২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

নৈতিক প্রস্তুতি ও বিপন্ন যত্ন : রাশিদা সুলতানার গল্প প্রসঙ্গে

সুমন রহমান

Published : 16 Mar 2008, 01:13 AM

Updated : 05 Sep 2022, 11:16 PM

রাশিদা সুলতানার গদ্যভাষা কেন এত সহজ এবং সাবলীল, বিশেষত যখন গল্প তিনি লেখেন নরনারীর সম্পর্কের জটিল দিকগুলো নিয়ে? ২০০৪ সালে এই লেখকের অপনা মাঁসে হরিণা বৈরী পড়বার পরে এই প্রশ্নই মনে জেগেছিল এবং অধুনা প্রকাশিত আঁধিও একই প্রশ্নবিদ্ধ অনুভব নিয়ে পড়া হল। কেন সব জটিল সম্পর্কের বয়ান তার ভাষাকেও জটিলতায় আকীর্ণ করে তোলে না? কোন পাটাতনে দাঁড়িয়ে এই তরুণ লেখক তরতর করে ভয়ঙ্কর সব গল্প বুনে যান প্রায়-নিরাভরণ একটি ভাষায়?


সুদানে গল্পকার রাশিদা সুলতানা

মোট ১১টি গল্প আছে রাশিদার নতুন এই গ্রন্থে। এর মধ্যে হাতে-গোনা দুয়েকটি বাদ দিলে তাঁর অধিকাংশ গল্পের বিষয় হচ্ছে দাম্পত্য সম্পর্ক। উঁহু…এভাবে বললে আসলে ঠিক ভাবে বোঝা যায় না, বরং বলা যায়, রাশিদা দাম্পত্য সম্পর্কের গল্পের যে ধরনটি হাজির করেছেন তা, অন্তত বঙ্গভাষায়, সাহিত্যের খুব বেশি উপজীব্য হয়ে ওঠেনি। বাংলাভাষার অধিকাংশ দাম্পত্যগল্প যে জায়গায় গিয়ে গোপনীয়তার পর্দা ফেলে দেয়, বা আদর্শিক উপসংহারের দিকে যাত্রা করে, রাশিদা তার গল্প শুরু করেন সেই প্রস্থানবিন্দু থেকে। তাঁর গল্পের নায়িকা স্বামীর প্রতি প্রবল বিতৃষ্ণাসত্ত্বেও কোনো নারীবাদী আদর্শে দীক্ষা নেয় না, বরং অম্লান বদনে বিবাহ-অধিকন্তু সম্পর্কের মধ্যে নিজের আশ্রয় খোঁজে। আমরা যাকে 'অবৈধ' সম্পর্ক বলি, রাশিদা-র গল্পের চরিত্রগুলো প্রচ্ছন্ন একটা নৈতিক বোঝাপড়ার মাধ্যমেই সেখানে দাঁড়িয়ে থাকে। এবং সেই নৈতিক বোঝাপড়া রাশিদা-র গল্পে সম্পাদিত হয় না, বরং সেটা সম্পাদিত হবার পরই রাশিদা সুলতানার গল্প শুরু হয়।

