সাইফুল্লাহ মাহমুদ দুলাল: নখ
তুমিহীন নিজেকে মৃতকোষ মনে হয়; চুলের মতো, নখের মতো
সংযুক্ত এবং মৃত-মৃত লাগে,
যেনো ভাঙা গ্লাস রক্তহীন টুকরো টুকরো পড়ে থাকি ফ্লোরে।
তোমার অনুপস্থিতি একটা হিমঘর, হাসপাতাল, স্মৃতিগন্ধ
কাবু করে বরফ বানিয়ে রাখে,
মোমশিল্পের ক্ষয়ক্ষতির মতো জ্বলতে থাকি, গলতে থাকি।
নখ মৃতকোষ। পায়ের নখে মোজা ছিঁড়ে যাচ্ছে,
তুমি আবার কবে প্রিয় পা দু'টো কোলে নিয়ে কেটে দিবে নখ?
টুকরো টুকরো নখ পড়ে থাকবো ফ্লোরে।
নখ কাটতে কাটতে নখতত্ত্বের গল্প বলবে তুমিঃ
[শিং'এর মতো, খুরের মতো আমাদের চুল, আমাদের নখ একই সাথে মৃতকোষ এবং জীবন্ত কোষ। দুই ধরণের দ্রবীভূত টিস্যুতে যুক্ত নখ প্রতিদিন তৈরি হয়।]
নখের গল্প শুনতে শুনতে তোমার কোলে ঘুমিয়ে পড়বো।
তুমি আবার কবে পা দু'টো কোলে নিয়ে কেটে দিবে নখ?
