২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

আগরতলা মামলার উচ্চারিত ইতিহাস

প্রদীপ কর

Published : 16 Dec 2017, 01:33 AM

Updated : 23 Jun 2022, 04:01 PM

"ঐতিহাসিক আগরতলা মামলা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মামলাটির প্রকৃত নাম ছিল 'রাষ্ট্র বনাম শেখ মুজিবর রহমান ও অন্যান্য'। বঙ্গবন্ধুসহ মোট পঁয়ত্রিশ জন এই মামলায় অভিযুক্ত ছিলেন। ১৯৬৯ সালে মামলাটি যখন রাজনৈতিক অঙ্গন এবং সারা দেশের মানুষের মনে ছড়িয়ে পড়েছিল, সেই সময় পাকিস্তানিরা ১৫ ফেব্রুয়ারি ভোরবেলায় ঢাকা ক্যান্টনমেন্টে পরিকল্পিতভাবে বন্দি অবস্থায় সার্জেন্ট জহুরুল হক, ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক ও হাবিলদার মুজিবুর রহমানকে বাথরুমে নিয়ে যাওয়ার সময় গুলি করে। প্রথমে সার্জেন্ট জহুরুল হককে ও পরে ফ্লাইট সার্জেন্ট ফজলুল হককে গুলি করা হয় এবং হাবিলদার মুজিবুর রহমানকে গুলি করলেও তিনি শুয়ে পড়ায় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পাকিস্তানিরা শুধু গুলি করেই ক্ষান্ত হয়নি। সার্জেন্ট জহুরুল হক ও ফ্লাইট সার্জেন্ট ফজলুল হককে নির্মমভাবে বেয়োনেট চার্জ করেছিল। সে রাতেই সার্জেন্ট জহুরুল হক মারা যান। তাঁর নির্মম হত্যাকান্ডের সংবাদ ঢাকাসহ সারাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছড়িয়ে পড়ায় মানুষ অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে পড়েছিল এবং '৬৯-এর চলমান ছাত্র আন্দোলন আরো তীব্রতর হয়ে উঠেছিল। ছাত্রসহ সর্বস্তরের সাধারণ জনতার আন্দোলন ও বিক্ষোভের মুখে পাকিস্তানের আইয়ুব সরকার সান্ধ্য আইন জারি করেছিল। সান্ধ্য আইন জারির পর ছাত্র জনতা আরো বিক্ষুব্ধ হয়েছিল এবং গণ-আন্দোলন গণ-অভ্যুত্থানে পরিণত হয়েছিল। পূর্ব পাকিস্তানের গণ-অভ্যুত্থানের মুখে পাকিস্তানে সামরিক বাহিনীতে ক্ষমতার পরিবর্তন হয়, ফলে আইয়ুব সরকারের পতন ও ইয়াহিয়া খানের ক্ষমতা গ্রহণ ও সামরিক বাহিনীর তৎপরতা শুরু হয়।…"

উপর্যুক্ত উদ্ধৃতিটি আলোচ্য সংকলনগ্রন্থের প্রাককথনে লিখেছেন আলোচ্য সংকলনের অন্যতম সংকলক নাজনীন হক মিমি।

একটি মৃত্যু, গুমরে থাকা বারুদস্তূপে পড়লে, দাবানল দিগবিদিক ছারখার করে।

আমরা বুঝতে পারি তৎকালীন প্রশাসকেরা স্বাধীনতা আন্দোলনের কণ্ঠরোধ করতে চেয়ে নির্মমভাবে সার্জেন্ট জহিরুল হককে মেরে ফেলে, আর এই মৃত্যুই জন্ম দেয় বৃহত্তর আন্দোলনের।

বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ঐতিহাসিক আগরতলা মামলা সেই বিশেষ স্ফুলিঙ্গটির নাম। এই মামলার মধ্য দিয়ে স্বাধীনতার গতি সঞ্চারিত হয় বহুগুণ ক্ষমতা নিয়ে আপামর জনজীবনে।