আরো প্রশ্ন জাগে, কোন্ প্রলোভনে পড়ে রাশিদা সুলতানার নায়িকারা নারীবাদী হয়ে ওঠে না? আশ্চর্যের ব্যাপার হচ্ছে, রাশিদার নারীরা উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, শিক্ষিত, স্বাবলম্বী কিন্তু নারীবাদী নয়। তাদের বিপন্নতা সীমাহীন, অসামান্য নিচুতায় ভরা, তবে সব-ই বেঁচে থাকার এবং ভালবাসার স্বার্থে। ফলে স্বামীকে মেরে ফেলে তাঁরই মৃতদেহে মুখ গুঁজে কাঁদা যেমন সম্ভব, আবার সেই দেহটিকে রশি দিয়ে ঝুলিয়ে দিয়ে একটা আত্মহত্যার গল্প ফাঁদাও তেমনি সম্ভব ('ধাতব আকাশ')। একই গল্পে। কয়েক ঘণ্টার ব্যবধানে। রাশিদার নায়িকারা জীবনকে ভালবাসে, কিন্তু তা জীবনপ্রবাহকে থামিয়ে দিয়ে নয়। ফলে, স্বামীর বান্ধবী আর স্ত্রীর প্রেমিক মিলে পরস্পরের জ্ঞাতসারে জীবনকে চালু রাখে ('আমরা দুজনা')। আবার এক ধরনের অদ্ভুত যত্নও থাকে পরস্পরের জন্য। নারীবাদে ঐরকম বিপন্ন যত্নের জায়গা আছে কিনা সেটা তর্কের বিষয়, বিশেষত আমরা যদি নারীবাদ আর নারীবাদীদের ব্যক্তিজীবনকে গুলিয়ে ফেলি। রাশিদার বিপন্ন নারীরা যেমন নারীবাদী না, রাশিদার পুরুষরাও তেমনি অনেক কম 'পুরুষ'। অসম্ভব নরম এবং সংবেদনশীল তারা, ডিভোর্স-উদ্যত স্ত্রীকে ঠেকাতে পায়ে-ধরার বিকল্প কিছু খুঁজে পায় না ('আঁধি')। ঘর ছেড়ে পরপুরুষের সঙ্গে পালিয়ে গেছে যে স্ত্রী, বহুদিন পর সে তার ছেড়ে-যাওয়া সন্তানদের সাথে ফোনে কী কথা কয়, অশ্রুসজল হৃদয়ে সেসবের অনুমান করতে দেখা যায় তাদের ('পরি-বার')। এই বিপন্ন যত্নের বয়ানটুকু বাংলা গল্পে রাশিদার কৃতিত্ব হিসেবে আলাদাভাবে চিনতে পারা সম্ভব।

অন্য ধরনের কিছু গল্পে ('জননী', 'রিটায়ার্ড ব্যুরোক্র্যাট', 'স্বপ্ন' ইত্যাদি) গল্পকারের হোমওয়ার্ক একটু ভিন্ন। মনে হয়েছে, শাদামাটা গল্পের ছকের বাইরে পা ফেলেন নি লেখক ঐ কয়েকটা গল্পে। 'জননী' গল্পে লেখকের পর্যবেক্ষণ আছে, কিন্তু তার পরিণতি সাংবাদিকের। এই গল্পের পুলিশ বেশ আদর্শিক, বাংলা সিনেমার শেষ সিনে হাজির হওয়ার মত। বস্তিতে হেরোয়িন বিক্রির সাথে পুলিশের এমন নিষ্পাপ সম্পর্কের কল্পনা একটু বাড়াবাড়ি মনে হতে পারে। এসব গল্পে রাশিদা তার বিষয়বৈচিত্র্য দেখাতে পেরেছেন সত্যি, কিন্তু সমান উচ্চতায় উঠতে পেরেছেন কিনা সংশয় আছে।

