যুদ্ধ করতে হয়, এই প্রক্রিয়া সহজ নয়।

তুমি আমার বুকের ভেতর থাকো কাজী রহমানের প্রথম কাব্যগ্রন্থ। দ্যু প্রকাশন থেকে বের হয়েছে ২০১৮ সনে। শিরোনাম ও প্রথম পাঠে মনে হবে একদিকে প্রতিদানহীন প্রেম ও অন্যদিকে প্রবাসের উচ্ছাস ও বেদনা, এলিয়েনেশন বা বিচ্ছিন্নতা, ও স্মৃতির নস্টালজিয়ায় প্রকীর্ণ তাঁর কবিতার প্রান্তর। প্রেমের ধারাটির একটি উদাহরণ প্রথমে দিই –

হয়তো তুমি মেঘের ভেতর থাকো
হয়তো বা এক সবুজ বনের কোলে
হয়তো পাহাড়, সমুদ্দুরের কোণে
দেখতে আমি পেলাম শুধু মনে

আলো ছায়ার হয়তো বা কোন ছলে
দূরে গেলাম সরে, হয়তো বা কোনো ভুলে
পাহাড় পারের মেঘ আদরে ভিজে
দেখতে আমি পেলাম শুধু মনে

এক জীবনে কতটা বা পাবে
হয়তো বা ভুল দুজনারই হবে
কতটুকুই বোধ সীমানায় রবে
দেখতে আমি পেলাম শুধু মনে

চোখে দেখার সাধ কেন যে জাগে
মন সীমানার কূল ভাঙ্গে দর্শনে
তবু, ছুঁয়ে দেখার অবুঝ আকর্ষণে
দেখতে আমি পেলাম শুধু মনে ।

এটি মূলত অক্ষরবৃত্ত ছন্দে লেখা একটি প্রতিদানহীন প্রেমের কাহিনী, সিমিলি, মেটাফোর বা উপমার অলঙ্কারে নিজেকে হারায় নি, ভাষার সরলতা বিরহ বঞ্চনার বেদনাকে আরো গভীর করেছে।

কাজী রহমানের কবিতার দ্বিতীয় ধারাটি প্রকৃতির ঘন ছায়া আবরণে ঢাকা। তাঁর প্রকৃতির বর্ণনা একদিকে যেমন নস্টালজিয়া ও বঞ্চিত প্রেমের হাত ধরে আসে, অন্যদিকে আসে অস্তিত্বের গভীরতর প্রশ্নের উত্তর দিতে গিয়ে।

বুনোফুলে ঘোরে কাঠপিঁপড়ে
কয়েকটা ফড়িং, শঙ্কর সুঘ্রাণ
ঘাসডোবা স্বচ্ছ জল, আর আমি,
থেমে পড়া অনেক বৃষ্টি, ব্যস্ত প্রজাপতি

আমি চাই আপনারা এই দৃশ্যটি কল্পনা করুন। বাংলার দৃশ্য – সবে বৃষ্টি থেমেছে, মাঠে জল, তাতে ঘাসের ডগা বা ধানের ডগা জেগে আছে। পাশে ঝোপ, তাতে অপরাজিতা, ধুতরা, ভাটফুল। তাতে উড়ছে ফড়িং, উড়ছে প্রজাপতি। আর আছেন কবি। ছবিটা মনে ভাসল কি? এবার কবি বলছেন,

বেশ অনেকদিন পরের কথা, হয়তো সন্ধ্যা,
অট্টালিকা, শালবন, বেলী না হয় টিউলিপ
দূরদেশে অনেক দূরপথে, সাগর অথবা মরুতে
তন্দ্রাচ্ছন্ন আমি, ধীর বাতাস – ঝিমুনি নস্টালজিয়া

এখানেই বিচ্ছিন্নতা, এখানেই alienation, বহুদূর দেশে এসে ফেলে আস ঘাসডোবা স্বচ্ছ জলের নস্টালজিয়ায় আক্রান্ত কবি। আর বলছেন –

বিশ্রাম খোঁজে মন, অতঃপর থেমে যাই
ফিরে চাই আমার প্রজাপতি ফড়িং
ধরাবৃষ্টিতে ভেজা বাতাসেরা ফেরে
নিয়ে, নিঃশ্বাসে, প্রশান্তি নবায়ন।

