রোয়াল ডাল-এর গল্প: বাটলার
ইংরেজি থেকে বাংলা তর্জমা: মুনযির
জর্জ ক্লিভার লাখপতি হওয়ার সাথেসাথেই, তিনি আর তাঁর গিন্নি মিসেস ক্লিভার তাদের মফস্বলের ছোট্ট বাড়িটা ছেড়ে লন্ডনের একটি আলিশান বাড়িতে এসে উঠলেন। মশিয়ে এস্ত্রাগন নামের এক ফরাসি বাবুর্চি আর টিবস নামের একজন ইংরেজ বাটলারকে তারা জোগাড় করলেন। খরচান্ত ছিলো তাদের দু'জনের পেছনেই। এই দুই বিশেষজ্ঞের সাহায্য নিয়ে ক্লিভার দম্পতি সামাজিক সিঁড়ি বেয়ে ওপরে উঠতে আরম্ভ করলেন আর সপ্তাহে বার কয়েক ঘটা ক'রে নৈশভোজের আসর আয়োজন ক'রতে শুরু করলেন।
কিন্তু এই নৈশভোজগুলোকে কখনোই তেমন জমজমাট হয়ে উঠতে দেখা গেলো না। সেখানে ছিলো না কোনও প্রাণ, নিষ্প্রভ ছিলো আলাপচারিতা, জৌলুশের ছিলো বড়োই অভাব। অথচ খাবার ছিলো খাসা আর পরিবেশন ছিলো নিখুঁত।
'আমাদের আসরগুলোর সমস্যাটা কী, টিবস?' ক্লিভস সাহেব বাটলারকে জিগেস করলেন। 'অস্বস্তি কাটিয়ে কখনও কেউ দিলখোলা হয়ে ওঠে না কেন?'
টিবস এক পাশে মাথা হেলিয়ে ছাতের দিকে তাকালো। 'আশা করি আমি একটি ছোট্ট পরামর্শ দিলে আপনি অসন্তুষ্ট হবেন না, জনাব।'
'সেটা কী?'
'সমস্যাটা ওয়াইনে, জনাব।'
'ওয়াইনের আবার কী হলো?'
'আসলে, জনাব, মশিয়ে এস্ত্রাগন উৎকৃষ্ট খাবারই পরিবেশন করেন। সেই উৎকৃষ্ট খাবারের সাথে চাই উৎকৃষ্ট ওয়াইন। কিন্তু আপনি সবাইকে পরিবেশন করেন শস্তা আর অতি নিকৃষ্ট এক স্প্যানিশ লাল ওয়াইন।'
'তাহলে আগে কেন কথাটা বলো নি, হাঁদারাম কোথাকার?' ক্লিভার সাহেব চেঁচিয়ে উঠলেন। 'আমার টাকার অভাব নেই। আমি সবাইকে পৃথিবীর যেটা সেরা ওয়াইন শালার সেটাই খাওয়াবো যদি তা-ই তারা চায়। পৃথিবীর সেরা ওয়াইন কোনটা?'
'ক্ল্যারেট, জনাব,' বাটলার উত্তর দিলো, 'বোদো-এর শ্রেষ্ঠ শ্যাতোগুলোর ক্ল্যারেট—লাফিত, লাতুর, অদ্রিও, মার্গো, মুতো-রথসচাইল্ড ও শভাল ব্লন। তা-ও আবার সেটা হতে হবে শ্রেষ্ঠ ওয়াইন বৎসরগুলোর, যে বৎসরগুলো আমার মতে হচ্ছে ১৯০৬, ১৯১৪, ১৯২৯ ও ১৯৪৫। শভাল ব্লন অবশ্য ১৮৯৫ ও ১৯২১ সালেও ছিলো চমৎকার।'
'সব কিনে ফ্যালো!' ক্লিভার সাহেব বললেন। 'শালার ভাঁড়ারটা ওপর থেকে নীচ পর্যন্ত ভ'রে ফ্যালো!'
