২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

মিগেল আনহেল ফেরিয়া: আমি আরেকজনের মৃত্যু চেয়েছি

জ্যোতির্ময় নন্দী

Published : 17 Jul 2021, 07:04 PM

Updated : 03 Oct 2022, 11:24 AM


মিগেল আনহেল ফেরিয়া ([Miguel Ángel Feria] উয়েল্বা [Huelva], স্পেন ) স্বদেশের উনিভার্সিদাদ কমপ্লুতেন্সে দে মাদ্রিদ (Universidad Complutense de Madrid) থেকে শিল্পকলা ও স্পেনিশ ভাষাতত্ত্বে ডিগ্রি অর্জন এবং স্পেনিশ সাহিত্যে ডক্টরেট করেন। লা কনসাগ্রাসিয়ন দেল্ ওতনঞ ([([La Consagración del Otoño বা 'শরতের অভিষেক') কাব্যগ্রন্থটির জন্যে তিনি পঞ্চদশতম আন্তর্জাতিক কবিতা পুরস্কার 'সিউদাদ দে সালামান্কা' (২০১০) এবং 'এল্ এস্কার্বাদেরো' (El Escarbadero) কাব্যগ্রন্থের জন্যে নবম 'আন্দালুসিয়া হোবেন' (Andalucía Joven) কবিতা পুরস্কার (২০০৭) অর্জন করেছেন। ফ্রান্সের কোলেজ আন্তের্নাশিওনাল দে ত্রাদুক্তর লিতের‌্যার দ্য আর্ল (Collège International des Traducteurs Littéraires de Arles বা 'আর্ল-এর অনুবাদ সাহিত্যের আন্তর্জাতিক কলেজ'), কানাডা'র বাম্ফ্ (Banff)-এর সেন্টার ফর আর্টস অ্যান্ড ক্রিয়েটিভিটি (Centre for Arts and Creativity)'র মতো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাওয়া অনুদানের ভিত্তিতে তিনি আবাসিক অনুবাদক হিসেবে কাজ করেন, এবং এসব অভিজ্ঞতার ভিত্তিতে তিনি কাতেদ্রা (Cátedra) সম্পাদিত আন্তোলোহিয়া দে লা পোয়েসিয়া পার্নাসিয়ানা (Antología de la poesía parnasiana, ২০১৬) নামে ফরাসি কবিতা সংকলনটি, ভিক্তর হ্যুগো'র লা'র দে'ত্র্ গ্রঁ-পের (খL'art d'être grand-père বা 'দাদু হওয়ার কৌশল' ২০১৭), এবং রোলঁ জিগের (Roland Giguère´)-)-এর দ্য লা'জ দ্য লা পারোল (de L'âge de la parole বা 'সময়ের বয়স' ২০২০) ফরাসি থেকে স্প্যানিশে অনুবাদ করেন। স্পেন ও ফ্রান্সের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে স্পেনিশ সাহিত্য পড়িয়েছেন তিনি। তাঁর শেষ কাজ আনার্কাদিয়া (Anarcadia)'র আর্দোরা (Árdora) সংস্করণ সদ্য প্রকাশিত হয়েছে।

মিগেল আনহেল ফেরিয়া:আমি আরেকজনের মৃত্যু চেয়েছি
ভাষান্তর: জ্যোতির্ময় নন্দী

আমি আরেকজনের মৃত্যু চেয়েছি।
অত সহজ ছিল না
বাবা-মায়ের কথা ভাঙা,
তোমার বিশ্বাসকে ত্যাগ করা,
সেটা বোঝার জন্যে একা বসে থাকা,
তাকে তুলে নেয়া যেন কোনো শূন্যতা থেকে।
সহজ কোনকিছু এর চেয়ে বেশি সুন্দর ছিল না।

সত্তার ছররাগুলিতে ছেয়ে গেছে আকাশ,
নীল পালকগুলো, দূরত্বগুলো,
এবং হয়তো, যখন সূর্য ওঠে,
যখন কালি ভরে নিচ্ছি কলমে
হয়তো আমি আর ফিরে যাওয়ার পথ খুঁজে পাব না,
হয়তো আর চুমু খেতে পারব না আমার বাবা-মায়ের হাতে।

লোকটা মরেছে অবর্ণনীয় যন্ত্রণা নিয়ে
ঠিক যেমনটা আমি চেয়েছিলাম।
দেশের কাগজগুলো এমন এক ভাষায় কথাগুলো বলেছে
যেটা আমি এখনও আয়ত্ত করতে পারিনি।
হাঁসের ঝাঁকের উড়ালে,
তাদের ডাকাডাকির সুস্পষ্ট বেসুরো অসঙ্গিতে বিক্ষত হয়ে
খুব ভোরে আমি এত বেশি একা হয়ে যাই
যেমনটা আর কখনো না।

এত সুন্দর কোনোকিছু আমি আর কখনো দেখিনি।
বাড়ি থেকে এত দূরে আমি আর কখনো আসিনি।