কিন্তু কেন এই মামলা? কাদের বিরুদ্ধে? এর ফলাফল, এর কার্যকারণ সম্পর্ক ইত্যাদি বিষয় নিয়ে গবেষণাপত্র বা ইতিহাস রচিত হয়েছে।

তবু, নাজনীন হক মিমি এবং ড. আবু মোঃ দেলোয়ার হোসেন সংকলিত 'আগরতলা মামলার অনুচ্চারিত ইতিহাস ও শহীদ সার্জেন্ট জহুরুল হক' শিরোনামের বৃহদায়তন গ্রন্থটি বিশেষ কারণেই গুরুত্বপূর্ণ।

এর আয়োজনে যেমন অভিনবত্ব আছে তেমনই শ্রমসাধ্য এই কাজের অভিমুখই বলে দেয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাস চর্চায় এই গ্রন্থের প্রয়োজনীয়তা কতটা।

সংকলকদ্বয় নিঃসন্দেহে ধন্যবাদার্হ অনেকগুলি কারণেই, তার অন্যতম প্রধান কারণ, তাদের আন্তরিক গবেষণা কাজের মেথডলজি। সারা পৃথিবী জুড়েই ইতিহাস চর্চার প্রকৃতি পরিবর্তন হয়েছে। নিছক হিমঘরে বসে দলিল দস্তাবেজ ঘেঁটে ইতিহাস রচনার ধারা এখন অন্যপথেও অগ্রসরমান। আগরতলা মামলার অনুচ্চারিত ইতিহাসকে এরা ধরেছেন 'উচ্চারণে'র পদ্ধতিতেই।

সংকলিত হয়েছে,আগরতলা মামলার ৫ নম্বর অভিযুক্ত, নূর মহম্মদ, ৮ নম্বর অভিযুক্ত, কর্পোরাল আবুল বাশার মোঃ আঃ সামাদ, ২২ নম্বর অভিযুক্ত, মাহ্ফুজুল বারী, ২৪ নম্বর অভিযুক্ত, কর্নেল শামসুল আলম, ২৬ নম্বর অভিযুক্ত ও ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী, ২৯ নম্বর অভিযুক্ত, ফ্লাইট সার্জেন্ট আব্দুল জলিল, ৩০ নম্বর অভিযুক্ত, মোঃ মাহবুব উদ্দিন চৌধুরী, ৩৫ নম্বর অভিযুক্ত, কমান্ডার আব্দুর রউফ, ১১ নম্বর অভিযুক্ত, ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক, বৈরী সাক্ষী আবুল হোসেন এবং ঐ সময়ের কর্ত্যবরত চিকিৎসক ডা. এম. এম. আলীর সাক্ষাৎকার।

২০১২ সালে সংকলকরা যখন কাজ শুরু করেন, তখন এই মামলায় অভিযুক্ত কয়েকজন মারা গিয়েছেন, তাদের পারিবারিক সাক্ষাৎকার গ্রহণ এই সংকলনের পরিপূর্ণতা এনে দিয়েছে। ২ নম্বর অভিযুক্ত, লেফটন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেনের স্ত্রী, মিসেস কোহিনূর হোসেন, ৭ নম্বর অভিযুক্ত, ফ্লাইট সার্জেন্ট মফিজুল্লাহ-র কনিষ্ঠ পুত্র আবু আহাদ, ১১ নম্বর অভিযুক্ত, ফজলুল হকের স্ত্রী মিসেস ফজলুল হক, ২৬ নম্বর অভিযুক্ত ও ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলীর স্ত্রী, মিসেস মাজেদা শওকত এবং ২৭ নম্বর অভিযুক্ত, কর্নেল খন্দকার নাজমুল হুদার স্ত্রী, মিসেস নিলুফার দিল আফরোজ হুদার সাক্ষাৎকার মামলার অভিযুক্তদের কর্মপরিধি, বৈচিত্র এবং স্বাধীনতা আন্দোলনে তাদের ভূমিকার বিস্তৃত পরিচয় বহন করে।

