বব ডিলানের গান: এই যে সময় পালটে যাচ্ছে, পালটে যাচ্ছে, যাবে
অনুবাদ: আনন্দময়ী মজুমদার
যে যেখানে আছ, সবাই জলদি করো
জটলা বেঁধে এসে
এই কথাটা কবুল করো, সবাই যাবে
বানের জলে ভেসে
কবুল করো, ভিজে যাচ্ছে হাড় কখানা
শুকনো ডাঙার দেশে
জীবন যদি মূল্য ধরে
বেঁচে থাকতে হবে
ভেসে থাকার জন্য এবার সাঁতার দিতে হবে
তা না হলে নুড়ির মতো তলিয়ে যাবে সবাই
এই যে সময় পালটে যাচ্ছে, পালটে যাচ্ছে, যাবে।
সমালোচক, লেখক, এসো
কলম আনো, ভবিষ্যৎ-কে পাবার
দু'চোখ বুজে থেকো না আর
এ-সুযোগ যে আসবে না, তাই
রায় দিও না জলদি কিছুই
এই তো চাকা ঘুরছে এখন
কার কথা যে ভাসছে হওয়ায়
জানবে পরে, জানতে যখন পাবে
বুঝলে কিনা, এই যে সময় পালটে যাচ্ছে, পালটে যাচ্ছে, যাবে।
সাংসদ ও বিধানসভার নেতানেত্রী, আসুন
শুনতে পেয়ে জোরালো ডাক
দরজা আগলে দাঁড়াবেন না
ভিড়টা করুন একটুকু ফাঁক
পথ আগলে দাঁড়াবেই যে
সে-ই তো চোট পাবে
যুদ্ধ জবর লেগেছে আজ
তুমুল যুদ্ধ হবে
জানলাগুলো পড়বে খুলে
দেয়ালগুলো উঠবে দুলে
বুঝলে কিনা, এই যে সময় পালটে যাচ্ছে, যাবে।
মা বাবারা, এসো এবার
সারাটা দেশ থেকে
দোষ ধরো না মিছিমিছি
বোঝো না আজ যাকে
সন্তানেরা শাসন বারণ
মানে আর মোটে
পুরাতন সব রাস্তাগুলোয়
ফাটল জমে ওঠে
নতুন রাস্তা গড়া হবে
হাত না দিলে, সরতে হবে
এই যে সময় পালটে যাচ্ছে, পালটে যাচ্ছে, যাবে।
যুদ্ধরেখা আঁকা হলে
অভিশাপ যে সত্যি ফলে
ধীরে যারা চলত তারা
তীরের বেগেই যাবে
এখন যেটা ঘটছে সেটা
যাবে অতীত হয়ে
যেমন ধারা চলছে এখন, সেটাও পাল্টাবে
আজকে যে হয় প্রথম
সে সবশেষে পৌঁছাবে
এই যে সময় পালটে যাচ্ছে, পালটে যাচ্ছে, যাবে।
(The Times They are a changin by Bob Dylan)