অতীত একটি ভিন্ন দেশ, সেই অতীত বাংলাদেশেই হোক, কী আমেরিকাতেই হোক। অতীত একটি আলাদা মহাবিশ্ব। তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, বর্তমান থেকে কোনো সুরঙ্গ করে সেখানে যাওয়া সম্ভব নয়। কিন্তু কবি তাকে ভাষা দিয়ে পুনরুজ্জীবিত করতে চান। সেই পুনরুজ্জীবনে এক ধরণের শান্তিও পান, লেখেন – নিঃশ্বাসে শান্তি নবায়ন।

তবু এই শান্তি যেন ক্ষণিকের। প্রবাস জীবন যাপনের এক অদ্ভূত গ্লানি তাঁকে তাড়া করে। বইয়ের পেছনের মলাটে নিজের সম্বন্ধে লিখেছেন, 'একাত্তরের দুরন্ত কিশোর, স্বাধীনতার যুদ্ধ দেখেছেন কাছ থেকে। পরবাসে স্বার্থপরতার অপরাধবোধে ভোগেন।' আমি বলি, 'কিসের অপরাধবোধ? আপনার দায়িত্ব নয় মানুষকে উদ্ধারের।' কবি বলেন,

ক্রমাগত নোনাজলে ডুবে,
ক্ষিদে লাগবেই চেনা মানুষের।
মানুষ, তোমায় যে জিততেই হবে।

একদিন চতুর হায়েনাগুলো,
নিজেদের খোঁয়াড়ে আবদ্ধ হয়ে যাবে,
দাগটান খোঁয়াড়ে দেশের নাগরিক হবে,
তারপর লাগাতার ছিঁড়েখুঁড়ে খাবে ওরা নিজেদের।

আলোয় ভরা পৃথিবীতে ওদের জায়গা দেবে না কেউ।

কবি যেন বলছেন, 'আমি সমাজ থেকে বিচ্ছিন্ন নই, আর যে সমাজটাকে আমি আরো ভাল চিনতে পারতাম, কাজ করতে পারতাম সেখানে আমি এখন নেই। তবু আমি লিখি। বাংলাদেশের জন্য, আমেরিকার জন্য, পৃথিবীর জন্য। ব্যক্তিগত রোমান্টিক নস্টালজিয়া আমার যেমন আছে, শেকড়হারানোর বেদনা যেমন আছে, তেমনই জন্মভূমি ও পৃথিবীর প্রতি দায়িত্ববোধ আছে, আমি তাকে এড়াতে পারি না। এছাড়াও এগুলোকে ছাড়িয়ে আমার আছে মহাজাগতিক ভাবনা।'

২০১৫ সনে বাংলাদেশে যখন মুক্তচিন্তার মানুষের ওপর আঘাত এলো, কবিকে তা নাড়া দিল গভীরভাবে।

মুক্তিপাগল রোদপোড়ারা ছুঁড়তে থাকে আলো যত,
মগজ-ধোপার ছানারা সব ঘাড় ঘুরিয়ে পালায় তত।
সর্ষে-ভূতের ধোপায় বলো ভয় তাড়াতে, ওহে দূর বনেতে,
জানালাগুলো নিপাট খোলো, আলোধরা রোদপোড়াদের এইখানেতে।

মগজ-ধোপা, অর্থাৎ যে ধোপা মগজ ধোলাই করে তাদেরকে আলোর সন্ধান দিতে চায় আলোধরা রোদপোড়ারা। কবি আমাদের আলোর পথ দেখাচ্ছেন, কিন্তু একই সাথে ঘটনার নির্মমতায় বিষন্ন হচ্ছেন। অনন্ত বিজয় দাসের হত্যার পর লিখলেন, 'কথাটা অনন্তের'।

আর কতবার ধুলো হবো জলের প্রয়োজনে,
আমিই কেন, আর কতবার কাদা হবো,
আমিই কেন গড়বো আমায়,
কীসের আয়োজনে?

হে মহাকাল, আমিই কেন?
আমিই কেন তোমার প্রিয়
এমনি কেন ফাঁদ পেতেছ ?
দায়টা কেন বুঝতে পেলাম
আমি এবং আর কজনা
কেন, কেন, কেন, কেন?

জানি আমি, আরো আছে, টুকরো ধুলো,
আমার মতো অনেক মানুষ, অনেক কণা,
আমরা অনেক, অনেক অনেক, তার পরেতেও,
মানুষ আমি, চ্যাঁচাই আমি, ওহে! আমিই কেন?