অন্যতম সংকলক নাজনীন হক মিমি'র চাচা আগরতলা মামলায় শহীদ সার্জেন্ট জহুরুল হক। ফলতঃ দেশপ্রেমের সঙ্গে তার অন্তরদহনও সংযুক্ত হয়েছে এই সংকলনে, সুবিশাল এই সংকলনের পরতে পরতে তাদের পরিশ্রমের, পরিকল্পনার স্পষ্টতা লক্ষ্য করার মতো।

গ্রন্থের তৃতীয় পর্বে রয়েছে শহীদ সার্জেন্ট জহুরুল হকের পরিবারের সদস্যদের স্মৃতিচারণ। সাক্ষাৎকার, জহুরুল হকের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত, তার ও তার পরিবারের সদস্যদের ছবির অ্যালবাম, চিঠিপত্র ও ১৯৬৯ সালের বিভিন্ন পত্র পত্রিকার ছবি।

গ্রন্থের শেষ পর্বে রয়েছে আগরতলা মামলায় রাজনীতিবিদ, আইনজীবী সাংবাদিক ও সাহিত্যিকদের সাক্ষাৎকার।

বোঝাই যায়, একটি মামলা, তার পরিপ্রেক্ষিত, তার চলন এবং দীর্ঘদিন পরও তার মূল্যায়ন ক্ষেত্রে এই নানান দৃষ্টিভঙ্গী নানান মাত্রায় এখানে সংযুক্ত। ফলে বিষয়টি উদ্ভাসিত হয়েছে ঐতিহাসিক ঐতিহ্যেই শুধু নয়, অনেক বৃহত্তর পরিধি জুড়ে সমকালীন সময়ে আন্দোলনের বাস্তবিক ফলাফল সম্বলিত হয়ে।

সংকলকেরা এই ধরণের মৌখিক ঐতিহ্যের রীতিতে বিশেষ একটি ঘটনা একটি তাৎপর্যবাহী কালখন্ডকে ধরতে চাইলেন কেন?

সম্পাদকীয়তে লিখেছেন:
'মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট রচনায় বিশেষ করে সশস্ত্র প্রক্রিয়ায় স্বাধীনতা অর্জনের এই প্রথম প্রচেষ্টাটি বেশিরভাগ ক্ষেত্রে মুক্তিযুদ্ধের ইতিহাসচর্চা কিংবা রাজনীতিবিদদের কাছে উপেক্ষিত। সেদিনকার কয়েকজন নৌ, সেনা, বিমান বাহিনীর সদস্য, দেশপ্রেমিক বেসামরিক অফিসার এবং রাজনীতিবিদ জীবনের প্রবল ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করার যে স্বপ্ন দেখেছিলেন ১৯৭১ সালে তা বাস্তব রূপ লাভ করে। অথচ জাতীয় ইতিহাস রচনায় ১৯৫৪, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯, ১৯৭০, ১৯৭১-এ পর্যায়গুলোর মধ্যে ১৯৬৮ সালে আগরতলা মামলা প্রায়ই উপেক্ষিত থাকে। প্রামান্য তথ্য, দলিল দস্তাবেজের অভাব, গবেষণাগার বা কোনো প্রতিষ্ঠান না থাকায় আগরতলা মামলার ইতিহাস আজ বিস্মৃত।'

ইতিহাসের লিখিত উপাদানের পাশাপাশি মৌখিক ঐতিহ্য হিসেবে এই সাক্ষাৎকারগুলি অবশ্যই কম গুরুত্বপূর্ণ নয়। কেননা এগুলি প্রত্যক্ষদর্শীর বিবরণ:

"ওদের সঙ্গে বাগ্-বিতন্ডা, খুব তর্কবিতর্ক, ধাক্কা ধাক্কি। এরপর রাত সাড়ে তিনটা চারটার দিকে, সুলতানউদ্দীন, স্টুয়ার্ড মুজিব আর হাবিলদার ছিল এক রুমে। তারা কী জানি বলছে, সুলতানকে টাইনা বাইরা কইরা গুলি করবে। ওরা টানে পা ধইরা, ওরা টানে জামা কাপড় ধইরা। টানাটানি কইরা ছিঁড়ে ফেলছে। এইটা ওদের দিকের ঘটনা। এর পিছনের করিডোর, তার পিছনের করিডোর। এক রুমে থাকে সার্জেন্ট জহুরুল হক, ফজলুল হক, আর ইপি আর-এর মুজিবুর রহমান। ঐখান থেকে সার্জেন্ট জহুরুল হক বললো বাথরুমে যাবে। বাথরুমে নিয়া চলো। বাথরুমে ওদের তিনজনকে নিয়া গেল। নিয়ে যাওয়ার পরেই, আমাদের সামনে কাচের গ্লাস। আমরা সব দেখতেছি। একটু পরেই পটাপট দুইটা গুলির শব্দ হল।…

… গুলি করার পরে লোকজন সরে গেছে। তিনটা বডি পইড়া রইছে। আর সার্জেন্ট জহুরুল হক হাত নাড়তেছে। ঐ দুইজন নিশ্চুপ। অন্যদু'জন মরার মতো পড়ে আছে। গুলি করেনি। একটু পরে মুজিবুর রহমান চলে আসছে। তো, বলল যে, ঐ দুইজনকে গুলি করছে। মুজিবুর রহমান বললো আমাদের। সাড়ে ছয়টার সময় কর্নেল আসছে। কর্নেলকে তো আমরা গালাগালি করলাম। বললাম যে, ইউ হ্যাভ টু কুইট দিজ কান্ট্রি টুডে অর টুমরো। কর্নেল তুমি আমার লোক মারতেছ। এক সময় তোমার এদেশ ছাড়তে হবে। ইউ উইল নট বি স্পেয়ার।…"

স্বাধীনতা যুদ্ধের ঘটনা, মুক্তিযুদ্ধের কথা শুনলে মেরুদন্ড সটান হয়ে ওঠে। এমনই আবেগ, এমনই শোনিতস্রোতে উত্তেজক বার্তা প্রবাহ বিস্তার করে।

উপর্যুক্ত সংলাপটি তেমনই, এক মুক্তিযোদ্ধার প্রত্যক্ষ ক্ষত বিবরণী। ক্ষত-যা আজও আধমরাদের ঘা মেরে বাঁচার তাগিদ জন্ম দেয়। মুক্তিযুদ্ধের বিবরণ দেশের নতুন প্রজন্মের নাগরিকদের উজ্জীবিত করবে বোধে, চেতনায়, দেশাত্মপ্রীতি জাগ্রত করার সক্রিয় অনুপ্রাণনার।

সংলাপটি আগরতলা মামলার ৫ নম্বর অভিযুক্ত, নূর মহম্মদের, তখন তিনি ছিলেন নৌবাহিনীর ইন্সট্রাক্টর।

এরকম অভাবনীয়, অ-সাধারণ বর্ণনা বইটির আদ্যোপান্ত জুড়েই। আন্তরিক এই আয়োজন স্বদেশ সেবার্থেই শুধু নয়, কালের ইতিহাস রচনাতেও সবিশেষ গুরুত্বপূর্ণ।

সুমুদ্রিত বইটি একটি উৎকৃষ্ট স্বাধীনতা আন্দোলনের আখর হয়ে রইল।

আগরতলা মামলার অনুচ্চারিত ইতিহাস ও শহীদ সার্জেন্ট জরুহুল হক ॥
সংকলকঃ নাজনীন হক মিমি, ড. আবু মো. দেলোয়ার হোসেন ॥ প্রছদ ও গ্রন্থ নকশাঃ তারিক সুজাত ॥ জার্নিম্যান বুকস ॥ মূল্য ১২০০ টাকা।