'আমি চেষ্টা ক'রে দেখতে পারি, জনাব,' বাটলার বললো। 'তবে এই জাতীয় ওয়াইন অত্যন্ত দুষ্প্রাপ্য আর দুর্মূল্য।'
'মূল্য যতোই হোক সেইটাকে আমি কানাকড়ি মূল্যও দেই না!' ক্লিভার সাহেব বললেন। 'জোগাড় করো গিয়ে, যাও!'
কথাটা বলা যতোটা সহজ ছিলো করা ততোটা নয়। ইংল্যান্ড কিংবা ফ্রান্সের কোথাও টিবস ১৮৯৫, ১৯০৬, ১৯১৪ বা ১৯২১ সালের কোনও ওয়াইনের সন্ধান পেলো না। অবিশ্যি সে ঊনত্রিশ এবং পঁয়তাল্লিশ সালের কিছু ওয়াইন জোটাতে সক্ষম হলো। এসব ওয়াইন কিনতে গিয়ে খরচের অঙ্কটা দাঁড়ালো এলাহি। এদের মূল্য এতোই বিপুল ছিলো যে, ক্লিভার সাহেবের পর্যন্ত টনক নড়ে গেলো। আর ওনার আগ্রহ একদম পরিণত হলো উৎসাহে যখন টিবস ওনাকে জানালো যে, ওয়াইন বিষয়ক জ্ঞান হচ্ছে একটি খুবই উল্লেখযোগ্য সামাজিক সম্পদ। ক্লিভার সাহেব এই বিষয়ের ওপরে বইপত্র কিনে এনে সেসব আগাগোড়া পড়লেন। উনি স্বয়ং টিবসের কাছ থেকেও অনেক কিছু শিখলেন। টিবস ওনাকে অন্য অনেক কিছুর মধ্যে এটাও শিখিয়েছিলো যে, ওয়াইন কী ক'রে যথাযথভাবে আস্বাদন করতে হয়। 'প্রথমে, জনাব, আপনি এইভাবে গ্লাসের ভেতরে নাক ডুবিয়ে দীর্ঘ ও গভীর শ্বাসের সাথে ওয়াইনের ঘ্রাণ নিন। তারপর মুখ ভরতি ক'রে একটি চুমুক নিন আর আপনার ঠোঁট দু'টো অল্প মেলে ধ'রে একটু বাতাস ভেতরে যেতে দিন, যাতে ক'রে বাতাস ওয়াইনের মধ্যে বুদ্বুদ তুলতে পারে। আমাকে দেখুন কিভাবে করছি। এরপর ওয়াইন দিয়ে মুখের ভেতরে সজোরে গড়গড়া করুন। এবং সবশেষে ওয়াইনটুকু গিলে ফেলুন।'
যথাসময়ে, ক্লিভার সাহেব নিজেকে ওয়াইন বিশেষজ্ঞ ভাবতে লাগলেন এবং অবধারিতভাবেই পরিণত হলেন এক মহা বিরক্তিকর চরিত্রে। 'ভদ্রমহিলা এবং ভদ্রমহোদয়গণ,' তিনি নৈশভোজের সময় নিজের গ্লাস উঁচিয়ে ঘোষণা করতেন, 'এ হচ্ছে মার্গো '২৯! শতাব্দীর সেরা বৎসর! দারুণ সুরভি! একেবারে কাউস্লিপের মতোন গন্ধ! বিশেষ ক'রে স্বাদের রেশটুকু খেয়াল করুন আর লক্ষ করুন কিভাবে অতি সামান্য পরিমাণ কষটুকু একে কী অপূর্ব রকম অম্লমধুর ক'রে তুলেছে। খাসা, তাই না?'