দুই পা এগুই, এক পা পেছাই, এ হে মহাকাল, আমিই কেন?

সত্যিই তো, মহাকালের কাছ এর উত্তর আছে কি? ২০১৫ সালে, ৩৩ বছর বয়সী এই তরুণ – অনন্ত বিজয় দাস – যার জীবনের উদ্দেশ্যই ছিল পৃথিবীকে জানার, বোঝার, সিলেটের পুকুরপারে মগজ-ধোয়া নির্বোধ আততায়ীদের চাপাতির আঘাতে লুটিয়ে পরার আগে কি অনন্ত এই কথাই ভেবেছিল?

তবু কবি ভালবাসার কথা বলেছেন। অভিজিৎ রায়, অনন্তদের হত্যাকারীদের উদ্দেশ্য করে বলেছেন,

দৃশ্যমান সত্যির মতো,
বন্ধুর মতো,
একটু উষ্ণতার মতো,
ওরা…
ওরা ঠিক একদিন একাকার হবে।
ভেবো না।
বুঝতে শিখবে
একটুও ভেবো না
ওরাও ভালবাসতে শিখবে।

তবুও মহাকাল মহাকালের মত চলে, আমাদের অস্তিত্বের সঙ্কট আরো ঘনীভূত হয়। জীবনানন্দ তাঁর বোধ কবিতায় লিখছেন,

আলো-অন্ধকারে যাই—মাথার ভিতরে
স্বপ্ন নয়, কোন্ এক বোধ কাজ করে;
স্বপ্ন নয়—শান্তি নয়—ভালোবাসা নয়,
হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়;
আমি তারে পারি না এড়াতে,
সে আমার হাত রাখে হাতে,
সব কাজ তুচ্ছ হয়—পণ্ড মনে হয়,
সব চিন্তা—প্রার্থনার সকল সময়
শূন্য মনে হয়,
শূন্য মনে হয়।

সহজ লোকের মতো কে চলিতে পারে।
কে থামিতে পারে এই আলোয় আঁধারে
সহজ লোকের মতো; তাদের মতন ভাষা কথা
কে বলিতে পারে আর; কোনো নিশ্চয়তা
কে জানিতে পারে আর?

জীবনানন্দ সহজ লোকের মত চলতে চান, যাতে তাঁকে অস্তিত্বের অর্থ নিয়ে রাত জাগতে না হয়, তাঁর সমস্ত কাজ যেন পণ্ডশ্রম মনে না হয়। জীবনের অর্থ কী? আমাদের জীবনের উদ্দেশ্য কী? এসব প্রশ্নের উত্তর সহজ নয়, উত্তর আদৌ আছে কিনা আমার জানা নাই। জীবনানন্দের এই পীড়া কবি কাজী রহমানকেও তাড়া করে বেড়ায় – নীল গ্রহ নামে এক কবিতায় লেখেন –

মুক্তি নেই, অসীম ইলাস্টিক ব্যাসার্ধে মুক্তি নেই,
নীলগ্রহ, তোমার নাগরিক হয়েও, আমার মুক্তি নেই
আমি সসীম প্রাণ এক, তারভৃত্য সামান্য গ্রহ,
সেও টানে কৃষ্ণগহ্বরীয় টান, মুক্তপ্রাণে আমার মুক্তি নেই।

তাই, শেষাবধি প্রতিদানহীন প্রেম ও বিরহ, প্রবাসের এলিয়েনেশন, অতীতের প্রকৃতিকে পুনর্গঠন, যুক্তিবাদী চিন্তার ওপর আঘাতের বেদনার পরও আরো এক উত্তরহীন গভীরতায় লেখক আমাদের নিমজ্জিত করেন। এই কবিতাশেষে আমরা বসে থাকি নিস্তব্ধ প্রকৃতির মধ্যে আমাদের অস্তিত্বের বোধহীন অপার্থিবতায়।

আমার খাতায়, সে খাতা শিক্ষানবীসের, সেই খাতায় কাজী রহমান এমন এক কবি যাকে আমি পড়তে ভালবাসি। তিনি আরো লিখবেন, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে। তাঁর কাছে আমার একটাই অনুরোধ আকারে আরো বড় কবিতা লেখার যাতে আমাদের আনন্দের সময়টা আরো দীর্ঘায়িত হয়।