২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

বব ডিলানের একটি গান

মোস্তফা তোফায়েল

Published : 14 Oct 2016, 01:51 PM

Updated : 23 Jun 2022, 04:03 PM

অ্যামেরিকান গায়ক, গীতিকার, কবি বব ডিলানের জন্ম তারিখ ২৪ মে ১৯৪১। জনপ্রিয় গীতিকার ও গায়ক হিসেবেই তাঁর পরিচয়। বব ডিলানের প্রথম পর্যায়ের সঙ্গীত "Blowin' the Wind" এবং " The times they are a-changing" সেদেশের নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এবং যুদ্ধবিরোধী দৃষ্টিভঙ্গী সৃষ্টিতে বিশেষ অবদান রাখে। অ্যামেরিকার জনগণ এ গান দু'টিকে জাতীয় সঙ্গীতের সমান মর্যাদা দিয়েছে। তাঁর ৬ মিনিটের একক সঙ্গীত " Like a Rolling Stone " (১৯৬৫) লোকসঙ্গীতের জনপ্রিয়তা সৃষ্টিতে অবদান রাখে। জর্জ হ্যারিসনের " Concert for Bangladesh 1971"-এ অংশগ্রহণ করে বব ডিলান চমক সৃষ্টি করেছিলেন। তাঁর সঙ্গীত ও কবিতা রাজনৈতিক, সামাজিক, দার্শনিক ও সাহিত্যিক ইত্যাদি বহুবিধ ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে। 'রক এ্যান্ড রোল' 'জ্যাজ' 'ফোক্' সঙ্গীতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

বব ডিলানের পুরস্কারপ্রাপ্তির তালিকায় আছে 'গ্রামি অ্যাওয়ার্ডস', 'গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ড' এবং 'অ্যাকাডেমি অ্যাওয়ার্ড'। পুলিৎজার প্রাইজ জুরি ২০০৮ সালে তাঁকে একটি বিশেষ খেতাবে ভূষিত করে। প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১২ সালে তাঁকে দেন Presidential Medal of Freedom। অ্যামেরিকার সঙ্গীত ঐতিহ্যের ধারায় নতুনতর কাব্যিক উন্মেষ সৃষ্টির প্রয়াসে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ২০১৬ সালে তিনি লাভ করেছেন নোবেল সাহিত্য পুরস্কার।

বব ডিলানের কবিতা 'মর্যাদা'
অনুবাদ: মোস্তফা তোফায়েল

মোটাসোটা লোকে খোঁজে সুতীক্ষ্ণ ইস্পাত পাতে
হাল্কা পাতলা লোকে খোঁজে তারে সব শেষ ভাতে
ফাঁপা লোক খোঁজে তারে বুননের কারখানাটাতে
মর্যাদা থাকেন কোথায়।

জ্ঞানীলোক খোঁজে তারে তৃণদের ধারালো ফলায়
তরুণেরা খোঁজে তারে ছায়া যেটা পাশ দিয়ে যায়
গরিবেরা রঙচঙে কাঁচ পরে সম্মুখে তাকায়
মর্যাদা থাকেন কোথায়।

নব বরষের দিনে সহসাই এক লোক খুন হয়ে যায়
বলেছিল একজন, মর্যাদাটা সকলের আগেই হারায়
খুঁজতে গেলাম তারে বৃহৎ নগরে, খুঁজতে গেলাম তারে মাঝারি শহরে
গেলাম সেখানে আমি মাঝরাতে যেইখানে সুরুয শানায়

তাকালাম উপরেতে তাকালাম নিচে
তাকালাম চারদিকে আগে আর পিছে
জিজ্ঞেস করলাম সকল পুলিশে
মর্যাদা থাকেন কোথায়?

অন্ধলোক একজন ঘোর-লাগা কেটে ওঠে থমকে দাঁড়ায়
ডানে বাঁয়ে দুপকেটে দুই হাত ঢুকিয়ে সে খোঁজে আর চায়
হঠাৎ রহস্যগুণে অজানা কারণে যদি খোঁজ মিলে যায়
মর্যাদা থাকেন কোথায়!

মেরিলাউ নামধারী যুবতীর বিয়েবাড়ি গিয়ে তাকে যখন সুধাই
সে বলেছে, "তুমি আমি কথা বলি চুপি চুপি সেটা যেন না দেখে সবাই"
বলেছে সে, খুন হবে যদি কেউ বলে দেয় মর্যাদা সে আছে কোন ঠাঁই।
মর্যাদা থাকেন কোথায়।

গিয়েছি খুঁজতে তারে যেখানে শকুন খানা খায়
যেতাম গভীরে আরো, প্রয়োজন পড়েনি সেটায়
সেখানে শুনেছি বাণী দেবদূতদের, সেখানে শুনেছি কথা জনমানবের
তফাৎ কী বুঝিনি তো হায়!
মর্যাদা থাকেন কোথায়।

(অসমাপ্ত)