অতিথিরা মাথা ঝাঁকিয়ে ওয়াইনে চুমুক দিতেন আর মিনমিনিয়ে একটু-আধটু প্রশংসা করতেন, এই যা।
'এই উজবুকগুলোর ব্যাপারটা কী?' বেশ কিছু দিন এমনটা কাটার পরে ক্লিভার সাহেব টিবসকে বললেন। 'ব্যাটাদের কেউ কি উৎকৃষ্ট ওয়াইনের মূল্য বোঝে না?'
বাটলার এক ধারে মাথা কাত ক'রে ওপরের দিকে দৃকপাত করলো। 'আমার মনে হয়, জনাব, ওনারা এর মূল্য বুঝতে পারতেন,' সে বললো, 'যদি ওনারা এর স্বাদ নিতে পারতেন। কিন্তু তারা সেটি করতে পারছেন না।'
'তুমি এই বলে কী মাথামুণ্ডু বোঝাতে চাইছো যে, তারা স্বাদ নিতে পারছে না?'
'আমি যতোটুকু জানি, জনাব, আপনি মশিয়ে এস্ত্রাগনকে সালাদমাখায় দরাজহস্তে সিরকা ঢালতে নির্দেশ দিয়েছেন।'
'তাতে কী ক্ষতিটা হয়েছে? আমি সিরকা পছন্দ করি।'
'সিরকা হচ্ছে' বাটলার বললো, 'ওয়াইনের শত্রু। এটা স্বাদবোধকে নষ্ট ক'রে দেয়। সালাদের তরল তৈরি হওয়া উচিত খাঁটি জলপাই তেল আর খানিকটা লেবুর রস দিয়ে তৈরি। আর কিছু নয়।'
'আগড়ম-বাগড়ম!' ক্লিভার সাহেব বললেন।
'আপনার যেমন মর্জি, জনাব।'
আমি কথাটা আবার বলবো, টিবস। তুমি আগড়ম-বাগড়ম বকছো। সিরকা তো আমার স্বাদবোধকে বিন্দুমাত্রও নষ্ট করে না।'
'আপনি খুবই সৌভাগ্যবান, জনাব।' পিছিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যেতে যেতে বিড়বিড়িয়ে বললো বাটলার।
সে-রাতে নৈশভোজের সময় নেমন্তনকর্তা অতিথিদের সামনে তার বাটলারকে নিয়ে উপহাস করতে শুরু করলেন। 'টিবস সাহেব,' তিনি বললেন, 'আমাকে বলার চেষ্টা করছেন যে, সালাদমাখায় সিরকা ঢাললে আমি নাকি আমার ওয়াইনের স্বাদ নিতে পারবো না। ঠিক কিনা, টিবস?'
জি, জনাব।' টিবস গম্ভীর মুখে জবাব দিলো।
'আর আমি তাকে বলেছি যে, এটা আগড়ম-বাগড়ম কথা। তাই না, টিবস?'