যে প্রশ্ন শুরুতে ছিল: রাশিদার গদ্যভাষা এত সহজ হয়ে উঠে কী করে? কেন জটিল সব সম্পর্কের বিবরণ তার ভাষাকে ভারাক্রান্ত করে দেয় না? ২০০৭ সালে প্রকাশিত আঁধি নামক গ্রন্থটির পড়ার পর আমার মনে হচ্ছে, এই প্রশ্নের উত্তর আমি জানতে শুরু করেছি। সম্পর্কের জটিলতা নিয়ে তিনি আসলে লেখেন না, তিনি হাজির করেন জটিলতা-উত্তর বিবরণ বা পোস্ট-কমপ্লেক্স ন্যারেটিভ। গতানুগতিক গল্প যেখানে পৌঁছে ক্লান্ত বোধ করে কিংবা ফর্মুলা সমাধান চায়, রাশিদা সেই নড়বড়ে উপসংহারের উপর তার ইমারত তুলতে শুরু করেন। অত্যন্ত নিরাসক্তভাবে শুরু করেন তিনি এবং গোপন করেন না কিছুই, গোড়াতেই নিজের হাতের সব তাস উল্টে দেখিয়ে দেন। কোনও কৌশল নাই, তারপরও বিস্ময় কাটে না পাঠকের। এখানেই গল্পকার রাশিদার সাফল্যের রহস্য। তাঁর গল্পের নৈতিক পরিস্থিতি মোকাবেলার মত পারিপার্শ্বিক প্রস্তুতি পাঠকের সচরাচর থাকে না, ফলে একটা খুবই ইন্টারঅ্যাকটিভ লেখক-পাঠক ডায়ালেকটিকস তৈরি হতে থাকে সেখানে। তাই বলে আমি এটা বলছি না যে রাশিদার গল্পের সমস্যা নৈতিকতার সমস্যা, বরং উল্টো। তাঁর গল্প ভীষণ প্রখরভাবে 'নৈতিক' গল্প, যে অর্থে বর্গাচাষীর ধানচুরিকে আমরা 'মর‌্যাল ইকনমি' বলি (সূত্র: জেমস স্কট ১৯৮৫, ওয়েপনস অব দ্য উইক)। পাঠকের স্মরণ থাকতে পারে যে, রাশিদার একটি গল্প ('আমরা দুজনা') নিয়ে প্রথম আলো-য় বেশ বিতর্ক হয়েছিল। লেখকের নৈতিকতার 'স্খলন' ছিল সেই বিতর্কের বিষয়বস্তু। কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায়, নৈতিকতার বোঝাপড়া তাঁর গল্পে কিন্তু গল্পটি লিখিত হওয়ার আগের ঘটনা। হয়ত এরই ফলে তাঁর গল্প বয়ানের ভাষা ভারাক্রান্ত হয় না। সেই অর্থে, রাশিদার গল্পের নৈতিক পরিস্থিতি নিঃসন্দেহে পোস্টমডার্ন।

……
আঁধি। রাশিদা সুলতানা। ফেব্রুয়ারি ২০০৭। মাওলা ব্রাদার্স, ঢাকা। প্রচ্ছদ ধ্রুব এষ। ৯২ পৃষ্ঠা। নব্বই টাকা।
…….
আরো একটি যত্ন আছে রাশিদায়। একে বলা যায়, বিপন্ন যত্ন। এত এত শক্তিশালী বোঝাপড়া থাকার পরেও রাশিদার চরিত্রগুলো নানান চিরকালীন ভাবাদর্শের প্রযত্নে বিপন্ন হতে থাকে। রাশিদার নায়িকাদের চিত্ত ভরে থাকে ভালবাসা, সংসার আর মনোগ্যামির আকাক্সক্ষা। বলা প্রয়োজন, সেই আকাক্সক্ষাও কিন্তু রাশিদার গল্পের অনিবার্য পরিণতি নয়। বরং পূর্বানুমিত, গল্পের আগের ঘটনা। পরস্পরের প্রতিদ্বন্দ্বী এমন দুটি পূর্বানুমান নিয়ে রাশিদা প্রবিষ্ট হয়ে পড়েন অতি সাধারণ কোনো ঘরোয়া গল্পের ভিতর। শেষাবধি, ঐ পূর্বানুমান-ই নিয়ন্ত্রণ করে তার গল্পের গতিপ্রকৃতি। পুরাণে যেমন দেখা যায়, নিচে রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, কিন্তু আসল যুদ্ধটা হচ্ছে অন্তরীক্ষে, অমুক দেবতা বনাম অমুক দেবতার মধ্যে। ফলে, রাশিদার ঘরোয়া গল্প আর ঘরোয়া থাকে না। একইসঙ্গে ঘরের বাইরের দ্বৈরথে সামিল হয়ে পড়ে সে। যদিও সেই দ্বৈরথে রাশিদার চরিত্রগুলো নিজেদের চিরকালীন আকাক্সক্ষা এবং যত্নের কাছে যাবতীয় নৈতিক প্রস্তুতিসহ পরাজিত হয়, এমনি দেখা যায়। সাহিত্যের তরফে এমন পরাজয়ে অগৌরব নাই। সংক্ষেপে বললে, এই গৌরবের বোধটুকুই রাশিদা তার যাবতীয় দাম্পত্যগল্পগুলোয় শেষমেশ সঞ্চার করতে চেয়েছেন, তার নিজস্ব ভঙ্গিতে। রাশিদা সুলতানার গল্প মুড়িমুড়কির মত হজম করে ফেলা মুশকিল, কিন্তু অপঠিত রাখা আরো বিপদজনক!

sumanrahman@hotmail.com