'জি, জনাব।'
'এই ওয়াইনের স্বাদ,' ক্লিভার সাহেব গ্লাস উঁচিয়ে ব'লে চললেন, 'আমার কাছে একদম শ্যাতো লাফিত '৪৫-এর মতো লাগছে, আর এর চে' বড়ো কথা হচ্ছে এটা শ্যাতো লাফিত '৪৫-ই।'
বাটলার টিবস সাইডবোর্ডের কাছে বিবর্ণ চেহারায় খুব স্থির আর সটান হয়ে দাঁড়িয়ে রইলো। 'মাপ করবেন, জনাব,' সে বললো, 'ওটা লাফিত '৪৫ নয়।'
ক্লিভার সাহেব ওনার চেয়ারে সাঁই ক'রে ঘুরে ব'সে বাটলারের দিকে দৃষ্টি হানলেন। 'কী যা-তা ব'লতে চাইছো তুমি,' উনি বললেন। 'তোমার পাশের খালি বোতলগুলোই তো প্রমাণ।'
এই উৎকৃষ্ট ক্ল্যারেট পুরাতন আর তলানিযুক্ত হওয়ায় টিবস সবসময় নৈশভোজের আগে সেটিকে তলানি বাঁচিয়ে কাচের পাত্রে ঢেলে রাখতো। এই ওয়াইন পরিবেশন করা হতো সেই নকশাকাটা কাচের পাত্রে ক'রে আর খালি বোতলগুলো রীতিমাফিক রেখে দেওয়া হতো সাইডবোর্ডের ওপরে। এই মুহূর্তে দু'বোতল খালি লাফিত '৪৫ সকলের চোখের সামনে বিরাজ করছিলো সাইডবোর্ডের ওপরে।
'আপনি যে ওয়াইন পান করছেন, জনাব,' শান্তস্বরে বললো বাটলার, 'সেটি আসলে শস্তা আর অতি নিকৃষ্ট সেই স্প্যানিশ লাল ওয়াইন।'
ক্লিভার সাহেব ওয়াইনভরা গ্লাসের দিকে তাকালেন, তারপর তাকালেন বাটলারের দিকে। তার চোখেমুখে রক্ত চ'ড়ে যাচ্ছিলো, তার ত্বক হয়ে উঠছিলো টকটকে লাল। 'তুমি মিথ্যে বলছো, টিবস!' তিনি বললেন।
'না, জনাব, আমি মিথ্যে বলছি না,' বাটলার বললো। 'আসলে আমি এ-বাড়িতে আসার পর থেকে আপনাকে স্প্যানিশ লাল ওয়াইন ছাড়া আর কিছুই কখনও পরিবেশন করি নি। এই ওয়াইনই আপনার ধাতে খুব ভালো সয়েছে ব'লে মনে হয়।'
'ওর কথা বিশ্বাস করবেন না!' ক্লিভার সাহেব ওনার অতিথিদের উদ্দেশে চেঁচিয়ে বললেন। 'ব্যাটা পাগল হয়ে গেছে।'
'উৎকৃষ্ট ওয়াইন পান করতে হয় শ্রদ্ধাসহকারে।' বাটলার বললো, 'নৈশভোজের আগে তিন-চারটে ককটেল নিকেশ ক'রে আপনারা যে আপনাদের স্বাদবোধ ধ্বংস ক'রে ফ্যালেন, সে তো আছেই, তার ওপরে যখন আবার খাবারে ঝপাঝপ সিরকা ঢালেন তখন ওয়াইনের বদলে থালা-বাসন ধোয়া পানি গিললেও তা আর টের পাচ্ছেন কই।'
টেবিল ঘিরে থাকা দশটি ক্ষিপ্ত চেহারা বাটলারের দিকে স্থিরদৃষ্টিতে চেয়ে রইলো। তাদেরকে সে বেকায়দায় ফেলে দিয়েছিলো। তারা ছিলো বাকরুদ্ধ।
হাত বাড়িয়ে খালি বোতলগুলোর একটিতে দরদমাখা আঙুলের পরশ বুলিয়ে বাটলার বললো, 'এটি হচ্ছে পঁয়তাল্লিশ সালের শেষটা। ঊনত্রিশ সালের গুলো আরও আগেই ফুরিয়ে গেছে। অপূর্ব ওয়াইন ছিলো ওগুলো। মশিয়ে এস্ত্রাগন আর আমি ওগুলো যারপরনাই উপভোগ করেছি।'
বাটলার বিনীতভাবে মাথা নুইয়ে ধীরে ধীরে হেঁটে ঘর ছেড়ে বেরিয়ে গেলো। হলঘর পেরিয়ে সে বাড়ির সদর দরোজা দিয়ে রাস্তায় বেরিয়ে পড়লো। ইতোমধ্যেই ওখানে মশিয়ে এস্ত্রাগন তাদের দু'জনার কেনা ছোট্ট গাড়িটার বুটখানা তাদের সুটকেসগুলো দিয়ে বোঝাই করছিলো।
